#শিউলি_ফুল
#পর্ব_১৮
#তাজরীন_ফাতিহা
রক্তিম বিষণ্ন চোখ, ভেঙে যাওয়া গণ্ডদেশ, চোখের নিচে কালি। মুখে রা নেই আজ সপ্তাহখানেক। স্বামী, সন্তানের সাথে অঘোষিত বিচ্ছেদ ঘটেছে তার। শ্বশুর ব্যতীত বাড়ির অন্য সদস্যরা এড়িয়ে চলছে তাকে। ননাসরা পরশুই চলে গেছে নিজেদের বাড়ি। মনক্ষুন্ন হয়েই যে গেছে তা বলার অপেক্ষা রাখেনা। হালিমা রসুইঘরের দাওয়ায় বসে উদাস দৃষ্টি মেলে সম্মুখে চেয়ে। সেকান্দার ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিল। সাইলকেলের বেলের আওয়াজ পাচ্ছে সে। নিশ্চয়ই চলে এসেছে বাপ, বেটা? হালিমা উন্মুখ হয়ে ফটকের পানে চেয়ে। ঐতো গম্ভীর সেকান্দার আলীর লোহার দুপেয়ে বাহনটা ঢুকল। সাইকেলের সামনে ছোট্ট সেকান্দার বসা। বাবার বুকের সঙ্গে বুক লাগিয়ে জড়িয়ে ধরে আছে। চোখে কালো রোদচশমা। ছোট্ট কব্জিতে কালো চামড়ার সরু ফিতার হাতঘড়ি, পরনে আকাশি রঙের শার্ট। যা ঢিলেঢালা প্যান্টের ভেতর গুঁজে রাখা, কোমরে চিকন বেল্ট। হালিমার চোখে এক মুহূর্তের মাঝে বিভ্রান্তি খেলে গেল। নিজের যক্ষের ধনকে কোনো শহুরে বাবু থেকে কম মনে হলো না তার।
মন প্রাণ জুড়িয়ে নিজের নাড়ি ছেঁড়া ধনকে দেখছে হালিমা। ইশ বিগত কয়েকদিন কত যন্ত্রণা সহ্য করেছে তার মানিক! জ্বর এসে গিয়েছিল মারের তীব্রতায়। ব্যথায় শরীর ফুলে নীল হয়ে গিয়েছিল, যন্ত্রণায় কাতরেছে বাচ্চাটা। দাঁতে দাঁত লেগে থরথর করে কাঁপছিল তার সোবহান। ছেলেকে নিয়ে সদর হাসপাতালে ছুটেছিল সেকান্দার। সিরাপ, স্যালাইন খাইয়ে রাত জেগে জলপট্টি দিতে হয়েছে। নিয়ম করে ব্যথা স্থানে মলম লাগিয়ে সুস্থ করে তুলেছে সেকান্দার। হালিমা কত কাঁদল বুকের মানিককে দেখার আশায় কিন্তু লোকটা শোনেনি তার কান্না। দোর আটকে তার সাজা বাড়িয়েছে। মুখের উপর বলেছে, যে ক্ষত করেছে তার প্রলেপ দেয়া সাজেনা। জুতো মেরে গরু দান আর কত? হালিমা বুক পোড়া দগ্ধ অনুভূতি টের পায়। সেকান্দার আলী সেদিনের পরেই ঘর আলাদা করে ছেলেকে নিয়ে আরেক ঘরে উঠেছে। তার সঙ্গে কোনো আলাপ করেনি ঐ ঘটনার পর থেকে। এমনকি তাকে দেখলেও মুখ ঘুরিয়ে এড়িয়ে গেছে।
সোবহান তো মাকে দেখলেই ভয়ে মূর্ছা যায়। বাবা, দাদি কিংবা দাদার পিছনে গুটিয়ে ফেলে নিজেকে, কথা থামিয়ে লুকিয়ে পড়ে। হালিমার বুকে জ্বলন হয়, কি অমানুষ সে! সন্তান মাকে ভয় পায়, ভয় পেয়ে লুকিয়ে পড়ে পাটাতনে কিংবা বেড়ার আড়ালে এমন বিশ্রী কথা পৃথিবীতে দুটো আছে? কতদিন সন্তানের মুখ থেকে আম্মা ডাক শোনেনা! সেকান্দার আলীও তার চঞ্চলতা দেখে "ছ্যানছ্যানানী" কিংবা চোখের প্রশংসা করে "হরিণী" ডাকেনা। আহ্ বুকের জ্বলন বাড়ছে সমানুপাতিক হারে। লোকটা কথা না বলে, না মেরে তাকে এত যন্ত্রণাময় শাস্তি দিচ্ছে!
