#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
২১.
®রোজা রহমান নাঈমা
‘
ডিসেম্বর, ২০২১;
সময় ও মহাকালের বহমান প্রবাহে কখনো কোন ছেদ ঘটে না। প্রতি মুহূর্তেই সময় বয়ে চলে সমান তালে। গত দু’দিন সে শুধুমাত্র দুপুরবেলা খেতে পেলেও, আজ একবেলাও তার খাবার জোটেনি। বরং খাবার তার সামনে অবহেলায় পড়ে থেকে সংকীর্ণ কক্ষে শোভা বর্ধন করছে অথচ, সে খেতে পারছে না! বুভুক্ষু সে ভীষণ। চোখজোড়া খাবারের দিকেই যাচ্ছে বারবার৷ এটার চেয়ে কঠিনতম কষ্টদায়ক আর কোনো শারীরিক ও মানসিক যন্ত্রণা হতে পারে? পেটের দায়ে তো মানুষ মানুষকেও খুন করে! তাহলে এ মর্ত্যলোকে এর চেয়ে সাংঘাতিক যন্ত্রণা আর কী হতে পারে?
সে খাবার খেয়েছিল গতকাল দুপুরে, এরপর আর কোনো বেলার খাবার তার খাওয়া হয়নি। অর্থাৎ সে সম্পূর্ণ একটা দিন বুভুক্ষু অবস্থায় রয়েছে। যদিও সময়ের হিসাব তার মস্তিষ্কের করা। এবং গতকাল খেয়ে রাত পার হয়ে গেছে এখন পুনরায় হয়তো রাত নেমেছে ধরত্রীতে। কেননা কক্ষটি নিস্তব্ধ অবরুদ্ধ কক্ষ হলেও তার মস্তিষ্ক সময়ের হিসাব করে নেয় শরীরের ভেতরের জৈবিক ঘড়ি দ্বারা।
বুভুক্ষু থেকে যেমন মরণযন্ত্রণা পাচ্ছে তেমনই পাচ্ছে শরীরে। ওই নারীটি চোখজোড়াতে বাজেভাবে নখের আঁচড় দিয়েছিল। যা থেকে চোখজোড়া ফুলেছে। হয়তো চোখের স্ক্লেরাতে রক্তও জমাট বেঁধে আছে। দর্পন দ্বারা দেখে জানা যেত। কিন্তু সে তো নিজের অবস্থান কল্পনা করেই কূল পাচ্ছে না দর্পণ আবার কোথায় পাবে? চোখজোড়ার কর্ণিয়া তো ব্যথায় টনটন করছে। তাকাতেও তার বেশ কষ্ট হচ্ছে। বাঁধা হাতজোড়ায় রক্ত জমে কালসিটে পড়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মাথাটাও ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তাকে এ যাবত গোসল অবধি করতে দেয়া হয়নি। শরীরের লোমকূপ একটু পানি পেলে হয়তো আরাম পেত। খাবার পানিও কাল খেয়েছিল। ফলস্বরূপ আজ পানির অভাবে সম্পূর্ণ শরীরটা জ্বলে যাচ্ছে।
তাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। যখন খাবার দিতে এসেছিল তখন। খাবার দিতে এসে লোহার তৈরি চেয়ারে আঁটোসাটো করে বেঁধে সামনে খাবার ফেলে রেখে চলে যায় প্রহরীদ্বয়। এভাবে আর কতক্ষণ বাঁধা থাকতে হবে জানা নেই। মেঝেতে বেঁধে ফেলে রাখলেও একটু শোয়া যেত, কিন্তু চেয়ারে বাঁধা অবস্থায় বসে থাকলে শোয়া যায় কখনো? শরীরের প্রতিটি স্থানের পেশি অবশ হয়ে হাড়ে অবধি যন্ত্রণা শুরু হবার কথা। তারও সেটাই হচ্ছে। সম্পূর্ণ শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ঘুমটাও আসছে না। তার ধারণা তাকে তীব্র ঘুমের মেডিসিন দেয়া হয় আবার একদমই ঘুম না হবার মেডিসিন দেয়া হয়। হয়তো খাবারের সঙ্গে, নয়তো পানির সঙ্গে মিশিয়ে!
এই তীব্র ঘুম আর একদমই ঘুম না হওয়াটাও শারীরিক ও মানসিক যন্ত্রণার অংশ। এবং তাকে সেটাই দেয়া হয়। পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ঠিক কোন অবস্থায় সে ঘুমাতে পারবে আর, কোন অবস্থায় সে ঘুমাতে পারবে না তা নির্ধারণ করা হয়। এই অবরুদ্ধ কক্ষে সে একা আছে, এখানে মেঝে আছে সে যেন ঘুমিয়ে সময়টা কাটিয়ে ফেলতে না পারে সেই জন্য তাকে ঘুম না হবার মেডিসিন দেয়া হয়েছিল। কেননা শুয়ে ঘুমিয়ে গেলে তার শরীর তো আরামবোধ করবে! আর তার শরীর আরামবোধ করলে তো চলবে না! যন্ত্রণা পেতে হবে। এছাড়াও তাকে যখন চব্বিশ ঘণ্টা উল্টো ঝুলিয়ে রাখা হয়েছিল, তখন স্বাভাবিক ঘুমের চাহিদা অনুভব করলেও পরে সে বিভোরে ঘুমিয়েছিল। কারণ তাকে উল্টো ঝুলে ঘুমাতে হবে। এখানে অস্বস্তি, মরণযন্ত্রণা এসব থাকবে বলেই ঘুমাতে দেয়া হয়েছিল!
সে ভাবতে ভাবতে মানসিক চাপ অনুভব করতে লাগল। মনে হচ্ছে দ্রুত মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যাবে সে। হাঁসফাঁস, দম বন্ধকর অবস্থা হচ্ছে! যেন সে এই মৃত্যুপুরিতে এভাবেই মৃত্যুকে গ্রহণ করে নেবে। নাকি মৃত্যুর স্বাদই গ্রহণ করছে সে? এসবের চেয়ে তো একেবারে মৃত্যু হলেই সবচেয়ে ভালো হয়! অন্তত শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেত। কিন্তু তার তো মুক্তি মিলছে না! তাকে এভাবে আর হয়তো মুক্তি দেয়া হবে না। আরো কতকিছু অপেক্ষা করছে তার জন্য— সময়, দিন, মাস, বছর, যুগ কত দীর্ঘ হয় কে জানে!
মানসিক ও শারীরিক যন্ত্রণা পেতে পেতে ডিসেম্বরের রাতে পোশাক ছাড়া সে চেয়ারে বাঁধা অবস্থাতেই তার অনিশ্চয়তার জীবন পার করতে লাগল।
.
