#দাহরেখা
#পর্ব_০৯
#পূর্ণতা_আহমেদ
রাতের আঁধারের সাথে তাল মিলিয়ে জামশাদের অসুস্থতা বাড়ছে।পোড়া ছাইয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে বারদোলির বাতাসজুড়ে। দিনে যে কোলাহল আর শাহরিয়ারের হুংকার ছিল, তা কেটে গিয়ে পুরো অন্দরমহলে এখন শোকের মাতম।
বিছানার পাশে থমথম মুখে বসে আছে মেহের। চোখে একফোঁটা ঘুম নেই। পিতলের বাটি থেকে শীতল জলে সুতি কাপড় ভিজিয়ে ক্ষণে ক্ষণে বাবার কপালে জলপট্টি দিচ্ছে সে। যেই মানুষটা কাল পর্যন্ত পুরো ব্যবসা বানিজ্য শক্ত হাতে আগলে রেখেছিলেন, আজ তিনি নিস্তেজ হয়ে পড়ে আছেন। মেহেরের চোখের বাঁধ ভেঙে জল গড়িয়ে নামল জামশেদের শিথিল হাতের ওপর।
এমন সময় ঘরে কেউ একজন ধীর পায়ে প্রবেশ করল। মেহের জলপট্টি হাতে চমকে উঠে তাকাতেই দেখল দরজায় দাঁড়িয়ে আছে জাহারা। আফতাব নগরের ঘটনার পর ভয়ে ও অভিমানে আর দেখা দেয়নি সে, কিন্তু সইয়ের বাড়ির এই চরম বিপদের খবর শুনে আর নিজেকে আটকে রাখতে পারেনি।
মেহেরকে ওভাবে কাঁদতে দেখে জাহারা এক ছুটে এসে তাকে বুক আঁকড়ে জড়িয়ে ধরল।
"মেহের! ..." জাহারার গলা ধরে এলো। কিছু না বলেই শক্ত হাতে জড়িতে ধরল মেহেরকে।
মেহেরও নিজেকে আর সামলাতে পারল না, সইয়ের বুকে মুখ গুঁজে অঝোরে কেঁদে ফেলল।
"আমার সব শেষ হয়ে গেল রে জাহারা... আব্বা বোধহয় আর বাঁচবে না..."
"এভাবে বলিস না মেহের! খোদা মুখ তুলে চাইবেন। আমি খবর পেয়েই আর ঘরে থাকতে পারলাম না।"
কথাটার মাঝেই জাহারার চোখের কোণে মাহিবের প্রতি সেই পুরনো অনুরাগের আলো খেলে গেল, তবে এই শোকের মুহূর্তে সে নিজেকে সামলে নিল। দুই সই অনেকক্ষণ ধরে নীরবে একে অপরকে জড়িয়ে ধরে চোখের জল ফেলল।
অন্যদিকে, কাছারিঘরের এক কোণে পিতলের লণ্ঠন জ্বালিয়ে গভীর আলোচনায় বসেছে তিনমূর্তি—শাহরিয়ার, মাহিব আর শায়ের। আজাদের ঘরের বাইরে তালা ঝোলানো, দুজন শক্তসমর্থ লাঠিয়াল পাহারা দিচ্ছে।
শাহরিয়ার এখনো রাগে ফুঁসছে, "আজাদকে আর কিছুক্ষণ ছাড় দিলে আমি নিজেই ওকে শেষ করে দেব! শায়ের, তুই বল, কোনো স্বদেশী দলের কাজ কি এটা হতে পারে?"
শায়ের লণ্ঠনের হলুদ আলোর দিকে ধীরদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, "স্বদেশীরা কোনোদিন এ কাজ করবে না শাহরিয়ার ভাই। ওদের লড়াই তো ইংরেজদের বিরুদ্ধে। তবে..." শায়ের একটু থেমে মাহিব আর শাহরিয়ারের দিকে তাকাল, "আজাদ সাহেবের হাবভাব কাল থেকে সন্দেহজনক। উনি যেভাবে বারবার লন্ডনের আইন আর ব্রিটিশ সরকারের দোহাই দিচ্ছেন, আমার মনে হয় উনি কোনো বিলেতি চক্রান্তের বড় অংশ। হতে পারে আপনাদের আটকে দিয়ে সরকারের মাধ্যমে এ বাড়ি নীলামে তোলার ব্যবস্থা করা হচ্ছে।"
মাহিব কপালে হাত দিয়ে চিন্তিত মুখে বলল, "কিন্তু শায়ের, আজাদ একা পাহারাদারদের ওষুধ খাইয়ে বেহুঁশ করবে কীভাবে? অন্দরমহলের বা পরিচিত কেউ না কেউ ওর সাথে নিশ্চয়ই জড়িত!"
