#শিউলি_ফুল
#পর্ব_২৩
#তাজরীন_ফাতিহা
পলাশডাঙ্গার পরেই মাঠখালী গ্রাম। এই গ্রামের বিশেষত্ব, চারদিকে তাকালে কেবল ধানি জমি ও সরিষা খেত দেখা যায়। হামিদের হরহামেশাই যাতায়াত সেখানে। দোকানের মালামাল আনা নেয়ার প্রয়োজনে। মাঠখালীর পূর্বপাড়ায় গতকাল জমি নিয়ে দাঙ্গা চলেছে। কাল যেটা মাঠখালীর সবার জায়গা ছিল আজ সেটা কেবল ভাগের। কেউ কারো সীমানায় প্রবেশ করতে পারবে না এই পরোয়ানা জারি করা হয়েছে। পথে আসতে আসতে হামিদের কানে সবই এলো। সে এসেছে বজলুর রশিদের কাছে। কিছু টাকা ধার নিতে। বজলুর রশিদ সম্পর্কে হামিদের বড়ো মামা। অবস্থাসম্পন্ন বলা যায়। হেলেনা পারভীন ঠেলেঠুলে ছেলেকে পাঠিয়েছেন কিছু টাকার ব্যবস্থা করা যায় কিনা। কিস্তির দেনা তো ঘনিয়ে এল বলে। ক'টা টাকা ধারে হলেও যেন আনে, পরে নাহয় শোধ করা যাবে। চাচারা তো মুখ ঘুরিয়েও একপল দেখেনা। হামিদ এত অভাবের ভেতরেও চাচাদের কাছে হাত পাততে যায়নি কভু। কারো কাছে ধার চাইতেও তার আত্মসম্মানে লাগে। আজ না পারতে মামার দ্বারস্থ হতে হলো।
বজলুর রশিদ হামিদের পানে চেয়ে। হামিদ শার্টের হাতায় ঘাম মুছে নিল। মামার চাহনি তাকে অস্বস্তিতে ফেলছে। হামিদ বুঝতে পারছে না কীভাবে কথা শুরু করবে। প্রথমেই টাকার কথা তুলবে? ব্যাপারটা কেমন জঘন্য হবে ভাবলেও তো অস্বস্তি দ্বিগুণ বেড়ে যাচ্ছে। বজলুর রশিদ লোক খারাপ নন, তবে কৃপণ গোছের। হামিদের মা, খালাদের পাওনা সম্পত্তির ভাগ পাঁচ মামা ভাগ করে বেশ ভালোই দিনাতিপাত করছেন। আম্মা অবশ্য কোনোদিন এনিয়ে কথা বলেননি। বললেও বিশেষ একটা লাভ হবেনা জানতেন। বহু আগে আব্বার একবার ঋণ, দেনা বেড়ে গিয়েছিল। সেবার দুএকবার সম্পত্তি পাওনার কথা তুলেছিলেন তবে ভাইদের মুখ কালো হয়ে যায় বিধায় হেলেনা পারভীন আর ওকথা মুখে আনেননি। বাবা, মা গত হয়েছেন ভাইয়েরাও মুখ কালো করে যোগাযোগ বন্ধ করে দিলে ব্যাপারটা কেমন হবে? তাই আর সাহস করে চাননি কভু। হাতে ক'টা টাকা দিয়ে সেবার বিদায় করে দিয়েছিল তাদের। হামিদ তখন মায়ের সঙ্গেই ছিল। বয়স তখন বোধহয় তার বারো কি তেরো। সেই মামাদের কাছে আবারও টাকা চাইতে আসাটা ঠিক হলো কিনা সেটা ভেবে তটস্থ হামিদ। কুলকুল করে গামছে সে। অসুস্থ হেলেনা পারভীন এত করে বললেন হামিদ না এসে পারেনি।
"কী কইবা? কও।" পান মুখে পুরে।
তুমি সম্বোধন! আত্মীয়স্বজনের মধ্যে তুমি ডাকটা দূরের বলেই জানা হামিদের। নিতান্তই কাছের মানুষদের তুই সম্বোধন করা হয়। আপনি, তুমি এগুলো দূরের সম্বোধন। যেন আগেই সাবধান করা হলো, টাকা চেও না বাপু। হামিদ যতটা ভরসা নিয়ে এসেছিল সবটা মিলিয়ে যাচ্ছে। আরেকবার শার্টের হাতায় কপাল মুছে নিল।
"আম্মার মেলা অসুখ। দেখতে যাইয়েন একবার। আপনেগো কতা আম্মায় খালি কয়।"
"একবার ভাবছিলাম যামু, তয় কাম পইড়া যাওনে আর যাওন হয়নাই। হেলেনা'ডার কতা মেলা মনে পড়ে। পরাণ পুড়ে বইনডার লাইগা।"
হামিদ মনে মনে গালি দিল। যতসব রঙের আলাপ। তারা যোগাযোগ না করলে তো জীবনেও খোঁজ নেয় না। অথচ এখন এসেছে সুরের আলাপ করতে। মুখে কিছুই বলল না। মানুষের মেকি ভাব দেখতে দেখতে হামিদ অভ্যস্ত। অভাব, অনটন তাকে মানুষ চিনিয়েছে। এগুলো উপস্থিতি মানুষের জীবনে জরুরি। বজলুর রশিদ কথা বেশি বাড়াতে চাইলেন না বোধহয়। বসিয়েছেন উঠোনে মোড়া পেতে। মামী কিংবা মামাতো ভাইবোন কাউকে নজরে পড়ছে না।
"তোর রোকসানা খালার খবর জানস কিছু?"
