#শিউলি_ফুল
#পর্ব_১৭
#তাজরীন_ফাতিহা
পথের বাঁকে বাঁকে স্যাঁতস্যাঁতে মাটিতে বুনোফুল আর ভৃঙ্গরাজের মেলা। বর্ষার মৌসুমে এদের যেন একটু বেশিই দেখা যায়। কর্দমাক্ত ভেজা মেঠোপথের আঁকা বাঁকা পথ পেরিয়ে দোকানের সামনে এসে পায়ের গতি থামাল হামিদ। দুদিন বর্গা চাষী থেকে ইস্তফা দিয়েছে মালিকপক্ষ। ধান রোপণ শেষ যেহেতু তাই কাজের চাপটা জমিতে কম। জমির মালিক হেমায়েত মোল্লা কড়া লোক, ছুটি দিতে কার্পণ্য করেন। এবার নিজ থেকেই দিলেন তবে দুদিনের বেশি নয়। আগাছা পরিষ্কার, নালা ঠিক করা, জমির পানি দেখা, ধানের চারা নষ্ট হলে আবার চারা রোপণ, সার প্রয়োগ কত কত কাজ! ছুটি দিলে চলে? তাও দিয়েছেন দয়ামায়া করে এই ঢের। হামিদ ঠিক করেছে দুদিন দোকানে বেশ সময় দেবে। হাতে কিছু টাকা এসেছে সেগুলো কিস্তির লোকদের দিয়ে দিতে হবে এরপর আবার ফকির হালতে ফিরে যাও। কি এক জীবন! লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে লুঙ্গির গিট থেকে চাবি বের করল। শাটারের তালা খুলে নিচের লোহার পাল্লাটা দুহাতে চেপে ধরল। ঠেলে ওপরে তুলতেই ঘড়ঘড় শব্দে লোহার পাল্লাগুলো একে একে উপরের দিকে গুটিয়ে যেতে লাগল। মুহূর্তের মাঝে বন্ধ দোকানের ভেতরকার অন্ধকার ছাপিয়ে তা আলোকিত হয়ে উঠল।
হামিদের দোকানটা বাজারের একদম শুরুতে, গ্রামের মাথায়। বাজারে ঢোকার আগে হামিদের দোকানটা পড়ে। গ্রামের মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য হামিদের দোকান থেকেই কেনে। তবে বেশ কিছুদিন টাকার অভাবে দোকানে মালামাল ওঠাতে না পারার দরুন বেচাকেনা নেই বললেই চলে। দোকানটি ছাদ ব্যতীত আগাগোড়া ইটের তৈরি। দেয়ালে পোড়া ইটের গাঁথুনি, কাঠের পাটাতন দিয়ে মাঝারি আকারের এই মুদি দোকানটি গড়া। টিনের চালা দিয়ে ছাদ দেয়া। হামিদ সর্দারের বড় শখের এই দোকান। পাল্লা ওঠিয়ে একে একে লজেন্স, টফি ও বিস্কুটের বয়াম সাজিয়ে রাখল। গতদিন গঞ্জের পাইকারি আড়ত থেকে কিছু নতুন জিনিস দোকানে এনেছে, বাচ্চাদের খেলনা। রঙ বেরঙের মার্বেল, রঙিন পানি, লাটিম, পেরেকে ঝোলানো প্যা পু শব্দ করা প্লাস্টিকের বাঁশি ও ছোট ছোট গাড়ি। সব সাজিয়ে রাখল তাকে। দোকান আবার জমজমাট করতে হলে বাচ্চাদের জিনিসে ঠাসা হতে হবে। তবেই না দোকান ফের সচল হবে। হামিদের অভিজ্ঞতা আজকের নয়। দোকান আজকাল দেয়নি সে, হানিফ সরদার ইন্তেকালের পরপরই কোনোরকম পুঁজি দিয়ে একটা টিনের দোকান দিয়েছিল। সেটা ভেঙে এখন ইটের মাঝারি আকারে রূপ নিয়েছে। যদিও অত পলিশ, প্লাস্টার কিংবা রঙ করা করা হয়নি তবুও বহুদিন ধরে তার রুজিরোজগারের মাধ্যম এটা। গ্রামের কিছু মানুষের কূটকচাল এবং ষড়যন্ত্রের তোপেও এই দোকান এখনো টিকে আছে তার বুদ্ধির জোরেই।
