#দাহরেখা
#পর্ব_১৬
#পূর্ণতা_আহমেদ
গত এক সপ্তাহ ধরে প্রায় রাতেই বৃষ্টি হচ্ছে তাই বেশ ঠান্ডাও পড়ছে। এই ঠান্ডার মধ্যে সব সময়ের মত শাল জড়ানো নেই আজকে শায়েরের গায়ে। উদাসিন হয়ে বসে আছে খোলা জানালার ধারে।ঠান্ডা বাতাস এসে স্পর্শ করছে চোখ মুখ,জমিয়ে দিচ্ছে হাত দুটো তবুও সেদিকে যেন খেয়াল ই নেই তার।চরম মানসিক টানা পোড়ন যেন তাকে ভেতর থেকে পুড়ে ছাই করে দিচ্ছে,সেই উত্তাপে বোধহয় শাল ও পুড়ে ছাই হয়ে যাবে।খুব কাছে না গেলে তা বোঝার ক্ষমতা নেই। মেহের মাত্রই দুজনের জন্য চা নিয়ে এসেছে। আজ রাতটা একে অপরকে জেনেই পার করবে এমন ই পরিকল্পনা। শায়ের কে এমন মন মরা দেখে মেহের অবাক হয়ে জিজ্ঞেস করল,
“কি কবির মুখে কোনো কবিতার ফাঁদ নেই কেন?"
"অস্ত্র ধার দিতে কখনো কখনো কামারের হাতও ক্লান্ত হয়ে পরে।" জানালার বাইরে এক দৃষ্টিতে চেয়ে থেকে নিস্তেজ গলায় জবাব দিল শায়ের।
"কি এত ভাবছেন? এত দুশ্চিন্তা করবেন না।আমাকে দেখুন এই বিপদেও কেমন গা ছাড়া হয়ে আছি।সব সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি।"
"এখনো বোধহয় বন্ধু হয়ে উঠরে পারলাম না।"
খানিকটা ইতস্ততভাবে হয়ে মেহের বলল,"চেষ্টা করছি...কেন যেন এখনো অভ্যস্ত হতে পারছি না।" বলেই একটু অপ্রস্তুত হয়ে পরল মেহের।
"তাহলে বন্ধু ভাবো সহজেই পারবে।"
"ঠিক আছে তুমি করে বলছি! কিন্তু মন থেকে আসতে হলে আমাকে তোমার সবটা জানতে হবে।"
"নিজেকে সবার কাছে জানাতে পছন্দ করি না।"
"রহস্য মানব হওয়ার চেষ্টা? "
"অনেকটা তাই! রহস্য হয়ে এসেছি আবার রহস্য হয়েই চলে যাব। আমার সম্পর্কে এত জেনে কি হবে?"
"তাহলে আমি চলে যাই! তুমি বোধহয় বিরক্ত হচ্ছো।"
"যেও না। থাকো। ভালো লাগছে।"
মেহের শায়েরের পাশে এসে দাড়ায়।
দুজনের দূরত্ব কমে এক রেখায় দাঁড় করায় দুটি ছায়ামূর্তি।শায়ের এবার মেহেরের দিকে তাকাল অদ্ভুত চাহনিতে।সে চোখে ছিল অন্যরকম আভাস। হয়তো কিছু না বলতে পারার যন্ত্রণা। পরক্ষণেই মেহের তার শাল টা খুলে শায়েরের গায়ে জড়িয়ে দিয়ে বলল,
"তোমার ঠান্ডা লাগছে!"
শায়ের প্রতি উত্তরে কিছু বলল না শুধু মেহেরের দিকে অপলক চেয়ে রইল। আজ চাঁদের আলোতে শায়েরের চোখজোড়া মেহেরকে অন্যরকম মায়াবি করে তুলছে। শায়ের মনে মনে কিছু একটা আওড়ালো তারপর আনমনে ধীর কন্ঠে বলতে শুরু করল,
"তোমার চোখে হারাই আমি,
তুমি কি তা বুঝতে পারো?
হারাই যদি দূরে কোথাও ,
তুমি কি আমায় খুঁজতে জানো?
কখনো হারি মনের দন্দে,
কখনো হারাই তোমার ছন্দে
লুকিয়ে দেখি আড়াল হতে,
তুমি কি তা বুঝতে পারো?
হাজার বাধা ,হাজার ভীড়ে,
পৌঁছেছি সেই তোমার তীরে
আবার কখন নেয় ভাসিয়ে,
হারিয়ে যাই কোন গভীরে
তোমার দাহে পোড়ে এ মন ,
তুমি কি তা বুঝতে পারো?
