#শিউলি_ফুল
#পর্ব_১৫
#তাজরীন_ফাতিহা
উঠোনের একপাশে বাঁশের সারি। শাহাবুদ্দিন আলী পিঁড়িতে বসে এই বাঁশ বা বেতের গিটগুলো ধারালো দা দিয়ে লম্বালম্বি কেটে চিকন করে চিরছেন। পরনে সাদা লুঙ্গি, খালি গা। কাঁচা-পাকা চুল, দাড়ির আড়ালে ব্যস্তময় ঘর্মাক্ত মুখশ্রী। চাঁচ দিয়ে বাঁশের সবুজ ছাল ছেঁচে আলাদা করে পাতলা পাতলা ফালি করে করে বড় কন্যা শাহানাজকে দিচ্ছেন। শাহানাজ সেগুলো পাটিতে মেলে মেলে রাখছে। তিনটে বিশাল নারিকেল গাছের পাতার ফাঁক গলে রোদ সরাসরি এসে বেতিগুলোতে পড়ছে। বেতিগুলোকে কিছুদিন রোদে শুকিয়ে শক্ত ও টেকসই করা হয়, যাতে পোকায় না ধরে বা পচে না যায়। এই কয়দিনের মুষলধারে বৃষ্টি, বাদলার দরুন এগুলো শুকাতে দেয়া সম্ভব হয়নি তাই রোদ ওঠার সঙ্গে সঙ্গে বাবা, মেয়ে মিলে কাজে লেগে পড়েছে। কখন আবার আসমান মেঘে ছেয়ে যায় বলা মুশকিল। বর্ষার এই এক সমস্যা। এই ফকফকা টাটকা সোনালি রোদ আবার হুট করে মেঘ জড়ো হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামল বলে।
আসমা বেগম বেতি দিয়ে মোড়া, হাতপাখা, চাটাঁই, ঝুড়ি বুনুনের কাজ করেন। বড় শখের কাজ তার। বড় কন্যা শাহানাজ, মেঝ কন্যা শাহিদা, সেঝ কন্যা শারমিন প্রত্যেকেই এই হস্তশিল্পে পারদর্শী। বংশানুক্রমে এই ধারা পেয়েছে তারা। আসমা বেগমের শাশুড়িও এই কাজে পটু ছিলেন। সেখান থেকেই আসমা বেগম শিখেছেন এরপর তার কন্যারা। ব্যতিক্রমী কেবল ছোট কন্যা আলেয়া। এই কন্যার বয়স নিতান্তই কম। ক্লাস ফোরে পড়ে। সোবহানের খেলার সাথী তার ছোট ফুপি আলেয়া। যত ধরনের বিচ্ছুগিরি আছে সব ছোটফুপি আলেয়ার সঙ্গে মিলেমিশে ভাগাভাগি করে দুই ফুপু ভাইস্তা। সেকান্দার তার ছোটবোনকে একটু বেশিই আহ্লাদ করে। সে আরেক ইতিহাস।
সোবহান দাদার পাশে বসে বেতি কাটা দেখছে। সেগুলো হাতে নিয়ে বড় ফুপির মতো মেলে দেয়ার চেষ্টা করছে। শাহানাজ ভাইপোকে এলোমেলো করতে নিষেধ করলেন। সোবহান সেকথা কানে তুললে তো। সে ফুপির সাথে কাজে সাহায্য করছে।
"সোবহান, কাম বিগড়াইতাছস ক্যান?"
"কাম আউগাই দেই।" ফোকলা দাঁতে হেসে।
"তোর কাম আগায় দেয়া লাগতো না। গুছাইয়া মেইলা দিতাছি ছেমড়াডায় করতাছে কী?"
সোবাহান ফুপির ধমকে ছলছল চোখে দাদার পানে চাইলে শাহাবুদ্দিন আলী বড় মেয়েকে ধমকে উঠলেন।
"শাহনাজ!"
