যকের ধন
হেমেন্দ্রকুমার রায়
চোরের উপর বাটপাড়ি ৬
সেদিন অমাবস্যা। চারদিকে অন্ধকার যেন জমাট বেঁধে আছে। কেবল জোনাকিগুলো মাঝে মাঝে পিটপিট করে জ্বলছে। ঠিক যেন আঁধার রাক্ষসের রাশি রাশি আগুন চোখের মতন।
আমাদের বাড়ি কলকাতার প্রায় বাইরে, সেখানটা এখনও শহরের মতন ঘিঞ্জি হয়ে পড়েনি। বাড়ি-ঘর খুব তফাতে তফাতে। গাছপালাই বেশি, বাসিন্দা খুব কম। অর্থাৎ আমরা নামেই কলকাতায় থাকি, এখানটাকে আসল কলকাতা বলা যায় না।
আমাদের বাড়ির পরে একটা মাঠ, সেই মাঠের এক পাশের একটা কচুঝোপের ভিতর বিমল আর আমি সুযোগের অপেক্ষায় লুকিয়ে বসে আছি। মাঠের ওপারে করালীর বাড়ি।
মশারা আমাদের সাড়া পেয়ে আজ ভারি খুশি হয়ে ক্রমাগত ব্যান্ড বাজাচ্ছে—বিনি পয়সার ভোজের লোভে। সে তল্লাটে যত মশা ছিল, ব্যান্ডের আওয়াজ শুনে সবাই সেখানে এসে হাজির হলো এবং আমাদের সর্বাঙ্গে আদর করে শুঁড় বুলিয়ে দিতে লাগল। সেই সাংঘাতিক আদর আর হজম করতে না পেরে আমি চুপি চুপি বিমলকে বললুম, “ওহে, আর যে সহ্য হচ্ছে না!”
বিমল খালি বললে, “চুপ।”
“আর চুপ করে থাকা যে কত শক্ত, তা কি বুঝছ না?”
“বুঝছি সব। আমি চুপ করে আছি কী করে?”
এ কথার উপরে আর কথা চলে না। অগত্যা চুপ করেই রইলুম। ক্রমে মুখ-হাত-পা যখন ফুলে প্রায় ঢোল হয়ে উঠল তখন নিশুত রাতের বুক কাঁপিয়ে গির্জের ঘড়িতে ‘ঢং’ করে একটা বাজল!
বিমল উঠে দাঁড়িয়ে বললে, “এইবার সময় হয়েছে।”
আমি তৈরি হয়েই ছিলুম—এক লাফে ঝোপের বাইরে এসে দাঁড়ালুম। বিমল বললে, “আগে এই মুখোশটা পরে নাও!”
বিমল আজ দুপুর বেলায় রাধাবাজার থেকে দুটো দামি বিলাতি মুখোশ কিনে এনেছে। দুটোই কাষ্ঠের মুখ, দেখতে এমন ভয়ানক যে রাত্রে আচমকা দেখলে বুড়ো-মিন্সেদেরও পেটের পিলে চমকে যাবে। পরার উদ্দেশ্য, কেউ আমাদের দেখলেও চিনতে পারবে না।
মুখোশ পরে দু’জনে আস্তে আস্তে করালীর বাড়ির দিকে এগুতে লাগলুম। তার বাড়ির পিছন দিকে গিয়ে বিমল চুপি চুপি বললে, “মালকোঁচ মেরে কাপড় পরে নাও।”
আমি বললুম, “কিন্তু এদিকে তো বাড়ির ভিতরে ঢোকার দরজা নেই!” বিমল বললে, “দরজা দিয়ে ঢুকবে কে? আমরা কি নেমন্তন্ন খেতে যাচ্ছি? এদিকে একটা বড় বটগাছ আছে, সেই গাছের ডাল করালীর বাড়ির দোতলার ছাদের উপরে গিয়ে পড়েছে। আমরা ডাল দিয়ে বাড়ির ভিতরে যাব।” বিমল তার হাতের চোরা-লণ্ঠনটা উঁচু করে ধরলে, একটা আলোর রেখা ঠিক আমাদের সামনের বটগাছের উপরে গিয়ে পড়ল!
বাড়িতে ঢুকবার এই উপায়ের কথা শুনে আমার মনটা অবশ্য খুশি হলো। না—কিন্তু মুখে আর কিছু না বলে, বিমলের সঙ্গে গাছের উপর উঠতে লাগলুম। অনেক উঁচুতে উঠে বিমল বললে, “এইবার খুব সাবধানে এসো! এই দেখো ডাল। এই ডাল বেয়ে গিয়ে ছাদের উপর লাফিয়ে পড়তে হবে।”
আবছায়ার মতন ডালটা দেখতে পেলুম। বিমল আগে ডালটা ধরে এগিয়ে গেল—একটা অস্পষ্ট শব্দে বুঝলুম, সে ছাদের উপরে লাফিয়ে পড়ল। আমি দু’পা রেখে আর দু’হাতে প্রাণপণে ডালটা ধরে ধীরে ধীরে এগুতে লাগলুম—প্রতি মুহূর্তেই মনে হয়, এই বুঝি পড়ে
যাই। সেখান থেকে পড়ে গেলে স্বয়ং ধন্বন্তরিও আমাকে বাঁচাতে পারবেন না।
হঠাৎ বিমলের অস্পষ্ট গলা পেলুম, “ব্যস। ডাল ধরে ঝুলে পড়ো।”
আমি ভয়ে ভয়ে ডাল ধরে ঝুলে পড়লুম!
“এইবার ডাল ছেড়ে দাও।”
ডাল ছেড়ে দেয়ার সঙ্গে সঙ্গে আমি ধুপ করে ছাদের উপরে গিয়ে পড়লুম।
বিমল আমার পিঠ চাপড়ে বললে, “শাবাশ!”
