যকের ধন
হেমন্দ্রকুমার রায়
নতুন বিপদের ভয় ৯
তিন দিন মামার বাড়িতে খুব আদরে কাটিয়ে মায়ের কাছ থেকে আমি বিদায় নিলুম। মা কি সহজে আমাকে ছেড়ে দিতে চান? তবু তাঁকে আমরা যকের ধন আর বিপদ-আপদের কথা কিছু বলিনি, তিনি শুধু জানতেন আমরা আসামে বেড়াতে যাচ্ছি।
যাবার সময় বিমলকে ডেকে মা বললেন, “দেখ বাবা, আমার শিবারাত্রির সলতেটুকুকে তোমার হাতে সঁপে দিলুম, ওকে সাবধানে রেখো।”
বিমল বললে, “ভয় কী মা, কুমার তো আর কচি খোকাটি নেই, ওর জন্যে তোমাকে কিছু ভাবতে হবে না।”
মা বললেন, “না বাছা, কুমারকে তুমি কোথাও একলা ছেড়ে দিয়ো না—ও ভাবি গোঁয়ার গোবিন্দ, কী করতে কী করে বসবে কিছুই ঠিক নেই। ও যদি তোমার মতো শান্তশিষ্টি হতো তাহলে আমাকে আর এত ভেবে মরতে হতো না”
বিমল একটু মুচকে হেসে বললে, “আচ্ছা মা, আমি তো সঙ্গে রইলুম। কুমার যাতে গোঁয়ার্তুমি করতে না পারে, সেদিকে আমি চোখ রাখব।”
আমি মনে মনে হাসতে লাগলুম। মা ভাবছেন আমি গোঁয়ার-গোবিন্দ আর বিমল শান্তশিষ্ট। কিন্তু বিমল যে আমার চেয়ে কত বড় গোঁয়ার আর ডানপিটে, মা যদি তা ঘুণাক্ষরেও জানতেন।
মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে আমি, বিমল আর রামহরি দুর্গা বলে বেরিয়ে পড়লুম বাছা। আমাদের পিছনে পিছনে আসতে লাগল। কিন্তু শান্তিপুরের স্টেশনের ভিতর এসে, রেলগাড়িকে দেখেই বাছা পেটের তলায় ল্যাজ গুঁজে একেবারে যেন মুষড়ে পড়ল। সে বুঝল, আবার তাকে জন্তুদের গাড়ির ভিতরে নিয়ে গিয়ে একলাটি বেঁধে আসা হবে।
রাণাঘাটে নেমে আবার আমরা আসল গাড়ি ধরলুম। বিমল খুশি মুখে বলল, “যাক, এবারে আর করালীর ভয় নেই। সে হয়তো আসামে বসে নিজের হাত কামড়াচ্ছে, আর আমাদের মুণ্ডুপাত করছে।”
আমি বললুম, “আসাম থেকে করালী এখন কলকাতায় ফিরে থাকতেও পারে।”
বিমল বললে, “কলকাতায় কেন, সে এখন যমালয়ে গেলেও আমার আপত্তি নেই। চলো, গাড়িতে উঠে বলা যাক।”
অনেক রাতে গাড়ি সারাঘাটে গিয়ে দাঁড়াল। আমি যে সময়ের কথা বলছি, পদ্মার উপর তখনও সারার বিখ্যাত পুলটি তৈরি হয়নি। সারাঘাটে সকলকে তখন গাড়ি থেকে নেমে স্টিমারে করে পদ্মার ওপাড়ে গিয়ে আবার রেলগাড়ি চড়তে হতো। কাজেই সারায় এসে আমাদেরও মাল-পত্র নিয়ে গাড়ি থেকে নামতে হলো।
আগেই বলেছি, আমি কখনও কলকাতার বাইরে পা বাড়াইনি। স্টিমারে চড়ে চারদিকের দৃশ্য দেখে আমার যেন তাক লেগে গেল। কলকাতার গঙ্গার চেয়েও চওড়া নদী যে আবার আছে, এই পদ্মাকে দেখে প্রথম সেটা বুঝতে পারলুম। আকাশে চাঁদ উঠেছে আর গায়ে জ্যোৎস্না মেখে পদ্মা নেচে, ফুলে, বেগে ছুটে চলছে—রূপোর জল দিয়ে তার ঢেউগুলো তৈরি। মাঝে মাঝে সাদা ধবধবে বালির চর চোখের সামনে কখনও জেগে উঠেছে, কখনও মিলিয়ে যাচ্ছে—স্বপ্নের ছবির মতন। আমার মনে হলো ঐ নিরিবিলি বালির চরগুলোর মধ্যে হয়তো এতক্ষণ পরিরা এসে হাসি-খুশি, খেলাধুলা করছিল। স্টিমারের গর্জন শুনে দৈত্য বা দানব আসছে ভেবে এখন তারা ভয় পেয়ে হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিশিয়ে গেছে।
বালির চর এড়িয়ে স্টিমার ক্রমেই অন্য তীরের দিকে এগিয়ে যাচ্ছে, স্টিমারের খালাসিরা জল মাপছে আর চেঁচিয়ে চেঁচিয়ে কী বলছে।
একদিকে নানান জাতের মেয়ে-পুরুষ একসঙ্গে জড়ামড়ি করে বসে, শুয়ে, দাঁড়িয়ে গোলমাল করছে, আর একদিকে ডেকের উপর উজ্জ্বল আলোতে চেয়ার-টেবিল পেতে বাহার দিয়ে বসে সাহেব-মেমরা খানা খাচ্ছে। খানিকক্ষণ পরে অন্যদিকে মুখ ফেরাতেই দেখি, একটা লোক আড়চোখে আমার পানে তাকিয়ে আছে। তার সঙ্গে আমার চোখাচোখি হতেই সে হনহন করে এগিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল!
