#শিউলি_ফুল
#পর্ব_১৬
#তাজরীন_ফাতিহা
কানের ভেতর শো শো করে হাওয়া ঢুকছে। উঠোনের মাঝে সোবহানকে কোলে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সেকান্দার। বাচ্চাটা বাবার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। গায়ে অমানুষিক মারের চিহ্ন। কালসিটে হয়ে ফুলে ওঠা লালচে লালচে কঞ্চির দাগ। হালিমা একটু আগে বটি নিয়ে এসেছিল ভাগ্যিস সেকান্দার চলে এসেছিল নয়তো কী হতো তার সন্তানের? হালিমার কি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে? কোনো মা কীভাবে পারে সন্তানের প্রতি এমন বিকৃত রাগ ঢেলে দিতে? সন্তান আল্লাহ তায়ালার দেয়া সবচেয়ে সুন্দর নেয়ামতের একটি। পৃথিবীতে বাচ্চা না থাকলে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের একটি হারিয়ে যেতো। আল্লাহর দেয়া এই চমৎকার নেয়ামতটির অভাবে কত কত নারী আজও বন্ধ্যা, কত পুরুষ পিতৃত্বহীন। কেউ পাওয়ার জন্য ছটফটায় আবার কেউ পেয়েও মূল্য দিতে জানে না। আসমা বেগম ছেলেকে দেখেই সব উগড়ে দিয়েছেন। শাহিদা তো বলেই দিয়েছে,
"সেকান্দার তোর বউয়ের মাথাত কইলাম বিরাট গণ্ডগোল আছে, সামাইন্য কথাতে কী করতে নিছিল দেখছোসই তো।"
শাহানাজ রোয়াকে পিড়ি পেতে বসা। কোলে পাঁচ বছরের মেয়ে শানু। মেয়েটা মায়ের ন্যাওটা। মায়ের সঙ্গে সঙ্গেই থাকে। মা যা বলবে তার এক ইঞ্চি বাইরে নড়ে না। মা বসতে বললে বসবে দাঁড়াতে বললে দাঁড়াবে। মোটকথা মায়ের মেয়ে বলা যায় তাকে। শফিক আর শানু দুই ভাইবোন। দুই সন্তান শাহানাজের। শাহিদার শুধু এক ছেলে রশিদ। শাহানাজ বিকেলের দিকে গিয়েছিল বাল্যকালের বান্ধবী ফুলমতিদের বাড়ি। সেখান থেকে মাগরিবের আজান শুনে এসে দেখে বাড়িতে লঙ্কাকাণ্ড ঘটে গেছে। ভাইস্তাকে এমন অমানুষিকভাবে পেটানোর জন্য হালিমাকে বকাবাদ্য করছে,
"পোলাহানের কদর নাই এই বেয়াদ্যপের কাছে। আগেও এমন করছে আইজকা তো সীমা ছাড়ায় গেছে। তুই তোর বউরে কিছু না কইতে কইতে ওয় বেশি বাড়ছে। এমন বাইদ্দা, অইসভ্য মাইয়া জিন্দেগীতে দেহি নাই।"
হালিমা ঘরের খুঁটি ধরে মুখ নামিয়ে বসা। চোখ বেয়ে অশ্রু ফোয়ারা টপটপ করে ঝরছে। যেন অশ্রুগুলোও ভীষণ অবহেলায় গড়িয়ে গড়িয়ে তাকে উপহাস করছে। হালিমা জানে না তার কী হয়েছিল, বটি কেন নিয়েছিল হাতে? সে কিছুই জানে না। শুধু জানে সে স্বাভাবিক ছিল না। এও জানে না সেকান্দার এসে ধাক্কা দিয়ে হাত থেকে বটিটা ফেলে না দিলে সে কিই বা করতো? এত রাগ কোত্থেকে জড়ো হয়েছিল জানে না সে! কিচ্ছু জানে না। খুঁটিতে মাথা ঠেকিয়ে নেতিয়ে পড়ে আছে নিঃশব্দে। কিছুক্ষণ চিৎকার করছিল পাগলের মতো এখন শান্ত হয়ে বসে আছে। সেকান্দার দাঁড়িয়ে আছে পাথুরে ভঙ্গিতে। বাড়ির ছোট সদস্যরা উঁকিঝুঁকি মারছে ভেতরের ঘর থেকে। মামা কি এখন মামীকে মারবে? ভাইজান কি এখন ভাবিকে মারবে? উদগ্রীব হয়ে তারা সেটাই ভাবছে। ভেতরের ঘর থেকে তিন মাথা উঁকি দিয়ে বেরিয়ে আছে। সামনে দাঁড়ানো দশ বছরের আলেয়া আর পেছনে তার ফ্রক, ওড়না ধরে দাঁড়ানো দুই বোনপো সাত বছরের শফিক আর ছয় বছরের রশিদ। উৎসুক চাহনির সঙ্গে চোখে মুখে সকলের একটা ভীত প্রচ্ছন্ন নীরবতা। নীরবতা ছাপিয়ে গমগম কণ্ঠস্বর ধ্বনিত হলো,
"আইজকাই তালাক নিবি নাকি দুইদিন পর? তাত্তারি সিদ্ধান্ত জানা।"
