#দাহরেখা
#পর্ব_২৫
#পূর্ণতা_আহমেদ
এই গোপন আস্তানায় ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে ভেসে আসে মেহেরের। কিছুটা ভেজা মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ, কিছুটা ভ্যাপসা আর কিছুটা কাগজ আর কালির গন্ধ—সেই সাথে এখন আরও যোগ হলো শায়েরের ধরানো চুরুটের গন্ধ। ঘরের একেবারে কেন্দ্রে রাখা একটা ভারী কাঠের ফ্রেমের ওপর বসা ছোট আকারের একটি হ্যান্ড-প্রেস মেশিন।
বড় কোনো কারখানার মতো নয়, বরং লুকিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা যায় এমন এক অদ্ভুত যন্ত্র, যা থেকে ক্ষণে ক্ষণে তেল আর লোহার গন্ধ আসছে।
মেহেরের নজর এড়াল না মেঝের দিকেও। ঘরের চারপাশের মাটিতে কালচে কালির অজস্র ছোপ। মনে হয় যেন বহু রাত ধরে এখানে গোপনে কোনো মসীযুদ্ধের প্রস্তুতি চলেছে। দেওয়ালের একপাশে রাখা কাঠের বেশ কয়েকটি ছোট ছোট বাক্স। তার ভেতর সারি দিয়ে সাজানো রয়েছে বাংলা ও ইংরেজির উল্টো হয়ে থাকা অজস্র সীসার ফন্ট বা টাইপ। কিসের পর কোন হরফ বসবে, তার এক নিখুঁত হিসাব ছড়ানো সেখানে। ডান পাশের টেবিলে ছড়ানো রয়েছে কিছু মোম কাগজ এবং একটি ছোট সাইক্লোস্টাইল মেশিন। বুঝতেই বাকি থাকে না, গভীর রাতে ব্রিটিশদের চোখ ফাঁকি দিয়ে এখানেই হাতে লেখা গোপন লিফলেটগুলোর শত শত কপি,খসখস শব্দে টেনে বের করা হতো।
ঘরের এক কোণায় স্তূপ করে রাখা বাদামী রঙের কিছু সস্তা নিউজপ্রিন্ট কাগজ। তার পাশেই পড়ে আছে আঠার হাড়ি আর দড়ি, যা দিয়ে ছাপার কাজ শেষ হওয়া মাত্রই কাগজগুলো শক্ত বান্ডিল করে লুকিয়ে ফেলার বন্দোবস্ত করা হতো।
মেহেরের চোখ যখন আরও একটু অভ্যস্ত হলো, সে দেখতে পেল ঘরের এক কোণায় মেঝের কাঠের তক্তা কিছুটা আলগা করা,হঠাৎ বিপদ বুঝলে গোটা ছাপাখানার সরঞ্জাম নিমিষে চোখের আড়াল করার একটি চট জলদি পথ। সব কিছুতেই শায়েরের হাতের ছোঁয়া লেগে আছে ,যা তার বুদ্ধির ছোটো খাটো নমুনাও প্রদর্শন করছে মেহেরের কাছে।
হঠাৎ মেহেরের চোখ আশে পাশের দেয়াল আর সিলিং এর উপর পড়লে সে ভীষণ অবাক হয়,কারণ পুরোটা জুড়ে ভারী পাট আর চটের বস্তা আর পশুর চামড়া দিয়ে লেপে দাওয়া,সে অবাক হয়ে জানতে চাইলো,
"দেয়ালে এসব চটের বস্তা আর পশুর চামড়া লেপে রাখা কেন?"
"ভেতরের শব্দ যাতে বাইরে একটুও না পৌঁছায় তাই।মাটির নিচে এই কিনারাটা প্রথম খোদাই করেছিলাম তাই এই অংশটা মন্দিরের ভেতর পরেনি এজন্যই সাউন্ড প্রুফ রাখতে এই আয়োজন।"
"তুমি এমন জায়গার খোঁজ পেলে কিভাবে ?"
