#দাহরেখা
#পর্ব_২১
#পূর্ণতা_আহমেদ
হাকিম এসেছে শায়েরের ক্ষত পরিষ্কার করে আবার পরীক্ষা করে দেখতে।শায়ের তাকে মানা করেছে এসবের আর প্রয়োজন নেই।হাকিম সে কথা শুনলেও মেহের মানতে নারাজ।হাকিম যাওয়ার পর শায়েরের পাশে বসে তার যত্নতে কোনো কমতি রাখছে না।
শায়ের মনে মনে বলল,"এই যত্নের একাংশ ও যদি তখন পেতাম!" বলেই দীর্ঘশ্বাস ছাড়ল।
"তোমার শরীরে এসব কিসের ক্ষত? কি ভয়ংকর লাগছে দেখতে!"
“যখন ছোট ছিলাম খুব বাদর ছিলাম তো। আমাকে সোজা করার সেই দাগ এখনো অবধি রয়ে গেছে।"
"মজা করছো? তুমি কি ডাকাতের বাড়ি বড় হয়েছিলে যে এভাবে মারবে?"
" ডাকাত না মুয়াজ্জিনের বাড়ি।"
"মানে?"
"না উনি খুব ভালো মানুষ ছিলেন।"
"সে যাই হোক এখন তোমাকে সব বলতেই হবে। এত রহস্য ভালো লাগছে না।"
"রহস্যই তো ভালো।এই যে এটা যতদিন স্থায়ী থাকবে ততদিন তোমার আগ্রহের মাত্রা ব্যাপক থাকবে।রহস্যের জট যত খুলতে থাকবে আগ্রহ তত কমতে থাকবে। বুঝেছো?"
"উহহ! তাহলে বন্ধু ও বলবে আবার রহস্য মানব ও সাজবে?"
"কি জানতে চাও?"
"তোমার সম্পর্কে। তোমার পরিবার,তোমার পরিচয় সব কিছু।"
"যার পরিবার ই নেই তাকে পরিবারের কথা জিজ্ঞেস করছো?"
"মানে!"
"ছোটবেলায় মসজিদে ফেলে চলে গেছিলো।তারপর থেকে এক এক জায়গায় থেকে বড় হয়েছি। "
মেহেরের বুকে একটা যন্ত্রণা টের পেল।সে বেশ অবাক ও হলো সেই হাস্য রসাত্মক মানুষটার ভেতর এত কষ্ট ও জমা থাকতে পারে!
" তোমাকে দেখে বোঝা মুশকিল তোমার ভেতর যে এত কষ্ট লুকানো। কখনো কাউকে পাশে পাও নি?"
"ছিল একজন ছায়ার মত।তাকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না।"
" সে কি তোমার প্রেমিকা?"
"প্রেমিকারা ছায়ার মত থাকে না....সুযোগ পেলে উড়ে যায়। তবে প্রেমিকা নামক বিপদ ও ছিল।"
"তারপর? কি হল?" বলতে যেয়ে অজান্তেই মেহেরের ভেতর একটা অদ্ভুদ অস্থিরতা টের পেল কিন্তু এর কারণ সে জানেনা।
"তারপর আর কি এতিমের কাছে কে দিবে? তাই উড়ে গেল।"
"এভাবে তোমাকে ঠকালো? "
"আমাকে কাউকে ঠকাতে হবে না।আমি নিজেই নিজেকে ঠকানোর জন্য যথেষ্ট।"
"নিশ্চয়ই খুব কষ্ট হয় তোমার? কখনো নিজের পরিবারকে খোঁজার চেষ্টা করোনি?"
"করেছি।কিন্তু খোঁজ মেলেনি।জানো মেহের? আমি মনে করি পৃথিবীতে তারাই সবচেয়ে অভাগা যারা নিজেদের রক্তের পরিচয় জানেনা।তাদের মত অভাগা আর কেউ নেই! সে সত্যি যতই নিষ্ঠুর হোক অন্তত এটা তো জানতাম আমি কে ,কোত্থেকে এসেছি! তাও জানার সৌভাগ্য হলো না!"
" সৃষ্টিকর্তা এমন অভাগা কাউকে না করুক!"