রাতটা মনে হয় কেটে গেছে। সে ঘুমিয়ে কাটায়নি। জেগেই কাটিয়ে ফেলেছে। অর্থাৎ সে সারারাত একটা লোহার শক্ত চেয়ারে বাঁধা অবস্থায় বসে না ঘুমিয়ে কাটিয়ে ফেলেছে, সেটাও সারাদিনের না খাওয়া শরীর নিয়ে। এখন আবার যে অবস্থায় আছে তা কল্পনা করলেও শরীরে কাঁটা দিয়ে উঠবে। একটি বারো-তেরো ফিট উচ্চতায় রাখা বর্গাকৃতির রডের সাথে চার হাত-পা টানটান করে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে৷ তার শরীর আর শরীর নেই। শরীরটা যেন রাবার। যতটা সম্ভব হয়েছে টেনে টেনে নিয়ে বেঁধেছে চার কোনায়৷ এখন দেখে মনে হচ্ছে যিশু খ্রিস্টের ভাস্কর্য সে।
পুরো শরীরের যন্ত্রণায় মারা যাবে কখন যেন। মৃত্যু হোক তার। সে চাইল। এতেই মনে হলো সবকিছু নিঃশেষ হয়ে যাবে। কিন্তু মৃত্যু তো তার দেখা দিচ্ছে না! উপরওয়ালা কী তাকে মুক্তি মিলিয়ে দেবে না! সে উপরওয়ালাকে স্মরণ করছে। মহান আল্লাহর কাছে পানাহ চাইছে৷ ঠিক তখন কক্ষটির বাইরে কারো পায়ের খটখট আওয়াজ পাওয়া গেল। কিছুক্ষণের মাঝে তাদের কথার আওয়াজও। মনে হচ্ছে দু'জন পুরুষ ও একজন নারী। কিছু কথোপকথন চলছে তাদের মাঝে। যা বোঝা না গেলেও তারা যখন গালি দিয়ে উঠছে সেই গালিগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। অর্থাৎ অশ্রাব্য গালিগালাজগুলো তাকে শোনানোর উদ্দশ্যেই দেয়া হচ্ছে। আর গালিগুলো তাকেই দিচ্ছে বুঝতে পারল।
আরো সময় গেল। সে অপেক্ষা করল। কেননা এখন এই মৃত্যুপুরিতে কেউ না কেউ একজন প্রবেশ করবে। সেটাই হলো। কতক্ষণ পর খটখট আওয়াজে একজন নারী প্রবেশ করল। সেই প্রবেশকৃত নারীর ছায়াটা লম্বা হয়ে উঠল তার শরীর বরাবার পেছনের দেয়ালে। আর সে সেই ছায়াতেই নিজের চোখজোড়া নিবদ্ধ করে রাখল। সরাসরি নরীটির দিকে তাকানোর কোনো প্রয়োজন অনুভব করল না। তাকালও না। নারীটি সেখানে দাঁড়িয়েই বড় তাচ্ছিল্য আর বিদ্রুপের হাসি হাসল। এরপর নারীটি তার দিকে এগোচ্ছে এক’পা দু’পা করে। এতে তার চোয়াল ও চোখজোড়া ক্রমেই কঠিন থেকে কঠিন হয়ে উঠছে। তীব্র হচ্ছে মেজাজ। নজর হচ্ছে ক্ষিপ্র।
…
১৭ জুলাই, ২০১৫;
দিনটাতে যেমন আমেজ আমেজ গন্ধ ছড়িয়ে পুরো মালিথা ভিলা ম-ম করছে, তেমনই আমেজের গন্ধে আনন্দ-উল্লাস উপচে উপচে পড়ছে। আজকের এত আনন্দ-খুশির গন্ধে মালিথা পরিবার মাতাল হয়ে যাবে না? মাতালই যে হয়ে যাচ্ছে।
কুয়াশার আনন্দ আর ধরছে না। সে এতটাই উত্তেজিত হয়ে আছে, তার দুপুরটা গড়াচ্ছেই না মনে হচ্ছে। কখন বিকেল হবে? কখন সন্ধ্যা নামবে? আর কখন রাত আসবে? এসব ভেবেই সে আধপাগল। দুপুরটা যেমন-তেমন গড়িয়ে যাক, আজ তার পুরো পরিবার এক হবে। পুরো মানে পুরোটাই! ঈদুল ফিতর উপলক্ষে আজ মালিথা পরিবারের প্রতিটা সদস্য এক হতে চলেছে। যা বেশ কিছু বছর ধরে সম্ভব হয়ে ওঠেনি। পরিবারের কোন না কোনো একজন সদস্য অনুপস্থিত থেকেই গেছে। কিন্তু এবার? এবার আর না!
এবার ঈদে কুয়াশা সবাইকে পেতে চলেছে। সবাইকে নিয়ে ঈদ পালন করতে চলেছে। শুধু বাবাটা ছাড়া। বাবা তো আর আসবেও না! কিন্তু যারা আসতে পারবে, তারা তো আসছে? এতেই চলবে কুয়াশার। মেয়েটা একা মেয়ে হয়ে ভাবে এই পুরো পরিবারটাকে সে একটা স্বচ্ছ কাঁচের কৌটায় বন্দি করে রাখবে। এরপর কৌটাটা সে ভীষণ যত্নে আগলে রাখবে৷ অন্যরা দর্শন পাবে বাইরে থেকে। কিন্তু কাউকে স্পর্শ করতে দেবে না। স্পর্শ না করলে ভাঙার ভয়ও যে থাকবে না! আর কুয়াশা কখনো চায় না তার কাঁচের মতো স্বচ্ছ পরিবারটা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাক।
২০১০ সালে পরিবার থেকে বাবার বিয়োজনের কষ্টে আজও সে তড়পায়। সেই কষ্ট কি কখনো ভোলার নাকি? নিজেকে দীর্ঘ একটা সময় পর মানিয়ে তো নিতে পেরেছে কিন্তু, বিয়োজনের কষ্টটাও যে অনেক অনেক কাছে থেকে অনুভব করেছে সে! পরিবার থেকে আপন জনেরা বিয়োজন হলে যে, কেমন যন্ত্রণা হয় তা তো অজানা নয় মেয়েটার! তাই হয়তো আর চায় না কারো বিয়োজন ঘটুক। সবাইকে নিয়ে সে এভাবেই বাঁচুক, তার কিশোরী মনের অবান্তর এক ভাবনা।
অথচ মেয়েটা জানেই না বিয়োজন হলে তাকেই হতে হবে। পরিবার তাকে সাজিয়ে-গুছিয়ে বিদায় করবে একটা সময় পর। সে যাবে অন্য পরিবারে। আর সেটাই হতে পারে তার নিজস্ব পরিবার!
