যকের ধন
হেমন্দ্রকুমার রায়
ছাতকে ১১
আজ আমরা শ্রীহট্টে এসে পৌঁছেছি।
বিমল বললে, “কুমার, এই সেই শ্রীহট্ট।” আমি বললাম, “হ্যাঁ, এই হচ্ছে সেই কমলা লেবুর বিখ্যাত জন্মভূমি।”
বিমল বললে, “উঁহুঁ, কমলালেবু ঠিক শ্রীহট্ট শহরে তো জন্মায় না, তবে এখানকার প্রধান নদী সুরমা দিয়েই নৌকায় চড়ে কমলালেবু কলকাতায় যাত্রা করে বটে। খালি কমলালেবু নয়, এখানকার কমলা-মধুও যেমন উপকারী, তেমনি উপাদেয়।”
আমি জিজ্ঞাসা করলুম, “এ অঞ্চলে আরও কী পাওয়া যায়?”
“পাওয়া যায় অনেক জিনিস, যেমন আলু, কুমড়ো, শশা, আনারস, তুলো, আখ, তেজপাতা, লঙ্কা, মরিচ, ডালচিনি ও চুন প্রভৃতি। এসব মাল এ অঞ্চল থেকেই রপ্তানি হয়। কিন্তু এখানকার পান-সুপারির কথা শুনলে তুমি অবাক হবে।”
“অবাক হব? কেন?”
“বাংলাদেশের মতো এখানে পানের চাষ হয় না, কিন্তু এদেশে পানের সঙ্গে সুপারির বড় ভাব। বনের ভিতরে প্রায়ই দেখবে, সুপারি-কুঞ্জেই পান জন্মেছে, সুপারি গাছের দেহ জড়িয়ে পানের লতা উপরে উঠেছে। তাছাড়া, এখানকার ‘সফলাং’ আর একটি বিখ্যাত জিনিস।”
“সফলাং। সে আবার কী?”
“কেঞ্চুরের মতো এক রকম মূল। খাসিয়ারা খেতে বড় ভালোবাসে।” সারাদিন আমরা শ্রীহট্টেই রইলুম। এখান থেকে আমাদের গন্তব্য স্থান খাসিয়া পাহাড়কে দেখতে পেলুম। মনে হলো
এর বিশাল বুকের ভিতরে না জানি কত রহস্যই লুকানো আছে, সে রহস্যের মধ্যে ডুব দিলে আর থই পাবো কি না, তাই-বা কে বলতে পারে? এ তো আর কলকাতার রাস্তার কোনো নম্বর জানা বাড়ির খোঁজে যাচ্ছি না, এই অশেষ পাহাড়-বন-জঙ্গলের মধ্যে কোথায় আছে যকের ধন, কী করে আমরা তা টের পাবো? এখন পর্যন্ত করালী বা তার কোনো চরের টিকিটি পর্যন্ত দেখতে না পেয়ে আমরা তবু অনেকটা আশ্বস্ত হলুম। বুঝলুম, জাল মড়ার মাথা পেয়ে করালী এতটা খুশি হয়েছে যে, আমাদের উপরে আর পাহারা দেওয়া দরকার মনে করছে না! বাঁচা গেছে। এখন করালীর এই ভ্রমটা কিছুদিন স্থায়ী হলেই মঙ্গল। কারণ তার মধ্যেই আমরা কেল্লা ফতে করে দেশে ফিরে যেতে পারব।
মাঝ রাত্রে স্টিমারে চড়ে, সুরমা নদী দিয়ে পরদিন সকালে ছাতকে গিয়ে পৌঁছলুম।
