#দাহরেখা
#পর্ব_১০
#পূর্ণতা_আহমেদ
দিনের সমস্ত ঝঞ্জাট, হট্টগোল আর অন্দরমহলের হুলস্থূল কাণ্ডের পর রাতের এই বাড়ি এখন নিঝুম, নিস্তব্ধ। আকাশে অর্ধেক চাঁদ উঠলেও তার ম্লান আলো পুরো পরিবারের শোকের থমথমে হাওয়াকে এতটুকু হালকা করতে পারছে না।
আকাশের নিচে, ছাদের এক কোণে কার্নিশের পাশে একা দাঁড়িয়ে আছে মেহের।যখনই নিজের সাথে কথা বলার প্রয়োজন পরে এখানে চলে আসে। অসুস্থ বাবার বিছানার পাশে বসে থেকে থেকে তার দম আটকে আসছিল। ব্রিটিশদের দেওয়া মাত্র চৌদ্দ দিনের সময়সীমা, আর সামনে চরম অনিশ্চিত ভবিষ্যৎ সবকিছুর চাপে তার শক্ত মনটাও আজ একেবারে ভেঙে পড়েছে।
"এই নিশিরাতে খোলা হাওয়ায় দাঁড়িয়ে থাকলে অসুখটা তো বাবার থেকে সোজা তোমার শরীরে এসে ভর করবে।"
কন্ঠস্বরটা চিনতে সময় লাগল না।নিস্তেজ গলায় ই উত্তর এলো,
"অসুখের ভয় তো তাদের থাকে যাদের ভোরের আলো ফুটলে হারাবার মতো কিছু বাকি থাকে।"
শায়ের ধীরপায়ে এগিয়ে এসে মেহেরের সাথে কিছুটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। রাতের আলোয় মেহেরের ম্লান, করুণ মুখখানা দেখে শায়েরের চোখে-মুখে এক প্রচ্ছন্ন ব্যথা ও আকুলতা ফুটে উঠল।
"এক রাতের আগুনে কি বারদোলির মেহেরের সব তেজ ধুঁয়েমুছে গেল?"
মেহের এক দীর্ঘশ্বাস ফেলে আঁধার নদীর দিকে তাকাল। "নিজের জন্য তো কাঁদি না। কিন্তু যে আব্বাকে দুই রাত আগেও শক্ত দেখেছি, আজ তাকে বিছানায় নিঃস্ব, অসহায়ের মতো পড়ে থাকতে দেখে বুকটা ফেটে যাচ্ছে। যদি সত্যিই ইংরেজরা এসে এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দেয়, আব্বা কি সেই অপমান সহ্য করতে পারবে?"
শায়ের এক মুহূর্ত নীরব রইল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার এই ভেঙে পড়া রূপ তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল বোধহয়। সে অতি মৃদুস্বরে বলল, "বিপদ যখন আসে, তখন মন ভেঙে ফেলাটা স্বাভাবিক।আমি আছি তো! কিছু একটা ব্যবস্থা হবেই এখনো তেরো দিন বাকি!"
"সবাই যখন নিজের চামড়া বাঁচাতে ব্যস্ত,তখন আপনি কেন আমাদের এই ধ্বংসস্তূপে এখনও দাঁড়িয়ে আছেন ? আপনার তো কোনো বাধ্যবাধকতা নেই।"
" সব দায়িত্বের তো হিসেব হয় না। কিছু টান থাকে বিশ্বাসের।"
মেহেরের গলার স্বর জড়িয়ে এলো কান্নায়, "কিন্তু কীভাবে? ওই ইংরেজদের হাত থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় সত্যি আছে? কর পরিশোধ করতে না পারলে ইংরেজরা নিজেদের আপনজন ই মানে না ,আর আমাদের মেনে নিবে?"
"পথ যা-ই হোক, আমি সেই পথ তৈরি করব,তুমি নিজেকে একা ভেবো না মেহের।"
"কিন্তু আপনি...... "
"তুমি করে বল। শুনতে ভালো লাগবে।"
মেহেরের অতিরিক্ত কাঁদার কারণে লাল হয়ে থাকা চোখ মুখ এখন আরও লাল হলো লজ্জায়। মাথা নিচু করে ফেলতেই শায়ের বলল,
"কই বলো।আমি তো দিব্যি বলছি।তুমিও বলো।"
" আমি এখনো সাচ্ছন্দ্যবোধ করছি না।"
" বন্ধু বললে কখনো "আপনি" সম্বোধন করতে হয় না। এতে সেই দূরত্বই বোঝায়।"
নিজের আঢ়ষ্টতা দূর করে অবশেষে মেহের বলল,"আপনার সম্পর্কে তাহলে কিছু বলুন এখনো তো জানা হল না।"
"আর কি জানার বাকি?"