আগামীকাল শনিবার, ১৮ জুলাই ঈদুল ফিতর উৎযাপিত হবে। আজ শুক্রবার এবং এ বছরের শেষ রোজা। ২৯টা রোজা দিয়ে শেষ হচ্ছে এবছরের পবিত্র রমজান মাস। মালিথা পরিবারে আজ ইফতারির আয়োজন রোজাদার মুমিন ব্যক্তিবর্গদের জন্যও। এছাড়াও পনেরো রোজায় রোজাদার ও নিরীহ-মাসুমদের জন্য ইফতারির এলাহি আয়োজন করে খাওয়ানো হয়েছিল। প্রতি বছরই দুইবার করে আয়োজন হয়ে থাকেন মালিথা পরিবার। পনেরো রোজায় এতিমখানা, ফুটপাতের ছোট-বড় ছেলে-মেয়ে, নারী-পুরুষ ও গরিব-দুঃখিদের মাঝে ইফতারি সহ বিরিয়ানি বিতরণের আয়োজন করা হয়েছিল। আর আজকের আয়োজন হচ্ছে— আড়ুয়াপাড়ার বড় মসজিদ সহ আশেপাশের আরো দুইটা মসজিদে উপস্থিত হওয়া ছোট-বড় মুমিনদের জন্য।
জুম্মার নামাজে গেছেন বাড়ির ছোট-বড় ছেলে সদস্যরা। ছোট-বড় সদস্য বলতে— জাকির মালিথা, তুহিন, শিশির ও হিম।
শিশির ঢাকা থেকে সেহরির পূর্বে এসে পৌঁছেছে বাড়িতে। এশার নামাজ ও শেষ তারাবিহর নামাজ ঢাকা থেকে আদায় করে রাতের গাড়িতে রওনা হয়েছিল। বাড়িতে পৌঁছে অনেকদিন পর পরিবারের সাথে সেহরি খেতে পেরেছে। তার পরিবারকে কখনো মিস না করে থাকা যায়? প্রতিনিয়ত কুষ্টিয়া ছেড়ে ঢাকায় থাকতে গিয়ে পরিবারকে আগে মিস করে। আর সবচেয়ে বেশি যেটা মিস করে সেটা হলো— কুয়াশার সাথে ঠোকাঠুকি। অভ্যাসের দাস, এগুলো থেকে দূরে থাকতে পারে নাকি? ঢাকা থেকে বাড়িতে পৌঁছেই কুয়াশাকে বিশাল একটা খোঁচা মেরে দেবে। এরপর কিছুক্ষণ সময় নিয়ে চলবে তাদের খোঁচাখুঁচি ও ঝগড়াঝাঁটি। শান্তি অনুভব তো করা চাই!
শিশির এইচএসসি পরীক্ষার পরপরই নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল’ (Law) বিষয়ে পড়ার জন্য পরিশ্রম করে। ২০১৩ সালের ৩ আগস্টে এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছিল। শিশিরের গোল্ডেন A+ মিস গেলেও A+ মিস যায়নি। এরপর শুরু হয় তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার ব্যস্ততা। রেজাল্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি পেয়ে সে আবেদন করে। আবেদনপ্রক্রিয়া শেষে নভেম্বরের শেষে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। ডিসেম্বরে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা হলে, শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের (ফ্যাকাল্টি অব ল’) আইন বিভাগে (ডিপার্টমেন্ট অব ল’) তে চার বছর মেয়াদি এলএলবি (অনার্স) পড়ার সুযোগ পায়। গত বছর অর্থাৎ ২০১৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ক্লাস শুরু করে সে। এখন চলমান বছরের ফেব্রুয়ারি-মার্চে প্রথম বর্ষের পড়াশোনা ও পরীক্ষা শেষ করে এখন সে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে।
শিশিরকে ক্যাম্পাস কেন্দ্রিক এলাকায় অ্যাপার্টমেন্ট নিয়ে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে জাকির মালিথা শিশিরকে কস্মিনকালেও উঠতে দেননি। ঢাকায় শিশিরকে জাহিদ মালিথার হেফাজতে রাখা হয়েছে। জাহিদ মালিথাই শিশিরের সকল সুবিধা-অসুবিধাগুলো দেখে থাকেন৷ জাকির মালিথা পূর্বে যা বলতেন— কোনো ভাবেই লীগের সাথে জড়িত হওয়া চলবে না, সেটা তিনি শিশিরকে রিপিট করে বললেননি। জানেন হয়তো, শিশিরকে তাঁর আদর্শ চেনানোর প্রয়োজন পড়বে না। বাবার আদর্শকে ছেলে কতটা লালন করে তা তো অজানা নয়।
জাহিদ মালিথাও এবার ঈদ বাড়িতে করার সুযোগ করে নিয়েছেন। গত বছরের দু’টো ঈদের একটা ঈদও বাড়িতে করার সুযোগ করতে পারেননি। ঈদের সময় দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের সিংহভাগ সদস্যকে ডিউটিতে থাকতে হয়। তাই অফিসার ও ফোর্সরা পর্যায়ক্রমিক ছুটি কাটানোর সুযোগ করতে পারেন। জাহিদ মালিথা গত বছর এজন্য বাড়িতে আসতে পারেননি। এবছরে আসতে পারছেন সেটাও আগামীকাল ভোর হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। অর্থাৎ ঈদের নামজটা তিনি পরিবারের সাথে আদায় করার সুযোগ করতে পারবেন। এবং দিনটাও কাটাতে পারবেন।
নামাজ শেষ করে জাকির মালিথা ও তুহিনরা চলে এসেছে। রোজা রাখা আছে প্রত্যেকের। এমনকি হিমও আজ শেষ রোজা রেখেছে। সে শিশির ভাইকে নামজ শেষে মসজিদ থেকে ফেরার সময় জানিয়েছে এবার চোদ্দটা রোজা হচ্ছে তার। গত বছর বারোটা হয়েছিল। সে কোত্থেকে জেনেছিল বেজোড়া রোজা করতে নেই। তাই তেরোটা রোজা হয়েছিল বলে আরো একটা রোজা করা তার জন্য বাধ্যতামূলক ছিল। সে সেই বাধ্যতামূলক রোজাটা আজ রেখেছে। ওর এই যুক্তিতে শিশির ভ্রু কুঁচকে ওকে বগলদাবা করে ধরে নিয়ে হাঁটতে হাঁটতে প্রশ্ন করেছে,
“ তো আমরা যে ঊনত্রিশটা রোজা করছি আজ, সেটা কি জোড়া রোজা হচ্ছে, বল?”
