#দাহরেখা
#পর্ব_২৭
#পূর্ণতা_আহমেদ
দরজায় আবার ও ঠকঠক শব্দ হচ্ছে......বিজলীর ঘুমের বারোটা বাজাতে হাজির হয়েছে শায়ের ও মেহের। প্রায় ভোর হয়ে যাচ্ছে...রওনা দাওয়ার কথা ছিলো আরও আগেই,কিন্তু দেরি হয়ে গেছে বেশ। সুখের ঘুম ছেড়ে দরজা খুলে বিজলী দেখলো শায়ের লাল শাড়ি আর মেহের কমলা জরি শাড়ি পড়ে দাড়িয়ে আছে...যদিও বা মেহেরের মুখ থেকে পুরোপুরি কালি যায়নি তবুও উজ্জ্বল শাড়িতে মেহেরের সৌন্দর্যে মুগ্ধ হলো বিজলী কিন্তু পাশে থাকা শায়েরকে লাল শাড়িতে দেখে তেমন মুগ্ধ হতে পারল না বোধহয়। অবশেষে নদীর পাড় পর্যন্ত দুজনকে নিরাপদে পৌঁছে দিলো। সৌভাগ্যবশত আসার পথে আর কোনো টহলদারের নজরে পড়েনি। অবশ্য ভোরের দিকটা পাহারায় টলটলে অবস্থাই থাকে।তাই শায়েরের আর চোখের পাতা ঝলকিয়ে হাত-তালিও দিতে হয়নি। নৌকায় পা রাখার আগে শায়ের বিজলীকে বলল,
" তোমরা সাবধানে থেকো,আমি সব গুছিয়ে এসেছি,জায়গা মতো সেগুলো পাঠিয়ে দিবে...আর তোমাকে যা যা বলেছি সে মোতাবেক পরিকল্পনা আগাবে..."
" চিন্তা কইরো না,তুমি খালি সাবধানে থাইকো।এহন আর বেশি একটা বাইর হইয়ো না...এমনি তোমার খোঁজ চলতেছে। ওই ফিড়িঙ্গী গুলার নজর থেইকা সাবধান।" বলতে বলতেই পেছন থেকে এক টহলদারের ডাক ভেসে আসলো। জলদি শায়ের আর মেহের নৌকায় চড়ে বসলো,মাঝি নৌকা ছেড়ে দিলো। এদিকে বিজলী সেই টহলদারকে সামাল দিতে পিছন দিকে ফিরে গেল....শায়ের উল্টো মুখে বসে রইলো নৌকায়,সেদিকে আর ফিরল না।মেহের ধীরে ধীরে বিজলীকে দেখল ঝাপসা হয়ে যেতে।
ভোরের আলো ফুটে গেছে পুরোপুরি,ঠিক তখন ই দুজন এসে পৌঁছায় মজুমদার বাড়ির সামনে,নদীপথে শায়ের তার শাড়ি খুলে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। কিন্তু এখন বাড়িতে ঢুকবে কিভাবে তাই ভাবছে।সামনের পথ দিয়ে গেলেই নিশ্চিত সবার নজরে পড়ে যাবে,তাই পেছনে বাগানের দিকটায় এসে দুজনে চিন্তা করছে বাড়ি ঢুকবে কিভাবে।মেহের ফিসফিসিয়ে বলল,
" আমি যতবার বাড়ি থেকে লুকিয়ে বের হয়েছি,এই বাগানের দেয়াল টপকেই পার হয়েছি,এখানে আবুল চাচা পাহারা দেয়,ওনাকে ঘুষ দাওয়া আছে।আশা করি আমাকে এখন দেয়াল টপকে ঢুকতে দেখলে কিছু বলবে না।"
" বাহ! তুমি এত গুনী যে দেয়াল ও টপকাতে পারো আগে তা জানতাম না।"
" কিন্তু টপকাবো কিভাবে? আগে তো জাহারার ঘাড়ে পা দিয়ে উঠে,আমগাছে চড়তাম তারপর সেখান দিয়ে নেমে যেতাম।"
শায়ের নীচু হয়ে বলল," নাও আমার ঘাড়ে পা দিয়ে উঠো।"
" কি বলছো! তোমার ক্ষত এখনো শুকায়নি। "
" এখন কি এসব ভাবার সময়? দ্রুত উঠো! যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারি,তখন তোমার ভাইদের মারে আরও ক্ষত বসে যাবে।এখন তোমাকে দেয়াল পার করে দিলেই আমি বাঁচি।"
মেহের উপয়ান্তর না পেয়ে অবশেষে শায়েরের ঘাড়ে পা দিয়ে উঠলো,শায়ের চোখ-মুখ খিচে ফেলল ঘাড়ের ক্ষততে টান লাগায়। মেহের আমগাছের ডাল নাগালে পেয়ে উঠতেই যাবে তার আগেই বাগানের দৃশ্য দেখে তার চোখজোড়া কপালে উঠে গেল।
বাগানে দাঁড়িয়ে আছে আজাদের মা আমেনা বেগম—গয়নায় মুড়ো, মুখে রাজকীয় ভাব আর তার সাথে আজাদের ছোট বোন চুমকি। শহর থেকে ভোর ভোরই গাড়ি চেপে তারা হাজির হয়েছে হবু বেয়ান ও বউমাকে চমকে দিতে!
