#দাহরেখা
#পর্ব_২২
#পূর্ণতা_আহমেদ
"আমরা কাল ই চলে যাচ্ছি শহরে। আবার কবে না কবে দেখা হয়! তুই যতই জ্বালাস না কেন তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে মেহের! "
"তোর ও এখনই যেতে হলো? থেকে যা আর কিছুদিন!"
"আর কিভাবে থাকি? এ গ্রামে মানুষ খেতেই পায়না চিকিৎসা করাবে কি? কোনো রোগীই পায় না আব্বা,তাই সিদ্ধান্ত হয়েছে শহরে চলে যাব। সেখানে যদি দু পয়সা রোজগার হয় তো......"
"এই কয়টা দিন আমাকে একবার দেখতেও তো আসলি না জাহারা ! "
"আম্মা তোদের বাসায় আসতে বারণ করে দিয়েছে।ঘর থেকে আমায় বের হতে দেয় কই? আজ সবাই হাটে গেছে এ ফাঁকে পালিয়ে এলাম। এটা রাখ তোর কাছে।" বলেই একটা সুতি সাদা রুমাল মেহেরের হাতে গুজে দিল জাহারা।
মেহের খুলে দেখল একটা সুন্দর মায়া হরিণী সুতো দিয়ে নকশা করা। তার পাশে একটা বিশাল বট গাছ।মেহের অবাক হয়ে বলল,
"এত সুন্দর! এটা তুই বুনেছিস!"
"কেন বিশ্বাস হয় না?"
"তুই তো এত সুন্দর নকশা করতে পারতি না। এটা কিভাবে করলি?"
"এটা মন দিয়ে করেছি তাই ! নিজের মন প্রাণ দিয়ে যেটা বুনন হয় সেটা কখনো খারাপ হতে পারেনা।"
মেহের আবেগে আপ্লুত হয়ে জাহারাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। জাহারা তার সই ছিল না শুধু ,ছিল বোনের মত। সুখে-দুঃখের একমাত্র সঙ্গী। আজ সে মেহেরকে একা করে পাড়ি জমাচ্ছে দূর-দূরান্তে। মেহের ভাঙা গলায় বলল,
"আমি এমনিই একা আরও একা হয়ে গেলাম জাহারা!....জীবনে সব হারাতে হারাতে এখন তোকেও হারাতে চলেছি....."
"এভাবে কাঁদিস না সই! আমার যেতে কষ্ট হবে! তোর থেকে হাসি খুশি বিদায় নিতে এসেছিলাম...দেখো মেয়েটা আমায় কাঁদিয়েই ছাড়ল।"
"থেকে যা এখানে... আমাকে ফেলে যাস না জাহারা !"
"পারলে কি যাই? পাগল মেয়ে এভাবে কাঁদিস না! দেখ আগে রুমালটা দেখ! বল,এখানে হরিণ টা কে?"
মেহের জাহারার কাধ থেকে মাথা তুলে রুমালটার দিকে চোখ ফেরাল।জাহারা বলল,
" বল এটা কে? দেখি তোর মাথায় কতটুকু বুদ্ধি গজিয়েছে।"
"হরিণটা তুই আর ওকে ছায়া দিয়ে আগলে রাখা গাছটা আমি...তাই তো ?"
"উল্টো হয়েছে। আমার চোখ কি আর তোর মত হরিণী চোখ? এই মায়া হরিণটা তুই আর তোকে আগলে রাখা গাছটা হলাম আমি।দেখ আমিও তো বট গাছের মতো লম্বা।"
" ইশশস ! তুই আবার আমাকে কবে ছায়া দিয়ে আগলে রাখলি? সেটা তো আমি রাখি। গতবার সভায় আমাকে ফেলেই তো পালাচ্ছিলি।"
"এই..... একদম মিথ্যা বলবি না !.. আমি না থাকলে তোর ওই খালি মাথা নিয়ে তুই সেদিন নিজেও মরতি আমায় ও মারতি!"