শায়ের ধীরগলায় বলল, "সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে মাহিব। তাড়াহুড়ো করলে মূল অপরাধী ফসকে যাবে।"
ঠিক সেই মুহূর্তে অন্দরমহলের দোতলার ফাঁকা গলিটায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। লুৎফুন্নেসা বেগম একহাতে নিজের ভারী সোনার সিন্দুক আর অন্যহাতে আসমার কান চেপে ধরে টিপে টিপে পা ফেলছেন।
"ওরে অপয়া অভাগী! আওয়াজ করবি না একফোঁটাও! ওদিকে ঘরে ডাকাত ঢুকে সব ছাই করে দিল, আর তুই আমাকে চালের মটকার ভেতর সিন্দুক লুকাতে সাহায্য না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিস?"
আসমা তো চিরকুটের ভীতিতে আগে থেকেই অর্ধেক মরে আছে, তার ওপর এই মাঝরাতে ভারী সিন্দুক নিয়ে লুৎফুন্নেসার পাগলামি! সে কাঁদো কাঁদো গলায় ফিসফিসিয়ে বলল, "বেগমা! দুপুরে গোবরের খামারে লুকাইয়া বাঁচলাম গোবরের গন্ধে, আর এখন কি শেষমেশ চালের বস্তায় সিন্দুক পুঁতে মরতে হইব? জমিদারির কোষাগার পুড়ল, আর আপনার সিন্দুক চালের বস্তায় রূপ নিল!"
"চুপ কর মুখপোড়া! আমার সারাজীবনের উপার্জিত ধন-সম্পদ! শাহরিয়ার জানতে পারলে তো চাবুক মেরে মেরে আমার সোনার চুড়ি পর্যন্ত কেড়ে নেবে পিঠ বাঁচাতে।চল, এবার রান্নাঘরের চুলার পেছনের গর্তটায় বসাই!"
লুৎফুন্নেসার এই আজগুবি টানাটানির মাঝে আসমার হাত পিছলে ভারী সিন্দুকটা মেঝের ওপর ধপাস করে পড়ে গেল। বিকট সেই শব্দে লুৎফুন্নেসা ভয়ে নিজের গালে নিজেই থাপ্পড় মেরে কেঁদে উঠলেন, আর আসমা আতঙ্কের চোটে সোজা লুৎফুন্নেসার কোলেই লাফিয়ে উঠল!
রান্নাঘরের করিডোরে বিকট শব্দে সিন্দুক আছড়ে পড়ার পর পুরো বাড়িতে তোলপাড় পড়ে গেল। ডাকাত পড়ল ভেবে অন্দরমহলের দিকে একছুটে ধেয়ে এলো শাহরিয়ার। পেছনে লণ্ঠন হাতে মাহিব আর শায়ের। সেখানে পৌঁছে লণ্ঠনের আলোয় তারা যা দেখলেন, তাতে শাহরিয়ারের চোখ কপালে উঠে গেল। লুৎফুন্নেসা বেগম মেঝের ওপর হাঁপাচ্ছেন, আর আসমা ভয়ে দুই হাতে মুখ ঢেকে তাঁর কোলের ভেতর সিঁটিয়ে আছে। পাশেই অর্ধেক খোলা সিন্দুক থেকে কিছু স্বর্ণালঙ্কার বেরিয়ে এসেছে।
"এসবের অর্থ কি চাচি?" শাহরিয়ারের গর্জন মেঝের ইট কাঁপিয়ে দিল। "বাড়ির কর্তা বিছানায় মৃত্যুর সাথে লড়ছেন, আর আপনি মাঝরাতে স্বর্ণালঙ্কার লুকানোর সার্কাস চালাচ্ছেন?"
লুৎফুন্নেসা গলার স্বর কোনোমতে চড়িয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেন, "তোর মুখ সামলে কথা বল শাহরিয়ার! আমি আমার নিজের গয়নাগাটি হেফাজত করছি! এ বাড়িতে যা শুরু হয়েছে, কাল সকালের মধ্যে চোর-ডাকাত এসে আমার এই শেষ সম্বলটুকুও সাফ করে দিত!"
শাহরিয়ার চরম ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে অস্ফুটে বলল, "ছিঃ!"
