#শিউলি_ফুল
#পর্ব_২১
#তাজরীন_ফাতিহা
বুকে রক্তক্ষরণ নিয়ে হামিদ যখন চৌহদ্দিপুর গ্রামে পৌঁছলো সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। হেলেনা পারভীন সারাপথ কেঁদেছেন। শিউলি কীভাবে যে সামলেছে! কিছুতেই সামলে রাখা যাচ্ছিল না।নির্জীব ও অর্ধমৃতের ন্যায় পড়ে ছিলেন নৌকোতে। স্বামীর মৃত্যুর পর থেকেই ভঙ্গুর তিনি। আজ আবারও একবার ভাঙলেন। খোদা খুব নিপুণ হস্তে তার প্রিয় মানুষগুলো নিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন যে! তার হালিমা নাকি বেঁচে নেই। শাহাবুদ্দিন আলীর কর্মচারী মকবুল এসেছিল হালিমার মৃত্যুসংবাদ নিয়ে। এ সংবাদ শ্রবণ লগ্নেই হামিদের হাত, পা অবশ হয়ে গেছে। "অল্প শোকে কাতর অধিক শোকে পাথর" কথাটা বোধহয় হামিদের জন্যই তৈরি। হালিমা তার কলিজার একটা টুকরো। এইটুকু থেকে সে হালিমাকে মানুষ করেছে। ভাইয়ের বুকে পিঠে চড়ে বড় হয়েছে তার ছোট্ট হালিমা। সেই হালিমা নাকি দুনিয়ায় আর নেই এর চেয়ে হৃদয়বিদারক কথা দুনিয়ায় আর দুটো আছে কি? আলী বাড়ি পৌঁছতেই শাহাবুদ্দিন আলীর মুখোমুখি পড়ল তারা। শাহাবুদ্দিন আলী পাঞ্জাবি গায়ে জড়িয়ে হাসপাতালের উদ্দেশ্যেই রওনা হয়েছেন। পথিমধ্যে হামিদদের দেখে এগিয়ে এলেন।
"আসসালামু আলাইকুম বেয়াইন। আইছেন আপনেরা?"
"হালিমা বলে..." হামিদ কথা শেষ করতে পারল না হামিদ। গলা ভেঙে এল তার।
"হাসপাতাল লও। হাসপাতালে নিয়া গেছে।"
হেলেনা পারভীন এতক্ষণ অচেতনের মতো শিউলির গায়ে ভর দিয়ে ছিলেন। পরনের বোরকা, নিকাব এলোমেলো হয়ে গেছে। চিৎকার করে উঠলেন তিনি,
"আমার মাইয়া বলে নাই? আমার হালিমা! ও আল্লাহ্!"
শিউলির নিজের পরনের নিকাব খুলে যাচ্ছিল হেলেনা পারভীনকে সামলাতে গিয়ে। তার চোখেও পানি। হালিমা তার বোনের থেকে কোনো অংশেই কম না। সেই বোনতুল্য মানুষটার মৃত্যুসংবাদ নিশ্চয়ই সুখকর হওয়ার কথা নয়? নিজের চোখের অশ্রু বাধ না মানলেও তাকে শক্ত থেকে সামলাতে হচ্ছে সকলকে। হামিদ সরদার তো বোবাই হয়ে গেছে। স্বামীকে এমনভাবে ভেঙে পড়তে কোনোদিন দেখেনি শিউলি। না কাদলেও ঐ টকটকে আঁখিজোড়া তাকে অনেক কিছুই বলে দেয়। ভীষণ দুঃখ না পেলে কারো চোখ লাল হয়? হয়তো আড়ালে কেঁদেছেও প্রকাশ করেনা তো পুরুষটি। শাহাবুদ্দিন আলী চটপট জানালেন,
"আলহামদুলিল্লাহ্ বাইচ্চা আছে। সেকেন্দার হাসপাতালের লইয়া গেছে। হাসপাতাল লন।"
হামিদের মনে হলো বুকের উপরে চাপা কিছু একটা নেমে গেল। হেলেনা পারভীন একমুহূর্তও অপেক্ষা করলেন না। এখনই তার মেয়েকে দেখবেন বলে উত্তেজিত হয়ে পড়লেন। হামিদ শার্টের হাতায় ঘামে ভেজা কপাল এবং চোখের কোণা খুব সন্তর্পণে মুছে নিল। কোলে হামিদা নিশ্চিন্তে ঘুমিয়ে। সবচেয়ে নিরাপদ কোলে সে। নিশ্চিত তো বটেই। শিউলি ব্যস্ত হেলেনা পারভীনকে নিয়ে। হামিদ একটু পরপর দেখছে মেয়ে ঘুম থেকে উঠে যায় কিনা। তার আর আছেই বা কে? হালিমা নেই শুনেই বুকটা খালি হয়ে গিয়েছিল। তাইতো ক্ষণে ক্ষণে মেয়েকে দেখছে। তার চোখ বেয়ে অশ্রু গড়াচ্ছিল আড়ালে। কেউ না জানলেও মেয়ে ঠিকই জানে। মেয়ের গায়েই তো গড়িয়েছে সে দুঃখের অশ্রু। হামিদ কোলে চাইল ফের। কাঁথার মধ্যে ঘাপটি মেরে আছে তার একমাত্র ত্রুটিপূর্ণ আত্মজা।