"এক বন্ধুর থেকে শুনেছিলাম,এদিকে আশে পাশে একটা পুরোনো মন্দির মাটির নিচে চাপা পরে আছে,তারপর প্রায় দশ মাস লেগে গিয়েছিলো এটা উদ্ধার করতে। আখড়াবাসীরাও অনেক সাহায্য করেছিলো নাহয় একা সম্ভব হতো না। তারপর বলো কেমন লাগছে আমার আস্তানায় এসে? "
"রুপকথার মতো লাগছে !" বলতে বলতে আবারও চারিদিকে চোখ বুলিয়ে নিচ্ছে মেহের।শায়ের মেহেরের এই বিস্ময় দেখে হাসছে।
এর মাঝেই বিজলী পাশের ঘর থেকে চা বানিয়ে নিয়ে আসলো দুজনের জন্য। পাশের ছোট ঘরটার নাম দাওয়া হয়েছে চা-ঘর। সেখানে একটা বড় আলনায় চায়ের সরঞ্জাম সব গুছিয়ে রাখা।শায়েরের চায়ের নেশা আছে, সেই থেকেই নিজ হাতে এই জায়গাটা বানিয়েছিলো—এটাও তার পরিপাটি স্বভাবের ছোট খাটো একটা পরিচয় বহন করে। মেহের ভীষণ অবাক। এই প্রথম সে কোনো পুরুষ মানুষকে এত পরিপাটি,গোছানো দেখছে।
"নাও তোমগো ধোঁয়া উঠা গরম গরম চা।"
"ধন্যবাদ বিজলী দিদি।এখন কাজের জন্য বসি তাহলে?দ্রুতই ফিরতে হবে।ঘাটের কাছে কি সেই মাঝিকে পাবো?"
"পাইবা। তারে বারবার বইলা আইছি সেইখান থেইকা যাতে এক পাও না নড়ে। এখন বাকিটুক তোমগো বুদ্ধি কইরা পার হইতে হইব।"
"আচ্ছা আমি কি ভেতরের ঘরটায় যেতে পারবো? একটু ঘুরে দেখব শুধু।" অস্বস্তি নিয়ে বলল মেহের।
"অনুমতি চাইছো কেন ? আমার গোপন আস্তানা তো চিনেই ফেলেছো! ওটা আর বাদ থাকবে কেন?"
মেহের স্মিত হেসে ভেতরের দিকটায় চলে যায়।সেখানে গিয়ে দেখল দুটো চৌকি পাতা,তার উপর সাদা চাদর বিছানো। পাশে অনেকগুলো বইয়ের সমাহার।সেগুলো থেকে একটা বই বের করে মেহের হাতে নিলো,বইটার নাম "Vanity Fair“,লেখক—William Makepeace Thackeray…..বইয়ের পৃষ্ঠা খুলে প্রথম লাইনটা পড়ল,সেখানে লিখা—While the present century was in its teens,and one on sunshiny morning in June…….
বিজলী মেহেরকে দূরে দেখে শায়েরের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল,
"ওই লুৎফুন্নেসা এবার আমারে তোমারে মারার জন্যে কানা বাবার থেকে পানিপোড়া আনতে কইসে।" বলেই হাসতে থাকল।
শায়ের হেসে বলল, "বিষ হজম করা মানুষকে কানা বাবার পানিপোড়া খাইয়ে মারতে চায় ! ওনাকে পরের বার সিন্দুক ফিরানোর পানিপোড়ার নাম দিয়ে ধুতুরার রস খাইয়ে দিও,সারা জীবন তোমার নাম স্মরণ করবে।"
"তা করবোই! সে ব্যাবসা করাই আছে। সে ছাড়ো! তোমার জন্যে আগুন খবর আছে।" বলেই চারপাশে চোখ বুলিয়ে,গলা নিচু করে ফিসফিসিয়ে বলল,"কয়দিনের ভিতর বারদোলিতে আগুন লাগবে,সব এক পায়ে দাঁড়ায় আছে। খালি জায়গা মত ঢিল মারতে পারলেই হইলো।"
"লিফলেট গুলো সব পৌঁছে দিতে পেরেছিলে?"