চশমাটা তুলনামূলক বড় সোবহানের। চোখ থেকে খুলে পড়বে যেন। বাচ্চাটা তা ঠেলে উপরে তুলে দিচ্ছে বারবার। থেকে থেকে মুখ কুঁচকে বিরক্তি জানান দিচ্ছে সোবহান। বাপের অনুরূপ তার মেজাজ। মায়ের সঙ্গে নাহলে এতদিন কথা ছাড়া থাকতে পারে? বড্ড অভিমান তার। কীভাবে তাকে লাল বানানো হয়েছিল সব মনে আছে। কত কষ্ট পেয়েছে সে! তাকে লাল বানানোর অপরাধে বাবা এখনো মাকে লাল বানায়নি। মা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা তার সঙ্গে বেইনসাফি। চশমা আবারও নাকের ডগায় চলে আসতেই সোবহান ঠোঁট উল্টে বিরক্তি প্রকাশ করল,
"উফফু খুইনা খুইনা যায়।"
সেকান্দার ছেলের কথার জবাব দিল,
"তোর বলে এইডাই লাগব, এইডা ছাইড়া আর কুনোডা নিতিনা। এহন খুইলা পড়ে ক্যান? কইছিলাম বাপে যেইডা পছন কইরা দেই হেইডা নে কিন্তুক তুই তো ঘাউড়া পোলা। হইছস তো মায়ের লাহান, যা কমু হারাজীবন হের উল্ডা দৌড়ানি খাইসলত। তোর ভিত্রে তো হেই খাইসলত আইবোই।"
বকা খেয়ে ঠোঁট উল্টে গাল ফুলিয়ে ফেলল সোবহান। কচি চোখজোড়া মুহূর্তের মাঝে ভরে উঠল অশ্রুতে। সেকান্দার সাবধান করে বলল,
"কানবি না কইলাম। মায়ের লাহান কিছু কওন যায়না, চক্ষু ভইরা যায়। কতকিছু কিইন্না দিছি কানলে কইলাম খবর আছে।"
সোবহান কান্না গিলে ফেলল। চোখে মুখে প্রফুল্লতা ফিরে এলো। বাবা তাকে লাটিম, ঘুড়ি আর ব্যাটারি চালিত একটা গাড়ি কিনে দিয়েছে। খেলনা পেয়ে সোবহানের খুশির অন্ত নেই যেন। জ্বরের কারণে শরীর ভেঙে গেছে বাচ্চাটার। কয়েকদিনের ধকলে বেশ পাতলা হয়ে গেছে নাদুসনুদুস নাজুক শরীরটা। কোমর থেকে প্যান্ট খুলে পড়ে যাবে যেন। সেকান্দার ছেলেকে সাইকেল থেকে নামিয়ে সাইকেলে ঝুলিয়ে রাখা ছেলের খেলনা, চিপস, লজেন্স হাতে ধরিয়ে দিল। সোবহান দুহাতে বুকের সঙ্গে আঁকড়ে ধরল সেগুলো। উচ্ছ্বসিত হলো মুখশ্রী,
"আব্বা আমাল সবগুলা।"
"জে আপনের সবগুলা। এগুলান লইয়া ঘরে যান, আব্বা আইতাছি।"
সোবাহান সেগুলো কোনোরকম বুকের সঙ্গে আঁকড়ে এগিয়ে চলল ঘরের দিকে। প্যান্ট খুলে নেমে যাচ্ছে নিচে। সেকান্দার সাইকেল ঠেলে মেহেগুনি গাছের সঙ্গে ঠেকিয়ে রাখতে রাখতে ছেলেকে খেয়াল করতেই ডাক দিল,
"ওই শাহাবুদ্দিন আলীর নাতি, প্যান্ট খুইলা যাইতাছে। বেল্টেও দেহি কাম হয়না তোর। সন্টু মন্টু সব দেইখা হালামু তো।"