এদিকে লুৎফুন্নেসার রক্তচাপ বাড়াতে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে দারোগা। আজম বেঁচে থাকলে বোধহয় পরবর্তী দারোগার লাশ ভাসতো নদীতে তাই মনে মনে ভেবে যাচ্ছেন লুৎফুন্নেসা।
"হঠাৎ করে আসমা কোথায় নিরুদ্দেশ হতে পারে বলে আপনার মনে হয়?"
"তা আমি জানব কি করে?"
"আপনার খাস দাসী আপনি জানবে না তো কে জানবে?"
"আমরা নিজেরা দুদিন পর দেউলিয়া হতে চলেছি আর এখন দাসী নিয়ে পরে থাকব? সে কখন থেকে আমার মাথাটা চিবিয়ে খাচ্ছেন!"
"সন্দেহের মূলে আছে আজাদ,আসমা,আজম। এরা সবাই দিনশেষে আপনার সাথে মিলে গেছে।ব্যাপারটা অদ্ভুদ না?"
"হায় মরণ! শেষ মেষ কিনা আমার বাড়ি এসে আমাকেই দোষী করছে! আকাশ ফেটে ঠাডা পড়ুক এমন দারোগার মাথায় !"
"আরে আপনি চটে যাচ্ছেন কেন ! আমি বলতে চাচ্ছি আসমা হঠাৎ কিছু না বলেই পালালো কেন?"
"একে একে সব দাসীরাই পালাবে।আমরা যে পথে বসতে চলেছি ওদের কি আপনার ঘাড়ে বসিয়ে খাওয়াবেন?"
"তাহলে আপনি বলতে চাচ্ছেন ঘাড়ে বসে না খাওয়ার জন্যই আসমা পালিয়েছে?" বলতে বলতেই তার ছোট নোট খাতায় লিখলেন দারোগা সাহেব।
"উহ মরণ! আমি তা আবার কখনো বললাম? এই আপনি যান তো! মাথা টা একেবারে শেষ করে দিচ্ছে! আমি এখন ঘুমাব আপনি বিদায় হোন।"
"ঠিক আছে আমি উঠছি।তবে সকাল হতেই আবার আসব।" বলেই ঘর ছাড়লেন দারোগা।
দারোগা যেতেই লুৎফুন্নেসা তাকে এক চোট গাল-মন্দ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন।মনে মনে নিজেকে স্বান্তনা দিলেন আসমার লাশ কোনো আলাদিনের চিরাগ ও খুঁজে পাবেনা।তাই এত দুশ্চিন্তার কোনো কারণ ই নেই।এই দারোগা বেশি তিরিং বিরিং করছে। একেও সরিয়ে দিবে নাকি তা ভাবছেন লুৎফুন্নেসা।আবার এদিকে আরেক বড় আপদ শায়েরও আছে।এই দুই আপদ নিয়ে হিসাব কষছেন আপন মনে।এমন সময় প্রায় দরজা ভেঙে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল গুলফা।
"বেগমা!!!! নদীতে আসমার লাশ পাওন গেছে !"
এই রাতের থমথমে পরিবেশে সবাই বাড়ির উঠোনে জড়ো হয়েছে।তাদের বিস্ময়ের কোনো ইতি ঘটছে না।গত রাতেই এক বিশাল অঘটন ঘটেছে।আর আজকেই আবার জেলেদের মাছ ধরার জালে মিলল আসমার লাশ।এই ভীড়ে একজন জেলে বলে উঠল,
"এ বাড়ির সব অঘটন কি আমগো জালে আইসাই আটকানো লাগব! কালকাই এক লাশ নিয়া আইলাম আর আজকা আরেকজনের।"
জেলেদের এই কথায় উঠোনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে এক থমথমে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এক রাতের ব্যবধানে দু-দুটো তাজা লাশ! একই নদীতে ঘটনা।একজন না হয় শায়েরের হাতে মরেছে আর আসমা? এ কেবল অঘটন নয়, যেন অভিশাপের কড়া নাড়া।
উত্তেজিত ভিড় ঠেলে হাত-মশাল উঁচিয়ে সামনে এগিয়ে এলেন দারোগা মোজাম্মেল। মশালের লালচে আলোয় উঠোনের বিষণ্ণ মেঝেতে শুইয়ে রাখা আসমার ভিজে সিক্ত শরীরটা স্পট হয়ে উঠল। তার চুলে আর শাড়ির আঁচলে নদীর পাঁক লেগে আছে। শরীর অনেকটা ফুলে উঠে নীল বর্ণ ধারন করেছে। এমন চঞ্চল একটা মেয়ের এমন অবস্থা দেখে সবারই বুক পুড়ার কথা।
দারোগা হাঁটু গেড়ে বসে আসমার পা পরীক্ষা করতেই চোখ দুটো সরু করে ফেললেন। আসমার এক পায়ে শক্ত পাটের দড়ি দিয়ে তখনও বাঁধাগোছা একটি ভারি পাথর ঝুলছে!
