#দাহরেখা
#পর্ব_১২
#পূর্ণতা_আহমেদ
মধ্যরাতের কাছারিঘর তখন নিঝুম আঁধারে ডুব দিয়েছে। বাঁশঝাড় ডিঙিয়ে আসা বাতাস জানলার কাঠের পাল্লায় বাড়ি খেয়ে 'মড়মড়' শব্দ তুলছে। সেই ভূতুড়ে অন্ধকার পরিবেশে শাহরিয়ার তার সর্বোচ্চ ঝাল মেটাচ্ছে আজাদের পিঠের উপর। আজাদের করুণ চিৎকারের মাঝে যত ইংরেজি প্রলাপ শোনা গেল ততই তার পিঠের আঘাতের জোর ও বাড়ল।অবশেষে মাহিবের কঠিন অনুনয় আর শরীরের ক্লান্তি দুই মিলে শাহরিয়ার থামল।মাহিব তাকে বিশ্রামের জন্য ঘরে নিয়ে যায়।আর কাছারিঘরে পরে থাকল অসহায় আজাদ আর দরজার বাইরে তাকে পাহারা দাওয়া দুজন প্রহরী। টিমটিমে লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখা গেল আরো দুটি অবয়ব। হাতে লন্ঠন নিয়ে টিপে টিপে পা ফেলে কাছারিঘরের চত্বরে ঢুকছেন লুৎফুন্নেসা বেগম। পেছন থেকে আঁচল চেপে ধরে হাঁটছে আসমা।
"বেগমা, ও বেগমা! এই রাইতদুপুরে কাছারিঘরে ঢোকা কি ঠিক হইতাছে? বড় ভাইজান যদি টের পায়, আমাগো দুইডারে সিন্দুকের ভইরা একবারে নীল দরিয়ায় ভাসাইয়া দিব!"
"চুপ কর মুখপোড়া অভাগী! আমার আজীবন জমানো সোনা-গয়না ওই কাছারিঘরের কোণায় বন্দি হয়ে আমায় ডাকতেছে আর তুই আমায় ভয় দেখাচ্ছিস! চল, আগে আজমকে ডেকে ওই সিন্দুক সরাই!"
দরজার সামনে আসতেই প্রহরীদের বাধা পড়লো কিন্তু কে শোনে কার কথা! লুৎফুন্নেসার এক ধমকেই দুই জন দুইদিকে পালাল। আর তর সইতে না পেরে কাছারিঘরে এক ধাক্কায় ঢুকে পরলেন লুৎফুন্নেসা। ঢুকতেই আজাদ কে উল্টো হয়ে সিলিংয়ে ঝুলতে দেখে ভয়ে চেঁচিয়ে উঠবে তার আগেই চোখ পড়ল পাশের কোণে পরে থাকা সিন্দুকের উপর।লন্ঠনের আলোতে তা যেন আরও বেশি চিকচিক করছে। আজাদ কে কোনোরকম পাত্তা না দিয়ে সোজা সিন্দুকের উপর দিলেন ঝাপ।
এদিকে উল্টো হয়ে ঝুলে থাকা আজাদ চরম আশ্চর্য নিয়ে বলল,
"ইক্সক্লুসিভলি রিডিকিউলাস! আমি রক্তমাংসের একটা জলজ্যান্ত মানুষ উল্টো হয়ে ঝুলছি, আর চাচি আপনি একটা লোহার বাক্সকে চুমু খাচ্ছেন?"
আসমা দরজার বাইরে দাঁড়িয়ে তোবড়ানো মুখে বলল,”বেগমাসাহেবার কাছে ওই বাক্সের দাম আপনার থেইকাও বেশি। উল্টা পারলে কন, ওই সিন্দুকের তালা ভাঙার কোনো বিলেতি কায়দা জানা আছে নাকি?"
আজাদ অমনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ জাহির করে উল্টো অবস্থাতেই বলল, "আই অ্যাম আ ব্যারিস্টার, নট আ ব্ল্যাকস্মিথ! কিন্তু শুনুন,আপনি যদি আমাকে এখান থেকে বের করেন, আই উইল গিভ ইউ ফ্রি লিগ্যাল প্রটেকশন! আমি শাহরিয়ারের বিরুদ্ধে মানহানির মামলা করব, আর আপনার সিন্দুকের পূর্ণ আইনি মালিকানা আপনাকেই এনে দেব!"