হামিদ বসে আছে বোনের শিয়রের পাশে। হালিমা ঘুমিয়ে। চোখমুখ ফ্যাকাশে যেন শরীরে কোনো রক্ত অবশিষ্ট নেই। শরীরটা বড্ড ঠান্ডা ও নরম হয়ে আছে। অনেক্ষণ পানিতে থাকার দরুণ দেহ অস্বাভাবিক শীতল। বোনের মাথায় হাত বুলিয়ে দীর্ঘক্ষণ ঠোঁট চেপে রাখল হামিদ। হেলেনা পারভীন এতক্ষণ মেয়ের কাছে বসা ছিলেন। মেয়ে জীবিত আছে শুনেই তিনি আরেক দফা কেঁদেছেন। ওয়ার্ডের প্রত্যেকটি বেডে রুগী। বেডের সঙ্গেই রুগীকে আড়াল করার জন্য পর্দা টানানো। ওয়ার্ড জুড়ে ফিনাইল, ডেটল এবং অ্যান্টিসেপটিকের ঝাঁঝাল ঘ্রাণ। একটু পরপর নার্স এসে রুগীদের দেখে যাচ্ছে। হালিমাকে একটা বেডে রাখা হয়েছে। তারা আসার আগে সেকান্দারই বসে ছিল। সেকান্দারের চোখমুখের অবস্থা করুণ। ভেঙে পড়েছে গত কয়েক ঘণ্টাতেই। হামিদের মনে হচ্ছে আরেকটা বেড নিতে হবে শীগ্রই। সেকান্দারের অবস্থা হালিমার চেয়েও করুণ। কখন কোন সময় কী দুর্ঘটনা ঘটে বলা মুশকিল। হালিমা পানিতে পড়ে ডুবে গিয়েছিল শুনে হামিদ এত আশ্চর্য হয়েছিল! তার বোন পানিতে ডুববে কীভাবে? সে তো সাঁতার জানে। সবচেয়ে বড় অত্যাশ্চর্য এটাই সাঁতার জানা সত্ত্বেও সরদার বাড়ির মেয়ে এবং আলী বাড়ির বধূটির পানিতে ডুবে যাওয়ার রহস্য।
সোবহান বাবার গলা জড়িয়ে ধরে বসে আছে। আম্মা আবার ঘুমিয়ে পড়েছে তাতে সে প্রচুর অসন্তুষ্ট। আম্মার সঙ্গে তার কত কথা বাকি, আম্মা যখন সাজে সোবহান তখন এত মুগ্ধ হয়ে দেখে! আব্বা আর সে কত খুঁজে শাড়ি আনার পরেও আম্মা ঘুমিয়ে আছে এজন্য বেজায় মন খারাপ তার। হামিদ আর বসল না। শিউলি মেয়েকে নিয়ে বাইরে বসা হেলেনা পারভীন সমেত। রুগী দেখায় আত্মীয় স্বজনদের ভিড় করতে নিষেধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামিদ শার্ট ঝেড়ে উঠে দাঁড়িয়েছে। গলা খাঁকারি দিল,
"সেকেন্দার!"
সেকান্দার সাড়া দিল তবে গলার আওয়াজ নির্জীব।
"জে ভাইজান?"
"খাইছ কিছু?"
সেকান্দার মাথা নাড়াল অর্থাৎ খায়নি। হামিদ বাইরে যেতে উদ্যত হতেই সেকান্দার পিছু ডাকল,
"ভাইজান আমার লাইগা কিছু আইনেন না। গলা দিয়া খাওন নামব না। সোবহানরে কিছু খাওয়ান। আব্বায় বাড়ি থেইকা খাওন আনবার গেছে। হুদা টেকা খরচ কইরেন না।"
হামিদ দেখল ভঙ্গুর এক স্বামীকে। সারাবছর পুরুষ হম্বিতম্বি করে স্ত্রীর অসুস্থতায় তাদের সেই হম্বিতম্বির কি দারুণভাবেই না ভাটা পড়ে। লম্বা একটা শ্বাস ফেলে সোবহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। বেরোবার আগে লক্ষ্য করল হালিমার বেডের পর্দা টেনে পাশের চেয়ারে নির্জীবের মতো বসে থাকা এক পুরুষকে।
হামিদ দেখল শিউলি মেয়েকে আগলে ক্লান্ত দেহে বেঞ্চের হেলান দিয়ে চোখ বুজে আছ। হেলেনা পারভীন নামাজ কক্ষে। হামিদ সোবহানকে কোল থেকে নামিয়ে দিল। সোবহান দৌড়ে এসে মামীর পা আঁকড়ে ধরল। আচমকা কেউ পা ধরায় শিউলি চমকে উঠে চোখ মেলল। সোবহান মামীকে দেখে ফিচফিচ করে হাসল। শিউলি ফিরতি হাসি দিল কিনা নিকাব থাকায় ঠিক বুঝল না হামিদ। এগিয়ে এসে,
"শইল কি বেশি কেলান্ত?"
