#দাহরেখা
#পর্ব_২৪
#পূর্ণতা_আহমেদ
অন্ধকার ঘরে টিমটিমিয়ে মোমবাতি জ্বলছে...খাটের পাশে থাকা রুপোর থালায় সাজনো বাহারি ফলমূলে মাছি বসেছে। যার জন্য সাজানো তিনি ঘোরে ডুবে আছেন। কাল আসমাকে মাটি দিয়ে আসার পর থেকেই জামশাদের মন বিষণ্ণ,স্ত্রী মরিয়মের কথা খুব বেশি মনে পড়ছে। চোখ বন্ধ করলেই যেন মরিয়মের মায়াবি মুখখানি ভেসে ওঠে। আজ এতগুলো বছর হয়ে গেল মরিয়মকে ছাড়াই পাড় করে দিয়েছেন এতটা সময়,এভাবে একাই ! সারাদিন যতই ব্যস্ততায় ভুলে থাকার চেষ্টা করুক না কেন,দিনশেষে একটা আশ্রয়,একটা সঙ্গ, একটা বিশ্বস্ত ভরসাস্থল আমাদের সকলেরই প্রয়োজন। জামশাদ সেই শূন্যতায় শূন্য,অপূর্ণতায় পরিপূর্ণ।এই শূন্যতা কোনো কিছুর বিনিময়েই পূরণ হবার নয়। তা ভাবতে ভাবতেই এক মায়াবী কন্ঠ তাকে ভাসিয়ে নিয়ে গেল.....
"তুমি পাশে তবু, বসে চুপচাপ,ভাবিতেছি নিরালায়
তুমি হতে দূরে সরে গেলে, আমার হবে কি উপায়?
দুটি হাত আমার,এক হাতে ধরি তোমার এক হাত
আরেক হাতে আগুন,তা যদি আমায়-ই পোড়ায়?
ঘর আঁধার,চেয়ে দেখি বাইরে হয়েছে অনেক রাত
তুমি পাশে,আলো ভেসে আসে,আশা দেয় আমায়।"
" বাহ চমৎকার! কি সৌভাগ্য আমার ! এই মিষ্টি কণ্ঠে এমন সুন্দর কবিতা শুনছি! তোমার আর কোনো প্রতিভা বাকি নেই মরিয়ম।সকল গুন নিয়েই জন্মে আমাকে পূর্ণ করেছো। শুধু আমি ই তোমাকে সুখে রাখতে পারছি না।ছোট একটা মাটির ঘরে কোনোরকম আছি।"
"এভাবে বলছেন কেনো? যে ঘরে সুখ আছে তাকে কখনো ছোট বলতে নেই। আমাদের তো কোনো কিছুর অভাব নেই। দুটো ছেলে,আপনার মত একজন স্বামী আর এই সুন্দর ঘরটা আর কি শূন্যতা বাকি আছে? এখন সৃষ্টিকর্তা একটা ফুটফুটে কন্যা দিলেই আমরা পরিপূর্ণ।"
"ছেলেগুলোকে যেমন তোমার ভক্ত বানিয়েছো,মেয়েকে তেমন আমার ভক্ত বানাবো দেখবে।"
মরিয়ম মিষ্টি হেসে বললেন "তাই হোক!"
" আব্বা ! আব্বা ! ঘুমিয়ে পড়েছো? ভেতরে আসবো?"
সুন্দর সে কন্ঠের মোহ ভেঙে জামশাদ মাহিবের কথায় চমকে উঠলেন,ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলেন। চোখে ক্লান্তি আর যন্ত্রণার ছাপ স্পষ্ট , তা যতোই ছেলেমেয়েদের থেকে আড়াল করার ই চেষ্টা করুক না কেন। জামশাদ মাহিবকে ইশারায় ভেতরে আসতে বললেন। মাহিব ধীর পায়ে এসে জামশাদের পাশে বসল। উদ্বীগ্ন কন্ঠে জিজ্ঞেস করল,
"আব্বা এখন শরীরটা কেমন?"
"এই তো আছি বাবা। আজকাল তোমার মাকে বারবার স্বপ্নে দেখছি,বোধহয় আমার ও ডাক পড়েছে।” বলেই স্মিত হাসলেন জামশাদ।
মাহিবের বুক ধক করে উঠল,ধরা গলায় বলল,
"আব্বা এসব বলবেন না। একটু অসুখ হলেই উল্টো পাল্টা বলেন। এই দুঃসময়ে আপনি ছাড়া আমাদের আর কে আছে ?"
"তোমরা যথেষ্ট বড় হয়েছো,এখন নিজেদের খেয়াল রাখতে শিখবে। ছোটবোনকে দেখে রাখবে।"
"আব্বা....."
"কুষ্টিয়ার সে মাটির ঘরের কথা মনে আছে?"
"না তেমন একটা নেই। বড় ভাইয়ের বোধহয় মনে আছে। হঠাৎ সেই প্রসঙ্গে বলছো কেন আব্বা? কিছু হয়েছে?"