"এই কড়া নজরদারির ভিতর সব দেওন যায়? অর্ধেকটা কোনো রকম দিসি বাজারে বাজারে ঘুইরা।বাকিটা শহরের পৌঁছায় দিতে পারলেই হইলো। কিন্তু সেদিকে যাওয়া অনেক ঝুঁকি। আগের বার মিনুরে পাঠাইছিলাম আর ফেরত আসে নাই। ওইদিক যাইতে তো সাহস পাই না।"
"কি যে করবো! কিছুই বুঝতে পারছি না ! ছায়াটা মাথার উপর থেকে সরে যাওয়ার পর থেকে এলোমেলো হয়ে গেছি দিদি। আবেগ আর জেদ টা চেপে ধরেছে,সে থেকে বারবার খালি ভুল করছি।"
"চিন্তা কইরো না,একলা এতো বড় ঝুঁকি নিতাছো এইটাই কয়জনে পারে? বাকি শহরে পৌঁছায় দিলেই হইলো। ওহ! আর আমিনের দলে খবর এহনো পাঠাইতে পারি নাই।আমারে কইসে ভোরের দিকে কাশেম বাজারে দেহা করতে। কাল যাবো দল-বল নিয়া।ওর কানে খবর গেলে আর চিন্তা কি? অস্ত্র চালান দিয়া দিবে কয়দিনের ভিতর,তুমি খালি রাস্তাটা খোলা রাইখো। বিশেষ কইরা ওই মজুমদারের বড় পুত্ররে একটা টোকা দিও,যাতে এদিক ওদিক আর নজর রাখতে না পারে।....আগের বার ওইটার জন্যেই সব মাটি হইসিলো! "
"হুম।"
"ওমা কি হইলো? মুখ এমন বেজার হইয়া গেল ক্যান?" বলেই একবার ভেতরের ঘরে থাকা মেহেরের দিকে এক নজর তাকালো বিজলী,
তারপর একবার শায়েরের দিকে ফিরে দেখল সে এক দৃষ্টিতে মেহেরকে দেখছে,বিজলী কিছু একটা ভেবে বলল,
"গুরুমা যেইটা মজা কইরা কইছিলো ওইটা আবার সত্য হইতাসে নাকি?"
শায়ের চকিতে মুখ তুলে তাকালো,চোখ ছোট ছোট করে ফেলল,নিঃশ্বাস হঠাৎ দ্রুত নিচ্ছে যেন হৃদস্পন্দন বেড়ে গেছে,তার চোখে অদ্ভুত এক অশান্তি,যন্ত্রণা,অনুতাপ আর এক নতুন অনুভূতির মিশ্রন....সে ভাষা বুঝতে বিজলীর সময় লাগল না,অবাক স্বরে বলল,
"এই ভুল কইরো না! সে তোমার সব সত্যি জানলে কখনো তোমারে মাইনা নিতে পারবে না। তোমরা দুইজন দুইদিকের মানুষ ,এই রাস্তা কখনো এক করতে পারবা না। করতে গেলে তুমি নিজেও পুড়বা তারেও পুড়াইবা।"
"আমি জানি। আর তুমি বেশিই ভাবছো।এমন কিছু না। এসব ছেড়ে কাজে লেগে পড়ো।" বলেই দ্রুত উঠে কাঠের বাক্স থেকে কাগজ বের করে,কালি নিয়ে মেঝেতে বসল। বিজলী অবাক হয়ে শায়েরকে দেখছে,এই বিষয় নিয়ে আর কথা না বাড়িয়ে লিফলেট বানানোর কাজে লেগে পড়লো।
"তোমরা কি করছো? " বলেই মেহের ঘরে ঢুকল।
"কাগজ বেলে রুটি বানাচ্ছি।"
"কিসব বলছো? রসিকতা ছেড়ে বলো কাগজে কি ছাপাচ্ছো?"
"তোমার না জানাই ভালো।"
"বলো না।"
"হলেই দেখবে।"
" কিন্তু....."
"আমরা ভোরের আগ দিয়ে রওনা দিবো। বাসায় পৌঁছে কিভাবে সব সামলাবে আপাদত তা ভাবো।"
"ধরা খাওয়ার তো কথা না...সবাই জানে তুমি অসুস্থ তাই তোমাকে কেউ বিরক্ত করতে যাবে না।"
"আর তোমাকে?"
"চআমার ও ধরা খাওয়ার কথা না,তারপর ও যদি খেয়েই যাই তাহলে বলবো তোমার সাথে ঘুরতে বেরিয়েছিলাম।"
"বাহ! এভাবে আমাকে মার খাওয়ানোর বন্দোবস্তো করেছো ?"
মেহের হাসলো কিছু বলল না,ধীর পায়ে কাছে এসে বসে দেখার চেষ্টা করলো তারা দুইজন কিভাবে কি করছে।
"আমি সাহায্যে করি...?"
