#শিউলি_ফুল
#পর্ব_১৯
#তাজরীন_ফাতিহা
উঠোনের পূর্বপাশে অবস্থিত জামরুল গাছটি। বৃষ্টিভেজা জামরুল পাতার ফাঁকে ফাঁকে লালচে বর্ণের ফল। থোকায় থোকায় পাকা জামরুল ঝুলে আছে। নিচে বসা দশ বছরের বালিকাটির ডান হাতে একটু আগের ছেঁড়া জামরুল, অর্ধেক কামড়ে খাওয়া। আরেক হাত দিয়ে কোলে আগলে রাখা ছাগল ছানা। পরনে লাল রঙের ছাপা ফুলের গোল ফ্রক, সাদা পায়জামা আর মাথায় ওড়না পেঁচানো। ছানাটির মুখে কাঁঠাল পাতা, চিবুচ্ছে। একমনে ছাগল ছানার গায়ে হাত বুলিয়ে যাচ্ছে মেয়েটি। পশমে আবৃত মোলায়েম শরীরটি হাতের তালুতে আরামদায়ক অনুভূতি যোগাচ্ছে। ছাগল ছানাটি কন্যাটির আদুরে আদরে কোলে গুটিয়ে ওম পেতে আছে। ফের কাঁঠাল পাতা মুখের সম্মুখে ধরতেই ছানাটি মুখ বাড়িয়ে মুখে পুড়ল। তন্মধ্যে ঘর থেকে ডাক ভেসে এলো,
"আলেয়া?"
শুনতে দেরি উত্তর দিতে দেরি হয়নি,
"জে আব্বা।"
"হুইনা যা।"
আলেয়া ছানাটিকে নামিয়ে কাছারি ঘরের উদ্দেশ্যে ছুটল। শাহাবুদ্দিন আলী বেতের চেয়ারে লম্বালম্বি হয়ে হেলান দিয়ে শুয়ে আছেন। পরনে বাদামী ফতুয়া, সাদা লুঙ্গি। চোখে পাওয়ারি চশমা ঠেসা। গাম্ভীর্য এঁটে রয়েছে দীপ্ত মুখটাতে। বুকে ঠেকানো বোখারী শরীফ, দুহাতে ধরে মনযোগের সহিত চোখ বুলাচ্ছেন। বিশাল পুস্তকটির প্রায় মুখস্ত তার। সময় সুযোগ পেলেই হাদিসের তর্জমা পড়েন তিনি। পড়তে পড়তে এখন নখদর্পণে তা। পুস্তক বন্ধ করে বুকের উপরে রেখে নিজের ছোট কন্যার পানে চাইলেন। মার্জিত ভঙ্গিতে দাঁড়ানো এই কন্যাটি তার বড় আদরের। বুবু, আপাদের দেখাদেখি মাথায় সর্বদা ওড়না পেঁচিয়ে রাখে। ভারী সুন্দর লাগে। মাথায় কাপড় দিলে পৃথিবীর সব নারীকেই বোধহয় সবচেয়ে শুদ্ধতম এবং স্নিগ্ধ লাগে। শাহাবুদ্দিন আলীর শেষ বয়সের নেয়ামত এই কন্যারত্নটি। শুধু তারই নয় শাহানাজ, শাহিদা, শারমিন, সেকান্দার তার বড় চার সন্তানের চোখের মণি আলেয়া। আলেয়া যেবার পেটে এলো আসমা বেগম সেবার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিছানা থেকে উঠতে পারতেন না, খেতে পারতেন না, শুধু বমির উপরেই কাটাতে হয়েছিল তাকে। সেসময় শাহানাজ, শাহিদা পালাক্রমে মায়ের সেবাযত্ন করেছে, ঘর সামলেছে। শাহিদার তখন নতুন বিয়ে। সেকান্দার কিশোর। আরেকটা ভাই, বোন আসার খুশিতে তাদের সেকি খুশি! মায়ের দুঃখ, যাতনাও যেন সেখানে ফিঁকে।
"আম্মাজান, ঘোরাঘুরি কেমুন হইল?"
