#দাহরেখা
#পর্ব_২৩
#পূর্ণতা_আহমেদ
আজ রাতের চাঁদ অর্ধেকটা খসে পড়েছে,মনে হচ্ছে জোৎস্নার আলো বাকিটা গলে বারদোলির নদীতে মিশে যাচ্ছে।সেই নদীর পাড় ঘেঁষে হাটছে শায়ের। বেশ কিছুটা দূরে মাঝিদের গান শোনা যায়,
"মাঝি,ও মন মাঝি রে, নিয়ে চলো মোরে ওই-ওপারে
হেথা মোর দিন কাটে না, মন যে শুধু খোঁজে তারে—
মাঝিরে,ও মন মাঝিরে, বাইন্ধো না এই নাও এপাড়ে
দাঁড়খান টাইন্যা চলো,পিরিতির মানুষ খোঁজে আমারে।"
শায়ের সে ভাটিয়ালি গানে মুগ্ধ হতে হতে কখন যে জঙ্গলের সামনে পৌছে গেছে টের ই পায়নি। উত্তরের ঘন জঙ্গলে এখন প্যাঁচার ডাক আর ঝি ঝি পোকাদের ডাকই বেশি শোনা যায়,মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাকও ভেসে আসে। শায়ের চুরুট ধরানোর দেশলাই টা জ্বালিয়ে,ছোট মশালে ধরিয়ে দিল। নদীর পাড় দিয়ে আসার সময় নিভে গেছিল। তারপর ধীরে ধীরে জঙ্গলের গভীরে যেতে শুরু করল।সাধারণত এখানে কোনো মানুষ দিনের বেলায় ও আসেনা,রাত তো দূর—কিন্তু শায়ের হাটছে একাই যেন এটা তার পুরোনো অভ্যাস। হঠাৎ পেছনে একটা ছোট ডাল ভাঙার মচমচ শব্দ পেল,সাথে সাথেই শায়েরের চোখ-কান আরও সচল হয়ে উঠল। ছুরিটা বের করে হাতে শক্ত করে ধরল,তারপর অতি সাবধানে পিছে ফিরে দেখল একটা কালো বিড়াল যাচ্ছে। তা দেখে হাঁফ ছাড়ল শায়ের। তারপর ধীরে ধীরে সামনে যেতে শুরু করল।প্রায় শেষ মাথায় এসে,সে প্যাঁচার ডাক অনুকরণ করল।
একটু পর উত্তরে হিস হিস শব্দ ভেসে আসলে,শায়ের ধীরে ধীরে সে ডাক অনুসরণ করে আরও সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ ঝোপঝাড় থেকে আরেকটা লন্ঠনের হলুদাভ আলো ভেসে আসে। সেই আলোতে বিজলীর মুখ স্পষ্ট ভেসে উঠে। শায়ের বিজলীর পেছন পেছন আরেকটু দূরে যেতে নিলে,হঠাৎ একটা মেয়েলি চিৎকার ভেসে আসে। বিজলী তার কোমর থেকে ছুড়িটা বের করে সেদিকে ছুড়তে যাবেই তখন শায়ের বাধা দেয়।তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে,
"মেহের! আর লুকিয়ে থাকতে হবে না। বেরিয়ে এসো।"
"আমি এখানে ফেঁসে গেছি। আমাকে সাহায্য কর!"
শায়ের সামনে যেয়ে দেখল,মেহের একটা ছোট গর্তে পরে গেছে। হাত বারিয়ে দিলে,মেহের দ্রুত হাত ধরে ফেলে।শায়েরের ঘাড়ে প্রচন্ড টান লাগে তাও শায়ের চোখ-মুখ খিঁচে সহ্য করে নেয়।
"আমার পেছন এসে কি লাভ হল?"
"তুমি আগে বলো! এই রাতে এমন জায়গায় তুমি ওর সাথে কি করছো?"
শায়ের কিছু বলতেই যাবে তার আগে বিজলী বলে উঠল, "মজুমদারের মাইয়া রে নিয়া এখন কি করবা ?"
"সমস্যা নেই! ও কাউকে কিছু বলবে না। তুমি অপেক্ষা কর,আমি ওকে বাড়ি দিয়ে আসছি।"
"এখন হেই সময় আছে? জলদি করো ! ভোর হইলে এইখান থেইক্কা আমারে আবার যাইতে হইব হেই কতদূর!"