মেয়েকে আগলে রাখতে রাখতে একপাশ অবশ হয়ে গেছে শিউলির। কি যেন বলল মিনমিন করে। হামিদ শুনতে পায়নি। নিকাব থাকায় ঠিক ঠাহরও করতে পারেনি। শিউলি কথা বলে খুব কোমল ও স্মিত কণ্ঠে। অশরীরী আছর করার আগ অব্দি হামিদ কোনোদিন শিউলির উচ্চকণ্ঠ শোনেনি। হামিদ ইদানীং লক্ষ করেছে শিউলির শরীর কঙ্কালের ন্যায় হয়ে যাচ্ছে। যেন রক্ত একটু একটু করে কেউ চুষে খাচ্ছে। হামিদা হওয়ার পরে শিউলির শরীর একটু ফিরেছিল ফের আবার হাড্ডিসার হচ্ছে। শিউলির নির্জীব কণ্ঠে হামিদ এগিয়ে এসে মেয়েকে কোলে নিল। বেঞ্চের পাশে দাঁড়াতে না দাঁড়াতেই শিউলি কিছুটা জোর দিয়েই কথা বলল,
"হামিদার বাপ, বমি আইয়ে।"
"বমি আইয়ে ক্যান? দাড়া খাওন লইয়া আহি। কিছু তো পেডে পড়ে নাই হেইলিগা মনে হয় বমি আইয়ে।"
"কিছু খামু না। খাইতে মনে চায় না। পাশে আইয়া বন তো।"
হামিদ বসতেই শিউলি হামিদের কাঁধে মাথা ফেলে চোখ বুজল। মাথা ঘুরাচ্ছে তার। ভালো লাগছে না কিছুই। মাগরিবের নামাজ পড়ে নামাজ কক্ষেই শুয়ে ছিল কতক্ষণ। মাথা ব্যথার উৎপাত বেড়েছে ইদানিংকাল। তারউপর আজ একটা ভীতিকর পরিস্থিতি পার করেছে। হালিমা ভালো আছে জেনে রবের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেনি শিউলি। সোবহান বেঞ্চের সামনে দাঁড়ানো অবস্থায় উবু হয়ে মামার কোলে থাকা হামিদাকে দেখছে। বাচ্চাটা বাবার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে,
"মামা বুন ঘুমায়?"
হামিদ মাথা নাড়ল।
"আমি কুলে নিমু, আমালে দেন।"
"তুই পারবি না। ফালাইয়া দিবি।"
"দিমু না দেন। আমি বড় হইয়া গেছি। বুনকে ধইরা রাখতে পারমু।" বুকের পাটা ফুলিয়ে।
"পাশে বয়। বইয়া বইয়া কোলে নে। খাড়াইয়া নিলে কোলেত্তে ফালাইয়া দিবি।"
এতবার ভাগ্নের আবদারে হামিদ আর না করল না।সোবহান মামার পাশে ঠ্যাং ছড়িয়ে বসল। হামিদ দোনামোনা করে ভাগ্নের কোলে ঘুমন্ত মেয়েকে তুলে দিল। বাচ্চাটা অন্য কোলে হস্তান্তর হওয়ায় নড়ে উঠল। সোবহান পিঠে হাত ওঠানামা করতে করতে বলে,
"ঘুম ঘুম ঘুমা
না ঘুমাইলে চুমা
নাল নাল বাবু
তুই আমার বুনু।"
হামিদ ভাগ্নের ছড়া শুনে হাত বুলিয়ে দিলো মাথায়। শিউলিকে দেখতে বলে দোকান থেকে খাবার আনতে রওনা হলো। আধা ঘণ্টা পরে পাউরুটি, কলা নিয়ে হাসপাতালের বারান্দায় পা ফেলতেই দেখল সাদা অ্যাপ্রন পরিহিত স্বাস্থ্যবান এক মহিলা শিউলির সঙ্গে উচ্চবাচ্য করছে। কপালে ভাঁজ ফেলে এগিয়ে আসতেই শুনল,
"আপনার কমন্সেস কোথায়? শত শত রুগী শুয়ে আছে আপনি তার পাশে ভরভর করে বমি করে ভাসিয়ে ফেললেন? কি বিদঘুটে! আপনার শরীর খারাপ লাগছে কিংবা বমি আসছে বুঝেই তো টয়লেটে যাওয়া উচিত ছিল। সাত কদম ফেললেই পাবলিক টয়লেট নারী লেখা আছে। ওইটুক যাওয়ার সেন্স ছিল না? পুরো করিডোর নোংরা করলেন!"
