#শিউলি_ফুল
#পর্ব_২০
#তাজরীন_ফাতিহা
"সেকান্দার ভাই জলদি বাড়িত যান, ভাবি বলে পানিত পইড়া মরছে।"
বজলুর কথা শ্রবণেদ্রিয়ে ঢুকতেই বিদ্যুৎস্পৃষ্টের ন্যায় শরীরটা ঝাঁকি মেরে উঠল। সোবহান বাবার হাত ধরে। বাবাকে এমন কেঁপে উঠতে দেখে অবুঝ স্বরে ডাকল,
"আব্বা?"
সেকান্দার প্রত্যুত্তর করল না। হাতের ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে নিজেকে সামলালো। ব্যাগের ভেতরে টকটকে লাল রঙের শাড়ি। হালিমার এত পছন্দ রঙটা! শাড়ি তার আবেগ! তবে তা রক্ত রাঙা হলে একটু বেশিই উচ্ছ্বসিত ও খুশি হয় নারীটি। সাজগোজের ব্যাপারে তার বরাবরই আগ্রহ বেশি। পথের ধারের গাছে থোকায় থোকায় রঙ্গন ফুল ফুটেছিল। সেখান থেকে কয়েক গাছি লাল রঙ্গন ছিঁড়ে নিয়েছে। লাল শাড়ির সঙ্গে লাল রঙ্গন। দেখেই ছিঁড়ল শাড়ির সঙ্গে দেবে বলে। সঙ্গে থাকবে তার লিখিত একখানা চিঠি! নারীটি কেমন খুশি হবে তাই ভাবছিল সেকান্দার। আর ভাবতে পারল না। রঙ্গন গুলো পিষে দুমড়ে মুছড়ে গেছে হাতের মুঠোয়। কোনোরকমে মুখ দিয়ে নিঃসৃত করল কয়েকটি শব্দ,
"কোন ভাবি?"
বজলুর হাঁপানো গলায় উত্তর এল,
"হালিমা ভাবি, আপনের বউ।"
মস্তিষ্কে কথাটা আবারও ধাক্কা খেতেই সেকান্দার বজলুর গেঞ্জির কলার আগ্রাসী ভঙ্গিতে চেপে ধরল,
"জবান টাইনা ছিড়মু কইলাম। কী কস এগুলা, হুঁশ আছে? তারে জীবিত রাইখা আইছি আমি।"
"জীবিত রাইখা আইছেন ঠিকই তয় মরণ আইতে কতক্ষণ ভাই? মরণ কি বইলা কইয়া আহে? আমার জবান না টাইনা বাড়িত গিয়া দেহেন। শাহাবুদ্দিন কাকায় আপনেরে তাত্তারি খবর দিতে কইছে।"
সেকান্দার কলার ছেড়ে সোবহানকে কোলে নিয়ে হনহন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাইকেল আনেনি আজ। দোকানে এসেছিল সোবহানের মায়ের জন্য শাড়ি নিতে। তাদের নিজস্ব দোকানের তাঁতে বোনা শাড়ি। শাড়ি তো নিয়েছে ঠিক তবে সোবহানের মা তো ঠিক নেই। অর্ধেক পথ তো চলেই এসেছিল আরেকটু পথ হাঁটলেই সোবহানের মায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তবে এ কি শুনছে সে? সেকান্দারের পা টলছে, যেন পায়ের শক্তি কে যেন শুষে নিয়েছে। সব শক্তি আজ সে খুঁইয়ে বসেছে। ফুরিয়ে নিঃশেষ হয়েছে তা। কারো প্রস্থানে কি মানুষের শক্তি ফুরোয়?