হালিমা যেন কাঁদতেও ভুলে গেছে। ডাগর ডাগর ঐ বিস্মিত আখিজোড়া পলক ফেলতে পারল না। ভাসা ভাসা ঐ চোখের মায়ায় সেকান্দার আলী আজ গলল না মোটেও। বরংচ ইস্পাতের ন্যায় দৃঢ় তার ভঙ্গি। সাঁঝের বয়ে চলা হাওয়া হালিমার শরীর ঘেঁষে চলে গেল। দেহ শীতল করলেও তা তার অন্তরদহন কমাতে পারল না একটুও। অদূরে দাঁড়ানো হিজল গাছটির আড়ালে থাকা পেঁচাটা হুট করে ডানা ঝাপটে ডেকে উঠল। পেঁচা ডাকলে নাকি বিপদ ঘনিয়ে আসে? হালিমারও বুঝি আজ ঘোর বিপদ তা জানান দিল? ছেলেকে কোলে নিয়ে দাঁড়ানো দৃঢ় কণ্ঠের ঐ কঠোর পুরুষটিকে হালিমা চেনে না। সে মরে যাবে এমন কিছু হলে। সোবহানের কান্না থেমেছে বাবার কোলে গিয়েই। বাবার গলা জড়িয়ে ধরে থেকে থেকে হেঁচকি তুলে যাচ্ছে। বাচ্চাটা শ্বাস নিতে পারছে না যেন। গায়ে মাটি আর কঞ্চির দাগ। মায়ের মন মুহূর্তেই হু হু করে উঠল। ছেলেকে ধরতে এলেই সেকান্দার কঠোর দৃষ্টিতে রূঢ় ভঙ্গিতে হালিমার হাতের কব্জি চেপে ধরল।
"ওরে ভুলেও ধরতে আহিস না, তুই ওর কেউ না। সোবহান বইলা তোর কুনো সন্তান আছিল যত তাত্তারি ভুইলা যাইতে পারবি ততই মঙ্গল।" দাঁতে দাঁত চেপে।
হালিমা প্রতিবাদ করতে চাইল যেন,
"সোবহানের বাপ..."
"হ আমি সোবহানের বাপ, তয় তোর মুহে এই ডাক হুনতে চাইনা। তালাক নিবি কবে? সময় নষ্ট করনের সময় আমার নাই। পোটলা পাটলি গুছাইয়া ফালা তোরে তোর বাপের বাড়ি রাইখা আমু। কতার যেন হেরফের না ওয় নাইলে তোরে কোরবানি দিমু। গায়ে হাত উডাইতে বাইধ্য করবি না কইলাম। সুন্দর মতো নিজের সবকিছু গুছাইয়া রাস্তা মাপবি। যা গোছা।" ধমকে উঠে।
হালিমা শরীর ছেড়ে দিয়ে চিৎকার করে কেঁদে উঠে উঠোনে গড়াগড়ি খেল। ওড়না খুলে মাটিতে পড়ে গেছে সেদিকেও হুঁশ নেই তার। সেকান্দারের চোখে আজ কোনো মায়া নেই যেন সমস্ত মায়া, দয়া সে বিসর্জন দিয়েছে। হালিমা হামাগুড়ি দিয়ে এসে সেকান্দারের পা ঝাপটে ধরে চিল্লিয়ে কাঁদল,
"আপনে আমারে যেই সাজা দিবেন আমি মাথা পাইত্তা নিমু কিন্তু তালাকের কতা কইয়েন না সোবহানের বাপ। আমি ভুল করছি, আমার মাথা ঠিক আছিল না।"
"তুই ভুল করছোস? তুই অপরাধ করছস, বাচ্ছা পিডাইয়া তুই আবার বডি লইছোস। তোর আস্পর্ধা দেখছি আইজ। পাও ছাড়, কুনো মাফ নাই তোর। আইজ তোর রঙ্গের কতায় আমি সেকান্দার আলী গলমু না। তোর বেয়াদবিরে ছাড় দিতে দিতে মাথায় উইড্ডা গেছস! বেশি আহ্লাদ মারাইতে গেলে এডিই হয়। পিডার উপ্রে রাখলে তুই ঠিক হইয়া যাইতি বহু আগে। বাচ্ছা তোর হেলার জিনিস মনে ওয়? যেন চাইলাম আর পাইলাম। তোগো মতো অমানুষ বেডিগো বাচ্ছা দেয় কিইল্লিগা আল্লাহয়?"
সেকান্দারের চিৎকার হালিমার কর্ণভেদ করতেই হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেল। স্বামীর পা ছাড়ল না, আঁকড়ে ধরে মাথা ঠেকিয়ে কেঁদে চলল। সেকান্দার নিজের পা থেকে হালিমাকে ছাড়াতে চাইল কিন্তু হালিমা নাছোড়বান্দা যেন পণ করেছে কিছুতেই আজ স্বামীর পা ছাড়বে না। সোবহান মাকে কাঁদতে দেখে আবার কেঁদে উঠল।
"সোবহানরে দেন আমার কোলে, আমার বুক থেইকা কাইড়া নিয়েন না ওরে। আমারে এত বড় শাস্তি দিয়েন না সোবহানের বাপ। আপনে তো জানেন আমি পাগল, আপনেরে ছাড়া থাকবার পারিনা। হেরপরেও ক্যামনে এই কতা কইলেন?"