দিয়াশলাই, চিপস, পাউরুটি, চানাচুরের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট ঝুলিয়ে রাখল শিকে। এগুলো কাল দোকানে এনেছিল। পাউরুটির মেয়াদ আরও দুদিন আছে। এর মধ্যে সব বেঁচা বিক্রি হয়ে গেলে ভালো নয়তো হামিদ মেয়াদ ছাড়া জিনিস দোকানে রাখেনা। মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে গ্রামের ছেলেপেলেদের ডেকে দিয়ে দেয়। কিছু আবার বাড়ি এনে শিউলিকে দেয়। সেই নারীর আবার চানাচুর, লজেন্স, চিপসের প্রতি নজর আছে। মেয়ে জন্মের পর থেকে তো হাত ফাঁকাই বলতে গেলে। বহুদিন হয় বাড়িতে কিছু নেয়া হয়না। আজ দুটো লজেন্স নিয়ে যাবে মেয়ের মায়ের জন্য। মেয়ের মায়ের গোসসা যদি একটু কমে।
একসময় সাবান, আটা, চিনি, আলু, পেঁয়াজ সব ছিল দোকানে। বিগত অনেকদিন হয় মালামাল ওঠানো হয়নি দোকানে। দোকান বলতে গেলে বন্ধই থাকত বেশিরভাগ সময়। বিকেলে এসে খুলতো আবার রাত আটটার আগে বন্ধ করে বাড়ি চলে যেতো। হামিদের স্বপ্ন একটা বিশাল মুদি দোকানের মালিক হবে সে। তার জন্য যত পরিশ্রম করা লাগে করবে সে। তাকে তার মা, স্ত্রী, সন্তানকে একটা সুন্দর জীবন দিতে হবে যে।
তাকে তাকে সাবান, লোশন, স্নো, তেল সজ্জিত। বেশিরভাগ তাক ফাঁকা। হামিদ ফাঁকা তাকগুলো ন্যাকড়া দিয়ে মুছে ভরা তাকের দ্রব্যাদি গুছিয়ে রাখছিল। স্নো, লোশন দেখে তিনদিন আগের ঘটনা স্মরণে এল। শিউলির জন্য তিব্বত স্নো আর নারিকেল তেল নিয়ে গিয়েছিল। মহিলা নিলো তো না উল্টো ফিক্কা মেরে ফেলে দিয়েছে, এত বিষ শরীরে! বিয়ের কথা শুনেছে অমনি বিষ উঠেছে। ভাবনার ছেদ ঘটিয়ে একটা গায়ে জ্বালা ধরানো কণ্ঠস্বর কর্ণকুহরে ঢুকল,
"হামিদ মিয়া দোহান মোহান দেহি খুলোই না এহন আর। হুনলাম কামলা দিতাছ হেমায়েত মোল্লার জমিতে? দোহান ছাইড়া দিবানি?"
হামিদ রক্তিম দৃষ্টিতে চাইল হাসু মিয়ার পানে। গেরুয়া রঙের ফতুয়া আর লুঙ্গি পরিহিত এই হারামিটা হামিদের দুই চোখের বিষ। দেখলে হামিদের পায়ের রক্ত তালুতে উঠে যায়। লুঙ্গি উঁচিয়ে কি গর্বের সাথেই না দাঁড়িয়ে। গলায় আবার গামছা পেঁচানো। হাতে ম্যাচের কাঠি। কি ভাবসাব! অথচ মানুষের দোকানে বাকি নিয়ে নিয়ে ভিক্ষা করে খায়। চেহারা সুরুত দেখলে কেউ বলবে না এ শয়তানের নানা। সঙ্গে আবার নির্লজ্জের মতো হাসছে তার চেলাপেলারা। একসময় এরা তার দোকান থেকে কম জিনিস নিয়েছে? কম খাতির জমায়নি হামিদের সাথে। মনে কালা ছিলনা বলে হামিদ তাদের নির্দ্বিধায় যা চাইতো দিয়ে দিতো বাকিতে। এদের কাছে কত টাকা পাওনা হামিদ। দিনশেষে এরাই তাকে পুরো গ্রামের সামনে অসম্মানিত, অপমানিত করেছিল মিথ্যাবাদী বলে। হামিদ মৃত্যুর আগ পর্যন্ত তা ভুলবে না। ঘা কিংবা আঘাত মানুষ কখনো ভোলেনা। ক্ষততে প্রলেপ পড়বে হয়তো তবে মস্তিষ্ক থেকে চিরতরে মুছবে না কখনো। কি পরিমাণ নির্লজ্জ হলে আবার তাকে মুখ দেখায়! মেয়েটা হওয়ার পর থেকে হাতে টান কতবড় জালিম, হারামি, জানোয়ার এরা তার এত দুর্দশায়ও বাকি টাকাগুলো দিয়ে যায়নি। একই গাঁয়ে যেহেতু থাকে, না পৌঁছে তো থাকেনি হামিদের অভাবের কথা। হামিদ সবকিছু গুছিয়ে লুঙ্গি ভাঁজ করে পাটাতনে বসল। এদেরকে গ্রাহ্যই করল না। হিসেবের খাতা খুলে কলম তুলল।
"কী মিয়া? খদ্দেরগো দেহি কুনো দাম দাওনা। এমনে আমগো দেইখাও না দেহার ভান করলে দোহান কিন্তুক বেশিদিন টিকতো না। এমন জায়গায় দোহান বয়াইছ বেঁচা বিক্রি ভালাই তো হইতাছে আবার কামলা দিবার গেলা ক্যান?"