উঠোনে নারীদের উপচে পড়া ভিড়। সঙ্গে চলছে গুঞ্জন ও কানাঘুষা। আসমা বেগমের কান্নার গুনগুন স্বর। সেকান্দার ধুরু ধুরু বুকে ছেলেকে আগলে ভিড় ঠেলে পাটিতে শোয়ানো লাশটির দিকে এগিয়ে গেল। পথিমধ্যে যা শুনে এসেছে তা যেন মিথ্যে হয় এই প্রয়াসেই এগিয়ে চলা। ঘর্মাক্ত মুখশ্রী, কোলের সোবহান বাবার অস্বাভাবিক হারে বুকের ধুকধুকানি টের পাচ্ছে। ছেলেকে কোল থেকে নামিয়ে মাটিতে বসে ঢোক গিললো। কাঁপা কাঁপা হস্তে ঢেকে রাখা কাপড়টি সরাতেই সেকান্দার ঝটকা খেয়ে ছিটকে গেল। সোবহান মাকে এভাবে শোয়া দেখে বাবার পানে চাইল। অবুঝ শিশুটির এখনো বোধগম্য হয়নি সে কী হারিয়েছে? মায়ের সঙ্গে তার রাগ অভিমানের অন্তিম ক্ষণ এসেছে এবার। আর কোনোদিন মায়ের সঙ্গে তার মান অভিমান হবেনা। এই শেষ! শাহাবুদ্দিন আলী মাথায় হাত ঠেকিয়ে পাশেই বসে। তাকে বেশ ভঙ্গুর দেখাচ্ছে। আলেয়া বাবাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে। আসমা বেগম কান্নারত অবস্থায় চিৎকার করছেন। কয়েকজন তার মাথায় পানি দিচ্ছে। সেকান্দারের কানে সেসব কিছুই ঢুকছে না, শুধু ভেজা মুখশ্রীর ঐ শায়িত মুখটির পানে চেয়ে রইল এক দৃষ্টিতে। কে যেন হুট করে বলল,
"বউরে শ্যাষবারের লাহান ছুইয়া দে সেকেন্দার। কষ্ট পাইয়া মরছে, পানিত পইড়া মরণ কি কম কষ্টের! ফুইলা ভাইসা উডছে শইলডা। আহা বউডা!"
"হালিমা হাতার জানে, পানিত পইড়া মরব ক্যামনে?" সেকেন্দারের ভাঙা কণ্ঠ।
পাশের বাড়ির তোফাজ্জলের মা মুখে আঁচল চেপে বললেন,
"কেডা জানে? হুঁশ হারাইয়া ফালাইছে নাকি পুসকুনির ভিত্রের বুড়িডায় একলা পাইয়া টাইনা লইছে কেডা জানে?"
সেকান্দারের কী হলো কে জানে? এগিয়ে এসে হালিমার লাশ বুকে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। হালিমার গালের সঙ্গে সেকান্দারের দাড়িযুক্ত গালটা ঠেকানো। এতক্ষণে হালিমা নিশ্চয়ই বলতো,
"সোবহানের আব্বা, আপনের দাড়ির ঘষায় বেদনা পাই। আস্তে ধরেন।"
বলল না কেউ! কেউ বলল না! সেকান্দার আরও শক্ত করে আঁকড়ে ধরল হালিমাকে। যেন বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। ছেড়ে দিলেই পালিয়ে যাবে। পালিয়েই তো গেছে, শুধু দেহটা রয়ে গেছে। সেকান্দারের চোখের পানি টপটপ করে গড়িয়ে পড়ছে হালিমার গালে। সোবহান বাবাকে কাঁদতে দেখে এগিয়ে এসে হাউমাউ করে কেঁদে দিল। সেকান্দার হালিমাকে বুকে নিয়ে বলে যাচ্ছে,
"যাইস না, যাইস না। আমি বাঁচমু না। ও আল্লাহ্!"
