#শিউলি_ফুল
#পর্ব_২২
#তাজরীন_ফাতিহা
আশ্চর্যজনকভাবে হালিমা টের পাচ্ছে সে আগের ন্যায় পরিষ্কারভাবে কানে শুনতে পারছে না। শ্রবণে যেকোনো কথা বা শব্দ বাধা পেয়ে ঢুকছে। হাসপাতাল থেকে এসেই অবশ্য এই সমস্যা উপলব্ধি করেছিল তবে পাত্তা দেয়নি মনের ভুল ভেবে। তবে আজ বিষয়টা একদম পরিষ্কার হলো যখন দেখল তাদের ঘরের ঘুরন্ত পাখাটা ঘুরছে শব্দবিহীন। পাখা ঘুরছে ঠিকই তবে কোনো আওয়াজ ছাড়া এটা অসম্ভব। ঘুরতে ঘুরতে এমন ঘ্যার ঘ্যার, ঘড় ঘড় জাতীয় আওয়াজ করে এটা! হালিমা ত্যক্তবিরক্ত হয়ে বন্ধই করে রাখে। সেকান্দার আলীকে কতবার বলেছে এটা সারিয়ে আনতে তবে বিশেষ পাত্তা দেয়নি লোকটা। এসব তার কাছে ঝামেলার মনে হয়, পাখা খুলে কয়েক মাইল গিয়ে ঠিক করে আবার আনাটা ঝামেলার বৈকি। জানালার কপাট খুলে আকাশ পানে চাইল হালিমা। কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি নামিয়ে ফেলল। সম্মুখে চাইতেই দেখল খোপ খুলে শাশুড়ি আম্মা হাঁস, মুরগি বের করছেন। অন্য সময় হলে হালিমাকে ডেকে ডেকে শ'খানেক কথা শোনানো হয়ে যেতো তবে দুদিন হলো সেসব থেকে ছুটি নিয়েছেন বোধহয়। নাকি ডেকেছিলেন হালিমার শ্রবণেন্দ্রিয়েই ঢোকেনি কে জানে? পাখির কিচিরমিচির আওয়াজ ক্ষীণ শুনতে পাচ্ছে হালিমা। জানালার কপাট ছুঁয়েছে পেয়ারা গাছটি। গাছটায় একজোড়া চড়ুই পাখি এসে বসেছে। এরা যুগল কিনা বোঝা যাচ্ছেনা। একটি গাছের উঁচু মগডালে আরেকটি নিচু ডালে। সম্ভবত যুগলই, ঝগড়া হয়েছে বোধহয়। এ পর্যায়ে হালিমার ভাবনা স্থগিত হলো। পাখিদেরও বুঝি ঝগড়া হয়! মানুষের হতে পারলে পাখিদের কেন নয়? সেকান্দার আলী এবং তার মতো নিশ্চয়ই মান- অভিমানের পালা চলছে। কদিন বাদে স্বভাবতই ঠিক হয়ে যাবে। ঠিক না হয়ে উপায় কি? সঙ্গী ছাড়া কোনো প্রাণী বাঁচে না, যারা বাঁচে তাদের আয়ুকাল হয় সীমিত নয়তো বিমর্ষ।
হালিমা উৎসুক হয়ে চারপাশের প্রকৃতির এই নির্মল স্নিগ্ধতা অবলোকন করছে। কতদিন হয় যেন এমন সুন্দর সকাল দেখে না। দুদিনেই শরীরের শক্তি ফুরিয়েছে যেন। মাথায় কাপড় তোলা। সোবহান ঘুম থেকে উঠেই দাদার কাছে দৌড়। দাদা কুরআন তেলাওয়াত করবে আর সে নিবিড় হয়ে শুনবে। সেকান্দার ফজর পড়তে মসজিদে গিয়েছে আর ফেরেনি। লোকটা ইদানীং তাকে বাচ্চাদের মতো আঁকড়ে রাখে। ধরলে এমন জেতে ধরে যেন হাড্ডিগুলো একত্র হয়ে আসবে। হালিমা আস্তে ধরতে বললেও শোনে না। শুধু বুকের সঙ্গে চেপে ধরে রাখে, কিছুই বলেনা। হালিমা তো অসুস্থতায় বেশি কথাও বলতে পারেনা নয়তো পটর পটর করে মাথা খেয়ে ফেলত। সেকান্দারকে তখন ধমক দিয়ে তার সেই পটর পটর থামাতে হতো। ফুসফুসে পানি ঢোকায় শ্বাস নিতে ও ফেলতে কষ্ট হয়। ডাক্তার কয়েকদিন কথা কম বলতে নির্দেশ দিয়েছেন। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