"জে না মামা। ওইদিকে যাওয়া হয়না বহুদিন।"
"রোকুডার লাইগা পরাণ এমুন কান্দে!"
বলেই গামছা দিয়ে চোখের কোণা মুছলেন। মেকি কান্না নয়। সত্য সত্যই চোখ দিয়ে পানি বেরিয়েছে। হামিদ এজন্য বড় মামাকে ভালো বলে। মানুষটা অভিনয় করে হলেও তার মা, খালাদের জন্য দুফোঁটা চোখের পানি ফেলেন। এ বা কম কিসে? হামিদ মামাকে কান্না থামাতে বলল না। চুপচাপ ঘাড় ঘুরিয়ে আশপাশ দেখল। বাড়িঘরের অবস্থা ভালো। পরপর তিনটে লাগোয়া টিনের ঘর। নিচে ইট দিয়ে পাঁকা করা। সিঁড়ি দিয়ে উঠে ঘরের দরজার মুখে বসার উঁচু জায়গাও রয়েছে। বজলুর রশিদের কান্না নিজ থেকেই থেমে গেল। ওড়না দিয়ে মুখের অর্ধেক ঢাকা একটা অল্প বয়সী মেয়ে ট্রেতে করে চা, বিস্কুট দিয়ে গেল। যাওয়ার আগে লম্বা করে সালাম দিতে ভুলল না। হামিদও সালামের লম্বা জবাব দিয়েছে। শরম পেয়েছে বোঝাই যাচ্ছে। ঘরে মামা বাদে পুরুষ কেউ নেই বোধহয়। হামিদ চেনে না কাউকেই। কত বছর আগে এসেছিল, চেনার কথাও নয়। বজলুর রশিদ বুঝলেন বোধহয়।
"ওয় রেণু। রেণুরে চিনছস? আমার ছুডো মাইয়া।"
"মাশাআল্লাহ! মেলা ডাঙ্গর হইছে দেহা যায়।"
সৌজন্য উত্তর। মোটকথা রেণু কে তাই হামিদের খেয়াল নেই। বড়, ছোট হিসেব তো পরের বিষয়। হামিদের কারো বিষয়ে কোনো আগ্রহ নেই তেমন। যার জন্য সময় খরচা করে এসেছে তার কিছুই তো হলো না। বজলুর রশিদ দুনিয়ার সব আলাপ জুড়ে বসেছেন আসল কথাটাই বলার সময় হচ্ছে না হামিদের। অযথা কথা বলে সময় নষ্ট করতেও মন সায় দিচ্ছে না। বজলুর রশিদ বিচক্ষণ মানুষ। নিশ্চয়ই বুঝে গেছেন হামিদের পদধূলি কেন এই বাড়িতে পড়েছে? তাই এ ও কথা বলে হামিদকে বুঝিয়ে দিচ্ছে, টাকার কথা পাড়া যাবে না মামু। এ বাদে সব কথা বলো এতে কোনো নিষেধাজ্ঞা নেই।
"রেণুর বিয়া দিমু সামনের কার্তিকে। তোর মায়রে লইয়া আহিস।"
হামিদ মাথা নাড়ল কেবল। দাওয়াত দিয়েছে যেহেতু সেহেতু টাকার কথা বলার সমস্ত রাস্তা বন্ধ হলো। টাকা চাইলে মুখ কালাকালি হবে তখন তো দাওয়াতে আসা নিষিদ্ধ হয়ে যাবে। অবস্থাসম্পন্ন মানুষদের কথা বলার কিছু ধরন আছে। হামিদের এত বছরের অভিজ্ঞতায় সবই নখদর্পণে। পড়াশোনার গণ্ডি বেশি না পেরোলে কী হবে? অভিজ্ঞতার গণ্ডি তার অসীম। চা, বিস্কুট কিছুই খেল না হামিদ। এ বাড়ির খাবার মুখে রুচবে না। যদিও খালি পেট বেরিয়েছে তবুও এতক্ষণে খিদে মরে যাওয়ার কথা। বজলুর রশিদ পাঞ্জাবির পকেট হাতড়াচ্ছেন। হাতড়ে দুটো পঞ্চাশ টাকার নোট হামিদের হাতে গুঁজে দিলেন।
"মামুরে মাঝে মইধ্যে দেইখা যাইস। হাতের অবস্থা ভালা না। মাইয়াডার বিয়া ঘনাইয়া আইতাছে। তোরা ছাড়া আছে কেডা? যোগাযোগ রাহিস।"
হামিদ কৃত্রিম হাসল। যা বোঝার বুঝে গেছে। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল,