হিম চিন্তায় পড়েছিল। আসলেই তো! আজ সকালে সে যখনই জানতে পেরেছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবে ঈদুল ফিতর উৎযাপিত হচ্ছে তখন থেকেই নিশ্চিত হয়েছে আগামীকাল তাদের বাংলাদেশে ঈদ। অর্থাৎ রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে। রোজাও হচ্ছে ২৯টা তাহলে তো বেজোড়াই হচ্ছে! বিষয়টা ভাববার।
হিম ভাবুক হয়ে কৌতূহলী দৃষ্টিতে তখন বলে,
“ ঠিকই তো! ভাই, আজ তো ঊনত্রিশটা রোজা হচ্ছে! তোমরা তো বেজোড়া রোজাই করছ? তাহলে আমি যে শুনেছিলাম বেজোড়া রোজা করতে নেই?”
শিশির হিমের চিন্তিত মুখের দিকে তাকি মুচকি হেসেছে। এরপর বলে,
“ কোথাও শুনেছিলাম, রোজাদার মানুষকে ক্যালানি দিতে নেই। এই যুক্তিতে ছাড় পেলি। নয়তো ঠিকই একটা ক্যালানি খেতি আমার হাতে।”
“ আহা, শিশির ভাই!”
শিশির শব্দ করে হাসতে হাসতে হিমকে ওভাবে ধরে নিয়েই হেঁটে বাড়িতে ফেরে। পরনে তাদের সাদা পাজামা-পাঞ্জাবি। আতরের গন্ধে ম-ম করছে তাদের চারপাশ।
শিশির পরে আর হিমের যুক্তির জবাব দেয়নি। হিম ঠিকই বুঝে গেছিল। তার জানা ও যুক্তি সম্পূর্ণ ভুয়া ভাবনা ও যুক্তিহীন।
হিম সমাপনী পরীক্ষা দিয়ে এ-বছরে ষষ্ঠ শ্রেণিতে উঠেছে। বারো বছর পূর্ণ হওয়া ছেলেটার জানা ও শেখার কৌতূহল দিন দিন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে চলেছে। হিমটা IQ পেয়েছে বাবা জায়ান মালিথার মতো আর স্বভাবটা পেয়েছে মা আজমীরার মতো শান্তশিষ্ট। বয়স হিসাবে হাতে-পায়ে বেশ বড়ও হয়ে উঠেছে। আর বাবার মতো চেহারাটাকে নিজের মাঝে খুবই যত্নে ধারণ করেছে বলে মনে হয়। কখনো-সখনো তো মনে হয়— সেই লম্বাটে পাতলা শরীরের জায়ান মালিথা।
বাড়িতে ইফতারির জন্য বাবুর্চি নিয়ে আসা হয়েছিল। ইফতারির রান্নাবান্নার আয়োজন শুরু হয়েছিল সেই প্রভাত থেকে। কাজ তো কাজের মহিলারা আর রান্না তো বাবুর্চিরাই করছে, তবুও বাড়ির তিন কর্ত্রীর ব্যস্ততার শেষ নেই। সেই ব্যস্ততায় আরো একজন বারবার স্বইচ্ছায় সামিল হতে চাইছে কিন্তু, তাকে সামিল হতে দেয়া হচ্ছে না। নতুন বউ হিসাবে তারও বসে থেকে রোজাদার শাশুড়ীদের খাটতে দেখতে মনে সায় দিচ্ছে না৷ বাড়ির বড় বউ কিনা! দায়িত্বজ্ঞান তো একটু বেশি হবেই!
জাকিয়ারা তিন জা মিলে রান্না করা সব ইফতারিগুলো ঠিকঠাক ও তদারকি করছেন বাড়ির ব্যাকইয়ার্ডের ডাস্টি কিচেনের পাশের কক্ষে। সেখানে বড় বড় ডেকচিতে তৈরি করা হয়েছে বিভিন্ন পদের তেল-মশলার ইফতারি। ফল-ফলাদি বাদেও তেলমশলার ইফতারির আয়োজনও করা হয়েছে। স্থানটাতে যেমন গরম, তেমনই আগুনের তাপ। আর সেখানে বাড়ির বড় ও নতুন বউ বৃষ্টি করছে কি, ঘন্টার ঘন্টায় এসে ঢু মারছে— শাশুড়ীরা কী করছে, তাকে প্রয়োজন পড়বে কিনা, কিছু করতে হবে কিনা ইত্যাদি এমন নানান প্রশ্ন এসে এসে করে যাচ্ছে। জাকিয়া তো জাকিয়া! তিনি বাড়ির একটা মেয়েকে বসিয়ে রেখে ছেলে বউ দিয়ে কাজ করাবেন নাকি? জাকিয়ার বিবেকে যে ছুরিঘাত করা হবে! তিনি বড় মানিকের জন্য বউ আনলেও নিজেদের জন্য তো কাজের লোক আনেননি! এটা বৃষ্টিকে সাফ জানিয়ে দিয়েছেন জাকিয়া।
বৃষ্টি পুনরায় এসেছে। এসেই উঁকি দিয়ে দেখল শাশুড়ীরা কী করছেন। দেখল ডেকচিতে রান্না করে রাখা ছোলা বড় বড় গামলাতে তুলে রাখছেন জাকিয়া, আম্বিয়া আর আজমীরা। সেগুলো স্থান থেকে সরিয়ে নিচ্ছেন কাজের মহিলারা। বৃষ্টি তা দেখে বলল,
“ আম্মা, আমিও হাত লাগাই কী বলেন? একটু এগিয়ে যাক?”
“ থাক, মা! তুমি এমনিতেও ঘন্টায় ঘন্টায় এসে কথা খরচ করিয়ে অনেক এগিয়ে দিচ্ছ।”
কথাটা বলে হাতের কাজ শেষ করতে করতে বললেন,
“ তোমাকে বারবার বলছি রোজা রেখেছ, এত গরমে এখানে এসো না। তুমি সেটা মানতে পারছ না তো কী হুকুম শুনবে?”
বৃষ্টি মুখটা বেজার করে চিবুক ঠেকিয়ে দিল বুকের সাথে। শাশুড়ী সে সাংঘাতিক পেয়েছে। কথা বলেন এমনভাবে যা দ্বারা বৃষ্টির বুকে সুখ দেয় সেই সাথে ভয় ও সম্মানও। বৃষ্টির অপরাধবোধ হচ্ছে এটা তো তাঁরা বুঝছেনই। সেই অপরাধবোধ কাটাতে আম্বিয়া হেসে ফেলে বললেন,
“ এখানে তোমাকে প্রয়োজন পড়ছে না, বৃষ্টি। তুমি রুমে গিয়ে রেস্ট করো। কিছুক্ষণ পর থেকে ইফতারি প্যাকেট করার কাজ কোরো না হয় সবার সাথে বসে?”