পরদিন ভোরের আলো ফোটার আগেই বরদোলি ঘাটে ভিড়ল ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের বিশেষ পেয়াদার নৌকা। অন্দরমহলে তখনো থমথমে পরিবেশ। জামশাদ মজুমদার কোনোমতে বালিশে হেলান দিয়ে বসে আছেন। তাঁর পাশে দাঁড়িয়ে মেহের আর দুই ভাই। পেয়াদা লাল খামে মোড়ানো একটা চিঠি শাহরিয়ারের হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
"ম্যাজিস্ট্রেট সাহেবের কড়া হুকুম। আগামী চৌদ্দ দিনের মধ্যে বকেয়া সহ পুরো কর কোষাগারে জমা না পড়লে সূর্যাস্ত আইনের অধীনে বরদোলির এই পুরোনো জমিদার বাড়ি নীলামে তোলা হবে।"
নিলামে তোলার সংবাদটি শোনা মাত্র জামশাদ বুক চেপে ধরলেন। মেহের তড়িঘড়ি করে বাবাকে ধরে শান্ত করতে লাগল।
শাহরিয়ার চিঠিটা ছিঁড়ে ফেলার উপক্রম করতেই শায়ের সামনে এসে তার হাত চেপে ধরল। "রাগের মাথায় ভুল করবেন না শাহরিয়ার ভাই। ইংরেজরা সুযোগের অপেক্ষায় আছে। আপনি চটলে ওরা এখনই বাড়িটা দখল করে নেবে।"
মেহের দরজার আড়াল থেকে একজোড়া কাঁচের মতো স্বচ্ছ, টলটলে চোখে শায়েরের দিকে তাকাল। এই সংকটের মাঝে শায়ের যেভাবে বটবৃক্ষের মতো তাদের পরিবারের সামনে আগলে দাঁড়িয়ে আছে, তাতে মেহেরের হৃদয়ে শায়েরের প্রতি নির্ভরতা আর কোমল স্থান আরও গভীর হয়ে উঠল।
ব্রিটিশ পেয়াদারের বিদায়ের পর চিন্তার ছায়া ছেয়ে পড়ল বৈঠকখানা জুড়ে। বিশেষ করে বাড়ির পুরুষদের উপর এর চাপ যেন সর্বোচ্চ! এর ভেতর চাচির অদ্ভুত কান্ডকর্মে মেজাজ আরও বিগড়ে আছে শাহরিয়ারের।স্বভাব বসত রাগ চড়লে তা কারো উপর না ঝেড়ে সে শান্ত হতে পারেনা আর পরবর্তীতে সিদ্ধান্ত নাওয়ার জন্য একটা শান্ত মস্তিষ্ক আবশ্যক। তাই সে কিছু একটা ভেবে চাচির ঘরের দিকে ছুটল।
পরক্ষণেই অন্দরমহলের বারান্দায় লুৎফুন্নেসার বিকট চিৎকার শোনা গেল। রান্নাঘরের মেঝে থেকে সিন্দুকটা টেনে হিচড়ে উঠোনের মাঝখানে এনেছে শাহরিয়ার। আর সেই সিন্দুকের ওপর একদম ডিমে তা দাওয়া মুরগির মতো ডানা মেলে জাঁকিয়ে বসে আছেন লুৎফুন্নেসা বেগম। হাত-পা ছুড়ে এমনভাবে বিলাপ করছেন, যেন এই বাড়ি উদ্ধার নয়, বরং তাঁরই জ্যান্ত দাফন-কাফনের আয়োজন চলছে।
"ওরে শাহরিয়ার রে! ওরে ডাকাত, ওরে কসাই! বাপ-দাদার জমিদার বাড়ি রক্ষা করার নামে তুই নিজের বিধবা চাচির ছাগল বেচা পয়সা আর নাকের নথ পর্যন্ত কেড়ে নিবি? ওহ আল্লাহ, এই দেখার আগে আমায় কেন তুলে নিলে না!"
শাহরিয়ার সিন্দুকের হাতল ধরে এক হেঁচকা টান মারল, কিন্তু লুৎফুন্নেসা সিন্দুকের ওপর এমন আঠার মতো সেঁটে আছেন যে সিন্দুকের সাথে সাথে তিনিও হোচট খাচ্ছেন, তবু সিন্দুক ছাড়লেন না।
শাহরিয়ার রাগে রগ ফুলিয়ে চেঁচাল, "চাচি! আপনি সিন্দুক ছাড়বেন নাকি আপনাকে সহ সিন্দুক নদীর জলে ফেলে দিয়ে আসব? বাড়িতে ইংরেজ পেয়াদা হুমকি ঝুলিয়ে গেল, আর আপনি তিন আনার সোনার গয়না পেটের ভেতর লুকিয়ে রাখবেন?"
