#দাহরেখা
#পর্ব_১৩
#পূর্ণতা_আহমেদ
বিকেলের দিকে শায়ের বারদোলি ঘাটের দিকে যাওয়ার জন্য পা বাড়াল। যাওয়ার আগে সে মেহেরের ঘরের সামনে এক মুহূর্ত থমকে দাঁড়াল। মেহের জানালার পাশেই দাঁড়িয়ে ছিল। দুজন দুজনের চোখের দিকে তাকাল কোনো বাক্য ব্যয় না করেও যেন অনেক কথা বিনিময় হয়ে গেল।
ঘাটের ধারে মেহগনি গাছের ছায়ায় পৌঁছাতেই আড়াল থেকে বেরিয়ে এলো এক চেনা ছায়ামূর্তি। লোকটির গায়ে সাধারণ কৃষকের পোশাক হলেও চোখ দুটো অত্যন্ত সতর্ক।
"সম্পাদক মশাই," লোকটি নিচু স্বরে বলল, "ওদিকের খবর ভালো নয়। ইংরেজরা আপনাকে তন্ন তন্ন করে খুঁজছে আর আপনি ইংরেজদের মামার বাড়ি এসে বসে আছেন! এটা কোনো জায়গা হলো লুকানোর? আপনার ছদ্মনামের পত্রিকা বন্ধ না হলে ওরা যেকোনো সময় এই বাড়িতে হানা দেবে।"
শায়েরের চোয়াল শক্ত হয়ে এলো। সে পকেট থেকে চুরুট বের না করেই শান্ত গলায় বলল, "যে আগুন সারাদেশে জ্বলেছে, তা বারদোলিতেও ছড়াবে।"
ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা শুকনো ডাল ভাঙার শব্দ হলো! শায়ের ক্ষিপ্র গতিতে ঘুরে দাঁড়িয়ে গর্জে উঠল, "কে ওখানে?"
ঝোপের পেছন থেকে ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো আসমা! তার হাতে একটা ছোট পোঁটলা।
শায়েরের চোখ দুটো মুহূর্তেই হিংস্র হয়ে উঠল। সে এগিয়ে এসে আসমার কবজি চেপে ধরল, "এখানে কি করছিস তুই? কার পিছু নিয়েছিস?"
আসমা ভয়ে কেঁদে ফেলে বলল, "আমার কোনো দোষ নাই শায়ের ভাই।আমি তো শুধু বেগমার নির্দেশে ঘাটে আইছিলাম....আমি কানা...বয়রা...লুলা....আমি কিচ্ছু দেখি না বিশ্বাস করেন আমারে!"
"তুই এখনই বাড়ি যা! গিয়ে আমার জন্য এক কাপ চা তৈরি কর।"
চা নিয়ে শায়েরের ঘরের দিতে যেয়ে আসমা দেখল কেউ নেই।স্বস্তির নিঃশ্বাস ফেলে চা টা দিয়ে আয়তুল কুরসি পড়তে পড়তে নিজের ঘরের দিকে যেতে নিল।অন্ধকার করিডোরের মোড়ে হঠাৎ একটা শক্ত হাত আসমার মুখ চেপে ধরল। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে এক হেঁচকা টানে আড়াল করে নিয়ে যাওয়া হলো সিঁড়ির নিচের অন্ধকার কোণায়।
আসমা ভয়ে চোখ ছানাবড়া করে চিৎকার করতে যাবে, তখনই কানফাটা ফিসফিসানি ভেসে এলো—"টুঁ শব্দ করবি তো এই রাতেই তোর লাশ গুদামঘরের ছাইয়ের নিচে পুতে দেব ।"
"শ-শায়ের ভাইজান! আমারে মাইরা ফেলবেন না! আমি তো কিছু কই নাই! বেগমাসাহেবার কসম, আমি কিছছু দেখি নাই!"
শায়ের ধীরেসুস্থে পকেট থেকে ছোট ধারালো কাঁচিটা বের করে আসমার গলার কাছে ঠেকিয়ে অতি নিচু, কিন্তু ধারালো স্বরে বলল, "তুই কী দেখেছিস আর কী শুনেছিস, তাতে আমার যায় আসে না। কিন্তু আজকাল দেখছি তোর কান দুটো আমার দেয়ালের সাথে খুব বেশি সেঁটে থাকছে। কাল রাতে কাছারিঘরে চাচির সামনে আমার নামটা তো তুই-ই উসকে দিলি, তাই না?"
"না না ভাইজান!" আসমা দুই হাত জোর করে হাউমাউ করে উঠতে গিয়েও শায়েরের আগুন চোখের ভয়ে গিলে ফেলল কান্না, "আমি তো বেগমাসাহেবকে সামলাইতাছিলাম! ওনি তো সিন্দুক দেইখা পাগল হইয়া গেছিল! আমি আপনার নাম লই নাই ভাইজান!"
