#দাহরেখা
#পর্ব_০৬
#পূর্ণতা_আহমেদ
দরজা দড়াম করে খুলে লুৎফুন্নেসা ঘরে ঢুকলেন। পেছনে হাঁপাতে হাঁপাতে আসমা। ঘরে ঢুকে দেখা গেল মেহের চুপচাপ খাটে বসে মোমবাতির আলোয় ঢেউ খেলানো লম্বা চুলগুলো আঁচড়াচ্ছে। লুৎফুন্নেসা থমকে দাঁড়িয়ে চোখ বড় বড় করে কিছুক্ষণ মেহেরের দিকে, আর কিছুক্ষণ আসমার দিকে তাকাতে লাগলেন।
মেহের শান্ত মুখে চুলে কাঁটা গুজতে গুজতে বলল,
"চাচি! মাঝরাতে এভাবে ডাকাতদের মতো ঘরে হুমড়ি খেয়ে পড়ার কারণটা কি জানতে পারি?
লুৎফুন্নেসা চোখ গোল গোল করে আসমার কান ধরে টেনে ফিসফিসিয়ে বলল,
"তোর চোখে কি রাতকানা ধরেছে রে আসমা? খাটের ওপর হাতি সমান মেয়েটাকে বসে থাকতে দেখছিস না? আর আমাকে বলিস শায়েরের সাথে নদীর পাড়ে গেছে?"
বেচারি আসমা কানে হাত দিয়ে কোঁকাতে কোঁকাতে বলল,"বেগমা! আমার দুই চক্ষুর কসম! আমি তো স্পষ্ট দেখলাম দুইটা ছায়া পেছনের দুয়ার দিয়া নদীর দিকে গেল!"
"ওরে ফাজিল মেয়ে! পেছনের দুয়ার দিয়ে পেঁচা আর কালো বিড়াল গেলেও বুঝি তোর মেহের আর শায়ের মনে হয়? তোর এই আবর্জনা খবরের চক্করে আমার দামি হুক্কার আগুনটা নিভে ছাই হয়ে গেল!"
আয়নায় চাচির দিকে তাচ্ছিল্যের হাসি দিয়ে মেহের বলল,"আসমাকে বকে লাভ নেই চাচি। বিলেতফেরত চশমাধারি পাত্র এনেছেন তো, তাই বোধহয় আপনার দাসীও এখন চশমা ছাড়া কিছুই চোখে স্পষ্ট দেখছে না।"
————-
নদীর ঘাটে বিশাল পন্যবাহী জাহাজ এসে থেমেছে। রেশম ও তুলা এক এক করে যাবে জামশাদ মজুমদারের গুদামঘরে।এই পণ্যগুলো এদেশ থেকে কিনে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে চড়া দামে বিক্রি হবে এবং বিনিময়ে ব্রিটেন থেকে সোনা-রূপা ও অন্যান্য সামগ্রী আসবে।এর জন্যে নির্দিষ্ট সময় পর পর ব্রিটিশদের বিশাল অঙ্কের কর ও দিতে হয়। ব্রিটিশদের সাথে এই ব্যবসা জামশাদের দাদা শুরু করেছিলেন। মাঝে জমিদারি হারানোর পর জামশাদ যেন এর হাল আরও শক্ত করে ধরেছেন। এখন চাল,মসলা,চিনি ও এর সাথে যুক্ত হয়েছে।
সকাল সকাল গুদামঘরের সামনে বিশাল ব্যস্ততা শুরু হিয়েছে। দুই ছেলেও বাবার সাথে তদারকি করছে।এক এক করে পন্য ঢুকছে গুদামঘরের ডানপাশে।এই গুদামঘরে এখনো জমিদারি ছাপ স্পষ্ট। একপাশে একটা মাঝারি ঘর এখানে নিত্যদিনের বাজার সদাইপাতি রাখা হয়,তার পাশেই খামারের পশুদের খাদ্যশস্য আর এক পাশে বিশাল চাল ও গমের সমাহার।এগুলো কিছুদিন আগেই আনা হয়েছে।এবার অনাবৃষ্টি আর খড়াতে শস্য তেমন হয়নি,সাধারণ মানুষ চরম অভাবে দিন পার করছে।কিন্ত সে অভাব ধনী,প্রভাবশালীদের ঘরে প্রবেশ করেনা।তার ই যেন জলন্ত প্রমান এই গুদামঘর।
প্রতিবারের মত এবারও বড় ছেলে শাহরিয়ারের মাথা গরম।এই দিনে কেন জানি তার মাথা আরও বেশি গরম হয়ে উঠে।মেহেরের এসব দিকে আর কোনো ভ্রুক্ষেপ ই নেই।যে যা বলছে কাঠের পুতুলের মত তা করে যাচ্ছে।নির্জন এক টুকরো জায়গা পেয়ে সেখানে একাকী বসে নিজের মধ্যে একটু শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছে।হাতে ছিল হিসাবের খাতা।
মেহেরের এই শান্তি নষ্ট হতে বেশি দেরি হলো না। পকেটে রাখা রুমাল দিয়ে চশমা মুছতে মুছতে হাজির হলো আজাদ। অনেকক্ষণ ধরেই আশে পাশে ঘুরঘুর করছিলো কিভাবে মেহেরের সাথে কথা বলবে কিন্তু সাহস করতে পারছিল না।অবশেষে একটানে এক বড় নিঃশ্বাস নিয়ে বুক ফুলিয়ে মেহেরের সামনে গেল।
মেহের চোখ তুলে একপলক দেখেই আবার খাতার দিকে নজর দিল। মনে মনে ভাবল, এই চশমাধারি অদ্ভুত প্রাণীকে এখন কিভাবে সামলাবে?