"প্রয়োজন নেই,এমনি আমার অনেক উপকার করেছো।" ব্যঙ্গ করে বলল শায়ের।
"হ করো। আমার মাজনা বেদনা করতাছে,ঘুম ও ধরছে আবার সকাল সকাল বাইর হইতে হইব।" হাই তুলতে তুলতে বলল বিজলী।
"তুমি যাও,ঘুমাও। আমি পারব।"
শায়ের আর কিছু বলল না,বিজলী উঠে চলে যেতে নিল,যাওয়ার আগে বলল, "তোমগো কাম শেষ হইলে আমারে ডাক দিও। আমি যাই।"
শায়ের মাথা ঝাকিয়ে সম্মতি জানালো,তারপর প্রেস মেশিন দিয়ে কাগজের উপর চাপ দিতে থাকলো।মেহের বিজলীর চলে যাওয়ার পানে চেয়ে থেকে শায়েরকে প্রশ্ন করল,
"ওইদিন ওনারা বাড়িতে কি তোমাকে খবর দিতেই এসেছিলো?"
"হ্যা।"
তারপর মেহের কাগজগুলো হাতে নিয়ে বেশ অবাক হয়ে বলল,"এ...এই লেখা আমি আগেও দেখেছি। এটা সাংকেতিক ভাষায় লিখা তাইনা?"
"তুমি কি করে জানো?" অবাক হয়ে বলল শায়ের।
"আ...আমি এগুলো দেখেছি। আমার আম্মা আব্বা ও এই ভাষায় লিখতেন,এমনকি আম্মার অনেক চিঠি আছে এই ভাষায় লিখা কিন্তু আমি তা জানি না বলে পড়তে পারছি না।"
"এ ভাষা তো সবার বোঝার কথা না।" বলল শায়ের।
"আম্মা-আবা দুই জনই লেখালিখি করতেন সে থেকেই জানতেন। যাক ভালোই হলো তুমি আম্মার চিঠিগুলো এখন আমাকে পড়ে শোনাতে পারবে....এটাই তোমার তরফ থেকে আমার জন্য প্রথম বন্ধুত্বের উপহার।"
শায়ের কিছুটা চমকালো মেহেরের বাবা-মার বিষয়টা জানতে পেরে, তবুও তা আড়াল করে উত্তর দিল,
"বাহ! জোর করে উপহার আদায় করে নিচ্ছো?" বলেই আরেকটা কাগজে প্রেস করলো।
"দিবে না?"
"আচ্ছা যাও দিবো।"
"সত্যি ? "
"সত্যি।"
"তোমাকে বিশ্বাস নেই। আমার হাত ছুঁয়ে বলো তবেই বিশ্বাস করবো।"
শায়ের হতভম্ব হয়ে মেহেরের দিকে চেয়ে আছে। মেহেরকে প্রথম দেখায় সে কঠোর স্বভাবের ভেবেছিলো কিন্তু এখন যত দিন যাচ্ছে মেহেরের বাচ্চাসুলভ আচরণ একে একে বেরিয়ে আসছে।শায়েরের অবশ্য ভালোই লাগছে। সে আর কথা বাড়ালো না, হাত ছুঁয়ে শপথ খেলো সে সেই চিঠি তাকে পড়ে শোনাবে।
মেহের খুশীতে আত্নহারা হয়ে চটপটে গলায় বলল,
"বাবা আমাকে সেই চিঠি ছুঁতেও দেইনি কখনো,কিন্তু আমি সুযোগ করে তা আমার আয়ত্তে নিয়ে নিয়েছি।এখন কিন্তু তুমি বেঈমানী করত পারবে না,আমাকে ছুঁয়ে শপথ করেছো,কথা না রাখলে আমি মরে যাবো।"
"আমার সামনে কখনো নিজের মৃত্যু কামনা করবে না। একটা সামান্য চিঠির জন্য নিজের মৃত্যু চাইছো?"
