#দাহরেখা
#পর্ব_০৭
#পূর্ণতা_আহমেদ
"কৃষকরা কি না খেয়ে মরবে? এবার জমিদার সাহেবের এত কঠোর হয়ে রাজস্ব আদায়ের কি দরকার ছিল?"
"তো কি তোকে নিয়ে জমিদারি সামলাবে? তোর মত দরদের বাপ ছিলো বলেই তো দাদা-চাচারা জমিদারিটা হারালো!" রাগে গিজগিজ করতে বলল শাহরিয়ার।
"এবার তেমন বৃষ্টি হয়নি তাহলে ওরা ফসল ফলাবে কিভাবে? ওদের উপর এবার একটু রহম করলে তেমন কি ক্ষতি হত ভাই?"
"তোর এত দরদ হলে যা না,গিয়ে ওদের সাথে ক্ষেতে নেমে যা! যা বুঝিস না তা নিয়ে কথা বাড়াস না আর মাহিব!"
"রাগ করছো কেন ভাই? আচ্ছা এসব ছাড়ো! শুনলাম বরিশালে নাকি স্বদেশী আন্দোলনের উত্তাপ বেড়েই চলেছে।এমন চলতে থাকলে তো ইংরেজরা বেশিদিন টিকতে পারবেনা।"
"ওরা এমনিও টিকতে আসেনি।লুটপাট শেষে নিজে থেকেই চলে যাবে।মাঝে দিয়ে আমরা পথে নামব।যতদিন ওরা আছে ভালো দিন যাবে।ওরা গেলে গ্রামের মানুষ আমাদের উপর হারে হারে ক্ষোভ মেটাবে।" বলে দুশ্চিন্তার নিঃশ্বাস ফেলল শাহরিয়ার।
দুই ভাইয়ের এই কথোপকথনের ভেতর হিসাবের খাতা নিয়ে হাজির হলো মেহের।মেহেরকে দেখে যেন অকারণেই আরও চটে গেল শাহরিয়ার কিন্তু ওর উপর আজ চেঁচামেচি করতে চাইল না তাই সেখান থেকে উঠে চলে গেল বাবার কাছে।মেহের তা লক্ষ্য করে মাহিবের পাশে যেয়ে বসল হিসাবের খাতা মেলাতে। মেহের বসলো বরাবর আর মাহিব তার ঠিক সামনে।
অন্দরমহল থেকে মাহিবের পেছনটাই শুধু দেখা যায়। তবুও নিজের ভাতিজা কে পেছন থেকে চিনতে এক মূহুর্ত সময় লাগেনি লুৎফুন্নেসার। দোতলার বেলকনি থেকে আসমার কথায় রুপার দূরবীন দিয়ে শায়ের আর মেহেরের প্রেম আলাপের দৃশ্য দেখতে ছুটে এসেছিলেন কিন্তু শায়েরের বদলে মাহিবকে দেখা মাত্র তার মাথায় রক্ত চরে গেল।আগুন চোখে এমন ভাবে আসমার দিকে তাকালেন যেন এক্ষুনই কাঁচা চিবিয়ে খাবেন।পাশে থাকা আসমা নিজের উপর বেশ গর্ববোধ করে আপন মনে বলে যাচ্ছে,
"আইজ আর আমারে আপনি রাতকানা কইতে পারবেন না। দিন-দুপুরে পরিষ্কার দেখসি শায়ের সাহেব ছোট আপার উপর হাসতে হাসতে উল্টায় পড়তাসিল।"
দাঁতে দাঁত চেপে,আসমার কান এক টানে মোচড় দিয়ে ধরে বললেন,
"ওরে অপয়া, কানা অভাগী! শায়েরের মাথায় কি রাতারাতি এমন কোঁকরা চুল গজাল? আর শায়ের কবে থেকে গায়ে আমার ভাতিজার দামী চাদর জড়ানো শুরু করল?"
"উফ্ফ বেগমা! কান ছাইড়া দেন! রূপার দূরবীন তো, বিলেতি কাঁচের কারসাজিতে মাহিব ভাইরে দূর থেকে একটু শায়ের-শায়ের লাগতেই পারে! এতে আমার চোখের কী দোষ?"
"তোর চোখের দোষ না, তোর পুরো কপালটাই দোষে ভরা! কাল রাতে পেঁচা আর বিড়ালকে মেহের-শায়ের বানালি, আর আজকে নিজের আপন ভাইকে বোনের প্রেমিক বানিয়ে দিলি? তোরে যদি আজ এই দূরবীন দিয়ে পিটিয়ে মানুষ না বানাই, তবে আমার নামও লুৎফুন্নেসা না!"