"হাসপাতাল তো রুগী গো লিগাই নাকি হুদাই বানাইছেন? মাইনষের শইল কি পরিমাণ খারাপ হইবার পারে যে টয়লেট পইর্যন্ত যাইবার পারে না হেইটুক বুঝ বুঝি আল্লাহ আপনেরে দেয় নাই? ডাক্তর হইছেন হুদাই? নামের পাশে ডিগ্রি থাকলেই ডাক্তর? এই রহমের মেজাজ লইয়া রুগীর সেবা করেন আপনেরা?" হামিদের মেজাজ চড়া।
"এক্সকিউজ মি! আমি একজন নার্স, কোনো ডাক্তার নই। আর আপনি কে আমাকে এতো কিছু বলার?"
"যারে কথা হুনান হের ভাতার।"
মহিলা নার্সটি গলা খাঁকারি দিয়ে নিজের অ্যাপ্রন ঠিক করল। যেন রুক্ষ কণ্ঠের পুরুষটির কথার বিপরীতে খেই হারালো।
"যেই হন, এভাবে কথা বলার রাইট আপনার নেই।"
"নার্স হইয়া যেই হেডম! ভাবছিলাম তো ডাক্তর। নার্সের মেজাজ হইব ঠান্ডা। হেরা রুগী গো সেবক, হারাদিন রুগীরা হেগো জিম্মায় থাহে কিন্তুক আপনে গো হাসপতালে তো ভিন্নডা দেখতাছি।"
"বাড়াবাড়ি করবেন না। চিকিৎসা নিতে হলে ভদ্রতা বজায় রাখুন।"
বলেই জুতোর ঠক ঠক আওয়াজ করে তিনতলা অভিমুখে চলে গেল। হামিদ কিরমিরিয়ে বলে,
"নিজে অভদ্র হইয়া মাইনষেরে আইছে ভদ্রতার গেয়ান মারাইতে। মাগো, যেন হেগো চিকিৎসা না নিতে পাইরা আমি আর আমার বউ মইরা যামু। বদমাইশ বেডি! হোগায় চর্বি জইমা গেছে। খায় আমগোডা আবার আমগো লগেই পোদ্দারি।"
শিউলি বিমর্ষ চিত্তে স্বামীর শার্ট মুচড়ে ভিজিয়ে যাচ্ছে। অপরিচিত একজন তাকে যা তা শুনিয়েছে সামান্য বমি করার অপরাধে। শরীরটা এমনিতেও ভালো যাচ্ছেনা কোথায় বমি করেছে এতকিছু খেয়ালও নেই। ভাগ্যিস হামিদ সরদার এসেছিল! নয়তো এত রূঢ় কথার ভিড়ে কী হতো তার? বিপরীতে তো কোনো জবাব দিতে পারছিল না সে। হাসপতালের নার্সদের ব্যবহার এত রূঢ়! সরকারি বলেই কি এমন ব্যবহার?
"জীবনে আমার লগেই পারলি। তোরে কি জ্বিনে খালি আমারে কামড়াইবার বেলায় আছর করে? হালার পো দেহি জাতে মাতাল তালে ঠিক। আস্তা খবীশ!"
"হামিদার বাপ, কতা কইয়েন না তো। ভাল্লাগে না এডি হুনতে।" চোখের পানি শার্টে মুছে।
"মাগো! খবীশটার নাম মুহে নিতে না নিতেই ফাল দিয়া উডলি দেহি। ভাল্লাগবো ক্যামনে? সঙ্গী পাতাইছ না? এরপরে কামড়াইতে আহুক ওরে পিছা দিয়া বাইড়াইয়া গেরাম ছাড়া করমু। হালার পোর কই হাত দিছিলাম আল্লাহয় জানে! সব শত্রুতা আমার লগে। কামের বেলায় নাই।"
"আবারও?"
"আবারও কিতা? বেডিরে তোর জ্বিনের কেরামতি এট্টু দেহায় দিতি। বদমাইশগিরি ছুইড্ডা যাইতো। মাইনষের টেকা খাইতে খাইতে গতর লাড়াইবার পারেনা। এইডি জ্বিনেরতেও বড় খবীশ!"
শিউলি জবাব দেয়ার আগেই সোবহানের চিৎকার শোনা গেল। সোবহান দুহাতে প্যান্ট ধরে চিৎকার করতে করতে দৌড়ে আসছে। হামিদ শিউলিকে নিয়ে তাদের বরাদ্দকৃত বেঞ্চে বসিয়ে দিল। হামিদা উঠে গেছে। দাদির কোলে শুয়ে শুয়ে দুই হাত, এক পা নাড়াচ্ছে ছয় মাসের নাজুক কায়াটি। পরনে সুতির লাল ফ্রক। হেলেনা পারভীন নাতনিকে আজ নিজ থেকেই কোলে তুলেছেন। হয়তো মেয়ের মৃত্যুভীতি ঢুকেছে মনে। আল্লাহ কখন কার মনে কীভাবে দয়ার উদ্রেক ঘটায় বলা মুশকিল। হেলেনা পারভীন এত দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। হামিদ ঝগড়া হওয়ার কথা গোপন রাখল। পলিথিন শিউলির হাতে দিয়ে পাউরুটি, কলা বের করল। কলা ছিঁড়ে মায়ের হাতে দিল।
"মামা... মামা? কান্নারত কণ্ঠ।
হামিদ ভাগ্নের ডাকে ফিরে চাইল।
"জে মামা?"