একটা কাজ অন্তত পেল সে। এতেই সন্তুষ্ট হতে পারছে। এখানে একটা ব্যাপার আছে। দ্বিধাদ্বন্দ্ব যেটাকে বলে। তার কেন যেন মনে হয়, সে এভাবে বসে থাকলে কে কী বলে বসবে, বাড়ির কাজের মহিলারাও বাঁকা কথা শুনিয়ে দেবে কখন না জানি। এতে শাশুড়ীরা অপমানিত হবেন। তার জন্য বাজে কথা উঠবে। তখন তুষার কী বলবে? শ্বশুরবাড়ির সদস্যরাই বা কী বলবে? এমন বিভিন্ন অবান্তর ভাবনা তার মাঝে কাজ করছে। সে এখনও ঠিকঠাক বুঝে উঠেনি এই বাড়িতে তার ঠিক কীভাবে থাকা উচিত। কেমন করে চলা উচিত। কিন্তু যে এই বাড়ির প্রতিটা সদস্য তাকে মেয়ের মতোই বানিয়ে ফেলেছে সেটা সে বুঝতে পারলেও হজম করে উঠতে পারেনি। বৃষ্টির মন সায় দেয় না। হয়তো ‘বাড়ির বউ’ শব্দটা তার সাথে যুক্ত আছে বলেই!
তুষার তার বৃষ্টিকে বউ করে ফেলেছে। সেটাও বৃষ্টির ইচ্ছে অনুযায়ী অক্টোবর মাসে। তাদের অক্টোবর এসেছিল গতবছর অর্থাৎ ২০১৪ সালে। দিনটি ছিল শুক্রবার ও তাদের বিয়ের দিন। ১কার্তিক, ১৭ অক্টোবর ২০১৪ সালে তুষার-বৃষ্টি এক হয়েছিল। একদম চিরন্তন এক হওয়া যাকে বলে। তুষার তার সাধনার জিনিসকে দীর্ঘমেয়াদী দূরে রাখতে পারেনি। এক প্রকার অধৈর্য হয়েই বৃষ্টিকে বিয়ে করে বাড়িতে এনে রেখে গেছে৷ যেন ছুটি-ছাটাতে বাড়িতে এলেই তাকে আবার সুদূর মেহেরপুর ছুটতে না হয় প্রেয়সিকে একটা নজর দেখার জন্য। ছুটিতে এলেই চোখের সামনে অটোমেটিক বৃষ্টি নামার মতো তার বউ বৃষ্টি তার ওপর নামবে আর সে ভিজে জুবুথুবু হয়ে যাবে।
তুষারের ফিল্ড অ্যাটাচমেন্ট শেষ হলে তাকে নিয়মিত সাব-ইন্সপেক্টর হিসেবে খুলনা জেলা পুলিশে পদায়ন করা হয়। সেখানে একটি থানায় তার কর্মস্থল নির্ধারণ করা হয়। এরপর বৃষ্টিকে নিজের বাড়িতে নিয়ে আসার বন্দবস্ত করে ফেলে। খুব বেশি বড় আয়োজন নয়, মাঝারি বলা যায়৷ কেননা তুষার-বৃষ্টির বিয়েতে বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য অনুপস্থিত থাকবে বলে। আর সেই গুরুত্বপূর্ণ সদস্যটি হলো নীহার৷
কুয়াশা গোসল শেষ করে নামাজ আদায় করে নিচে নেমে বৃষ্টিকে খুঁজে বেড়াচ্ছে। বৃষ্টিকে ডেকে ডেকে পেল ডাস্টি কিচেন এরিয়ায়। সেখান থেকে বড় আম্মু জাকিয়ার হুকুম মতো বৃষ্টিকে হাত ধরে টানতে টানতে নিয়ে এসে বসিয়ে দিল লিভিংয়ের সোফাতে। শাড়ি পরিহিতা দুধবরণ টুকটুকে বউটার মুখখানি ঘেমেনেয়ে একাকার হয়েছে। সেই গরমে শ্বেত ত্বক লাল বর্ণ ধারণ করেছে। স্বর্ণের নাকফুলটা সেই ঘর্মান্ত মুখে ঝিলিক দিচ্ছে। গলায় থাকা আট আনা স্বর্ণের মোটা চেইনটা ঘর্মান্ত গলার সঙ্গে আঠার মতো লেগে আছে, এবং ফর্সা হাতে স্বর্ণের চিকন বালা জোড়া ঢুলঢুল করে বেড়াচ্ছে হাতের মাঝে পড়ে থেকে। কী দারুণ লাগে যে বৃষ্টিকে! কুয়াশার কিশোরী চিত্তটা বধূ বৃষ্টির এমন জমকালো রূপে পুলকিত হয়। এমন বউ বউ গন্ধ ছড়াতে আগে কাউকে দেখেনি যে সে! বৃষ্টিকে এত কাছে থেকে দেখেছে যে, তার মাঝেও কেমন কেমন একটা শিহরণ জাগে। বিভিন্ন ভাবনার সৃষ্টি হয়৷ এমন ভাবনা কী জায়েজ? নাকি অবান্তর! কুয়াশা ঠিক বুঝে উঠতে পারেনা৷
কুয়াশা বৃষ্টিকে খেয়ালে রাখে অনেক৷ তাই বৃষ্টিকে পরখ করে দেখে গম্ভীর কণ্ঠে বলল,
“ তোমাকে তো বলা হচ্ছে, ওখানে তোমার কোনো কাজ নেই, তবুও শুনছ না কেন, ভাবি?”
“ তেমন কিছু না। আম্মারা তো একা সামলাচ্ছিলেন, আমিও ফ্রি ছিলাম নামাজ শেষ করে, তাই ভাবলাম ওদিকটা দেখি গিয়ে একটু।”
“ আম্মুরা তোমাকে কখনোই ওখানে থাকতে দেবে না। রাতে ভাইয়া আসবে না? তুমি মেহেদী কখন পরবে? এরপর তো আর সময়ই পাবে না?”
তুষারের কথা বলাতে বৃষ্টি লজ্জায় রেঙে গেল মনে হলো। গালদুটো রক্তিম হয়ে উঠলে বলল,
“ তুমিও না, কুশু! সময় আবার পাব না কেন? দিয়ে নেব। বিকালে ইয়াসমিন আসবে তো। ওকে দিয়েই নিয়ে দেব রাতে৷”
“ হ্যাঁ, তাই বলো। আমার বড় ভাইয়াটা এতগুলো মাস পর আসছে, আর তুমি ভাইয়াকে সময় না দিয়ে মেহেদী দিতে ব্যস্ত থাকবে? হ্যাঁ?”
বৃষ্টি লজ্জা তো পেল কিন্তু চোখজোড়া আশ্চর্য হবার মতো করে তাকিয়ে কুয়াশাকে বলল,
“ হ্যাঁ? তুমি খুব জানো দেখি, ননদিনী?”
