#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
২০.
®রোজা রহমান নাঈমা
‘
১ এপ্রিল, ২০১৩;
ফজরের নামাজ পর জাকিয়া খুব যত্ন করে রান্না-বান্নার আয়োজন শুরু করেছেন। আজ তার ছোট মানিক অর্থাৎ শিশিরের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। ছেলেকে যত্ন করে খাইয়ে পরীক্ষার হলে পাঠাবেন না? ছেলেটা যে তাঁর দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে!
আজ থেকে বারো বছর আগে জানুয়ারি মাসের কনকনে শীতের সকালে উঠে রান্না করে ছোট মানিককে নিজ হাতে খাইয়ে স্কুল ড্রেসে পরিপাটি রূপে তৈরি করিয়ে ছুটেছিলেন তিনি ছেলের স্কুলে। দিনটা ছিল তার ছোট মানিকের স্কুল জীবন শুরুর দিন। মায়ের হাত ধরে স্কুল জীবনে পা রাখা ছেলেটি আজ ভবিষ্যৎ গড়তে এগিয়ে যাচ্ছে। কলেজ জীবনও শেষ করতে যাচ্ছে।
সকালে ডাইনিং টেবিলে সকালের খাবার খেতে বসেছেন জাকির মালিথা ও বাড়ির ছোট সদস্যগুলো। শিশিরের আজ থেকে পরীক্ষা শুরু সে-সব নিয়েই শিশিরের সাথে কথা বলছেন৷ পরীক্ষা কেন্দ্র নিয়ে, সবকিছু ঠিকঠাক করে রেখেছে কিনা, কোনো অসুবিধা হবে কিনা ইত্যাদি বিষয়ে কথা হলো। শিশিরের সঙ্গে যাবে নীহার। তাই নীহার জাকির মালিথাকে বলল,
“ বড় চাচু, নো ওয়ারিজ, আছি তো আমি। ওখানেই থাকব। সমস্যা হলে সামলে নেব, ইং শা আল্লাহ।”
“ ইং শা আল্লাহ!”
শিশিরের মুখটা দেখার মতো হলো। বাবা-মা এমন ভাবে বলছেন আর এমন ভাব করছেন যেন সে ছোটটি বাচ্চা। কুয়াশা খাবার চিবাতে চিবাতে শিশিরের দিকে তাকাল। শিশিরের অপর পাশে সামনের চেয়ারটি কুয়াশার। শিশিরকে বাচ্চাদের মতো সকলকে ট্রিট করা দেখে কুয়াশা নাক ছিঁটকিয়ে খাবার খাচ্ছে। ব্যাপারটা এমন— খুবই বাজে শোনাচ্ছে কথাগুলো তার কাছে। এখন শিশিরের মুখের অবস্থা বুঝতে পেরে খোঁচা মেরে সুর ধরার মতো করে বলল,
“ খোকা…বাবুটায়ায়া…”
কথাটা খাবার খেতে খেতে এতটাই ভাবলেশহীনে বলল যে, কাকে উদ্দেশ্য করে বলল বোঝা গেল না। মুখে এখনও তার পরোটা। ভ্রু বাঁকা করে খাবারের দিকে তাকিয়েছে কথাটা বলেছে। সবাইকে বিহ্বল করার উদ্দেশ্য তার। কিন্তু কুয়াশা সবাইকে বিহ্বল করতে চাইলেও, শিয়াল পণ্ডিত শিশির তে আর বিহ্বল হতে পারে না? খোকা বাবু কথাটা যে তাকেই উদ্দেশ্য করে বলা হলো এটা সে বুঝে গেছে। নীহারও মনে হয় ধরতে পারল কথাটা। তাই সে মাথাটা সামান্য কাত করে শিশিরের দিকে তাকাল। তার দম ফাটা হাসি এলো। হাসতে পারল না বলে বড় আফসোসও দেখা গেল৷ বড় চাচু আছে তাই সে চরম ভদ্র এখন। তার সঙ্গে সঙ্গে এই দুটোও এখন চরম ভদ্র হওয়ার ভাণ ধরে থাকবে।
শিশির মুখ ভরতি করা খাবার নিয়েই কুয়াশার দিকে চোয়াল শক্ত করে কটমটিয়ে তাকাল। মনটা তো ভীষণ করে চাইল মুখের খাবারের মতো করে কুয়াশাকেও চিবিয়ে খেতে কিন্তু, তা তো সম্ভব না! তবে যেটা সম্ভব ছিল, সেটাও বাবার সামনে সম্ভব না। ফলস্বরূপ তাকে কুয়াশার কথাটা মুখ ভরতি খাবারের সঙ্গে চিবিয়ে খেতে হলো। জাকির মালিথা না থাকলে এখানে যে একচোট ফাটাফাটি হয়ে যেত, তা আর বুঝতে বাকি থাকল না। তাই খাবার টেবিলটা গরম হলেও শান্ত রইল।
খাওয়া শেষ করে শিশির পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে লিভিংয়েই সবার থেকে দোয়া ও বিদায় নিতে সালাম করল। কুয়াশাও আছে অবশ্য। তবে তাকে সবার মাঝে নয়, সোফায় টিভি দেখতে ব্যস্ত দেখা গেল। শিশিরকে বিদায় দেয়ার আগ্রহ না দেখা গেলেও তার উপস্থিতি ঠিকই আছে। বাবার থেকে দোয়া নিয়ে শিশির তখন জাকিয়ার সামনে গিয়ে বলল,
“ আসসালামু আলাইকুম, আম্মু, অনেক দোয়া দাও!”