সোবহান লজ্জা পেয়ে হাতের জিনিসগুলো ফেলে দিয়ে প্যান্ট আঁকড়ে ধরল। বিপদসীমার নিচে প্যান্ট নেমে এসেছিল। ছোট বলে কি তার লজ্জা নেই? সেকান্দার হো হো করে হাসল। সাইকেল ঠেকিয়ে এগিয়ে এলো ছেলের নিকট। জিনিসপত্র সব উঠিয়ে এক হাতে নিয়ে ছেলেকে কাঁধে উঠিয়ে নিল। সোবহান কাঁধের দুপাশে দু'পা ছড়িয়ে বাবার গলা আঁকড়ে ধরল। সেকান্দারের পরনের চেক শার্টটা কুঁচকে আছে। বাজারে পা রাখার জায়গা ছিল না, যেই ভিড়। হাটবাজারের দিন, পা ফেলার জায়গা থাকেনা। মানুষের ঘেঁষাঘেঁষিতে শার্ট দুমড়ে মুছড়ে গেছে। ঘেমে উঠেছে পিঠ। শার্টের দিকে একবার চেয়ে এগিয়ে চলল ঘরের উদ্দেশ্যে। সেকান্দার যেতে যেতে হাঁক ছাড়ে,
"আম্মা ভাত বাইড়া রাহেন। বাপ, পোলা নাইয়া খাইতে বমু।"
তারা প্রস্থান করল ঠিকই তবুও একজোড়া চোখ আগের ন্যায় স্থির। তার শাশুড়ি গেছে পাশের বাড়ি। খাবার চাইল? হালিমা চটপট চাটাই বিছিয়ে ভাত, তরকারি বাড়ল। লোকটা আসার আগেই প্রস্থান করতে হবে নাহলে এই খানা আজ মুখেও তুলবে না সেকান্দার আলী। কিছু বলবে না ঠিকই তবে তাকে দেখেই উঠে যাবে। সোবহান তো মাকে ভয় পায় সেও বাবার পিছন পিছন উঠে যাবে। হালিমা চায়না তার কারণে স্বামী, সন্তান না খেয়ে উঠে যাক। তাই সব গুছিয়ে নিভৃতে আড়ালে চলে গেল। আজ সাতদিন পরে স্বামী, সন্তানের ভাত বাড়তে গিয়ে হালিমার চোখ বেয়ে টপটপ করে অশ্রু ঝরছিল। নিজের দোষে সব খুইয়েছে সে। সেকান্দার আলীর পাথুরে হৃদয় কবে গলবে? নাকি চিরদিনের জন্য কথা বন্ধ করেছে?
___
পুকুর ঘেঁষে প্রকাণ্ড এক কাঁঠাল গাছ নুয়ে আছে। পানিতে কাঁঠাল পাতার ছায়া দৃশ্যমান। শৈশবে এই গাছে বেয়ে উঠে পুকুরে লাফ দিতো সেকান্দার ও তার বোনেরা। তাদের শৈশবের স্মৃতিবিজড়িত সাক্ষী এই পুকুর ও প্রকাণ্ড গাছটি। গোসল করতে পুকুরে নেমেছে দুই বাপ, বেটা। সোবহান মনযোগের সহিত পানি হাতাচ্ছে ঘাটের শেষ সিঁড়িতে বসে। সেকান্দার ছেলেকে মগ দিয়ে গোসল করিয়ে সিঁড়িতে দাড় করিয়ে রেখে নিজে পুকুরে ঝপাৎ করে লাফিয়ে পড়ল। ডুব দিয়ে দিয়ে সাঁতরে এপার ওপার গেল। সোবহান পানিতে বাবাকে এভাবে ভেসে বেড়াতে দেখে চিল্লিয়ে উঠল,
"আব্বা, আমি হাতরামু।"
সেকান্দার উল্টো ভেসে সাঁতরাতে সাঁতরাতে বলল,
"তুই হাতরাবি ক্যামনে? হাতার পারোস তুই?"
সোবহান সিঁড়িতে ঠ্যাং ছড়িয়ে বসে চিক্কুর দিল,
"না, না আমারে নেন।"
"কি জ্বালা! ঘাউড়াডা শান্তি দিল না। অসুক বান্ধাবি।"
"না বান্ধামু না। নাইমা গেছি, আইয়েন আব্বা।"
সোবহান সিঁড়ি ভরা পানিতে নেমে এসেছে। ছেলেকে নেমে যেতে দেখে সেকান্দার আঁতকে উঠে সাঁতরে ঘাটে এলো। বিচ্ছুর কারবার দেখেছ! জেদে দেখিয়ে পানিতে নেমে যেতে নিয়েছিল। সেকান্দার এসে সোবহানের কান মলে দিল,
"ওই পুংডা, তোর কইলজাডা এত বড় ক্যান? তুই হাতার পারোস যে পুসকুনিতে নামতাছস?"