"আইজকা আই তাইলে মামু।"
"যাইবি গা? সাবধানে যাইস। আহিস তোর মায়রে লইয়া।"
"আপনে যাইয়েন আম্মারে দেখতে। খুশি হইব হেয়।"
বলে মামার হাতে পঞ্চাশ টাকার নোট দুটো গুঁজে দিয়ে ছাতি নিয়ে বেরিয়ে পড়ল। বজলুর রশিদ নিশ্চয়ই হাঁফ ছেড়ে বেঁচেছেন। হামিদ টাকা চেয়ে বসেনি তার আগেই বিদেয় হয়েছে হাঁফ ছাড়ারই কথা। আচ্ছা, রেণুর বিয়েতে মা, খালার জ্ঞাতি গুষ্ঠি নিয়ে দাওয়াত খেতে এলে কেমন হয়? কৃপণ মামার একটা উচিত শিক্ষা হবে। তবে হামিদের আবার ওবাড়ির খাবার মুখে উঠবে না। তাই দাওয়াত খাওয়ার পরিকল্পনা বাদ। আবহাওয়া কেমন পল্টিবাজ। এই মেঘ, এই রোদ্দুর। হামিদ ছাতা এনেছে বৃষ্টি হবে সন্দেহ করে। তার হাতে কালো লম্বা ছাতি। বৃষ্টি নেই। ফকফকা আকাশ। আসার সময় দই, মিষ্টি এনেছিল। হাতে যা টাকা ছিল সব শেষ। যাওয়ার ভাড়াও বোধহয় হবেনা। ব্যাপার না। আল্লাহ ভরসা! হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছে যাওয়া যাক। আগেকার যখন দুনিয়ায় কোনো যানবাহন ছিলনা তখন তো মানুষ হেঁটেই যাতায়াত করতো। সে নাহয় আজ হাঁটল। হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। হাঁটতে হাঁটতে আম্মাকে কী বলবে তা ভাবা যাক। মামাকে পায়নি। নাকি বলবে মামা গুরতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি?
____
হামিদ পলাশডাঙ্গায় পা রাখল পড়ন্ত বিকেল নাগাদ। পথিমধ্যেই গুড়িগুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে।। ছাতা মেলে দিয়েছে মাথায়। বাড়ি যেতে হলে জমি পেরিয়ে যেতে হয়। হামিদ হেমায়েত মোল্লা আর তার চ্যালা জহির উদ্দিনের মুখোমুখি পড়তে চাইছে না। এই বিকেল নাগাদ তারা জমিতে থাকবে বলে মনে হয়না। বজলু, আনোয়ার ভাই এখনো আছে কিনা কে জানে? থাকতে পারে। তারা তো মাগরিব পর্যন্ত কাজ করে। হামিদ একটা চক্কর কেটে আসবে ভাবল। শরীর ভেঙে আসতে চাইছে। ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। কোনো দানাপানি সকাল থেকে এখন পর্যন্ত পেটে পড়েনি। হামিদ যা ভেবেছিল তাই। বজলু, আনোয়ার সবাই কাজে মগ্ন। আনোয়ার ভাই বৃষ্টি থেকে বাঁচতে মাথায় মাথাল চাপিয়ে দিয়েছেন। নিড়ানি দিয়ে ধানের আগাছা পরিষ্কার করছেন। বজলু, কাদের আর ওবায়দুল জমিতে পানি দিচ্ছে। হামিদকে দেখতেই দূর থেকে হাত নাড়িয়ে ডাক দিল।
হামিদ ছাতা বন্ধ করে ঝাড়ল। জুতো খুলে ছাতা সমেত মেহগনি গাছের নিচে ঠেকিয়ে রাখল। শার্ট, প্যান্টের হাতা গুটিয়ে আইল ধরে নেমে এল। এ কদিন বৃষ্টির দেখা মেলেনি বিধায় আইলের মাটি শক্ত ছিল। গুড়িগুড়ি বৃষ্টির দরুণ আবার কর্দমাক্ত হলো বলে। হামিদকে দেখতে পেতেই বজলু প্রশ্ন ছুড়ল,
"গেছিলেন কই মিয়া?"