জাকিয়া সন্তুষ্টিতে মৃদু হেসে সালামের জবাব দিলেন। শিশিরের ডান গালে পরম আদরে হাত রেখে মাথাটা ঝুঁকিয়ে নিয়ে ছেলের কপালে চুমু দিলেন। ভীষণ সুন্দর লাগল দৃশ্যটা। শিশিরও মৃদু হাসল মায়ের আদরে। লম্বা ছেলেটাকে ঝুঁকতে হয়েছে মায়ের সামনে। এতেও দৃশ্যটা সুন্দর দেখাল। জাকিয়া চুমু খেয়ে মুখ তুলে আবার সামান্য হেসে শিশিরের মাথার চুলে হাত বুলালেন। মাথার ওপর হাতটা স্থির রেখে কিছু বলবেন ঠিক তখন কুয়াশা বলে বসল,
“ যা খোকা, জিলে আপনা জিন্দেগী।”
কথাটা সবাই শুনল। কুয়াশার দিকে তাকিয়েছেও সকলে। অন্যদিকে কুয়াশার নজর তখনও টিভিতে। শিশির ঘুরে আঁড়চোখ করে কুয়াশার দিকে তাকাল। এই তাকানোর বর্ণনা করতে গেলেও শব্দ কম পড়বে। পরীক্ষা দিতে যাওয়ার আগেও যে তার মনটা চাইল কুয়াশাকে তুলে খ্যাঁক করে আছাড়টা মেরে যেতে, এ মনের কী করবে শিশির? ফরজ কাজটা কি আজ সেরেই ফেলবে?
জাকিয়া হেসে ফেলে বললেন,
“ সবকিছু ভালো হবে, মানিক। টেনশন ছাড়া পরীক্ষা কেন্দ্রে ঢুকো। দোয়া থাকবে সবসময়। আর হ্যাঁ, জিলে আপনা জিন্দেগী।”
“আম্মু….!”
নীহাররা আর হাসি আঁটকাতে পারল না। জাকিয়া, জাকির মালিথা সহ সকলে সশব্দে হেসে ফেলেছে। কুয়াশার হাসির প্রতিধ্বনি হচ্ছে। শিশির মুখটা প্যাঁচার মতো করে ফেলল তখন। সবাই মজা লুটছে ওই একটা কুয়াশার জন্য।
মেজো আম্মু আম্বিয়া, ছোট আম্মু আজমীরা, ছোট হীম এবং সবার থেকে বিদায় নেয়া শেষ করে শিশির বেরিয়ে যাওয়ার আগমুহূর্তে যে ফরজ কাজটা করল, সেটা হলো— সোফায় বসে থাকা কুয়াশার মাথার ওপর ফাইলটা দিয়ে বেশ জোরেই একটা বাড়ি বসাল এবং, দাঁত-দাঁত এঁটে মুখে বলল,
“ গোবর ঠাসা!”
কুয়াশা আহ্ শব্দে ঘুরে তাকাল পেছনে থাকা শিশিরের মুখের দিকে। মাথাটা উপরে তুলে চোখমুখ কুঁচকে মাথাটা ডলার সময় শিশির একপলক ওকে দেখে পা চালাল সোজা বাইরের উদ্দেশ্যে। কিছু বলল না, অথচ মনে হলো কুয়াশার থেকেও বিদায়টা নিয়েই গেল সে পরীক্ষা কেন্দ্রে। হয়তো তার বংশের একজন সদস্য হিসাবে ধরে!
শিশিরের চলে যাবার পানে মাথা ধরে কুয়াশা তখনও তাকিয়ে আছে। যখন শিশির তার দৃষ্টি গোচরের বাইরে অদৃশ্য হয়ে গেল, তখন সে মুখটা ঝামটা মেরে বলল,
“ ইবলিশ শয়তান!”
.
একজনকে ভালোবাসলেই যে অপরজনকে ভালো বাসতে হবে এমন ধরাবাঁধা নিয়ম-নীতি নেই, তেমনই সেই প্রত্যাখ্যান মানতে না পেরে আত্মহত্যা করাও কোনো সমাধানের মাঝে পড়ে বলে ধরা যায় না। অন্বেষা মানসিক বিকারগ্রস্ত, এটা সম্পূর্ণ তার পরিবার কেন্দ্রিক সমস্যা।
অন্বেষার পরিবারের জন্য তার মাঝে যে-সব চাইল্ডহুড ট্রমা ও স্ট্রেস কাজ করে, তা থেকে সে তার ভবিষ্যত নিয়ে যে চরম অনিশ্চয়তা, অবিশ্বাস, উদ্বেগে থাকে বোঝা যায়। এসব মানসিক চিন্তা ও নিরাপত্তাহীনতার কারণে সবসময় একটা জিনিস ভাবতে বাধ্য হয়, তাকে ভালো থাকতে হবে এবং ভালো থাকার পথ খুঁজতে হবে। সেটার জন্য তাকে জীবনসঙ্গী ভালো বাছাই করতে হবে। আর সেই জীবনসঙ্গী বাছাই করতে গিয়ে অন্বেষা বিভিন্ন ছেলে সঙ্গ গ্রহণ করে থাকে।