"জে আব্বা।"
"সোবহানরে ধমকাস কিইল্লিগা?"
"ওয় আউলাইতাছে আব্বা।"
"আউলাক, ওরে মানা করনের তুই কেডা?"
"আইচ্ছা, তোমার নাতিরে আর কিছু কমু না। ঐ কর যা করার। পণ্ডিত হইছে, খালি নালিশ দিবার পারে।" শেষের কথাটা সোবহানকে উদ্দেশ্য করে বলল।
সোবহান মুহূর্তেই কান্না গিলে ফিচফিচ করে হেসে বেতি সাজিয়ে রাখছে। সাদা স্যান্ডো গেঞ্জি আর হাফপ্যান্টে ময়লা ভরিয়ে ফেলেছে বাচ্চাটা। একটু আগে রশিদ, শফিক আর আলেয়ার সঙ্গে খেলাধুলা করতে গিয়ে মাটিতে পড়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে দাদার কাছে এসে নালিশ দিয়েছে তাকে ফেলে দেয়া হয়েছে। আলেয়াও ভাইপোর পিছু পিছু ছুটে এসেছিল তবে সোবহানকে বাবার কাছে নালিশ দিতে দেখে দৌড়ে পালিয়েছে। সেই থেকে শাহাবুদ্দিন আলী নাতিকে নিজের পাশে বসিয়ে কাজ করছেন। তার এই নাতিটা বড় হাবাগোবা। কেউ আঘাত করলে পাল্টা আঘাত করতে পারেনা। নিজ পুত্রবধূ হালিমার এনিয়ে চিন্তার শেষ নেই। তার ছেলেটাকে সবাই মেরে টেরে ফাঁসিয়ে দেয় আর সোবহান কাঁদতে কাঁদতে মা কিংবা দাদার কাছে নালিশ জানায়। যদিও কিছু আবার বাড়িয়ে চারিয়ে বলে। কেউ না মারলেও এসে বলে তাকে লাল বানিয়ে দিয়েছে। সেসব আবার সকলে বিশ্বাস করতে কার্পণ্য করেনা। মাসুম বাচ্চা মিথ্যা তো বলবে না। নাতিটার জন্য শাহাবুদ্দিন আলীর বড় দুশ্চিন্তা হয়।
হালিমা হাঁস মুরগিকে খাবার দিয়ে পুকুর ঘাটে গিয়েছিল থালাবাসন আর জামাকাপড় ধুতে। থালাবাসন রসুই ঘরের দাওয়ায় রেখে এসে উঠোনে শ্বশুর আর ননাসকে কাজ করতে দেখল। সে কথা না বলে নিঃশব্দে উঠোনের দড়িতে বালতির কাপড় মেলতে লাগল। পানি ঝেড়ে ঝেড়ে শার্ট দড়িতে মেলতেই শাহানাজ খ্যাটখ্যাট করে উঠল।
"চৌক্ষে কি তোর ঠোঁসা? দেহস না কাম করি। তুই পানি ছিটকাস ক্যান বেয়াদ্যপ। কহনতে কষ্ট কইরা রৌদে এগুলান হুগা দিতাছি ওয় আইয়া পানি মেলায়। অহন পইর্যন্ত বোধ জ্ঞান হয়নাই কহন কী করতে হয়।"
আতকা চিৎকারে হালিমা কেঁপে উঠল। ভয় পেয়েছে বেশ। সোবহানও ভয় পেয়েছে। এভাবে চিৎকার করতে হবে কেন? ভালোভাবে বললে কি হালিমা শুনতো না? রাগে শরীর কাঁপছে তার। তার সবকিছুতে সমস্যা এদের। বালতি রেখে হনহনিয়ে ভিতরে চলে গেল। শ্বশুর না থাকলে এতক্ষণ মুখ ছুটতো হালিমার। সেকান্দারের শার্ট ছেঁড়ার ঐ ঘটনার পরে যদিও হালিমা চুপচাপ হয়ে গেছে। সেকান্দার আলী নামক অভদ্র পুরুষটি তার সঙ্গে কথাবার্তা কমিয়ে দিয়েছে। শুধু তার সঙ্গে না