#দাহরেখা
#পর্ব_২৬
#পূর্ণতা_আহমেদ
আজ রাতে চাঁদটা কোনো কারণে অভিমান করে বারবার আড়াল হয়ে যাচ্ছে।
তাতে কি? প্রকৃতি কি সে আশায় নিকষ আধারে ডুবে থাকবে? প্রকৃতিও বিকল্প হিসেবে জোনাকি পোকাদের মেলার আয়োজন করেছে। বিশেষ করে জোনাকিরা তাদের মিটিমিটি হলদে আলো দিয়ে পুকুরপাড়ে শায়ের ও মেহেরকে এক মনোরোম পরিবেশ তৈরি করে দিচ্ছে। শায়ের নিজের শরীরে রিঠা ডলতে ডলতে মেহেরের দিকে ফিরে বলল,
"এই কালি সহজে যাবে না...কেউ আমাদের ভূত ভেবে ভয়ে মরে টরে না গেলেই হলো।” বলে হাসল শায়ের।
"এভাবে তো সহজেই টহলদারদের ভয় দেখিয়ে পার হয়ে যেতে পারবো। তোমাকে আর শাড়ি পড়তে হবে না।" বলেই মুখ টিপেটিপে হাসছে মেহের।
"আমাকে শাড়িতে দেখে খুব মজা লেগেছে না? হাসো! হেসে নাও! এর শোধ আমিও নেবো।" বলেই মেহেরের দিকে পানি ছুড়ে দিলো শায়ের।মেহেরও পাল্টা পানি ছুড়ে বলল,
"এবার লাল শাড়িতে তোমার কালি মাখা মুখ দেখলে টহলদারের অবস্থা কি হবে তাই ভাবছি।"
"আমি আর পড়বোই না।এভাবেই যাবো।ধরা খেলে খাবো অন্তত পুরুষত্ব তো থাকবে?"
"সত্যিই বলছি লাল শাড়িতে তোমাকে খুব মানাচ্ছিলো।" বলেই আবারও নিজের মতো হাসতে শুরু করলো মেহের।
শায়ের চোখ মুখ কালো করে পানিতে এক ডুব দিলো। অনেক্ষণ হয়ে যাচ্ছে কিন্তু শায়েরের পানি থেকে উঠার আর নাম-গন্ধ নেই। মেহেরের হাসি হঠাৎ থেমে গেলো,তার বুকটা ধক করে উঠলো,উদ্বিগ্ন স্বরে ডাকলো, "কোথায় গেলে ! উপরে উঠে এসো।" এরপর ও কোনো উত্তর এলো না।মেহের কিছুটা সামনে যেয়ে আবার ডাকল,"আমার ভালো লাগছে না এমন মশকরা..! তুমি কি উঠবে...?"
তাও শায়েরের কোনো সাড়া শব্দ নেই।শুধু ঝিঁঝিঁপোকাদের ডাকের তীব্রতাই বেড়ে চলেছে সাথে মেহেরের হৃদস্পন্দন।
"শায়ের?.......শায়ের?...." এবারও কোনো সাড়া শব্দ নেই,মেহেরের গলা হঠাৎ ধরে এলো। এবার কোনো অভিনয় না এবার সে সত্যি ই ভয়ে কেঁদে ফেলল। ধরা গলায় আবার ডাকল,"কোথায় গেলে ? উঠে এসো।"
"ভাওওওওওওও....!!" বলেই পেছন থেকে শায়ের এসে হাজির হলো। মেহের ভয়ে চেঁচাতে নিলেই শায়ের মেহেরের মুখ চেপে ফিসফিসিয়ে বলল,"হুসসসস! পুরো গ্রাম হাজির করে ফেলবে নাকি!"