গতকাল ননাসরা এসেছিল দেখতে। দেখে আবার ফিরতি ট্রেন ধরে চলে গেছে। ঘন ঘন বাবার বাড়ি আসাটা শ্বশুরবাড়ির কেউ ভালো চোখে দেখে না। তাই যেদিন এসেছে সেদিনই চলে গেছে। আসমা বেগম নিয়ম করে নিজ থেকেই দুধ, ডিম, ফল খেতে দিচ্ছেন। দেয়ার ফাঁকে ফাঁকে অবশ্য দুচারটে কথা শোনাতেও ছাড়ছেন না। যাক দুধ,ডিম যে খেতে দিচ্ছেন এই ঢের। পানিতে পড়ে হালিমার লাভ বৈ ক্ষতি হয়নি। হ্যাঁ কান এবং ফুসফুসের সমস্যাটা বাদে লাভই বেশি হয়েছে। আর কোনো সমস্যা হয়েছে কিনা বুঝতে পারছে না, ধীরে ধীরে সব সমস্যার উপসর্গই ধরা দিচ্ছে।
সেকান্দার টুপি হাতে ঘরে ঢুকল। ঘরের এক কোণে বেড়ার কাঠে পেরেক গাঁথা। সেখানে টুপিটা ঝুলিয়ে রেখে সাদা পাঞ্জাবি পাল্টে গেঞ্জি চাপাল। প্যান্ট পাল্টে লুঙ্গি পরে বিছানার দিকে এগিয়ে আসতে আসতে শুধায়,
"মুখ ধুইছস?"
হালিমা জানালার শিক ধরে অদূরেই চেয়ে ছিল এতক্ষণ। সেকান্দার এসেছে টের পায়নি। আচমকা কথা বলায় চমকে শিক ছেড়ে ঘাড় ঘুরিয়ে চায়। সেকান্দার বসে পাশে। হালিমা তার উরুতে মাথা ফেলে গালের নিচে দুহাত রেখে জুবুথুবু হয়ে শোয়। যেন ভীষণ শীতে কিছু একটা আঁকড়ে ধরার প্রচেষ্টা। সেকান্দার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে,
"শইল কি বেশি খারাপ?"
হালিমা উপুর নিচ মাথা নাড়ে। মানুষের মুখের সামনে কান না পাতলে কথা স্পষ্ট শুনতে পায়না। হালিমা কি বয়রা হয়ে যাবে? শরীরও দুর্বল হয়ে গেছে। শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছে। শরীরের এত এত সমস্যায় তার ভোগান্তি ঠিক কি হবে? বুকে চাপ দিল। সেকান্দার নিশ্চয়ই আরেকটা সুন্দর ভালো দেখে শ্রবণক্ষম নারী বিয়ে করবে? হালিমার কী হবে তখন? সেসব ভেবে চোখ গলিয়ে অশ্রু ঝরে। সেকান্দার অবাক হয় হালিমাকে কাঁদতে দেখে। কোথাও কষ্ট হচ্ছে কি? আঁকড়ে ধরে শুধায়,
"কী হইছে হালিমা? শইল ভালা লাগেনা?"
হালিমা কথা না বলে সেকান্দারের পেট দুহাতে আঁকড়ে নিঃশব্দে কেঁদেই যাচ্ছে। সেকান্দার বারবার জিজ্ঞেস করেও কেন কাঁদছে তার সদুত্তর পায়নি। অনেক্ষণ কেঁদে শান্ত হয়ে এলে নিজ থেকেই বলল,
"আমারে আপনে ছাইড়া দিবেন সোবহানের আব্বা?"