ফোঁপাতে ফোঁপাতে, "আমালে নাল বানাইছে।"
"কেডা লাল বানাইছে?" কপাল গুটিয়ে।
"এক বিডি।"
হামিদের রাগান্বিত ও উত্তেজিত গলা,
"কি কস! কোন বেডি? কার এত বড় কইলজা হামিদ সরদারের ভাইগ্নার শইলে হাত উডায়?"
সোবহান গেঞ্জি দিয়ে নাক ডলে নিল। তার আব্বা তার আম্মাকে নিয়ে ভীষণ ব্যস্ত। তাকে পাত্তা দিচ্ছে না কেউ। তাই মামার কাছে এসেছে। মামাই তার ভরসা। এভাবে লাল হয়ে ঘোরা যায়না, এর একটা বিহিত করা জরুরি। হাসপাতালের লম্বা বারান্দায় পাতা একটা বেঞ্চকে ছোট্ট তর্জনী তুলে ইশারায় দেখায়,
"ঐহানে বওয়া।"
হামিদ মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছে না। তার মাথায় ধরেনা এইটুকু বাচ্চার গায়ে কে হাত উঠায়? তাও আবার চেনা নেই, জানা নেই? দাঁতে দাঁত চেপে শুধায়,
"কই লাল বানাইছে দেহা মামারে?"
সোবহান ঘুরে পশ্চাৎ দেখাল,
"এইহানে, চিপায় নিয়া ওগা নাল বানাইছে।"
ভাগ্নের হাত শক্ত করে মুঠোয় পুরে,
"ল মামার লগে। কোন বেডি দেহা মামারে? ওই বেডির হোগা আইজকা উড়ায় দিমু। আমার ভাইগ্নার হোগায় হাত!"
হেলেনা পারভীন আওয়াজ করে বললেন কারো সঙ্গে ঝামেলায় যেন না জড়ায়। হাসপাতাল এটা। পরে একটা হাঙ্গামা হবে। হামিদ পাত্তা দিল না। ফুঁসতে ফুঁসতে সোবহান সমেত এগিয়ে গেল। দুই মামু, ভাগ্নে দুজনই ভয়াবহ ক্ষেপা। মামাকে পাশে পেয়ে বুকের পাটা ফুলিয়ে হাঁটছে সোবহান। অদূরের বেঞ্চটাতে কয়েকজন বসা। সোবহান আঙুল তুলে মধ্যবয়সী এক নারীকে দেখিয়ে দিল। পাশেই মেঝেতে চাদর বিছিয়ে অসংখ্য রুগী শোয়া। এদেশের মানুষের দুর্দশা হাসপাতাল গুলোতে এলেই বোঝা যায়। কত খেটে খাওয়া মানুষ, ধনী-গরিবের মিলনমেলা যে এই হাসপাতাল! মানুষের মাথা মানুষে খায়। রোগ, ব্যাধিরা যেন পাল্লা দিয়ে মনুষ্য শরীরে আসন গাড়ছে। বেঞ্চের সম্মুখে এসেই হামিদ জোর গলায় শুধাল,
"আপনে আমার ভাইগ্নার শইলে হাত দিছেন ক্যান?"
মহিলাটি আচমকা প্রশ্নে নড়ে উঠল। কপালে ভাঁজ ফেলে বোঝার চেষ্টা করল প্রশ্নটা কি তার উদ্দেশ্যে ছোঁড়া কিনা? সোবহান ইতোমধ্যে মামার পেছনে লুকিয়ে পড়েছে। উঁকি দিয়ে চাইছে, কী ঘটছে তার শেষ দেখার জন্য। মহিলাটি নিশ্চিত হতে শুধায়,
"আমারে জিগান?"
"জে আপনেরেই জিগাই। আমার ভাইগ্নার ইয়েতে হাত দিছেন কিইল্লিগা আপনে?"
"আপনের কোতাও ভুল হইতাছে।"
"কুনো ভুল হইতাছে না। ছুডো মাইনষে মিছা কয়না। বাইচ্ছা পাইয়া যা মুন চায় করবেন? এডি কেমুন অসইভ্যতামি?"