"আল্লাহর রহমতে ভালা আব্বা।"
"মেলাবার তো বুবুগো বাড়িত ঘুরছেন। এইবার পড়ালেহায় মনোযোগ দেন। পরীক্ষায় পাশ আইব নি এইবার?"
এপর্যায়ে বালিকাটির মিনমিন স্বর শোনা গেল,
"আল্লাহয় দিলে.."
শাহাবুদ্দিন আলী চোখের চশমাটা খুলে হাতে নিলেন। সোজা হয়ে বসে বললেন,
"আল্লাহ তহনই দিবো যহন আপনে পড়বেন, চেষ্টা করবেন। না পইড়া, না পরিশ্রম কইরা আল্লাহ আপনেরে কী দিব? বুবু, ভাইজানগো লাহান কিন্তুক ভালা পাশ দিয়া বাইর হইতে হইব। আপনের ভাইজানে বিএ পাশ। হের কাছে বই নিয়া বইবেন। ঘরে এমুন শিক্ষিত ভাই থাকতে আপনের পাশ আইয়ে না ক্যামনে? হারাদিন টো টো কইরা ঘুরলে, খেললে জীবন চলব আম্মাজান? মনোযোগ দিয়া পড়েন। ফাঁকিবাজি চলতো না আলী বাড়িত।"
"জে আব্বা।"
"আপনের ভাবি কই?"
"ভাবিরে তো হোয়া দেখলাম।"
শাহাবুদ্দিন আলী উদ্বিগ্ন হলেন। চিন্তিত কণ্ঠে শুধালেন,
"এই অবেলায় হোয়া? অসুখ বিসুখ করে নাই তো?"
"না, আব্বা। এমনি বলে হুইয়া আছে।"
"আইচ্ছা যান, পড়তে বন গিয়া। বহুত ঘুরাঘুরি হইছে। ইশকুলে যাইবেন কাইলকা থেইকা।"
আলেয়া ঘাড় নাড়িয়ে সায় জানিয়ে বিদায় নিতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। ওড়নার কোনা কচলাতে কচলাতে জিজ্ঞেস করল,
"আব্বা, একখান কতা জিগামু?"
"জিগান।"
শাহাবুদ্দিন আলী ততক্ষণে আবার বইয়ের পাতায় ডুবে গেছেন। আলেয়া ঢোক গিললো একটা,
"আম্মার লগে কবে কতা কইবেন আব্বা?"
শাহাবুদ্দিন আলী বইয়ের দিকে তাকিয়েই উত্তর করলেন,
"যেদিন আপনের ভাইজান হের বউয়ের লগে কতা কইব।"
"আম্মা কষ্ট পাইতাছে আব্বা।"
"আম্মার হইয়া ওকালতি করতে আইছেন? আপনের আম্মার শাস্তি পাওনের দরকার আছে। সেকেন্দার তো মা বইলা কিছু কইবার পারেনা। কিন্তুক আমার তো বিবি লাগে। মহব্বত যেমুন করি তেমুন শাসন করার অধিকারও আছে। হারাদিন হাউকাউ না কইরা আল্লাহরে ডাকব, নাতি নাতকুর গো লগে খেলব তা না হাঁটুর বয়সী পোলার বউয়ের লগে কাইজ্জা বান্ধাইয়া ঘরে অশান্তি আনে। ছুডোমুডো গো খাইসলত।"
আব্বা রেগে যাচ্ছে ভেবে আলেয়া দ্রুত পগারপার হলো। বাড়িটা কেমন মরা মরা লাগে। এতদিন তো বুবুরা বাড়িতে ছিল, বুবুদের বাড়িতে গেছে ঘরটা ভরা ভরা লাগতো। এই বাড়িতে তো সবাই মৌনব্রতে বসেছে। সোবহানকে নিয়ে ভাইজান কোথায় কোথায় ঘোরে আল্লাহ জানেন! সে বাড়িতে এসেছে অথচ পুরো বাড়ি শুনশান নীরবতা। আম্মা পাশের বাড়ি, ভাবি শোয়া, আব্বা বই পড়েন আর সে একলা ছটফটাচ্ছে। আব্বা পড়তে বলেছেন কিন্তু এখন বই খুলতে ইচ্ছে করছে না। তার ছাগল ছানার কাছেই যাওয়া যাক।