"জানা তো শুরুই হলো না!"
"এত জেনে কি করবে? বিয়ে তো করবে সেই ব্যারিস্টারকেই!"
"উহহ! যদি বলি আপনাকেই বিয়ে করব তাহলে বলবেন?"
এ কথায় শায়ের থমকে মেহেরের দিকে তাকালো। মেহের সে চাহনি দেখে অস্বস্তিতে পরল,কথার স্রোতে কি সব বলেছে নিজেও বুঝে উঠতে পারছেনা।
"দুঃখিত! আপনি...! "
"তুমি!"
"হু তুমি! মানে...ইয়ে...তোমার সম্পর্কে হঠাৎ জানতে ইচ্ছা করল তাই।বলতে না ইচ্ছে হলে অসুবিধে নেই।"
শায়ের পকেট থেকে চুরুট বের করে ধরাতে ধরাতে বলল,"কি জানতে চাও?"
"যা তোমার বলতে ইচ্ছে হয়।"
"আমার এখন বলতে না শুনতে ইচ্ছে করছে, তোমার সম্পর্কে।"
মেহের নিজের আড়ষ্টতা সামলে নিয়ে এর উত্তরে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ছাদে ওঠার সরু সিঁড়িটায় এক বিকট ধুপধাপ শব্দ হলো!
পরমুহূর্তেই ছাদে ওঠার কাঠের দরজায় আছাড় খেয়ে কাত হয়ে পড়ল একজন।
"আউচ! ওহ মাই গড! মাই নি!"
বাঁকা হয়ে যাওয়া চশমাটা নাকের ডগায় সামলাতে সামলাতে, উঠে দাঁড়াল ব্যারিস্টার আজাদ।ভেন্টিলেটর গলিয়ে পালাতে গিয়ে তার দামি কোটের হাতা ছিঁড়ে ঝুলছে, আর হাতের কুনুইয়ে ঝুলছে মাকড়সার জাল।
মেহের আর শায়ের দুজনই চমকে চট করে কিছুটা দূরে সরে দাঁড়াল। মেহের চোখ বড় বড় করে বলল, "আজাদ সাহেব! আপনি... আপনি তো ঘরে আটক ছিলেন! ছাদে কেন? আর আপনার গায়ে এত চুন কিসের?"
আজাদ নিজের কোটের ঝুল ঝাড়ার ব্যর্থ চেষ্টা করতে করতে হাঁপাতে হাঁপাতে বলল, "ডোন্ট আস্ক মি, মিস মেহের! দিস ইজ অ্যান আ্যবসোলেউট হেরেসমেন্ট! আ্যন অ্যাটাক অন মাই ব্যারিস্টারি ডিগনিটি! ভেন্টিলেটর এত ন্যারো কেন আপনাদের এই এনসিয়েন্ট প্যালেসে? আই গট স্টাক উইথ মাই ওয়েস্ট ফর হাফ অ্যান আওয়ার!"
কথাটা বলতে বলতেই আজাদের চোখ গিয়ে পড়ল শান্তভাবে চুরুট ফুঁকতে থাকা শায়েরের ওপর। চাঁদের আলোয় এই দুজনের এমন ঘনিষ্ঠ অবস্থান আর শায়েরের এমন নির্বিকার ভঙ্গিমা দেখেই আজাদের মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে এক পা এগিয়ে এসে শায়েরের দিকে আঙুল উঁচাল।
"তুমি... তুমি আমাকে ট্র্যাপ করেছ! ইউ ম্যানিউপুলেটর!"
শায়ের ধীরেসুস্থে চুরুটে একটা শেষ টান দিয়ে ধোঁয়াটা সরাসরি আজাদের দিকে ছাড়ল। আজাদ কাশতে কাশতে দুই হাত দিয়ে ধোঁয়া তাড়াতে লাগল, "উফ!
"আরেহ আজাদ সাহেব! যে মানুষটা ঘরের দরজা ভেঙে বেরোনোর সাহস না পেয়ে ভেন্টিলেটর গলিয়ে পালানোর চেষ্টা করে, আর ছাদে এসে কাশতে কাশতে আইনের দোহাই দেয়... তাকে দোষী প্রমাণ করতে তো আমার কোনো চক্রান্তেরই দরকার পড়ে না। আপনি নিজেই নিজের হাল চাল দিয়ে তা প্রমাণ করছেন।"
"হোয়াট ডু ইউ মিন 'নিজের হাল চাল'?" আজাদ তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ছিঁড়ে যাওয়া জামার কলারটা সোজা করার চেষ্টা করল, "আই অ্যাম আ গ্র্যাজুয়েট ফ্রম লিংকনস ইন! আমি লন্ডনে বিলেতি ম্যামদের সাথে চা খেয়েছি! আর তুমি এই বাড়ির সবাইকে উসকে দিলে যে আমি পাহারাদারদের হুক্কায় বিষ মিশিয়েছি? মাই গড, আই ডোন্ট ইভেন নো হাউ টু মিক্স পয়জন! আমি শুধু হুক্কার পানিতে একটু গোলাপ জল আর বিলেতি সেন্ট মিশিয়ে দিয়েছিলাম ! যাতে এই ডিসগাস্টিং স্মেলে আমার প্রবলেম না হয়! দ্যাটস ইট!"