"সে বাড়িটা বারবার চোখের সামনে ভেসে উঠছে।"
"বড় ভাই থেকে টুকটাক শুনেছিলাম,কিন্তু তুমি কখনো সে বাড়ি নিয়ে কিছু বলো না আমাদের। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয়।"
"আব্বার সাথে রাগ করে এই জমিদার বাড়ি ছেড়ে প্রথম সেখানে উঠি। আমার জীবনের প্রথম আয়ের পয়সায় করা বাড়ি।ছোট একটা ঘর,সামনে কিছু খালি জায়গা।তোমার আম্মা সে সাধারণ বাড়িটা বদলে এক টুকরো স্বর্গ বানিয়েছিলো। চালের উপর বাহারি লতাপাতা,বাড়ির সামনে বিশাল একটা বাগানবিলাস গাছ ,ভোর হলেই গোলাপি পাতায় উঠোন ভরে যেত। এত সুন্দর দৃশ্য আর হয় না। তোমার আম্মার সাথে থেকেই এই গাছের নেশা ধরেছিলো আমার-সে থেকেই এই বাড়ির বাগানে এত গাছ লাগিয়েছি।কিন্তু সে সুঘ্রাণ আর পাই না। "
"আম্মা নাকি অনেক রাজহাঁস ও পালতেন?"
"তা আবার বলতে? একবার তো রাজহাঁসের ঠোকরে শাহরিয়ারের পায়ের ছালই উঠে গেছিলো।সে কি কান্না! " বলেই জামশাদ হাসলেন,সাথে মাহিব ও। একটু থেমে আবার বলতে শুরু করলেন,"তোমার থেকে শাহরিয়ার বয়সে আট বছর বড়,কিন্তু তুমি বলতে তুমি নাকি ওর বড় ভাই।এই নিয়ে তোমাদের মাঝে মূহুর্তে মূহুর্তে ঝগড়া বেধে যেতো।"
মাহিব স্মিত হেসে বলল,"আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিলো অথচ আমার কিছুই মনে নেই! বয়সের সাথে সাথে ভাইবোন দের মাঝে অদৃশ্য দেয়ার তৈরি হতে থাকে।একটা সময় বড় ভাই ও কত হাসিখুশী একটা মানুষ ছিল।"
"সুন্দর মূহুর্ত খুব অল্প সময়ের মেহমান হয়েই আসে জীবনে। তাছাড়া তোমার তখন মাত্র দু বছর। তারপর তো এ বাড়িতেই চলে আসলাম।"
"ইশ! সেখানে যদি আরও কিছুদিন থাকতে পারতাম! মেহের তো সেই সুযোগ ও পেলো না।"
জামশাদের হাঠাৎ চোখ-মুখে কালো ছায়া নেমে এলো।নিস্তেজ গলায় বললেন, "মেহেরের ভাগ্যটাই বড় নিষ্ঠুর..!"
"মেহের অবিকল আম্মার মতো হয়েছে দেখতে,ওকে দেখলেই আম্মার কথা মনে পরে।"
"মেহের আমার কাছে একটা আয়নার মতো যার সামনে দাঁড়ালে তোমার আম্মার প্রতিবিম্ব দেখতে পাই। ওকে যত্নে রেখো, এই সুন্দর আয়না যেন ভেঙে না যায়।"
"রাখবো আব্বা,রাখবো।"
———————————
এদিকে গুলফা বেচারি এই নিয়ে বিশ বারের উপর দোতলা থেকে উঠছে আর নামছে। লুৎফুন্নেসা বেগম একের পর এক আদেশ দিয়েই যাচ্ছেন,কিন্তু কোনো কিছুই তার মন মতো হচ্ছেনা। লুৎফুন্নেসা বেগমের এক বিশেষ ধরনের পুদিনাপাতার চা পান করার অভ্যাস আছে। যা একমাত্র নিখুঁতভাবে আসমা ই বানাতে পারতো। আসমার হাতের সে বিশেষ চায়ের অভাবে লুৎফুন্নেসার মাথা যেন আরও বিষিয়ে আছে। জানালার ধারে বসে পেছনের বাগানের এক কিনারায় হলদে হয়ে যাওয়া পুদিনাপাতা গুলো দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেলেন....
"কিরে অপয়া! তুই আমার কচু তুলে পুদিনা বুনলি কোন সাহসে? এগুলো কি তোর মাথায় দিবি না আমার মাথায়?"
"বেগমা চেইতেন না,কচুগুলা তো মইরা যেইতেছিলো....তাই উঠাইছি।"
"ওরে আসমা!... ওরে অপয়া!.... আমার কচু মরুক নাইলে জিন্দা হোক! তোকে এত এত কাজ ফেলে আমি কচু উঠাতে বলছি? সেই কখন চা নিয়ে ঘরে যেতে বলছিলাম আর তুই এখানে বসে কচু তুলছিস?"
"বেগমা এই এক্ষণ আপনার জন্য চা নিয়ে আইতেসি,এবার নতুন চা বানাইতে শিখসি,একবার খাইলে আর জীবনেও ভুলবেন না।"
"আহহা আমার চা আবিস্কারক রে! কোন বাবার মন্ত্র পড়ে চা বানিয়ে আমাকে বশ করার ধান্দা করছিস রে আসমা?"