____
"ভাইজান?" আলেয়ার ডাক।
সেকান্দার পূবপাড়া গিয়েছিল জমি দেখতে। বিশাল ধানি জমি সেখানে তাদের। শাহাবুদ্দিন আলী দেখে আসতে বলেছিলেন। ঝামেলা হয়েছিল জমি নিয়ে। বিচার, শালিস বসার মতো অবস্থা! শাহাবুদ্দিন আলী বিচক্ষণ মানুষ, গ্রামের মানুষের কূটকচালি ভালোই টের পেয়েছেন। তাই নিজের শিক্ষিত ছেলেকেই ঘটনা বুঝে আসতে পাঠিয়েছেন। সেকান্দারকে ঠকিয়ে পার পাওয়া যাবেনা। সেকান্দার ঠান্ডা মাথায় চাল চেলে এসেছে। শাহাবুদ্দিন আলীর কাছে খবরটা দেবে, তিনিই বাকি ব্যবস্থা নেবেন। নিজেদের জমির উপরে অন্যের মাতব্বরি, নিজের গু রেখে অন্যের গু ঘাঁটাঘাঁটি করার মতোই। বাড়িতে এসে ছোট বোনের ডাক শুনে পিছু ঘুরল। আলেয়া দৌড়ে এসে ভাইজানের কোমর আঁকড়ে ধরল। সোবহান বাবার কোলে। ফুপিকে দেখে হাত তালি দিয়ে লাফ মেরে উঠে ডাকল,
"ফুফুউউ.."
"জে।"
"আইছেন?"
"জে।"
"কুলে কুলে।"
আলেয়া হাত বাড়িয়ে ভাইপোকে কোলে নিতেই নুয়ে পড়ল। তার ওজনের তুলনায় সোবহান বেশ ভারী। কতদিন পরে ভাইপোকে পেয়ে চুমুতে চুমুতে গাল লাল করে দিল। সোবহান ফুপির গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ফেলে আদর খাচ্ছে। এই ফুপি তার বড্ড প্রিয়। কারণ তার বাঁদরামির সঙ্গী বলে কথা। এতদিন পরে আবার তার সঙ্গীকে পেয়ে উচ্ছ্বসিত সে। সেকান্দার ফুপি, ভাইপোকে দেখতে দেখতে শুধাল,
"কিরে কেমুন আছোস বুলবুলি?"
"আলহামদুলিল্লাহ্ ভালা ভাইজান।"
এগিয়ে এসে মাথায় একটা ঠোঁসা মারল সেকান্দার,
"ঘোরা কেমুন হইছে? তুই খালি বুবুগো বাড়িত চইলা যাস ক্যান? নিজের বাড়িত থাকবার মন চায়না?
আলেয়া মাথায় হাত বুলিয়ে ঠোঁট ফুলিয়ে ফেলল।
"ভাইজান বেদনা পাইছি।"
সেকান্দার ছোটবোনকে আগলে নিয়ে মাথায় হাত বুলালো। তার বড় আদরের আলেয়া। ছোট্ট শরীরের মালিকটি দিনদিন বড় হয়ে যাচ্ছে। সোবহান ফুপির কাঁধে মাথা ফেলে বাবা, ফুপির দিকে চেয়ে। আলেয়া দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে আছে ভাইপোকে। ভার আর সইতে না পেরে ভাইপোকে কোল থেকে নামিয়ে দিল। অল্পতেই হাঁপিয়ে উঠেছে বেচারি। সোবহান ফুপির পা আঁকড়ে দাঁড়িয়ে রইল।
"কী কবি ক ছুডো বান্দর। কোন আকাম ঘডাইয়া ভাইরে বোলাস?"