"ঐ এট্টু কাজে।"
"আপনেরে মালিকে টোকাইতেছিল।"
"ক্যান? হেরে তো কইয়াই গেছি আইজ কামে আমু না।"
"কন কী? জহির মিয়া তো চিল্লায় গেল। আপনে কামে ফাঁকিবাজি করেন, টেকা বলে পিছন দিয়া ভরব এইবার।"
হামিদ দাঁতে দাঁত পিষল,
"আহুক ভরতে। আমিও দেখমু ক্যামনে পিছন দিয়া ভরে। ওর হাত ভাইঙ্গা লুলা কইরা ভইরা না দিলে আমি হামিদ সরদার না।"
"মাথা ঠাণ্ডা করেন ভাই। কেউ হুনলে হের কানে দিব আবার। তহন সাড়ে সর্বনাশ হইব।"
"ওরে ডরায় কেডা? ল্যাংড়া কয়বার কইছে হেইডা কন।"
"হিসাব ছাড়া। হের তো কথা শুরুই হয় ল্যাংড়ার বাপ কই দিয়া। শেষও হয় ল্যাংড়ার বাপ দিয়া।"
হামিদ কিছু বলল না। বজলু লক্ষ করল হামিদের চোখ জ্বলন্ত লেলিহান শিখার ন্যায় দপদপ করে জ্বলছে। বজলুর খারাপ লাগে হামিদ সরদারের জন্য। এই লোকটার সুদিন আল্লাহ দিক। তাদের মধ্যে সবারই আর্থিক টানাপোড়েন তবে হামিদ সরদার লোকটা যেন একটু বেশিই অসহায়। বউটাও নাকি অসুস্থ। কেউ বলে জ্বীনে ধরা, কেউ বলে পাগল। আশপাশের মানুষ কানাঘুষা করে হামিদ সরদারকে নিরুপায় হয়ে তা শুনে যেতে হয়। প্রতিবাদ কয়জনের করবে? প্রতিবাদ করলে একজনের বদলে দশজন বলে। আল্লাহ তাকে সম্পদ দিক। আর কত? ছোটবেলা থেকে যে সংগ্রাম শুরু হয়েছে এখনো চলছে। আনোয়ার উঠে এসে হামিদের পাশে দাঁড়াল। মাথাল খুলে হামিদের দিকে এগিয়ে দেয়। হামিদ সেটা হাতে নিয়ে শুধায়,
"দুনিয়ায় বলে মাইনষের মাথা মাইনষে খায়। ট্যাকার মাথা ট্যাকায় খায় না ক্যান?"
আনোয়ার হাসে। বড়ো নিষ্পাপ সেই হাসি। লুঙ্গির কোচ থেকে ছোট্ট পোটলায় বাঁধা মুড়ি বের করল। হাতে কাঁদা মাটি লেগে আছে। কাজ করতে করতে খিদে লাগে বিধায় চিড়া, মুড়ি সঙ্গেই রাখে। লুঙ্গিতে হাত মুছে হামিদের পাশে সটান দাঁড়িয়ে মুড়ি মুখে পুরে চিবোতে চিবোতে বলে,
"ট্যাকার মাথাও ট্যাকায় খায়। তয় সব ট্যাকা খাইয়া হালায় বড়লোকেরা।"
বলেই ঠোঁট ছড়িয়ে ফেলল। হামিদ লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে মাথায় মাথাল চাপাতে চাপাতে জানায়,
"হইব বোধহয়। দুনিয়ায় মাইনষেরও অভাব নাই, ট্যাকারও অভাব নাই। অভাব খালি গরিবের। অভাবের পয়দাই হইছে গরিবের লিগা। দুনিয়ার যত আজব তেলেছমতি!"
_____
হামিদের বাড়ি ফিরতে বেশ রাত হলো। বজলু আর আনোয়ারের সঙ্গে হিজলবাড়ির সামনের মাচার উপরে শুয়ে বসে গল্পসল্প করে সময় কাটিয়েছে। ইচ্ছে করেই দেরি করেছে। হেলেনা পারভীনের মুখোমুখি হতে চায়নি। পা ব্যথায় টনটন করছে। নির্ঘাত ফুলে উঠবে। শিউলি দৌড়ে এসেছে। এসেই হাত থেকে ছাতা নিল। হামিদের পুরো শরীর, শার্ট ভিজে চুপচুপে হয়ে আছে। পায়ে কাঁদা শুকিয়ে গেছে। শিউলি ওড়না দিয়ে স্বামীর কপাল মুছতে মুছতে বলে,
"এমুন দেরি হইল ক্যান? কাঁদা মাদা ভরাইয়া আইছেন দেহি। দোহানে গেছিলেন?"