মেহের কিছু বুঝে উঠতে পারছে না তবুও তীব্র অসম্মতি জানিয়ে বলল,
"আমি তোমার সাথেই যাব ! "
"অসম্ভব! পাগলামি বন্ধ করো ! আমার সাথে চলো তোমাকে বাড়ি পৌছে দিয়ে আসি।"
"আমি তোমার সাথে যাব মানে যাবই.....!! " বলে মেহের নাক টানতে শুরু করল বাচ্চাদের মত। শায়ের এমন কান্ড দেখে চরম হতভাগ হলো। তারপর হতাশা মিশ্রিত স্বরে বলল,
"কি পাগলের পাল্লায় পড়লাম ! "
অবশেষে তিনজন হাটছে সামনের দিকে। হাটতে হাটতে জঙ্গলের প্রায় শেষ কিনারায় এসে তারা থামল। বিজলী একটা ঝোপ থেকে একটা চুমকি লাল রঙের শাড়ি বের করে শায়েরের হাতে দিয়ে বলল,
"নাও এইডা পিন্ধা নাও।"
শায়ের চোখ-মুখে তীব্র হতাশা ফুটিয়ে, দীর্ঘশ্বাস ফেলে বলল,"কিসব করা লাগছে !"
মেহের এতক্ষণ শায়েরের ইশারায় চুপ থাকলেও শায়েরের শাড়ি পড়ার কান্ড দেখে নিজেকে আর সামলে রাখতে পারলনা।চরম অবাক হয়ে বলল,
"এসব তুমি কি করছো? পাগল হয়ে গেছো ! তুমি শাড়ি কেন পড়বে?"
"পুরুষ মানুষ শাড়িতেই সুন্দর।"
" কি বলছো..!"
" যা শুনেছো তাই।"
"কিন্তু শাড়ি কেন?"
"আমি গরীর মানুষ তো তাই শাড়ি পড়ে বৃহন্নলাদের সাথে নাচ-গান করে কিছু আয় করব।"
বিজলী শায়েরের কথায় হেসে ফেলল। মেহের যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেনা। তাকে এসব কি দেখতে হচ্ছে !
"তাই বলে তুমি বৃহন্নলা সাজবে ? আমি এটা কিছুতেই....."
"এসেছো যখন চুপচাপ দেখে যাও, কোনো কথা বলবে না।আর সামনে হাটো।"
"তার আগে তুমি আমাকে বলো,এখানে এসব কি হচ্ছে?"
"এই মজুমদারের মাইয়া! বেশি কথা কইলে তোমারে এইহানে ফালাইয়া চইলা যামু।" চোখ-মুখে বিরক্তি ফুটিয়ে বলল বিজলী।
তাদের পেছনে ঘন ঝোপঝাড় থেকে কিছু ফিসফিস শব্দ ভেসে আসছে,তবে ঝিঝি পোকার ডাকের জন্য তা টের পাওয়া মুশকিল।
"হায় ! হায়! এই সুদর্শন কবি কিনা শেষ মেষ বৃহন্নলা সেজে আয় করতেছে ! অভাব মানুষরে কোথায় নিয়ে যায়!"