" তুই কথা ঘুরাবি না একদম...! আমি ছিলাম বলেই সেদিন তোকে বাঁচিয়ে দিয়েছি....
" বাহ! আবার শুরু হয়ে গেল তোদের! এই প্রথম দুই বাদরকে কাঁদতে দেখে তো ভালোই লাগছিল।"
মেহের-জাহারা চট করে দেখল দরজার সামনে মাহিব দাড়িয়ে হাসছে। মেহের বিব্রত হয়ে বলল,
" ছিঃ ভাই!! তুমি চুরি করে আমাদের কথা শুনছিলে?"
মাহিব দাত বের করে হাসল কিছু বলল না।জাহারা হঠাৎ মাথা নিচু করে ফেলল,তার বুকে সূক্ষ্ম একটা যন্ত্রণা জেগে উঠছে। মাহিব জাহারাকে চুপচাপ দেখে বলল,
" তোমরা কোথায় বদলি হচ্ছো ?"
"যশোরে...." মিনমিনিয়ে বলল জাহারা,তার চোখে-মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট।
"যশোর.... যশোরে এক সময় তীব্র নীল আন্দোলন হয়েছিল কৃষকদের।" বলল শায়ের। শায়ের এতক্ষণ মাহিবের আড়ালে থাকায় তাকে কেউ লক্ষ্য করেনি।এখন সবার চোখ পড়েছে তার দিকে। মাহিব মুখ ভার করে বলল,
"যশোরে আর যাওয়া হলো না।"
" আমার বহুবার যাওয়া হয়েছে।ব্রিটিশদের ঘোষিত এই দেশের প্রথম জেলা বলে কথা ! না ঘুরে-দেখে উপায় আছে?"
" সেখানে ঘুরে কি কি দেখলি? ব্রিটিশদের বিশাল বিশাল ইমারত?"
"সে তো আছেই ! গিয়েছিলাম একবার সেই নমুনা দেখতেই। তবে একটা জিনিস বেশ ভালোই লেগেছিলো সেখানে প্রচুর লাইব্রেরি আছে, ভালো সময় কাটানো যায়।"
"আব্বা-ভাই ও বহুবার গেছে যশোর ,ব্যবসায়িক কাজে। আর আমিই এ পর্যন্ত যেতে পারলাম না।"
জাহারা মেহের চুপচাপ তাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিল,হঠাৎ জাহারা শায়েরকে চিনতে পেরে মেহেরের কানে ফিসফিসিয়ে বলল, "এটা ওই ব্রিটিশ না? যে তোকে আর আমাকে তুলে এনে বারদোলি দিয়ে গেছিলো?"
"হুম! ভাইয়ের পরিচিত"
"শয়তানের হাড্ডি! কি ভয়টাই না দেখিয়েছিলো!"
দোতলা বাড়ির বিশাল বারান্দায় চারজনের গোয়েন্দাগিরি হচ্ছিল দুটো খুন নিয়ে,এখন সে আলোচনার বিষয় বদলে খোশগল্প হচ্ছে। মেহের-জাহারা নিজেদের মত ছেলেবেলার স্মৃতি মনে করে হাসছে,কখনো আবেগ-আপ্লুত হচ্ছে।দুই সইয়ের মন খুলে একটু কাঁদা দরকার,এতে মন হালকা হবে।কিন্তু সে সুযোগ পাচ্ছে কই? সামনে দুইজন তালগাছ দাড়িয়ে,এভাবে এদের সামনে কাঁদলে উল্টো ওদেরকে হাসির পাত্র বানানো হবে। তাই দুজনের চোখের জল চোখেই আটকে রেখেছে।
"সূর্যাস্ত আইনের সময়-সীমা কি বেড়েছে?"