সিন্দুকে চুমু খেতে থাকা লুৎফুন্নেসা এই নাম শুনে তৎক্ষণাৎ চটে গিয়ে বলল,"ওই শায়ের কে আমারও সুবিধার লাগছে না! এর বুদ্ধিতেই মনে হয় আমার সিন্দুকের উপর সবার নজর পড়ল।"
এতক্ষণ অবিরত কথা বলতে থাকা আসমা হঠাৎ ই চুপ বনে গেল।লক্ষ্য করলে বোঝা যায় তার পা কিছুটা কাঁপছে।
"হা করে দেখছিস কি আসমা? সিন্দুকটা এক টানে তোল! আজ উদ্ধার করতে না পারলে আমার সোনা গয়না সব বিলেত চলে যাবে।"
"আরে আগে আমাকে নিচে নামান চাচি! বিয়ে করানোর নাম করে আমাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন আপনারা।আমার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করেছে!"
"তুই উপরেই ঝুলতে থাক! এমনি বিপদের শেষ নেই তার উপর আরেক বিপদ ঘাড়ে ঝুলতে চায়!"
আসমা দুই হাতে সিন্দুকের হাতল ধরে সর্বশক্তি দিয়ে হ্যাঁচকা টান মারল। কিন্তু ভারী সিন্দুক এক ইঞ্চিও নড়ল না, উল্টে আসমা নিজে পিছলে গিয়ে কাঠের দরজায় ধপাস করে আছাড় খেল!
"বেগমা, এই সিন্দুক তো কোনো দৈত্য ছাড়া সরানো যাইব না! তার চেয়ে চলেন শাহরিয়ার ভাইয়ের পায়ে ধইরা কান্নাকাটি করি, অন্তত দুইডা সোনার বালা তো ফেরত দেবে!"
লুৎফুন্নেসা আসমার কানে এক মোচড় দিয়ে গর্জালেন, "শাহরিয়ারের পায়ে ধরা মানে তো নিজের ফাঁসির দড়িতে নিজেই মাথা গলানো! তোরা সবকটা বিলেতি আর দেশি কুলাঙ্গার! একটা সিন্দুক সরাতে পারিস না?"
আজাদ ভেতরের অন্ধকার থেকে সুর কেটে বলল, "চাচি! তার চেয়ে বরঞ্চ আমাকে বের করুন, আমি শাহরিয়ারকে বলব এই সিন্দুকের ভেতর বিষাক্ত কালসাপ আছে! ভয়ে ওটা আর কেউ ছুঁতেও আসবে না!"
লুৎফুন্নেসা লণ্ঠনের আলো আজাদের মুখের ওপর ধরে বিষাক্ত চোখে তাকালেন, "তোর চেয়ে বড় কালসাপ আর এ বাড়িতে কেউ নাই রে বিলেতি দালাল! তুই ওই উপরে ঝুলেই মশার কামড় খা।"
ওদিকে দুই প্রহরী ততক্ষণে শাহরিয়ার কে ডেকে এনেছে তাদের আসার শব্দ শুনে আসমা লুৎফুন্নেসাকে ধরে অন্দরের দিকে পালাতে লাগল।
লুৎফুন্নেসা সিন্দুক ছাড়ার শোকে আঁচল মুখে চেপে বিলাপ করতে করতে অন্দরের দিকে পা বাড়ালেন। যাওয়ার আগে আসমা আজাদের দিকে তাকিয়ে বলল, "আইজ রাইতে মশা আর ইঁদুরের লগে বিলেতি ক্যাচাক্যাচি খেলেন, কাইল সকালে শাহরিয়ার ভাই চাবুক নিয়া আসব!"