"এক মগ পানি দে তো।"
শিউলি ঝটপট পানি আনতে গেল। জগ থেকে পানি ঢেলে দিতেই হামিদ সেটা সরিয়ে জগ নিয়ে ঢক ঢক করে পানি খেল। যেন কত বছরের পিপাসার্ত। তৃষ্ণায় ছাতি ফেটে যাওয়ার জোগাড়। আনোয়ার ভাইদের সাথে মুড়ি খাওয়া হয়েছিল কটা এখন গলায় গলায় উঠছে। খালি পেটে খেয়েছে তাই নাকি কে জানে? পা দুটো ঝুলিয়ে রোয়াকে হাত মেলে দিয়ে শুয়ে পড়ল। শরীর ছেড়ে দিচ্ছে। শিউলি মাথায় হাত বুলাতে বুলাতে বলে,
"বেশি কেলান্ত লাগে? মামার লগে দেহা হইছে? মামার বাড়ির আদর কেমন?"
হামিদ চোখ বুজে বিড়বিড়িয়ে বলে,
"মামার বাড়ি মধুর হাড়ি, যে কইব হের মুহে লাতি মারি।"
শিউলি শুনতে পেল না। স্বামীর মুখের সামনে কান এগিয়ে দিতেই হামিদ ধমক দিল,
"হর এন্তে! মুহের মইধ্যে ঢুইক্কা যাইব যেন লাগে।"
ধমকে শিউলি শিওরে উঠেছে। লোকটার মেজাজ এমন চড়া কেন? কারো সঙ্গে লেগেছে নাকি? হেলেনা পারভীনের শরীরটা বেশ খারাপ। খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছেন। অনেক্ষণ ছেলের অপেক্ষায় ছিলেন। ভেবেছেন ভাই বোধহয় রেখে দিয়েছেন তার ছেলেকে। হামিদ ম্লান কণ্ঠে শুধায়,
"আম্মা ঘুমাইছে?"
"হ, আম্মার শইলডা বেশি ভালা না। হেরে ডাক্তরের কাছে লইয়া যাইয়েন তো। বড়িটড়িতে কাম হয়না। আপনের লাইগা বইয়া আছিল কতক্ষণ। হেরপর মামার বাড়িত থাইকা গেছেন ভাইবা ঘুমাইয়া পড়ছে।"
হামিদ লম্বা শ্বাস টেনে উঠে বসল। সংসারের এত এত কেচ্ছাকাহিনী শুনতে আর ভালো লাগেনা। কলপাড়ে গিয়ে দুই মগ পানি ঢালল শরীরে। অত্যাধিক শীতল পানি। শিওরে উঠল শরীরটা। দেহের কাঁপুনি টের পাচ্ছে। জ্বর আসবে নাকি? বালতিতে পানি চেপে রেখেছিল শিউলি। তাই আর পানি চাপার কষ্ট করতে হয়নি। কোনোরকমে গোসল সেরে এসে বিছানায় পিঠ ঠেকালো। মেয়ে তার ঘুমায়নি। খাটের মধ্যে শুয়ে শুয়ে হাত, পা নাড়াতে নাড়াতে শব্দ করছে। ধরল না মেয়েকে। শরীরে এক রত্তি শক্তি নেই তার। এত ক্লান্ত যে ভাত টুকু খেতে ইচ্ছে করছে না অথচ প্রচণ্ড ক্ষুধা পেটে। নাড়িভুঁড়ি পাকাচ্ছে। হামিদা গড়িয়ে গড়িয়ে বাবার কাছে এসে পড়ল। বাবাকে দেখেছে আর সে বসে থাকবে? সেকি কখনো হয়? বাবার পিঠে লালা লাগাতে লাগাতে শব্দ করে,
"অদো, অদো... অদো... অদো.... অদোওওও"
হামিদের হুঁশজ্ঞান কিছু নেই। বেচারা মেয়ের এত আদুরে ডাকেও নির্জীব। হামিদা লোল দিয়ে পিঠ ভরিয়ে ফেলেছে। সঙ্গে নাক দিয়ে ঘন সর্দি বেয়ে বেয়ে পড়ছে। এত অঘটনেও বাপ তার বড়ই নীরব। সে পৃথিবীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ঘুমের দেশে পারি দিয়েছে বোধহয়। শিউলি থালায় ভাত বেড়ে এনে দেখল হামিদ ঘুমে বেহুঁশ আর তার একমাত্র কন্যারত্নটি বাপের পিঠে লালা ভরিয়ে চিক্কুর দিচ্ছে। বাবা এখনো তাকে আদর করেনি, কোলে তোলেনি তার প্রতিশোধ কিনা। মাকে দেখতে পেতেই হামিদা গুলুমুলু দুই হাত অনবরত দাফাতে দাফাতে ফোকলা হাসে,