শাহাবুদ্দিন আলী ছেলেকে ধরলেন। সেকান্দার পরোয়া করল না কিছুর। সে উন্মাদের মতো বলে চলল,
"এত গোসসা তোর? কাইলকা না আমারে চিঠি দিলি? চিঠির উত্তর না লইয়া কই যাস? সোবহান আর আমি তোর লাইগা লাল শাড়ি আনছি। তুই না পইরা যাস কই? আমারে ছাইড়া কই যাস? ফিইরা আয়। আমারে রাইখা যাইস না। আমি বাঁচমু না হালিমা। ও সোবহানের মা, কথা ক।"
যে ছেলের শরীরে জখম হয়ে ক্ষত হয়ে গেলেও এক ফোঁটা চোখের পানি ফেলতে দেখেননি সেই ছেলেকে হাউমাউ করে কাঁদতে দেখে শাহাবুদ্দিন আলী যারপরনাই অবাক হলেন। তিনি ভেবেছিলেন সেকান্দার বোবা বনে যাবে অথবা কয়েক ফোঁটা নীরবে অশ্রু ফেলবে। রাগ অভিমানে বউটার সঙ্গে সম্পর্কের যে শিথিলতা দেখেছেন কদিন তাতে এমনটাই ভাবনা ছিল তার। তাছাড়া অনুভূতি প্রকাশেও বড্ড আনাড়ি সেকান্দার। কিন্তু তাকে অবাক করে দিয়ে এভাবে যে কাঁদবে কখনো কল্পনাও করেননি তিনি। সেকান্দার জীবনে কেঁদেছে খুব কম। কোনো বিপদে, আঘাতে কিংবা অভাবেও তার চোখ দিয়ে পানি বেরোয়নি কখনো। চোখের অশ্রু ঝরাতে তার বাড়াবাড়ি রকমের নিষেধাজ্ঞা। হয়তো পুরুষ মানুষ কাঁদে না এই নীতিতে বিশ্বাসী সে। হালিমা নিঃসন্দেহে ভাগ্যবতী! কাঁদতে না জানা পুরুষটিকে আজ কাঁদিয়ে ছেড়েছে।
"পোলাডারে ধরতে দে বাজান, মায়রে শ্যাষবারের লাহান ছুউক।" রহিমা চাচির কণ্ঠ।
সেকান্দার বোবা বনে গেছে। কারো কথাই তার কানে ঢুকছে না। ভেজা হালিমাকে আঁকড়ে চুপচাপ বসে আছে। মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, চোখের অশ্রু ঝরছে বিরামহীন। পরপর মাথায়, কপালে ঠোঁট বসাচ্ছে। শাহাবুদ্দিন আলীর মুখ দিয়ে কথা বেরোতে চায়না, পুত্রবধূকে পানি থেকে তোলার পর থেকে সে স্তম্ভিত!পাথর বনে গেছে যেন। তার হিসেবে মেলেনা, হালিমা খুব ভালো সাঁতার জানে তারপরেও কীভাবে হলো এসব? তবে কি হালিমা আত্মহত্যা করেছে? হালিমা এমন মেয়ে না শাহাবুদ্দিন আলী তা জ্ঞাত। তবে কি স্বামী, পুত্রের অবহেলাই মানসিকভাবে ভঙ্গুর হালিমাকে আত্মাহুতির পথে ঠেলে দিয়েছে? এত ঠুনকো বিষয়ে এমন করার মেয়ে তো হালিমা নয়! চোখ ভারী হয়ে যাচ্ছে আবারও। বুকে ভার ভার অনুভূত হচ্ছে। খুব কষ্টে ভাঙা ভাঙা স্বরে বললেন,
"এতক্ষণ লাশ ধইরা রাখলে রুহ কষ্ট পায়, এমনে জাইতা ধরিস না। বিলাপ করিস না। ওয় কষ্ট পাইব।"
উপস্থিত প্রায় সকলেই সায় জানাল শাহাবুদ্দিন আলীর সঙ্গে। সেকান্দারকে শক্ত হতে বলল। সে ভেঙে পড়লে সোবহানকে কে দেখবে? শাহাবুদ্দিন আলী জোর করে ছেলেকে আলাদা করতে চাইলেন কিন্তু সেকান্দার ছাড়ল না। হালিমাকে বুকের সঙ্গে চেপে ধরল নিবিড়ভাবে। সোবহান তার স্বরে কাঁদছে। সেকান্দার জলভরা নেত্রে ছেলেকে এক হাতে আগলে নিয়ে আবার হুহু করে কেঁদে উঠল।
"সোবহান রে,, জোরে জোরে আম্মা ডাক। তোর মায়রে আইতে ক। এমনে ফাঁকি দিয়া যাইতে পারে না তোর মায়। চিল্লাইয়া জিগা হেরে ছাড়া তুই আর আমি থাকমু ক্যামনে?"
"আম্মা...আম্মা..."