"খোদার কসম বেগমা ! কোনো বাবার পানি মিশামু না। ওইযে সামনের দিকে পুদিনা বুনসিলাম ওইটা দিয়া চা বানামু।"
"ছিঃ! এমন চা তো আমার বাপের বর্ষেও শুনি নাই! তুই কি আমায় অকালে উপরের রাস্তা ধরাতে চাস?"
"আপনে খালি একবার খাইয়া দেখবেন! আর জীবনেও ভুলবেন না।"
"জীবনে ভুলার জন্য বেঁচে থাকলেই হলো! আচ্ছা যা! বানিয়ে নিয়ে আয়। অখাদ্য হলে তোর গলা দিয়ে ঢালবো।"
"এক্ষুনি আনতেসি।" বলেই এক ছুট লাগালো আসমা,তারপর ধীরে ধীরে হাওয়ায় মিশে গেল....। দরজার ঠকঠক শব্দ কানে ভেসে আসলে লুৎফুন্নেসা চট করে বলে উঠলেন,
"আয় ভেতরে আয় আসমা। দেখি কি চা বানিয়ে আনলি।"
"আমি আসমা না বেগমা,আমি গুলফা।আসমা তো আর বেঁচে নাই।"
চকিতে তাকালেন দরজার দিকে লুৎফুন্নেসা। গুলফা হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ ই তার ভেতরটা কেমন যেন করে উঠলো। অজান্তেই মেজাজ হারালেন,খিটখিটে মেজাজে জবাব দিলেন,
"এবার যদি চা ভালো না হয় তোকে গোয়ালের গরুর সাথে বেধে সাত গ্রাম ঘোরাবো।"
"বেগমা! আমি তো সবটা দিয়া চেষ্টা করলাম তাও আসমার মতো তো হয় না। এখন আসমারে কেমনে ধইরা নিয়া আসমু কন?"
"তুই তোর চা নিয়ে বেরিয়ে যা....আর আমার ঘরে কেউ ঢুকবি না...আমি একটু ঘুমাবো। আর ওই দারোগা আসলে বলবি আমি মরে গেছি আমার মাথা যেন খেতে না আসে।"
গুলফা বেরিয়ে যেতেই লুৎফুন্নেসা শরীরটা এলিয়ে দিলেন শিমুল তুলার তুলতুলে বিছানায়। তবুও তার ঘুম আসছে না। না চাইতেও অজান্তে আসমার জন্য তার মনে অনুতাপ বেড়েই চলেছে। দশ বছর ধরে আসমা ছায়ার মতো তার সাথে ছিলো,হঠাৎ এই সামান্য দাসীর শূন্যতাও যেন লুৎফুন্নেসার মতো পাথরের গায়ে কাঁটার মতো বিধছে।এজন্যই হয়তো এই প্রবাদটি এত বিখ্যাত —"দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝেনা।"
লুৎফুন্নেসা প্রথম খুনটা করার পর ভেতরে খুন করার যে সাহস জেগেছিলো তা ধীরে ধীরে তাকে হিংস্র পশুতে রুপান্তরিত করেছে।
————-
এদিকে পাশের ঘরেই দারোগা মোজাম্মেল ও মোড়ল বিশাল আলোচনার পাহাড় নিয়ে বসেছেন। দারোগা সাজানো পরিকল্পনাগুলো বারবার ই ভেস্তে যাচ্ছে,এর দায়ভার অবশ্য মোড়লের উপরেই চাপিয়ে দিচ্ছেন। চিন্তার এক গভীর সমুদ্রে তিনি ভাসছেন,সেখান থেকে হঠাৎ মোড়লকে প্রশ্ন করলেন,
"এই কবি আর এই বাড়ির মেয়ের মধ্যে কি থাকতে পারে বলে মনে হয় মোড়ল?"
"হুজুর! আমার মন তো এতোদিন কইতো অন্য কিছু। কিন্তু আজকা সব ওলোট পালোট হইয়া গেছে।"
"তোমার জ্বিন-ভূতের চক্করে ওরা হাত থেকে ফসকে গেল ! এখন তোমার কাজ বাইরে যেয়ে ঘাপটি মেরে বসে থাকা আর ওদের উপর নজর রাখা।কেন যেন এই কবির উপর সন্দেহ এখন আমার বহুগুনে বেড়ে গেল! "
"হুজুর! এই রাইত বিরাইতে আপনে আজকেও আমারে বাইরে পাঠাইবেন ? "
"না তোমায় ঘরে বসে মুড়ি খাওয়াবো.... যত্তসব! "
"চেইতেন না হুজুর! একটা বিষয় দেখসেন? মজুমদারের বড় পুত্র আজকাল আপনেরে গালি-গালাজ করে না। বিষয়টা ঘাপলা লাগতেসে।"
মোজাম্মেল বাঁকা চোখে,অগ্নিদৃষ্টি মেলে মোড়লের দিকে চেয়ে আছেন...সম্ভবত চোখে দিয়েই মোড়লকে ভস্মীভূত করার চেষ্টা।
চলবে।