স্টিমার ঘাটে এসে লাগল। আমরা সবাই একে একে নিচে নেমে স্টেশনের দিকে চললুম। আসাম মেল তখন আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে ভোঁস ভোঁস করে ধোঁয়া ছাড়ছিল—আমরাও তার পেটের ভিতর ঢুকে নিশ্চিন্ত হয়ে বসলুম।
কামরার জানালার কাছে আমি বসে ছিলুম। প্লাটফর্মের ওপাশে আর একখানা রেলগাড়ি—সেখানাতে দার্জিলিংয়ের যাত্রীদের ভিড়। ফার্স্ট ও সেকেন্ড ক্লাসের সাহেব-মেমরা কামরার ভিতরে বিছানা পাতছিল—এক ঘুমে রাত কাটিয়ে দেবার জন্যে। তাদের ঘুমের আয়োজন দেখতে দেখতে আমারও চোখ ঢুলে এলো। আমিও শুয়ে পড়বার চেষ্টা করছি—হঠাৎ আবার দেখলুম, স্টিমারের সেই অচেনা লোকটা প্লাটফর্মের উপরে দাঁড়িয়ে তেমনি আড়চোখে আমাদের দিকে বারেবারে চেয়ে দেখছে।
এবার আমার ভারি সন্দেহ হলো। বিমলের দিকে ফিরে বললুম,
“ওহে, দেখো দেখো।”
বিমল বেঞ্চির উপর কম্বল পাততে পাততে বললে, “আর দেখান্তনো কিছু নয়—এখন চোখ বুজে নাক ডাকিয়ে ঘুমোবার সময়।”
“ওহে, না দেখলে চলবে না। স্টিমার থেকে একটা লোক বরাবর আমাদের উপর নজর রেখেছে। এখনও সে দাঁড়িয়ে আছে, যেন পাহারা দিচ্ছে।”
শুনেই বিমল এক লাফে জানালার কাছে এসে বলল, “কে কোথায়?”
“ঐ যে,”
কিন্তু লোকটাও তখন বুঝতে পেরেছিল যে আমরা তার উপর সন্দেহ করেছি। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে সেখান থেকে সরে পড়ল। বিমল চিন্তিতের মতো বললে, “তাই তো এ আবার কে?”
“করালীর চর নয় তো?”
“করালী? কিন্তু সে কী করে জানবে আজ আমরা এখানে আছি?”
“হয়তো করালী আমাদের চালাকি ধরে ফেলেছে। সে জানত আমরা দু’চার দিন পরেই আবার আসামে যাব। আসামে যেতে গেলে এ পথে আসতেই হবে। তাই সে হয়তো এইখানেই এতদিন ঘাঁটি আগলে বসেছিল।”
“অসম্ভব নয়। আচ্ছা, একবার নেমে দেখা যাক, করালী এই গাড়ি কোনো কামরায় লুকিয়ে আছে কি না।” এই বলেই বিমল প্লাটফর্মের উপর নেমে এগিয়ে গেল।
গাড়ি যখন ছাড়ে ছাড়ে, বিমল তখন ফিরে এলো। আমি বললুম,
“কী দেখলে?”
“কিছু না। প্রত্যেক কামরায় তন্নতন্ন করে খুঁজেছি করালী কোথাও নেই। বোধ হয় আমরা মিছে সন্দেহ করেছি।” বিমলের কথায় অনেকটা নিশ্চিন্ত হলুম— যদিও মনের মধ্যে কেমন একটা খটকা লেগে রইল।
গাড়ি ছেড়ে দিলে। বিমল বললে, “ওহে কুমার, এই বেলা যতটা পারো ঘুমিয়ে নাও—আসামে একবার গিয়ে পড়লে হয়তো আমাদের আহার-নিদ্রা একরকম ত্যাগ করতেই হবে।”
বিমল বেঞ্চির উপরে ‘আঃ’ বলে সটান লম্বা হলো, আমিও শুয়ে পড়লুম।
সুখের বিষয়, এ কামরায় আর কেউ ছিল না, সুতরাং ঘুমে আর ব্যাঘাত পড়বার ভয় নেই।