"হুসসস! তোমাকে কতবার বলেছি চুপ থাকতে মোড়ল !"...ফিসফিসিয়ে ঝোপের আড়াল থেকে বললেন দারোগা।
"স্যার চলেন ফিরে যাই,তারা তাদের মত নাচে-গাইয়ে করুক, কারো ব্যাক্তিগত আলাপ এইভাবে দেখতে নাই।এখানে আর বেশিক্ষণ থাকলে মশায় আমারে উড়ায় নিয়ে যাবে।"
দারোগা চোখ রাঙানি দিলে মোড়ল চুপ হয়।
জঙ্গলের শেষ মাথায় নদীর তীর,সেখানে একটা নৌকা বেধে রাখা। নৌকায় একজন মাঝি বসে বসে হুক্কা টানছে,তাদের দেখে হাত দিয়ে ইশারা করল। শায়েরকে শাড়ি পড়িয়ে দিচ্ছে বিজলী আর শায়ের চোখ-মুখ খিচে দাঁড়িয়ে আছে। বিজলী মাঝিকে ইশারায় জানালো এখনই আসছে। আর মেহের পাশে দাড়িয়ে চরম আশ্চর্যের সাথে শায়েরের শাড়ি পড়া দেখছে। পড়া শেষ হলে শায়ের মেহেরের দিকে চেয়ে বলল,
"মুখ বন্ধ করো মশা ঢুকে যাবে। আজ আমার পিছু না নিলে তোমাকে এসব দেখতে হতো না।"
বিজলী তার মাথার চুমকি ওড়নাটা খুলে মেহেরের দিকে দিয়ে বলল, " তুমিও এইডা মাথায় প্যাঁচায় নাও। আর এমন বিধবা জাতের শাড়ি পড়সো ক্যান! জমিদার বংশের মাইয়া! পড়বা জাকজমক পোশাক। যাই হোক এহন এটা প্যাঁচায় নাও মাথায়।
"অসম্ভব! আমি বৃহন্নলা সাজতে পারব না। আমার নাচ-গান করে আয় করার কোনো শখ নেই।"
"ধুর মাইয়া! এটা প্যাঁচাইবা না তোমারে ফালায় যামু?"
অবশেষে তিনজন উঠল নৌকায়। মেহের বারবার বিস্মিত চোখে, মুখ হা করে লাল শাড়ি পড়া শায়েরকে দেখছে। শায়ের ভ্রু উচিয়ে জিজ্ঞেস করলে,মেহের মাথা নাড়িয়ে বোঝায় কিছু না,কিন্তু তার ভেতরে বিস্ময়ের ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। বিজলী মাঝিকে বলল,
"অন্যপথ দিয়া যাও ঘুইরা,ওই ফিড়িঙ্গীগুলার সামনে যাতে না পড়ি।"
"হেতে রা তো দিন ভইরা কিনারায় পাহারা দেয়,রাইতে আরও বেশি। যদিও এহন পূবদিকে থাকার কথা না তাও আপনেরা সাবধানে থাইকেন।"
নদী বাতাসের উল্টো পথে চলতে শুরু করল। বিজলী শায়েরের পাশে বসে, কানে কি যেন ফিসফিস করছে।মেহের তা স্পষ্ট বুঝতে পারছেনা। পেছনে শুধু তাকিয়ে দেখছে,বারদোলি থেকে তারা দূরে চলে যাচ্ছে...... তবে কোথায় যাচ্ছে তা অজানা।
এদিকে ঝোপের আড়াল থেকে বের হয়ে নদীর কিনারায় এসে দাড়িয়ে আছেন দারোগা আর মোড়ল।দারোগা উত্তেজনায় টইটুম্বুর।অস্থির হয়ে বলছেন,
"জলদি মোড়ল! জলদি চলো! ঘাটে যেয়ে নৌকা ধরে ওদের পিছু নিতে হবে।"
"ছিঃ ছিঃ হুজুর! আপনে শেষে কিনা কবির নাচ-গান দেখতে পিছু নিবেন?"
"আরে আমি এমন গাধা সাথে করে নিয়ে কিভাবে ঘুরি? এজন্যই তো বলি আমার তদন্ত সামনে এগোয় না কেন! "
"হুজুর! আপনি ই বলেন এহন এই জঙ্গল পাড় হইয়া সেই ঘাটে যাইতে যাইতে কত সময় লাগব! এতক্ষণে তো তারা উধাও হইয়া যাইব। তবে একটা বিষয় বুঝলাম না! মজুমদার সাহেবের মাইয়া তাদের সাথে কি করতেসে! সেও কি নাচ-গান করবে নাকি! "
"ওরে মোড়ল! এতক্ষণে তোমার মাথায় এটা এলো! তুমি এখনই যাও।ঘাটে যেয়ে নৌকার বন্দোবস্তো করো। আমি দেখি ওই নৌকা কোন দিকে যায়, তারপর আসছি।"
" না হুজুর! এই আন্ধার জঙ্গলে আমি একা যাইতে পারুম না। আমার ঘাড়ে জ্বিন-ভূতে ভর করলে!"