" না রে শায়ের! ভাই আজ সকালেও বেরিয়েছে।জায়গায় জায়গায় ছুটছে। আমার কেন জানি মনে হয় এই বাড়িতে আমরা আর কয়দিনের মেহমান মাত্র! "
"চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে।"
"আমাকে এখন যেতে হবে মেহের...।" মিনমিনিয়ে বলল জাহারা তারপর একবার মাহিবের দিকে তাকাল। এই লম্বা আলোচনার পুরোটা সময় তার চোখ মাহিবের উপর ই আটকে ছিল। জাহারাকে মেহের জড়িয়ে ধরে বলল," আমাকে দেখতে আসবি কিন্তু ! ওখানে যেয়ে আমাকে ভুলে যাস না!"
" তুই ও নিজের খেয়াল রাখিস! হুটহাট কোনো পাগলামি করিস না। আর আমার কোনো ভুল থাকলে মাফ করে দিস।"
" তুই ও আমাকে মাফ করে দিস জাহারা।"
" দেখ! দেখ! মনে হচ্ছে দুজন বুড়ো হয়ে শেষ বয়সে মৃত্যু শয্যায় সাক্ষাৎ করছে। " হেসে বলল মাহিব।
অবশেষে বুকে পাথর রেখে,জাহারা বলল,
" শৈশবটা সাথে করে নিয়ে গেলাম রে ! "
" বাকি মানুষটা বেঁচে থাকে কিনা খবর নিস! "
অবশেষে মেহের থেকে বিদায় নিয়ে বের হয়েছে জাহারা। তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সাথে গেছে মাহিব। বারান্দায় রয়ে গেছে শায়ের-মেহের। মেহেরের চোখ জলে পরিপূর্ণ , যে কোনো সময় তা গড়িয়ে পড়বে।শায়ের থেকে তা আড়াল করতে অন্যপাশে ফিরে আছে।শায়ের মেহেরের দিকে হালকা ঝুঁকে তার চোখের জল দেখার চেষ্টা করে বলল,
"এই এই এদিকে ফিরো তো! দেখি...দেখি.....!"
মেহের অবাক হয়ে শায়েরের দিকে ফিরে বড় বড় চোখ মেলে তাকাল,শায়ের চোখ ছোট করে বলল,
" এই তোমার চোখ দেখি উজ্জ্বল বাদামি রঙের !..রোদের আলোতে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আগে তো খেয়াল করিনি।"
মেহের কিছু বলল না,একটু লজ্জা পেল বোধহয়।শায়ের আবার বলে উঠল,
" এমন সুন্দর চোখ কেঁদে ভাসাচ্ছো? এটা কি ঠিক ?"
" চোখ এত সুন্দর হলে তো কবিরা কবিতাই লিখত,কই কেউ তো লিখল না! "
শায়ের কিছুক্ষণ থেমে বলতে শুরু করল,
" নয়নে তার গভীর ঝিলিক
সেই গভীরে অচেনা নীল
কোন সে কবির সাধ্য সে যে—
রচনা করবে এমন মিল ? "
গ্রামের মেঠোপথ ধরে পাশাপাশি হাঁটছে মাহিব আর জাহারা। মাথার ওপর বটগাছের ডালপালা বেয়ে নামছে বিকেলের ম্লান আলো। পেছনে মজুমদার বাড়ির আবছা ছায়া আর মেহেরের কান্নার মৃদু শব্দ মিলিয়ে গেছে অনেক আগেই, এখন শুধু ঝিঁঝিঁ পোকার একঘেয়ে ডাক আর তাদের চার পায়ের শব্দ।
কেউ কোনো কথা বলছে না। মাহিব চাদরের প্রান্তটা হাতের মুঠোয় পেঁচিয়ে মৃদু কণ্ঠে নীরবতা ভাঙল, "যশোরের পরিস্থিতি খুব একটা ভালো নয়, জাহারা। অকারণে ঘরের বাইরে বেরিয়ো না।"
জাহারা চকিতে একবার তাকাল মাহিবের দিকে। লোকটা এত লম্বা আর স্পষ্টবাদী, অথচ তার চোখের কোণে এখন কেমন যেন এক অদৃশ্য অস্বস্তি। জাহারা শাড়ির আঁচলটা আঙুলে জড়াতে জড়াতে বলল, "আব্বা তো রোগীদের ফেলে ঘরে বসে থাকতে পারবেন না। আর আমি... আমার কী-ই বা হবে?"