কুয়াশা কেশে উঠল। ব্যাপারটা সে তো তেমন ভেবে বলেনি। বলেছে বড় ভাইয়ের ভালোর কথা ভেবে। আর সে একটামাত্র বোন, ভাইয়ের ভালো দেখবে না? কুয়াশা গলা ঝেরে কেশে নিয়ে এদিক-ওদিক নজর ফেলে তাকিয়ে বলল,
“ তুমিও না, ভাবি! মোটেও আমি তেমন ভাবে বলিনি। আমি আমার বড় ভাইয়ার একটামাত্র বোন। আর তার ভালোটা তো আমাকেই দেখতে হবে? তুমি এড়িয়ে যেতে পারো না আমাকে।”
বৃষ্টি এবার হেসে ফেলল শব্দ করে। কুয়াশার পাকামিতে কুয়াশা নিজেই ফেঁসে গিয়ে নিজেকে লুকাতে ব্যস্ত। বৃষ্টির বিয়ের পর থেকে বিগত আট-নয় মাসে বৃষ্টির সাথে তার সম্পর্ক আরো গাঢ় হয়েছে। বন্ধুত্বসূলভ হয়েছে। আগে আপনি করে বললেও এখন তুমিতে চলে এসেছে সম্বোধন। এটা অবশ্য বৃষ্টির জন্যই সম্ভব হয়েছে। বৃষ্টি হ্যাঁ-ই এমন বধূ। এই পরিবারের প্রতিটা সদস্য যে তার! তুষার তাকে তার পরিবার লিখিত দলিল করে হাতে ধরিয়ে দিয়েছে৷
কুয়াশা সোফাতে সেঁটে বসে উত্তেজিত কণ্ঠে বলল,
“ কখন যে বড় ভাইয়া আসবে! কখন যে ব্রেভ বয় আসবে! আর কখনই বা মেজো চাচু আসবে! উফ্! কতদিন দেখিনা তাদের!”
“ আসবে আসবে, চলে আসবে। সবর করো। নীহার তো সন্ধ্যার পরই পৌঁছে যাবে মনে হয়।”
“ হ্যাঁ, হতে পারে। এই ইয়াসমিন বুবুনটা কখন আসবে আবার! কাল তো শশী আসবে মনে হয়, ভাবি?”
“ হ্যাঁ, আম্মা তো এটাই জানালেন আমাকেও। তার নাকি তড় সইছে না পরশুদিনের জন্য। খালামণিদের রেখেই সে আজই চলে আসতে চেয়েছিল, খালামণি নাকি বকে-টকে কোনোমতো আটকেছে ওকে।”
হেসে ফেলল বৃষ্টি আর কুয়াশা। শশী এমন এমন কাণ্ড করে যা থেকে হাসতেই হয় তাদের। এখানে বৃষ্টি আর কুয়াশার মাঝে ননস্টপ বকবক চলছে অথচ, অপরপাশের যে আরো দু'জন আল্লাহর বান্দা সোফায় বসে টিভিতে ক্রিকেট খেলা দেখছে তা যেন বোঝাই যাচ্ছে না। নিঃশ্বাস-টিশ্বাস নিচ্ছে কিনা কে জানে! কুয়াশার ধারণা নিঃশ্বাস বন্ধ করেই হয়তো খেলা গিলছে। সে গল্পের মাঝে আঁড়চোখে শিশিরকে একবার দেখে নিল বিরক্তি নজর ফেলে। তার পাশেই বসে আছে ভাই-কা-চামচা। অর্থাৎ হিমেল। তার ভাস্যমতে হিম শিশিরের আলাদা একটা লেজুর। সারাদিন সঙ্গে লেগে থেকে শিশিরকে তদারকি করে সে৷
কুয়াশা এসএসসি দিয়ে ভালো ফলাফল নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে গত মাসের শেষে। ষোড়শী কুয়াশা কলেজ জীবনে পদার্পণ করলেও কলেজের ক্লাস এখনও করার সুযোগ হয়নি তার। রোজা চলাকালীন ভর্তি হতে হয়েছে। তাই ক্লাস শুরু হবে ঈদের পর ছুটি শেষ হলে।
এসএসসি ২০১৫ ব্যাচের ফলাফল ঘোষণা হয়েছিল ৩০ মে। ব্রাইট স্টুডেন্ট অবশ্যই ভালো রেজাল্ট করবে বলেই জানতো পরিবারের সকলে। গোল্ডেন A+ এসেছিল কুয়াশার। এখানে আবার তার ও শিশিরের মাঝে খোঁচাখোঁচি চলেছে বেশ। কারণ শিশির বলেছিল— সে এইচএসসিতে গোল্ড মেডেল নেবে। অন্যদিকে কুয়াশা এসএসসিতে গোল্ডেন A+ পেয়ে খুঁচিয়েছে ভালোমতোই। অথচ মেয়েটা ভুলেই গেছিল মনে হয়, তার জান-এ-দুশমন শিশিরও এসএসসিতে গোল্ডেন A+ অর্জন করা ছাত্রই।
আছরের ওয়াক্ত হবার পূর্বেই মালিথা ভিলায় এলো ইয়াসমিন ও ইশা। কিছুক্ষণের মাঝে আমিনুল হক ও হালিমা মৃধাও চলে আসবেন। ইয়াসমিন আর ইশা একটু দ্রুত এসেছে ইফতারির আয়োজনে সাহায্য করার জন্য। লিভিংয়ের কিচেন এরিয়ার কাছে বসে ইফতারের প্যাকেট করা হচ্ছে। তুহিন, শিশির, হিম, কুয়াশা, বৃষ্টি সহ বড়রা ও আরো অনেকককে ডাকা হয়েছে। ইফতারির প্যাকেট করার মতো আনন্দ আছে নাকি? বেশ ব্যস্ত হাতে কাজ চলছে।
ইয়াসমিনরাও এসে হাত লাগাল। মালিথা পরিবার নিজ হাতে এসব আয়োজন করে সন্তুষ্ট হন। চাইলে এগুলো বাইরে থেকে রান্না করিয়ে একেবারে প্যাকেট করিয়ে আনতে পারেন, কিন্তু তাতে মালিথা পরিবার সন্তুষ্টি লাভ করতে পারেন না। এই পরিবার এমনই। সকলে যে মিলেমিশে কাজগুলো করছে এতেই আনন্দের সীমা অতিক্রম করছে।
প্যাকেট করতে করতে ইফতারের ওয়াক্তও হয়ে এলো। একে একে প্যাকেটগুলো গাড়িতে তুলে নিয়ে, বাড়ির পুরুষ সদস্যরা চলে গেল মসজিদের উদ্দেশ্যে। এখানে মসজিদ ভাগাভাগি করে নিয়েছে। আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে ইফতারি পাঠিয়ে দেয়া হয়েছে। আর কুয়াশারা বাড়িতেই ইফতার করার জন্য প্রস্তুতি নিয়েছে।
…
ইফতারের পর চাঁদ রাতের চাঁদ দেখার তো মজাই আলাদা হয়! আর এই চাঁদ যদি পরিবারের সকলে আনন্দ করে দেখতে পারে সেটার থেকে আনন্দের আর কিছু আছে নাকি?