দারোগা মোড়লের কথায় অতিষ্ট হয়ে নিজের কপাল চাপড়ালো। আর এদিকে নৌকা চলতে চলতে প্রায় অনেকটা পথ চলে গেছে,সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসছে। শায়ের আঙুল দিয়ে মাথা চেপে ধরে বলল,
"আজ এভাবে আসা টা চরম বোকমি হয়েছে বলে মনে হচ্ছে।" তারপর মেহেরের দিকে এক পলক দৃষ্টি ফিরিয়ে বলল,
"তোমাকে যদি এখন বাড়িতে খোঁজ করে না পায়? কি হবে?"
"অসুবিধে নেই। আমার ঘরে মাহিব ভাই ছাড়া কেউ সহজে আসে না।তাছাড়া সবাই এখন অন্য চিন্তায় ব্যাস্ত। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? কখন ফিরব?"
"যা হচ্ছে দেখে যাও। কোনো প্রশ্ন করো না।"
"হুনো দুলালী, সামনে যদি ফিড়িঙ্গী পরে আমার মত হাত-তালি দিবা আর গান ধরবা।গায়ে ঢইল্লা পইড়া যাইতে নিবা বুচ্ছো?" বলল বিজলী।
"কি....!!!"
শায়ের বলল, "এসবের প্রয়োজন নেই।শুধু হাত-তালি দিবে যাতে বুঝে তুমি একই দলের। গায়ে ঢুলতে হবে না।"
মেহের চরম বিস্ময় নিয়ে আওড়ালো,"এখন এসব করতে হবে আমাকে !"
প্রায় অনেকটা সময় ধরে নদীর ঢেউয়ে ভাসতে থাকার পর,বেশ কিছুটা দূরে একটা ছোট নির্জন গ্রাম দেখা যাচ্ছে। মাঝি সেদিকে ইশারা করে বলল,
"আইসা পড়সি।দেহেন দূরে কাউরে দেখেন নাকি। ইংরেজরা আইজকে সংখ্যায় বেশি হইলে অন্যদিক দিয়ে ঘুরে যাইতে হবে।"
"না তুমি যাও,দূরে কাউরে দেহন যায় না।" বলে বিজলী শায়েরের দিকে তাকিয়ে বলল,"তুমি এই রঙটা ঠোঁটে একটু লাগায় নাও,তাইলে আর সন্দেহ করবো না।"
"এই তাহলে বাকি ছিলো !" হতাশ হয়ে বলল শায়ের।
মেহের আবারও চরম আশ্চর্য হয়ে দেখছে শায়েরকে বিজলী কিসের যেন একটা প্রলেপ লাগিয়ে দিচ্ছে ঠোঁটে ,যার গুনে শায়েরের ঠোঁট লালচে হয়ে উঠল। এখন তাকে পরিপূর্ণ বৃহন্নলা লাগছে। তারপর বিজলী মেহেরের দিকে ফিরে বলল,"তুমিও লাগায় নাও আর শুনো তোমার গলা তো আর পুরুষ মানুষের মত না। তাই তুমি চুপ ই থাকবা।এমন কিছু করবা না যাতে ওই ফিড়িঙ্গী গুলা তোমারে সন্দেহ করে।"
সব প্রস্তুতি শেষে তিনজন অতি সাবধানতা অবলম্বন করে অচেনা সেই গ্রামের মাটিতে পা ফেলল।
বিজলী আর শায়ের আশে পাশে নিখুঁতভাবে চোখ বুলাচ্ছে। বিজলী ফিসফিসিয়ে বলল,
"ওরা ওই পাশ গেছে টহল দিতে,জলদি সোজা দৌড়াও।"
ঝড়ের গতিতে পায়ের গতি বাড়িয়ে তিনজন সামনের দিকে চলতে শুরু করল। অনেকটা সামনে যেতেই দুই জন ব্রিটিশ টহলদারকে দেখতে পেল,পথ আটকে আছে। বিজলী বাকিদের ইশারায় সামনে যেতে বলে।
টহলদাররা তাদেরকে দেখে প্রচন্ড বিরক্ত হয়।নাক সিঁটকে দূরে সরে যায়।দূর থেকে বলে,
"why you disgusting garbages are still living here? Why don’t you move?”
বিজলী হাত-তালি দিতে দিতে সামনে এসে মুচকি হাসে,টহলদার দূরে সরে বলে,
"just go away.....leave..!! “
বিজলী ইশারা করতেই মেহের আর শায়ের টহলদারদের কাটিয়ে সামনের দিকে অগ্রসর হয়। হঠাৎ পেছন থেকে ডাক ভেসে আসে...