চুমকি চারিপাশটা দেখতে দেখতে হঠাৎ গাছের আড়ালে কমলা শাড়ি আর কালো ফতুয়া পরা মেহেরকে দেখে লাফিয়ে উঠল। আঙুল উঁচিয়ে চেঁচামেচি করে বলল, "আম্মা! আম্মা! দেখে যাও! আমগাছের উপর পেত্নী ঝুলছে! "
আমেনা বেগম আঁতকে উঠে চশমাটা নাকের ওপর বসিয়ে হাঁ করে তাকালেন। মেহের তখন পালানোর পথ না পেয়ে আমগাছের গুঁড়ির পেছনে আধা-লুকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। শায়েরও দেওয়ালের ওপার থেকে মেহেরের এই করুণ দশা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে আছে।
ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে এক বিকট চিৎকার ভেসে এল—"ওরে বাবারে! ওরে আল্লাহ রে! পেটটা যে একদম খালি হয়ে গেল রে কানা বাবা!"
লুৎফুন্নেসা বিজলীর দেওয়া সেই পানিপোড়া খেয়ে শেষ রাতে তিনবার আর ভোরে চারবার ধাওয়া করেছেন শৌচাগারের দিকে। পরনের শাড়ির আঁচল কোমরে শক্ত করে বাঁধা, চোখ-মুখ নীল হয়ে গেছে। তিনি পেট চেপে ধরে উঠোনে দৌড়াদৌড়ি করছেন, আর গুলফা পিছু পিছু বদনা নিয়ে ঘুরছে।
আমেনা বেগম এই দৃশ্য দেখে থ বনে গেলেন। তিনি গাম্ভীর্য বজায় রেখে বললেন, "বেয়ান সাহেব! এসব কি অলক্ষুণে চিৎকার? আর এই ভোরে আপনার বাড়িতে এসব কি হচ্ছে?"
লুৎফুন্নেসা আমেনা বেগমকে দেখেই কান্নার সুর তুললেন, "ও আমেনা গো! কানা বাবা আমার সর্বনাশ করে দিলো গো।"
শায়ের লুৎফুন্নেসার চিৎকার শুনে বুঝে গেছে তার উপদেশ দেওয়ার অনেক আগেই বিজলী তার ঝাল মিটিয়ে নিয়েছে আর চুমকি ইতোমধ্যে মেহেরের দিকে এগিয়ে গেছে। সে ঘুরে ঘুরে মেহেরের অদ্ভুত পোশাক পরখ করে অবাক হয়ে বলল, "ও মা! এটা তো মানুষ ই মনে হচ্ছে। সে অবাক হয়ে মেহেরকে জিজ্ঞেস করল," আরে তুমি গাছে ঝুলে আছো কেন? আর তোমার মুখে আলকাতরা কিসের?"
মেহের তো ভয় আর লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। শায়েরের দেওয়া কালো ফতুয়াটা দিয়ে কোনোরকমে মুখ ঢাকার চেষ্টা করতেই পেছন থেকে গম্ভীর গলায় হাঁক দিল শাহরিয়ার। খাইরুল সাহেবের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হতেই বাড়ির এই হরিলুট অবস্থা দেখে তার মাথায় রক্ত চড়ে গেল।
শাহরিয়ার চোখ ছোট ছোট করে বললেন, "মেহের! তুই এই কাকভোরে এসব কি পোশাক পরে গাছে ঝুলছিস ? আর আপনারা কারা এত সকালে?"