সেকান্দারের হাঁটুতে কপাল চেপে ধরে বলে যাচ্ছে একনাগাড়ে কথাগুলি। সেকান্দার জবাব দেয়ার আগেই একটা বজ্রকণ্ঠ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। আসমা বেগম চকিতে স্বামীর কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে গেলেন। শাহানাজ, শাহিদাও বাবাকে দেখে নড়ে চড়ে বসল। বাবাকে জমের মতো ভয় পায় তারা পাঁচ ভাইবোনই। সেকান্দার যদিও ঘাউড়া তবে বাবাকে সমীহ করে চলে।
"কী হইতাছে এইহানে? হালিমা কান্দে ক্যান? এমনে বইয়া আছে ক্যান?"
হালিমা যেন শ্বশুরকে দেখে দেহে প্রাণ ফিরে পেল। সাদা পাঞ্জাবি আর লুঙ্গি টুপি পরিহিত জায়নামাজ হাতে দাঁড়িয়ে থাকা ঐ বয়স্ক মানুষটিই যেন তার একমাত্র ভরসা। এক মুহূর্ত অপেক্ষা না করে উন্মাদের মতো দৌড়ে এসে শ্বশুরের পা আঁকড়ে ধরে কেঁদে উঠল। আচমকা এমন করায় শাহাবুদ্দিন আলী চমকালেন, আশ্চর্যান্বিত হলেন। পুত্রবধুকে ধরে ওঠাতে চাইলেন তৎক্ষণাৎ। কিন্তু হালিমা পা ছাড়ল না। শক্ত করে পা চেপে ধরে হু হু করে কেঁদে চলল।
"কী হইছে আম্মা? কাঁন্দ ক্যান? পাও ধরছ ক্যান? পাও ছাড়ো।"
"আব্বা, ও আব্বা আমি না সোবহানরে অমাইনষের মতো মারছি। আমারে শাস্তি দেন আব্বা। কিন্তুক আপনের পোলা হেইলিগা আমারে তালাক দিবার চায়। আপনে হেরে মানা করেন আব্বা। হেরে ছাড়া, পোলারে ছাড়া আমি থাকমু ক্যামনে?" কাঁদতে কাঁদতে।
শাহাবুদ্দিন আলী নিজের এতদিনের অভিজ্ঞতা দ্বারা সব যেনো নিমিষেই বুঝে ফেললেন। হালিমাকে জোর করে উঠালেন এরপর একপাশ দিয়ে আগলে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুত্রবধূসহ এগিয়ে এলেন। ঝুঁকে মাটিতে পড়ে থাকা ওড়নাখানা উঠিয়ে সেকান্দারের দিকে দৃষ্টি রেখেই পেঁচিয়ে দিলেন হালিমার শরীরে। সেকান্দার চোখ নামিয়ে নিল বড় নিঃশব্দ ও নিভৃতে। ছেলেকে আঁকড়ে চুপচাপ অন্যদিকে দৃষ্টি দিল চোখমুখ কঠিন রেখেই। বাবার ঐ রুষ্ট চোখজোড়া যেন তাকে শাসিয়ে দিয়ে কানে কানে বলে গেল,
"বউয়ের মাথার ওড়না মাডিত পড়ল আর তুই দাঁড়ায় দাঁড়ায় তামশা দেখলি সেকেন্দার? শরম করল না বাড়ির বউয়ের ইজ্জত এমনে খুয়াইতে?"
শাহাবুদ্দিন আলী তখনো কোনো বাক্য বিনিময় ছাড়া পুত্রবধূর আঁচল উঠিয়ে মাথায় টেনে দিলেন। কাজটা যে ভীষণ মায়া আর যত্ন নিয়ে করলেন বলার অপেক্ষা রাখে না। মেয়েটা উন্মাদের মতো দৌড়ে গেছে খেয়ালও করেনি কখন তার লজ্জা নিবারণের বস্তুটি পড়ে গেছে মস্তক হতে। জানলে বোধহয় এভাবে কখনোই আসতো না, অন্তত তার সামনে তো না-ই। হয়তো বহুক্ষণ ধরেই ওড়নাটির অবস্থান মাটিতেই ছিল, এখানকার পরিস্থিতি এতই ভয়াবহ হয়েছে যে কেউ ওড়নাটি উঠিয়ে দেয়ার দায়িত্বটুকু দেখানোর প্রয়োজনবোধ করেনি। আসমা বেগম ঢোক গিললেন। মানুষটাকে চেনেন তিনি। এমন শান্ত মুখশ্রী তার বহুদিনের চেনা। বহুদিন পরে আবার সেই রূপ। এখন তাদের সকলের নাড়ি নক্ষত্র টেনে এনে বিচার করবেন। কাউকে তার শাস্তি কিংবা ন্যায্যতার বাইরে এক বিন্দু বাড়িয়ে চারিয়ে দেননা। হালিমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। চোখ মুখ ফুলে ফেঁপে লালিমায় ছাওয়া। হয়তো লজ্জা, নয়তো আড়ষ্টতা। শাহাবুদ্দিন আলী পুত্রবধূকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে আদেশ দিলেন,
"হগলে ঘরের মইধ্যে আয়। উডানে খাড়াইয়া তামশা দেহাইস না নিজেগো।"