"উমমমমম...!" মেহেরের আর্তনাদ শায়েরের হাতের নিচে আটকে যাচ্ছে,চোখ জলে ভরে উঠেছে।হঠাৎ একটা জোনাকি পোকা পাশ দিয়ে উড়ে গেলে সেই মৃদু আলোতে মেহেরের সুন্দর চোখের অশ্রুকণা গুলো চিকচিক করে উঠে।এই চোখের গভীর ঘোরে শায়ের এতোটাই ডুবে গেছে যে নিজেই ভুলে গেছে নিজ সত্ত্বাকে। ধীরে ধীরে নিজের হাত আলগা করে সরিয়ে নিল মেহেরের মুখ থেকে,তারপর আরও গভীর চোখে,অবাক হয়ে লক্ষ্য করলো কাছ থেকে মেহেরের চোখজোড়া তার কল্পনায় আঁকা মায়ের চোখের অবিকল লাগছে। এমন চোখে অশ্রুদের মানাচ্ছে না। শায়ের অজান্তেই মায়াবি চোখের কোণে আটকে থাকা অশ্রবিন্দু নিজের আঙুল দিয়ে আলতো স্পর্শ করে মুছে দিতে নেয়।
"কি করছো?" বলেই দূরে ছিটকে যায় মেহের,তার চোখেমুখে অবিশ্বাস আর ভয় ফুটে ওঠে।শায়েরকে তীব্র ঘৃণা নিয়ে দেখছে।
শায়ের হঠাৎ ঘোর থেকে বেরিয়ে বুঝতে পারে সে অন্যায় ভাবে মেহেরকে স্পর্শ করতে যাচ্ছিলো,বিব্রতভঙ্গীতে আমতা আমতা করে বলে,
"তোমার চোখে কালি লেগেছিলো,মুছে দিচ্ছিলাম।"
"আমাকে বললে আমি ই মুছে নিতে পারতাম।"
"দুঃখিত।" বলেই শায়ের তীব্র লজ্জা আর অস্বস্তিতে পানি থেকে উঠে উপরে চলে যেতে নিলে মেহের বলে উঠে,
"তোমার মুখের কালি এখনো পুরোপুরিভাবে মুছেনি,ভালোভাবে ধুয়ে যাও।" বলে মেহের নিজেই উপরে উঠে চলে যায় ঝোপের দিকে,পিছনে ফিরে আবার বলে,"আমি এদিকটায় পোশাক পরিবর্তন করবো,আশা করি সেই নিরাপত্তাটুকু পাবো।"
"নিশ্চিন্তে করতে পারো।আমি আরেকটু পানির নিচে থাকবো।ভালো লাগছে এখানে।"
মেহের চারিপাশটা সতর্কতার সাথে চোখ বুলিয়ে নেয় তারপর হাতের কমলা জরির শাড়িটা দেখে অস্বস্তিতে পরে যায়। শাড়ির সাথে কোনো ব্লাউজ নেই,এভাবে সে কখনো শাড়ি পড়েনা।তার ভীষণ অস্বস্তি লাগতে শুরু করে,এভাবে শুধু কাপড় পেঁচিয়ে কিভাবে পড়বে সেই উপায় ই বের করতে থাকলো।সেই সাথে শায়েরকে বলল,
"তুমি আমাকে আরেকটুতে মেরেই ফেলতে! এভাবে কেউ ভয় দেখায়?"
শায়ের মৃদু হাসলো কিছু বলল না। মেহের আবার বলে উঠলো,
"তুমি এতক্ষণ পানির নিচে কিভাবে ছিলে?"
"অভ্যাস আছে।" বলেই শায়ের আরেকটা ডুব দিয়ে হারিয়ে গেলো..…….
পানি থেকে উঠে দেখলো চারপাশের ছোট পুকুর বদলে একটা ছোট অন্ধকার ঘর,তার সামনে একটা বড় পানির পাত্র।কিছু বুঝে উঠার আগে কেউ একজন তার ঘাড় ধরে সেই পানিতে মাথা চুবিয়ে দিলো....শায়েরের দম আটকে আসছে,হাত-পা ছটফট করছে কিন্তু হাত বাধা। চোখে শুধু ঝাপসা দেখছে আর কিছুই স্পষ্ট নয়।কানে শুধু ভেসে আসছে...
"tell me bastard! How many time i’ve to ask you? open your mouth!…….open your mouth!…….or this is the last time you………"
পাত্রের সেই পানির সাথে যোগ হলো শায়েরের চোখের পানি। হঠাৎ সে শুনতে পেলো আরেকটা পরিচিত কন্ঠস্বর,
"শায়ের...! ভাই আমার...! আমাকে এখান থেকে বের কর ভাই...! আমি মারা যাচ্ছি...!"