বলে আবারও খ্যাক খ্যাক করে হাসল। স্পষ্ট খোঁচা। মুখদোষ লাগাতে নাকি ভাও পাতাতে এসেছে শয়তানটা? হামিদ চোখ মুখ শক্ত করে গালি দিল একটা,
"কু*ত্তার বাচ্চা!"
হাসু মিয়া কান চুলকাতে চুলকাতে ভ্রু কুঁচকে চেয়ে,
"কিছু কইলা?"
হামিদ প্রত্যুত্তর করল না। এদের সঙ্গে কথা খরচ করার মানে হয়না। হামিদ অপাত্রে বাক্য ছোড়েনা। সকাল পোনে নয়টা। মোতালেব হোসেন এ গাঁয়ের মান্যগণ্য ব্যক্তি। তার নিজস্ব চালের আড়ত আছে। হামিদ তার আড়ত থেকে দোকানে চাল আনে। হামিদের দোকান আজ খোলা দেখে এগিয়ে এলেন তিনি। বেঞ্চে বসতে বসতে,
"হামিদ আইজকা দোহান খুলছস? মেলাদিন তোর চায়ের লাইগা গলাডা হুগাই থাকত। তুই দোহান খুলোস না ক্যান? তোর চা ছাড়া পুরা দিন পাইনসা। দে এক কাপ দুধ চা।"
হাসু মিয়া, তালেবর, চান মিয়া আর সুরুজ আলীকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন,
"কী মিয়ারা বিহান বেলায় চা খাইতে হাজির? চা খাইছ নাকি খাইবা?"
"খাই নাই কাকা, হামিদের যে দেমাগ আমগো তো ফিরাও দেহে না।" তালেবর দাঁত খিঁচিয়ে বলল।
"ক্যান রে হামিদ? চা দে পাঁচখান। বও তোমরা, আমি খাওয়াই আইজকা।"
বলতে দেরি চারজনের বসতে দেরি হয়নি। হামিদ দাঁতে দাঁত চেপে কেরোসিনের স্টোভে কেটলি বসিয়ে দিল চায়ের পানি ফুটতে। মোতালেব কাকা না থাকলে হামিদ এদের মুখের উপরেই শাটার নামিয়ে দিতো। তার বেচা বিক্রি না হলে হবেনা তবুও এদের কাছে কোনো সদাই সে বেচবে না। হাসু মিয়া দাঁত খিলাল করতে করতে বলল,
"হামিদ মিয়ার চা মেলা হোয়াদের। খাইলে মনে ওয় অমৃত্ত খাইতাছি।
ফের গায়ে জ্বালা ধরানো কথা।
বেলা গড়িয়ে যাওয়ার পথে। অন্য বাড়ির বউ ঝিরা সব ভাত ঘুম দিয়েছে বোধহয়। অন্যান্য দিন শিউলিও এসময় মেয়েকে নিয়ে একটু জিরোয়। আজ দেরি হয়ে গেছে তার। একটু রোদ ওঠায় ঘর লেপেছে, ফাটল ধরেছিল কয়েক জায়গায়। বেশ কদিন তুমুল বৃষ্টি বাদলায় মাটি নরম হয়ে ফাটল দেখা দিয়েছে। ইঁদুর, সাপ গর্ত করে থাকে এই ফাটলে। শিউলি ঝুঁকি নিতে চায়নি। সাপে ভীষণ ভয় তার, ছোটবেলায় একবার দোরা সাপে কেটেছিল তাকে। তার দাদি বলতো এই সাপের বিষ নেই তবে গোবরের উপরে পাড়া দিলে নাকি বিষ সক্রিয় হয়। গোবরে পা পড়বে বিধায় সেবার টানা দশদিন ঘর থেকেই বের হয়নি সে। পরবর্তীতে ধীরে ধীরে ক্ষত সেরে উঠেছিল ঠিকই তবে সাপের ভয় আর যায়নি। সেই ভয়েই মূলত প্রতি বর্ষা এলে তটস্থ থাকে শিউলি। বর্ষাকাল সাপ খোপের মরশুম। না লেপলে পরে এদের আনাগোনায় মাথা গোঁজার ঠাঁইটুকু না হারাতে হয়।