আমি কিন্তু মনের মধ্যে কিছুমাত্র ভরসা পেলুম না। এসেছি চোরের মতো পরের বাড়িতে, ধরা পড়লেই হাতে পরতে হবে হাতকড়া। তারপর আর এক ভাবনা—পালাব কোন পথ দিয়ে? লাফিয়ে তো ছাদে নামলুম, কিন্তু লাফিয়ে তো আর ঐ উঁচু ডালটা ফের ধরা যাবে না। বিমলকেও আমার ভাবনার কথা বললুম। বিমল বললে, “সদর দরজা ভিতর থেকে বন্ধ বলেই আমাদের গাছে চড়তে হলো। পালাবার সময় দরজা খুলেই পালাব।”
“কিন্তু বাড়িতে দারোয়ান আছে যে!”
“তার ব্যবস্থা পরে করা যাবে। এখন চলো, দেখি নিচে নামবার সিঁড়ি কোন দিকে। পা টিপে টিপে এসো।”
ছাদের পশ্চিম কোণে সিঁড়ি পাওয়া গেল। বিমল আগে আগে নামতে লাগল, আমি রইলুম পিছনে। সিঁড়ি দিয়ে নেমেই একটা ঘর। বিমল দরজার উপরে কান পেতে চুপি চুপি আমাকে বললে, “এ ঘরে কে ঘুমোচ্ছে, তার নাক ডাকছে।”
চোরা-লণ্ঠনের আলোর পথ দেখে আমরা দালানের ভিতরে গিয়ে ঢুকলাম। একপাশে তিনটে ঘর—সব ঘরই ভিতর থেকে বন্ধ। বিমল চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল। আমি তো একেবারে হতাশ
হয়ে পড়লুম। এত বড় বাড়ি, ভিতরকার খবর আমরা কিছুই জানি না, এতটুকু একটা মড়ার মাথা কোথায় লুকানো আছে, কী করে আমরা সে খোঁজ পাবো? বিমলও যেমন পাগল। আমাদের খালি কাদা ঘেঁটে মরাই সার হলো।
হঠাৎ বিমল বললে, “ওধারকার দালানের একটা ঘরের দরজা দিয়ে আলো দেখা যাচ্ছে। চলো ওদিকে।”
বিমল আস্তে আস্তে সেই দিকে গিয়ে ঘরের সামনে দাঁড়াল। দরজাটা ঠেলতেই একটু খুলে গেল। ফাঁক দিয়ে উঁকি মেরে বিমল খানিকক্ষণ কী দেখলে, তারপর ফিরে আমার কানে কানে বললে, “দেখো,”
দরজার ফাঁক দিয়ে যা দেখলুম, তাতে আনন্দে আমার বুকটা নেচে উঠল। টেবিলের উপর মাথা রেখে করালী নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আর তার মাথার কাছেই পড়ে রয়েছে—আমরা যা চাচ্ছি তাই—সেই মড়ার মাথাটা। করালী নিশ্চয়ই সংকেতগুলোর অর্থ বুঝবার চেষ্টা করছিল—তারপর কখন হতাশ ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। করালী তাহলে সত্যিই চোর।
বিমল খুব সাবধানে দরজাটা আর একটু খুলে, পায়ের আঙুলে ভর দিয়ে ঘরের ভিতর গেল। তারপর ঘুমন্ত করালীর পিছনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মড়ার মাথাটা টেবিলের উপর থেকে তুলে নিল। তারপর হাসতে হাসতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। এত সহজে যে কেল্লা ফতে হবে, এ আমি স্বপ্নেও ভাবিনি।
এইবার পালাতে হবে। একবার বাইরে যেতে পারলেই আমরা নিশ্চিন্ত— আমাদের পায় কে! দু’জনেই একতলায় গিয়ে নামলুম। উঠান পার হয়েই সদর দরজা। কিন্তু কী মুশকিল বিমলের চোরা-লণ্ঠনের আলোতে দেখা গেল, একটা খুব লম্বা-চওড়া জোয়ান দারোয়ান দরজা জুড়ে চিৎপাত হয়ে শুয়ে, দিব্য আরামে নিদ্রা দিচ্ছে।
বিমল কিন্তু একটুও ইতস্তত করল না, সে খুব আস্তে আস্তে দারোয়ানকে টপকে দরজার খিল খুলতে গেল। ভয়ে আমার বুক টিপ টিপ করতে লাগল— একটু শব্দ হলেই সর্বনাশ। কিন্তু বিমল কী বাহাদুর। সে এমন সাবধানে দরজা খুললে যে, একটুও আওয়াজ হলো না।
হঠাৎ আমার নাকের ভিতর কী একটা পোকা ঢুকে গেল—সঙ্গে সঙ্গে হাচ্ছো করে খুব জোরে আমি হেঁচে ফেললুম।
দারোয়ানের ঘুম গেল ভেঙে। বাঁজখাই গলায় সে চেঁচিয়ে উঠল, “কোন হ্যায় রে!”
লণ্ঠনটা তখন ছিল আমার হাতে। তার আলোতে দেখলুম, বিমল বিদ্যুতের মতন ফিরে দাঁড়াল, তারপর বাঘের মতন দারোয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে, তার গলা টিপে ধরল। খানিকক্ষণ গোঁ-গোঁ করেই চোখ কপালে তুলে দারোয়ানজি একেবারে অজ্ঞান।
তারপর আর কী—দে ছুট তো দে ছুট। ঘোড়াদৌড়ের ঘোড়াও তখন ছুটে আমাদের ধরতে পারত না—একদমে বাড়িতে এসে তবে হাঁপ ছেড়ে বাঁচলুম।