সুরমা হচ্ছে শ্রীহট্টের প্রধান নদী। ছাতকও এই নদীর তীরে অবস্থিতি। কলকাতায় ছাতকের চুনের নাম আমরা আগেই শুনেছিলুম। তবে এ চুনের উৎপত্তি ছাতকে নয়, চেরাপুঞ্জি অঞ্চলে খাসিয়া পাহাড়ে এই চুন জন্মে, সেখান থেকে রেলে করে ও নৌকা বোঝাই হয়ে ছাতকে আসে এবং ছাতক থেকে আরও নানান জায়গায় রপ্তানি হয়। চেরাপুঞ্জিতে খালি চুন নয়, আগে সেখানে লোহার খনি থেকে অনেক লোহা পাওয়া যেত, সেই সব লোহায় প্রায় আড়াইশ বছর আগে বড় বড় কামান তৈরি হতো। কিন্তু বিলাতি লোহার উপদ্রবে খাসিয়া পাহাড়ের লোহার কথা এখন আর কেউ ভুলেও ভাবে না। চুন ও লোহা ছাড়া কয়লার জন্যেও খাসিয়া পাড়া নামজাদা। কিন্তু পাঠাগার ভালো বন্দোবস্ত না থাকার দরুণ, এখানকার কয়লা দেশ-দেশান্তরে যায় না।
ছাতক জায়গাটি মন্দ নয়, এখানে থানা, ডাক্তার, পোস্ট-আপিস, বাজার ও মাইনর স্কুল—কিছুরই অভাব নেই। একটি ডাক-বাংলোও আছে, আমরা সেইখানে গিয়েই আশ্রয় নিলুম। বিমলের মুখে শুনলাম, এখানে পিয়াইন নামে একটি নদী আছে, সেই নদী দিয়েই আমাদের নৌকায় চড়ে ভোলাগঞ্জ পর্যন্ত যেতে হবে। এ সময়ে নদীর জল কম বলে নৌকা তার বেশি আর চলবে না। কাজেই ভোলাগঞ্জ থেকে মাইল-দেড়েক হেঁটে আমরা থারিয়াঘাটে যাব, তারপর পাথর বাঁধানো রাস্তা ধরে খাসিয়া পাহাড়ে উঠব। আজ ডাক-বাংলোয় বিশ্রাম করে কাল থেকে আমাদের যাত্রা আরম্ভ।
ছাতক থেকে খাসিয়া পাহাড়ের দৃশ্য কী চমৎকার! নীলরঙের প্রকাণ্ড মেঘের মতো, দৃষ্টি-সীমাজুড়ে আকাশের খানিকটা ঢেকে খাসিয়া পাহাড় ছড়িয়ে আছে, যতদূর নজর চলে—পাহাড়ের যেন আর শেষ নেই! পাহাড়ের কথা আমি কেতাবে পড়েছিলুম, কিন্তু চোখে কখনও দেখিনি, পাহাড় যে এত সুন্দর তা আমি জানতুম না। আমার মনে হতে লাগল, খাসিয়া পাহাড় যেন ইশারা করে কাছে ডাকছে—ইচ্ছা হলো তখনি এক ছুটে তার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। সন্ধ্যার সময় খানিক গল্পগুজব করে আমরা শুয়ে পড়লুম। বেশ একটু শীতের আমেজ দিয়েছিল, লেপের ভিতরে ঢুকে কী আরামই পেলুম।
বিমলও তার লেপের ভিতরে ঢুকে বললে, “ঘুমিয়ে নাও ভাই, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে নাও। কাল এমন সময়ে আমরা খাসিয়া পাহাড়ে, এত আরামের ঘুম আর হয়তো হবে না।”
আমি বললুম, “কিন্তু আমরা তো ঘুমোব, পাহারা দেবে কে?”
বিমল বললে, “সে ব্যবস্থা আমি করেছি। দরজার বাইরে বারান্দায় রামহরি আর বাছা শুয়ে আছে। তার উপরের দরজা-জানালাগুলোও ভিতর থেকে আমি বন্ধ করে দিয়েছি।”
আমার উদ্বেগ দূর হলো। যদিও শত্রুর দেখা নেই, তবু সাবধানে থাকাই ভালো।