"একে তো খুন করা হয়েছে !" গম্ভীর গলায় বলে উঠলেন দারোগা, "ওকে তলদেশে ডুবিয়ে মারার নিখুঁত ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কোনো কারণে জলের তোড়ে দড়ির বাঁধন আলগা হয়ে লাশ উপরে ভেসে উঠছে!"
দারোগার এই কথা শোনামাত্র ভিড়ের মধ্যে একপাশে দাঁড়িয়ে থাকা লুৎফুন্নেসার বুকের ভেতর যেন এক নিমেষে ধসে গেল। তার কপালে শীতল ঘাম জমে উঠল। আজমের ওপর বিশ্বাস রেখে তিনি কত বড় ভুল করেছেন, তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন! কিন্তু নিজেকে সামলে নিয়ে তিনি চট করে দুই হাতে মুখ ঢেকে কান্নার গীত ধরে দিলেন,
"ওরে আমার কপাল রে! ওরে আসমা রে! কোন পাষণ্ড তোর এই দশা করল রে! নিশ্চই ওই আজাদের কাজ! ওরে আসমা রে......!"
ভিড়ের এক কোণে কাঠের থামে ভর দিয়ে মেহেরের সাহায্যে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল শায়ের। ব্যথায় শরীর দুমড়ে উঠলেও তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে বিষাক্ত হাসি। লুৎফুন্নেসার এই মিথ্যা নাটকে তারিফ না করে সে পারছেনা।
দারোগা মোজাম্মেল উঠে দাঁড়িয়ে লুৎফুন্নেসার দিকে ধারালো দৃষ্টিতে তাকালেন,
"আজাদ তো গত দুদিন ধরে কাছারিঘরে শিকল দিয়ে বাঁধা! আর আজম নিজেই তো কাল লাশ হয়ে আসল। তবে কি এই অন্দরমহলে আরও কোনো ঘাতক মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ?"
দারোগার কথা শুনে জামশাদ সাহেব লাঠিতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলেন, "দারোগা সাহেব, আপনি কী বলতে চান? এই অন্দরমহলে কি..."
"বলতে আমি কিছু চাই না মজুমদার সাহেব, চোখ যা দেখে তাই বলি!" দারোগা টুকে নিলেন নোটখাতায়, "কালকে যে দড়ি দিয়ে আসমাকে বাঁধা হয়েছিল, সেই পাটের দড়ির টুকরা আপনারদের ওই পেছনের গরুর খামারে শত শত রাখা আছে। খুনী বাইরের কেউ না... এই বাড়ির অন্দরমহলেরই কোনো চেনা মুখ!"
কথাটা বলা মাত্রই লুৎফুন্নেসার সাথে শায়েরের চোখাচোখি হলো। শায়েরের চোখের তীব্র দৃষ্টি যেন ছাল ছাড়িয়ে লুৎফুন্নেসার বুকের ভেতরের কালচে রহস্যটা উপড়ে আনতে চাইছে। লুৎফুন্নেসা দাঁতে দাঁত চেপে চোখ সরালেন, কিন্তু তার হাত দুটো থরথর করে কাঁপছিল।
ঠিক তখনই আকাশে বিজলি চমকে উঠল, আর উঠোনে নেমে এল এক হিমশীতল নীরবতা। জট পাকাতে থাকা রহস্যের জালে জমিদার বাড়ি এখন পুরোপুরি বন্দি।
শায়ের লুৎফুন্নেসার ভাব সাবেই বুঝে গেছে নদীতে সেদিন আজম যে বস্তা ফেলেছিল তাতে আসমার লাশ ই ছিল।আর আসমা কে কেন সরিয়ে দাওয়া হয়েছে তাও সে বুঝতে পারছে।শায়েরের ঘোর ভেঙে মেহের বলে উঠল,
"গতকার নদীর মাঝে একটা নৌকা থেকে যে বস্তা ফেলতে দেখেছিলাম সেটা কি আসমা ছিল?"