সোবহান হেঁচকি তুলে বাবার কাঁধে মাথা ফেলে মাকে ডেকে যাচ্ছে। মা কেন এভাবে শুয়ে আছে তার বোধগম্য হচ্ছেনা। সে ভাবছে মা ঘুমিয়ে আছে। আজীবনের মতো যে ঘুমিয়ে গেছে তা মস্তিষ্ক ধরতে পারেনি। মৃত্যু, মৃত ব্যক্তি বোঝার বয়স তার হয়নি। সবাই কাঁদছে তাই সেও কাঁদছে। শাহাবুদ্দিন আলী এগিয়ে এসে ছোট্ট সোবহানকে কোলে নিয়ে বলে চললেন,
"তোর আম্মায় আর রাগ করব নারে সোবহান। হারাজীবনের মতো আমগো একলা কইরা পলাইছে। আমগো লগে তার কত অভিমান! মায়রে ছুবি না? ছুইয়া দেখ এই মায়রে আর পাবি না। এই মায়ের থেইকা তুই হইছস। ছো মায়রে! তোর মায় তোর মুহে আম্মা ডাক হুনার লাইগা এই কয়দিন কত তরপাইছে! মায়ের লগে আর গোসসা নাই তোর। ছো মায়রে ছো।
বাবার কথাগুলো শুনতেই আলেয়া ডুকরে কেঁদে দিল। ভাবির সঙ্গে তার আর কোনোদিন কথা হবেনা ভাবলেই কলিজা দ্বিখণ্ডিত হয়। এইতো সকালেও দুজন কত গালগল্প করল। ভাইজানকে কিভাবে বশে আনা যায়, কি করলে সোবহান তার কাছে ভিড়বে, মাকে আর ভয় পাবে না, ভাইজান চিঠির উত্তর কবে দেবে, সোবহানটা কবে আবার আম্মা ডাকবে এসবই তো আলোচনা করছিল হুট করে কী হয়ে গেল এসব! সোবহান বাবার দিকে দুহাত বাড়িয়ে হেঁচকি তুলতে তুলতে ডাকল,
"আব্বা.."
শাহাবুদ্দিন আলী ছেলের কোলে নাতিকে দেয়ার আগে কানে কানে বললেন,
"আব্বারে থামান ভাই, এমনে কানলে আপনের আম্মা কষ্ট পাইব। মুর্দার গো পাশে বিলাপ দিয়া কানতে নাই। কষ্ট বাড়ে হেগো।"
সোবহান কান্না ততক্ষণে থেমেছে তবে হেঁচকি কমেনি তার। কান চুলকে শুধাল,
"মুদ্দার কী?"
শাহাবুদ্দিন আলী জবাব দিতে পারলেন না। দিতে পারলেন না নাকি বাধা পেলেন কোথাও? এইটুকু মাসুম শিশুকে সে কি বলবে? মুর্দার হলো মৃত ব্যক্তি? তার মা এখন মৃত? সোবহান বাবার কোলে গিয়ে ঘাপটি মেরে আছে। সেকান্দার ছেলেকে জড়িয়ে ধরে চোখের পানি বিসর্জন দিচ্ছে। বিড়বিড় করে কি যেন আওড়ে যাচ্ছে সে। সোবহান বাবার চোখের পানি মুছতে মুছতে সতর্ক করে বলে,
"কান্দে না আব্বা, আম্মা ঘুম তে উইদ্দা যাইব। ঘুম ভাঙলে আমগো নাল বানাইব।"
"এই ঘুম আর ভাঙতো নারে সোবহান..."
বলে আবারও হুহু করে কেঁদে উঠে ছেলেকে ঝাপটে ধরল। সোবহানের অবুঝ গলার প্রশ্ন,
"ক্যান?"
"এই ক্যানের জবাব যদি দিতে পারতাম রে! মায়রে একবার ডাক না সোবহান? তুই ডাকলে যদি তোর মায়ে হুনে!" যন্ত্রের মতো বলে গেল।
মায়ের ভেজা শরীর ছুঁয়ে একনাগাড়ে ডেকে যাচ্ছে,
"আম্মা,,, ও আম্মা.... উডেন আব্বা আপনেরে নাল বানাইব না। আপনের নিগা শাড়ি আনছি, ফুল আনছি। উইড্ডা এগুনা পিন্দেন।"
হালিমা নিরুত্তর। উঠোনে দাঁড়ানো প্রত্যেকের চোখ ভিজে উঠেছে অবুঝ সন্তানের আবদারে। মা যে তাকে ফাঁকি দিয়েছে! বুঝল না, বুঝল না অবুঝ শিশুটি! সে তার আম্মাকে ডেকে যাচ্ছে তো যাচ্ছে। এই ডাক তার আম্মা জীবিত থাকলে কি উপেক্ষা করতে পারতো? শায়িত নারীটি কতদিন অপেক্ষা করেছে এই ডাকটির জন্য। আম্মা ডাকের জন্য। আজ তার সন্তান আম্মা ডাকল অথচ সে পালাল?