"আউ, আউ... আউ..উউ"
শিউলি চোখ কপালে তুলে ওড়না দিয়ে মেয়ের মুখ ও নাক মুছে দিতে দিতে বলে,
"আব্বারে জ্বালায় না আম্মা। আব্বায় ভীষণ কেলান্ত। আপনের খিদা লাগছে? এইতো আম্মা আপনেরে এহনই খাওন দিমু।"
বলেই মেয়েকে খাওয়াতে লাগল। হামিদা ঘুমিয়ে পড়তেই থালা ঢেকে দোরে খিল দিল। মাথায় যন্ত্রণা উঠছে আবার। মেয়ের পাশে এসে শুতেই ঘুমে চোখ জড়িয়ে আসে। এতক্ষণ জেগেছিল বিদায় ঘুমে সঙ্গে সঙ্গে ঢলে পড়ল।
রাতের মধ্যভাগ। বাইরে ঝিঁঝিঁর রি রি শব্দ। আজ ভরা জ্যোস্না। কোলাহলমুক্ত চারপাশ। হামিদের ঘুম ভেঙে গেল হুট করেই। খিদে পেটে ঘুম ভালো হয়না তার। ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছিল। শরীর নাড়াতে পারছে না ব্যথায়। অনেকখানি পথ হাঁটা হয়েছে তাই বোধহয় শরীরে বিষব্যথা উঠেছে। জ্বর এসেছে কিনা ঠাওর করতে পারছে না। শিউলিকে কয়েকবার ফ্যাসফেসে কণ্ঠে ডাকল। সাড়াশব্দ নেই শিউলির। গভীর ঘুমে আচ্ছন্ন। হামিদ হাত দিয়ে জোরে ধাক্কা দিল। শিউলি দরফরিয়ে উঠে বসে,
"কেডা? কেডা?"
"কেডা কেডা মারাইস না। খিদা পাইছে। ভাত খাওয়াইয়া দে।"
বলেই শরীর গুটিয়ে ফেলল। শীত করছে ভীষণ। শিউলি চোখ ডলল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মাথা আরও বেশি যন্ত্রণা করছে। ঘুম ঘুম চোখে নেমে হাত ধুয়ে থালায় ঢাকা ভাত নলা পাকিয়ে বলল,
"উইড্ডা বইয়েন না কিইল্লিগা?"
হামিদ বহু কষ্টে উঠে বসল। কাঁথা না পেয়ে শিউলির শরীরের ওড়না টান দিয়ে নিজের শরীরে পেঁচালো। শিউলি কিছু বলল না। হামিদের মুখের সামনে নলা ধরতেই হামিদ মুখে নিল। চিবোতে গেলে মুখে স্বাদ পেল না কোনো। শিউলি কোনোমতে কতটুকু খাইয়ে দিয়ে কাঁথা এনে হামিদের শরীর ঢেকে দিল। শিউলি মোলায়েম হাতে মাথা টিপে দিতে লাগল। হামিদ শিউলিকে ঝাপটে ধরে কাঁপতে কাঁপতে বলে,
"তোরে পরথম কই দেখছি ক তো শিউলি?"
"ঐযে আমারে দেখতে গেছিলেন যেইদিন ঐদিন।"
"উহু, তোরে আমি পরথম দেখছিলাম তোগো বাড়ির পুসকুনিতে ডুবানির সময়। তহন তুই ছুডো আছিলি। এক্কেরে অত ছুডোও না। রাস্তা দিয়া তোগো পুসকুনি দেহা যাইতো। তুই দেহস নাই আমারে। তহন অবশ্য তোরে দেইখা তওবা পইড়া নিজেরে দুইডা গালি দিয়া চইলা আইছিলাম।"
"ঐ বদমাইশ বেডা আপনে আছিলেন?" অবাক কণ্ঠ।
"তুই দেখছিলি আমারে?"