"কী কইলি"
হালিমা মাথা উঁচিয়ে সেকান্দারের চোখে চোখ রাখে। পানি দৃশ্যমান চোখে। হালিমার এই চোখ দুটো এত টানে সেকান্দারকে। যেন এই বুঝি মায়া মায়া চোখে তাকে কোনো আবদার জানাচ্ছে। হালিমার তার কাছে আসে পনেরো বছর বয়সে। এত ছোট ছিল তখন। ম্যাট্রিক পরীক্ষা দিয়েই বিয়ের পিঁড়িতে বসে। সেকান্দার তখন বিএ'র ছাত্র। শহরে পড়াশোনা করে। পরীক্ষা শেষে বাড়িতে যেতেই বসিয়ে দিল এই নারীর সঙ্গে বিয়ের পিঁড়িতে। হালিমার ম্যাট্রিকের ফলাফল প্রকাশ পায় বিয়ের পরের মাসে। মেয়েটা পাশ করেছে শুনে এত খুশি হয়েছিল বাচ্চাদের মতো লাফাতে লাফাতে তাকে ঝাপটে ধরেছিল। যেন তার কাছে পাশটাই ফার্স্ট ক্লাসের সমান। সেকান্দার সেকি ধমক কোনোরকম টেনেটুনে পাশ করেছে শুনে। হালিমা সেদিনও এভাবে কেঁদেছিল। সেকান্দার কি আর ধমক দেবে, এই নারীর চোখের মায়ায় এমন বাজেভাবে ফাঁসল আজও ফাঁস ছড়ানো গেল না। সেকান্দার হালিমাকে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট ছোঁয়ায়।
"ল মুখ ধুইবি।"
হালিমা সে কথার জবাব না দিয়ে মন খারাপের সুরে বলে,
"আপনে অহনো রাইগা আছেন?"
"তোর কি মনে হয়?"
"জানি না।"
"না জানলে জাননের দরকার নাই। মুখ ধুইতে ল। খবিশ, চক্ষে ক্যাতর লইয়া ঘুরে। ইছ!"
হালিমা ওড়না দিয়ে চোখ ডলে নিল। গাল ফুলিয়ে বলে,
"মুখ ধুইতে ইচ্ছা করতাছে না। খবিশ কইবেন না।"
"খবিশের মতোন চলাফেরা করবি আর আমি কইলেই দুষ? খাচ্চরের মতো নখে কালা কালা এডি কী? তুই আসলেই খবিশ, খাচ্চর দুইডাই।"
একটু আগের মন খারাপ গায়েব হয়ে সেখানে জায়গা হয়েছে রাগ। রাগান্বিত মুখশ্রীতে চেয়ে স্বামীর পানে। হালিমা সেকান্দারের দিকে ফোঁস ফোঁস করে চাইছে। সেকান্দার হালিমার কান ধরে উঠে বসায়।
"সোয়ামির দিকে চক্ষু রঙ্গাইয়া চাস, দোযখে যাবি।"
কোমরে দুহাত রেখে ফুসে উঠে,
"বউরে এতডি কতা হুনাইয়া আপনে কই যাইবেন? বেহেশতে?"
"হ।"
"কাঁচকলা যাইবেন!" বুড়ো আঙুল উঁচিয়ে।
"কাঁচকলা ক্যান? আল্লাহ ভালো মন্দ দেহে না?" ভ্রু ভাঁজ করে।
"আল্লাহ খালি আপনের একলার? আল্লাহ আমার না? আমার কাছে আপনের সমুন্ধে যহন জিগাইব তহন কমু আপনে ভালা না, আমারে অনেক কষ্ট দিছেন।"
"তোর কাছে জিগাইব ক্যান? নিজেরে কোন হনু ভাবোস রে?" মাথায় ঠোসা মেরে।
হালিমা বিজ্ঞের ন্যায় দুহাত বুকে ভাঁজ করে ভাব নিয়ে প্রত্যুত্তরে বলে,
"আব্বায় কইছে, হাদিসে পাকে আছে স্ত্রীগো কাছে সোয়ামিগো সমুন্ধে জিগাইব। বেশি তেড়ি বেড়ি করলে কিন্তুক আপনের লস। বুইঝা শুইনা কতা কইয়েন। আল্লাহ আমারে পাউয়ার দিছে।"
"ওইডা পাওয়ার হইব।"
"একটা হইলেই হইছে। বেশি শিক্ষিতগিরি করবেন না।" মুখ কুঁচকে।