"এমনেই কতদিন পরে আপনেরে দেখছি। বোলামু না?" কোমরে দুহাত ঠেকিয়ে।
"হেইডা তো সুর দেইখা লাগল না।" সেকান্দারের সন্দেহবাতিক কণ্ঠ।
আলেয়া আর ভণিতা না করে আশপাশে ভালোভাবে দেখল আসমা বেগম আছে কিনা। ওড়নায় পেঁচানো একটা ভাঁজ করা কাগজ সেকান্দারের হাতে গুঁজে সোবহানের হাত মুঠ করে দৌড়ে পালালো। সোবহান গুলুমুলু শরীর নাড়িয়ে ছোট ফুপির সাথে তাল মিলিয়ে দৌড়ে যাচ্ছে। সেকান্দার অবাক হয়ে সেদিকে চেয়ে ভাজকৃত কাগজ খুলতেই বেরিয়ে এলো গোটা গোটা অক্ষরের লেখা। কপালে ভাঁজ পড়ল, চেনে এই লেখা সে। তার বোনটাকে আসতে না আসতেই হাত করেছে। দুই ভাবি, ননদ এক হলে আকাম করা হবেনা তা হবেনা। কী লিখেছে? সিনেমা দেখে এসব শিখেছে নিশ্চয়ই।
সোবহানের আব্বা,
সালাম নিয়েন। কেমুন আছেন জিগাইলাম না। ভালা যে আছেন প্রত্যেকদিন চক্ষুর সামনে দেখতেই পাই। আমি কেমন আছি জানতে চাইবেন না? আমার পোলা আমারে আম্মা ডাকেনা। আমার স্বামী আমারে মহব্বত করেনা। রাত্তিরবেলা বুকের যাতনায় ঘুমাইতে পারিনা। দম বন্ধ হইয়া যায়, কেউ নাই পাশে। আমি কেমন থাকবার পারি কন? মায়ের যন্ত্রণা বুঝেন? সোবহানরে দশমাস গর্বে রাখছি। ওরে মারছি, বিরাট দোষ করছি। হেইলিগা এতদিন শাস্তি? আপনের কি আমার লাইগা একটুও মায়া লাগেনা সোবহানের আব্বা? আমি মরলে আপনে খুশি হইবেন? এমন পাষাণ একটা মানুষ কেমনে হইতে পারে?"
ইতি
সোবহানের আম্মা (ছ্যানছ্যানানী)
(পরের পৃষ্ঠা উল্টাইবেন। পইড়াই মুছাড়াইয়া ফালায় দিবেন না। অনেক ভাইবা লিখছি।)
সেকান্দার অপর পৃষ্ঠা উল্টে দেখল লেখা-
"কোরআন ও হাদিসে আছে, কেউ মন থেইকা মাফ চাইলে তারে ক্ষমা কইরা দেয়া উচিত। মিছা কই নাই। আব্বারে জিগাইয়েন। আব্বায় আমারে কইছে। বিষয়টা বিবেচনা কইরেন।"
চিঠি ভাঁজ করে বুকপকেটে রাখল। চিঠি কেউ কথ্য ভাষায় লেখে? চিঠি লিখতে হয় সাধু কিংবা চলিত ভাষায়। এতে চিঠির একটা গাম্ভীর্য থাকে। চিঠিতে বেশ কয়েকটা বানান ভুলও চোখে পড়েছে। সবচেয়ে যেটা চোখে লেগেছে সেটা হলো গর্ভকে গর্ব লিখেছে। মাথামোটা, গর্দভ নারী। এই নারী নাকি মেট্রিক পাশ! নির্ঘাত ফাঁকিবাজি আর টুকলি করে পাশ করেছে। হামিদ সরদারের টাকা গচ্চা করেছে।
বিদ্যুৎ নেই। ঘরটিতে টিমটিমে হলদেটে আলো দৃশ্যমান। জানালার তাকে কুপি জ্বলছে। হামিদ হেলেনা পারভীনের ঘরে। বসে বসে মায়ের হাত, পা টিপছে। হেলেনা পারভীন চোখ বুজেই বললেন,
"বউরে মনে কইরা পানি পড়া খাওয়াইছ। ছেমড়িডায় দুইদিন পরে পরে একডা বিপদ ডাইকা আনে। একলা ঘরে এহন বুহে কাপন দেয়।"
