যকের ধন
হেমেন্দ্রকুমার রায়
জানালায় কালো মুখ ৭
এক এক গেলাস জল খেয়ে ঠাণ্ডা হয়ে, বাইরের ঘরে গিয়ে বসলুম। রাত তখন আড়াইটে। বিমল বললে, “আজ রাতে আর ঘুম নয়। কাল বৈকালের গাড়িতে আমরা আসাম যাব।”
আমি আশ্চর্য হয়ে বললুম, “সে কি! এত তাড়াতাড়ি।”
বিমল বললে, “হুঁ তাড়াতাড়ি না করলে চলবে না। করালী রাস্কেল আমাদের উপরে চটে রইল—মড়ার মাথা যে আমরাই আবার তার হাত থেকে ছিনিয়ে এনেছি, এতক্ষণে নিশ্চয়ই সে তা টের পেয়েছে। কখন কী ফ্যাসাদ বাধিয়ে বসবে কে তা জানে? কালই দুর্গা বলে বেরিয়ে পড়তে হবে।”
আমি আপত্তি জানিয়ে বললুম, “মা গেছেন শান্তিপুরে, মামার বাড়িতে। তাঁকে না জানিয়ে আমি কী করে যাব?”
বিমল বললে, “তাঁকে চিঠি লিখে দাও—আমার সঙ্গে তুমি আসামে বেড়াতে যাচ্ছ, বড় তাড়াতাড়ি বলে যাবার আগে দেখা করতে পারলে না।”
আমি চিন্তিত মুখে বললুম, “চিঠি যেন লিখে দিলুম, কিন্তু এত বড় একটা কাজে যাচ্ছি, অনেক বন্দোবস্ত করতে হবে যে। কালকের মধ্যে সব গুছিয়ে উঠতে পারব কেন?”
বিমল বিরক্ত স্বরে বললে, “তোমাকে বিশেষ কিছুই করতে হবে না, বন্দোবস্ত যা করবার তা আমিই করব তখন। তুমি খালি কাপড়-চোপড় আর গোটাকতক কোট-প্যান্ট নিয়ো—বুঝলে অকর্মার ধাড়ি?”
“কেন? কোট-প্যান্ট আবার কী হবে?”
“যেতে হবে পাহাড়ে আর জঙ্গলে। সেখানে ফুলবাবুর মতো কাচাকোঁচা সামলাতে গেলে চলবে না—তাহলে পদে পদে বিপদে পড়তে হবে।”
আমি চুপ করে ভাবতে লাগলুম।
বিমল বললে, ভেবেছিলুম দু’জনেই যাব। কিন্তু তুমি যেরকম নাবালক গোবেচারা দেখছি, সঙ্গে আর একজনকে নিলে ভালো হয়।”
“কাকে নেবে?”
“আমার চাকর রামহরিকে। সে আমাদের পুরোনো লোক, বিশ্বাসী, বুদ্ধিমান আর তার গায়েও খুব জোর। আমার জন্যে সে হাসতে হাসতে প্রাণ দিতে পারে?”
“আচ্ছা, সে কথা মন্দ নয়। আমিও বাঘাকে সঙ্গে নিয়ে যাব। তাতে তোমার আপত্তি—”
“চুপ,” বলেই বিমল একলাফে দাঁড়িয়ে উঠল। তারপর ছুটে গিয়ে হঠাৎ ঘরের একটা জানালা দু’হাট করে খুলে দিলে। স্পষ্ট দেখলুম জানালার বাহির থেকে একখানা বিশ্রী কালো কুচকুচে মুখ বিদ্যুতের মতন একপাশে সরে গেল। জানালায় কান পেতে নিশ্চয়ই কেউ আমাদের কথাবার্তা শুনছিল। বিমলও দাঁড়াল না—ঘরের কোণ থেকে একগাছা মাথা সমান উঁচু মোটা বাঁশের লাঠি নিয়ে একছুটে বেরিয়ে গেল। আমি ঘরের দরজায় খিল লাগিয়ে আড়ষ্ট হয়ে বসে রইলুম!
খানিক পরে বিমল ফিরে এসে আমাকে ডাকলে। আমি আবার দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলুম, “ব্যাপার কী? লোকটাকে ধরতে পারলে?” লাঠিগাছা ঘরের কোণে রেখে দিয়ে বিমল হাঁপাতে হাঁপাতে বললে, “না পিছনে তাড়া করে অনেকদূর গিয়েছিলুম, কিন্তু ধরতে পারলুম না।”
“লোকটা কে বলো দেখি?”
“কে আবার করালীর লোক, খুব সম্ভব ভাড়াটে গুণ্ডা। কুমার, ব্যাপার কী রকম গুরুতর, তা বুঝছ কি? লোকটা আমাদের কথা হয়তো সব শুনেছে।”
“বিমল, তুমি ঠিক বলেছ, আমাদের আর দেরি করা উচিত নয়। আমরা কালকেই বেরিয়ে পড়ব।”
“তা তো পড়ব, কিন্তু বিপদ হয়তো আমাদের সঙ্গে সঙ্গেই যাবে।”
“তার মানে?”
“করালী বোধ হয় তার দলবল নিয়ে আমাদের সঙ্গে যাবে।”
আমি একেবারে দমে গেলুম। বিমল বসে বসে ভাবতে লাগল। অনেকক্ষণ পরে সে বললে, “যা থাকে কপালে। তা বলে করালীর ভয়ে আমরা যে কেঁচোর মতন হাত গুটিয়ে ঘরের কোণে বসে থাকব, এ কিছুতেই হতে পারে না। কালকেই আমাদের যাওয়া ঠিক।”
আমি কাতর ভাবে বললুম, “বিমল গোঁয়ার্তুমি কোরো না।”
বিমল চৌকির উপরে একটা ঘুষি মেরে বললে, “আমি যাবই যাব। তোমার ভয় হয় বাড়িতে বসে থাকো। আমি নিজে যকের ধন এনে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাব—দেখি করালী হারে কি আমি হারি।”
আমি তার হাত ধরে বললুম, “বিমল, আমি ভয় পাইনি। তুমি যাও তো আমিও নিশ্চয়ই তোমার সঙ্গে যাব। কিন্তু ভেবে দেখো, শেষটা বন-জঙ্গলের ভিতরে একটা খুনোখুনি হতে পারে। করালীর দল ভারী, আমরা আর কিছু করতে পারব না।”
বিমল অবহেলার হাসি বললে, “করালী নিকুচি করেছে। কুমার, আমার পায়েই খালি জোর নেই—বুদ্ধির জোরও আমার কিছু কিছু আছে। তুমি কিছু ভেবো না, আমার সঙ্গে চলো, করালীকে কীরকম নাকানি-চোবানি খাওয়াই একবার দেখে নিয়ো।”
আমি বিমলকে ভালোরকম চিনি। সে মিছে জাত কাকে বলে জানে না। সে যখন আমাকে অভয় দিচ্ছে, তখন মনে মনে নিশ্চয়ই কোনো একটা নূতন উপায় ঠিক করেছে। কাজেই আমিও নিশ্চিত ভাবে বললুম, “আচ্ছা ভাই, তুমি যা বলো আমি তাতেই রাজি।”