রান্নাবাড়া শেষ করে মেয়েকে নিয়ে বড় ঘাটলায় এসেছে মেয়ে আর মেয়ের বাপের জামাকাপড় ধুতে। এই পুকুরের ঘাট পাকা। সিঁড়িগুলো সুড়কি, বালি দিয়ে ঢালাই করেছে মিজি পাড়ার লোকেরা। মিজি পাড়ার সব বাড়ির জন্য উন্মুক্ত এই ঘাট। এই পুকুরকে 'মিজি পুকুরও' বলা হয়। গাঁয়ের এ পাড়ার নাম মিজি পাড়া। কয়েক গেরস্থের বসতি এখানে। হামিদদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, ওটা ছোট। কম ব্যবহৃত হয় বিধায় পাতা আর শ্যাওলা জমে থাকে। শিউলি মাঝেসাঝে সেখানে গোসল করে, থালাবাসন ধোয়। চারপাশে হামিদ নারকেল পাতা দিয়ে ঘেরাও করে দিয়েছে। অন্য বাড়ির কেউ যেন উঁকি ঝুঁকি দিতে না পারে গোসলের সময়। বাড়ির বউ, ঝিদের ইজ্জত ও মানসম্মানের প্রশ্ন ফাঁকফোকর থাকলে চলেনা। যদিও শিউলি বেশিরভাগ সময় কলপাড়েই গোসল করে তবে মেয়ে হওয়ার পর থেকে কল চাপতে কষ্ট হয় খানিক তাই বাড়ির পুকুরেই গোসল সারে এখন।
বাড়ির পুকুরে বাঁশের সিঁড়ি বিধায় শিউলি মেয়েকে নিয়ে ঝুঁকি না নিয়ে আজ এই ঘাটলায় এসেছে। এখানে ঘাটের সিঁড়িতে মেয়েকে শুইয়ে রেখে একটু কাজ করতে পারে সে। এখন মেয়েকে রেখে জামাকাপড় কাঁচছে। হামিদা শুয়ে শুয়ে মায়ের কাজ দেখছে আর অস্পষ্ট আওয়াজ করছে। শিউলি বারবার মেয়ের দিকে তাকাচ্ছে গড়িয়ে আবার নিচে পড়ে না যায়। মেয়ের সঙ্গে আবার আজগুবি আলাপও করছে,
"আম্মাজান, বাপের শার্ট ধুইবেন?"
হামিদা ঠোঁট ছড়িয়ে ফেলল। মুখে আঙুল ঢুকিয়ে "য়ু..আ.... য়ু...আ" শব্দ করে মাকে সায় জানালো যেন। শিউলি সাবানের ফেনা মেয়ের নাকে একটুখানি লাগিয়ে দিয়ে হাসল, মেয়েও মাকে ফিরতি হাসি দিতে ভুলল না।
হামিদ লুঙ্গি ধরে হেঁটে যাচ্ছিল বাড়ির পথে। দোকান বন্ধ করে এসেছে। গোসল দিয়ে ভাত খেয়ে একটু জিরিয়ে আবার যাবে দোকানে। বড় বড় গাছের ফাঁক দিয়ে শিউলির মতো কাউকে মিজি পুকুরের ঘাটলায় বসা দেখল। দূর থেকে শিউলি কিনা ঠাহর করতে পারছে না সে। ওড়না মাথায় পেঁচানো দেখে শিউলিই মনে হচ্ছে। তাকে মুখ নাড়তে নাড়তে শার্ট কচলাতে দেখে এগিয়ে গেল সেদিক। কার সঙ্গে কথা বলছে এই ভরদুপুরে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছেনা হামিদ। ঘাটের মুখে এগিয়ে আসতেই দেখল সিঁড়িতে পোটলার মতো কি যেন একটা। সিঁড়ি বেয়ে নামতে লাগল নিঃশব্দে। এদিকে শিউলি শার্টের কলার হাত দিয়ে মুচড়ে ঘষে ঘষে বলছে,
"আপনের বাপে বলে আরেকখান বিয়া বইব, হেরপর হেয় আইয়া আপনের বাপের শার্ট কচলাইয়া কচলাইয়া ধুইব। বান্দি পাইছে আমারে, রঙ্গ কইরা ঘুরে আর বিয়ার পিনিক উডে। অজাত বেডা!"
"রঙ্গ খালি তোর লগেই করছি, রঙ্গ কইরা মাইয়ার মাও বানাইছি। হামিদ সরদারের চরিত্র ফুলের লাহান পবিত্র, বুঝলি?"