বাড়ির সকলের সঙ্গেই সেদিনের পরে সেকান্দার কথা বলা বন্ধ করে দিয়েছে। সারাদিন কাপড়ের দোকানেই কাটায়। রাতে বাড়ি ফেরে। এমনকি এখন সেজেগুজে সামনে ঘুর ঘুর করলেও দেখেও দেখে না। সেজন্য প্রতিজ্ঞা করেছে এ বাড়ির কারো সঙ্গে আর মুখ চালাবে না সে। তবে বাড়ির বাকিরা তো থেমে নেই, ঠিকই মুখ চালাতেই থাকে। মাঝেমধ্যে রাগ উঠে যায়। শ্বশুর শাহাবুদ্দিন আলীকে বেশ সমীহ করে হালিমা। এই বাড়ির মধ্যে যদি তাকে সত্যিকারের ভালো পায় তাহলে সেটা শাহাবুদ্দিন আলী। মানুষটা তাকে মেয়ের মতো আগলে রাখে। হালিমা চলে আসতে আসতে শাহাবুদ্দিন আলীর ধমকে ওঠা শুনতে পেয়েছে। সেকান্দার চা, বিস্কুট খেয়ে দোকানে চলে গেছে সেই সকালে। হালিমা এখন মুড়ি, বিস্কুট খাবে। সোবহানটাকে ওর দাদা খাইয়ে দিয়েছে বোধহয়। নয়তো এতক্ষণে তার কাছে খাবার চাইতে আসত।
___
পড়ন্ত বিকেল। সূর্যের ম্রিয়মান আলোতে আসমা বেগম রোয়াকে চাঁটাই বিছিয়ে বেতি দিয়ে হাতপাখা বুনছেন। শাহাবুদ্দিন আলীর বিশাল চৌচালা ঘর। উঠোনে নামার জন্য লাগোয়া সিঁড়িও রয়েছে। সঙ্গে আধপাকা আরও দুটো ঘর পাশাপাশি। ইটের গাঁথুনির চুনকামে স্যাঁতসেঁতে ভাব ধরেছে। গেরস্ত এই বাড়িটি অন্য দশটা বাড়ির তুলনায় স্বচ্ছল বলা চলে। মূল ঘরের সামনেই বেশ চওড়া মাটির উঠোন। একপাশে পুরোনো আমগাছ আর নারিকেল গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। অন্যপাশে বাঁশের বেড়ায় ঘেরা রসুইঘর। এর কিছুটা দূরে হাম্মামখানা আর কলপাড়। টিনের ল্যাট্রিনের অবস্থান মূল ঘর থেকে বেশ খানিক দুরত্বেই, পুকুরঘাটের সঙ্গে। রসুইঘরের পেছনে পুকুরঘাট, ঘুরলে বেড়ার ফাঁক দিয়ে বরাবর দেখা যায়। হালিমা এখন রসুই ঘরে। চা বসিয়েছে কেটলিতে। পট ভর্তি করে চা করে রাখবে। শ্বশুরের ঘনঘন চা খাওয়ার বাতিকের জন্য পট ভর্তি করে চা করা হয়। এখান থেকেই যার যখন মনে চায় চা নিয়ে নিয়ে খায়। পটে ভরে রাখলে চা ঠান্ডা হওয়ার চিন্তা থাকে না, অনেকক্ষণ গরম থাকে। শাহাবুদ্দিন আলী আসরের নামাজ পড়তে গিয়েছেন এখনো ফেরেননি, মাগরিব পড়ে একেবারে ফিরবেন বোধহয়। পাশের চুলোতে মুড়ি ভাজছে হালিমা। উনুনে লাকড়ি ঠেলে চুলোর মৃদু আঁচে কড়াই বসিয়ে শলার নাড়ানি দিয়ে নেড়ে নেড়ে মুড়ি ভেজে তুলে রাখছে ঝাঁপিতে।
সোবহান পাড়ার ছেলেপেলেদের সঙ্গে মিশে কি কি যেন ছড়া শিখেছে। যাকে সামনে পায় তাকেই তার সেই বিখ্যাত ছড়াগুলো বলে বেড়ায়। তাও আবার বিভিন্ন ভঙ্গিমা আর অভিনয় করে। এখন তার দাদিকে তার শেখা সেই বিখ্যাত ছড়াটা অভিনয় করে দেখাচ্ছে। আসমা বেগম দেখলেন তার নাতি পশ্চাতে হাত বারি দিতে দিতে বলছে,