আজাদ পেছন থেকে চেঁচাতে লাগল, "মাই গড! নো! দিস ইজ অ্যান আ্যবসোলিউট ইনজাস্টিস! "
আজ মজুমদার বাড়িতে সূর্য তৃতীয় দিনের সতর্ক সংকেত দিতে উঠেছে। সূর্যের এই তীব্রতা জানান দিচ্ছে এই বিশাল বাড়ি নিলামে উঠতে আর মাত্র কিছুদিন বাকি! এই সংকেত বোধহয় বাড়ির ভেতরেও পৌঁছেছে বিশেষ করে জামশাদের ঘরে।দিন দিন তার শারীরিক অবস্থা বেগতিক তবুও একটা বালিশ পেছনে রেখে হেলান দিয়ে বসে আছেন।
"ঘরে খাওয়ার সংকট ও দেখা দিচ্ছে! এত বড় বাড়িতে এত গুলো মানুষ আমরা! চাকর-বাকর ও আছে! আবার পাশে এত বড় খামার! প্রতিদিন যে খরচ যায় তা যোগাতেই তো হিমশিম খেতে হবে! যা শস্য মজুদ ছিল সব পুড়ে ছাই! এখন আমরা চলব কিভাবে?"
"সেটাই ভাবছি বড় ভাই!"
“শোন মাহিব বসে না থেকে আজ ই এই গ্রাম ও আশ পাশের গ্রামের ধনী জোতদার, মাতব্বর ও প্রজাদের কাছারিঘরে ডেকে পাঠাবি।বাড়ি বাঁচাতে প্রয়োজন পরলে জমিদার সাহেবকে বলে সবার ওপর জরুরি অগ্রিম খাজনা দেওয়ার চাপ সৃষ্টি করতে হবে। "
"কি বলছো ভাই! গত ছয়মাসে বৃষ্টি হয় না।এই দুর্যোগের সময় ওরাই না খেয়ে মরছে! ওদের মেরেও তেমন কিছু পাবে না। নিজেদের পেট বাঁচাতে এমন জুলুম করতে পারব না!"
"এমন বিপদেও তোর এত দরদ উতলে পড়ছে?? আরে গাধার বাচ্চা যখন এ বাড়ি নিলামে উঠে পথে বসবি তখন না খেয়ে মরতে হবে।কেউ দুপয়সাও হাতে দিবে না! তখন বুঝবি কত ধানে কত চাল!"
"তার চেয়ে বরং খাইরুল সাহেব কে খবর পাঠানো যায়।আব্বার ঘনিষ্ঠ বন্ধু উনি নিশ্চয়ই কিছু হলেও সাহায্য করবেন।"
"এই কাজ ভুলেও করিস না মাহিব! বিপদে বন্ধুই সবার আগে ছুরি মারবে।যদি জানতে পারে আমার জমিদারি নীলামে উঠবে সেই এর ভাগ বসাতে সবার আগে হাজির হবে!" কাশতে কাশতে বললেন জামশাদ। বুকে ভারী চাপ অনুভব করার পর ও তা তোয়াক্কা না করে বললেন,
"ঘরে যত দামী জিনিসপত্র ,সোনা অলংকার আছে এতে ব্রিটিশদের কর পরিশোধ করা যাবে সহজেই। আপদত সে বন্দোবস্ত কর তোরা।গ্রামের মানুষের উপর আর চাপ দিস না।ওদের অভিশাপেই বোধহয় আজ এ অবস্থা!"
"সে নাহয় করা গেল কিন্তু আমরা এভাবে কদিন চলব আব্বা? পুরো অর্ধেক বছরের খাদ্য মজুদ ছিল গুদাম ঘরে তাও পুড়ে ছাই! পন্য পুড়েছে পুড়েছে! আমাদের পেটে লাথি মারতে গুদাম ঘর ও পুড়িয়ে গেছে ওই কুলাঙ্গার গুলো।" বলতে বলতে চোখে পানি চলে আসে শাহরিয়ারের।
"পোড়ানো হয়নি চুরি হয়েছে!" বলেই ঘরে ঢুকল দারোগা মোজাম্মেল হক।
সকলের চোখ পড়ল প্রায় পঞ্চাশোর্ধ লোকটির দিকে।আজ সকালে তদন্ত করতে পা রেখেছিল ছাই হওয়া স্থানে।গত দুদিন শহরে থাকায় আসা হয়নি।আজ খবর পেয়ে দ্রুত ছুটে এসেছে! "
চলবে।