মহিলাটি এবার ফুঁসে উঠল,
"অসইভ্যতামি মানে? মুখ সামলাইয়া কতা কইবেন। কই হাত উডাইছি জিগান আপনের ভাইগ্নারে? মিছা অপবাদ সরবানু গুণে না।"
মহিলার গলা তো নয় যেন উজিদপুরের সাইরেন বাজছে। মহিলা মানুষের সঙ্গে তর্কাতর্কিতে হামিদ জীবনেও যেতো না। কিন্তু বিষয়টা যেহেতু চিপায় নিয়ে হোগা হাতানোর মতো বিরাট বিষয় সেহেতু কোনোমতেই ছাড় দেয়া যায়না। তার ভাগিনা ছোট বলে কি ইজ্জত নেই? এইটুকু বাচ্চা এসবের বোঝে কি? হামিদ দাঁতে দাঁত চাপে,
"কই হাত উডাইছেন মানে? চিপায় নিয়া ওর ইয়েতে হাত দেন নাই আপনে? বুইড়া বয়সে ভীমরতি ধরছে? পোলাহানরে চিপায় নিয়া যেহানে সেহানে হাত দেন।"
তাদের চেঁচামেচি বাকিরা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে। সম্ভবত বহুদিন এমন বিনোদন দেখা হয়না। তাই কারো থামানোর প্রবণতা দেখা গেল না। সকলে আয়েশ করে বসেছে ঝগড়াটা আরও বিশদ হওয়ার লক্ষ্যে।
"চিপায় নিছি মানে? কোন চিপায় নিছি? আর ইয়ে কিতা? পরিষ্কার কইরা কন।"
"ও এহন ইয়ে মানেও আপনেরে বুঝাইয়া দিতে হইব? কচি খুকি আপনে? আমার মুহে খাঁটি বাংলা হুনবার চান তাইনা? ওর হোগায় হাত দিছেন কিইল্লিগা আপনে?"
সরবানু "ও আল্লাহ" বলে দাঁড়ানো থেকে বসে পড়লেন মাথায় হাত দিয়ে। ঝগড়া করতে করতে দাঁড়িয়ে গিয়েছিলেন। হামিদ এখনো ফুঁসছে। সোবহান মামার পিছন থেকে উঁকি মেরে ঘটনা আঁচ করতে চাইছে। আশেপাশের সকলে উদগ্রীব দৃষ্টিতে চেয়ে পরবর্তী ঘটনা কি ঘটে তা জানতে। হামিদ সেদিকে পাত্তা দিলো না। এধরনের বর্বর, ছোকছোকানী মহিলাদের এমন অপদস্ত হওয়াই জরুরি। বাচ্চা দেখেও হাত উঠানো এদের স্বভাব। মহিলাটি মুখ খুলল,
"আপনের ভাইগ্নারে জিগান, ওরে কোন চিপায় নিছি আর কোন ইয়েতে হাত দিছি? সামনাসামনি জিগাইবেন। একটা কতাও যদি মিছা হয়! দুই মামু, ভাইগ্নারে বাইন্ধা পিডামু।"
হামিদ ক্ষেপে উঠল। বেঁধে পেটাবে তাদের? বুক টানটান করে পিছু ঘুরে সোবহানকে সামনে এনে দাঁড় করিয়ে বলল,
"চিপায় নিয়া যা যা করছে সব কবি। কুনো ছাড় হইতো না আইজকা।"
সোবহান ঠোঁট কামড়াতে কামড়াতে পশ্চাৎদেশ ধরে জানাল,
"ওগায় হাতাইছে। বিডির ওগা উড়াইয়া দেন মামা।"
হামিদ আশেপাশে তাকিয়ে প্রশ্ন ছুড়ল,
"হুনেছেন আপনেরা?"
এতক্ষণ যারা মহিলাটির পক্ষে ছিল তারাও এবার হামিদের পক্ষে চলে গেল। যেন এখানে পক্ষ, বিপক্ষ পাল্টাপাল্টি হচ্ছে। মহিলাটি হুঙ্কার ছাড়ল,
"থাবড়াইয়া সিধা কইরা দিমু পোটকার ঘরের পোটকা। এইটুক বয়সেই কেমুন মিছা কতা গড়গড়াইয়া কয়।"
পোটকা বলায় সোবহান ঠোঁট উল্টে মামার পানে চাইল। সে একটু গুলুমুলু বলে তাকে পোটকা বলবে কেন? যেন পোটকা বলা মারাত্মক অপরাধ। হামিদও পাল্টা গর্জে উঠল,
"মুখ সামলাইয়া কতা কন? কারে থাবড়াইবেন আপনে?"
"বেশি কতা কইলে আপনেরে সুদ্ধা থাবড়ামু। বয়সে আমার থেইকা ছুডোই হইবেন মারলে গুনাহ হইতো না। ওরে জিগান কিইল্লিগা হাতাইছিলাম? ল্যাট্টিন ভইরা হাইগ্গা থুইয়া প্যান্ট নামাইয়া খাড়ায় আছিল। জিগাইছি তোর আম্মা কই? আম্মারে বোলা, হুচাইয়া দিতে। ওয় কান্দে। বাইরে কতক্ষণ জিগাইছি এই পোলার আম্মা কেডা? কেউ স্বীকার পায়না। পরে আমিই জোর কইরা হচাইয়া দিছি। কতক্ষণ এমনে না হুইচা ল্যাট্টিন আটকাইয়া খাড়ায় থাকব? ওমা পোলার কি বিষ! ওর হোগায় হাত দিলাম ক্যান? পারে না গড়াগড়ি খায়। এহন ওরে হুচানি আমার দুষ হইছে?"