আমেনা বেগম নাক সিঁটকে বললেন, "আমরা তো এসেছি আমার সোনার চাঁদ আজাদের খোঁজে! সেই কবে থেকে ছেলেটা বাড়ি ফেরে নাই, সেই যে মেয়ে দেখার নাম করে আমার ছেলে ধরে নিয়ে গেছে লুৎফু।কিন্তু এসে যা দেখছি... এ তো বাড়ি নয়, যেন পাগলাগারদ! একজন পেটে হাত দিয়ে চিৎকার করছে, আর হবু বউমা আলকাতরা মেখে পেত্নি সেজে গাছে ঝুলছে!"
মেহের তোতলাতে তোতলাতে বলল, "না... মানে... চাচি...আমি ভোরের হাওয়া খেতে বের হয়েছিলাম... আর ঠান্ডা লাগছিল বলে... আর কি..."
চুমকি মাঝপথে বলে উঠল, "ঠান্ডা লাগছিল তো পুরুষ মানুষের ফতুয়া পরেছো কেন ভাবী ? ভাইয়াকে তো দেখছি না, ভাইয়া থাকলে নিশ্চয়ই তার কোট খুলে দিত!"
আমেনা বেগম মাথায় হাত দিয়ে বললেন," এ আমি কোন পাগলের মেলায় এসে পড়লাম! এ বাড়িতে আমার ছেলেকে বিয়ে দিতে যাচ্ছিলাম! আমার ছেলে কোথায়? ও কি সুস্থ আছে না আমার ছেলেও এ বাড়ি থেকে পাগল হয়ে গেছে? কোথায় আমার ছেলে?"
পাশে থাকা মোড়ল বলল,
" আজাদ সাহেবকে গুদামঘরে ডাকাতি আর খুনের মামলায় আটক করা হয়েছে তাকে এখন নিয়ে যেতে পারবেন না।"
"ডাকাতি?! খুন?! বিলেত ফেরত আমার ছেলে নাকি ডাকাতি করছে?!" আমেনা বেগমের জ্ঞান হারানোর উপক্রম হলো।
মোড়লের কিছু বলতেই যাবে তার আগেই আমেনা বেগমের গলার আওয়াজে যেন পুরো আমবাগান কাঁপিয়ে তুলল,নাকের ওপর থেকে চশমাটা এক ঝটকায় খসে পড়তে নিলে তিনি কোনোরকমে তা ধরে চেঁচিয়ে উঠলেন, "ওরে আমার কপাল রে! ওরে আমার সোনার চাঁদ ছেলে রে! বিলেত থেকে আইন পাস করে এসে শেষমেশ এই কসাইদের হাতে পড়লি তুই! "
চুমকি অমনি মায়ের শাড়ির আঁচল ধরে চোখ বড় বড় করে বলল, "আম্মা! ভাই বিলেত যেয়ে ব্যারিস্টারি শিখলো না ডাকাতি শিখলো? "
"তুই চুপ কর হারামজাদী!" আমেনা বেগম মেয়েকে এক ধমকে চুপ করিয়ে দিলেন।শাহরিয়ারের মেজাজ সকাল সকাল বিনা আমন্ত্রিত মেহমান দেখে ভীষণ চটে যাচ্ছে,সে চড়া গলায় বলল,
" এ নিয়ে এত বিলাপ করার কি আছে? এমনি বাড়িতে বিলাপের শেষ নেই,এর উপর আরেকজন এসে জুড়ে বসেছে।আপনার ছেলে বাড়িতে আগুন দিয়ে লুটপাট চালিয়েছে,সেই সাথে খুন ও।ওকে এত চাবুক পেটা করেও মুখ খুলছে না,এখন কি মেরে সোজা পানিতে ভাসিয়ে দেব?"
এমন কথায় আমেনার মাথায় বজ্রপাত শুরু হলো তিনি সোজা শাহরিয়ারের দিকে তেড়ে গেলেন। নিজের বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন, "তোর এত বড় সাহস? আমার সোনার টুকরো ব্যারিস্টার ছেলেকে তোরা চোর-খুনি বানাচ্ছিস? যার এক ডাকে কলকাতার জজ সাহেবরা আসন ছেড়ে দাঁড়ায়, তাকে তোরা আঁটকে রাখছিস?"
শাহরিয়ার চোয়াল শক্ত করল, "মুখ সামলে কথা বলুন ! ব্যারিস্টার হোক আর লাট সাহেব হোক, আমার গুদাম চুরির পেছনে যার হাত থাকবে, তার পিঠের ছাল আমি ছাড়াবোই!"