" হুম। আজম সেদিন আসমাকে মেরে ভাসিয়ে দিচ্ছিল আমি তা দেখে ফেলায় আমাকে সরাতে চেয়েছিল। "
মেহেরের ভয় যেন কিছুতেই কাটছে না। কি হচ্ছে না হচ্ছে কিছুই সে বুঝে উঠতে পারছে না।এদিকে দাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শাহরিয়ার মাহিবকে নিয়ে কিছুক্ষণ আগেই গ্রামের জমিদার সাহেবের বাড়ি গেছে জরুরী বৈঠকে। দারোগা সাহেব পড়েছেন মহা বিপদে। যতই তিনি দ্রুত এর সমাধান করে পালাতে চাচ্ছেন ততই আরও জড়িয়ে পড়ছেন।মেহের দারোগার পাশে যেয়ে দাড়াল।আসমার মলিন মুখটা দেখে তার বুক কেঁপে উঠল।
খুব ছোট থাকতে মেহের আসমার এই অতি চঞ্চলতার জন্য আসমাকে ধরে বেধে পড়া শেখাত। যাতে এই দেয়াল ওই দেয়ালে কান পেতে রাখা স্বভাব কিছুটা কমে।সে থেকে কিছুটা লিখতেও জানত আসমা। মেহেরের এই শিক্ষকতার অত্যাচারে আসমার জীবন যেন অতিষ্ট হয়ে উঠেছিল।যতটা সম্ভব মেহেরকে দেখে পালিয়ে থাকার চেষ্টা করত তবুও আসমার জন্য মেহেরের বুকটা কাঁপছে অনবরত।না জানি কোন পাষণ্ড এভাবে খুন করল! গলায় মোটা কালচে দাগ স্পষ্ট হয়ে উঠছে।মেহের দারোগা কে নিস্তেজ গলায় জানাল,
"কাল রাতে নদীর মাঝে আজম ওকে বস্তায় করে ফেলেছিল। শায়েরের সন্দেহ হতেই সেদিকে যায় আর ওর উপর হামলা হয়।কিন্তু আজম কেন আসমাকে মারবে? আপনি কি এখনো পর্যন্ত কিছুই বের করতে পারেন নি? কাউকে সন্দেহজনক মনে হয়নি আজাদ ব্যাতিত? "
"বিষয়টা দিন দিন জটিলের দিকে গড়াচ্ছে।কেন যেন মন বলছে এ ঘটনায় আজাদ জড়িত না। আসল অপরাধী অন্য কেউ কিন্তু সে এই বাড়ির ই কেউ তা নিশ্চিত। আপনাদের নাম-সুনাম আছে,শত্রুর ও নিশ্চয়ই অভাব নেই।বাইরের যে কেউ ই হতে পারে কিন্তু সে এত সহজে বাইরে থেকে আক্রমণ করতে পারবে না। তাই আপনাদের বাড়ির দাবার গুটি দিয়েই চাল চালছে।"
"অদ্ভুদ! এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।বাড়ির প্রায় সব কাজের লোক ই আমাদের বিশ্বস্ত। তাহলে কে করছে এসব!"
"বিশ্বাসের আড়ালেই বিধ্বংসী লুকিয়ে থাকে।আপাদত কাউকেই অন্ধ বিশ্বাস করবেন না মেহের।"
এর মাঝেই হঠাৎ কাঠের থাম পিছলে পড়ে গেল শায়ের।তার ঘাড়ের যন্ত্রণা টা হঠাৎ ই মাথায় তীব্র আঘাত করছে।তা দেখে মেহের আর দারোগা সাহেব ছুটে এল।লুৎফুন্নেসা মনে মনে শায়েরকে মরে যাওয়ার বদ-দোয়া দিতে থাকলেন।আর নাটকীয় বিলাপ শুরু করলেন,"ওরে আজম রে! ওরে পাষাণ! কেন আমাদের আসমা কে ভাসিয়ে দিলি রে!"