"চিন্তা কইরেন না আম্মা, আল্লাহ ভরসা। এইসবে ভয় পাইয়া লাভ নাই। আমার চিন্তা মাইয়াডার লাইগা। একলা শিউলি আবার মাইয়ার উপ্রে আঘাত কইরা বয় কিনা।"
"ওরে বাইন্ধা থুইস হামিদ। রাত্তির বেলা কি না কি হয় কওন তো যায়না। রাত্তিরেই যত ভয়। হুজুর ডাহিস তো, কবিরাজ দিয়া কাম হয়না।"
"পানি পড়া তো মসজিদের ইমামেই দিছে। কী কী সূরা কেরাত পইড়া যেন ফুঁক দিয়া দিছেন। কইছেন অন্যরহম দেখলেই গায়ে পানি ছিডাইয়া দিতে আর তিনবেলা পড়া পানি খাওয়াইতে।"
"তাইলে হেইডাই কর। অহন রাত্তিরে এসব নিয়া কতা কইস না বাপ, তেনারা এইসময় চলাফেরা করেন। হুনলে ঘোর বিপদ। যা যাইয়া হইয়া পর। বউয়ের থেইকা মাইয়ারে আর নিজেরে সরাইয়া রাহিস। সাবধান থাহিস।"
হামিদ মায়ের কথায় সায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হেলেনা পারভীন উঠে দোর দিলেন। ইদানীং ভয়ে লোম খাড়া হয়ে যায়। বাড়িতে কোন অশুভ ছায়া পড়ল কে জানে? মাবুদ রক্ষা করো।
হামিদ ঘরে এসে দেখল শিউলি এক হাত মাথার নিচে রেখে চোখ বুজে আছে। ঘুমিয়ে পড়েছে নাকি? মেয়ে কাঁথায় মোড়ানো। দুহাত দুপাশে ছড়িয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। মেয়ের বুকের উপরে শিউলির হাত। হামিদ আলনা থেকে শিউলির দুটো ওড়না নিয়ে চৌকিতে বসল। বসতেই ডেবে গেল তা। চৌকির উপরে মাদুর বিছিয়ে তার উপর পাতলা তোষক পেতেছিল হামিদ। সেই থেকে চৌকি তাদের বিছানা। হামিদ মেয়ের দিকে একবার চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। হুজুর নামাজ ছাড়তে নিষেধ করে দিয়েছেন। বাড়িতে নাকি খারাপ নজর পড়েছে। সকাল-সন্ধ্যা সূরা ফালাক, নাস পড়ে মেয়ে ও মেয়ের মায়ের শরীরে ফুঁ দিতে বলেছেন। ঘুমের আগে অজু করে, সূরা ফাতিহা পড়ে, তিন ক্বুল পড়তে বলেছেন সর্বদা। তাই অজু করে এসেছে সে। শিউলিকেও অজু করে ঘুমাতে বলেছে। পাঁচ ওয়াক্ত নামাজ এখন মসজিদেই পড়ার চেষ্টা করে হামিদ। বিপদ যে কবে পিছু ছাড়বে? একটার পর একটা লেগেই আছে।
শিউলি ঘুমের ঘোরে টের পাচ্ছে তার পায়ে কেউ শক্ত করে গিঁট দিচ্ছে। চোখ খুলতেই দেখল হামিদ ওড়না দিয়ে তার দুহাত, দুপা বাঁধছে। দরফরিয়ে উঠে বসল।
"হামিদার বাপ আমার হাত, পাও বান্ধেন ক্যান? ছটফটিয়ে উঠে।
"অত রঙ্গ কইরা হামিদার বাপ বোলাইস না। মাগো, এহন দেহি সুর দিয়া কতা বাইরায়! তোরে বিশ্বাস নাই। জ্বরের মইধ্যে কামড়ানি খাইতে পারুম না। এমনেই হোতাইয়া থুইছোস, এহনো গা লড়াইতে পারিনা। শইলে বিষ। তোর পাশে হুই হেইডাই তো বিরাট কইলজা।" দাঁতে দাঁত চেপে।
"হারাদিন খালি খোঁচান ক্যান? কী করছি আমি?"