"ওরে বাবা রে! কত বড় মুখ! সকাল সকাল শুনি তোদের এই ভাঙা জমিদারি নিলামে উঠতেছে, আর তোরা আমার ব্যারিস্টার ছেলের ওপর চুরির দায় চাপাচ্ছিস?" আমেনা বেগম এবার দুই হাত উঁচিয়ে অভিশাপ দিতে শুরু করলেন, "তোদের জমিদারি যেন ছারখার হয়ে যায়! তোদের এই বাড়ি যেন খাঁ খাঁ করে! আমি আজই ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যাবো, চিঠি লিখবো! তোদের পুরো পরিবারকে জেলখানায় বিলেতি আইনের ঘানি টানাবো!"
ঠিক তখনই পাশ থেকে লুৎফুন্নেসার করুণ আর্জি ভেসে এল, "ও আমেনা গো... তোদের আইন টাইন পরে দেখিস... আগে আমার শৌচাগারের পথটা ছাড় রে! পেটের ভেতর কানাবাবার ব্রহ্মাস্ত্র এখন ফাটে ফাটে !"
পেটে হাত দিয়ে লুৎফুন্নেসার এই হাঁসফাঁস দৌড়াদৌড়ি আর আমেনা বেগমের চিল-চিৎকারের হট্টগোলের মাঝে মেহের পেল এক মোক্ষম সুযোগ। গাছের ডাল থেকে টপ করে মাটিতে এক ছুটে ভেতরে ঢুকে উধাও হয়ে গেল সে।
দেওয়ালের ওপাশে শায়ের এতক্ষণ মুচকি হাসছিল। মেহেরকে নিরাপদ আশ্রয়ে ঢুকতে দেখেই সে দ্রুত নিজের বেশভূষা পরিপাটি করে নিয়ে সামনের মূল ফটক দিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে ভেতরে প্রবেশ করল। যেন সে ভোরের তাজা হাওয়া খেয়ে মাত্রই ফিরছে।মোড়লের নজরে তা এড়ালো না সে দ্রত ছুটলো দারোগা সাহেবের ঘরের দিকে।
আমেনা বেগম ততক্ষণে কাছারিঘরের দিকে ছুট লাগিয়েছেন, "কোথায় রে আমার আজাদ? কোথায় আমার ব্যারিস্টার ছেলে? ওরে তোরা যে দরজায় তালা মারিস না কেন, আমি আজ সেই দরজা ভেঙেই আমার ছেলেকে বের করব!"
কাছারিঘরের শক্ত কাঠের দরজায় আমেনা বেগম ধুপধাপ ধাক্কা মারতে লাগলেন। ভেতরের অন্ধকার থেকে চাবুকের কালশিটে পড়া আজাদ মায়ের গলার আওয়াজ পেয়ে যেন আসমান হাতে পেল! করুণ ও জরাজীর্ণ গলায় ভেতর থেকে কেঁদে উঠল, "আম্মা ! আম্মা! তুমি এসেছো আমার আম্মা! দরজার তালা ভাঙ্গো আম্মা! আম্মা....দ্যাট বিস্ট....আমাকে ব্যারিস্টার থেকে একেবারে হাটের কুলি বানিয়ে ফেলল আম্মা! মাই পিঠের ছাল ইজ নো মোর !"
চুমকি দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মেরে চেঁচাল, "ভাই! কান্না থামাও! আম্মা বিলেতি ম্যাজিস্ট্রেট ডাকার হুমকি দিছে, তোমার আর ভয় নেই!"