অন্বেষার চাইল্ডহুড এক্সপোজার টু ডোমেস্টিক ভায়োলেন্স থেকে তার এসব মানসিক সমস্যা হওয়াটা স্বাভাবিক বৈকি। সন্তান বাবা-মায়ের ঝগড়া, গায়ে হাত তোলা বা নির্যাতন দেখে কিংবা শুনে বড় হলে এমন সব ভয়ঙ্কর স্ট্রেস, ট্রমার শিকার হয়ে যায়৷ অন্বেষা সরাসরি নির্যাতনের শিকার না হলেও সেই অভিজ্ঞতা তার ওপর বাজেভাবে প্রভাব ফেলেছে। ফলস্বরূপ জীবনসঙ্গী নিয়ে তার মাঝে চরম দ্বন্দ্ব কাজ করে।
দ্বন্দ্ব কাটাতে গিয়ে সে দেখা পেয়েছিল শিশিরের৷ এসএসসির পর কলেজ জীবন তাকে ছেলে সঙ্গর মাঝে ডুবিয়ে দিলেও, সে-সব ছেলেদের মাঝে শিশিরকে তার সম্পূর্ণ আলাদা লেগেছিল। এবং তার অনিশ্চয়তা, অবিশ্বাস, উদ্বেগ কাটাতে যেমনটা প্রয়োজন ছিল ঠিক তেমনই সে শিশিরকে দেখেছিল। শিশির মেয়ে সঙ্গ খুব একটা রাখতো না। রাখলেও ঘেঁষাঘেঁষি তার অপছন্দ। এমন নয় যে শিশিরের সমস্যা আছে। আসল সমস্যাটা ছিল অন্বেষার মতো মেয়েদের নিয়ে। এটা অন্বেষা শুরুতে ধরতে না পারলেও পরে ধরতে পারে। এবং অন্বেষা খুশি হয়। কেননা অন্বেষাকে শিশির অপছন্দ করলেও কখনো অসম্মান করেনি। আর শিশিরের মাঝে মেয়েদের জন্য অতিরিক্ত সম্মানবোধ অন্বেষা টের পেয়েছিল। এমন অনেক কারণ অন্বেষা শিশিরের মাঝে দেখেছিল যা, তার বাহ্যিক সৌন্দর্য দ্বারা ক্রাশ ব্যাপারটা ছাপিয়ে, লাভ অ্যান্ড অ্যাট্রাকশনে নিয়ে গিয়েছিল। অথচ অন্বেষা জানতো শিশিরের মনমতো নয় সে। শিশিরের থেকে সে এসবের কিছুই পাবে না। তবুও কীভাবে কীভাবে শিশির তার তীব্র চাহিদা, আকর্ষণ, মোহ হয়ে উঠল।
মনোবিজ্ঞানের ভাষায়, অন্বেষার অনুভূতিকে লিমেরেন্সের কাছাকাছি বলা যায়— যেখানে একজন মানুষ আরেকজনের প্রতি এমন তীব্র আকর্ষণে আচ্ছন্ন হয়ে পড়ে যে, তার মনোযোগ, স্বীকৃতি ও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ক্রমে নিজের মানসিক জগতের কেন্দ্রে পরিণত হয়। অথচ শিশিরের কাছে সে কেবলই একজন বন্ধু ছিল। তাদের দুজনের অনুভূতির মধ্যে ব্যবধানটা এখানেই— অন্বেষা যেখানে একটি সম্ভাব্য সম্পর্কের ভবিষ্যৎ কল্পনা করেছিল, শিশির সেখানে তেমন কোনো কিছুই কল্পনা করেনি। একই বন্ধুত্ব তাদের কাছে একই অর্থ বহন করেনি।
শিশিরের মনে হয়তো কোনো ভাবে অন্বেষার জন্য সামান্য হলেও মায়া তৈরি করেছে, বন্ধুত্বের মূল্য রেখেছে। কিন্তু মায়া আর রোমান্টিক আকর্ষণ এক নয়। কাউকে বন্ধু বলে স্বীকার করা এবং তাকে নিজের ভালোবাসার মানুষ হিসেবে চাওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন অনুভূতি। এখানে শিশিরের ক্ষেত্রে আনরিকোয়াইটেড লাভ অর্থাৎ অপ্রতিদানপ্রাপ্ত ভালোবাসা এই সাইকোলজিক্যাল টার্মটি প্রাসঙ্গিক হতে পারে।
আর সবচেয়ে কঠিন সত্যটা হয়তো এটাই— কখনো কখনো দুজন মানুষ মধ্যে কোনো অপরাধী থাকে না; থাকে শুধু অনুভূতির অসমতা।
শিশিরের পাশে অন্বেষা বসে আছে। অদূরে কোথাও দৃষ্টি তার। আজ প্রথম পরীক্ষা কীভাবে দিয়েছে অন্বেষা জানেনা। বাঁ-হাতের কব্জার কাছে ব্যান্ডেজ। পরীক্ষা বাতিল করার কথা ছিল তার পরিবারের কিন্তু, অন্বেষা জিদ নিয়ে পরীক্ষা দিতে চেয়েছে। তার শারীরিক ক্ষয়কে সে স্বীকার করেনি। মানসিক অবস্থাকে সে মূল্য দেয়নি। নিজের প্রতি টান তার কোনো কালেই ছিল না। থাকবে কী করে? সেই টানটা বুঝতে তো তাকে শেখানো হয়নি!