"হ্যা চাইছি।" বলেই মিটিমিটি হাসলো মেহের,ইচ্ছে করেই শায়েরকে রাগাতে বলেছে। কিন্তু শায়ের বেশি রেগে যাচ্ছে দেখে বলল, "হয়েছে আর রাগ করো না,মজা করছি।"
শায়েরের কিছু না বললেও থমথমে চেহারা করে ,মেহেরের উপর হওয়া রাগ সব কাগজের উপর জোরে চাপ দিয়ে মেটাচ্ছে,এতে তার ঘাড়ের ক্ষততে প্রচন্ড টান লাগছে তবুও সেদিকে শায়ের তোয়াক্কা করছে না।মেহেরের এই নিরবতা ভালো লাগছে না তাই সে পাশে থাকা কালির কৌটা থেকে একটু আঙুলে নিয়ে শায়েরের নাকে লাগিয়ে দিলো।
শায়েরের হাত গেল থমকে,মেহেরের দিকে হা হয়ে তাকিয়ে আছে। মেহের মিটিমিটি হাসছে,শায়ের কিছুক্ষণ থম মেরে তাকিয়ে থাকল তারপর সেদিকে পাত্তা না দিয়ে স্বাভাবিক ভাবে নিজের কাজ করতে শুরু করলো।মেহের কোনো প্রতিক্রিয়া না পেয়ে শায়েরের দিকে ঝুঁকতেই যাবে তখন ই শায়ের তার হাতের কালি সব মেহেরের গালে মেখে দিলো। তারপর এক লাফে উঠে দূরে সরে দাঁড়িয়ে মিষ্টি স্বরে হুমকি দিল,
"এই...!! আমাকে আর কালি মাখবে না। এমনি শাড়ি পড়ে আজ আমার গায়ে কালিমা লেগে গেছে।"
"তোমাকে তো আজকে কোনোভাবেই ছাড়ছি না।" বলেই মেহের তার এক হাত কালিতে চুবিয়ে ছুটে আসলো শায়েরের দিকে।শায়ের সুকৌশলে তাকে কাটিয়ে অন্যপাশে সরে গেল,আর মেহের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পড়লো কালির উপর।মেহেরের আকাশি শাড়ি বদলে কালো রঙে রঙ্গিন হলো,এদিকে শায়ের হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তা দেখে মেহের বাচ্চাদের মতো কান্না জুড়ে দিলো।শায়ের যেন বোকা বনে গেল,দ্রুত মেহেরের কাছে ছুটে এসে স্তম্ভিত হয়ে মেহেরের দিকে চেয়ে আছে,কি থেকে কি হলো বুঝে উঠতে পারছে না।
মেহের যে এভাবে কেঁদে ফেলবে তা সে ভুলেও ভাবেনি,অস্থির হয়ে বলল,"আরেহ!! কেঁদো না। আমি বুঝিনি তুমি পরে যাবে এভাবে। মেহের..!" মেহেরের কান্না থামছে না দেখে শায়ের আবার বলল,
"আমি আগে জানলে সরে না গিয়ে তোমার হাতের কালি মাখতাম....আচ্ছা এই যে আমিও নিজের শরীরে কালি মাখছি...তুমি তাও কান্না থামাও মেহের...আমি....."
কথা শেষ হওয়ার আগেই মেহের আরেক কৌটার কালি নিয়ে পুরোটা শায়েরের গায়ে ছুড়ে দিলো,তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। শায়ের মেহেরের ছলনাময়ী কান্নার ফাঁদে পরে বেকুব বনে গেল মূহুর্তেই। মেয়েরা শরীরের শক্তিতে পেরে না উঠলে শেষ অস্ত্র হিসেবে বেছে নেয় চোখের জল।শায়ের মেহেরের হাসি দেখে বলল,
"তোমরা মেয়েরা আর কিছু পারো আর নাই পারো কান্নার অভিনয় ভালোই জানো।"
মেহের কিছু বললো না শুধু খিলখিলিয়ে হাসলো।শায়েরও কি কম যায়? সেও পাল্টা তার হাতের কালি দিয়ে মেহেরের মসৃণ গালে বসিয়ে দিল তার হাতে ছাপ। মূহুর্তেই দুজন বিপ্লবী তাদের আগুনের খোলস থেকে বেরিয়ে কালি ছোড়াছুড়িতে এমনভাবে মেতে উঠল যেন ভুলেই গেছে যে তারা দুইজন বহু আগেই শৈশব পেরিয়ে প্রাপ্ত বয়স্কতে পরিণত হয়েছে।
প্রায় অনেক্ষণ পর....শৈশব থেকে বেরিয়ে যখন দুজনের হুশ ফিরলো,দেখতে পেলো আশে পাশে সব জায়গায় কালি দিয়ে একাকার....লিফলেট,কাগজ এতক্ষণের সব পরিশ্রম কালিতে ধুয়ে-মুছে গেছে। শায়ের মাথায় হাত দিয়ে এসব দেখছে আর মেহেরের চোখে দেখা দিল তীব্র অনুশোচনা। সে দুঃখিত গলায় বলল,
"আমার জন্যই এসব হলো। আমি....."