সেকান্দার ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এই নারী পেয়ে গেছে তাকে কাবু করার অস্ত্র। কিছু বললেই এখন বলবে, আল্লাহ আমারে পাউয়ার দিছে।"
___
সেকান্দার আলীর ঠোসা খেয়ে দাঁত মাজতে বসেছে হালিমা। সেকান্দার পুকুরের পাড়ে বসা। পুকুরে নামলেই সেকান্দার এভাবে পাহারা দেয়। ঐ ঘটনার পরে মনে ভয় ঢুকেছে। বারবার বলেছে কলপাড়ে মুখ ধুতে কিন্তু এই নারী পুকুরেই ধোবে। এত ত্যাড়া! হালিমা ছাই দিয়ে দাঁত ঘষে ঘষে মেজে মুখ কুলকুচি করল। মুখ, হাত, পা কচলে কচলে ধুয়ে সিঁড়ি বেয়ে হেলে দুলে উপরে উঠে আসল। সেকান্দার নখ দেখতে চাইল। হালিমা বাড়িয়ে ধরল দুইহাত। পরিষ্কার দেখাচ্ছে। বলল কিছু খেয়ে ওষুধ খেতে। ওষুধ খাওয়ার বেলায় হালিমা প্রচুর ফাঁকিবাজি করে। খেতেই চায়না। হালিমা মাথা নাড়িয়ে সায় জানিয়ে কেটে পড়ল দ্রুত। ওষুধ খাবে না ছাই খাবে। ওষুধ তার দুই চোখের বিষ।
শ্বশুরের ঘর থেকে তেলাওয়াতের শব্দ আসছে। তার মানে কুরআন পড়া এখনো অব্যাহত। আসমা বেগম উনুন ধরিয়ে দিয়েছেন। তাকে এভাবে হেলতে দুলতে দেখলে আবার কাজ ধরিয়ে দেয় কিনা ভেবে পা চালিয়ে শ্বশুরের ঘরে ঢুকল। খাটের উপরে বালিশে হেলান দেয়া শাহাবুদ্দিন আলী। সোবহান দাদার বুকের উপরে শুয়ে শুয়ে দাদার সাথে সাথে সূরা ইখলাস পড়ছে। পড়ছে আদৌ নাকি মুখে মুখে আওড়াচ্ছে কেবল কে জানে? ভীষণ ফাঁকিবাজ তার গুণধর পুত্র সোবহান আলী। আলেয়া বাবার পাশে রেহাল বিছিয়ে ঢুলতে ঢুলতে কুরআন পড়ছে। কুরআন বাবার কাছেই শেখা হয়েছে তার। বুবু, ভাইজানরাও বাবার কাছেই শিখেছে। নিত্যদিন ভোরের এসময়টায় ঘুম বাদ দিয়ে তাকে কুরআন নিয়ে বসতে হয়। হালিমা সুস্থ থাকলে হালিমাকেও বসতে হতো। শাহাবুদ্দিন আলী হালিমাকে দেখতে পেয়েই বললেন,
"আইয়েন আম্মা, কোরআন পড়তে না পারেন। হুনেন বইয়া বইয়া।"
হালিমা এগিয়ে এসে আলেয়ার পাশে বসে। ভাবিকে পেয়ে আলেয়ার মুখশ্রী উজ্জ্বল হয়ে উঠল। ঢোলা বাদ দিয়ে মনে ছেয়ে গেল এক ফালি উচ্ছ্বাস। একজনকে পাশে পেলে ঘুম আসেনা কেন যেন অন্যথায় ঘুমে চোখ ভেঙে আসতে চায়।
উঠোন ঝাড়ু দিচ্ছে শিউলি। জাম্বুরা আর বাঁশ গাছটার নিচে পাতায় ভরা। মাজা ধরে গেছে ঝাড়ু দিতে দিতে। হামিদা ঝুনঝুনি দিয়ে খেলছে ঘরের রোয়াকে। "আ...আ" শব্দ করে গার্গল করে করে নিজেই হাসছে, নিজেই হাত পা নাড়িয়ে খুশি জানান দিচ্ছে। শিউলি মেয়েকে শুইয়ে রেখে কাজ করতে পারে। দেখতে দেখতে তার হামিদা ছয় মাসে পা দিয়েছে। কি যে মায়াবী হয়েছে। বাবার গাত্রবর্ণ এবং আদল পেয়েছে। এতে অবশ্য শিউলি খুশি। কাঁধে গামছা ফেলে বাড়ি ছাড়ার লক্ষ্যে ছুটছে হামিদ। পথিমধ্যে শিউলির ডাকে বাধা পাওয়ায় চলন্ত কদম থেমে গেল।
"হামিদার বাপ?"
"কী কবি জলদি ক?"