শিশির পরীক্ষা শেষে অন্বেষার সাথে দেখা করার চিন্তাভাবনা রাতেই করে রেখেছিল। যখন নীহার তাকে আশ্বস্ত করেছিল সে কোনো অপরাধী নয়। অন্বেষা অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিতে এসেছে ব্যাপারটা খারাপ হলেও, শিশির অনুচিত বলে মনে করেনি। একটা বছরকে পিছে রাখলে অন্বেষা আরো মানসিক ট্রমায় পড়তো। নিজের ভুল অথবা নিজের ত্রুটি ভেবে মানসিক যন্ত্রণায় ভুগতো বলেই মনে হয়েছে।
অন্বেষা কোনো কথা বলেনি এই অবধি। জড়ো বস্তুর মতো বসে আছে। পরীক্ষা শেষে শিশির ওর সামনে দাঁড়িয়ে আলগোছে হাঁতটা ধরে নিয়ে বলেছিল,
“ চল, কথা আছে।”
কথা আছে কথাটা বললেও, এখনও শিশির কথা বলেনি। তারা বসে আছে গড়াই নদীর সামনে একটি বট গাছের নিচে। শান্ত পরিবেশে শুধু নদীর পানির কলকলানি আওয়াজ। কাছে-দূরে ইঞ্জিন চালিত নৌকা ভটভট আওয়াজ তুলে চলে যাচ্ছে।
শিশির কতক্ষণ পর অন্বেষার দিকে না তাকিয়ে বলল,
“ বন্ধুত্বের সম্পর্ককে যদি মূল্য দিতে পারিস, তবে কথা দিতে পারি ভালো একজন বন্ধুু হবার সুযোগ তুই পাচ্ছিস শিশিরের থেকে।”
থামে শিশির। অন্বেষা কোনো কথা বলল না। প্রতিক্রিয়াও দেখাল না। মুখটা শুকিয়ে আছে। শিশির পুনরায় বলল,
“ প্রেম-ভালোবাসার সম্পর্কের বাইরেও অনেক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব। সেই সম্ভবটাকে যদি তুই অসম্ভব মনে করিস, তবে শিশির আজ থেকে তোর কাছে অসম্ভব।”
অন্বেষা এবারও কোনো প্রতিক্রিয়া দেখাল না। সেদিন যেমন শিশির শুনছিল আর অন্বেষা বলছিল, আজ তেমন শিশির বলছে অন্বেষা শুনছে। শিশির কিছুটা থেমে বলে,
“ তোর ফ্যামিলি সম্পর্কে কিছু বলার নেই আমার। সান্ত্বনাও দেয়ার মতো কিছু নেই। কেননা তোর এত বছরের ট্রমা আমার সামান্য সান্ত্বনায় কেটে যাবে না। তবে আমি চাই তোর ট্রমা কাটুক। ফ্যামিলি ইম্পর্ট্যান্ট এসবে। যেহেতু তোর নেই, আমি তোকে সাহায্য করব৷ তুই যদি মনে করিস আমার সঙ্গ বন্ধুত্ব হিসেবে পেয়ে তুই জিততে পারবি, শিশির তোর জন্য ভালো বন্ধু হয়ে উঠবে। শিশির অপছন্দকে পছন্দের তালিকায় রাখতে পারবে ঠিক, তবে বন্ধুত্ব শিশিরের মতোই করতে হবে। আমার ফ্যামিলির সঙ্গে মেশার সুযোগ করে দেব, হয়তো তোর ধারণা একটু হলেও পাল্টাতে পারে।”
শিশির পুনরায় থামল। অন্বেষার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল,
“ অন্বেষা, তোকে সেদিন যা বলতে চেয়েছি তুই শুনতে চাসনি। আজ বলার প্রয়োজনও নেই। কারণ তুই সেটাই ঘটিয়েছিস৷ এরপর তোর সাথে আমার আজ বসার কথা ছিল না। তবে বসলাম কেন? মানুষের ভুল শুধরে নেয়ার সুযোগ দেয়া উচিত বলে শিক্ষা আছে আমার মাঝে। সুইসাইড কোনো সমাধান হতে পারেনা। তোকে আমি রোমান্টিক কোনো অনুভূতির মাঝে আনতে পারব না, এটা তুই জেনেও এগিয়েছিস। এখানে দোষী তুই হলেও, দোষ তোর নেই। স্বাভাবিক। আমাকে ভালোবাসিস এর প্রতিদান আমি তোকে বন্ধুত্বটা দিতে পারব। এর বাইরে তোর প্রতি কোনো ফিলিংস আসবে এমন ধারণা নিয়ে থাকলে ঠকে যাবি। চরম বাজেভাবে।”
শিশিরের কথার মাঝে কোনো ভণিতা নেই। শুরুটাই করেছে সে ঝরঝরে কথায়৷ একটু দম নিয়ে বলল,
“ আমি ‘ভবিষ্যতে আসতে পারে’ কথাটাকে বিশ্বাস করিনা। আসার হলে চলে আসবে। প্রকাশ্যে হোক, আর অপ্রকাশ্যে। বুঝতে দেরি করলেও তা অস্বীকার করার অবকাশ থাকবে না।”
শিশির থেমে যায়। অন্বেষার ভেতর যে ঝড় বইছে তা নিয়ে সে দিব্যি বসে আছে। যেন কঠিন শীলা। পাতলা শরীরটা আজ আরও শুকনো লাগছে। চুলগুলো এলোমেলো করে পাঞ্চ ক্লিপ দিয়ে আঁটা। কলেজ ড্রেসে বসে আছে। শিশির কী বোঝাতে চাইছে সবই বোঝা হয়ে গেছে। এর বাইরে তার আর না থাকে চাওয়া, আর না থাকে কথা। থাকে শুধু সিদ্ধান্ত গ্রহণ করা। আর সেটা শিশিরের বন্ধুত্বের প্রস্তাবটা গ্রহণ করা। শিশির তাকে আরো একবার বন্ধু হতে সুযোগ দিচ্ছে। দয়া করছে তাকে!