প্রায় ভোর হতে চলেছে।টানা দুই রাত নির্ঘুম কাটানোর পর সকলেরই ঝিমানোর কথা। কিন্তু এই প্রলয়ঙ্কারী ঝড় ঘুম দূর করে এনে দিয়েছে তীব্র আতঙ্ক,ভয় আর নানা প্রশ্নের স্রোত।অতিথি ঘরে শায়ের খাটের ওপর বালিশে মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছে—চোখ আধবোজা। খাটের এক পাশে মেহের আর খাটের পাশের গদিতে দারোগা মোজাম্মেল শায়েরকে শিকারি চোখে খুঁটিয়ে দেখছেন।
"আপনি রাজদ্রোহী কারাগারে কতদিন ছিলেন?"
দারোগার আচমকা প্রশ্নে শায়ের চোখ খুলে তার দিকে তাকাল।মেহেরও বেশ চমকাল।শায়েরের দিকে অবাক চোখে তাকিয়ে বলল,
" কি! তুমি সত্যি সেখানে ছিলে! "
শায়ের সেদিকে উত্তর না দিয়ে দারোগাকে পাল্টা উত্তর দিল, " আমার শরীরের ক্ষত ছোটবেলার। পরের বাড়িতে বড় হয়েছি তাই এই দাগগুলো না থাকাটাই বরং অস্বাভাবিক দেখাবে।এর জন্য আমাকে রাজদ্রোহী কারাগারের বাসিন্দা বানানোর কোনো প্রয়োজন নেই!"
" আপনি বরাবর ই বেশ ধারালো ভাবে উত্তর দেন। তবে আজ আপনার ধার একটু পরীক্ষা করা যাক। নিজের সম্পূর্ণ বৃত্তান্ত বলুন।"
" আপনি পরে জিজ্ঞেস করলেও তো পারেন।উনি সকালেই কেবল চোখ খুলেছে। এখনো অনেক বিশ্রামের প্রয়োজন।"
" পুরুষ মানুষের আঘাত সাড়তে বেশি সময় প্রয়োজন পড়েনা মেহের।"
" উনি ঠিক বলছেন মেহের।আমি একদম ঠিক আছি।তাছাড়া এখন ওনার তদন্ত আরও জোড়ালো করা উচিত। এরমধ্যেই অনেকগুলো ভয়াবহ ঘটনা ঘটে গেছে।"
" শুরু করুন তবে শায়ের সাহেব।"
" আমি এক অভাগা, নামহীন এক গভীর ক্ষত,
নিজ সূচনার অজানা, খামহীন এক চিঠির মত
আমি উড়ে বেড়াই এক নীড় হতে অন্য নীড়ে
শেষ মেষ এসে পৌছালাম এক ধ্বংসের তীরে
খুঁজেছি যত,হারিয়েছি তত, অজানাদের ভীড়ে
শেষ মেষ এসে পৌঁছালাম এক ধ্বংসের তীরে
নিজ রক্তের ঠিকানা জানিনা,এক দূর্ভাগা পথিক
উড়ে বেড়াই বুকে ক্ষত নিয়ে ঘুরে বেড়াই বেগতিক"
" চমৎকার! শায়ের সাহেব! সত্যি ই চমৎকার! মুগ্ধ হলাম !"