"কবিরাজ কাকার বাড়ির থেইকা মনে কইরা বড়ি আইনেন।"
হামিদ এক মুহূর্ত ভাবল। মুহূর্তেই মানসপটে উঁকি দিল শিউলির মুখ দিয়ে রক্ত পড়ছিল সেদিন। টাকার অভাবে ডাক্তার দেখানো সম্ভব হয়নি। হামিদ দম ফেলল। মাথা নাড়িয়ে চলে যেতে উদ্যত হতেই শিউলি থামায়,
"চিড়া মুড়ি মাখছিলাম। বেশি কিছু করবার পারি নাই।খাইয়া যান।"
"এহন খাওনের সময় নাই।"
"এট্টু কিছু মুহে দিয়া যান, খালি মুহে কোতাও যাইতে নাই।"
হামিদ বসতেই শিউলি দ্রুত চিড়া, মুড়ি মাখা সম্মুখে উপস্থিত করল। হামিদ ঝটপট খাচ্ছে। তার ভীষণ তাড়া। জমিতে যেতে হবে। জমি থেকে আবার দোকানে বসতে হবে। কোনরকম নাকে মুখে দিয়েই বেরিয়ে গেল। সময় নেই একদমই। দেরি করা যাবে না।
হেমায়েত মোল্লা আজ জমিতে উপস্থিত হয়েছেন। সকলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা তা নজরবন্দি করতে। ঢিবিতে চেয়ারে পেতে বসে হুক্কা টানছেন। সাদা পাঞ্জাবির উপরে শাল জড়িয়ে পাকা দাড়িতে হাত বুলাতে বুলাতে হুক্কার ধোঁয়া ঊর্ধ্বে ছড়িয়ে দিচ্ছে। মাথার উপরে বিশাল ছাতা ধরে দাঁড়িয়ে হেমায়েত মোল্লার ডানহাত জহির উদ্দিন। এর ভাব দাপট হেমায়েত মোল্লার চেয়েও বেশি। হুঙ্কার, ধমকি, আদেশ এমনভাবে দেয় যেন সেই এই জমির মালিক। হেমায়েত মোল্লা একেই পাঠায় দুদিন বাদে বাদে তদারকি করতে। ছাতা কিসের জন্য ধরে আছে কে জানে? এত সকালে রোদ, বৃষ্টির কোনো উপস্থিতি তো নেই। হতে পারে মালিক পক্ষের গুরুত্ব বোঝাতেই বোধহয়। ঢালু জমিতে কাজ করতে থাকা একেকজন বর্গাচাষীর উপরে কর্তৃত্ব বজায় রাখতেই এই ছাতা ধরা কিনা। একটু পরপর ধমকও দিচ্ছেন। ধমক তাকে আর দিতে দিচ্ছে কই জহির উদ্দিন নিজেই একশো। হামিদকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে দেখে চোখ মুখে অসন্তুষ্টির রেখা টেনে শুধায়,
"কী মিয়া এত দেরি ক্যান?"
হামিদের এই জেরা বেশ বিরক্ত লাগে। জহির উদ্দিন লোকটা বাড়াবাড়ি করে বেশি। এমনভাবে কথা বলে যেন বর্গাচাষী না কামলা তারা। সেই দেয় তো মোটে পঞ্চাশ টাকা মজুরি অথচ গলায় কত তেজ! যেন ভুরি ভুরি টাকা দিয়ে রেখেছে তাদেরকে। হামিদ নিতান্তই অভাবে পড়ে এসেছে, কৈফিয়ত দিচ্ছে নয়তো তার ঠেকা পড়েনি এ ধরনের ব্যবহার সহ্য করে কাজ করার। নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে,
"দোহানে গেছিলাম। মাল আইছে।"
"বাব্বাহ আমার জমিতে কাম কইরা তুমি দোহানে মাল উডাও হেই আমার জমতেই দেরি কইরা আও। ব্যাপারটা কেমুন হইয়া গেল না হামিদ মিয়া?" হেমায়েত মোল্লার ঠেস।
"জরুরি না হইলে যাইতাম না। কাম কইরা পুষাইয়া দিমু নে।"