"অহ্! মিস মেহেরুন্নেসা! হোয়াট আ হেক্টিক ডে, তাই না? এই মাল,মশলা, ধুলোবালি... এসব কি আপনার মতো কোনো ডেলিকেট লেডির সামলানোর জিনিস? লন্ডনের হাইড পার্কে বসে যদি এখন এক কাপ 'আর্ল গ্রে টি' পাওয়া যেত!" বলেই হাসার চেষ্টা করল আজাদ।
"লন্ডনের হাইড পার্ক কোনটা আমি চিনি না ব্যারিস্টার সাহেব। তবে আপনার ঠিক মাথার ওপরের ওই গাছের ডালটায় কতগুলো কাঁঠাল ঝুলছে তা দেখতে পাচ্ছি। একটা খসে পড়লে লন্ডনের টি-কাপের বদলে মাথায় কাদা-পট্টি বাঁধতে হবে।"
"হা হা! ইউ হ্যাভ আ ভেরি ডার্ক হিউমার, আই মাস্ট সে! আসলে আমি বলছিলাম কি... ওই যে কাল দেখলাম প্রজারা খাজনা দিতে এসে এত কান্নাকাটি করছে, ইটস অল অ্যাবাউট 'ইকোনমিক মিসম্যানেজমেন্ট'। লন্ডনের ল অনুযায়ী আমি যদি এদের একটা করে নোটিস ধরিয়ে দিতাম, তবে এক মিনিটে সব ঠান্ডা হয়ে যেত!"
"আপনার বিলেতি আইন বিলেতেই রেখে আসলে ভালো করতেন। আমার রোদের আলো আটকে দাঁড়িয়ে আছেন।"
"হা হা! আপনি সত্যি বেশ মজার মানুষ! জানেন লন্ডনে পড়ার সময় আমি শেক্সপিয়ারের রোমান্টিক নাটক নিয়ে একটা থিসিস লিখেছিলাম। আপনার এই প্রখর ব্যক্তিত্বটা না একদম..."
"শেক্সপিয়ার যদি জানতেন লন্ডন থেকে ব্যারিস্টারি শেষ করে কেউ একটা সাধারণ মেয়ের সামনে এভাবে থরথর করে কাঁপছে, তবে তিনি দুঃখের ট্র্যাজেডি লেখা ছেড়ে দিয়ে আপনাকে নিয়ে কমেডি লেখা শুরু করতেন!"
আজাদ অস্বস্তির ঘাম মুছে হালকা হাসি আনার চেষ্টা করে আবার জিজ্ঞেস করল,
"আপনি কি আমার উপর বিরক্ত হচ্ছেন?"