সোবহান বিপরীতে কিছু বলল না, খিকখিক করে হাসল শুধু। সেকান্দার ধরে পুকুরে নামালো। ছেলের বুকের নিচে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল,
"হাতরা, হাত পাও লাড়া।"
সোবহান বাবার দুহাতে ভর দিয়ে হাত-পা ছড়িয়ে দাপাচ্ছে। তার দাপাদাপিতে পানি ছিটকে সেকান্দারের মুখে এসে লাগছে। তবে সে বাধা দিল না কোনো। ছেলে আরেকটু বড় হলে সাঁতার শেখাবে ভেবে রেখেছে। এখন যেহেতু সাঁতরাতে চাইছে বাধা দেয়া অনুচিত। পিতা পুত্রের সাঁতরানোর মাঝেই গগন কাঁপিয়ে বারিধারা নেমে এলো। পুকুর ও বৃষ্টির পানি মিলেমিশে তরঙ্গিত হচ্ছে। পানিতে টুপটাপ শব্দ তুলে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ছে বৃষ্টির ধারা। যা পুকুরের বুকে আছড়ে পড়ে ক্ষণিকের জন্য মৃদু ঢেউ তুলছে। পাতায় ঝুপঝাপ ধ্বনি তুলে ঝরে পড়ছে বিন্দু বিন্দু কণা। পাতার আগা বেয়ে গড়িয়ে পড়া ফোঁটাগুলো চারপাশে বৃষ্টির একটানা মর্মর ধ্বনি সৃষ্টি করেছে। ব্যাঙের 'ঘ্যাঙোর ঘ্যাঙোর' ডাক ভেসে আসছে। পিতা পুত্রের ন্যায় তারাও সাঁতার কাটতে নেমেছে বোধহয়। বৃষ্টির ফোঁটা গায়ে পড়ায় সোবহান আনন্দে চিৎকার করে উঠেছে। সেকান্দার ছেলেকে পিঠে উঠিয়ে পুরো পুকুর ঘোরালো। বৃষ্টি গায়ে মেখে পুকুর দাপাতে ভালোই লাগছে তাদের। বাপ, বেটার উচ্ছ্বসিত আওয়াজ ও খিলখিল করা হাসি ছড়িয়ে পড়েছে আলী বাড়ির আনাচে কানাচে।
গোসল সেরে দস্তরখানায় খেতে বসেছে পিতা, পুত্র। সেকান্দার থালায় ঢাকা ভাত, তরকারি দেখে আশেপাশে আসমা বেগমকে খুঁজল। ঢাকনা খুলে দেখল পাতে দেয়া নিজেদের খেতের হেলেঞ্চা শাক ভাজি, ধুন্দুল ভাজি, আলু পটল দিয়ে টেংরা মাছের ঝোল। পাশে ঝাঁপি দিয়ে ঢাকা হাঁস ভুনা। সবই তার পছন্দের। আম্মাকে না দেখে ভাবল কোথাও গেছে বোধহয়। বেশি না ঘেঁটে লোকমা মুখে তুলল। মুখে দিয়েই বুঝল তরকারি কে রেঁধেছে। তার আম্মার রান্নার স্বাদ অতুলনীয়। হালিমা রান্নায় তেমন পটু না হলেও সেকান্দার কখনো রান্নার খুঁত ধরেনি। একদিন বেশ ভালো রাঁধে, আরেকদিন নুন কম হয় নয়তো আরেকদিন ঝাল বেশি হয়। ছেলের মুখে লোকমা তুলে দিতেই সোবহান খেল অল্প। না খাওয়ার জন্য মাথা নাড়াল বারংবার। বাচ্চাটা খাবার খেতে গেলেই প্রচুর গাইগুই করে না খাওয়ার জন্য। হালিমা এমনি এমনি বেত নেয়? খাওয়ার সময় হাড় মাংস কয়লা করে ছাড়ে। কয়দিন তো জ্বরে, ব্যথায় স্যালাইন আর জাউ খেয়ে কাটিয়েছে। সেকান্দারের সেই জাউ খাওয়াতে কত কসরত করতে হয়েছে! তবে আজ সেকান্দার আলী কায়দা করে খাইয়েছে। কোনো বকাবাদ্য ছাড়া ছোট লোকমা করে গল্প বলে বলে খাইয়ে দিয়েছে।
বাঁশের মাচাজুড়ে শসার লতা ছড়িয়ে আছে, তার ফাঁকে ফাঁকে ঝুলছে লম্বাটে সবুজ শসা। শিউলি মাচা থেকে শসা ছিঁড়ে ঝুলিতে নিচ্ছে। শসা দিয়ে মাছের ঝোল রাঁধবে আজ। মেয়ে ঘুমিয়ে আছে। মেয়ের বাপ সকাল সকাল গায়ে জ্বর নিয়ে দোকানে গেছে। গত তিনদিন ধরে গায়ে জ্বর। আজ যেন একটু বেশিই। শিউলি কয়েকবার নিষেধ করেছে আজ কোথাও যেতে। লোকটা শোনেনি। জমিতে যায়না আজ দুদিন হয়। জ্বর নিয়েই দোকানে গেছে, বসে থাকলে আহার জুটবে না। দোকানে বসলে কটা রোজগার হবে। তাই শত খারাপ লাগার মাঝেও কাঁপতে কাঁপতে বেরিয়ে গেছে দুর্বল শরীরে। শিউলি খেয়াল করেছে, লোকটার কান, মুখ ফুলে উঠেছে। ঠোঁট ফুলে রক্তজমাট মসৃণ চামড়া। থেঁতলে গেছে যেন। দুদিন আগে হামিদ তাকে তাবিজ এনে দিয়েছে। দেয়ার সময় বলেছে, সবসময় হাতের বাজুতে যেন তাবিজ বেঁধে রাখে। শিউলি কতবার জানতে চাইল আবার তাবিজ কেন? একটা তো বাঁধা আছেই। হামিদ জবাব দেয়নি উপেক্ষা করে গেছে। শিউলি আর প্রশ্ন করেনি, লোকটা নিশ্চয়ই তার ভালোর জন্যই এনেছে।