বলেই হনহনিয়ে জমিতে নেমে গেল। সময় নষ্ট করার সময় তার নেই। তাকে আবার দোকানে যেতে হবে। হেয়ামতে মোল্লা ফুঁসতে লাগলেন। হামিদ সরদারের তেজটা তার ঠিক সহ্য হয়না। অভাবে পড়েও মাথা নোয়ায় না, তোষামোদও করেনা নিজের মনে কাজ করে চলে যায়। অথচ হেমায়েত মোল্লার দুটো গুণ গাইলেই কিন্তু তিনি টাকা বাড়িয়ে দেন। কতজন তো তার তোষামোদি করেই টাকা হাতালো। হামিদ সরদার ব্যতিক্রম। তাকে বলা যায়না কিছু, কারো ধার ধারার সময় তার নেই। দেরি হলে কাজ করে পুষিয়ে দিয়ে যায়। ছেলেটার চোখে তিনি এক ধরনের আগুন দেখেন। কিসের আগুন ঠিক বোঝেন না তিনি।
____
হামিদ গোসল করে রোয়াকে বসে মুখ হা করে জিরোচ্ছে। কম খাটুনি যায়নি আজ। হেমায়েত মোল্লা খাটিয়েছেন বেশ। সঙ্গে হুমকি ধমকি তো ছিলই। হামিদ ঠিক করেছে জহির উদ্দিনকে একটা কঠিন শিক্ষা দেবে। বেশি উড়ছে হরামজাদাটা। তাকে ডাকে ল্যাংড়ার বাপ। শুনলেই শরীর টগবগ করে উঠে রাগে। কোনদিন যে তার হাতে মার খায় কে জানে? হামিদের অভাব, দুর্বলতায় খিস্তি উড়ানো এদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। শিউলি মেয়েকে কোল থেকে নামিয়ে পাটিতে শুইয়ে দিয়ে বাটি এগিয়ে দিল। বাবাকে দেখেই হামিদার সেকি খুশি। হাত-পা নাড়িয়ে নাড়িয়ে আওয়াজ করেই যাচ্ছে সে। সম্মুখে ধরা বাটিতে চাইতেই হামিদ কপাল গুটিয়ে চায়,
"ভাত দে, এইসব কী দেস?"
"খাইয়া দেহেন। শিল্পী ভাবি হেই বেনে দিয়া গেছে এহন বিহাল পইড়া যাইতাছে। নষ্ট হইয়া যাইব।"
হামিদ আর না করল না। মুখে দিল অল্প। খেতে ভালো লাগায় পরাপর খেয়ে চলল। খিদে পেটে থাকায় বোধহয় খাওয়াটা আগ্রাসী হলো। শিউলি ভাতের গামলা, তরকারির বাটি একে একে এনে রাখল। তার লাগানো করল্লা গাছে হওয়া করল্লা ভাজি, টাকি মাছের ভর্তা আর ডাল। হামিদকে এভাবে খেতে দেখে
শিউলির ভ্রু কুঁচকে যায়। মজা কি বেশি হয়েছে নাকি এভাবে খাচ্ছে যে? অন্য নারীর বানানো পিঠা এত আয়েশ করে খাওয়ার কি আছে? লোকটার মতিগতি তো সুবিধার ঠেকছে না। শিউলি রেগে যাচ্ছে কেন যেন। রাগ চেপে শুধায়,
"পিঠা কেমুন?"
হামিদ পিঠায় কামড় বসিয়ে বলে,
"মজাই তো লাগে।"
"আমার পিঠা তো মজা লাগে না। কুনোদিন তো এমনে কইলেন না।" ঠেস মেরে।
হামিদ পিঠায় কামড় দিয়ে চোখ বুজে ফেলে। সত্যি ভীষণ মজাদার স্বাদের। শিল্পী ভাবি বরাবরই ভালো পিঠা বানান। গ্রামের সকলেই স্বীকার করতে বাধ্য। তার পিঠার নকশা, কারুকাজ এত নিখুঁত সুন্দর! যেন পিঠার গায়েই বুনেন একেকটা শিল্প। নামের ন্যায় আসলেই তিনি একজন শিল্পী। পিঠা বানানোর শিল্পী।
"মজা না হইলে কি কমু মজা হইছে?" চিবুতে চিবুতে।
শিউলি এমন উত্তর আশা করেনি। অন্তত মুখে মুখে হলেও প্রশংসা করা যেতো স্ত্রীর। তিরিক্ষি মেজাজে শুধায়,
"তাইলে খান ক্যান?"
হামিদের সরল প্রত্যুত্তর,
"জীবন বাঁচাই আরকি।"
শিউলি খিটমিট করতে করতে ভাতের গামলাটা সরিয়ে ফেলল। হামিদ হতবুদ্ধের ন্যায় চায়। হাতের বাটিতে তার আধখাওয়া নকশি পিঠা। খেতে বসে এ কেমন তামাশা? নিজেই পিঠা এনে দিয়ে নিজেই তেজ দেখাচ্ছে। মহিলা মানুষের এ কেমন স্বভাব?