" নিজের খেয়াল রাখার দায়িত্বটাও তো তোমার-ই।"
জাহারাকে চুপ দেখে নিরবতা ভাঙতে মাহিব আবার বলল,"মেহের যতটা চঞ্চল, তুমি ততটাই চুপচাপ।"
জাহারার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। থমকে দাঁড়িয়ে পড়ে সে মাহিবের সামনাসামনি হলো। বিকেলের ম্লান আলো এসে পড়েছে তার স্নিগ্ধ চোখের পাতায়। জাহারার কণ্ঠটা আচমকা খুব নিচু আর গভীর হয়ে এলো, "যাদের কষ্ট শোনার কেউ থাকে না, তারা তো চুপ করেই থাকবে, মাহিব ভাই।"
মাহিব থমকে গেল। জাহারার এই স্পষ্ট আর আবেগঘন দৃষ্টির মুখোমুখি সে আগে কখনো হয়নি। তার হৃদয়ের কোনো এক গোপনে খুব অচেনা একটা তোলপাড় শুরু হলো। জাহারা হাঠাৎ নিজের আঁচলের কোণ থেকে খুব যত্ন করে রাখা একটা ছোট পিতলের মোড়ানো আংটি বের করে সে মাহিবের দিকে বাড়িয়ে দিল। সেটা আরও বহু আগেই সে মাহিবকে দিতে চেয়েছিল কিন্তু সাহস বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি।এখন তো সে চলেই যাচ্ছে...মাহিব কি ভাবল না ভাবল তাতে কি আসে যায়..?
" এটা ছোটবেলায় মা আমাকে দিয়েছিল। বিপদ-আপদে রক্ষে করার জন্য। আপনাদের তো এখন এমনি দুঃসময় যাচ্ছে। কখন কী হয় বলা যায় না... এটা আপনার কাছে রেখে দিন।"
মাহিব অবাক হয়ে জাহারার হাতের দিকে তাকাল। মানা করতেই যাবে কিন্তু অদ্ভুত একটা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে,অবশেষে আংটিটা হাতে নিল।সেই সামান্য স্পর্শে যেন থমকে গেল গোধূলির পুরো ব্যাকুল বাতাস।
" কখনো সুযোগ হলে মেহেরকে নিয়ে যশোর এসে ঘুরে যাবেন।" জাহারার চোখের কোণ তখন চিকচিক করছে।
মাহিব আংটিটা মুঠোর ভেতর শক্ত করে চেপে ধরে নিঃশব্দে চোখ মিলালো, "পরিস্থিতি একটু শান্ত হলেই আমরা যশোর আসব। তোমাকে দেখতে।"
কথাটা কেবল একটা সাধারণ উত্তর ছিল না, জাহারার বুকে তোলাপাড় তোলার জন্য যথেষ্ট ছিল,জাহারা নিজের বুক ফাটা অনূভুতিগুলো আড়াল করতে সোজা হেঁটে চলল আর পেছনে ফিরে তাকাল না। ধীরে ধীরে দূরত্ব জাহারার অবয়বকে মিলিয়ে দিল বিকালের স্নিগ্ধ লাল আভাতে আর মাহিব ধূসর মেঠোপথে একা দাঁড়িয়ে রইল—অবাক চাহনিতে।
মজুমদার বাড়ির পেছনের আমবাগানে বিকেলে যেন একটা ছোটখাটো ভূকম্পন হয়ে গেল। মাথায় ঘোমটা টেনে, হাতে ভারী রূপোর পান-দানি নিয়ে লুৎফুন্নেসা যখন বড় পুকুরঘাটের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই তুলসীঝোপের ভেতর থেকে বিকট শব্দে হাঁচি দিয়ে উঠল বিজলী।
" আল্লাহ গো....!!!... কে রে?...কে ওখানে ঘাপটি মেরে আমাকে পটল ধরানোর পায়তারা করছিস ? " লুৎফুন্নেসা বুকে হাত দিয়ে তিন পা পিছিয়ে গেলেন।
তুলসীঝোপ ঠেলে বের হয়ে এলো বিজলী। গায়ে তার জরি বসানো অদ্ভুত ওড়না, কপালে মস্ত বড় টিকলি আর চোখে হাঁড়ির মতো কাজল।
" তোমায় মারতে যাব কোন দুঃখে গো বেগমা ?"