"Stop !......Who are they two ?.... I’ve never seen them before !”
তিনজনের হৃদ-স্পন্দন ওখানেই থমকে যায়। তিনজন তিনজনের দিকে চোখাচোখি করল। তারপর পেছনে ঘুরে শায়ের হাত-তালি দিয়ে বলল,
"আমি তো এইখানেই থাকি,চিনো নাই বন্ধু?" বলেই চোখ টিপ দিল। তারপর চোখের পাপড়ি কিছুক্ষণ মেয়েদের মত নাড়াতে থাকে। টহলদার চরম আশ্চর্য হয়ে কতক্ষণ শায়েরকে উপর থেকে নীচ পর্যন্ত দেখল,আর সেই ফাঁকে শায়ের আরো কাছে এসে টহলদারের গায়ে ঢুলে পড়ে যেতে নেয়।
"stop it !......don’t move any closer!..... stay away!... You disgusting piece of bloody hell !”
শায়ের দূরে না সরে বরং আরও কাছে ঘেঁষছে। তীব্র ঘৃণা নিয়ে শায়েরকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ইংরেজ টহলদার তিন পা পিছিয়ে যায়। তার চেহারা দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নোংরা বস্তু দেখছে। অতি বিরক্তি ফুটিয়ে বলে ওঠে ,
"Leaveee…!”
শায়ের টহলদার থেকে বিদায় নেওয়ার সময় টহলদারের দিকে চেয়ে চোখ টিপ দেয় আর মুচকি হাসে। টহলদার তা দেখে চোখ-মুখ খিঁচে অন্যদিকে ফিরে শায়েরকে ইংরেজি ভাষায় গালি দিতে থাকে। শায়ের স্বস্তির নিঃশ্বাস ফেলে বিজলী ও মেহেরকে ইশারা করল সামনে পা বাড়াতে।এই সুযোগে তিনজন ই পগারপার।
বিশাল এই ঝড় পেরিয়ে তারা একটা সরু গলির মুখে এসে থামে। বিজলী হাফ ছেড়ে বলল,
"নাও আইসা পড়ছি আমাগো আখড়া পল্লী।"
অন্ধকার গলির ভেতর কিছু সারি সারি ছোট ছোট ঘর। মেহের দেখতে পেল পুরো আখড়াবাসীদের ছোট খাটো পল্লি তৈরি হয়েছে এখানে। সেদিক দিয়ে ভেতরে গেলে আরেকটা সরু গলি পরে,সেখানে ছোট ছোট আরও অনেকগুলো ছাউনির ঘর,তার ভেতর দিয়ে গেলে একটা বড় ঘরও দেখা যায়।সে বড় ঘরের দরজার সামনে যেয়ে থামল তিনজন।
দরজায় বিজলী তিন টোকা দিল,এর কিছুক্ষণ পর দরজা খুলে গেল ,শায়ের মেহেরকে ভেতরে যেতে ইশারা করল। মেহের ভেতরে যেতেই দেখতে পেলো,কিছু আখড়া বাসিরা এক সারিতে বসে পয়সা গুনছে,কেউ বা ঘুমাচ্ছে,কেউ বা নিজের সাজসজ্জা ঠিক করছে। তাদের সবার মাঝে বড় আসনে বসে কি যেন হিসাব কষছেন গুলজার গুরুমা—আখড়াবাসী বা হিজড়া সম্প্রদায়ের প্রধান। বিজলী প্রথমে ঢুকেই বলল, "দেখো গুরুমা! কারে নিয়ে আইছি!"
শায়েরকে দেখেই গুলজার গুরুমা হেসে বলে উঠলেন,
"কিরে বিজলী বেচারাকে দেখি নতুন বঊ সাজায় নিয়া আসছিস !" তারপর শায়েরের দিকে ফিরে বলল,"এতদিন পর আমাদের কথা তোমার মনে হইছে?"
"বিশাল ঝুঁকি নিয়ে এলাম! কখন জানি ধরা খেয়ে যাই!"