হামিদ বোবা বনে গেল। হামিদ তো ভেবেছিল মহিলা মেরেছে তার ভাগ্নেকে। এখন দেখি পুরো উল্টো কাহিনী। বাইরের মহিলার কথা বিশ্বাস করবে কেন হামিদ? হতেও তো পারে মিথ্যা বলছে? নিজের সামনে চেয়ে দেখল ফাঁকা স্থান। সোবহান কোথায় গেল? পেছনে, আশপাশ চাইতেই দেখল সোবহান দৌড়ে চলে যাচ্ছে। প্যান্ট নেমে যাচ্ছে কোমর বেয়ে। কি আশ্চর্য তাকে ফেলে কই যাচ্ছে? ঢোক গিলতেই শুনতে পেল,
"দেখছেন আপনের বাটপার ভাইগ্নার কাম? ওর মিছা যেই ধরা পড়ছে ওমনে ভাগছে। সাইহায্য না কইরা আচ্ছা মতোন কয়ডা দেওন উচিত আছিল। মিত্তুক পুংডা কোনহানের। এই হগলে মামুরে বান্ধেন। ভাইগ্না ভাগছে তো কি হইছে? মামু, ভাইগ্না দুনোডার হোগার চামড়া উডামু আইজকা।"
হামিদ কোনোমতে পালিয়ে এসেছে। সোবহান বাটপারটার আশেপাশের ত্রিসীমানায় আর যাবে না বলে মনস্থির করল। বাটপারটা এমনভাবে বলল যেন সত্যই মেরে শুইয়ে ফেলেছে অথচ কাণ্ডটা ঘটিয়েছে কি? সেকান্দারের বাচ্চাটা তার চোখের সামনে পড়লে কিল খাবে অবধারিত। কিলাতে কিলাতে ওর এক ল্যাট্টিন হাগা বার করবে হামিদ। এর চক্করে পড়ে আজ গণপিটুনি খাওয়ার উপক্রম হয়েছিল।
রাত সোয়া এগারোটার দিকে হালিমার চেতনা এসেছে। কোনোরকম চোখ খুলতেই তার পাশেই শায়িত দেখল নিজের নাড়ি ছেঁড়া ধনকে। যে উবু হয়ে মুখ হা করে ঘুমোচ্ছে। ক্যানুলা পরা হাতটা দিয়ে ছেলের গায়ে হাত বুলিয়ে দিল হালিমা। আজ কতদিন পরে ছেলেকে ধরতে পারছে! আহ তার মানিক! সোবহানের আব্বাকে কোথাও দেখা যাচ্ছেনা। স্পষ্ট মনে আছে জ্ঞান হারানোর আগে সোবহানের আব্বাকে কাঁদতে দেখেছে সে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। ভাবতে পারছে না কিছু। সেকান্দার এলো চোখমুখ ভিজিয়ে। হালিমা চোখ বুজে পড়েছিল। চেইন খোলার শব্দ পাচ্ছে সে। চোখ হালকা পিটপিট করে দেখল ব্যাগ থেকে গামছা বের করে মুখ মুছছে লোকটা। চেহারা ভেঙে পড়েছে একদিনেই। হালিমা ফ্যাসফেসে কণ্ঠে ডাকল,
"সোবহানের আব্বা?"
সেকান্দার যেন ডাকটির জন্য বহু প্রতীক্ষায় ছিল। গামছা বেডের পাশে রেখে হুড়মুড়িয়ে এগিয়ে এল।
"উডছস?"
এইটুকু কথা বলতেও তার স্বর ভেঙে এল। হালিমা হাত এগিয়ে আনল স্বামীর গাল বরাবর। সেকান্দার মুখ এগিয়ে দিল। উভয়ে উভয়ের পানে এক দৃষ্টিতে চেয়ে। হালিমা মুখটা হাতিয়ে শুধায়,
"কানছিলেন?"
সেকান্দার হালিমার হাতে ঠোঁটের স্পর্শ দিতে দিতে জবাব দেয়,
"না।"
"আমি তো দেখছিলাম কানতাছিলেন।"
"ভুল দেখছস।"
"এহ মিছা কন ক্যা?"
"মিছা না হাছাই। পানিতে ডুইব্বা ডুইব্বা স্বপন দেখছস।"
"হইতে পারে। আমারই ভুল, আপনে আমার লিগা কানবেন ক্যান? আমারে তো আপনে দেখতে পারেন না।" দীর্ঘশ্বাস ফেলে।
সেকান্দার কথা এড়িয়ে গেল।
"পানিতে ডুবছোস ক্যামনে? তুই না হাতার পারোস? নাকি স্বামী, সন্তানের অবহেলায় মরবার লাইগা ঝাঁপ দিছিলি?"