তার শক্ত কণ্ঠে চুপসে গেল প্রত্যেকে। সেকান্দার কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল কেন যেন। ছেলেকে আঁকড়ে ধরে কঠিন মুখে সকলের পিছু পিছু গেল। বসার ঘরে শাহাবুদ্দিন আলীর বসার জন্য পুরোনো আমলের একটা সেগুন কাঠের চেয়ার পাতা। দুপাশে মজবুত কাঠের হাতল বিদ্যমান। ঘরে বাদ বাকিসব বেতের চেয়ার। বিশাল ঘরটির কোণায় একখানা পালঙ্ক পাতা মেহমান এলে শুতে দেয়ার নিমিত্তে। নিচে মাদুর বিছানো আর মাঝে পাতা পাশাপাশি দুখানা জলচৌকি। যেখানে নাশতা পানি কিংবা আহার্য পরিবেশন করা হয়। শাহাবুদ্দিন আলী হালিমাকে পালঙ্কে বসিয়ে দিয়ে তার বরাদ্দকৃত চেয়ারে আয়েশ করে বসলেন। বাকিরাও বেতের চেয়ারগুলোতে নিজ নিজ আসন পেতেছে। শাহাবুদ্দিন আলী বসেই সোবহানকে তার কোলে দিতে নির্দেশ দিলেন। সোবহান বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরে হেঁচকি তুলে যাচ্ছে, কারো কোলে যাবে না এখন। শাহাবুদ্দিন আলী নাতির মনোভাব বুঝলেন যেন তাই আর ঘাটলেন না বেশি। এবার হালিমার দিকে ফিরে বসলেন।
"এবার খোলাসা কইরা কও দেহি ঘটনা কী? আর ক্যানই বা সোবহানের গায়ে এমনে হাত উডাইছ?"
হালিমার কান্না কিঞ্চিৎ থেমে গিয়েছিল শাহাবুদ্দিন আলীর প্রশ্নে ফের চোখ অশ্রুসজল হয়ে উঠল। ভাসা ভাসা আঁখি ফুঁড়ে পানি বেরোলো মুহূর্তেই। শাহানাজ কথা বলতে চাইল,
"আব্বা.."
শাহাবুদ্দিন আলী হাত দিয়ে থামিয়ে দিলেন।
"সবার কাছেই আমু, একজন একজন কইরা কতা হুনতে দে।"
শাহানাজ চুপ মেরে গেল। হালিমা সব ঘটনা বিস্তারিতভাবে কোনোরকম বলে আবারও ফুঁপিয়ে উঠল। সেকান্দার সব শুনে মায়ের দিকে একবার ঠাণ্ডা চোখে চাইল। শাহাবুদ্দিন আলী আসমা বেগমের দিকে দিকে ফিরে বললেন,
"তোমার কিছু কওনের আছে?"
আসমা বেগম যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিলেন।
"আমি তো এমনেই কইছি, ওরে খারাপ কুনো কতা কইছি জিগান আপনে? ওয় সবসময় বিষ দেহায়, মুহে মুহে তর্ক করে। সবসময় কাইজ্জা করার লাইগা মুক আউগায় রাহে। এহন ওরে ডাক দিলেও দুষ?"
"ডাক দিলে দুষ না, দুষ হইল হারাক্ষণ খোঁচা মারা কতাডি যে কও হেইডি। মাইয়ার মতো আগলায় রাখবা তা না। পোলার কানে বইয়া বইয়া কানপড়া, বিষপড়া দিতেই থাহো সাফাই গাইয়ো না শাহনাজের মা। তোমারে আমি চিনি না?"
স্বামীর প্রশ্নে চুপসে গেলেন আসমা বেগম। শাহাবুদ্দিন আলী সেকান্দারের দিকে ফিরে বললেন,
"তালাকের কতা তোর মাথায় ঢুকাইছে কেডা? তোর বউয়ের নাইলে বয়স কম হেইলিগা বোধ কম, তোর বোধরে পিছা মারছে কেডা? তুই আসলেই আমার পুত তো?"
শাহিদা এতক্ষণ চুপ থাকলেও এবার গলা ঠেলে প্রতিবাদ করতে চাইল,
"আব্বা, আপনে দেহেন না ওয় সোবহানরে পিডাইয়া কী করছে? বডিও নিছিলো কুপাইব বইলা। এহন ওর এমন সাংঘাতিক দুষ না দেইখা আপনে আমগো মা, ভাই-বইনগো কতা হুনাইতাছেন? ওয় এত বেয়াদ্যপ আমারে ধাক্কা মাইরা ফালাইয়া পইর্যন্ত দিছে কয়েকবার। ক্যান? সোবহানরে মারতে বাধা দিছি হেইলিগা। ওর বড় না ছুডো আমি? আদব লেহাজের বালাই ওর কুনোকালেই আছিল না। সবকিছুতে ছ্যান ছ্যান করা ওর স্বভাব। বিচার যদি করতেই হয় ওর বিচার করেন আগে।"
"কী বিচার করমু ক? তোর গুণধর ভাইয়ের মতো তালাক দেয়ার রায় দিমু?" ঠাট্টাপূর্ণ কণ্ঠ।
শাহানাজ মাঝ দিয়ে বলল,
"তালাকের কতা কইতাছি না, এডার পক্ষেও আমরা কেউ না। সেকেন্দার জীবনেও ওর বউরে তালাক দিব বইলা আপনের মনে ওয়? ওয় হুদাই মুহে মুহে ডর দেহাইতে কইছে এইডা বুঝতে কি ম্যাট্টিক পাশ করন লাগব আব্বা?"