চিন্তায় অস্থির শিউলি। চেহারায় দুশ্চিন্তার ছাপ। লোকটা অসুস্থ শরীর নিয়ে বেরোলো, আল্লাহ না করুন কিছু যেন না হয়। সহিসালামতে বাড়ি ফিরুক। ত্যাড়ামো লোকটার রন্ধ্রে রন্ধ্রে। শিউলির একটা কথা যদি শোনে! ইদানীং মাথাটা বেশ ভার হয়ে থাকে তার। যেন মগজ কেউ খাবলাচ্ছে। শিউলি অনেকক্ষণ মাথা ওঠাতে পারেনা ব্যথায়। ঝিনঝিন করে মাথার ভেতর। একনাগাড়ে কান বন্ধ হয়ে থাকে, দুঃস্বপ্ন দেখে। এতসব উপসর্গ আবার দেখা দিয়েছে কেন কে জানে? আল্লাহ্ গরিবদের কেবল অসুস্থতা দিয়েই রাখেন। সবই রবের খেল। হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ নিহিত আছে। শিউলি দীর্ঘশ্বাস ফেললো একটা। হামিদা ঘুমিয়ে আছে এই ফাঁকে ঘরের সব কাজ সেরে নেবে ভাবল। মেয়েটা ঘুমিয়ে থাকলে কাজ করতে সুবিধা তার। ঝটপট সব গুছিয়ে রান্না করতে বসবে।
ওবাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। জামশেদের চিৎকার শোনা যাচ্ছে। জামশেদের বউ মরিয়ম, মাগো বলে চেঁচিয়ে উঠল। শিউলির বুকটায় কাঁপুনি টের পেলো। আবার বউয়ের গায়ে হাত তুলছে জামশেদ কাপুরুষটা? প্রায়শই তোলে। বাচ্চাগুলো মাকে মার খেতে দেখে কাঁদছে। বাবাকে মারতে নিষেধ করছে শিউলি স্পষ্ট শুনতে পাচ্ছে। তবে কাপুরুষটা শুনলে তো? নিজের পুরুষত্ব জাহির করতে হবে না? এই কাপুরুষগুলোর পুরুষত্ব কেবল বউকে গালাগাল করা আর পেটানোর সময় প্রকাশ পায়। সন্তানের সামনে মাকে পেটাচ্ছে বাপ এর থেকে জঘন্য দৃশ্য আর কি হতে পারে? তার অসহায় লাগে এসব দেখলে, বুক কামড়ে ধরে মরিয়মের জন্য। পিতামাতা কি পরের বাড়ি পাঠায় মার খাওয়ার জন্য? যাওয়ার জায়গা নেই, এখানেই মাটি কামড়ে আমৃত্যু পড়ে থাকতে হয়।
চিৎকার বাড়ছে, শিউলি পারছে না যেতে। সেখানে গেলে বিশ্রী বিশ্রী গালির সম্মুখীন হতে হবে। কাউকে পরোয়া করেনা জামশেদ। যেই থামাতে যায় তাকেই গালি দিয়ে বসে আর বলে তার বউ সে যা ইচ্ছে করবে তারা বাধা দেয়ার কে? বাধা দিতে এলে তাদের গায়েও হাত উঠে যাবে। শিউলি মারামারি একদমই দেখতে পারেনা। কেউ ঝগড়া করলে কান চেপে ধরে। হামিদ থাকলে অবশ্য চিন্তা ছিল না। লোকটা গেলে জামশেদ এমনিতেই থেমে যায়। মরিয়মকে একবার পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলেছিল সেসময় হামিদ গিয়ে এমন চড় মেরেছিল দাঁতের মাড়ি থেকে রক্ত ছিটকে বেরিয়ে এসেছিল। চাপা নড়ে গিয়েছিল সেবার। সেই ভয়ে জামশেদ আজও হামিদকে সমীহ করে।
মরিয়ম মার খাওয়া থেকে বাঁচতে দৌড়ে শিউলিদের বাড়িতে উঠেছে। এসেই শিউলিকে দেখে কাঁদতে কাঁদতে জানতে চাইল,
"ভাবি, হামিদ ভাইয়ে কই? হেরে ডাক দেন। আমারে মাইরা হালাইব জয়নবের বাপে। আমারে বাঁছান।"
শিউলি কুলোয় করে চাল ঝাড়ছিল। মরিয়মের কান্নায় বুক খামচে ধরল তার। মুখ, ঠোঁট কেটে গেছে। ফুলে রক্ত জমাট বেঁধে আছে। মুখশ্রীতে মারের কি অমানুষিক চিহ্ন! হামিদ ঘরে নেই। এই প্রথম বেশ অসহায় লাগল শিউলির। হেলেনা পারভীন ঘর থেকে বেরিয়ে এসে বললেন,
"জামশেদ ক্ষেপছে ক্যান বউ?"