"ভাইই! ভাই!! তুমি থাকো...! আমি আসছি...আমার জান দিয়ে হলেও এখান থেকে তোমাকে বের করবোই ভাই!!……ভাই??..." কিন্তু কথাগুলো তার কন্ঠনালীতেই আটকে রইলো। সে ছটফট করতে করতে অনুভব করলো তার হাত-পা আর বাধা নেই...হাত-পা মেলে,সাঁতরে সেই অন্ধকার পানিতে এদিক সেদিকে ছুটতে শুরু করলো দিকহারা পথিকের মতো। দম প্রায় শেষ হয়ে যাচ্ছিলো,শরীর ও নিস্তেজ হয়ে যাচ্ছে হঠাৎ মেহেরের কন্ঠ ভেসে আসে উপর থেকে। শায়ের সেইদিক অনুসরণ করে যেতে যেতে এক ধাক্কায় উঠে আসে পানির ওপর।
~~~~~
নোটবুকের শেষ পৃষ্ঠায় কালির দাগে লিখা হলো...
~ অনুসন্ধান ১৭- পাহারাদার মতিনের বয়ান অনুযায়ী গুদামঘরে আগুন লাগার আগের দিন দুপুরে লুৎফুন্নেসার কাছে বৃহন্নলা দলের সদস্য বিজলী একবার এসেছিলো।এ বাড়িতে তার প্রায় আসা যাওয়া আছে।
~ অনুসন্ধান ১৮- বৃহন্নলা দলের সদস্য বিজলীর সাথেই আজ শায়ের ও বাড়ির একমাত্র মেয়ে মেহের সন্দেহজনক ভাবে কোথাও গেছে। শায়ের ছদ্মবেশে বের হয়েছে...কিন্তু কে এই শায়ের..? কি তার পরিচয়...? সে কি জামশাদ সাহেবের ব্যবসায়িক কোনো শত্রু পক্ষের লোক হতে পারে? নাকি....
"হুজুর...! এই যে আপনের গরম চা ঠান্ডা হয়ে গেলো...কি এত ভাবতেসেন?"
"আমার মাথাটা আমি যখনই গভীরে খাটাতে যাই তখনই কি তোমার এসে হাজির হতে হবে?"
"আমি তো আপনের ভালোই করতে চাই আপনে খালি আমার দোষ ই ধরেন।"
"তুমি আমার এতো ভালো না করলে এতক্ষণে এই তদন্তের কাজ শেষ হয়ে যেতো। তা বাইরে নজর রাখা বাদ দিয়ে এখানে কি করছো?"
"হুজুর..! মজুমদারের বড় পুত্ররে এখন আর আমার ঘাপলা লাগতেছে না।"
"কিসের জন্য?"
"আমারে বলছে আপনে অযথা এখানে বইসা তার বাড়ির অন্ন নষ্ট করতেছেন ,কালই আপনেরে সে বিদায় করে দিবে। আরও বলছে আপনি....."