"দারোগা এসেছে বাড়িতে," শায়ের আসমার চিবুকটা কাঁচির ঠান্ডা ডগা দিয়ে উঁচিয়ে ধরে ঠান্ডা গলায় বলল, "এই অবস্থায় তোর ওই ফাঁকা মাথার আলগা জিব যদি একটুও এদিক-ওদিক নড়ে... তবে দারোগা পৌঁছানোর আগেই তোর দম চিরতরে বন্ধ হয়ে যাবে।"
"আমারে ক্ষমা দেন ভাইজান!" আসমার হাঁটুদুটো কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ার মতো অবস্থা, "আইজ থেইকা আমি অন্ধ! আমি কানা! এই বাড়িতে যা দেখমু, তার কিছুই আমার পেটে থাকব না! আপনি আমারে বোবা ধইরা নেন!"
শায়ের আসমার মুখের ওপর ঝুঁকে এসে এক অদ্ভুত, রহস্যময় হাসি হাসল, "মনে থাকে যেন আসমা। অন্দরমহলের সিন্দুক না হয় চোর নিয়ে গেছে, কিন্তু তোর এই পাতলা শরীরটা যদি গায়েব হয়ে যায়... বাড়ির কেউ খোঁজও পাবে না। এখন যা, চাচির সোনা গয়নার নাটকে গিয়ে তাল মেলা। আর ভুলেও আমার দিকে চোখ তুলে তাকাবি না।"
শায়ের হাত ছেড়ে দিতে দেরি কিন্তু আসমার দৌড় দিতে দেরি হল না। এক কাপড়ে ভুত দেখার মতো অন্দরের দিকে ছুট দিল। শায়ের পকেটে হাত গুঁজে অন্ধকারে দাঁড়িয়ে আসমার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল।
এদিকে আমলা তেলের সাথে পুতিনা পাতার মিশ্রনে তেল তৈরি করে এনেছে গুলফা। এই তেল মাথা ঠান্ডা করতে দারুণ কার্যকরী। আলতো করে মালিশ করে যাচ্ছে লুৎফুন্নেসার মাথায় আর আপন মনে কি যেন ভেবে যাচ্ছে। গুলফা লুৎফুন্নেসার মাথা মালিশ করার বিশেষ দাসী। তবে গত দুদিন যাবত সিন্দুক শোকে অনাহার আর অনিদ্রায় থাকা লুৎফুন্নেসার মাথা ঠান্ডার জন্য এই তেল যথেষ্ট নয়! তার উপর দ্বিধায় ভুগতে থাকা গুলফার হাত বার বার পরিপক্ক মালিশে ব্যঘাত ঘটালে লুৎফুন্নেসা ক্ষেপে উঠে বলল,
" কি রে অকর্মা! অপয়া! মাথাটাও ঠিকমত মালিশ করতে পারিস না! তোর ও কি জমিদারি গেছে? কি এত ভাবছিস?"
" মাফ করেন বেগম সাহেবা! আসলে আপনারে একটা কথা বলমু নাকি ভাবতেসি।" আমতা আমতা করে বলল গুলফা।
"মুখে কুলুপ না এঁটে বল! আমার সিন্দুকের কোনো ব্যবস্থা করতে পারলি?"
"তা না বেগমা...আসলে...একটু আগে আপনার তেল আনার সময় এক অঘটন দেখসি সচোক্ষে!"
"ওরে প্যাঁচামুখী নাটক না করে বল!"
"না থাক আমি কইতে পারুম না।আপনে বুইঝা নেন।" বলে লজ্জায় নিজের মুখ আঁচল দিয়ে ঢাকল।
"ওরে আমার বাসর ঘরে থাকা নতুন বউরে! তুই বলবি নাকি এক চরে তোর শরম বের করে দিব?"
" বেগমা চেইতেন না। খোদার কসম মাত্র দেখসি ওই শায়ের ভাইয়ের লগে আসমা আন্ধারে সিড়ির নিচে ইয়ে করতাছিল" বলে আবারও মুখ ঢাকল লজ্জায়।
" কিয়ে করতেসিল?"
"আপনি বুঝে নেন।আমি আর কইতে পারুম না। ছিঃ ছিঃ !"
পেছনে ঘুরে গুলফার কান ধরে টান দিতে নিলে ভয়ে গুলফা চোখ মুখ খিঁচে এক টানে বলল,
"চুমু খাইতেসিল!!!"
এই শুনে লুৎফুন্নেসার চোখজোড়া সপ্তম আসমানে চড়ে গেল।
"ছিঃ! ছিঃ! ছিঃ! ওই অপয়া,নষ্টা,বেহায়া তাহলে এতদিন নিজে রসলীলা করে যাচ্ছিল আর আমার কাছে বলে কিনা মেহেরের কথা! হায় খোদা এই এক তামাশার ভিতর আরেক তামাশা কেন দেখাচ্ছো! আজ ওই অপয়া আসুক খালি!"
চলবে।