" বাহ! বাহ! দারোগা সাহেব দেখি বসে বসে কবিতা শুনছেন, আমিও তো বলি তদন্তের এ হাল কেন।" বলতে বলতেই ঘরে ঢুকল শাহরিয়ার,সাথে মাহিব ও।মাত্রই তারা বাড়ি ফিরেছে।ফজরের আজানের সুর ও রাতের আধার সরিয়ে দিয়ে ভোরের আলো ফোটানো শুরু করেছে। শাহরিয়ার কে দেখে চোখ-মুখে আষাঢ়ের মেঘ জমে গেল দারোগা সাহেবের।অতীতের অপমান অতি কষ্টে হজম করে বললেন,
" আমি কবির জিজ্ঞাসাবাদ করছিলাম।কবি তো তাই কবিতা শুনিয়ে দিল।" বলেই জোরপূর্বক হাসার চেষ্টা করলেন।
শাহরিয়ার তার মুখ খুলে কয়টা গাল মন্দ করতেই নিবে সে সতর্কবার্তা বুঝেই সাথে সাথে দারোগা তাকে থামিয়ে দিয়ে বললেন,
" আমি দারোগা।কোনো আলাদিনের দৈত্য নই যে মাত্র দুই তিন দিনে আপনার সামনে অপরাধী জাদু মন্তর ছুঁ বলে হাজির করব। তদন্ত যত আগাচ্ছে তত এক এক দিন এক এক কারিশমা দেখছি বাড়িতে।আপনাদের বলেছিলাম আমাকে আপনাদের সন্দেহজনক, বা ব্যবসায়ী যারা প্রতিদ্বন্দ্বী আছে সকলের একটা লিস্ট দিতে কিন্তু তাতে অবহেলা আপনারাই করছেন।আর যদি মনে হয় আমি যোগ্য না আমি এখনই বেড়িয়ে যাচ্ছি শাহরিয়ার সাহেব।আপনি নিজেই একরাতে বের করুন।"
দারোগার মুখে এমন আগুনের ঝলকানি দেখে যেন ঝলকে গেল শাহরিয়ার। এর প্রভাব এতোটাই যে সে একটা টু শব্দ ও করল না। চুপচাপ চলে গেল আর পেছনে ফেলে গেল চারটা হতভম্ব মুখয়বব। দারোগা,শায়ের,মেহের আর মাহিবের চোখ যেন অবিশ্বাস্য এক রুপ দেখল আজকে শাহরিয়ারের।
আসমার লাশ ঘিরে যখন পুরো উঠোনে কানাগুসা আর আতঙ্কের থমথমে মেঘ জমছে, ঠিক তখনই মূল ফটকের বাইরে থেকে ভেসে এল ঢোলকের ছন্দময় আওয়াজ আর হাতের তালির বিকট শব্দ।
এই ভোরবেলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বিরক্তিতে মুখ বাঁকালেন লুৎফুন্নেসা। দারোগার বিষাক্ত জেরায় এমনিতেই তার মাথা ঝিমঝিম করছিল, তার ওপর এখন এই অসময়ে কিসের উপদ্রব?
ফটক পেরিয়ে একে একে উঠোনে এসে ঢুকল বৃহন্নলাদের এক দল। তাদের পরনে বাসন্তী আর লাল রঙের গাঢ় শাড়ি, চোখে মোটা কাজলের টান, আর হাতে বাদ্যযন্ত্র। পুরো মজুমদার বাড়ির শোক আর ভয়ের আবহাওয়া এক মুহূর্তে তছনছ করে সবার সামনে ভারী পদক্ষেপে হেঁটে এলেন এক দীর্ঘাঙ্গী প্রবীণা—‘গুলজার গুরুমা’। তাঁর গলায় রুপোর ভারী মাদুলি, চোখে গম্ভীর অভিজ্ঞতা। আর তাঁর ঠিক পেছনে ঢোলকে কাঠি ঠুকতে ঠুকতে তীক্ষ্ণ চোখে অন্দরমহল পরখ করে নিচ্ছিল বিজলী।
"হায় রে কর্তাবাবু! একি অলক্ষ্মী দানা বাঁধল এই রাজপ্রাসাদে!" দুই হাত উঁচিয়ে বিকট শব্দে তালি বাজিয়ে উঠে দাঁড়ালেন গুলজার গুরুমা। তাঁর গমগমে কণ্ঠস্বর পুরো উঠোনে প্রতিধ্বনি তুলল।" অভিশাপ! অভিশাপ! অভিশাপ লাগছে আমাগো! আগের বার আমাগে দূর ছাই করছিলেন এর অভিশাপ লাগছে এ বাড়িতে!"
লুৎফুন্নেসা রাগে গজগজ করে ধমকে উঠলেন, "মুখ সামলে কথা বল গুলজার! বাড়িতে খুনের কিনারা হচ্ছে না, আর তোরা নাচ-গান করে শকুনের মতো শোক কুড়াতে এসেছিস? গুলফা এদের এখন ই বিদায় কর তো!"
বিজলী ঢোলকের তালে এক চক্কর ঘুরে ঠিক লুৎফুন্নেসার একদম কাছাকাছি ঘেঁষে দাঁড়াল। তার চটপটে চোখের তারায় অদ্ভুত এক চাতুরী। বিষাক্ত মিষ্টি গলায় বলল, "ও বড় বেগম সাহেবা, তাড়িয়ে দিলেই কি পাপ পিছু ছাড়ে?"