"চুম্মা দিছস, চুম্মার ডোজ নিতাম পারি নাই। ঘুমা, রাত্তির বেলা চিকরাবি না।"
"এডি কেমুন পাগলামি? মাইয়া জাইগা গেলে খাওয়ামু ক্যামনে?" শরীর মোচড়াতে মোচড়াতে।
হামিদের ভাবলেশহীন উত্তর,
"আমি খাওয়ামু।"
"আপনে ক্যামনে খাওয়াইবেন?" চোখ কপালে তুলে।
শিউলির অভিব্যক্তি দেখে হামিদ তৎক্ষণাৎ বলে উঠল,
"আরেহ তুই-ই খাওয়াইবি। আমি খালি জামার তলে মাইয়ারে হান্দায় দিমু।"
"ছিঃ! হাত খুলেন কইলাম!"
টান টান হয়ে শুয়ে মাথার পিছনে দুহাত গুঁজে,
"ছিঃ মারাইস না, ঘরেত্তে বাইর কইরা দেই নাই শোকর কর। ছিঃ কস ক্যান? সোয়ামি লাগি।"
"যাই লাগেন আপনের নজরে ভরসা নাই।"
"সোয়ামির নজরে ভরসা করতেও নাই।" উল্টো পাশ ফিরতে ফিরতে।
"মানেন তাইলে আপনের নজর যে ভালা না?"
"আমার নজর ভালা হইলে আইজকা মা হইতি না। সোয়ামিগো নজর মন্দ হওন ভালা।"
"মাগো, কি রঙ্গের কতা! খুলেন কইতাছি, নইলে কামুড় দিমু কইলাম।"
"তুই কামুড় দিলে আমি বুঝি বইয়া থাকমু? হামিদ সরদার অত হস্তা না। মাইরের বদলে মাইর, কামুড়ের বদলে কামুড়। আমি ধরলে কিন্তুক কোতাও বাদ রাখমু না।"
শিউলি ছটফটিয়ে উঠে চিৎকার করতে লাগল,
"খুলেন, খুলেন।"
"মুকও বান্ধা উচিত আছিল এইডার। উড়না দিয়া না বাইন্ধা গরু বান্ধা দড়িডা আইনা হাত, পাও বান্ধনের কাম আছিলো। মাইয়া জাইগা গেলে কইলাম তোর খবর করমু। পাশের ঘরে আম্মা ঘুমায়, রাত্তির বেলা তামশা জুইড়া দিছে।"
"আমার বান্ধন খুইলা দেন, পিশাব করমু।"
"হ তোরে খুইলা দেই আর তুই একডা কান্দে লইয়া ঘরে আছ। অত সোজা না চান্দু। চুপচাপ ঘুমা, তোর হাছাই মুত আইলে আমি খুইলা দিমু।"
"মুত আবার হাছা, মিছা হয়? আপনের গায়ে কইরা দিমু কইলাম হামিদার বাপ।"
হামিদ এপাশ ফিরে হাত ছড়িয়ে আহ্বান করল,
"আয় কর। বিহান কালে উইড্ডা মাইয়ার খেতার লগে তোর খেতা, জামা, আমার লুঙ্গি ধুবি। ব্যস কেচ্ছা শ্যাষ। আমার কি?"
শিউলি ত্যাছড়া গলায় প্রত্যুত্তর করল,
"আপনে ধুইবেন, আমি ধুমু ক্যান?"
"ক্যান, মুতমু কি আমি?" হামিদেরও পাল্টা প্রশ্ন।
"আটকাইয়া রাখছেন তো আপনেই। দুষডা কার?"