"জবান দিয়া বাইর করছে যহন তহন তো কতা কওনই লাগব।"
"হ, পোলার বউয়ের সব দুষ মাফ তাইলে। আমরা সংসার করিনা? ওর মতো মুখতোড়ামি তো করিনা হউরবাড়িতে। ওর বেয়াদপিরে কত সহজে ছাড় দেয়া হইতাছে। সব দুষ বলে এহন আমগো আম্মা আর ভাই-বইনগো। অথচ আইজকা আমরা কেউই ওরে কিছু কই নাই, ওর শইলে বিষ উঠছে হেইডাও বলে আমগো দুষ? বিচার বইছে আমগো লাইগা। আম্মায় সামাইন্য একখান কতা কইছে হেইডার লাইগা কত ফিরিস্তি হুনতে হইছাতে। বিয়ার পরে বাপের বাড়ি আর বাপের বাড়ি থাহে না চাক্ষুষ প্রমাণ তো আইজকা দেখতাছিই। পরের মাইয়ার লাইগা কতা হুনতে ওয় আমগো।" কণ্ঠে শাহিদার ঠেস।
"ভুইলা যাইস না শাহিদা, তোরাও পরের বাড়ির বউ। বুঝলাম হালিমার দুষ আছে তাই বইলা কিছুত্তে কিছু হইলেই জোট বান্ধাস ক্যান হগলে মিইল্লা? তোর হউরবাড়ির লোকজন যদি এমন করতো তহন কেমন লাগতো? ওই মাইয়াডাও মানুষ। হারাদিন কতা হুনাইলে সুস্ত স্বাভাবিক মানুষেরও ঘিলু আউলাইয়া যায়। ওর বয়স কত যে তোরা ওর কাছে তোগো মতো ভারধারী আশা করস? হালিমা কি খারাপ মাইয়া? তোরা বাড়িত আইলে এই মাইয়াডাই হাত পুড়াইয়া তোগো লাইগা রান্ধে, প্রত্যেকবার হউরবাড়ি যাওয়ানের আগে যত্ন কইরা পোটলা বাইন্ধা দেয় হেইগুলান এত তাত্তারি ভুইলা গেলি? তাও তোগো কাপড় কাছা দিয়া ভাইয়ের বউয়ের লগে কাইজ্জা করতে হইব? এমুন আধ দামড়া দামড়ি চার গাবুর মিইল্লা এইটুক ছেমড়ির লগে লাগতে শরম করেনা তোগো?"
শেষের কথাটা যে তাদের তিন ভাইবোন আর আসমা বেগমকে উদ্দেশ্য করে বলেছে বুঝতে এক মুহূর্তও বেগ পেতে হয়নি কারো। শাহিদা ঠেস দেয়া কণ্ঠে বলল,
"হ আব্বা, আপনের পুতের বউ তো কচি খুকি হেইলিগা কিছুই বোঝেনা। পোলা অমাইনষের মতো মারে বোধ ছাড়া, বডি লয় বোধ ছাড়া। কাইজ্জা করতে দিলে তহন তো মুহে ঠিকই বুলি থাহে। দুষ করব কিন্তুক কেউ তারে ডাক দিতে পারত না, ডাক দিলেই বিচার সালিশ বইব।"
শাহাবুদ্দিন আলীর মেঝো কন্যাকে পাল্টা ঠেস দিলেন,
"কাইজ্জা করলে মুহে বুলি তো হগলেরই থাহে, তুই কাইজ্জা করোস কি মুক বুইজ্জা?"
বাবার প্রশ্ন শুনে শাহিদা হতাশ কণ্ঠে বলল,
"সেকেন্দারও কয়, ওয় ছুডো মানুষ ওর লগে লাইগেন না। মাথার তার এট্টু ছেঁড়া ছুডো বইলা মাফ কইরা দিয়েন আফা। ছ্যাত ছ্যাত করলেও উত্তর দিয়েন না। অল্প বয়স তো এহন এট্টু বাচ্ছা স্বভাবের, আপনেগো বয়সে গেলে ঠিক হইয়া যাইব। এমনিতে মনে কুনো কালা নাই। এহন দেহি বাপেও পুতের বউয়ের সুর টানে, বাপের বাড়িতে কদর ফুরাইছে বুঝলাম।"
শাহানাজ ছোট বোনের সঙ্গে তাল মিলিয়ে বলল,
"কি যে কস শাহিদা! হেরপরেও তো সেকেন্দার বলে আমগো লগে তাল দেয় হুনা লাগতাছে। সবসময় ওরে দেখছি বউয়ের দুষ যত পারে ঢাইক্কা রাহে। আমগো কইতো, ওয় ছুডো মানুষ বেশি কিছু কইয়েন না, মিইলামিশা থাইকেন। এহন হনতাছি সেকেন্দার বলে আমগো তাল দেয়, আমগো লগে মিইলা বউরে কতা হুনায়! উল্ডা আমরা আরও ওরে এইলিগা বউ পাগলা ভেড়া কই আর এহন হুনি ওয় বলে আমগো লগে জোট বাইন্ধা কাইজ্জা করে, উস্কায়। মাবুদ কালে কালে কত কীর্তি যে তুমি দেহাইবা!"