"না, আমার এক সখী ওইপাড়ে গাছের ডালে বওয়া আছিল ওয় দেখছিল। ওয় আমারে ডাইকা কয়, কোন বেডা বলে আমার নাওয়া খাড়ায় খাড়ায় দেখছে। ওর কতা হুইনা তাকাইছিলাম বদমাইশটারে ইট ছুইড়া মারমু বইলা। লম্পট কোনহানের, ছেড়িগো নাওয়ানি দেহনের এত শখ ক্যান? পরে দেহি কেউ নাই।"
হামিদ গলা খাঁকারি দেয়,
"আরে আমি তো একবার দেইখাই চক্ষু নামাইয়া ফালাইছি।"
"ক্যান? আপনে বুঝি বেগনা মাইয়াগো দিকে চক্ষু তুইলা তাকাইতেন না?" রসিকতার স্বরে।
"ঠিক তা না। সত্য কতা হইল তোর শইলের ভাঁজ দেহা যাইতেছিল হেইদিন। কোন না কোন বেডার আমানত দেইখা ফালাইলাম ভাইবা তওবা পড়ছি। নামাজেও আল্লাহর কাছে মাফ চাইতাম। ভাবলেই গা কেমুন কুটকুট করতো।"
শিউলির শরমে হামিদকে দুটো কিল দিল। লোকটা জ্বরে কাবু হয়ে এসব কি বলছে। লজ্জার মাথা খেয়েছে নাকি? এত শরম সে জীবনেও পায়নি। হামিদ কিল খেয়ে বলে,
"কিলাইস না। আমার জিনিস আমি দেখছি অত শরমের কিছু নাই। আগের কতা বাদ, ওগুলা শয়তানের ফাঁদ।"
"বদমাইশ বেডা।"
বলে আরও দুটো কিল দিল।
সেকান্দার বাড়ি ঢুকে দেখল হালিমা পাশের বাড়ির করিমন বিবির সঙ্গে গলা উঁচিয়ে ঝগড়া করছে। সঙ্গে আবার তার সৈনিকও রয়েছে। স্যান্ডো গেঞ্জি এবং হাফপ্যান্ট পরা সৈনিক। মাকে অপরপক্ষ কথা শোনালেই বুকের পাটা ফুলিয়ে তেড়ে তেড়ে যাচ্ছে। ছোট্ট হাতে গাছের ডাল দেখা যাচ্ছে। সেটা এগিয়ে দিয়ে বলছে,
"আম্মা এডা দিয়া নাল বানান।"
করিমন বিবি তা দেখে কোমরে দুহাত রেখে ত্যাছড়া কণ্ঠে বললেন,
"বজ্জাত পোলা! বড়ো, ছুডো মাইন্য গইণ্য করে না। মাডা যেমুন বজ্জাত, পোলাডাও হইছে তেমুন। সেকেন্দারের কিচ্ছু পায় নাই।"
হালিমা ছেলেকে আঁচলের তলে লুকিয়ে ফুলে ফেঁপে উঠল,
"আমার পোলারে লইয়া একটা বাজে কতাও হুনবার চাইনা। যাইয়া নিজের পোলারে সামলান আগে। আপনের পোলার কীর্তিকালাপ তো কম কানে আইয়ে না।"
বাহ! মাতা, পুত্র আবারও রাজযোটক হয়েছে দেখি। সুস্থ হতে না হতেই পুরো বাড়ি মাথায় ওঠানো শুরু করেছে। এই নারী আর ভালো হলো না। সেকান্দার গেল না মেয়েলি ঝগড়ার ওখানে। কতদূর গড়ায় কে জানে? কী নিয়ে লেগেছে সেটাও একটা চিন্তা। হালিমা, সোবহান দুজনকেই খুব উত্তেজিত মনে হচ্ছে। ঝগড়ায় এমনভাবে মগ্ন সেকান্দার যে এসেছে তাও খেয়াল করেনি। ঝগড়া করতে করতে তা হাতাহাতির পর্যায়ে চলে গেল। ধাক্কা প্রথমে করিমন বিবিই মেরেছে। হালিমার হয়ে সোবহানই কামড়ে টামরে একাকার করে ফেলল করিমনকে। ব্যাপারটা এমন তার আম্মাকে কথা শোনাতে এসেছে কেন? আবার গায়ে ধাক্কা দিয়েছে! তার আম্মাটা এমনিতেই অসুস্থ। শ্বাস টানলে "কোক কোক" জাতীয় শব্দ করে। হালিমা ছেলেকে টেনেও আনতে পারছে না। সোবহান করিমনের পা শক্ত করে আঁকড়ে কামড়ে ধরে রেখেছে। মা, ছেলে এক হলে দুনিয়ার আর কেউ তার মাকে কিছু বলতে পারবে না। সেখানে সামান্য কথাতে তার মাকে কেন ধাক্কা মারবে করিমন? তার মাকে সবাই পেয়েছেটা কী?
