যকের ধন
হেমন্দ্রকুমার রায়
এ চোর কে? ১০
আমরা খাসিয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি—সামনে বুদ্ধদেবের এক পাথরের মূর্তি। গভীর রাত্রি, আকাশে চাঁদ নেই, সব দিকে খালি অন্ধকার আর অন্ধকার। মাথার অনেক উপরে তারাগুলো টিপটিপ করে জ্বলছে, তাদের আলোতে আশেপাশে অনেকগুলো পাহাড়ের মাথা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আমার মনে হলো সেগুলো যেন বড় বড় দানবের কালো কালো মায়ামূর্তি। তারা যেন প্রেতপুরীর পাহারাওয়ালার মতো ওত পেতে হুমড়ি খেয়ে রয়েছে—এখনি হুড়মুড় করে আমাদের ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়বে। চারদিক এত স্তব্ধ যে গায়ে কাঁটা দেয়, বুক ছ্যাঁৎ ছ্যাঁৎ করে। শুধু রাত করছে—ঝিম্ ঝিম্ ঝিম্ ঝিম্ আর ভয়ে কেঁপে গাছপালা করছে—সর্ সর্ সর্ সর্। বিমল চুপি চুপি আমাকে বলল “এই বুদ্ধদেবের মূর্তি। এইখানেই যকের ধন আছে।” হঠাৎ কে খলখল করে হেসে উঠল—সে বিকট হাসির প্রতিধ্বনি যেন পাহাড়ের মাথাগুলো টপকে লাফাতে লাফাতে কোথাও কতদূরে কোন চির অন্ধকারের দেশের দিকে চলে গেল।
আমি স্তম্ভিত হয়ে গেলুম, রামহরি আঁতকে উঠে দু’হাতে মুখ ঢেকে ধুপ করে বসে পড়ল, বাছা আকাশের দিকে মুখ তুলে ল্যাজ গুটিয়ে কেঁউ-কেঁউ করে কাঁদতে লাগল।
বিমল সাহসে ভর করে বললে, “কে হাসলে?”
আবার সেই খলখল করে বিকট হাসি। কে যে হাসছে কিছুই দেখা যাচ্ছে না, তবে সে হাসি নিশ্চয়ই মানুষের নয়—মানুষ কখনও এমন ভয়ানক হাসি হাসতে পারে না।
বিমল আবার বললে, “কে তুমি হাসছ?”
“আমি।” উঃ, সে স্বর কী গম্ভীর।
“কে তুমি? সাহস থাকে আমার সামনে এসো।”
“আমি তোমার সামনেই আছি।”
“মিথ্যে কথা! আমার সামনে খালি বুদ্ধদেবের মূর্তি আছে।”
“হাঃ, হাঃ, হাঃ, হাঃ! আমাকে বুদ্ধদেবের মূর্তি ভাবছ? চেয়ে দেখো ছোকরা আমি যক।”
বুদ্ধদেবের সেই মূর্তিটা একটু একটু নড়তে লাগল, তার চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠল।
বিমল বন্দুক তুললে মূর্তিটা আবার খলখল করে হেসে বললে, “তোমার বন্দুকের গুলিতে আমার কিছুই হবে না।”
বিমল বললে, “কিছু হয় কি না দেখছি।” সে বন্দুকের ঘোড়া টিপতে উদ্যত হলো।
আকাশ-কাঁপানো স্বরে মূর্তি চেঁচিয়ে বললে, “খবরদার! তোমার গুলি লাগলে আমার গায়ের পাথর চটে যাবে। বন্দুক ছুড়লে তোমারি বিপদ হবে।”
“হোক গে বিপদ, বিপদকে আমি ডরাই না।”
“জানো, আমি আজ হাজার হাজার বছর ধরে এইখানে বসে আছি আর তুমি কালকের ছোকরা হয়ে আমার শান্তিভঙ্গ করতে এসেছ? কী চাও তুমি?”
“গুপ্তধন!”