"ভাত পুড়াইয়া হালাইছি হেইলিগা।"
ঢুকরে কেঁদে উঠতে না উঠতেই জামশেদ লাঠি নিয়ে তেড়ে এসে চুলির মুঠি চেপে ধরে গালিগালাজ করল,
"মাবাচ্ছা, খামা!! তোর পোড়া ভাত তোর হে মইধ্যে ভরমু আইজ। এই বাড়িত আইছস ক্যান? তোর লাং আছে এই বাড়িত? হামিদ ভাইরে টোকাস ক্যান? ভাতার লাগে তোর? হাঙ্গা বইবি হের কাছে? হেয় আমার চ্যা** করব!"
কি বিশ্রী বিশ্রী জঘন্য কথা! শিউলির কানে একেকটা কথা বিষের মতো ঢুকল। কানের পাশে কয়েক হাজার বোলতা হুল ফুটিয়ে গেল যেন। মুখ দিয়ে বেরিয়ে এসেছে আস্তাগফিরুল্লাহ! লাঠির আঘাত পড়ছে উঠোনে ফেলা মরিয়মের গায়ে। মরিয়ম আকাশ পাতাল কাপিয়ে চিৎকার করছে,
"আল্লাহর দোহাই লাগে খারাপ কতা কইয়েন না। হামিদ ভাইয়ে আমার ভাইয়ের লাহান। আপনের জবানে লাগাম টানেন। ভাবি খাড়াইয়া রইছে।"
"বে তোর ভাবির গুষ্ঠি কিলাই। হামিদ ভাই তোর পিছন দিয়া ভইরা দিমু! আবার সুর দিয়া কস? তোর মায়ের পেডের ভাই? আমারে তোর ধ*ইঞ্চা মনে হয়? অন্য বেডার প্রতি তোর পিরিত বুঝিনা আমি মনে করছস? তোর পিরিতের বেডা এক ল্যাংড়ার বাপ। হেরপরেও তোর পিরিত কমেনা? হেইলিগা আইছস লাঙ্গের লগে হুইয়া ল্যাংড়া পয়দা করতে? তোরে তালাক দিমু মা।
শিউলি এধরনের বিশ্রী কথা আর শুনতে পারছে না। ইতোমধ্যে কানে দুহাত চেপে ধরেছে। জামশেদ নেশাপানি করে এসেছে। টকটকে চোখ দেখেই শিউলি বুঝেছে। রাতভর এসব গিলে বাড়ি ফিরে বউয়ের উপরে চড়াও হয়েছে কাপুরুষটা। নাহলে হামিদের নামে এধরনের জঘন্য কথা বলার সাহস এর জীবনেও হতো না। এত সাহস দেখাতে পারছে শুধু নেশার বদৌলতে। কান আরও ঠেসে চেপে ধরল শিউলি। এসব বিশ্রী কথা শোনার মতো না। হেলেনা পারভীন চেঁচিয়ে বললেন,
"এই পিশাচের বাচ্চা তুই আমার বাড়িত্তে বাইরা। আমার বাড়িত খাড়াইয়া তুই আমার পোলা, নাতনির নামে বিচ্ছিরি কতা কস! তোর জবান টাইনা ছিঁইড়া হালামু নালায়েকের বাচ্ছা। দাও লওয়ার আগে বাইরা কইলাম।"
জামশেদ ফিরতি জবাব দিল থুতু ফেলে,
"তোর বাড়ি তোর হে মইধ্যে ভইরা রাখ বুড়ি। তোর বাড়িরে চু*"
বলেই চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে মরিয়মকে নিয়ে যেতে লাগল। হেলেনা পারভীন স্তব্ধ হয়ে গেলেন এমন জঘন্য কথা শুনে। বুকে হাত দিয়ে রোয়াকে বসে পড়লেন। শিউলি ঘাড় বেঁকিয়ে আচমকা উচ্চশব্দে ডেকে উঠল,
"জামশেইদ্দা...."