হালিমা বহুকষ্টে ছেলেকে টেনে আনল। করিমন বিবি ব্যথায় "ওরে মাগো ওরে বাবাগো" বলে চিৎকার করছেন। সোবহান ছোট হলে কী হবে? ছোট মরিচের ঝাল বরাবরই বেশি। তার দাঁতের জোর ভালোই। করিমন বিবি নিজের পা ধরে বলছেন,
"খুয়াইয়া ফালাইছে আমারে। নাই আমি শ্যাষ। বান্দরের বাচ্চাডা করছে কী?"
অবস্থা গুরুতর দেখে সেকান্দার এগিয়ে এল। বাবাকে দেখেই সোবহান দৌড়ে এসে করিমন বিবির দিকে আঙুল তাক করে নালিশ জানাল,
"আব্বা? আম্মারে হেয় নাল বানাইছে। আমালে বান্দুর কইছে।"
নালিশ জানাতে গিয়ে হাঁপিয়ে গেছে মায়ের সৈনিক সোবহান আলী। গুলুমুলু হাতে এখনো গাছের ডাল ধরা। হালিমা মুখ খোলার আগেই করিমন বিবি পড়িমড়ি করে বেরিয়ে গেলেন। ভালোই ব্যথা পেয়েছে পায়ে। সেকান্দার ধমকে জিজ্ঞেস করে,
"লাগছস কী নিয়া? সুস্থ হইবার পারোস নাই আবার শুরু হইছে? লগে আবার ছাওডারেও লইছস।"
"আরেহ আমি না। হেয় আইয়া উল্ডা পাল্ডা কতা কয়। আমি বলে হেগো বাগান থেইকা পাতা কুড়াইয়া আনছি। ক্যান আমার হউড়ের কি গাছের অভাব? হেগো পাতা আনতে হইব ক্যান আমার? বেনে আমারে দেখছিল বাগানে হেইলিগা আইছে চ্যাঁত দেহাইতে। আবার কয় হেগো বাড়ির চালে সোবহান বলে ঢিল ছুঁড়ে। ওয় ঢিল ছুঁড়ব কইত্তে? ওয় লাগর পায় অত উঁচা চাল? বেডি খালি আইয়া কাইজ্জা বান্ধায়।"
"ঘরে কেউ নাই? আম্মা, আব্বা কই?"
হালিমা কান এগিয়ে দিয়ে বলে,
"বকতাছেন নাকি? জোরে কন, হুনি না।"
"বয়রা নি তুই? কাইজ্জা করনের সময় তো ঠিকই গড়গড়াইয়া করলি? তহন বুঝি হুনতে কষ্ট হয় নাই? ঘরে কেউ নাই?"
"কাইজ্জা কেউ নিচা গলাত করে? আমি বয়রা না। সবই হুনি। আস্তে কইলে হুনতে এট্টু সমেইস্যা হয়। আলেয়া ইশকুলে। আম্মা,আব্বা পুরান বাড়ি গেছে।" কোমরে দুহাত ঠেকিয়ে।
সেকান্দার বুঝল ঝগড়া বাড়ার কারণ। শাহাবুদ্দিন আলী থাকলে ঝগড়াই হতো না। সেকান্দার ছেলেকে আগলে ঘরে যেতে যেতে শুধায়,
ওই তুই কারবারডা করছস কী?"
সোবহান ফিচফিচ করে হাসে,
"কামুড় দিছি। নাল বানাইয়া দিছি।"
সেকান্দার চোখ রাঙায়,
"আবার কয়? তুই গুণ্ডা হইবি?"
সোবহান উপর নিচ মাথা নাড়িয়ে দাঁত বের করে খিকখিক করে হাসে। চিৎকার করে তর্জনী উঁচিয়ে বলে,
"আম্মার গুণ্ডা হমু। আম্মারে নাল বানাইতে আইলে কামুড় দিয়া নাল বানাইয়া দিমু।"
সেকান্দার থমকে দাঁড়ায়। আম্মার গুণ্ডা! অবুঝ শিশুটি এত মূল্যবান কথা বলে ফেলেছে বোঝেনি বোধহয়। হালিমা পিছু পিছু আসছিল। ছলছল চোখে স্বামী, সন্তানের পানে চেয়ে। এইটুকু শিশু মাকে রক্ষা করতে চায় এটা কি কম কিছু? হালিমা স্বামী, সন্তানের বিয়োগে কত কষ্ট পেয়েছে এর বিনিময়ে আল্লাহ তায়ালা তাকে দ্বিগুণ যত্ন ফিরিয়ে দিয়েছেন। শোকর গুজার সেই রবের প্রতি। স্বর্ণ পুড়িয়েই খাঁটি পায়। হালিমাও তেমন পুড়ে খাঁটি সোনা পেয়েছে। অশ্রুসজল নেত্রে দেখে গেল তার সোবহান বড় হয়ে যাচ্ছে।
চলবে....