"আরে না। কি কন? নিজের জান নিজে কেউ নেয়? কি যে হইছিল কইতে পারুম না। পুসকুনিতে গেছিলাম থালাবাসন মাজতে। আতকা মাথা এমুন ঘুরান্টি দিলো হেরপর কিছুই আর মনে নাই।"
এইটুকু কথা বলতে গিয়েই হালিমা হাঁপিয়ে গেছে। সেকান্দার আর কথা বলতে দিল না। মাথায় হাত বুলিয়ে ঘুমাতে বলল।
"আর কত ঘুমামু? ঘুম আইয়ে না এহন। গপ্পোসপ্পো করি আইয়েন। আপনে গপ্পো হুনান একখান।"
"আমি গপ্পোসপ্পো পারিনা।"
হালিমাও তেমন আগ্রহ দেখালো না। শরীর বেশ ভেঙে পড়েছে। জোর করে গল্প করার মানে হয়না। শরীর ভালো না থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্ত লাগে। এই যেমন এখন লাগছে। অথচ সেকান্দার আলী তার সঙ্গে কথা বলছে এতেই তো তার খুশিতে নেচে ওঠার কথা ছিল। সুস্থ থাকলে স্বামীর কোলে ওঠার আবদার করতো। আফসোস সে সুস্থ না। ভেবে ফের দীর্ঘশ্বাস ফেলল।
"বাড়ির কেউ আইয়ে নাই?"
"হগলেই আইছে। তোর আম্মা, হামিদ ভাইজান, ভাবি, আব্বা সবাই বাইরে বওয়া।"
"কী কন? হেরা খাইছে কিছু?"
"হুম, আব্বা বাড়ি থেইকা ভাত আনছিল। হেরপর গামছা, বিছানার চাদর আনছে।
"হেরা ঘুমাইব কই?"
"চাদর বিছাইয়া বারান্দায় ঘুমাইছে দেখলাম।"
"বাড়িত পাডাইয়া দিতেন হেগো। ভাবির বাচ্ছাডা ছুডো ওরে লইয়া থাকন যায় এহানে?"
"কইছিলাম। ভাইজানে তোরে লইয়া একবারে যাইব বলে। কাইলকা বিহানে উইড্ডাই বাড়িত যামু।"
হালিমা কথা বাড়াল না আর। চোখ বুজে ফেলল। সেকান্দার মাথায় হাত বুলিয়ে দিতেই অচিরেই ঘুমিয়ে পড়ল। ঘুমের আগে অবশ্য সেকান্দারকে তার পাশে শোয়ার জন্য বলেছিল কিন্তু সেকান্দার নাকচ করে দিয়েছে। একজনের বেডে তিনজন শোয়া সম্ভব নয়। সোবহান তো হাত, পা ছড়িয়ে ঘুমায়। গাদাগাদি করে ছেলে ও ছেলের মায়ের কষ্ট বাড়াতে ইচ্ছুক নয় সেকান্দার। তাছাড়া তার অতবড় শরীরটা বেডে ফেললে হালিমা, সোবহান কারোই আর জায়গা হবে না। ছেলে না থাকলে ছেলের মাকে বুকে শুইয়ে একটা সুযোগ নেয়া যেতো।
_____
টয়লেটে পৌঁছবার ফুসরৎ আর মেলেনি। নিকাব উঠিয়ে গলগল করে বমি করে ভাসিয়ে ফেলল বেঞ্চের পাশেই। হামিদ ধরে রাখল। কয়েকজন বুয়া হই হই করে উঠল টয়লেটে নিয়ে যাবার জন্য। এত রাতে তাদের কাজ বেড়ে গেল যে! চিৎকার করাটা অস্বাভাবিক কিংবা অমূলক নয়। হামিদ থামিয়ে দিল তাদের। শিউলির শরীরটা বড্ড খারাপ যাচ্ছে আজ। দুই দুইবার বমি করল। নেতিয়ে পড়েছে বেচারি। শাহাবুদ্দিন আলী বাড়ি থেকে ভাত, তরাকরি নিয়ে এসেছিলেন। শিউলি অল্প খেয়েছে। হামিদাকে খাইয়ে মেঝেতে পাতা চাদরে শুতেই বমি করে সব উগড়ে দিল। হেলেনা পারভীন এখানে নেই। তিনি এশা পড়ে নামাজ কক্ষেই শুয়েছেন। হামিদকে চিহ্নিত দেখা গেল। রাত বেশ ভালোই হয়েছে। এই রাতেরবেলা তো শিউলিকে বাড়ি নিয়ে যাওয়াও যাবেনা। গ্রামের পথ, বিপদ আপদের বালাই নেই কোনো।
শিউলিকে ধরে টয়লেটে নিয়ে গিয়ে হিজাব, নিকাব খুলে মাথায় পানি ঢেলে দিল। ঘুমন্ত হামিদাকে শাহাবুদ্দিন আলীর পাশে রেখে এসেছে। শিউলি ফের বমি করতেই হামিদ পেছন থেকে ধরল। হামিদের বুকে কামড় দিল তখন যখন বমির সঙ্গে চাকা চাকা রক্ত বেরোলো।
চলবে....
(আসসালামু আলাইকুম। )