শাহাবুদ্দিন আলী ছেলের পানে চাইলেন। সেকান্দার শক্ত হয়ে বসে আছে যেন আশপাশের কোনো কথা তার শ্রবণেন্দ্রিয়ে ঢুকছে না। সোবহান বাবার কাঁধে মাথা ফেলে আছে, ওপাশে মুখ ফিরিয়ে আছে বিধায় ঘুমিয়ে পড়েছে কিনা ঠাহর করা যাচ্ছেনা। তিনি অতি সংগোপনে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন।
"তুই চাস কি সেকেন্দার?"
সেকান্দার মুখ খুলতে নিয়েছিল অমনি হালিমা আতঙ্কিত হয়ে পালঙ্ক থেকে হুড়মুড় করে উঠে এসে বড় বড় চোখে স্বামীর মুখ শক্ত করে চেপে ধরল,
"আপনে মুখ খুলবেন না, কিচ্ছু কইবেন না আপনে।"
সেকান্দার ভ্রুজোড়া কুঁচকে রুষ্ট চোখে চাইল। চরম বিরক্ত যে হয়েছে তা তার অভিব্যক্তিতেই ফুটে উঠেছে। বোঝা যাচ্ছে, ছেলে কোলে না থাকলে হালিমার হাত ছুঁড়ে ফেলত একমুহূর্তও দ্বিধা করত না। হালিমা সেদিকে গ্রাহ্য না করে সরাসরি শ্বশুরের দিকে মুখ ঘুরিয়ে বলল,
"আব্বা, হেয় আমারে যেই শাস্তি দিব আমি মাথা পাইতা নিমু। দরকার হইলে সোবহানের বাপে আমারে মারুক তাও আমি কিছু কমু না। তয় তালাকের কতা যেন আপনের পোলা মুক দিয়া বাইর না করে হেইডা কইয়া দেন।"
শাহাবুদ্দিন আলী কিছু বলবেন তার আগেই আসমা বেগম ধমকে উঠে বললেন,
"অইসভ্যের মতো হউর, হাউরি, ননাস হগলডির সামনে সোয়ামির মুক চাইপা ধরতে হইব ক্যান তোর? লাজ শরম সব খুয়াইছস? তোর বোধ কি কুনোদিন হইব না হালিমা?" সতর্ক করলেন যেন।
হালিমা তৎক্ষণাৎ লজ্জা পেয়ে মুখ ছেড়ে দূরে সরে দাঁড়াল। সে আজকে পাগল হয়ে গেছে। মাথা ঠিক নেই তার, বারবার অনাকাঙ্ক্ষিত ঘটনায় লজ্জায় মূর্ছা যাচ্ছে। শাহাবুদ্দিন আলী স্ত্রীকে ধমকালেন,
"ওয় ওর জামাইরে ধরছে, পর বেডারে তো আর ধরে নাই। এতে তোমার সমইস্যা কী শাহনাজের মা?"
"সমইস্যা হইলো চক্ষু লজ্জা। যেইডা বুঝেন না হেইডা নিয়া কতা কইবেন না শাহনাজের বাপ। শরম ভরম বাড়ির বউ ঝিগো থাকন লাগে। ওয় লাজ শরম সব বেইচ্চা দিছে আইজ।" খিটখিটে স্বরে।
শাহাবুদ্দিন আলী স্ত্রীর কথাটা খণ্ডালেন না, ভুল কিছু বলেননি আসমা বেগম। মুরুব্বিদের সামনে লজ্জাশরম থাকা আসলেই জরুরি। হালিমা যে আজ সজ্ঞানে নেই বুঝলেন তিনি। গলা খাঁকারি দিয়ে বললেন,
"হগলে ঘরে যাও, আমার সেকেন্দারের লগে আলাদা কতা আছে। হালিমা আম্মা আপনেও খাড়ান, আপনের বিচার আছে। আপনের বিচার করব আমার সোবহান।"
শাহাবুদ্দিন আলী চেয়ার ছেড়ে উঠে নাতিকে জোর করে কোলে তুলতেই সোবহান ছটফট করে উঠে গলা ছেড়ে কাঁদতে নিয়েছিল অমনি শাহাবুদ্দিন আলী নাতিকে জড়িয়ে ধরে বলে চললেন,
"ও আমার দাদাভাই, আপনে বেদনা পাইছেন? আম্মায় মারছে?"
সোবহান ঘনঘন ঘাড় নাড়াল। হাত, পা, মুখ সব দেখাতে দেখাতে অশ্রু টপটপ করে ঝরছে তার। যেন নীরব অভিযোগ পেশ করছে দাদাভাইয়ের কাছে। শাহাবুদ্দিন আলীর বুক খামচে ধরল নাতির এহেন দশায়। হালিমা নিজেও ওড়নায় মুখ লুকিয়ে হু হু করে কেঁদে ফেলল। কি পাষন্ড মা সে? কিভাবে পারল এভাবে মারতে? সেকান্দার বিরক্তকর চাহনি নিক্ষেপ করে চোখ সরিয়ে ফেলল। এধরনের মায়াকান্না অসহ্য ঠেকছে তার। শাহাবুদ্দিন আলী নাতির ফুলো ফুলো গাল, পিঠ, মাথা, হাত, পা সবকিছুতে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন। কঞ্চির লালচে দাগগুলোতে ঠোঁটের ছোট ছোট স্পর্শ দিলেন। সোবহান ব্যাথাতুর শব্দ করল,
"এনে বেদনা।" হাত দেখিয়ে।
শাহাবুদ্দিন আলী চুমু দিলেন সেখানেও। এরপর নাতিকে জড়িয়ে রেখেই হালিমাকে উদ্দেশ্য করে বললেন,
"তুমি যে অপরাধ করছ হেইডা মানো?"