"কোন মা*** বোলায় রে?"
ব্যস বলতে দেরি শিউলির দৌড়ে এসে লাথি মেরে ফেলতে একটুও সময় লাগেনি। সরাসরি শিরদাঁড়া বরাবর লাথিটা মেরেছে। জামশেদ একদম মুখ থুবড়ে মাটিতে গড়িয়ে পড়েছে। লাঠি কেড়ে নিয়ে পিঠের উপর পাড়া দিয়ে শিউলি বলল,
"কী কইছস আবার ক? তোর কইলজা কত বড় হইছে আইজ দেখমু। মাফ চা আম্মার কাছে! পাও ধইরা মাফ চাইবি।"
জামশেদ একটা নারীর হাতে মার খাচ্ছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ফের ঘুরে শিউলির পা ঝাড়া মেরে ঔদ্ধত্য দেখিয়ে লাঠি চেপে ধরল,
"তোরে টুকরা টুকরা কইরা হালামু মা* বাচ্ছা। তোরে ডরাই আমি? ঐ মারে তালাক দিমু আইজ, ওয় আমারে বেডি দিয়া মাইর খাওয়ায়।"
শিউলি চাহনি ভয়ংকর হয়ে উঠল। চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠেছে মুহূর্তেই। আগ্রাসী দৃষ্টি নিক্ষেপ করে উন্মাদের মতো হেসে উঠল,
"ভয় পাস না? আইজ জন্মের মতো পাবি।"
বলেই লাঠি দিয়ে কুকুরের মতো পেটাতে লাগল জামশেদকে। কোনো থামাথামি নেই তার। এই মুহূর্তে যে কেউ দেখলে বলবে গায়ে অশরীরী ভর করেছে। এভাবে কোনো নারী পেটাতে পারেনা। কোনো নারীর এমন এক শক্তিশালী পুরুষ পিটিয়ে রক্তাক্ত করার ক্ষমতা নেই। হেলেনা পারভীন বসা থেকে দাঁড়িয়ে গেছেন শিউলির এমন রূপে। এমন রূপ জীবনেও দেখেনি সে। পেটাতে পেটাতে শিউলি উন্মাদের মতো বলে চলল,
"তোরে আইজকা জীবন্ত কবর দিমু। তোর কইলজা কত বড় তুই আমার বাড়িত আইয়া বেয়াদবিপনা, অসইভ্যপনা করোস!"
"আমি মাতবরের কাছে বিচার দিমু। হেয় তোরে সাজা দিবো।" কুঁকড়ে উঠে।
"তুই কস কারে? গলায় পাড়া মাইরা নল্লি ছিঁইড়া কুত্তারে খাওয়ামু। তোর বিচার করব কেডা হেইডা আগে ক? তোর লাঙ্গের ভয় দেহাস? ওইসব আমি শিউলি গুণী না। বিচার দিস না খালি, তোর নামে মামলা দিমু আমি। তার আগে তোর কইলজা টাইন্না বাইর করমু। কেমন লাগে পিডা খাইতে হেইডা ক? বউরে তো লুঙ্গি উচাইয়া পিডাস। তোরে এহন লুঙ্গি খুইলা পিডাই?"