তুহিন ও ইয়াসমিন সহ মালিথা বাড়ির উপস্থিত থাকা ছোট সদস্যরা প্রত্যেকে ছাদে উপস্থিত হয়েছে। অনুপস্থিত আছে তুষার ও নীহার। এখনও এসে পৌঁছায়নি তারা দু’জন।
তুহিনের পাশে ধীর কদমে ইয়াসমিন এসে দাঁড়াল রেলিং ঘেঁষে। তাদের সম্পর্ক এতটাই সহজ হয়েছে যে, তারা এখন নির্দ্বিধায় একে অপরকে পাশাপাশি রাখতে পারে। খুব দ্রুতই তারাও একে অপরের সঙ্গে এক হতে চলেছে। আমিনুল হক জানিয়েছেন এ বছরটা গেলেই কন্যাদানের কাজটা সম্পন্ন করে ফেলবেন। তুহিনও ততদিনে সম্পূর্ণরূপে ক্যারিয়ার গুছিয়ে ফেলতে পারবে।
তুহিনের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে অনার্সের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। ফলাফল এখনো প্রকাশিত হয়নি। তবে সে বসে নেই। পেশাগত জীবনের শুরুতেই নিজেকে একজন দক্ষ ক্রাইম রিপোর্টার হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। দেশের অপরাধজগৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনীতিসংশ্লিষ্ট অপরাধের ঘটনাগুলো নিয়ে নিয়মিত পড়াশোনা, গবেষণা ও তথ্য বিশ্লেষণ করছে সে। বিভিন্ন জাতীয় ও আলোচিত অপরাধের ঘটনা নিয়ে নিজস্ব রিপোর্ট তৈরি করছে। পাশাপাশি সংবাদমাধ্যমের জন্য উপযুক্ত প্রতিবেদন ও অনুসন্ধানী ফিচারের নমুনা প্রস্তুত করছে।
এছাড়া ফলাফল প্রকাশিত হলে, কোনো প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেলে ইন্টার্নশিপ অথবা ট্রেইনি রিপোর্টার হিসেবে কাজের সুযোগ নেবে। বাস্তব সংবাদ সংগ্রহ থেকে শুরু করে নিউজরুমের কাজ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জন করতে চায় সে। নিজেকে প্রতিষ্ঠিত করে একটি স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের নিয়মিত ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করাটাই তার লক্ষ্য।
ইয়াসমিন তো পড়াশোনা চালিয়ে যাবেই। বর্তমান সে ইসলামি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অনার্স করছে। ভবিষ্যতে ফুপুর মতো শিক্ষিকার পেশা গ্রহণ করারই ইচ্ছে আছে তার।
ইয়াসমিন চাঁদ দেখতে দেখতে তুহিনের দিকে ফিরে তাকাল। তুহিন সেই তখন থেকে ইয়াসমিনকেই দেখছিল। সৌষ্ঠব দেহী পুরুষটির চোখা চিবুক ও উঁচু নাকের মাঝে থাকা ঠোঁটজোড়ায় কেমন অপরিচিত একটা হাসির রেখা ধরে রেখেছে। সেই হাসিতে ঠোঁটজোড়া আবার কেঁপে কেঁপে উঠছে। পুরুষটি অনেক ফর্সা৷ ঠিক ইয়াসমিনের সঙ্গে মিলে যাওয়ার মতো ত্বক। সাধারণত পুরুষ ত্বক অতিরিক্ত ফর্সা হলেও নারী ত্বকের কাছে রাখলে তা তমাটে বলেই গন্য হয়। কিন্তু তুহিনের ক্ষেত্রে তেমন ধরা যায় না। সামান্য পার্থক্য হতে পারে। খোঁচা খোঁচা কালো দাড়ির নিচের চোয়ালদ্বয়ও ফর্সার আভা তুলে ধরে।
ইয়াসমিন তার পাশের পুরুষটিকে দেখে চাঁদ দেখার মতো করে। তুহিন তখন ইয়াসমিনের চোখজোড়ায় তীক্ষ্ণ চাহনি রেখে রেলিংয়ে রাখা ইয়াসমিনের হাতের ওপর স্পর্শ করে ভ্রু নাচাল। ইয়াসমিন লজ্জা পেল না এখন। আগে হলে পেত৷ এখন তার আগের মতো আর লজ্জা কাজ করেনা। ইয়াসমিন প্রশ্ন করল,
“ কী দেখে হাসছেন ওভাবে?”
“ তোমাকে।”
“ আমাকে? আমাকে দেখে ঠিক হাসি আসছে কেন আপনার, সাংবাদিক সাহেব?”
“ নো রিজন!”
তুহিন দুই কাঁধ উঁচিয়ে ভাব প্রকাশ করে বলল। ইয়াসমিন চোখ ছোট ছোট করে তাকায় তাতে। ইয়াসমিনের অভিযোগী মুখে তাকিয়ে থাকা দেখে তুহিনের আরো বেশি হাসি পেল।
পুরুষটার একটা ব্যাপার ঘটে আজকাল। আজকাল মেয়েটাকে তার কাছে কেমন নিজস্ব বউবউ লাগে। এই সাংঘাতিক ভাবনাটা বিয়ের আগেই করে সে সাংঘাতিক রোগে ভুগছে। ইয়াসমিনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নিয়ে সামান্য একটু ঝুঁকে ইয়াসমিনের কানের পাশে মুখ নামিয়ে বলে গেল,
“ চাঁদবউকে দেখে হাসা কোনো অপরাধের কাজ নয়, মিস। আপনি আমাকে অপরাধী কেন বানাতে চাইছেন? অপরাধ করলেও, অপরাধী আমি নই।”
.
রাত নয়টার পর মালিথা ভিলার গেইট পেরিয়ে ফ্রন্টইয়ার্ড ছেড়ে সদর দরজায় এসে থেমে গেল নীহার। ভেতরে আর প্রবেশ করতে পারল না। তাকে প্রবেশ করার সুযোগ দিলে তো? তার আগেই তো তাদের একমাত্র বোন কব্জা করে নিয়েছে তাকে।
নীহারকে আসতে দেখেই ছাদ থেকে চেঁচাতে চেঁচাতে বাড়ি মাথায় করে সে দৌড় দিয়েছে। যেন বাড়িতে ডাকাত পড়েছিল আর সে সবাইকে ডেকে জানান দিয়েছে। কুয়াশার চিৎকারের ঠেলায় বাড়ির একটা সদস্যও স্থির থাকতে পারেনি। সবার আগে কুয়াশা গিয়ে নীহারকে ঝাপটে ধরেছে৷ মুখে তার লেগে ছিল,
“ ভাই, ভাই, আমার ব্রেভ বয়! আম্মু, বড় আম্মু, মেজো আম্মু! আ আ আ, দেখো আমার ব্রেভ বয় এসে গেছে!”