"জে আব্বা।" ঘাড় কাত করে।
"তোমারে পোলাহানের কদর বুঝতে হইব হালিমা। তুমি আইজকা যেইডা করছ হেইলিগা আমি প্রচুর নারাজ তোমার উপ্রে। তোমারে আদর করি দেইখা আমার নাতির উপ্রে হাত উডানো কুনোভাবেই বরদাস্ত করমু না। ফের যেন কুনোদিন না হুনি আমার নাতির গায়ে তুমি হাত তুলছ। আইজকা শাস্তি সোবহান তোমারে দিবো, তাইনা দাদাভাই?"
শেষ কথাটা নাতির উদ্দেশ্যে ছুঁড়ে। সেকান্দার এতক্ষণ পরে মুখ খুলল,
"আব্বা, বেশি মাথায় উডাইয়েন না ওরে। মাথায় উডাইছি দেইখাই ওয় এত বাড়ছে। ওরে ওর বাপের বাড়িত রাইখা আহি হেইডাই ভালা হইব।" গম্ভীর কাটকাট স্বর।
শাহাবুদ্দিন আলী শুধালেন,
"তালাক দিয়া নাকি তালাক ছাড়া?"
সেকান্দার থেমে গেল। ভাবতে লাগল কিছু। চোখ ঘুরিয়ে বাইরে দৃষ্টি দিল। বাইরে অন্ধকার ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। ঘরের সকলেই তার জবাবের আশায় চেয়ে। খানিক পরে সেকান্দার মুখ খুলল,
"যেই শাস্তি দিমু মাথা পাইতা নিবো তাইনা? ওয় হতিনের ঘর করতে পারব কিনা জিগান?"
হালিমার মাথায় বাজ পড়ল যেন। কেঁপে উঠে জমে দাঁড়িয়ে রইল। চোখের কোণে অশ্রু ভরাট হতে লাগল নিমিষেই। শাহাবুদ্দিন আলী পুত্রের কথা গ্রাহ্য করলেন বলে মনে হলো না। নাতিকে উদ্দেশ্য করে বললেন,
"দাদাভাই আম্মার কী বিচার চান? আপনে যেইডা কইবেন হেইডাই।"
সোবহান মায়ের কথা শুনেই আরও গুটিয়ে গেল। ভয় পাচ্ছে বাচ্চাটা। শাহাবুদ্দিন আলী নাতিকে আশ্বস্ত করলেন বিভিন্ন কথা বলে। সোবহান একটু স্বাভাবিক হয়ে বলল,
"আম্মা আমারে নাল বানাইব।"
"বানাইব না কন আপনে।"
"আব্বা?" বাবার দিকে দুহাত বাড়িয়ে ধরে।
"আব্বারে ডাকেন ক্যান ভাই?"
সোবহান গাল ফুলিয়ে মিনমিন করে বলল,
"আম্মারে নাল বানাইতে।"
আসমা বেগম, শাহনাজ, শাহিদা আগেই প্রস্থান করেছে। এত রঙ তামাশা দেখার সময় তাদের নেই। ছাতার মাথার সতীন আনবে আর তালাক দেবে। যতসব! এরপর সেখানেও দোষ তাদের মা, মেয়েদেরই হবে। যত দোষ সব তো তাদেরই হলো। কিছু করল না, ছুলো না দোষ নাকি সব তাদের মা আর মেয়েদের। ঘরে উপস্থিত ছিল শুধু শাহাবুদ্দিন আলী, সেকান্দার আর হালিমা। সোবহানের কথায় শাহাবুদ্দিন আলী খুঁক খুঁক করে কেশে উঠলেন,
"সেকেন্দার পোলার কতা হুনছোস নি? এহন তোর হিসাব ক্যামনে লাল বানাইবি না বানাইবি। তয় এক্কেরে লাল বানাইয়া দিবি কইলাম। আমার নাতি কইছে বইলা কতা ঠিক না দাদাভাই?"
সোবহান ঘাড় নাড়িয়ে সম্মতি দিল। হালিমা এখনো মূর্তির মতো দাঁড়িয়েই আছে, সতীন কথাটা কানে বাজছে এখনো। দাদা নাতির খুনসুটি কিছুই তার মন গলাতে পারছে না। শ্বশুরের অনুমতি নিয়ে চুপচাপ ভেতরের ঘরে চলে গেল নিষ্প্রাণ নির্জীব ভঙ্গিতে। সেকান্দার নিজেও বিরক্ত হয়ে বাইরে বেরোতে নিলে শাহাবুদ্দিন আলী ছেলেকে ডেকে উঠলেন,
"খাড়া সেকেন্দার।"
সেকান্দার বাবার ডাকে দাঁড়াতে বাধ্য হলো। মুখ সম্মুখে স্থির, কঠিন এবং অবিচল। সোবহানকে কোল থেকে নামিয়ে পালঙ্কের উপর বসিয়ে দিয়ে ঘরের বাইরে সেকান্দারের পাশে এসে দাঁড়ালেন।
"বাচ্ছা কহনো পেডে রাখছিলি?"