"ওগায় নাই কাপুল
নাঙ্গু হইয়া পাদুন
ওগায় মেলা দাগ
হাগে সবাই পুতপাত।"
"ইছি ছি ছি! এ কেমুন ছড়া ভাই?" হতভম্ব গলা।
সোবহান দাদির বলার ভঙ্গিমা দেখে হেসে গড়াগড়ি খেয়ে আসমা বেগমের কোলের ভেতর ঢলে পড়ল। আসমা বেগম হতভম্ব হয়ে গেছেন এহেন ছড়া শুনে। নাতি কার সঙ্গে মিশে এসব শিখছে? বিচ্ছু পোলাপানের আখড়া আশেপাশে। হালিমা আবার ছেলেকে তাদের বিরুদ্ধে উসকে দিতে এসব শেখাচ্ছে না তো? আজকালকার পোলাপান গুলো উচ্ছন্নে যাচ্ছে। ছড়া না কড়া এগুলো? সোবহান আবারও অতি উৎসাহে মাথা নাড়াল,
"আরো শিকছি দাদু, খাড়ান হুনাই।"
বলতে দেরি গলা পরিষ্কার করতে দেরি হয়নি,
"দাঁড়ায় দাঁড়ায় করছে পিশাব
রাকিনি তার হিসাব
চাদনাতলায় বগের ঠ্যাং
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ।"
সোবাহান আবারও খিকখিক করে হাসল। আসমা বেগম নাতিকে থামিয়ে দিলেন,
"খুব ভালা হইছে। থাক আর হুনানি লাগতো না।"
"আরেকটা, আরেকটা।" লাফিয়ে উঠে।
আসমা বেগম না চাইতেও সায় দিলেন। নাহলে এই বিচ্ছু থামবে না, তার হাড় মাংস জ্বালিয়ে খাবে। সঙ্গে মাতব্বর মাটাকেও নিয়ে আসবে। তার সব পাপের শ্রাদ্ধ আজই হবে মনে হচ্ছে।
"আমাল বুন্দু বল্টু
নুঙ্গি খুইলা লাল্টু
শপিক ভাইয়ের ওগায় ফোড়া
ভাইয়ে খায় পানি পড়া।
রশিদ ভাইয়ে কান্দে
ওগা উচাইয়া পিন্দে।"
আসমা বেগম পাখা বোনা বাদ দিয়ে নাতির বিখ্যাত ছড়া শুনতে গিয়েছিলেন। এখন তার মাথা ব্যথা শুরু হয়েছে। সোবহান এখনো থেমে নেই সে আবারও আরেকটা ছড়া বলতে উদ্যত হয়েছে। দাদির ভালো, মন্দ দেখার সময় তার নেই। এসব বলে সে আনন্দ পাচ্ছে সেটাই মূলত বিষয়। মায়ের সামনে সে ভদ্র বাচ্চা। এসব শুনলে মা তাকে ঠেঙানি দেবে তাই সে এসব হালিমাকে ভুলেও শোনায় না। এইটুকু বয়সে ভালোই বুদ্ধি নিয়ে ঘোরে। কোমরে দুইহাত রেখে ঢুলতে ঢুলতে বলল,
"ওগা ডুলে রে ডুলে
আমায় নেন কুলে
মুগ্গির বাচ্চা ফুটছে
শফিক ভাইয়ে মুতছে।"
ছড়া শেষ করতে না করতেই হালিমা কয়েক ঘা বসিয়ে দিয়েছে। শাশুড়িকে চা, মুড়ি দিতে এসে সব শুনেছে সে। এসব ফালতু ছড়া কে শিখিয়েছে তার ছেলেকে? সোবহান মার খেয়ে গলা ছেড়ে কাঁদতে বসেছে। আসমা বেগম রাগান্বিত কণ্ঠে বললেন,
"থাক আর ডং দেহানি লাগতো না। পোলারে এইসব শিখাইয়া এহন আইছস নাটক করতে?"