গুলজার কিছু বলতেই যাবে তার আগেই মেহেরের দিকে চোখ পড়তে তার কন্ঠ থেমে গেল। অবাক হয়ে বলল,
"কিরে শায়ের? মজুমদারের রাজকন্যাকে এখানে তুলে এনেছিস কেন? কি সর্বনাশ! "
"কি আর করব ! অসময়ের অতিথি নিয়ে চলে এলাম।"
"তুই মজা করছিস রে? এ যদি আমাদের ফাঁস করে দেয়? এমনি আছি বিপদে,এর মধ্যে ওকে নিয়ে বিপদ বাড়াচ্ছিস ক্যান ?"
"চিন্তা করো না গুরুমা! ও কাউকে কিছু বলবে না।"
মেহের মাথা নাড়িয়ে গুলজারের দিকে ফিরে বলল, "তোমরা একে অপরকে কিভাবে চিনো ? "
গুলজার মুচকি হেসে বললেন, "আমরা চিনি না এমন কিছু আছে? তোমগো জমিদার বাড়ির সব খবর যেমন জানি তেমন ওর খবর ও জানি। কিন্তু নবাব জামানার সুখ কি এহন আর আছে? মুসলমান শাসন গেল, আর আমাগো কপাল ও পুড়ল। ওই ইংরেজরা আমাগো সমাজ থেইকা নিষিদ্ধ করার আইন চালু করসে। আমরা নাকি জন্মগত পাপী ! তাই এহন আর আগের মত জোর খাটাইতে পারিনা। মুসলমান বাদশা আমলে থাকতাম রাজার হালে আর এখন যেদিকেই যাই সেইদিক থেইকা আমগো বাইর কইরা দিতে চায় ওই বিলতি ডাকাইতের দল।"
মেহের মনে মনে আখড়াবাসীদের অনেকটা অপছন্দই করতো কেন যেন,কিন্তু আজকে হঠাৎ তাদের এমন দুরবস্থা দেখে তার প্রচন্ড খারাপ লাগছে। সে কিছু বলতেই যাবে তার আগেই শায়ের বলল,
"ওদের সমাজ থেকে বঞ্চিত করা হয়েছে তা তো জানোই।ওদেরকে সরাসরি অপরাধী হিসেবে গণ্য করার আইন পাশ হয়েছিল।"
"তা জানি। ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় বিনা অনুমতিতে যেতে পারে না।তাহলে এখান থেকে ওখানে অবাধে কিভাবে চলছে! "
গুলজার বলে উঠলেন, "অবাধে কি আর চলতে পারি? ঠিকই কিছু জায়গায় অনুমতি নিয়া যাওন লাগে তয় ওই বিলেতিরা এদিকে ভুলেও হানা দিতে আসব না। যতই আইন চালু করুক।আমাগো আস্তানায় ঢুকতে কলিজা লাগে,যেটা ওই বিলেতিদের নাই!"
শায়ের মেহেরকে বলল, "যত সম্পাদনার কাজ বা খবর আদান প্রদানের কাজ বেশিরভাগ ই ওরা করে দেয়। ইংরেজরা আখড়া পল্লিতে সহজে আসে না, ওরা আখড়াবাসীদের খুব অপছন্দ করে আবার সাহস ও করবে না এদিকে তল্লাসি করার তাই এই জায়গাটা সবচেয়ে নিরাপদ।আগে আফতাব নগরের এক পুরোনো পরিত্যক্ত ভাঙা বাড়িতে সবার আড়ালে ছাপখানা দিয়েছিলাম,কিন্তু সেখানেও ধরা খেয়ে যাই ব্রিটিশদের কাছে.....।"
"ওইটা এমনি ধরা খাই নাই আমরা। ওই বেঈমান আতাউল বিলাতি পয়সার লোভে বেইমানী করসিলো।" বলে মুখে একটা পান দিল বিজলী।
শায়ের নিজের গায়ের শাড়ি একটানে খুলে,ঠোঁটের রং মুছতে মুছতে বলল,
"আমার পুরুষত্বে কালিমা লেগে গেল আজ! "
বিজলী হেসে বলল,"আমাগো সাথে হাত মিলায় ফেলো গো,তোমারে ভালোই মানাইসে শাড়িতে।"
বাকি সবাই বিজলীর কথায় হাসিতে ফেটে পড়লো ,মেহের ও বাদ গেলো না। মেহেরকে হাসতে দেখে শায়ের বলল,
"আজ আমি অসহায় বলে এভাবে মজা নিচ্ছো না? দেখে নিব সবকটাকে।"
"এই কে আছিস? যা মেহমানের খাবার পানির ব্যবস্থা কর!"