মেহের দাঁতে দাঁত চেপে হিসাবের খাতা টা ঠাস করে বন্ধ করে গরম চোখে আজাদের দিকে তাকিয়ে মনে মনে তাকে বকে গেল।আজাদ মেহেরের চেহারায় নিজের বিপদ আশঙ্কা করতে পেরে ভয়ে দুই পা পিছিয়ে গেল। রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে চশমাটাই প্রায় ফেলে দিচ্ছিল। মেহের চরম বিরক্তি নিয়ে চোখ বুজে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ঠিক এমন সময় সেখানে হাজির হল শায়ের।আজ তার পরনে সাদা পাঞ্জাবি আর পাজামা উপরে কালো শাল প্যাঁচানো। কবিদের ভাব-ভঙ্গিমা যেমন হয় আর কি ! কিন্তু এই সাদা রঙের জন্য বোধহয় তাকে আজ একটু বেশিই সুন্দর ও স্নিগ্ধ লাগছে।
মুখে সেই চেনা ছদ্মবেশী, শান্ত কিন্তু চরম ক্ষুরধার হাসি।আজাদকে দেখে মুখে একটু গাম্ভীর্য আনার চেষ্টা করে বলল,
"অহ্! ব্যারিস্টার সাহেব! আপনাকে পুরো কাছারিঘর খুঁজে হয়রান হয়ে গেছি! অন্দরমহল থেকে লুৎফুন্নেসা চাচি আপনার জরুরি তলব পাঠিয়েছেন!"
"আমার তলব? চাচি আম্মা? কেন কেন? বিয়ের তারিখ পাকা করার বিষয়ে কিছু বলবেন নাকি?"
"ঠিক তা না। চাচির হুক্কার নলে নাকি কি ঢুকে আটকে গেছে সেটা পরিষ্কার করতে হবে। উনি বললেন বিলেতফেরত ব্যারিস্টার সাহেবের হাতের কাজ নাকি খুব মিহি! আপনি না গেলে উনি নাকি না খেয়ে বসে থাকবেন।"
"কী!! বিলেতের ব্যারিস্টার হয়ে আমি হুক্কা পরিষ্কার করব?"
"দেরি করলে চাচি কিন্তু ওই হুক্কার নল দিয়েই আপনার পিঠের ছাল তুলবেন।দ্রুত যান।"
আজাদ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চশমা সামলাতে সামলাতে প্রাণভয়ে সেখান থেকে দৌড় দিল।
মেহের একটা স্বস্তির নিশ্বাস ফেলে শায়েরের দিকে তাকিয়ে বলল,
"হুক্কা পরিষ্কারের বুদ্ধিটা খারাপ ছিল না! এটাও কি আপনার নতুন বিপ্লবী কৌশল নাকি?"
শায়ের মৃদু হেসে বলল, "বিপ্লব পরের কথা আপাতত একজন অবলা ব্যারিস্টারকে আগুন থেকে বাঁচানোটাই আমার কাছে আজকের সবচেয়ে বড় মানবিক কাজ মনে হলো!"
"এখন আপনাকে আগুন থেকে কে বাঁচাবে?”
“আগুন তো দেখছি নিভে যাচ্ছে।আবার জ্বলে উঠলে আজাদ সাহেবের মত পালাবো।"
মেহের মৃদু হেসে বলল,"ভালো রসিকতা জানেন তো।কবিতাও তো জানেন। আজ তবে আপনার একান্ত পাঠক হয়ে দেখি কেমন লিখেন।"
"কি কবিতা শুনতে চাচ্ছেন? ব্রিটিশ নিয়ে নাকি প্রেম নিয়ে?"
"ব্রিটিশ নিয়ে এখন কিছু শুনতে ইচ্ছে করছে না।"
"তাহলে কি প্রেম নিয়ে?"
"উহহ! আপনার যা ইচ্ছে ।"
শায়ের কিছুক্ষণ থেমে বলতে শুরু করল,
"তোমার চোখে মেঘ জমলে শ্রাবণ আসে মনে,
তুমি কি আমায় চিনতে পারো নিভৃত কোন ক্ষণে?
আমার যত কলমের ধার আর যত অলিখিত গান,
নীরব ছন্দে তোমাকেই যে সঁপে যায় এই প্রাণ।"
"সুন্দর ! এই কবিতা কবে লিখেছিলেন?"
"মাত্রই।"
"মাত্র?"
"হু মাত্রই।"
"কি ভেবে এটা লিখলেন?"
"আপনাকে।" বলে সশব্দে হেসে উঠলো শায়ের।মেহের চকিতে তাকাল কিন্তু অদ্ভুত কোনো কারণে তাৎক্ষণিক কিছু বলতে পারল না। নিজের ভিতরের অস্বস্তি আড়াল করতে বলল,
"এখন ওই দূরে মেহেগনি গাছ নিয়ে একটা কবিতা লিখুন তাহলে বুঝবো আপনি সত্যিকারের কবি।"
"আপনার কাছে সত্যিকারের কবি প্রমান করে কি পাওয়া যাবে?"