শিউলি কেঁপে উঠল আচমকা কথা বলায়। চমকে পেছনে চাইতেই দেখল হামিদ সিঁড়ি বেয়ে নামছে। বুকে থুতু দিল, ভয় পেয়েছে সে। শিউলি অগোচরে মুখ মোচড়াল। হামিদ শিউলির বসা এক সিঁড়ি উপরে ঠ্যাং ছড়িয়ে বসতে নিতেই চিৎকার করে উঠল শিউলি,
"মাইয়ারে হোতাইয়া রাখছি দেহেন না আপনে? চক্ষু আসমানে উডাইয়া রাখছেন?"
হামিদ তৎক্ষণাৎ পেছনের সিঁড়িতে দুই হাতের ভর দিয়ে দ্রুত সরে গেল। কথার তালে লক্ষ্য করেনি, ভেবেছে মেয়ের ভেজা কাঁথা বোধহয় জড়ো করা। হামিদ উঁকি দিয়ে দেখল কাঁথায় মোড়ানো গোলগাল, মায়াবী বদনের মায়াকাড়া একজোড়া চোখ তার দিকে পিটপিট করে চাইছে। বাবাকে উঁকি দিতে দেখেই, গুলুমুলু হাত ছড়িয়ে "আআআ" গার্গল করে তার উপস্থিতি জানাল। হামিদ শ্বাস ফেলে দম নিল। মেয়েকে কাঁথাসহ কোলে নিয়ে বুকে, মুখে নাক ঘষে আদর করল।
"মাইয়ার গাত্তে দুধের গন্ধ আয়ে ক্যান?"
শিউলি পুকুরের পানিতে শার্ট চুবিয়ে ভাঁজ দিয়ে দুই হাতে মুচড়ে পাশের গামলায় রাখতে রাখতে জবাব দিল,
"দুধ খাওয়াইছি হেইলিগা।"
"নাওয়াস নাই এহনো?"
"না আইজকা নাওয়ামু না।"
"এট্টু মোছাইয়া দে তাইলে, দুধ দুধ গন্ধ লাগে নাকে।"
"দুধের বাচ্ছার গাত্তন দুধের গন্ধ আইব না তো কি দামড়া খাসির গন্ধ আইব? নিজে নাইয়া উডেন আগে।"
"হারাদিন রইদে পুইড়া কাম করি আর ঘরে আইলে হুনি দামড়া খাসির গন্ধ আয় শইলতে। তোর মতো বউ থাইকা লাভ হইল কী? তুই থাকতে তোর সোয়ামির গাত্তে গন্ধ আয় কিইল্লিগা? সোয়ামিরে ডইলা ডইলা নাওয়ায় দিবি তা না খালি বড় বড় কতা।"
শিউলি মুখ ঘুরিয়ে এমনভাবে চাইল যেন হামিদের কথা শুনে বেজায় ক্ষেপেছে সে। মুখ শক্ত করে বলল,
"ক্যান আপনের বান্দি লাগি আমি? আপনে আমারে কয়দিন নাওয়াইয়া দিছেন?"
"ক্যান বাচ্ছা পেডে থাকতে কয়দিন দিছিলাম না? এর মইধ্যে ভুইলা গেছস? অকৃতজ্ঞ বেডিজাত।"
"হেইডা তো মাইয়া পেডে আছিল দেইখা না পারতে দিছেন। এমনে কয়দিন দিছেন?"
"না দিলে ল এহন করায় দি। তোর মনের বাসনা মিডাই দি। কইলেই হয় আমার লগে নাওয়ার কুরকুরানি উডছে।"
"মুখ সামলাইয়া কতা কন হামিদার বাপ। নাওয়ার কতা আমি উডাইছি? আমার অত রঙ ঢঙ্গের সময় নাই যে আপনের লগে নামু। তাত্তারি হাঙ্গা সাইরা দ্বিতীয় বিবিরে আপনের গতর ডলতে কন। ভালা কইরাই ডলব, গতর ডলার লাইগাই তো আবার হাঙ্গা বইবেন।" খিটখিটে মেজাজে।
"কতার কি ছিড়ি! সব কতার এমন ছ্যাত ছ্যাত কইরা জবাব দিতাছস ক্যান?"