"চুপ করো! যাও....তুমি তোমার কাজে যাও....!" এক ধমকে মোড়ল এক দৌড়ে বেরিয়ে গেলো ঘর থেকে।দারোগা মোজাম্মেল হাতের মুঠি শক্ত করে বসে রইলেন,মাথাটা চটে গেছে তাই ঠান্ডা করতে একটা চুরুট ধরালেন। এক একটা টানে টানে তার ভাবনা আরও গভীর হলো,মনে মনে পণ করলেন দরকার হয় নিজ খরচে তদন্ত করে হলেও অপরাধী ধরে শাহরিয়ারের হাতে দিয়ে যাবেন,তবুও এই অপমান তিনি মেনে নিবেন না।
~~~~~~~~~~
এদিকে শাহরিয়ার মাহিবের ঘরের খাটে বসে তার সাথে দাবা খেলছে। মন্ত্রীর গুটি বামে তিন ঘর আগে চাল দিয়ে বলল,
"আজ গিয়েছিলাম শহরে....ভালোই টাকা পয়সা জোগাড় করতে পেরেছি......বাড়িটা নিলামে তোলা থেকে অন্তত বাঁচানো যাবে।কাল আবার সকালে যাবো খাইরুল সাহেবের কাছে,কিছু ধার নিয়ে যদি কোনোরকমে এই মাস টা চলে যায় তাহলেই হলো।"
"সে নাহয় গেলো... কিন্তু পরে এত ধার শোধ করবে কিভাবে?" নৌকার গুটি দিয়ে দুই ঘর ডানে চাল দিয়ে বলল মাহিব।
"পরের টা পরে দেখা যাবে...আপাদত বাড়িটা তো বাঁচানো যাবে।"
"আব্বা বলছিলো বাড়ি যদি নিলামেই উঠে তবে আমাদের কুষ্টিয়ার সে বাড়িতে চলে যাবেন।সেখানে সাধারণ জীবন যাপন করবেন।"
"ধুর...!! আব্বার কি মাথা খারাপ হয়েছে? আমরা জমিদার বংশের হয়ে ওই দুই পয়সার বাড়িতে থাকবো? আর কত নীচে নামবে? সমাজে আমাদের মুখ থাকবে?" বলেই খেলা ছেড়ে উঠে বসে,পাশের টেবিলে রাখা ঠান্ডা শরবত এক ঢোকে গিলে ফেলল।
মাহিব কিছু একটা বলতেই যাবে তার আগেই শাহরিয়ার আবারও চেঁচিয়ে উঠলো,
"আব্বা ওইসব ছাইপাশ লিখতো বলেই তো জমিদারি টা গেলো ,আম্মা মরার পর তার সে বুদ্ধি হয়েছে....তুই বল যেখানে আমরা ভালো আছি সেখানে কে দেশ চালায় আর না চালায় তা দেখে আমাদের কোনো লাভ আছে? সেধে ঘাড়ে বিপদ নিয়ে কি লাভ হবে দিনশেষে?"
"ভাই শুধু স্বার্থপরের মতো নিজের কথা ভাবলেই হবে? দেশের মানুষ কি ভালো আছে?"
"নিজে ভালো থাকতে হলে স্বার্থপর ই হতে হবে।নাহয় যার ভালো করতে যাবি দুদিন পর সেই পিছনে ছোবল দিবে...আরেকজনের টা ভেবে আমার কি ফায়দা? দুদিনের জন্য এসেছি ভালো খেয়ে পরে চলে যাবো....আরেকজন মরলো না বাঁচলো তা দিয়ে আমার কি হবে?"
মাহিব আর কোনো উত্তর দিলো না,এক পর্যায়ে শাহরিয়ার বলে বসলো,
"তোর বন্ধু ওই শায়ের যে...ও এখানে আর কতদিন আমাদের ঘাড়ে বসে খাবে..?"
"মানে কি বলছো ভাই! এখন ও আবার কি করলো?"
"রেগে যাচ্ছিস কেন? এমন কি বললাম? এখন অপ্রয়োজনীয় খরচ যত কমানো যায় ততোই ভালো।"
"ও কি এমন খরচ বাড়াচ্ছে? মেহেরের জীবন বাঁচিয়েছে,সেদিন ও না থাকলে মেহেরকে আর পেতাম? তাছাড়া ব্রিটিশরাই যদি জানতো আমাদের বাড়ির মেয়ে ওদের বিরুদ্ধে যাচ্ছে তাহলে আমাদের কি অবস্থা হতো ভেবে দেখেছো..?"
"এই মেয়ের পা দুটো কবে জানি আমি কেটে দেই....মাঝে মাঝে ইচ্ছে করে ওর কলিজাটা বের করে ওজোন করে দেখি।"
"ওর বয়স কম...এই বয়সে একটু আধটু ছেলে মানুষি করবেই...বড় ভাই হিসেবে আমাদের ওকে আগলে রাখা উচিত।"
"তুই চুপ ই থাক,এই তোর আর আব্বার জন্যই ও এত বাড় বেড়েছে....! কত টা সাহস হলে ও সেই সভায় যায়...!" হঠাৎ কিছু একটা ভেবে শাহরিয়ার চুপ করে গেল তারপর মাহিবকে বলল, "আচ্ছা ও এই সভার খোঁজ পেলো কোথায়..? যে কারো তো এই খবর জানার কথা নয়! নিশ্চয়ই স্বদেশীদের কেউ ওর কাছে এসব খবর পাচার করছে...!"