“হাঃ হাঃ হাঃ হাঃ। গুপ্তধন চাও—ভারি আশা যে! এই গুপ্তধন নিতে এসে এখানে তোমার মতো কত মানুষ মরা পড়েছে তা জানো? ঐ দেখো তাদের শুকনো হাড়।”
মূর্তির চোখের আলোতে দেখলুম, এক দিকে মস্তবড় হাড়ের টিপি—হাজার হাজার মানুষের হাড়ে সেই টিপি অনেকখানি উঁচু হয়ে উঠেছে।
বিমল একটুও না দমে বললে, “ও দেখে আমি ভয় পাই না, আমি গুপ্তধন চাই।”
“আমি গুপ্তধন দেবো না।”
“দিতেই হবে।”
“না, না, না।”
“তা হলে বন্দুকের গুলিতে তোমার আগুন চোখ কানা করে দেবো।”
গর্জন করে মূর্তি বললে, “তার আগেই তোমাকে আমি বধ করব।”
“তুমি তো পাথর, এক পা এগুতে পারো না, আমি তোমার নাগালের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আমার কী করবে?”
“হাঃ, হাঃ, হাঃ, চেয়ে দেখো এখানে চারদিকেই আমার প্রহরীরা দাঁড়িয়ে আছে। আমার হুকুমে এখনি ওরা তোমাদের টিপে মেরে ফেলবে।”
“কোথায় তোমার প্রহরী?”
“প্রত্যেক পাহাড় আমার প্রহরী।”
“ওরাও তো পাথর, তোমার মতো নড়তে পারে না। ওসব বাজে কথা রেখে হয় আমাকে গুপ্তধন দাও—নয় এই তোমাকে গুলি করলুম।” বিমল আবার বন্দুক তুললে।
“তবে মরো। প্রহরী।” মূর্তির আগুন চোখ নিবে গেল—সঙ্গে সঙ্গে পলক না যেতেই অন্ধকারের ভিতর অনেকগুলো পাহাড়ের মতো মস্ত বড় কী কতকগুলো লাফিয়ে উঠে আমাদের উপরে এসে পড়ল। বিষম এক ধাক্কায় মাটির উপর পড়ে অসহ্য যাতনায় চেঁচিয়ে আমি বললুম, “বিমল, বিমল—”
আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলুম, রেলগাড়ির বেঞ্চির উপর থেকে গড়িয়ে আমি নিচে পড়ে গেছি, আর বিমল আমার মুখের উপরে ঝুঁকে বলছে, “ভয় কী কুমার, সে রাস্কেল পালিয়েছে!”
তখনও স্বপ্নের ঘোর আমার যায়নি—আমি ভয়ে ভয়ে বললুম, “যক আর নেই?”
বিমল আশ্চর্য্যভাবে বললে, “যকের কথা কী বলছ, কুমার?”
আমি উঠে বসে চোখ কচলে অপ্রস্তুত হয়ে বললুম, “বিমল, আমি এতক্ষণ একটা বিদঘুটে স্বপ্ন দেখছিলুম। শুনলে তুমি অবাক হবে।”
বিমল বললে, “আর গাড়ির ভিতরে এখনি যে কাণ্ডটা হয়ে গেল, তা মোটেই স্বপ্ন নয়। শুনলে তুমিও অবাক হবে।”
আমি হতভম্বের মতো বললুম, “গাড়ির ভিতরে আবার কী কাজ হলো?”
বিমল বললে, “একটা চোর এসেছিল।”
“চোর? বলো কী?”
“হঠাৎ ঘুম ভেঙে দেখি, একটা লোক আমাদের ব্যাগ হাতড়াচ্ছে! আমি তখনি উঠে তার রগে এক ঘুসি বসিয়ে দিলুম, সে ঠিকরে তোমার গায়ের উপর গিয়ে পড়ল—সঙ্গে সঙ্গে তুমিও আঁতকে উঠে বেঞ্চির তলায় হলে চিৎপাত। লোকটা পড়েই আবার দাঁড়িয়ে উঠল, তারপর চোখের নিমেষে জানালা দিয়ে বাইরে এক লাফ মেরে অদৃশ্য হয়ে গেল।”
“চলন্ত ট্রেন থেকে সে লাফ মারল? তাহলে নিশ্চয়ই মারা পড়েছে।”
“বোধ হয় না। ট্রেন তখন একটা স্টেশনের কাছে আস্তে আস্তে চলছিল।”
“আমাদের কিছু চুরি গিয়েছে না কি?”