"আমি শিখাইছি?" হালিমা আকাশ থেকে পড়ল যেন।
"তা ছাড়া আর কে? শফিক, রশিদের নামে এই রহমের ছড়া শিখাইয়া পড়াইয়া হেইদিনের প্রতিশোধ নিলি। বুঝি নাই ভাবছোস? তোর মনে এত হিংসা ক্যানরে ছেমড়ি?"
হালিমা এসব শিখিয়েছে? না জেনে আন্দাজে এধরনের অপবাদ কীভাবে দেন তিনি? রাগ মিটাতে সোবহানকে কয়েক ঘা দিতেই থাকল।
"কে শিখাইছে এইসব ক?"
সোবহানকে তবুও মুখ বন্ধ করে রাখতে দেখে কঞ্চি নিল হাতে। সোবহান চিৎকার করে উঠল। শাহিদা, রশিদ, শফিক, আলেয়া সবাই চিৎকার চেঁচামেচিতে বেরিয়ে এসেছে ঘর থেকে। শাহানাজ গেছে পাশের বাড়ি। শাহিদা এসে হালিমাকে থামাতে চাইল কিন্তু হালিমার এতদিনের রাগ যেন পুঞ্জীভূত হয়ে বিস্ফোরণ ঘটেছে। কাউকে তোয়াক্কা না করে কঞ্চি দিয়ে সপাৎ সপাৎ করে মারতে লাগল। শাহিদাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে।
"কইতে কইছি ক অজাতের বাচ্চা কেডা শিখাইছে এডি? ক?" কঞ্চি দিয়ে মারতে মারতে।
সোবহান কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে যাচ্ছে,
"উমাগো!! ও ফুপুগো, ও দাদুগো নাল বানাই দিছে বাঁচাও। মাইরা ফানাইলো।"
শাহিদা ঠেকাতে চাইছে হালিমাকে কিন্তু হালিমা যেন রাগে আরও ফেটে পড়ল। শাহিদাকে আবারও ধাক্কা দিয়ে সরিয়ে সোবহানের চুলের মুঠি চেপে ধরে কঞ্চি চালাতে চালাতে শুধাল,
"কেডা শিখাইছে ক হারামির বাচ্চা?"