মাহিবের এসব কথা মোটেও ভালো লাগছে না...সে একটা বাহানা দিয়ে ঘর থেকে বের হয়ে ছাদে এলো মন মেজাজ ভালো করতে.....হঠাৎ একজনের মুখ ভেসে উঠতেই সে তার পাজামার পকেট থেকে আংটিটা বের করলো।জোৎস্নার মৃদু আলোতে জাহারার আংটি টা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর হারিয়ে যাচ্ছে অজানায় ভাবনায়।
~~~~~
মেহের হতবাক হয়ে শায়েরকে দেখছে....শায়ের পানি থেকে উঠে কিনারায় এসে অস্বাভাবিক ভাবে হাঁপাচ্ছে,চেহারা রক্তশূন্য হয়ে ফ্যাকাসে দেখাচ্ছে।মেহের কি করবে বুঝতে পারছে না,শায়েরের চোখের এই আতঙ্কের কোনো উত্তর খুঁজে পাচ্ছেনা। কোনো রকম শাড়িটা পেঁচিয়ে নিয়েছে শরীরে...এভাবে শাড়ি পড়ে সে ভীষণ বিব্রতবোধ করছে....আপাদত বাড়ি যাওয়াটাই মূল উদ্দেশ্য... রাত গভীর হচ্ছে এখন বাড়ি ফিরতে হবে... না হয় তাদের দুজনকে এভাবে দেখলে ঘটবে আরেক এলাহি কান্ড।
কিছুক্ষণ বাদে দুজন সেই গোপন ছাপাখানায় ফিরে এলো...শায়ের স্বাভাবিক হলেও তার একটু আগের চঞ্চলতা এখন আর নেই...মুখ থমথমে,মন অন্যমনষ্ক। মেহের নিরবতা ভেঙে বলে উঠলো,
"আমাকে এক টুকরো কাপড় দাও আর পানি...আমি এক্ষুনি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি।"
শায়ের ধ্যান ভেঙে এলোমেলো চোখে তাকালো,ভাব-ভঙ্গি দেখে মনে হচ্ছে মাত্রই তার হুশ ফিরেছে,
" কিছু বললে..?"
"হুম.....বললাম জায়গাটা পরিষ্কার করবো,পানি আর কাপড়ের ব্যবস্থা করে দাও.... এই অবস্থায় নিজের কাজ করবে কিভাবে? জলদি শেষ করে বাড়িও তো ফিরতে হবে।"
"তোমাকে একা করতে হবে না,আমিও সাহায্য করছি।"
তারপর দুজন মিলে পুরো অগোছালো কালি মাখা ঘরটা কোনোরকম পরিষ্কার করে আবার প্রেস-মেশিন নিয়ে বসলো....মেহের একটা একটা করে কাগজ শায়েরকে এগিয়ে দিচ্ছে আর শায়ের তা মেশিন দিয়ে প্রেস করছে। দুজনের মিল মিশেলে কাজ দ্রুতই হয়ে যাচ্ছে।
"আচ্ছা তোমার পত্রিকার কি হবে..? সেটার জন্য লিখবে না..?"
"পরে লিখব...আপাদত অন্য কাজ সাড়ছি।"
"তোমার ঘরের আলনায় অনেকগুলো বই রাখা দেখলাম...তুমি সব পড়েছো...?"
"হ্যা পড়েছি।"
"একটা বই আমার চোখে লেগেছে...নাম ‘Of Friendship’......বইটা কেমন?"
"অসাধারণ..! মিশেল দে মন্তেইনের লিখা...এখানে একটা লাইন আছে আমার খুব পছন্দের।"
"সেটা কি?"
"—যদি আমাকে জিজ্ঞেস করা হয় কেন আমি তাকে ভালোবাসতাম, তবে আমার একটাই উত্তর,কারণ সে ছিল সে, আর আমি ছিলাম আমি।"
"এর দ্বারা কি বোঝায়..?"