মেহের কপালে হাত দিয়ে অস্ফুটে বলল, "আপনি পাহারাদারদের হুক্কায় গোলাপ জল ঢালতে গিয়েছিলেন?"
আজাদ অমনি মেহেরের দিকে ঘুরে দু-হাত বাতাসে ছড়িয়ে দিল, "ইয়েস! দ্যাট ওয়াজ আ জেনুইন অ্যারোমা থেরাপি অ্যাটেম্পট! অসভ্য লাঠিয়ালগুলোর মুখ দিয়ে যা দুর্গন্ধ বের হচ্ছিল! কিন্তু এই চতুর কবি আমার এই ভালো উদ্দেশ্যকে পয়জনিং বানিয়ে পুরো পরিবারকে আমার বিরুদ্ধে খ্যাপাল! স্পেশালি ইয়োর ব্রাদার শাহরিয়ার! হি ওয়াজ গোয়িং টু চাবুক মি!"
শায়ের একহাতে পকেটে হাত রেখে মৃদু হেসে বলল, "ব্যারিস্টার সাহেব, অ্যারোমা থেরাপির কারণে মানুষ সুগন্ধ পায়, অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়ে না। আপনার বিলেতি সুগন্ধির কামালেই যদি অন্দরমহলের মালামাল পুড়ে যায়, তবে তো আপনার এই লিংকনস ইন-এর ডিগ্রি নিয়ে সরকারেরই তদন্ত করা উচিত।"
"ইউ... ইউ লিটেরারি স্কাউন্ড্রেল!" আজাদ রাগে গজগজ করে তেড়ে আসতে চাইল, কিন্তু তার আগেই শায়ের আজাদের পা নিজের পা দিয়ে আটকে দিলে উল্টে পড়তে গিয়ে কোনোমতে কার্নিশটা আঁকড়ে ধরল।
মেহের নিজের হাসি চেপে রাখতে না পেরে মুখ ঘুরিয়ে নিল। আজাদ সামলে উঠে তোতলাতে তোতলাতে বলল, "হাসবেন না মিস মেহের! হি হ্যাজ ব্রেইনওয়াশড এভরিওয়ান! উনি আপনাকেও বশ করে ফেলেছেন! একজন ব্যারিস্টারকে ছেড়ে আপনি এই কাঙাল কবির সাথে মাঝরাতে ছাদে ছাইপাশ কথা শুনছেন? দিস ইজ আ ক্লিয়ার প্রুফ অফ ব্রেইনওয়াশ!"
ঠিক সেই মুহূর্তে সিঁড়ির নিচ থেকে ভারী বুটের শব্দ আর চাবুকের ঠকঠক আওয়াজ ভেসে এলো। শাহরিয়ারের দাপটে গলায় গমগম করে উঠল,
"আজাদকে পাওয়া যাচ্ছে না মানে কি? ও কি ডানা মেলে আকাশে উড়ে গেল নাকি? ছাদটা খুঁজেছিস?"
শাহরিয়ারের গলার স্বর শুনে আজাদের গায়ের সব রক্ত যেন এক লহমায় জল হয়ে গেল। বিলেতি ভাবসাব সব ভুলে সে ভয়ে দুই হাত জোড় করে শায়েরের দিকে একপা এগিয়ে এলো, "ওহ মাই গড! দ্যাট বিস্ট ইজ কামিং! মিস্টার শায়ের... প্লিজ, নো মোর বিলেতি ক্যাচাক্যাচি! আমাকে বাঁচান! উনি আমার পিঠের চামড়া তুলে জুতো বানাবেন।প্লিজ, আমাকে এই কার্নিশের পেছনে লুকিয়ে পড়ার পারমিশন দিন!"
শায়ের আড়ালে মেহেরের দিকে তাকাল, মেহের তখন হাসতে হাসতে প্রায় শেষ! শায়ের অত্যন্ত গাম্ভীর্যের সাথে আজাদের দিকে তাকিয়ে বলল, "লুকানোর দরকার নেই আজাদ সাহেব। আপনি তো বিলেতি ব্যারিস্টার, দাঁড়িয়ে থেকে আইনের ভাষণ দিন। আমরা বরং দর্শক হয়ে দেখি!"