"যা আপনার ইচ্ছা হয়।"
দুইজনের এই সুন্দর সাহিত্যচর্চার দৃশ্যটা এবার আটকা পড়লো আসমার চোখে। কাল রাতের আধারের মত নয় দিনে স্পষ্ট আলোতে।এক মূহুর্ত দেরি না করেই লুৎফুন্নেসার কাছে ছুটে গেল।
ওদিকে এসব ব্যবসা-বানিজ্যের ঝামেলা নিয়ে লুৎফুন্নেসার তেমন মাথা ব্যথা নেই সেই আয় ভোগ করা দিয়ে আসল কথা।তাই তিন দাসীকে সাথে নিয়ে এক কোণে বসে পান চিবোচ্ছিলেন।ইতোমধ্যে আজাদ এসে কিছু না বলেই হঠাৎ তার হুক্কা পরিষ্কার করতে বসে গেছে।অতি আশ্চর্য হয়ে লুৎফুন্নেসা তা দেখে যাচ্ছে আর মনে মনে স্বীকার করছে এমন নিরহংকার ছেলে শত খুঁজেও আর পাওয়া যাবেনা।
ব্যারিস্টারি পড়েও নিজ দায়িত্বে তার সেবা করছে না জানি বউকে কতটা সেবা করবে।এটা ভেবে তার হিংসা ও হলো বেশ। সেই ঈর্ষার ব্যাঘাত ঘটাতে আসমা ছুটে এলো। আর কোনো কথা না বলেই লুৎফুন্নেসাকে পরিস্থিতি সচোক্ষে দেখার জন্য জোরাজোরি করতে শুরু করল।
এদিকে রোদের তীব্রতা বেড়ে চলছে।ঠান্ডা বাতাসের তেমন খোজ খবর নেই। এই গুদামঘরের চরম ব্যস্ততার ভেতর দুটি মানব নিরালায় গাছের ছায়ার নিচে বসে আছে। হালকা গোলাপি সুঁতি শাড়ির উপর সাদা চাদরে এক রুপসী শ্রোতা আর পাশে এক সুদর্শন কবি বসে বসে কবিতার ছন্দ সাজাচ্ছে। দূরে থাকা মেহেগনি গাছটা একা দাঁড়িয়ে তাকে নিয়ে রচিত হওয়া কবিতা শুনছে।
"উঁচু তার মাথা, নিথর দাঁড়িয়ে নীল আকাশের তলে,
কত যে তুফান পার হয়ে গেল রোদ-ঝড়-জলছলে।
তপ্ত রোদে একা লড়ে, বিলায় শীতল ছায়া,
বাইরে তার রুক্ষ ছাল, গভীরে রূপসী মায়া।"
শেষ লাইন গুলো একটু ধীরে ধীরে আবৃত্তি করে মেহেরের দিকে আড়চোখে তাকাল শায়ের। মেহের শেষ দুই লাইনে একটু থমকাল।বুকের মধ্যে আবারও সেই অদ্ভুদ অনূভুতিদের আগমন। সে কাঁপা গলায় হালকা জোর এনে বলল,
"এটা তো প্রেমের কবিতা হলো না। এতেও যুদ্ধের গন্ধ। "
শায়ের মৃদু হেসে বলল,
"যে দেশের বাতাসে পরাধীনতার গন্ধে নিশ্বাস নিতে কষ্ট হয়, সেখানে কি আর মুক্ত প্রেমের কবিতা লেখা যায়?"
"এই সুন্দর সুন্দর কথা দিয়েই কি মানুষকে বন্দি করে রাখেন?"
"আপনি কিন্তু কথা এড়িয়ে যাচ্ছেন মেহের। একটু আগে বলেছিলেন আমি কবি প্রমাণ করতে পারলে আপনার কাছে যা চাইব তাই পাব।এখন আমার পুরস্কার?"
"বেলা গড়াচ্ছে।ভাইয়েরা হিসাব মিলাতে বসবে এখন আমি যাই তাদের সাহায্য করতে হবে।"
"আর আমার পুরস্কার? "
"রাতে দোতলার দক্ষিণের লাইব্রেরিতে আসবেন।" বলেই আর দেরি না করে এক প্রকার পালিয়েই গেল। পেছনে অদেখা রয়ে গেল শায়েরের ঠোঁটের কোণের এক চিলতে রহস্যময় হাসি।