“হুঁ। মড়ার মাথাটা।” বলেই বিমল হাসতে লাগল।
“বিমল, মড়ার মাথাটা আবার চুরি গেল, আর তোমার মুখে তবু হাসি আসছে?”
“হাসব না কেন, চোর যে জাল মড়ার মাথা নিয়ে পালিয়েছে।”
“জাল মড়ার মাথা। সে আবার কী?”
“তোমাকে তবে বলি শোনো। এরকম বিপদ যে পথে ঘটতে পারে, আমি তা আগেই জানতুম। তাই কলকাতা থেকে আসবার আগেই, আমাদের পাড়ার এক ডাক্তারের কাছ থেকে আর একটা নূতন মড়ার মাথা জোগাড় করেছিলুম। নূতন মাথাটার উপরেও আসল মাথায় যেমন আছে, তেমনি অঙ্ক খুদে দিয়েছি—তবে এর মানে একেবারে উল্টো। এই নকল মাথাটাই ব্যাগের ভিতরে ছিল। আমি জানতুম মড়ার মাথা চুরি করতে আবার যদি চোর আসে, তবে নকলটাকে নিয়েই সে তুষ্ট হয়ে যাবে। হয়েছেও তাই!”
“বিমল, ধন্যি তোমার বুদ্ধি! তুমি যে এত ভেবে কাজ করো, আমি তা জানতুম না। আসল মড়ার মাথা কোথায় রেখেছ?”
“অনেকের বাড়িতে যেমন চোর কুঠুরি থাকে, আমার ব্যাগের ভিতরেও তেমনি একটা লুকানো ঘর আছে। এ ব্যাগ আমি অর্ডার দিয়ে তৈরি করিয়াছি। মড়ার মাথা তার ভিতরেই রেখেছি।”
“কিন্তু আমাদের পিছনে এ কোন নূতন শত্রু লাগল বলো দেখি।”
“শত্রু আর কেউ নয়—এ করালীর কাজ। সে আমার চালাকিতে ভোলেনি, নিশ্চয়ই এই গাড়িতেই কোথাও ঘুপটি মেরে লুকিয়ে আছে।”
“তবেই তো!”
“কুমার, আবার তোমার ভয় হচ্ছে না কি?”
“ভয় হচ্ছে না, কিন্তু ভাবনা হচ্ছে বটে। এই দেখো না করালীর চর যদি আজই ঘুমন্ত অবস্থায় তোমার বুকে ছুরি বসিয়ে দিয়ে যেত?”
“করালী আমাদের সঙ্গে নেই, এই ভেবে আমরা অসাবধান হয়েছিলুম বলেই আজ এমন কাণ্ড ঘটল। এখন থেকে আবার সাবধান হব—রামহরি আর বাছাকে সর্বদাই কাছে রাখব, আর সকলে মিলে একসঙ্গে ঘুমোবও না।”
“করালী যখনই জানবে সে জাল মড়ার মাথা পেয়েছে, তখনি আবার আমাদের আক্রমণ করবে।”
“আমারও প্রস্তুত! কিন্তু সে যদি সাংকেতিক লেখা এখনও পড়তে না পেরে থাকে, তবে এ জাল ধরা তার কর্ম নয়।”
গাড়ি তখন ঊর্ধ্বশ্বাসে ছুটেছে আর আমাদের চোখের সম্মুখ দিয়ে চাঁদের আলোয় উজ্জ্বল বন-জঙ্গল-মাঠের দৃশ্যের পর দৃশ্য ভেসে যাচ্ছে—ঠিক যেন বায়োস্কোপের ছবির পর ছবি। আমার আর ঘুমোবার ভরসা হলো না—বাইরের দিকে চেয়ে, বসে বসে আকাশ-পাতাল ভাবতে লাগলুম। প্রতি মিনিটেই গাড়ি আমাদের দেশ থেকে দূরে—আরও দূরে নিয়ে গিয়ে ফেলছে, কত অজানা বিপদ আমাদের মাথার উপরে অদৃশ্যভাবে ঝুলছে! জানি না, এই পথ দিয়ে এ জীবনে আর কখনো দেশে ফিরতে পারব কি না!