পাশে দাঁড়িয়ে থাকা আসমা এবার লুৎফুন্নেসাকে সান্ত্বনা দিতে গিয়ে আগুনে এক বালতি ঘি ঢালল। "বেগমা! কান্না থামান! মাথা ঘুরিয়া পড়বেন তো! তার চেয়ে সিন্দুকের ওপর অত শক্ত হইয়া বইসা না থাইকা কিছুটা ছাড় দেন। শাহরিয়ার ভাই তো আর সব নিবে না, দু-চারডা সোনার বালা আর আপনার নাকের ওই নোলকটা নিলেই তো বিলেতিদের মুখ বন্ধ হইয়া যাইব!"
"ওরে মুখপোড়া অপয়া!" লুৎফুন্নেসা একহাতে সিন্দুক কামড়ে ধরে অন্যহাতে আসমাকে মারতে তাড়া করলেন, "তুই আমার নোলকের ওপর নজর দিস? ওই নোলক বেচলে তো তোর মতো দশটা আসমা হাটে কেনাবেচা করা যাবে! ওরে মাহিব, ওরে জামশাদ! তোরা তো সুশিক্ষিত, এসে এই কসাইয়ের হাত থেকে আমার সিন্দুক বাঁচা!"
উঠোনের একপাশে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করছিল মাহিব আর শায়ের। মাহিব বহুকষ্টে হাসি চেপে হাত জোড় করে বলল, "চাচি আম্মা, আপনি সিন্দুকের ওপর থেকে না উঠলে ভাই তো আপনাকে শুদ্ধ সিন্দুক তুলে কাছারিঘরের সিন্দুকে রেখে আসবে!"
"আসুক! আমার লাশের ওপর দিয়ে নিয়ে যাক!" লুৎফুন্নেসা এবার দু-পা ছড়িয়ে বাচ্চাদের মত কাঁদতে কাঁদতে সিন্দুকের গায়ে মুখ ঘষতে লাগলেন, "আমার জানের সিন্দুক রে! বিলেত থেকে আজাদ এসে আমার হুক্কা পরিষ্কার করল, আর নিজের ঘরের ভাতিজা এসে আমার হাড়-মাংস চিবিয়ে খাচ্ছে !"
অবশেষে শাহরিয়ার ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে দুজন জোয়ান লাঠিয়ালকে ডাক দিল, "কই রে তোরা? চাচি আম্মাকে অতি সাবধানে তুলে নিয়ে গিয়ে ওনার ঘরে বসিয়ে দিয়ে আয়! আর সিন্দুকটা নিয়ে কাছারিঘরের সিন্দুকে তোল!"
দুই লাঠিয়াল এগোতেই লুৎফুন্নেসা চিৎকার করে ওভাবেই সিন্দুক জড়িয়ে চিত হয়ে শুয়ে পড়লেন। লাঠিয়ালরা সিন্দুক তুলতে গেলে সিন্দুকের সাথে লুৎফুন্নেসাও ঝুলে উঠলেন শূন্যে!
আসমা হাততালি দিয়ে উঠে বলল, "ওরে বাপরে! বেগমা তো আজ এক্কেবারে বিলেতি সার্কাস দেখাইতাছে!
লুৎফুন্নেসা শূন্যে ঝুলন্ত অবস্থাতেই আসমার দিকে পা ছুড়ে দিয়ে গর্জালেন, "তোরে যদি আজ আমি শূলে না চড়াই , তবে আমার নামও লুৎফুন্নেসা না!"
শেষমেশ শাহরিয়ারের কড়া ধমকে দুই লাঠিয়াল টান মেরে লুৎফুন্নেসাকে সরিয়ে নিল আর শাহরিয়ার এক টান মেরে সিন্দুক চাবি দিয়ে বন্ধ করে নিজের জিম্মায় নিয়ে নিল। লুৎফুন্নেসা আসমার ঘাড়ে ভর দিয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে রওনা হলেন, আর বিড়বিড় করে অভিশাপ দিতে লাগলেন, "যাও সিন্দুক নিয়ে যাও! ওই সোনা ছুঁলে যেন তোদের দম আজীবনের জন্য মাটিতে মিশে যায়!"