" তুই আমার উঠোনে কী করিস? তাও আবার আমগাছের নিচে? দাঁড়া! আমি এখনই জামশাদকে ডাকছি! গতবার এসে সব আম চুরি করে নিয়ে গেছিলি!"
" আর আপনি যে গত সপ্তাহে কাঁচা আম চুরি করে আচার বানিয়ে একাই নিজের পেট পুড়েছেন, সেটা বড় বাবু জানে তো?"
লুৎফুন্নেসা যেন আকাশ থেকে পড়লেন। পানদানিটা বুকে চেপে ধরে চোখ ছোট করে বললেন, " তুই... তুই জানলি কীভাবে? তুই কি সত্যিই জিন পালিস নাকিরে?"
বিজলী কোনো জবাব না দিতে মিটিমিটি হাসছে...তা দেখে লুৎফুন্নেসা ক্ষেপে উঠে বললেন,
" তুই মজা করছিস আমার সাথে ? একটা কাজ দিলেও তো পারিস না! তোর ওই কানা বাবার পানি-পোড়া খেয়েও তো এখনো পর্যন্ত আমার সিন্দুক ফিরে পেলাম না! "
" আহ বেগমা! সকালে খেয়ে বিকেলেই সিন্দুক চাচ্ছো? একটু তো সবুর করো! "
"কাজ না হলে তোর কানা বাবার কাছে তোকে বস্তায় ভরে পাঠিয়ে দিব। সে যাই হোক এদিকে আয়...."
বলেই লুৎফুন্নেসা ইশারায় বিজলীকে কাছে ডাকলেন।
বিজলী কাছে গেলে লুৎফুন্নেসা কানে ফিসফিসিয়ে বললেন, " ওই যে ওই মাথা ফাটা শায়েরকে দেখেছিস না? ওই আপদ আর ওই দারোগার কেল্লাফতে করার পানিপোড়া নিয়ে আসবি পরের বার।"
বিজলী বাঁকা হেসে মাথা নাড়াল। তারপর এক লাফে পাঁচিল ডিঙিয়ে হাওয়া হয়ে গেল। আর লুৎফুন্নেসা পানের বাটা হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলেন বুঝতেই পারলেন না তাকে জ্বীনে ধরল, নাকি বিজলী এক লহমায় তাকে আস্ত বোকা বানিয়ে দিয়ে গেল!
মেহেরের কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে আসছে....হাতে জাহারার দাওয়া রুমাল নিয়ে ছাদে দাড়িয়ে ভেসে যাচ্ছে স্মৃতির টুকরো টুকরো মেঘে। জীবনটা অন্য রকম হলেও তো পারতো ! একটা সাধারণ জীবন,যেখানে সে স্বাধীন...শিকলহীন। হঠাৎ দূরে একজনের পরিচিত অবয়ব দেখল,কিন্তু আধারে সে অবয়ব কার তা স্পষ্ট বোঝা মুশকিল। কিন্তু গায়ের চাদরটা দেখে সে মূহুর্তেই চিনে ফেলল। কিন্তু এই অবস্থায় এমন ভরা সন্ধ্যায় অসুস্থ মানুষ গা ঢাকা দিয়ে কোথায় যাচ্ছে...?
চলবে।