নীহার এক হাতে পাশ থেকে কুয়াশাকে আগলে ধরে মাথার ওপর চুমু বসিয়ে কতক্ষণ ওভাবেই ধরে রাখল। কুয়াশাও ছাড়ল না ভাইকে। বছর গড়িয়ে গেছে তে! ভাইকে পেল সে! এতটা দীর্ঘ সময় তার এই ভাইটাকে সে কখনো রাখেনি। তার বুক ভাঙা কান্নায় নীহারের চোখেও পানি এনে দিল। চোখের পানিটা চোখেই ধরে রেখে কুয়াশার বাচ্চামি কান্ডে হাসি ঠোঁটে রাখল।
বাড়ির প্রতিটা সদস্য তাকিয়ে ভাইবোনের কান্ড দেখছে। আগামীকালের ঈদ আজই চলে এসেছে মালিথা ভিলায়। গত বছর ঈদের ছুটিতে নীহারের বাড়িতে আসার কোনো সুযোগ ছিল না। ফলস্বরূপ ট্রেনিংয়ে থেকেই ঈদ পালন করতে হয়েছিল। এবারের ঈদে চারদিনের ছুটি মিলেছে এবং বাড়িতে ঈদ পালন করার অনুমতিও। তাই আর নিজেকে আটকে রাখতে পারেনি। বাড়িতে ছুটে চলে এসেছে৷ দীর্ঘ একটা সময় পর পরিবারের কাছে আসতে পেরে নীহারের যে অনুভূতি হচ্ছে তার চেয়ে দ্বিগুণ আনন্দ পাচ্ছে পরিবারের সদস্যরা।
কুয়াশাকে ধরে রেখেই সবাইকে দু’চোখ জুড়িয়ে দেখছে নীহার। তাদের মাঝে সটান হয়ে দাঁড়িয়ে থাকা শিশিরকে দেখে সে ভ্রু নাচাল। তার যে বন্ধুর মতো ভাই! তার সাথে মুলাকাতটা তো একটু ভিন্নই হওয়া চাই! শিশির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। যেন হিংসায় জ্বলেপুড়ে খাঁক হয়ে যাচ্ছে। কারণ তার শত্রুকে বুকে নিয়ে তাকে পিরিত দেখাতে আসছে যে! কুয়াশার জন্য তো নীহারকে সে ধরার সুযোগই পেল না এখনও! নীহার বুঝে ফেলেছে ব্যাপারটা। অনেকটা সময় পর আজ সে এই দু’টোর জন্য হেসে ফেলল। এগুলো যে কতটা মিস করে সে! নীহার হেসে কুয়াশাকে আরো একবার চুমু দিল মাথায়।
শিশির তো তখন কুয়াশাকে দেখছে। এভাবে তো সে এলে করে না? সেও তো কত দিন পরপর বাড়িতে আসে। কই তার জন্য তো এমন করে না!
নীহার হাসতে হাসতে ভ্রু বাঁকিয়ে বোঝাল, কীরে তোরও লাগবে নাকি এমন সংবর্ধনা? নীহার তো নীহারই, ওর মুখে তো এটা বাঁধবে না শিশির জানে। তাই কিড়মিড় করে তাকাল সে নীহারের দিকে। কতবড় সাংঘাতিক কথা বলে! জান-এ-দুশমন নাকি তার বুকে পড়ে কাঁদবে! আর সে-ই বা নাকি বুকে নিয়ে সান্ত্বনা দেবে! এমন ভয়ঙ্কর ব্যাপার এই ব্রহ্মাণ্ডে আর আছে কিনা সন্দেহ!
আম্বিয়া কাঁদলেন না ছেলের জন্য। কিন্তু বুকে ধরে কতক্ষণ দাঁড়িয়ে রইলেন। নীহার জিজ্ঞেস করল,
“ বাবা পৌঁছায়নি, আম্মু?”
“ রাত তিনটা-চারটা বাজবে, বলেছিলেন।”
তুহিন ভাইকে বুকে ধরে বাহবা দিল৷ বাংলাদেশ নেভির অফিসার ক্যাডেট যে! তাকে বাহবা দেবে না? শিশির এবার সু্যোগ পেয়ে নীহারের বুকে ঢুকল৷ মানে একে অপরের সাথে বুক মিলিয়ে কতক্ষণ দাঁড়িয়ে রইল৷ সে-সময় হিম পাত্তা না পেয়ে বলল,
“ হেই, নীহার ব্রো!”
ওর সম্বোধনের ঢংয়ে নীহার শিশির একে অপরকে ছেড়ে পিচ্চি হিমের দিকে তাকাল৷ হিমের সম্বোধনের ঢংয়ে ভ্রু কুঁচকে নীহার জিজ্ঞেস করল,
“ হেই ব্রো?”
এখানে শিশির বাঁ-হাত মেরে জবাব দিল,
“ ওটাই শিখেছে দেখছি৷ আমাকেও সকালে বলল, হেই, শিশির ব্রো!”
হিম তো বলেছে এক ঢংয়ে, এখন শিশিরের বিরক্ত ঝরা জবাবে নীহার সহ প্রত্যেকে হেসে ফেলেছে৷ নীহার হাসতে হাসতে হিমকে টেনে ধরে বগলদাবা করে বলল,
“ ভাই ডাকবি, ভাই। বুঝলি? ডোন্ট স্যে হেই, ব্রো! ভাই জাতির সম্মানে, ভাই ডাকা তোর জন্য ফরজ হলো।”
| চলবে |
নোট-১ঃ শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল' এর জন্য কোন ইউনিট থেকে পরীক্ষা দিয়েছে এটা আমি ইচ্ছে করে উল্লেখ করিনি। কেননা এটা উল্লেখ করলে পরীক্ষার সময়ের হিসাব পাল্টাতে পারত। যা গল্পের কালকে গড়মিল করতো। এছাড়া অবাস্তবও লাগতে পারতো।
নোট-২ঃ- শিশিরে ল’ ডিপার্টমেন্টের সাবজেক্টের উল্লেখ আমি করিনি। কেননা সেটা প্রয়োজন এখন পেলাম না। যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে উল্লেখ করব।
বিঃদ্রঃ- তথ্যর ক্ষেত্রে কোনো ভুল পেলে অভিজ্ঞ পাঠকরা ধরিয়ে দিতে পারবেন৷ আমি ঠিক করে দেব। সময়-কাল বাস্তব চিত্রের ওপর কিছুটা নির্দিষ্ট আর কিছুটা আনুমানিক হিসাব নিয়ে এগিয়ে চলবে পরবর্তী সকল পর্ব।