হারাই যদি দূরে কোথাও...
তুমি কি আমায় খুঁজতে জানো?"
কবিতা শেষ হতেই শায়ের দৃষ্টি সরিয়ে ফেলল জানালার বাইরে,মেহের চুপচাপ। কিছুক্ষণের জন্য দুজনের মাঝে নেমে এলো পিনপতন নিরবতা। হালকা গলা ঝেড়ে মেহের বলতে শুরু করল,
"আজ হঠাৎ প্রেমের কবিতা শোনালে?"
"ভালো হয়নি?"
"তুমি লিখলে ভালো না হয়ে কোথায় যাবে?"
"আমি খারাপ ও লিখি! আজকের কবিতার ছন্দে গড়মিল লাগছে না?"
"না ভালো হয়েছে...আজ ছন্দ কিছুটা ছন্নছাড়া লাগছে...তবে কবিতাটা সুন্দর। ছন্নছাড়া সব কিছুতেই অদ্ভুত একটা সৌন্দর্য লুকিয়ে থাকে...তাই না?"
"হুম...যারা সেই সৌন্দর্য উপলব্ধি করতে পারে তারাই সুখী।"
"আজ কবির মন এত ছন্নছাড়া কেন? বন্ধুকে কি বলা যাবেনা?"
"বন্ধু জানলে সবার আগে আমার পিঠেই ছুরি বসাবে।" বলেই স্মিত হাসল শায়ের।
"সব বন্ধু এক হয় না। মন কি বিদ্রোহের জন্য ছটফট করছে?"
"গরম চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে !"
"ইশ খেয়াল ই নেই।আমি এখনই আরেক কাপ বানিয়ে আনছি।অপেক্ষা কর।"
"চায়ের আর প্রয়োজন নেই।আজ এমনিও ঘুম আসবে না এর চেয়ে চলো নদীর ধারে হাঁটতে যাই।"
"এত রাতে?"
"আজাদের ভয় পাচ্ছো?"
"উহহ আবারও! "
নদীর পারে এই মধ্যরাতে চাঁদের আলোতে হাটতে পারার যে অনূভুতি তা অন্য যে কোনো কিছু কে হার মানায়।এমন পরিবেশে ভেতরের যত অস্থিরতা মূহুর্তেই শূন্যে মিলিয়ে যায়। শায়েরের অস্থিরতাও বোধহয় কিছুটা কমছে। তাদের মাঝে প্রায় দুইহাত দূরত্ব। কিন্তু জোৎসনার আলোর কারসাজিতে দুটি ছায়ামূর্তিকে একত্র করে রেখেছে নিরবে। বালিতে পরা সে ছায়া দুটোর দিকে তাকিয়ে শায়ের বলল,
"আমরা কি অবশেষে বন্ধু হয়ে গেলাম?"
মেহের ঠোঁটে হালকা হাসি এনে জবাব দিল,
"তাই মনে হচ্ছে।"
পরক্ষণেই শায়ের কিছুটা দূরে সরে গেল। বালির দিকে চেয়ে দেখার চেষ্টা করল ছায়া দুটির দূরত্ব বেড়েছে কিনা।কিছুটা বেড়েছে।কিন্তু মেহের হাটতে হাটতে আনমনে আবার ও শায়েরের কাছাকাছি চলে আসলে ছায়া দুটিও আবার একত্রে জোড়া লেগে যায় তা দেখে অজান্তেই শায়েরের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। ছায়া দুটিকে আর দূরে সরানোর চেষ্টা করল না।সেদিকে চেয়ে থেকেই হাটতে থাকল নদীর পার ঘেঁষে।
"আমি সাধারণত কাউকে পরামর্শ তেমন দেই না কিন্তু আজ তোমাকে দিতে ইচ্ছে করছে।"
" বলো না।"
"আর যাকে ইচ্ছে হয় বিয়ে কর ওই আজাদ কে করো না। তোমার জীবন ধ্বংস করে ছাড়বে বিলেতি ছানা।"
"তোমাকে পরামর্শ দিতে হবে না। নিজের ঘরে এমন শত্রু অন্তত ডাকব না।" বলেই দুজনে হাসল একসাথে।সে হাসির শব্দ একত্র করল দুটি হৃদয়কে আরও গভীরেভাবে।
"আমিও যদি তোমার মত স্বদেশীদের জন্য কিছু করতে পারতাম!"
"চাইলেই পারবে।"
"কিভাবে?"
"তোমার হাতের ওই রেশমি চুড়ি ভেঙে।"
"সেটা কিভাবে?"