"হাছান আর করিম ভাইয়ে শিকাইছে।" চিৎকার করে কাঁদতে কাঁদতে।
"তুই এইসব শিখছস ক্যান? করিম, হাছান তোর বয়সী? তুই অত দামড়া দামড়া পোলাহানের লগে কিইল্লিগা মিশোছ? তোরে পাশের বাড়ি যাইতে মানা করছি না? হেরপরেও ক্যান গেছস?" মারতে মারতেই।
আসমা বেগম নাতিকে এমন অমানুষিকভাবে মারতে দেখে ধমকে উঠেছেন কয়েকবার তবুও হালিমা থেমে নেই। কাউকে তোয়াক্কা করছে না সে। শাহিদাকে বারবার ঠেলে সরিয়ে দিচ্ছে। রশিদ, শফিক মামীকে এমন রাগতে দেখে ভয়ে কাঁপছে। কিভাবে সোবহানকে মারছে আল্লাহ! তার গায়ে যেন অশরীরী ভর করেছে।
"তোর কারণে সবসময় আমারে কতা হুনতে হয় কিইল্লিগা? তোর কারণে আমার এত ভোগান্তি। বেয়াদপের বাচ্চা, অজাত পেডে লইছি। তোরে মাইরা ফালামু আইজ। কইছিলাম না ধরলে তোরে পাড়ায় মারমু।"
বলে সোবহানকে হেঁচড়াতে হেঁচড়াতে উঠোনে এনে ফেলল। বাচ্চাটা মাটিতে শুয়ে গড়াগড়ি করে কাঁদছে। হালিমা হাত, কঞ্চি কোনোটা বাদ দিচ্ছে না মারতে। শাহিদা ধস্তাধস্তি করে কঞ্চি ফেলে দিয়েছে। হালিমা এবার জোরে ধাক্কা দিয়ে শাহিদাকে ফেলে দিল। উন্মাদের মতো চিল্লিয়ে,
"সরেন আপনেগো আলগা পিরিতি দেহানি লাগতো না। আমার পোলারে আমি মারমু। আলগা পিরিত দেহাইতে আইছে। সবসময় খালি আমার আর আমার পোলার দোষ। দোষ করছে শাস্তি দিতাছি, খুশিতে নাচেন না ক্যান?"
বলে এবার হাত দিয়ে পেটাতে লাগল সোবহানকে। তার মাথা এখন ঠিক নেই, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ছেলেকে পিটিয়ে সেই ঝাল মেটাচ্ছে। শাহিদা চিৎকার করে বললেন,
"আম্মা, এই পাগলরে থামান। ওয় তো সোবহানরে মাইরা ফালাইব।"
আসমা বেগম বেতি রেখে উঠোনে নেমে এসেছেন। ঘরের খুঁটি ধরে হায় হায় করে উঠলেন,
"এই কালনাগিনি দেহি আমার মাইয়া আর নাতিডারে মাইরা হালাইব। গতরে শক্তি বেশি হইছে? ওই হারামজাদি থাম কইতাছি। সেকান্দার আহুক আইজকা। ননাসরে ধাক্কা মাইরা হালায় দেয়, নাতিডারে কুত্তার মতো মারে। এত বিষ ক্যান শইলে? কী এমন কইছি তোরে? তুই শিখাস নাই কতা তো এনেই শ্যাষ, হেরপরেও তোর এত বিষ ক্যান? সোবহানরে ছাড় কইতাছি। আমার বাড়িত্তে আইজকা তোরে বাইর করমু কইলাম।"
ক্রিং ক্রিং শব্দ তুলে বাড়ির পূর্ব পাশে অবস্থিত কদম গাছটার নিকটে এসে থামল চলন্ত সাইকেলটা। এটাতে করেই নিজের কাপড়ের দোকানে যায় সেকান্দার। সূর্য ডুবেছে বেশ খানিক আগে। মাগরিবের আজান পথেই শুনেছে সে। আজ একটু তাড়াতাড়িই ফিরেছে। সোবহানকে নিয়ে উজিরপাড়া যাবে, দাওয়াত আছে সন্ধ্যার পরে। ক্রিং ক্রিং বেল বাজিয়ে প্যাডেল নামিয়ে দাঁড়াতেই বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। সেকান্দার অবাক হয়ে বাড়িতে ঢুকতেই গায়ে জ্বালা ধরা দৃশ্য অবলোকন করল। তার ছেলেকে অমানুষিকভাবে পেটাচ্ছে হালিমা। সোবহান মাটিতে গড়াগড়ি করে কাঁদছে। ঠোঁট ফুলিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে হাপরের মতো কাঁদছে বাচ্চাটা। যেন কাঁদতে কাঁদতে তার গলাও বসে গেছে। এ কি বিভৎস দৃশ্য!
চলবে....