"আপনেরে পীর মাইনা জবাব দিয়া কী হইছে? হাঙ্গার লাইগা তো বইয়া রইছেন। পরথমবার বউ কালা না ধলা দেইখা আনেন নাই ক্যান? তাইলে তো অহন আর বিয়ার লাইগা খাউজানি উডতো না। ধলা দেইখা দিল ঠান্ডা হইতো। চোক্ষে বুঝি তহন আমারে কালা লাগে নাই?" শ্লেষাত্মক কণ্ঠ।
হামিদ সেকথার জবাব দিল না। দেখল শিউলি শার্ট মাত্রাতিরিক্ত জোর দিয়ে মোচড়াচ্ছে। খেঁকিয়ে উঠল সে,
"আস্তে মুছড়া, এমনে চিপড়াইতাছোস ক্যান?"
"আপনেরে এমনে চিপড়াইতে পারিনা তো হেইলিগা শার্টরে চিপড়াই।" দাঁতে দাঁত চেপে।
মোচড়ানো শার্ট ঢিল মেরে ফেলল গামলায়। ঘাটে দাঁড়িয়ে হাঁপানির মতো কিছুক্ষণ হাঁপিয়ে এরপর কোমরে গামলা তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল,
"মাইয়ারে ঘরে দিয়া যান। হাইট্টা আবার এতখানি আইতে পারুম না। শইল বিষ করতাছে।"
হামিদ মুখ খিঁচিয়ে বসে রইল। বেয়াদব মহিলা তাকে আদেশ দিচ্ছে। কয়দিন ধরে কিছু না বলতে বলতে মাথায় উঠে গেছে। টাইট দিতে হবে। শিউলির যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে কোলে হাত-পা ছুড়তে থাকা মেয়েকে উদ্দেশ্য করে শুধাল,
"আইজকা তোর আম্মার এত মেজাজ ক্যান? মায়রে রাগাইছস নাকি?"
মেয়ে বাবার কথার জবাব তো দিতে পারল না তবে "উউউই...উউউই" শব্দ করতে ভুলল না।
রাতের খাবার শেষ করে হামিদ কিছুক্ষণ উঠোনে হাঁটাহাঁটি করেছে। ঘরে এসে দোর দিতেই দেখল শিউলি মেয়েকে ঘুম পাড়াচ্ছে। হামিদা খেতে খেতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হামিদ চোখ সরিয়ে নিল। জানালার কপাট আটকে শিউলির গা ঘেঁষে শুলো। শিউলি কিছু বলল না। মেয়েকে খাওয়াতে খাওয়াতে তার নিজেরও তন্দ্রার মতো এসে গেছে। স্বামীর আলিঙ্গনে ঘুম ছুটে গেল। ঘুমন্ত মেয়ের চারপাশে বালিশ দিয়ে সীমানা করে ঘুরে হামিদের বুকে মাথা ঠেকাল। নরম কণ্ঠে ডাকল,
"হামিদার বাপ?"
হামিদ চোখ বুজেছিল। শিউলির ডাকে সাড়া দিল,
"হুম?"
"তেল মালিশ কইরা দিমু মাজায়?"
ভারিক্কি কণ্ঠ শোনা গেল,
"তোর মাথাত তেল মালিশ কর। কাম করতে করতে মাথার তালু গরম বানাইয়া ফালাইছস।"
"মজা কইরেন না তো।" শিউলির উঁচু গলা।
"লাগতো না, ঘুমা।"
শিউলি স্বামীর বুকে কিছুক্ষণ চুপচাপ পড়ে থেকে ডাকল,
"হামিদার বাপ?"
"হুম?"
"ঘুমাইছেন?"
"না, ক?"
"আপনে কি সত্যই বিয়া করবেন?"
"কী খালি বিয়া বিয়া লাগাইছস? ঘুমা তো।"
"না কন।"
"করলে তো দেখতেই পাইবি।"
"কতা পেচাইবেন না। সোজাভাবে কতা কওন যায়না?"
"তুই সোজা কতা হুনোস? বেডি জাত হইল বাইক্কা হাড্ডির, তোগো লগে কইতেও হয় বাইক্কা কতা।"
"হামিদার বাপ, আমি আমার কতার জবাব পাই নাই অহনো।" গম্ভীর গলা।
হামিদ ভণিতা না করে কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর ভঙ্গিতে প্রত্যুত্তর করল,
"আরেকডা বিয়া বোধ ওয় করতে হইব। কাম করতে করতে তোর যেই মেজাজ হইছে! আরেকডা বউ আইলে তো ভালাই। তোর কামে সাহাইয্য করব। দ্বিতীয় বিয়ার ফযীলত মেলা। তুই বইয়া বইয়া খাইতে পারবি আর ওরে খালি হুকুম দিবি। হাত টিপাবি, পাও টিপাবি, ঘেডি মালিশ করাবি। ব্যছ কেল্লাফতে! ভাইবা দেখ তোর লাইগাই ভালা।"
হামিদ মুখ টিপে হেসে ওপাশে ঘুরে গেল। এদিকে শিউলি পাথরের মতো শক্ত হয়ে গেছে। হামিদ যে তার সঙ্গে মশকরা করেছে ধরতে পারেনি মোটেও। শিউলি কিছুক্ষণ শক্ত হয়ে পড়ে রইল। হামিদের নাক ডাকার শব্দ হচ্ছে। প্রাকৃতিক চাপ অনুভব করায় সন্তর্পণে বিছানা ছেড়ে উঠে কুপি হাতে নিয়ে দোর খুলল। দোর খোলার শব্দে হামিদের তন্দ্রা ছুটল। শুধাল,
"কই যাস?"