তোফাজ্জলের মা বললেন,
"দাফন কাফনের ব্যবস্থা করেন শাহাবুদ্দিন ভাই। বউয়ের বাড়ির লোকজন কাউরে খবর পাডাইছেন?"
শাহাবুদ্দিন আলী ঘাড় নাড়লেন কেবল অর্থাৎ খবর পাঠানো হয়েছে। তোফাজ্জলের মা দীর্ঘশ্বাস ফেললেন। বউটা গতকালও তার কাছে গিয়েছিল, আজ সকালেও এই উঠোনে হাঁটতে দেখেছেন অথচ এখন সে মৃত! মৃত্যু বড় অনিশ্চিত কঠিন সত্য। এই অমোঘ সত্যের কোনো খণ্ডন কিংবা ফাঁকফোকর নেই।
"হেগো আইতে বোধহয় দেরি হইব। লাশ গোসল দিয়া ফালাই তাইলে। জানাজা, দাফন বউয়ের বাড়ির লোকজন আইলে দিয়েন। মুর্দার এতক্ষণ মাডির উপ্রে রাখন ঠিক না। আযাব বাড়ে। হের উপ্রে পানিত পইড়া মরণ!"
কথাটা সেকান্দারের কানে ছিদ্র হয়ে বিঁধল। তার হালিমাকে কত কথা বলা বাকি, কত যুগ একসঙ্গে কাটানো বাকি! হালিমাকে এইতো সেদিন বউ করে এনেছে সে! এত অল্প যাত্রা তাদের? এইটুকু যাত্রার জন্য সে হালিমাকে জীবনসঙ্গী করেছিল! তার সঙ্গী ভাগ্য এত স্বল্প ও নিষ্ঠুর! কী বলে সবাই? মুর্দার! লাশ! হালিমাকে সে কোথাও যেতে দেবে না। এইতো তার পাঁজরের ভেতর ঢুকিয়ে রাখবে। তার হালিমা এত ছ্যান ছ্যান করে! কবরে গিয়েও যদি ছ্যান ছ্যান করে? কবরের ফেরেশতা নিশ্চয়ই বিরক্ত হবে। আযাব দেবে! সেকান্দার শক্ত করে আঁকড়ে ধরে,
"না, না আমি ওরে কোথাও যাইতে দিমু না। আব্বা কবর দিতে হইলে আমার বুকে দেন। ওয় শান্তিতে ঘুমাক। কতদিন বলে আমগো বিরহে, যাতনায় ঘুমাইতে পারে নাই। আইজকা শান্তিতে ঘুমাক।"
কথাটুকু বলে খুবই ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। হালিমার চুলগুলো ভেজা, চুপচুপে। ঠান্ডা লাগবে তো? সেকান্দার কেমন উদ্ভ্রান্তের মতো ব্যাগ থেকে লাল শাড়িটা বের করে মাথা মুছে দিতে লাগল। ভেজা চুলে হালিমার অসুখ করবে যে! উপস্থিত জনতার কাছে তা স্রেফ পাগলামি! চোখের অশ্রু বাধ মানছে না সেকান্দারের আজ। আশ্চর্য সে না পুরুষ? এত কান্না আসছে কোথা থেকে? পুরুষ এত কাঁদে নাকি? কই সে তো কান্না থামাতে পারছে না? সে কি তাহলে পুরুষ না? নাকি এতদিন হালিমার সঙ্গে কথা না বলার কারণেই তার এত অশ্রু জমায়েত হয়েছে? হোক জমায়েত তার হালিমা আর কোনোদিন ফিরবে না। সে কোনোদিন আর হালিমাকে আগলে ধরতে পারবে না। কেউ তার সঙ্গে ছ্যান ছ্যান করবে না। সোবহানের আব্বা বলে কেউ আর ডাকবে না। চোখে কাজল পরে কেউ আর সামনে ঘুর ঘুর করবে না। মাঝরাতে ঘুম থেকে তুলে কেউ আর সাজিয়ে দিতে বলবে না। গোটা একটা হালিমা নামক শূন্যতা বুকে নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। সে কাঁদবে না? খুব কাঁদা উচিত তার।
ওবাড়ির থুরথুরে প্রৌঢ়া বৃদ্ধাটি লাঠি হাতে চাতালে বসে। শরীরে ভাঁজ, থুতনি ঝুলে পড়েছে। সাদা থান ব্লাউজবিহীন পেঁচিয়ে পরা। কাঁপা কাঁপা স্বরে বললেন,
"দম ফুরাইবার কতা কার অথচ দম ফুরায় কার! এইটুক ছেমড়ির বয়স হইছিল নি মরণের? মরছে তো মরছে ছুডো একখান ছাও রাইখা মরল। অহন ছাওডারে পালব কেডায়?" দীর্ঘশ্বাস।
নিয়তি! মৃত্যুর যে কোনো বয়স হয়না। যেকোনো সময় যেকোনো অবস্থায় তা হতে পারে। সোবহান বাবাকে পাগলের মতো কেঁদে কেঁদে মায়ের জন্য আনা নতুন শাড়িটা দিয়ে মাথা মুছতে দেখে বাধা দিতে চাইল। ছোট্ট ছোট্ট হাত দিয়ে শাড়িটার এক কোণে আঁকড়ে ধরল,
"আব্বা, এইডা আম্মার! আম্মায় পিনব। পঁচা বানান কিন্নিগা?"