"অবশ্যই তোর, তোর খাইসলতের।"
"আপনে একডা অসইভ্য বেডা, আমার লগে কুনোদিন কতা কইবেন না।"
"কইলাম না। কতা না কইলে আমার কী হইব? তোর লগে কতা না কইলেও আমার পেডের ভাত হজম হইব।"
"আপনের লিগা ভাত রানমুই না। হজম হওন তো পরের কতা।"
হামিদ উঠে বসে শিউলির দিকে রাগী চাহনি নিক্ষেপ করতেই শিউলি মিইয়ে গেল। আজ একটু বেশিই ফড়ফড় করে ফেলেছে। হামিদের রূঢ় কণ্ঠ শোনা গেল,
"ঘেডি ধইরা বাইর করমু কইলাম শিউলি। ঘুমাইবার দে। বিহান বেলায় উডতে হইব। মেলা কাম আমার। গরুরে খাওয়ানি, নাওয়ানি, নিজের তৈয়ার হইয়া কামে যাওয়া। ব্যাবাক কাম। তোর তিড়িং বিড়িং ভাল্লাগতাছে না।"
"এমনে ঘুমান যায়? শইল নাড়াইবার পারতাছি না, কেমুন কেমুন লাগতাছে।" অসহায় কণ্ঠে।
হামিদ ভ্রু উঁচিয়ে জানতে চাইল,
"কেমুন লাগতাছে?"
"দম নিবার পারতাছি না।"
"ক্যান তোর বুহের উপ্রে বালিশ চাপা দিছি? হাত আর পাওই না খালি বানছি, তুই দম নিবার পারোস না ক্যান?"
"কইতে পারি না।
"কইতে না পারলে বান্ধা থাক। আরেকবার চিক দিলে মুকও বানমু। চিকরানি বাইরাইয়া যাইব।"
"হামিদার বাপ, খুইল্লা দেন না। আপনেরে কাইলকা চাপটি বানাইয়া খাওয়ামু।"
"তোর চাপটির লোভ করতে যাইয়া কামুড় খামু? অত শখ নাই।"
বলেই মেয়েকে শিউলির পাশ থেকে নিয়ে নিজের পাশে আনল। হামিদা ঘুমের মধ্যে স্থান পরিবর্তন হওয়ায় নড়ে উঠল। হামিদ বুকের উপর হাত ওঠানামা করে মেয়েকে আবার ঘুম পাড়ালো। মাঝে খানিক ফাঁকা রেখে শিউলির থেকে দুরত্ব রেখে শুলো। তা দেখে শিউলি আবারও চিৎকার দিতে নিলে হামিদ নির্লিপ্ত গলায় জানালো,
"চিক দিবি না। তোরে বিশ্বাস নাই। দেহা গেলো রাইতে শইলে বিষ উডলো। আমারে কামুড় দিতে গিয়া মাইয়ারে কামুড় দিয়া বইলি। হেইলিগা দিলে আমারেই দিস, মাইয়ার উপ্রে যেন না পড়ে হেইডার ব্যবস্থা করলাম। সবচেয়ে ভালা হইতো তোরে মাডিত নামাইয়া দিলে। কিন্তুক আমার দিলডা আবার নরম তো হেইলিগা নামাইলাম না।"
শিউলি বসে বসে ফোঁস ফোঁস করতে লাগল। হামিদ মেয়েকে আগলে ঘুম ঘুম কণ্ঠে বলল,
"কানের কাছে হাপের লাহান ফুঁস ফুঁস করবি না। আরেকবার ফুঁস ফুঁস হুনলে উইড্ডা মুক বানমু, কুনো আওয়াজ আর বাইরাইব না। ঘুমা।"
রাতে হামিদ ঘুমের ঘোরে অনুভব করেছিল দুটো দাঁতের দংশন। স্বপ্নে দেখছে, একটা বিষধর সাপ তার ঘাড়ে দংশন করছে। বাস্তব ও কল্পনা মিলেমিশে কে কামড়েছে সেটা ধোঁয়াশাই থেকে গেল তার কাছে।
চলবে....
(আসসালামু আলাইকুম।)