"ল্যাট্টিনে।"
"আমি আমু?"
শিউলি বেরিয়ে যেতে যেতে বলে,
"লাগব না।"
হামিদ বুঝল না বউয়ের অভিমান। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তবুও কোনোরকম জড়ানো কণ্ঠে বলে উঠল,
"একলা যাইস না, আম্মারে ডাইক্কা লইয়া যা।"
শিউলি ততক্ষণে কুপি নিয়ে বাইরে চলে গেছে। শিউলি এলো খানিক পরে। উস্কখুস্ক চুল, হাতে দা। তাকে অস্বাভাবিক লাগছে। এসেই হামিদের উপর চড়াও হলো। ঝুঁকে গলা টিপে ধরল আর গড়গড় শব্দ করল। হামিদ আচমকা গলায় কিছু চেপে ধরায় শ্বাস নিতে না পেরে চোখ মেলে চাইল। ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। শিউলিকে দেখে বলল,
"কী হইছে?"
শিউলি কেমন ভঙ্গিতে যেন হেসে শীতল কণ্ঠে বলল,
"আপনেরে তেলে ভাইজ্জা খামু হামিদার বাপ। লন লন উনুন ধরাইয়া কড়াই চাপাইয়া আইছি। তেল গরম হইয়া গেছে, তাত্তারি লন।"
"কী কস পাগলের লাহান এডি? এই রাইত বিরেতে মাতা মুতা গেছে?
শিউলি আচমকা হাসি থামিয়ে চোখমুখ কঠিন করে ফেলল। ঘাড় বেঁকিয়ে দা হামিদের গলা বরাবর ধরল।
"কইলজা বড় হইয়া গেছে তোর? তুই আমারে দাও দেহাস?"
আকস্মিক চোখের সামনে দা উঁচিয়ে ধরতেই বিস্মিত কণ্ঠে চেঁচিয়ে উঠল হামিদ। শিউলির চুলগুলো ছাড়া, অস্বাভাবিক লাগছে। চোখদুটো রক্তিম, টকটকে লাল। যেন লাল রঙ ঢেলে দিয়েছে কেউ আঁখিদ্বয়ে। রণচণ্ডী রূপ ধারণ করেছে যেন। হামিদ নিজের সামনে থেকে এখনো দা সরতে না দেখে ঢোক গিলে ফের কিছু বলতে নিচ্ছিল অমনি শিউলি সর্বশক্তি দিয়ে বিছানার সঙ্গে চেপে ধরল হামিদকে। দুপাশে দু'পা ছড়িয়ে হামিদের বুকের উপর বসে দা'টা কণ্ঠনালী বরাবর চেপে ধরল আগ্রাসী ভঙ্গিতে। হামিদ যেন বিশ্বাস করতে পারছে না এটা শিউলি! বিগত পাঁচ বছরে শিউলি কখনোই এমন করেনি তার সঙ্গে। বিয়ে করেছিল লাজুক মুখশ্রীর নম্রভদ্র মেয়েকে। অথচ সেই ভদ্র মেয়ের এ কি হাল! এ আদৌ শিউলি তো? কোনোরকম কণ্ঠ থেকে নিঃসৃত করল শব্দ,
"শিউলি তোর কী হইছে? দাও গলায় হান্দাইয়া যাইব কইলাম। মাইয়া জাইগা যাইব।"
"আপনের কইলজা ভুনা খামু। দাও দিয়া কুপাইয়া বুক ফাইড়া কইলজা বাইর করমু।"
"থাবড়াইয়া কানসা মানসা গরম কইরা হালামু কইলাম। ইতারামি করোস এই রাইতের বেলা?" হামিদ ধমকে উঠল।
হামিদের ধমক যেন কাল হলো। শিউলি ধীরে ধীরে হামিদের কান বরাবর মুখ এনে জোরে কামড় বসাল। হামিদ ব্যথা যন্ত্রণায় চেঁচিয়ে উঠতে নিতেই শিউলি তার ঠোঁট জোড়া কামড়ে টেনে ধরল। ব্যথা, আতঙ্কে ছটফট করে উঠল হামিদ। হাত-পা ছুঁড়ে সরাতে চাইল শিউলিকে তবে একচুলও নড়াতে পারল না। হামিদ দেখতে পেল মুখের উপর জড়ো হওয়া চুলের ভেতর এক জোড়া রক্তিম চোখ তার পানে ভয়ানক দৃষ্টিতে চেয়ে। শিউলি খানিক পরে ছাড়ল তাকে। নিজের ঠোঁটের উপর তর্জনী ঠেকিয়ে হিসহিসিয়ে বলল,