"বেগমা! আল্লার কসম,একদম দেখতে এক আছিল! আর দূরবীন দিয়া দেখলে দূর থেকে সব পুরুষ মানুষরেই তো একই রকম লম্বা শুটকি মাছের মতো দেখায়!"
"শুটকি মাছ? আমার বাড়ির ছেলেকে তুই শুটকি মাছ বলিস? ওদিকে বেচারা আজাদ নিচে দাঁড়িয়ে ঘাম মুছে মুছে আমার হুক্কার নল ডলছে, আর তুই আমাকে এই রোদের মধ্যে দূরবীন হাতে দাঁড় করিয়ে সার্কাস দেখাচ্ছিস?"
"বেগমা! ওই যে হুক্কা পরিষ্কার করতাছে,আমি নিশ্চিত ওইডাও শায়েরের শয়তানি! আমারে মারেন আর কাটেন, শায়েরই তারে ফুঁসলায়ে পাঠাইছে!"
"আবার শায়ের! তোর মুখে কি আর কোনো নাম নাই? দাঁড়া, তোর এই দুটো চোখকে আজ আমি লবণ পানি দিয়ে ধুইয়ে দেব, যাতে ভাই আর প্রেমিকের তফাতটা জীবনে আর না ভুলিস! আসমা... দাঁড়া বলছি!"
আসমা লুৎফুন্নেসার হাতের থুথুর কৌটা আর দূরবীনের তোপ থেকে বাঁচতে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে এক দৌড়ে বেলকনি থেকে সিঁড়ির,সিঁড়ি থেকে বাগানের দিকে দৌড় দিল। লুৎফুন্নেসা হাতে দূরবীন নিয়ে হাঁপাতে হাঁপাতে তার পেছনে ছুটলেন।
এই বাড়ির বাগান রাত হলেই নানা ফুলের মাদকতায় ছেয়ে যায়। তবুও এই সুবাস বোধহয় পাশে থাকা গরুর খামারে পৌঁছায় না। সেই দুপুর থেকে গরুর খামারের ভেতর নোংরা ,স্যাঁতসেঁতে জায়গায় বসে আছে আসমা।গোবরের গন্ধে এবার তার পেট উল্টে যাওয়ার উপক্রম। সেই যে লুৎফুন্নেসার ভয়ে এখানে এসে লুকিয়েছিল এখনো বের হতে সাহস পাচ্ছে না।এই দুর্গন্ধ আর সহ্য করতে না পেরে এবার বেরিয়ে এলো।
ধীরে ধীরে পা ফেলে পেছনের দরজা দিয়ে ঢুকতেই যাবে তার আগেই কারো উপস্থিতি টের পেয়ে ক্যামেলিয়া গাছের ঝোপের ভেতর লুকাল।তাকে আশ্চর্য করে দিয়ে একটু পর প্রায় দশ পনেরো জনের একটা দল অন্ধকারে উত্তরের দিকে গেল। যাওয়ার আগে বাড়ির ভেতর থেকে বের হওয়া সেই লোকের সাথে কিছুক্ষণ আলাপ করে নিল। সেই লোকের অবয়ব খুব চেনা লাগলেও অন্ধকারে তার মুখ স্পষ্ট হলো না।ভয়ে আসমা যেখানে ছিল সেখানেই জমে গেল। সবাই সেদিকে যাওয়ার পর পিছনের দরজা বন্ধ হওয়ার শব্দ টের পেয়ে আসমা ঝোপ থেকে বেরিয়ে আসে।তার ধারণা লোকটা আবারও বাড়ির ভেতরে ঢুকে গেছে কিন্তু কি হচ্ছে কিছুই সে বুঝে উঠতে পারল না। কিছুক্ষণ অপেক্ষা করে সেই দরজা দিয়েই ভেতরে ঢুকল। হঠাৎ দোতলার দিকে কারো পায়ের শব্দ শোনা গেলে আসমাও সেই শব্দের পিছু পিছু যেতে থাকে।
নিরিবিলি লাইব্রেরিতে সেই কখন থেকে অপেক্ষা করছে মেহের।আজ হুট করেই বহুদিন পর তার একটু সাজতে ইচ্ছে করল।এমনিতে সাদামাটা সাজেই থাকতে পছন্দ করে ,কিন্তু আজ নীল শাড়ির সাথে গলায় একটা স্বর্নের ছোট চেইন আর কানে ছোট দুল পড়েছে।হাতে তার মায়ের বালাজোড়া চিকচিক করছে।লম্বা চুলগুলো টেনে খোপা করা।এই কয়দিন প্রচুর বৃষ্টি ছিলো তাই আবহাওয়া বেশ ঠান্ডা ছিলো কিন্তু আজ তেমন ঠান্ডা নেই তাই শাল পড়া হয়নি। লাইব্রেরির উত্তরের বড় জানালার পাশে বসে আনমনে কিছু ভেবে যাচ্ছে,কখন যে তার চুল খুলে বাতাসে দোল খাচ্ছে টের ও পেল না।
"পুরষ্কারের লোভে আমারই আগে আসার কথা ছিল কিন্তু আপনি ই দেখি আগে এসে পড়েছেন।"
চেনা কন্ঠ শুনতেই পেছনে চকিতে তাকাল মেহের,আনমনে বেশ খুশী হলো,কিছুটা রাগও।
সেই রাগের কারণ ধরতে পেরে শাহের বলল,
"হুট করেই চোখটা লেগে গেছিল তার জন্য দুঃখিত। আশা করি এর শাস্তি স্বরূপ আমার পুরষ্কার না দিয়েই চলে যাবেন না।"
মেহের কিছু বলতেই যাবে তার আগেই শায়েরের মুখের দিকে তাকিয়ে অবাক স্বরে বলল,
"আরে আপনি এভাবে হাপাচ্ছেন কেন? ঘেমেও একাকার হয়ে গেছেন দেখছি ! কিছু হয়েছে?"