অন্বেষা অদূরে অনুভূতিশূন্য দৃষ্টিতে চেয়ে থেকে তাচ্ছিল্যের হাসি ঠোঁট এনে স্মিত আওয়াজে বলল,
“ শেক্সপিয়ার বলেছিলেন— ‘অ্যা বয় অ্যান্ড অ্যা গার্ল ক্যান নেভার বি জাস্ট ফ্রেন্ডস৷’ অর্থাৎ একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না।”
…
২ মে, ২০১৩;
শিশিরের পরীক্ষা যেমন মাঝামাঝি চলে এসেছে তেমনই কুয়াশার প্রথম সাময়িক পরীক্ষা ঘনিয়ে এসেছে। কুয়াশার পরীক্ষা ৪ তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ আগামী পরশুদিন থেকে। কুয়াশা বেশ পড়াশোনায় মগ্ন থাকে। শিশিরও পরীক্ষা দিতে ব্যস্ত। পরীক্ষা পাশাপাশি যতটুকু সময় তার অসময় থাকে সেই অসময়টা সে কুয়াশার পেছনে খরচ করে। কুয়াশার তো আর অসময় নেই যে, শিশিরের পেছনে খরচ করবে! সে আবার চরম ব্যস্ত নাগরিক।
গতকাল শিশিরের সাথে সে প্রয়োজনে কথা বলতে গেছিল। তার প্রয়োজন ব্যাপারটা শিশিরের হজম হয়নি। দুটো এতটাই নাক ছিঁটকানো পাবলিক যে একে অপরের প্রয়োজন শুনলেও হতবাক হয়৷ কারণ একটাই, তাদের একে অপরের কাছে কোনো প্রয়োজন থাকে না। যা থাকে তা অপ্রয়োজনীয় ব্যাপার। তবে কুয়াশার প্রয়োজন হয়েছিল গতকাল। সে লিভিংয়ের সোভায় চিৎপটাং হয়ে শুয়ে থাকা শিশিরের ডানপাশের সোফায় গিয়ে বসে। এরপর আলগোছে শিশিরকে জিজ্ঞেস করে,
“ তুমি কিন্তু আজও বললে না, রুহানি আপা কীভাবে পুড়েছিল? বলাতে তোমার সমস্যা কোথায় বলবে? আপাকে আমার ভালো লেগেছে, অথচ আপার ব্যাপারে এটা জানতে পারব না?”
শিশির টিভির রিমোট গুঁতাচ্ছিল। ভাবলেশহীন ভাবে কুয়াশার প্রশ্নের জবাবে বলে,
“ জানার বয়স হয়নি তোর এখনো। যেদিন হবে সেদিন জানতে পারবি। এত ঘ্যানঘ্যানাতে হবে না।”
“ তারমানে তুমি বলবে না?”
“ আমার থেকেও জানতে হবে না।”
“ ঠিক! তোমার থেকে জানব না। আমি আপার থেকে জানব৷ এবং আমি আপার সঙ্গে আবার দেখা করব।”
“ লাভ নেই। লস! অযথা টাইম ওয়েস্ট। আপা তোকে জানাবে না। যতক্ষণ না আপা চাইবে।”
“উফ্! সবকিছু এতটা ক্রিটিকাল কেন?”
“ কিছুই ক্রিটিকাল নয়, তুই বানিয়েছিস।”
থেমে ভ্রু কুঁচকে রেখে বলল,
“পড়াশোনা বাদ দিয়ে সারাদিন এসব নিয়ে এত প্যানপ্যানানি কেন তোর?”
“ প্যানপ্যানাচ্ছি আমি?”
“ নয়?”
“ একদমই নয়।”
“ তোর গাল দুটো লাল করি তার আগেই চোখের সামনে থেকে বিদায় হ।”
“ তোকে ছেড়ে দেব আমি?”
ভালো বুঝে এলো কুয়াশা দুটো কথা বলতে, আর তাতেই সব ভালো উবে গেল। তাহলে এরা ভালোভাবে বসে পাঁচটা কথা বলবে কীভাবে? যেখানে কথা বলতে গেলেই লেগে যায়। কুয়াশার তুইতোকারি ব্যাপারটা শিশির সহ্য করে না। চার চারটা বছরের বড়, অথচ কিছুই মনে করে না! ধমকে বলল,
“ খ্যাঁক করে আছাড় দিয়ে তোর সিস্টেমই ডিজেবল করে দেব, যদি আর একবার তুইতোকারি করেছিস!”
“ আহা, কলিজা গো!”
“ সেই কলিজাই তোকে দেখাব।”
“ বেশি…”
“ সমস্যা কোথায় তোদের? একসঙ্গে বসে কথা বলতে পারবি না তো বসিসটা কেন? হ্যাঁ?”
নীহারের কথার জবাবে শিশির বলল,
“ ওটাকে বল। পিরিত জমাতে এসেছিল, সুবিধাবাদী।”
“ তোর সাথে পিরিতির কী আছে আবার?”