"হুউশ..শ কুনো আওয়াজ না।"
হামিদের ঠোঁট বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। জ্বালাপোড়া করায় হাত দিয়ে চেপে ধরেছে ক্ষতস্থান। শিউলির ঠোঁটেও রক্ত লেগে আছে। শিউলি সেটা জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলল। হামিদের সেই মুহূর্তে শিউলিকে কোনো পিশাচের চেয়ে কম মনে হলো না। আতঙ্কে শিউলিকে নিজের উপর থেকে সরাতে চাইল কিন্তু পারল না। উল্টো আরও ভার দিল শিউলি। হামিদের মনে হচ্ছে পেটের সব ভাত বেরিয়ে যাবে এত ওজন। ভয় পাচ্ছে কিছু আছর করল কিনা ভেবে, তবে হামিদ চুপ থাকল শিউলির অস্বাভাবিকতায়। ভয় পেলেও সেই ভয় চোখে মুখে ফুটিয়ে তুলল না। মনে মনে দোয়া কালাম পড়তে লাগল।
"বিয়া করবি?" হিমশীতল ঠান্ডা কণ্ঠ।
হামিদ থমকে গেল। শিউলির কণ্ঠ তো এত ভয়ংকর না। তার উপর তুই? হামিদকে শিউলি জীবনেও তুই বলেনা, মনের ভুলেও না। তার সাথে কোমল কণ্ঠে কথা বলে, কোমল চোখে তাকায়। এভাবে রূঢ় ভঙ্গিতে কখনো তাকায়নি। গায়ে এত শক্তিই বা ভর করল কোথা থেকে? হামিদ ধাক্কিয়ে যে সরাবে তাও পারছে না। যেখানে শিউলিকে এক হাতে উঠিয়ে ফেলার ক্ষমতা হামিদের আছে। হাড়ভাঙা খাটুনি খাটতে খাটতে দুহাতের পেশি টানটান শক্ত হয়ে থাকে, গতর বেশ শক্তপোক্ত হামিদের। অথচ এখন মনে হচ্ছে কয়েক মণ শরীরের উপর চেপে বসেছে। শিউলি তো এত ওজনের না? এত ভয়ংকর শিউলিকে কখনোই লাগেনি। স্বামীর বিয়ের কথা শুনে কারো ভোল এত দ্রুত পাল্টে যেতে পারে! হামিদের বিশ্বাস হতে চায়না। মাকসুদা চাচি তো তাকে যমের দুয়ারে পাঠানোর বন্দোবস্ত করে দিয়েছে। মহিলা নিজে তো ফাঁসবে না তাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। এমন গ্যাড়াকলে হামিদ জিন্দেগিতেও পড়েনি। একটু আগেও আরেকটা বিয়ের ফযীলত শোনাচ্ছিল। যদিও হামিদ ক্ষেপাতেই বলছিল তবে এই মহিলা এত গুরুত্বের সঙ্গে নেবে বুঝতে পারেনি। আপনি বাঁচলে বাপের নাম। হামিদ হাসি ফুটিয়ে কণ্ঠ নরম করল,
"ও হেইলিগা দাও লইছস? সোয়ামিরে কেউ দাও দেহায়? ভাইবা দেখলাম আরেকডা বিয়ায় কুনো মজা নাইগা। নামা, নামা। বিয়া করমু না।"
শিউলি নামালো না, দা ফিক্কা মেরে ঘরের বেড়া বরাবর নিক্ষেপ করল। অব্যর্থ নিশানা, দা গেঁথে রইল বেড়ার কাঠে। হামিদ চমকে সেদিকে চাইল। শিউলি ঢলে পড়ল মুহূর্তেই। হামিদ ভ্যাবাচেকা খেয়ে গেছে হুট করে এভাবে শরীরের উপরে পড়ে যাওয়ায়। মুখশ্রীতে তার আতঙ্ক! কাঁপা কাঁপা কণ্ঠে আওড়াল,
"লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ!"
চলবে....