"না আপনি রাগ করে চলে গেলেন কিনা সেই ভয়ে এক দৌড়ে ছুটে এসেছি। এসে আপনাকে এখনো অপেক্ষা করতে দেখে ভালো লাগছে।"
"আমাকে আপনি আপনি করতে হবে না।তুমি বলে সম্বোধন করতে পারেন।"
"আপনি পারলে আমারও সমস্যা নেই। "
"কি আমি! আপনি আমার থেকে বয়সে বড়!"
"আশা করি এতবার সাক্ষাতের পর অন্তত বন্ধু হিসেবে মানেন। বন্ধুত্বে "তুই" সম্বোধন বেশি ঘনিষ্ঠতা বোঝায় কিন্তু আমি মেয়েদের কে তুই করে বলতে পারিনা। তাই "তুমি" ই মানানসই হবে।
মেহের স্মিত হেসে বলল,
"আচ্ছা বেশ তাই হবে।"
"এখন আমার পুরষ্কার?"
মেহের তার শাড়ির আচলে বেঁধে রাখা কিছু টাকার গোছা বের করে শায়েরের হাতে গুজে দিল।আর অনুরোধ করে বলল,
"এটা দয়া করে রাখবেন।ভাইয়ের থেকে শুনেছি আপনার পত্রিকা এখন আর চলছে না।চলবেই বা কিভাবে আপনি নিজেই মহা বিপদে আছেন। আশা করি এতে আপনার চলবে।সারা দেশে স্বদেশী আন্দোলন আগুনের রূপ নিয়েছে এর মধ্যে আপনার লেখা সেই আগুন ধরে রাখতে অনেক বেশি কাজ করবে।কালকের ভেতর ই আবার সেই পত্রিকার কাজ শুরু করুন।আমি কথা দিচ্ছি আমার থেকে সর্বোচ্চ সহোযোগিতা পাবেন।"
শায়ের মেহেরের হাত সরিয়ে নিয়ে বলল,
"আমি দুঃখিত আমি আপনার এত বড় পদক্ষেপে সাহায্য করতে পারছি না।আমাকে কাপুরষ ও বলতে পারেন কিন্তু এখন পত্রিকা নতুন করে চালানোর মত ঝুঁকি আমি নিতে পারব না। কোনো কারণে ধরা খেলে আপনাদের ই বিপদ হবে।এমনি আমাকে আশ্রয় দিয়েছেন এটাই অনেক আর নতুন করে আপনাদের বিপদে ফেলতে পারব না।"
মেহেরের চোখে জোড়া জলে ভরে উঠছে,সেই চোখে উদিত আশা মূহুর্তেই ভেঙে চুরমার হয়ে গেল।সে কিছু বলতেই যাবে তখন ই শায়ের অবাক চোখে পেছনের দিকে ইশারা করে বলল,
"দেখুন দূরে মেহের! ওখানে কি আগুন লেগেছে নাকি?"
মেহের পেছনে তাকাতে তাকাতে হট্টগোল শোনা গেল নিচ থেকে। জানালা দিয়ে বাইরে পরিষ্কার দেখতে পেল উত্তরে গুদামঘরে আগুন লেগেছে সেই ধোঁয়া বাতাসে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে।এক নিঃশ্বাসে দ্রুত পায়ে শায়েরের সাথে নিচে নেমে এলো মেহের।
Next part-