জামশেদ উথাল পাথাল হয়ে গলাকাটা মুরগির ন্যায় চিল্লাচ্ছে। মার সহ্য করতে না পেরে মাফ চাইতে লাগল শিউলির কাছে, হেলেনা পারভীনের কাছে। মরিয়ম স্বামীকে মার খেতে দেখে নিজের ব্যথা ভুলে এগিয়ে এলো শিউলিকে থামাতে। শিউলির এরূপ সে নিজেও হজম করতে পারছে না। এ কোন শিউলি? সেই চুপচাপ, ভয়ে কুঁকড়ে যাওয়া শিউলি কি এই? মরিয়ম এগিয়ে এসে থামতে বলল কিন্তু শিউলি আজ দমবার পাত্রী নয়। ঠেলে সরিয়ে দিলো মরিয়মকে। মরিয়ম ছিটকে যেয়ে বেড়ার উপরে পড়ল। কপালে আঘাত পেলেও আবার এগিয়ে এলো,
"ভাবি হেরে ছাইড়া দেন, নেশা কইরা মুহে যা আইছে তা কইছে। নেশা করলে হের হুঁশ থাহে না। এমনে মারলে হেয় মইরা যাইব। আমার পোলাহানগুলা এতিম হইব। মাফ কইরা দেন ভাবি।"
"মাইর পড়লে নেশা এমনেই কাইডা যাইব। ওর সাহস কত আমার হাউড়ি, জামাই আর মাইয়ারে লইয়া বিচ্ছিরি কতা কয়। আইজ ওর কইলজা বাইর কইরা মাপ দিমু।"
লাঠির সপাৎ সপাৎ বারি পড়ছে পিঠে। শিউলি উন্মাদের ন্যায় আঘাত করছে তাগড়া খোলা পিঠে। লালচে জখম হচ্ছে পুরো পিঠজুড়ে। শিউলিকে কেউ থামাতে ভয় পাচ্ছে। কারণ ভয়ংকর লাগছে তাকে। যেকোনো মানুষের বুকে কাঁপন ধরিয়ে দেবে সেই দৃষ্টি। হেলেনা পারভীন খুঁটি ধরে স্তব্ধ হয়ে চেয়ে আছেন। মরিয়মের কান্নার গুনগুন আওয়াজ আসছে। জামশেদের মা, ভাই আর সন্তানরা দৌড়ে এসেছে জামশেদের চিৎকার শুনে। শিউলি হাত না থামিয়ে তেজি স্বরে চেঁচিয়ে উঠল,
"আর কবি তালাকের কতা হারামির বাচ্ছা? বউয়ের শইলে আর হাত দিবি কতায় কতায়? তোরে কাঁচা গিলমু আইজ।"
পুরুষালি চিৎকার বেড়ে গেল আঘাতের বিপরীতে। ব্যথায় জর্জরিত শরীর। উঠোনে শুয়ে কাতরাচ্ছে শরীরটি। প্রতিরোধ করতে চাইল তবে সে সুযোগ দেয়া হলো না। আরেকটা বারি পড়তেই হামিদের নিভু নিভু কণ্ঠ শোনা গেল,
"শিউলি..."
ডাক শুনতেই শিউলি থেমে গেল। ধীরে ধীরে পেছনে ঘুরে তাকাল। হামিদ দুর্বল চিত্তে চেয়ে। রুগ্ন মুখশ্রীটা যেন বলছে, থেমে যা। শিউলি ঘুরে জামশেদকে পেটাতে পেটাতে বলল,
"মাফ চা কু**বাচ্ছা।"
জামশেদ হুড়মুড় করে হামিদের পা জড়িয়ে ধরে হাতজোড় করল,
"ভাই, মাফ কইরা দেন। আপনের নামে বিচ্ছিরি কতা কইছি, আপনের মাইয়ার নামে বিচ্ছিরি কতা কইছি। মাফ কইরা দেন ভাই।"
হামিদ জবাব না দিয়ে ঘর থেকে আনা পানি পড়া ছিটিয়ে দিতেই শিউলি মাথা ঘুরিয়ে ধপ করে উঠোনে পড়ে গেল। স্ত্রীকে নিজ বাহুডোরে আগলে নিল হামিদ।তার নিজের শরীরটা বেশ দুর্বল। ইকবাল খবর দিয়েছে তার বউ নাকি জামশেদকে পেটাচ্ছে, কেউ থামাতে পারছে না। রক্তারক্তি কাণ্ড, না থামালে একটা খুন হবে আজ। তাড়াতাড়ি এসে যেন সে থামায়। হামিদ একটা নিশ্বাস ফেলে মরিয়মকে নির্দেশ দিল জামশেদকে নিয়ে যেতে। মরিয়ম চোখের পানি মুছে জামশেদকে ধরে ওঠাল। জামশেদ হাঁটতে পারছে না। পা মাটিতে ফেলতেই যন্ত্রণায় কাতরে উঠছে। শিউলি বেশি পায়েই আঘাত করেছে। তার মেয়েকে ল্যাংড়া বলার অপরাধেই বোধহয়। জামশেদের ভাই এসে অপরপাশে ধরল। দুজন ধরাধরি করে নিয়ে গেল জামশেদকে। হামিদ দুর্বল শরীরে শিউলিকে কোলে নিয়ে খাটে শুইয়ে দিলো। ওড়না খুলে মাথায় হাত বুলিয়ে দিল। ঘেমে ওঠা মুখশ্রী মুছে দিল গামছা দিয়ে। শ্বাস খুব ধীরে ধীরে নিচ্ছে শিউলি। মুখটা কেমন ফ্যাকাশে, মলিন হয়ে আছে। হামিদা এখনো ঘুমে। এত এত চিৎকার, চেঁচামেচি, আওয়াজ কিছুই তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি। সে কি জানতে পেরেছে তার মা তার জন্য আজ লড়াই করেছে? মানুষ পিটিয়েছে?
চলবে.....