"অস্থির হয়েও না গুরুমা ! পরে খাবো।...আগে যে কাজে এত বড় ঝুঁকি নিয়ে এলাম সেটা সেরে নেই।"
"তুই তো ঘরের ছেলে। তোকে কে মেহমানদারী করবে ? তোর হবু বউকে নিয়া আইছিস এই প্রথম তার যত্ন-আত্নাদি করতে হইব না?"
মূহুর্তেই শায়ের আর মেহেরের চেহারায় লজ্জা আর অস্বস্তির ছাপ পড়লো।একে অপরের দিকে চোখাচোখি করল।শায়ের আমতা আমতা করে বলল,
"কিসব যে বলো না গুরুমা ! ও আমার পিছনে....."
"হইসে বুচ্ছি আর শরম পাইতে হইব না...তুই তোর কাজে যা,রাজকন্যা এইখানে থাকুক নাকি নিয়ে যাবি তোর ঘরে?" বলেই মুচকি মুচকি হাসলেন গুলজার।
বিজলীও পাশে দাঁড়িয়ে হাসছে। শায়ের এর জবাবে আর কিছু বলল না,বুঝে গেছে অযথা এখানে কথা বাড়িয়ে লাভ নেই।তাই বলল,
"আমার ঘরের চাবিটা দাও !" তারপর মেহেরের দিকে চেয়ে বলল, " তুমি এখানেই থাকো।"
" না আমিও তোমার সাথে যাবো।" মেহেরের দৃঢ় কন্ঠস্বর।
মেহেরের কথায় সবাই মিটমিটিয়ে হাসছে দেখে শায়ের ভীষণ লজ্জা পেলো,তারপর উপয়ন্ত না পেয়ে হাঁফ ছেড়ে বলল, "এসো !"
মেহের শায়েরের পেছন পেছন যাচ্ছে আর সামনে বিজলী হাটছে। আখড়া পল্লীর থেকে কিছুটা দূরে বিশাল গাছপালা আর ঝোপঝাড় রয়েছে।মেহেরের বিস্ময় যেন কাটছেই না।শায়ের তাকে চুপ থাকতে ইশারা দিয়েছে বলে কিছু বলতেও পারছে না। তারপর বিজলী একটা গাছের নিচে এসে থামে।মাটির উপরের আলগা লতাপাতা সরিয়ে, একটা গোলাকার পাথর সরিয়ে দিল। সাথে সাথে একটা ছোট চারকোণা লোহার দরজা দৃশ্যমান হয়ে উঠল। বিজলী হাতের চাবিটা ঘুরিয়ে সেই মরিচাধরা দরজা খুললে একটা অন্ধকার সরু সুড়ঙ্গ স্পষ্ট হয়ে উঠে। বিজলী প্রথম প্রবেশ করল,তারপ্প্র মূহুর্তেই সেই সুড়ঙ্গ দিয়ে কোন অজানায় চলে গেল কে জানে! শায়ের মেহেরকে ইশারা করল সুড়ঙ্গ দিয়ে নামতে,মেহের হতভম্ব হয়ে শায়েরের দিকে চেয়েই থাকল,কিছু বলতেই যাবে তার আগেই শায়ের ফিসফিসিয়ে বলল,
"নিজ সেচ্ছায় এসেছো আমি তোমাকে জোর করিনি।এতটা পথ যখন ভরসা করে এসেছো-ই এখন বাকিটা যেতে আর ভয় পেয়ে লাভ কি?"
মেহের শায়েরের কথামত সেই সুড়ঙ্গ দিয়ে ঢুকে মাটির নীচের এক বিশাল জগতে চলে আসে। মেহের অবাক হয়ে চারপাশ দেখছে।শায়ের বলল,
"এটা একটা বহু পুরোনো মন্দির ছিল। মাটির নীচে চাপা পরে গেছে—এখন এটা আপাদত আমাদের আস্তানা হয়েছে। তবে বেশিদিনের জন্য নয়!"
"আমি এমন কিছু এর আগে কখনোই দেখিনি ! "
চলবে।