"সবার রান্ধন মজা হয়না, সবাই সব কিছুতে পারদর্শীও হয়না এডায় এমুন করনের কী আছে?
কথাটায় শিউলি যেন তেঁতে উঠল আরও। এতক্ষণ তো এমনি গামলা সরিয়ে নিয়েছিল এখন মত পাল্টালো। এই লোককে খাবার ছাড়া রাখা উচিত। শিউলি বেশি নরম দেখে লোকটা পেয়ে বসেছে একেবারে। তার কদর বোঝেনা। মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠল। নিজের রাগ নিয়ন্ত্রণ না করেই গামলা নিয়ে উঠে যেতে যেতে বলে,
"পিঠা গেলেন বইয়া বইয়া। আপনের ভাত বন্ধ আইজকা।"
হামিদ পিঠায় আরেক কামড় বসিয়েছিল সবে ভাত বন্ধ শুনে আর গিলতে পারল না। ভাত ছাড়া তার চলবে কিভাবে? দুনিয়ায় সবকিছু ছাড়া চলতে পারলেও ভাত ছাড়া সে অচল।
"কি মুসিবত! তোর রান্ধনই বেশি মজা। শিউলি গামলা দিয়া যা, খাইয়া কামে যামু।"
"পিঠা খান।
"পিঠায় পেড ভরত না।"
চিৎকার করে,
"তাইলে ঘাস খান। ঘাসেও না হইলে শিল্পী ভাবির পালা গরুর গোবর খান। পরের বাড়ির গু'ও মজা নিজের বাড়ির স্বর্ণও খাজা। যান গিয়া খাবলাইয়া খাবলাইয়া হেই গু খান।"
বলেই চোটপাট করতে করতে চলে গেল। হামিদ এখনো বেক্কলের মতো বসে। কী হলো এটা? মেয়ের কিচ কিচ আওয়াজ শুনে পাশে চায়। হামিদা হামাগুড়ি দিতে পারে না। পায়ের উপরে জোর পায়না, তাই গড়িয়ে গড়িয়ে আসে। বাবার কাছে গড়িয়ে গড়িয়ে এসেছে। বাবার পায়ে দন্তবিহীন মাড়ি বসিয়ে লালা লাগিয়ে যাচ্ছে। হামিদ মেয়েকে উঠিয়ে কোলে নিতেই হামিদা ভুবন ভোলানো হাসি দিল। হামিদ অসন্তোষ গলায় বলে,
"তোর মায়ের কারবার'ডা দেখছস? আমারে গোণেও না এহন। জ্বীন বাটপারটার লাইগা এত তেজ দেহাইতে পারতাছে। ডরে কতা কওনও যায়না, কোন সময় আবার ছ্যাচানী শুরু করে। বদমাইশটা পারেই খালি আমার লগে।"
হামিদা বাবার কথা বুঝেছে কিনা কে জানে ঠোঁট ছড়িয়ে হেসে উঠল। হামিদ নারাজ মেয়ে কেন হাসল? বাবার এমন নাজেহাল, নাস্তানাবুদ অবস্থা দেখে কি মেয়ে খুশি? পিঠার রস মেয়ের মুখে দিতেই হামিদার হাসি নিভে এল। প্রথমে বুঝল না বাবা তার মুখে কী দিয়েছে? তাই মুখটা কুঁচকে ফেলেছিল। মিষ্টি মিষ্টি অনুভূত হওয়ায় হেসে, "হু... হু" আওয়াজ করে ওঠে। হামিদ তা দেখে বলে,
"মজা লাগে নি? তোর মায় যাতে না দেহে। তাইলে তোর খানাও বন্ধ করব। ভাল্লাগলে কওন কি দুষের?"
"উয়া... উয়া" যেন বাবার সঙ্গে পূর্ণ সহমত হামিদা।
"ল তুই আর আমি পিঠা খাইয়াই কাডাই। তোর মায়ে তো আমার খানা লইয়া গেল। তোর খানাও বোধহয় বন্ধ। জোরে জোরে কান তো। তোর মায়ের মন যদি এট্টু গলে। বেডিডা বহুত জ্বালাইতাছে।"
চলবে....