পাক্কা অপমান। শিশিরের মুখটা দেখে কুয়াশা পৈশাচিক আনন্দ পেল। নীহারের কথার পিঠে শিশির কিছু বলল না। জানে এখন যত বলবে সব উত্তর নীহারের পক্ষ থেকে আসবে। নীহারের আইএসএসবি এর ফলাফল সপ্তাহখানেকের মাঝে আসার সম্ভাবনা রয়েছে। দিনগুলো নানান ব্যস্ততায় কাটছে তার। মেধার অভিযোগ থাকলেও সে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। কোনো কারণ বসত নীহার নির্বিকার থাকে। সেটা মেধার অজানা।
‘
শনিবার থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হলেও স্কুলে আসতে হয়েছিল কুয়াশাদের। স্কুলের মাঠ দিয়ে কুয়াশারা তিনজন হাঁটছিল, স্মৃতি তখন কুয়াশাকে জিজ্ঞেস করল,
“ শিশির ভাই আজও বলেনি তোকে?”
“ না।”
ছোট উত্তর কুয়াশার। স্মৃতি ঠোঁট কামড়ে ধরে বলল,
“ আমি একটা কথা ভেবেছি, বলি?”
কুয়াশা পথের দিক থেকে চোখ সরিয়ে বলল,
“ বল, শুনি।”
“ আমার মনে হয়েছে, রুহানি আপাকে এসিড ছোড়া হয়েছিল।”
“ কীহ!”
স্মৃতির কথায় একটু বাঁধা পড়েছিল। কুয়াশা আঁতকে উঠল শুনতেই। সঙ্গে ইশাও। ওরা হাঁটার মাঝে থেমে গেল। স্মৃতি এগুলো নিয়ে এত ভাবে যে প্রায় দিন কুয়াশার সাথে সে এগুলো নিয়ে আলোচনা করে। স্মৃতির কোনো ব্যাপার নিয়ে কৌতূহল অতিমাত্রায় কাজ করে। একটা ছোটখাটো ব্যাপারকেও স্মৃতি এড়িয়ে যেতে পারেনা। অতিরিক্ত প্রশ্ন কাজ করে আর মাত্রাতিরক্তি ভাবনা। আজ সে এমন কথা বলল, যা কুয়াশা আগে কখনোই কল্পনা করেনি।
কুয়াশার ধারণা হয়তো রুহানি জন্ম থেকে ওমন, নয়তো আগুনে অথবা গরম পানি জাতীয় কিছুতে পুড়েছিল। এসিড ছোড়ার ব্যাপারে সে ধারণাই করতে পারেনি! ওরা তিনজনই স্তব্ধ হয়ে আছে। মুখের কথা হারিয়েছে। কী বিভৎস ব্যাপার!
…
শশীদের বাড়িটা আমলা বাজার কেন্দ্রিক। তাই বাড়ি থেকে বেরিয়ে হাঁটা পথেই বাজার৷ তার স্কুলটাও হাঁটা পথে পাঁচ-সাত মিনিট লাগে। আশেপাশে গাদাগাদি দোকানপাট। শহরের মতো বড় বড় অট্টালিকা বিল্ডিং না থাকলেও মোটামুটি কয়েক তলার বিল্ডিং দেখা যায়। হাইওয়ের রাস্তা চলে গেছে আমলা বাজারের মাঝ দিয়ে। সবসময় বাস-ট্রাক অন্যান্য গাড়িঘোড়া চলতেই থাকে।
এদিকের অধিকাংশ মানুষজন জীবিকার জন্য শহর খুব একটা চেনে না৷ যা চেনে তা হলো এই আমলা বাজার। এখানেই ছোটখাটো মার্কেট প্লেস থেকে শুরু করে নিত্য জিনিসের দোকানপাট এবং স্কুল কলেজ সবই আছে। তাই অনেকক্ষেত্রে শহরে যাওয়ার প্রয়োজন পড়ে না। অত্যাধুনিক না হলেও আধুনিক অনেক কিছুরই দেখা মেলে। এজন্য শহরের প্রয়োজনটা কমই পড়ে।
শশীরা এমনই স্থানে বড় হচ্ছে। শহরের হাওয়া না লাগাতে পারলেও একেবারে গাঁয়ের হাওয়াও খুব একটা নেই। সমীর সিনহার বড় হওয়াটা একদমই গ্রামে। যেখানে সকাল শুরু হয় মেঠোপথ ধরে কৃষকদের কৃষি কাজে যাবার উদ্দেশ্য আর, রাত নামে কৃষকদের বাড়ি ফেরার তোড়জোড়ে। সকালে যেমন গরু-মহিষের পায়ের ক্ষুরের খটখট ও গাড়ির প্যাঁ-পোঁ শব্দে মুখর হয়, তেমনই সন্ধ্যা আসে। স্নিগ্ধ সেই ধলসা গ্রাম ছেড়ে সমীর সিনহা বউ-বাচ্চার জন্য আমলাতে বসবাস গড়েছিলেন। শশীররা সেই স্নিগ্ধ গ্রাম দেখে বড় হবার সুযোগ পায়নি। তারা দেখেছে আমলা বাজারের গাদাগাদি মানুষজন আর ভুরিভুরি গাড়িঘোড়া।
শশীর প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। পরীক্ষা শেষ করে স্কুল থেকে দুপুর দু’টোর দিকে বাড়ি ফেরার পথে বন্ধু-বান্ধবীদের সাথে গল্পে ডুবেছে সে। বন্ধুরা পেছনে আর ওরা সামনে। রাস্তার পাশ দিয়ে ওরা হেঁটে যাচ্ছে আর, তাদের পাশ দিয়ে অসংখ্য গাড়ির যাতায়াত। শশীর একজন ভালো বন্ধবী সিনথিয়া বলল,
“ তুই তো আজও দেখালি না সেই ছবিটা, শশী?”