সেকান্দার বিড়বিড় করে যাচ্ছে,
"পিনব না, পিনব না। তোর মায় আর পিনব না। তোর মায়রে পিন্দাইয়া দেখমু কেমন দেহায়?" বোধহীন কণ্ঠ।
সোবহান মাকে এখনো জাগতে না দেখে মায়ের বুকের উপর শুয়ে পড়ল। মায়ের মুখ দুহাতের আজলায় নিয়ে,
"আব্বা, দাদা, ফুপুউ আম্মারে উঠতে কন এইবার। উডে না ক্যান আম্মায়? আর কত ঘুমাইব? আম্মা, ও আম্মা,,,আম্মা..."
রহিমা চাচি আঁতকে উঠে সোবহানকে টেনে আনতে গেলে শাহাবুদ্দিন আলী বাধা দিলেন,
"থাকতে দাও, মায়ের বুকে এইডাই ওর শ্যাষ উডোন। পোলায় মায়ের গন্ধ নেক। ওর মায়ে..."
কথা শেষ করতে পারলেন না গলা ভেঙে কেঁদে ফেললেন। কণ্ঠনালী দিয়ে হু হু করে কান্না ঠিকরে এল,
"হালিমা আম্মাজান! এই বুড়া বাপটারে রাইখা চইলা গেলেন? কেডা আমারে চা বানাইয়া দিব? এইডা ওইডা খাওনের আবদার করব? এইটুক বাচ্ছাডারে কেডা মায়ের আদর যত্ন দিয়া পালব? হয়তো তোমার থেইকা মেলা আদরে, যত্নে রাখমু কিন্তুক তোমার আদর, যত্ন তো দিতে পারমু না মা। তার মায়রে আমি কই পামু? তার মায়ের ঘুম আমি ক্যামনে ভাঙ্গামু?"
রহিমা চাচি মুখে আঁচল চেপে চোখের পানি ছেড়ে দিলেন। এত হৃদয়বিদারক ঘটনা না হলেও পারত বোধহয়। এইটুকু অবুঝ মাসুম বাচ্চা মা হারা হলো। সেকান্দার হালিমার চুল শুকিয়ে ফেলেছে। স্বামীর বুকে তার মাথা, সন্তান তার বক্ষে ইশ এইটুকুই তো চেয়েছিল হালিমা! সবাই গোসল, কাফনের জন্য তাগাদা দিতে লাগল। সেকান্দার আর সোবহান সেভাবেই আগলে পড়ে রইল। কয়েকজন নারী এগিয়ে এসেছে বড়ই পাতা নিয়ে। বড়ই পাতা গরম হচ্ছে উনুনে। নারী কজন এসে হালিমাকে ছাড়াতে চাইল সেকান্দার 'না না' করে উঠল। তারা সরে গেল। সেকান্দার বুকে আগলে রাখল স্ত্রীকে। মৃত বাড়ির কান্না সয় না সেকান্দারের। আজও সইতে পারছে না। তবে কীভাবে কীভাবে যেন সয়ে যাচ্ছে। অনুভূতিটা অতীব বিশ্রী! হুট করে হাতটা কেমন নড়ে উঠল মনে হলো। সেকান্দার সোবহানের হাত ভেবে গ্রাহ্য করল না। আচমকা একদলা পানি সেকান্দারের মুখে এসে ছিটকে পড়ল। ধাক্কা খেল! কাশতে কাশতে হালিমার মুখ লাল হয়ে গেছে। সোবহান বুকের উপর থেকে দ্রুত নেমে পড়ে চিৎকার দিয়ে লাফিয়ে উঠে বলল,
"হুররে...আম্মার ঘুম ভাঙছে, আম্মায় উডছে।"
সকলে স্তম্ভিত! হতভম্ব! সেকান্দার হালিমার গালে এক হাত দিয়ে আলতো চাপড়ে ডাকল,
"হালিমা, এই হালিমা চক্ষু খোল।"
নিভু নিভু ফ্যাসফেসে কণ্ঠে হালিমা কি যেন বলল। কাশির জন্য কথা বলতে পারছে না সে। চোখ দুটো অস্বাভাবিক লাল, মুখশ্রী ফ্যাকাশে। সেকান্দার কান এগিয়ে দিতেই শুনল,
"সোবহানের আব্বা, বাঁছান..! দম আটকাইয়া আয়.."