শায়ের ততক্ষণে ভিড়ের পেছনে এসে দাঁড়িয়েছে। শাহরিয়ারের ফ্যাকাশে আর রাগে রক্তবর্ণ হওয়া মুখের দিকে তাকিয়ে শায়ের অত্যন্ত গম্ভীর ও শান্ত স্বরে বলল, "শাহরিয়ার ভাই, একজন বিলেত ফেরত ব্যারিস্টারকে কোনো প্রমাণ ছাড়া এভাবে বন্দি করে চাবুক মারাও কিন্তু মস্ত বড় আইনি অপরাধ। কথাটা মাথায় রাখবেন, নইলে ব্রিটিশ আদালত এই জমিদারি এক তুড়িতে বাজেয়াপ্ত করে দেবে।"
" তুই ই তো বললি..! এই আজাদের ভেতর ঘাপলা আছে।আমি তো তোর কথায় ই আরও ওকে চাবুক মারলাম।"
" কিন্তু ভাই শক্ত প্রমাণ ছাড়া তো তা করতে বলিনি...." বলেই শায়ের শাহরিয়ারের কানের কাছে ফিসফিসিয়ে বলল," আপাদত মাফ চেয়ে পরিস্থিতি ঠান্ডা করুন,পরে সত্যি ম্যাজিস্ট্রেট এলে আবার আরেক ঝামেলা বাঁধবে।"
শায়েরের এই কথা অন্য সবার উপর একশোভাগ খাটতো কিন্তু শাহরিয়ারের উপর একভাগ ও খাটলো না। তবে রাগে গজগজ করা থেকে হঠাৎ ঠান্ডা হয়ে বলল, " আজাদ যেদিন নির্দোষ প্রমাণিত হবে সেদিন ই ছাড়া পাবে। আমাদের ওসব ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে লাভ নেই।"
এদিকে দারোগা সাহেবের চোখ মাত্রই ভোরের দিকে লেগেছিলো। উচ্চমানের তদন্তের জন্য মস্তিষ্ক সচল রাখা অতি আবশ্যক তবে তিনি আর তা পারলেন কই? কানে কর্কশ গলার স্বর ভেসে আসলো তবে তার স্ত্রীর কন্ঠস্বর থেকে কিছুটা ভালো মানের বলা চলে।
" স্যার...! এদিকে তুলকালাম ঘটে যাইতেসে আর আপনি ঘুমাইতেসেন?"
" বলো কি হয়েছে?" চোখ পিটপিট করে খুলে চরম অনিচ্ছা থাকা সত্ত্বেও উত্তর দিলেন দারোগা মোজাম্মেল।
" স্যার একটা বিষয় লক্ষ্য করলাম , ওই আজাদ সাহেব এখন আর বেশি ইংরেজি বলে না। ইংরেজি বলাতে চাবুকের মার দুইটা বেশি খাইতে খাইতে এখন সে বিলেতি ব্যারিস্টার থেইকা পরিপূর্ণ বাঙালি।"
চোখ গরম করে দারোগা বললেন," তুমি এর জন্য আমার ঘুম ভেঙেছো?"
" জ্বে না স্যার,আরও একটা জরুরি খবর আছে।"
" জলদি বলো।"
" মজুমদার সাহবের বড় পুত্র আইজ আপনেরে গালি-গালাজ করে নাই।"
" তুমি কি সকাল সকাল আমার সাথে মশকরা করছো?"
" স্যার আরও খবর আছে,মজুমদার সাহেবের একমাত্র কন্যা সকাল সকাল মুখে আলকাতরা মেখে আমগাছে ঝুলে ছিলো।"
এক ঝটকায় শোয়া থেকে উঠে দারোগা বললেন,"এসব কি বলছো?"
" জ্বে স্যার। আরও একটা জরুরি খবর, সেই শাড়ি পড়া কবিকে সাথে আমগাছে ঝুলতে দেখি নাই। আপনে এসে সচোক্ষে দেখে যান।"
দারোগা সাহেব নীচে নেমে এক বিশাল হুলস্থুল কান্ড দেখলেন। শাহরিয়ার আর আমেনা বেগমের মধ্যে মহাভারত শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ পর মনে হচ্ছে দু একটা লাশ ও পরে যাবে। এমন উত্তপ্ত পরিবেশে সবার ই মাথা গরম হওয়ার কথা তবে সবার মাঝে একমাত্র চুমকির মনেই বসন্তের হাওয়া বইছে,এতক্ষণ ভাইয়ের জন্য বিলাপ করতে থাকলেও হঠাৎ শায়েরের মত সুদর্শন পুরুষ দেখে তার মনে কোকিলের কুহু কুহু ডাক শুরু হয়ে গেছে। এটা অবশ্য নতুন কিছু নয়..! তার মনে এমন আচমকা বসন্তের ডাক এর আগেও তিনশত একুশ বার ডেকেছে। চুমকি তার খাতায় এক এক করে সবার নামও লিখে রেখেছে কিন্তু এমন সব পুরুষদের দেখেই তার মনে কোকিল ডাকতে শুরু করে যাদের সাথে তার যোগসূত্র হওয়ার সম্ভাবনা শূন্য।
চলবে।