শশীর বান্ধবীদের মাঝে প্রায় সকলে জানে শশী একজন ছেলেকে ভীষণ পছন্দ করে এবং তার স্কেচও সে আর্ট করেছে অ্যাক্রেলিক রঙে। এবং ছেলেটির নাম তাদের কাছে বাজপাখি বলে খ্যাত। কিন্তু তাকে আজও শশী দেখায়নি। এমনকি জীবনেও দেখাবে না বলে প্রতিজ্ঞা করে রেখেছে। তবে বান্ধবীরা শশীর মতোই পাকনি দেখা যায়। প্রায় রোজই শশীকে প্রশ্নটা করা হয়। এমনকি শশীর বাড়িতে গিয়ে হামলা করারও হুমকি-ধামকি দেয়া হয়। শশী টলে না। সে সাফ জানিয়েছে,
“ যার ছবি হৃদয়ে থাকে, তার দেখা কখনো মেলে না রে।”
শশীর কথাবার্তা একজন বিশ বছর বয়সী যুবতীকেও হার মানিয়ে ফেলতে সক্ষম। শশীর বান্ধবীগুলোও শশীর কথাটাকে ভীষণ গভীরভাবে নিতে জানে। তাই সেই কথার প্রেক্ষিতে তারাও সুর ধরে বলে,
“ উফ্! লাভ অ্যান্ড অ্যাট্রাকশন?”
শশী লজ্জায় মরে। কেন লজ্জা পায় কে জানে! সে কল্পনাপ্রবণ হয়ে পড়ে। সেখানে শুধু একটি পুরুষ আর একটি পুরুষ থাকে। তার চোখ, নাক, ঠোঁট, চুল, জিম করার দৃশ্য সব, সবকিছু শশীর গভীরভাবে মনে পড়ে। আঁটকে যায় সেই উষ্ণ গাঢ় বাদামী চোখে। যেটার তীক্ষ্ণতার মাত্রা এতটাই যে ওই চোখজোড়া একবার তাকে দেখলে পুরো সর্বাঙ্গে কম্পন তোলে। শশী কিশোরী। সেই কম্পনের গভীর ব্যাখ্যা আজও মেলাতে পারেনি। শুধু সেটা অনুভব করতে পারে। তার ওই অনুভূতিতে তলপেটে ভীষণ বাজেভাবে শিরশির করে ওঠে। শিউরে ওঠে তার পুরো লোমকূপ। শশী প্রতিরাতে পুরুষটির নজরে ডুবে ঘুমের দেশে যায়। কল্পনা করে দেখে একদিন ওই অসামান্য পুরুষটি তার হবে। তার, এবং তার একচ্ছত্র।
শশী বাড়ি ফিরে জিনিয়াকে খুঁজে ফেরে। তার একটাই কাজ হয়েছে এখন, উঠতে-বসতে মায়ের কানের কাছে ঘ্যানঘ্যান করা,
“ আম্মু, আমি খালামণিদের বাড়ি যাব।”
শশী আজও জিনিয়াকে খুঁজে বের করল। জিনিয়া বাড়ির পেছনে পাঁচিলের ওপাশে বাগান পরিষ্কার করছিলেন। বিল্ডিং বাড়ি হলেও উঠান আছে সিনহা বাড়ির। ছোটখাটো উঠান থেকে পাঁচিলের সাথে একটা ছোট গেইট লাগানো। সেই গেইট দিয়ে বেরিয়ে বাগান। বাগানটা ঘন। সবুজ লতাপাতা ও বিভিন্ন আগাছা জন্মে আছে। শেওলা পরা মাটি গাছের গোড়া। শুকনো পাতার মর্মর শব্দ করছে জিনিয়ার ঝারু দেয়ার শব্দে।
ঘেমে-নেয়ে ওঠা জিনিয়াকে শশী পেছন থেকে ঝাপটে ধরল। মায়ের কাছে ভীষণ আবদারী সে। মনটা খুবই উতলা ও মনমরা দুইয়ের সমন্বয়ে রেখে জিনিয়াকে বলল,
“ আম্মু, চলো না খালামণিদের বাড়ি যাই?”
জিনিয়া রাগ করবেন খুব ভেবেও রাগটা সংবরণ করলেন শশীর নরম আবদারে। কিন্তু চোখমুখ কুঁচকে বললেন,
“ পরীক্ষা দিয়ে এলি না তুই?”
“ হ্যাঁ।”
“ পরীক্ষা চলছে না তোর?”
“ হ্যাঁ, কিন্তু!”
“ কিন্তু কী? পরীক্ষা চলছে, পরীক্ষা দিয়ে এলি তো কোন বিবেকে বলছিস খালামণিদের বাড়ি যাবি? হ্যাঁ?”
শশী মুখটা ভার করে মাকে ইমোশনাল ব্ল্যাকমেইল যেটা দিয়ে করে সেটাই বলল,
“ এক খালামণি ছাড়া আছে কে আমার? যাদের বাড়ি আমি যেতে পারি? নানুর বাড়ি আছে? নাকি মামার বাড়ি আছে? তোমার বাবা-মা তো কোনকালে মরে ভূত হয়েছে, একটা ছেলেও যদি পয়দা করে রেখে যেতে, তাও না হয় মামার বাড়ি যাবার জন্য আবদার করতাম। সেটা তো নেই, তো যাব টা কোথায় আমি?”