সেকান্দার এক মুহূর্ত দেরি করল না। হালিমাকে কোলে নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটা দিল। নিজের ঘরের খাটে এনে শোয়ালো। দরজা আটকে জামা বদলে সুতির জামা পরাল। ছাত্রজীবনে পড়েছিল পানিতে পরা ব্যক্তিকে সিপিআর দিতে হয়। এতে করে ভেতরে জমা পানিগুলো কাশির সাহায্যে বেরিয়ে আসে। গ্রামের কারোর তো তা জানার কথা না। সেকান্দার কীভাবে ভুলে গেল সব? মস্তিষ্কে এসব এতক্ষণ আসেইনি তার। মাথার মগজ কাজ করা বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণ। সোবহান বুকের উপরে ওঠায় বোধহয় সেসময় পানি উগরে বেরিয়েছে। সেকান্দার আর দেরি না করে বুকে চাপ প্রয়োগ করে সিপিআর দিতেই হালিমা কাশতে কাশতে মুখ নাক দিয়ে এক গাদা পানি বের করে দিল। সেকান্দার উঠে দরজা খুলতেই শাহাবুদ্দিন আলী, আসমা বেগম, আলেয়া, রহিমা চাচিসহ সকলে হুড়মুড়িয়ে ঢুকল। ততক্ষণে সেকান্দার হালিমার বুকে, পিঠে মালিশ করা শুরু করেছে। সালেহা চাচির মেয়ে বিলকিস তেল গরম করে এনেছে। সালেহা চাচি হাতের তালু মালিশ করতে বসেছেন। আসমা বেগম পায়ের তালু মালিশ করছেন। হালিমা নেতিয়ে পড়ে আছে সেকান্দারের বুকে। হুঁশ নেই তার। এমন অলৌকিক ঘটনা ঘটেছে আজ! জীবনেও শোনেনি কিংবা দেখেনি কেউ। মৃত ব্যক্তি জেগে উঠেছে। অবাস্তব ও বিস্ময়কর দৃশ্য! যুগ যুগ ধরে বংশধরদের শোনানোর জন্য একটা গল্পের সূত্রপাত ঘটল। যা সকলের মুখে মুখে ফিরবে। দাদি, নানিরা তার নাতি পুতিদের শোনাবেন এই বিস্ময়কর ঘটনা। কিভাবে এক মৃত ব্যক্তি পুনর্জীবিত হয়েছিল! মহান রবের লীলাখেলা বোঝা বড় দায়। শাহাবুদ্দিন আলী পুত্রবধূকে জীবিত দেখে মসজিদে দৌড়েছেন। রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে!
খানিকবাদে হালিমার অবস্থা খারাপ হতে শুরু করলে সেকান্দার আর বাড়িতে রাখার ঝুঁকি নেয়নি। ঝটপট সদর হাসপাতালে ছুটেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানালেন,
"পানিতে দীর্ঘক্ষণ ডুবে থাকার দরুন শ্বাসনালী ও ফুসফুসে পানি ঢুকে অচেতন এবং শ্বাসরোধ হয়ে গিয়েছিল যার ফলে সকলে মৃত ভেবেছে। আরও আগেই হাসপাতালে আনা উচিত ছিল। অবস্থা আশঙ্কাজনক।"
চলবে....
(আসসালামু আলাইকুম।)