শায়ের কন্ঠে মিথ্যা রাগ ঢেলে বলল, " দুঃখিত বললেই সব কালি মুছে যাবে?" তারপর কিছুক্ষণ মেহেরের স্তব্ধ চেহারা দেখে বেশ মজা পেলো,মুচকি হেসে বলল,
"যাক একদিক দিয়ে ভালোই হলো তোমার চক্করে পরে আমিও শৈশবটা উপভোগ করতে পারলাম।"
"কিন্তু এখন এই যে ক্ষতি হলো সেটার কি হবে?"
"সেটা তোমাকে দিয়েই পূরণ করাবো।"
"কিভাবে?" অবাক হয়ে বলল মেহের।
"আগে উপরে চলো।"
দরজায় অনেক্ষণ যাবত টোকা পড়ছে,বিজলীর কানে তা যাচ্ছে ঠিকই কিন্তু ঘুমের জন্য সে চোখ খুলতে পারছে না।অবশেষে বহু কষ্টে ঘুম ছেড়ে উঠে দরজা খুলে দিলো এক বিকট চিৎকার.....
"ওমা....গো......ভূত ভূত...আমারে ভূতে ধরলো গো গুরুমা...!"
"ভূত না আমি শায়ের দিদি....থামো...আশে পাশের গ্রাম তো জড়ো করে ফেলবে।" ফিসফিসিয়ে বলল শায়ের।
"ওমা....গো....শায়ের..এইটা তুমি? আরেকটু তেই আমার পরাণ পাখিটা উড়াল দিতো!.. তোমগো কি মাথার ছিট গেছে নাকি? কালি কাগজে ছাপ না মাইরা চেহারায় মারসো ক্যান? সারা রাইত কি দুইজনে এমনে ভূত সাজছো আমার কলিজা কাঁপাইতে ?"
"পরে বকো দিদি...আপাদত ওকে তোমার একটা শাড়ি দাও....! আর রিঠা থাকলে দাও।"
"তোমরা কি এই রাইতের বেলায় তাল-বেতাল হইছো? " আরও কিছু বলতেই যাবে কিন্তু আর কথা না বাড়িয়ে ভিতর থেকে রিঠা আর একটা কমলা জরির শাড়ি নিয়ে এসে মেহেরের হাতে দিয়ে বলল,"ধরো এইডা,আমার কাছে ওই কাপড়ের সাথে পিন্ধনের জন্যে ওই বিলেতি কোর্তা নাই,আমরা এমনেই কাপর প্যাঁচ দিয়া পিন্ধি।"
"কিন্তু......."
"তোমরা যা মনে চায় করো,এহন আমার ঘুমাইতে হইবো।কাল মেলা কাম আছে...খালি যাওয়ার আগ দিয়া আমারে ডাক দিও...আর না ডাক দিলে আরও ভালো।" বলে বিজলী ঘরে ঢুকে পড়লো। ঘুম পরিপূর্ণ না হওয়াতে তার মেজাজ চটেছে তা বেশ ভালোই আঁচ করতে পেরেছে দুজন। তাই আর বিরক্ত করলো না।
আখড়া পল্লী থেকে কিছুটা দূরে একটা ছোট পুকুর রয়েছে,আশে পাশে ব্যাঙের ডাক আর ঝিঁঝিঁ পোকাদের ডাক ছাড়া আপাতত আর কোনো শব্দ ভেসে আসছে না। এই ডাক এই নির্জন পরিবেশের নির্জনতা ভাঙার আহব্বান জানাচ্ছে। তাদের সাথে যোগ দিয়েছে শায়ের ও মেহের।যদিও তারা ধীরে ধীরে পা ফেলেই পুকুরের পানিতে নামছে তবুও পানিতে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে।
চলবে।