জিনিয়া বাবা-মা, ভাই এসব শুনলে নরম হন ঠিক কিন্তু, শশীর পড়াশোনার কাছে কখনো নত হন না। বোনটাই আছে তাঁর থাকার ভেতর। সংসারের চাপ সামলাতে গিয়ে বোনের সাথেও অনেকটা সময় দেখা হয়না। বোনও সংসার রেখে আসতে পারেননা। ফলস্বরূপ বছর যেয়ে বছর আসে তবুও একটা মাত্র বোনের সাথে মুলাকাত হয়না। জিনিয়া বললেন,
“ পরীক্ষা দিয়ে নাও। দেখা যাবে। আর তুমি না কয়েকমাস আগে ঘুরে এলে? আবার এত খালামণিদের বাড়ি যাবার জন্য নাচো কেন?”
শশী তো প্রথম কথা শুনে আনন্দ পেয়েছেই সেই আনন্দে মায়ের শেষ কথার উত্তর বলল,
“ তো যাব না? সেখানে কতকিছু আছে তুমি বুঝবে না।”
শশীর কথায় জিনিয়া ভ্রু কুঁচকান। মেয়েটা আনন্দে নেচে নেচে উঠছে। শশী মায়ের তাকানো দেখে উত্তেজনাকে দমিয়ে বলল,
“ আরে, ওখানে শিশির ভাই, কুয়াশা বুবুন, নীহার ভাই, তুহিন ভাই খালামণিরা কত মানুষ জানো না? ওরা কত সুন্দর একসঙ্গে থাকে দেখেছ? আর আমাদের দেখো! আমার চাচারা তো বাবার সাথে গন্ডগোল করতে উঠেপড়ে থাকে৷ ওদের তা দেখেছ কখনো?”
জিনিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলেন৷ পুনরায় ঝাটা তুলে নিয়ে ঝারু দিতে দিতে বললেন,
“ গোসল করে, দুপুরের খাবার খেয়ে নাও। পরীক্ষা মন দিয়ে না দিলে কোথাও নিয়ে যাব না।”
“ আবার জিগায়! পরীক্ষায় তো আমি ফার্স্ট হব। এরপর খালামণিদের বাড়িতেও যাব৷”
জিনিয়ার গালে টুপ করে চুমু বসিয়ে শশী ছুটল বাড়ির ভেতর। নিজের ঘরে এসে সঙ্গে সঙ্গে গোসলে ঢুকল। পরীক্ষা দেয়ার দিনগুলো তার কাটবে কিনা কে জানে! যেমন-তেমন কেটে গেলেই হলো।
…
বিকেলে প্রাইভেট থেকে বের হয়েছে কুয়াশারা। সঙ্গে আছে রনি। রনির বন্ধু আছে অনেক। তবে অন্যান্য জায়গায়। এখানে প্রাইভেটটা পড়েই শুধু কুয়াশাদের জন্য। তাই কুয়াশারা তিনজন ছাড়া এখন সে একা ছেলে। এতে বেশ হাসিঠাট্টা হয়। তবে রনির যায় আসে না।
কুয়াশাদের পরীক্ষা পরশুদিন থেকে আর আগামীকাল শুক্রবার বলে কুয়াশা রনিকে ডাকল,
“ রনি?”
“ হুঁ?”
রনি যেন উত্তর নেয়ার জন্যই বসে ছিল। সঙ্গে সঙ্গে উত্তর নিল। কুয়াশা বলল,
“ তুমি অপেক্ষায় ছিলে না আমার অনুমতির?”
“ এখনও অপেক্ষায়, কুশু। প্লিজ অনুমতি দাও!”
“ চলো, আজ তোমার গান শুনে মাইন্ড ফ্রেশ করি।”
রনিকে এতটা খুশি হতে দেখা গেল যা প্রকাশ করার মতো ভাষা নেই। তবে ক্ষণিকের মাঝে মন খারাপ করে বলল,
“ বাট, গিটার তো আনিনি আমি? তুমি আমাকে গতকাল বললে আমি আজ গিটার নিয়ে আসতাম।”
“ প্রয়োজন নেই। ওমনই গাও। চলবে।”
রনি রাজি তো হলো, তবে গিটার হলে জমত। ব্যাপার না। ওরা এগিয়ে একটি চায়ের দোকানের সামনে বসল। রনি বসল ওদের তিনজনের সামনে একটি বেঞ্চে৷ এরপর সে নিজের হাতের আঙুল ও তালু দ্বারা কাঠের বেঞ্চে একধরনের বাজনা তুলল। যেটা অসম্ভব সুন্দর শোনাল৷ সেই বাজনাতেই রনি গান শুরু করল,
“ চাইনা মেয়ে তুমি অন্যকারো হও,
পাবে না কেউ তোমাকে তুমি কারো নও
তুমিতো আমারই, জানোনা হো হো হো হো
এ হৃদয় তোমারই..ওহো ওহো ও ও ও
তোমাকে ছাড়া আমি
বুঝিনা কোনো কিছু যে আর
পৃথিবী জেনে যাক, তুমি শুধু আমার……”
গানটি এত সুন্দর করে রনি গাইছে মনেই হচ্ছে না সে শুধু গলাতে গাইছে৷ রনির কণ্ঠ সুন্দর। কুয়াশা সহ আশেপাশে সবাই বৈশাখের পড়ন্ত বিকেলটা উপভোগ করল। আর রনি কুয়াশাকে।
| চলবে |
পাঠকদের বলব একটু বেশি বেশি কমেন্ট করতে। পেইজের ফলোয়ার তড়তড়িয়ে কমছে, এটা কোনো সমস্যার জন্য হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না৷ তবে রিচ পড়ে গেছে। একটু কমেন্ট করেবেন বেশি বেশি ঠিক আছে?