"তুমি ই বুঝে নিও।"
"আচ্ছা বোঝাতে হবে না। কিন্তু ভেতরের ঘরে কি আর কেউ থাকতো? দুটো চকি পাতা তাই জিজ্ঞেস করলাম।"
শায়েরের চোখ-মুখে হঠাৎ আধার নেমে এলো,সে প্রশ্ন এড়াতে বলল,
"আমাকে উপর থেকে পানির পাত্রটা দিবে..?"
"এক্ষুনি দিচ্ছি।" বলেই মেহের পানি নিয়ে এসে শায়েরের হাতে দিল..তখনই তার শাড়ির আঁচল পরে ঘাড়ে ও কাধের একপাশ উন্মুক্ত হয়ে উঠে....শায়েরের চোখ সেদিকে পড়তেই দ্রুত চোখ বন্ধ করে পেছনে মুখ ঘুরিয়ে মনে মনে আওড়াল,"তওবা! তওবা!"
মেহের দ্রুত তার শাড়ির আঁচল ঠিক করে নেয়,সেই সাথে ভীষণ লজ্জা আর বিব্রতবোধ করে....
"আমি আসলে কখনো এভাবে শাড়ি পড়িনি..আঁচল টা সামলাতে পারছিনা।"
"ঠিক আছে ,আমি কিছু দেখিনি..কিন্তু আর কাউকে এই দৃশ্য দেখিও না।"
মেহের শায়েরের কথায় আরও বেশি লজ্জাবোধ করলো,যদিও শায়ের এসব দেখে অভ্যস্ত। সাধারণ গ্রামের মহিলারা এভাবেই শাড়ি পড়ে,শুধু ধনী শ্রেণির নারীদের মধ্যেই ব্লাউজ বা কোর্তার প্রচলন রয়েছে।তবুও মেহেরের চামড়া অতিরিক্ত গৌরবর্ণের বলেই তা শায়েরের চোখে বেশি বাধছিলো। সে হালকা কেশে উঠে তার ঘরে চলে যায়,একটু পর বের হয়ে আসে হাতে একটা কালো ফতুয়া নিয়ে....সেটা মেহেরের হাতে দিয়ে বলল,
"নাও এটা পড়ে নাও,আশা করি এতে তোমার কাজ সেড়ে যাবে।"
একটু পর মেহের পরিপাটি হয়ে শাড়ি পরে শায়েরের সামনে এসে হালকা কাশিতে জানান দিলো তার উপস্থিতি। শায়ের চোখ তুলে তাকাতেই ভ্যাবাচেকা খেয়ে যায়...এই রঙে মেহেরের সকল সৌন্দর্য যেন ফুটে উঠেছে....ভেজা চুলগুলো থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে। এতক্ষণ শায়ের অন্যমনস্ক হওয়াতে তা খেয়াল করেনি...হঠাৎ তার ভেতর একগুচ্ছ নাম না জানা অনুভূতিরা জেঁকে বসতে শুরু করলো। কিছুক্ষণ এক ধ্যানে স্নিগ্ধ মুখটার দিয়ে চেয়ে চোখ নামিয়ে হালকা কেশে উত্তর দিল,
"তোমাকে দেখি নতুন বউ লাগছে....এখন আজাদের সাথে বিয়ে টা সেড়ে ফেললেই হলো।"
"তোমার কি সব কিছুতে ওনাকে টেনে আমাকে খোঁচা দিতেই হবে? কতবার বলেছি আমি ওনাকে বিয়ে করছি না।"
শায়ের হাসলো কিছু বলল না। মেহের এবার স্মিত হেসে রসিকতা করে বলল,
"নতুন বউ কি আমি একাই সাজব? তুমি সাজবে না?"
শায়ের গরম চোখে তাকালে মেহের সশব্দে হেসে ফেলে। শায়ের বলল,
"হয়েছে অনেক হেসেছো,এবার চলো উঠি। তোমার বাড়ি সহি সালামত পৌঁছাতে পারলেই হলো।"
সব গোছানো শেষে শেষবার শায়ের ঘরটাতে মন ভরে চোখ বুলিয়ে নিলো ,তার বুকে একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ছে....এমন ভাবে ঘরটা দেখছে যেন এই ঘরে তার আর কখনো ফেরা হবেনা।
চলবে।