"এমন বিদ্রোহী নারী হয়েও এটা জানো না সারাদেশে যে ব্রিটিশ পন্য বর্জনের ডাক পড়েছিল? রেশমি চুড়ি ও তো ওদের কারখানায় তৈরি। "
"আমি সত্যিই জানতাম না।" বলেই দ্রুত হাত থেকে খুলে ফেলতে শুরু করল। শায়ের মেহেরের হাত ধরে থামিয়ে বলল,
"নিজের হাত কেটে প্রতিবাদ করতে বলিনি।যেভাবে খুলছো!" বলেই খুব যত্নের সাথে আলতো করে চুরি গুলো একের পর এক খুলল।তারপর মেহেরের হাতে অর্ধেক চুরি দিয়ে বাকিটা নিজের হাতে রেখে বলল,
"আমি আর একা বসে থাকব কেন? "
তারপর নদীর পাড়ে দুজন প্রতিবাদী নর-নারী একে একে করে চুরি ছুঁড়ে ফেলতে শুরু করল নদীতে।নিরবে জানাল প্রতিবাদ।কিছু ভাঙা টুকরো ঢেউয়ে ভেসে এলো তীরে। মেহের এই প্রথম এক আশ্চর্যজনক ভালোলাগা অনুভব করছে।
"এভাবেও তাহলে প্রতিবাদ করা যায়?"
শায়ের ঠোঁটে হাসি নিয়ে মাথা ঝাঁকিয়ে জানাল যায়।শায়েরের মায়াবি মুখটা চাঁদের আলোতে অদ্ভুত এক টান সৃষ্টি করে। মেহের এক অদ্ভুত ঘোরে চলে গেল। হঠাৎ কেন যেন মনে হলো এ সময়টা এখানেই থেমে যাক।অবশেষে কেউ একজন তার পাশে আছে যে তার মতোই ভাবে।নদীর ঢেউয়ে চোখ রেখে এই সুন্দর দিনগুলোর স্থায়িত্ব কতদিন থাকবে ভাবতে ভাবতে প্রশ্ন করল,
"তুমি এখানে আর কতদিন আছো?"
"তাড়িয়ে দিতে চাচ্ছো?"
"পারলে বেঁধে রাখতাম!"
"তোমার আঁচলে?"
বলে মিটিমিটি হাসল শায়ের।সে হাসিতে লজ্জা পেয়ে মেহের প্রসঙ্গ ঘুরাতে আবারও প্রশ্ন করল ,
" বলবে না কতদিন আছো?"
কিন্তু এবার কোনো উত্তর আসল না। শায়ের থেকে কোনো উত্তর না পেয়ে পেছনে তাকাল মেহের।শায়ের এক মনে নদীর মাঝ বরাবর চেয়ে আছে।
"কি হলো কি দেখছো?"
এবারও শায়েরের থেকে কোনো জবাব পেল না। শরীরে হালকা ধাক্কা দিলে শায়ের ফিসফিসিয়ে বলে উঠল,
"চুপ!! ওই দূরে দেখো।" বলে নদীর মাঝে ইশারা করল চোখ দিয়ে।
মেহের সেই দৃষ্টি অনুসরণ করে দেখল কেউ একজন নদীর মাঝে নৌকাতে দাঁড়িয়ে আছে, কাধে কিছু একটা নিয়ে।পরক্ষণেই কিছু একটা নদীতে পরে 'ঝপ' করে শব্দ তুলল।সম্ভবত কোনো ভারী বস্তা হবে। এরপর তীরের দিকে নৌকাটা আবার ভিরে আসতে শুরু করল।
"তুমি বাড়ি চলে যাও মেহের! আমি আসছি।"
"কোথায় যাচ্ছো? আমিও যাব।"
শায়ের কন্ঠে তীব্র রাগ মিশিয়ে জোর গলায় বলল,
"এক পাও আগাবে না মেহের!!"
মেহের এমন আচমকা পরিবর্তনে প্রচন্ড অবাক হল।শায়েরের হঠাৎ এমন আচরণ তাকে সে জায়গাতেই জমিয়ে রাখল।
অন্যদিকে শায়ের ধীরে ধীরে নৌকার কাছে যাচ্ছে।সেখানে পৌঁছাতে পৌঁছাতে নৌকা তীরে এসে পরে। কিন্তু ভেতরে-বাইরে আশে পাশে কাউকে দেখা যাচ্ছেনা। চারিদিকে আরো সতর্কতার সাথে চোখ বুলিয়ে শায়ের নৌকায় পা দিল। একটু ভেতরে যেতেই আচমকা কেউ তার ঘাড়ে ছুরি বসিয়ে দিল।
চলবে।