বিজলীর কথা শুনে লুৎফুন্নেসার গায়ের লোম খাড়া হয়ে গেল। বুকটা ধক করে উঠল তাঁর।এই নাচিয়ে-গাইয়ের দল কি তবে কোনো গোপন খবর জানে? নাকি আসমার আত্মাই ভর করল এদের মুখে?
দারোগা মোজাম্মেল হাঁটু গেড়ে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে গুলজার গুরুমার সামনে এসে পথ আগলে দাঁড়ালেন। "গুরুমা, এখানে জোড়া খুনের তদন্ত চলছে। অন্দরমহলে পুলিশি কাজে ঢোল পিটিয়ে হট্টগোল করা চলবে না। তোমারা সোজা কেটে পড়ো!"
গুলজার গুরুমা মোজাম্মেলের দিকে ঘুরে এক চিলতে রহস্যময় হাসি হাসলেন, "দারোগা বাবু! বেশি কথা বলো না। আমাদের অভিশাপ লাগিলে পরের বার নদীতে তোমার লাশ ভাসিবে।"
" কি! কি ভয়াবহ হুমকি!"
" চুপ করে আমাদের কিছু চাল-ডাল দাও আর কিছু পয়সা-পাতি দিয়ে দাও তামাশা না করে চলে যাই।" বলেই মুচকি হাসলেন গুলজার বেগম।" তারপর লুৎফুন্নেসার দিকে তাকিয়ে বললেন,"তুমি কিছু দিবে না বড় বেগমা?"
" ওরে আমি নিজেই তো পথে বসে যাচ্ছি রে! উল্টো তোরা আমায় কিছু চাল-ডাল দিয়ে যা,দুদিন পর যাতে সিদ্ধ করে খেতে পারি। আমার সিন্দুকটাও ডাকাতি হয়ে গেল।" বলেই বিলাপ করতে শুরু করলেন।
বিজলী কাছে এসে তার কোমরে গুজে রাখা একটা ছোট শিশি বের করে লুৎফুন্নেসার কোমরে গুঁজে দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল,"আপনার জিনিস নিয়ে আইসি বেগমা,আর কাইন্দেন না।"
লুৎফুন্নেসা খুশিতে গদগদ হয়ে বলল," সত্যিই তুই কানা বাবার পানিপোড়া নিয়ে আসছিস বিজলী? এটা খেলে সত্যিই আমার সিন্দুক আমার কাছে চলে আসবে তো?"
" দৌড়ায় আসবে।" বলেই ঠোঁট বাকিয়ে হাসল বিজলী।
লুৎফুন্নেসা দারোগার চোখ ফাঁকি দিতে দ্রুত ঘরের দিকে ছুটলেন।
এই হট্টগোলের মাঝে ঘর থেকে বেরিয়ে এল শায়ের। ব্যথায় শরীর কুঁকড়ে গেলেও তার চোখ জোড়া ছিল সতর্ক। বিজলীর নজর সবার আড়াল দিয়ে এবার শায়েরের চোখের ওপর গিয়ে থামল। শায়েরকে উপর থেকে নীচ অবধি চোখ বুলিয়ে বলে উঠল,
" এ আবার কোন মেহমান? শহরের বাবু নাকি?"
বলতে বলতেই শায়েরের খুব কাছে চলে এল। ঘাড়ের ব্যান্ডেজটা দেখে বলল,
" আহহা! কি হইসে এই বাবুর?"
"একটু আঘাত পেয়েছি। তেমন কিছু না।"
"আহারে থাক আমি দোয়া কইরা দিতাছি। সব দূষণ দূর হইয় যাইব।" বলেই মাথায় হাত বুলিয়ে দিতে লাগল বিজলী। এর ফাঁকে অতি সূক্ষ্ম ও চটজলদি এক ইশারায় বিজলী তার শাড়ির আঁচলের কোণাটা চেপে ধরে একটু নাড়াল—এটি তাদের নিজস্ব সাংকেতিক ভাষা। এর বার্তা পরিষ্কার—"প্রেস তৈরি, বাইরের চরে পুলিশ কম, কাগজ ছাপা শুরু হবে।"
চলবে।