সেকান্দার চোখ ঘুরিয়ে বাবার পানে বিরক্তিকর দৃষ্টি দিলো। এগুলো আবার কোন ধরনের ছেলেমানুষী প্রশ্ন? শাহাবুদ্দিন আলী পা ঝুলিয়ে ঘরের চাতালে বসলেন। ছেলেকেও পাশে বসতে নির্দেশ দিলেন। সেকান্দার না চাইতেও বসতে বাধ্য হলো। বাবার কথা অমান্য করার দুঃসাহস তার নেই। তার মেজাজ আজকে মোটেও ঠিক নেই। রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না, মস্তিষ্ক এখনো দপদপ করে জ্বলছে। রাগে শরীর ফেটে যাচ্ছে যেন।
"কইলি না তো?"
"কী কমু?"
"বাচ্ছা পেডে রাখছিলি কহনো?"
"আপনে রাখছিলেন কহনো?" দাঁতে দাঁত চেপে।
"না রাহি নাই।"
"তাইলে আমিও রাহি নাই।" ত্যাড়া কণ্ঠস্বর।
শাহাবুদ্দিন আলী ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন,
"তোরে একখান প্রশ্ন জিগাইছি, এত মেজাজি হইলে তো হইব না বাজান।"
"পেডে বাচ্ছা রাখমু ক্যামনে? আমি কি মাইয়া?" ক্যাটক্যাটে স্বর।
"পেডে বাচ্ছা না রাইখাই এত পোড়ায় খালি বাপ দেইখা। ওয় কিন্তুক মা, দশমাস দুঃখ, বেদনা সইহ্য কইরা সোবহানরে রাখছে পেডে। ওর কত জ্বলন হইতাছে ভাব?"
"জ্বলন হইলে বুঝি এমনে পিডায়? পুতের বউয়ের আর গীত গাইয়েন না।"
রুক্ষ ও বিতৃষ্ণা ভরা কণ্ঠে কথাটা বলে অদূরের অন্ধকারে দৃষ্টি নিবদ্ধ করল। টিমটিমে হলদেটে আলো জ্বলছে ঘরে। ঘর থেকে সেই মৃদু আলো এসে তাদের পিঠ বরাবর পড়ছে। বাইরে অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। ঘরের সেই টিমটিমে আলোটুকুই একমাত্র ভরসা। শাহাবুদ্দিন আলী ছেলের কাঁধে হাত রাখতেই সেকান্দার কপালে ভাঁজ ফেলে চাইল। আব্বা সহজে কখনো কাঁধে হাত দেননা, আজ হঠাৎ!
"একবার তোর আম্মায় রাগের মাথাত তোগো তিন ভাই-বইনরে মনের জ্বালা মিডাইয়া পিডাইছিল। হেইডা দেইখা তোর দাদি আমারে তালাক দিবার কইছিল।"
সেকান্দার বাবার দিকে কৌতুহলী নেত্রে চেয়ে। শাহাবুদ্দিন আলী বললেন,
"আমি আম্মারে কইছিলাম, বাচ্ছা পিডানোর লাইগা সামাইন্য তালাক? এইডা কম শাস্তি হইয়া গেলো না? শাস্তি দিতে হইব আমার লগে রাইখা। তালাক দিয়া দিলেই তো খালাস। হারাজীবন কি শাস্তি দিতে পারমু কন? এই কতা হুইনা তোর দাদি কী কইছিল জানোস? কয় ঠিক কইছোস ওরে কুনোদিন ছাড়বি না। লগে রাইখা আইচ্ছা মতো টাইট দিবি, বেত্তমিজ মাইয়া। দুই হাউরি, বউয়ের সম্পর্ক আছিল হাপ আর বেজী। এহন যেমন তোর মা আর হালিমা ঠিক তেমন। হা হা.."
মন খুলে হাসলেন শাহাবুদ্দিন আলী। সেকান্দার বাবার হাসিমাখা বদনে চেয়ে রইল একদৃষ্টিতে। দৃষ্টিতে মুগ্ধতা ভেসে উঠল কি! মানুষটা খুব কম হাসেন, তবে যখন হাসেন তখন এক ধরনের প্রফুল্লতা দেখা যায় চোখ মুখে। আব্বা মানুষটা অদ্ভুত। কখনো তাদের গায়ে হাত তোলেননি অথচ তার একটা হাঁকেই তারা সব ভাইবোনেরা সোজা। তাকে একবারও বলেনি তালাক দিবি না কিংবা তালাক দেয়া অনুচিত কিন্তু কথা দ্বারা ঠিকই বুঝিয়ে দিলেন তালাক কোনো সমাধান নয়। সংসার করতে হলে স্বামী, স্ত্রী দুজনকেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। সেকান্দার কি ভাবল জানা নেই তবে শাহাবুদ্দিন আলী মৃদু আলো এবং জমাট বাঁধা আঁধারের সন্ধিক্ষণেও বুঝলেন ছেলের কপাল আর আগের মতো গোটানো নেই।
চলবে....
