যকের ধন
হেমেন্দ্রকুমার রায়
শাপে বর ৮
সারারাত জিনিস-পত্তর গুছিয়ে, ভোরের মুখে ঘণ্টাখানেক গড়িয়ে, যথাসময়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লুম। আমাদের দলে রইল বিমলের পুরোনো চাকর রামহরি ও আমার কুকুর বাঘা। দুটো বড় বড় ব্যাগ, একটা সুটকেস ও একটা ‘ইকমিক কুকার’ ছাড়া বিমল আর কিছু সঙ্গে নিতে দিলে না।
ব্যাগ-দুটোর ভিতরে কিন্তু, ছিল না এমন জিনিস নেই। ছুরি, ছোরা, কাঁচি, নানানরকম ওষুধ-ভরা ছোট একটি বাক্স, ফটো তুলবার ক্যামেরা, ইলেকট্রিকের টর্চ বা মশাল, ‘ফ্লাস্ক’ (যার সাহায্যে দুধ, জল বা চা ভরে রাখলে চব্বিশ ঘণ্টা সমান ঠাণ্ডা বা গরম থাকে), গোটাকতক বিস্কুট, ফল ও মাছ-মাংসের টিন (অনেক দিনে যা নষ্ট হবে না), আসাম সম্বন্ধে খানকয়েক ইংরাজি বই, খাতা, ছোট ছোট দুটো বালিশ আর সতরঞ্চি ও কাফির সেই দুটো মুখোশ (বিমলের মতে পরে ও দুটোও কাজে লাগতে পারে) প্রভৃতি কত রকমের জিনিসই যে এই ব্যাগ দুটোর ভিতরে ভরা হয়েছে, তা আর নাম করা যায় না। সুটকেসের ভিতরে আমাদের জামা-কাপড় রইল। আমরা প্রত্যেকেই এক এক গাছা মোটা দেখে লাঠি নিলুম—দরকার হলে এ লাঠি দিয়ে মানুষের মাথা খুব সহজেই ভাঙা যেতে পারবে। অবশ্য, বিমল বন্দুক-দুটোও সঙ্গে নিতে ভুললে না।
বাড়ি ছেড়ে বেরুবার সময় মনটা যেন কেমন করতে লাগল। দেশ ছেড়ে কোথায় কোন বিদেশে, পাহাড়ে-জঙ্গলে বাঘ ভাল্লুক আর শত্রুর মুখে পড়তে চললুম, যাবার সময়ে মায়ের পায়ে প্রণাম পর্যন্ত করে যেতে পারলুম না। কে জানে এ জীবনে আর কখনও ফিরে এসে মাকে দেখতে পাবো কি না। একবার মনে হলো বিমলকে বলি যে, “আমি যাব না!” কিন্তু পাছে সে আমাকে ভীরু ভেবে বসে, সেই ভয়ে মনকে শক্ত করে রইলুম।
বিমলও আমার মুখের পানে তাকিয়ে মনের কথা বোধ হয় বুঝতে পারলে। কারণ হঠাৎ সে আমাকে জিজ্ঞাসা করলে, “কুমার, তোমার মন কেমন করছে?” আমি সত্য কথাই বললুম, “একটু একটু করছে বৈকি!”
“মায়ের জন্য?”
“ভেবো না। খুব সম্ভব আজকেই হয়তো তোমার মাকে তুমি দেখতে পাবে!”
আমি আশ্চর্য হয়ে বললুম, “কী করে? আমরা তো যাচ্ছি আসামে।”
“তা যাচ্ছি বটে।” বলেই বিমল একবার সন্দেহের সঙ্গে পিছন দিকে চেয়ে দেখলে—তার চোখ-মুখের ভাব উদ্বিগ্ন। সে নিশ্চয়ই দেখছিল শত্রুরা আমাদের পিছু নিয়েছে কি না। কিন্তু কারুকেই দেখতে পাওয়া গেল না।
বিমলের বাড়ির গাড়ি আমাদের স্টেশনে নিয়ে যাওয়ার জন্যে অপেক্ষা করছিল। আমরা গাড়িতে গিয়ে চড়ে বসলুম। গাড়ি ছেড়ে দিলো। বিমল সারা পথ অন্যমনস্ক হয়ে রইল। মাঝে মাঝে তেমনি উদ্বেগের সঙ্গে জানালা দিয়ে মুখ বাড়িয়ে পিছন-পানে চেয়ে দেখতে লাগল।
শিয়ালদহ স্টেশনে পৌঁছে আমরা গাড়ি থেকে নামলুম। একবার চারদিকে সতর্ক চোখে চেয়ে দেখে আমি বললুম, “বিমল, আপাতত আমাদের কোনো ভয় নেই। করালী আমাদের পিছু নিতে পারেনি।”
বিমল সে কথার জবাব না দিয়ে বললে, “তোমরা এইখানে দাঁড়িয়ে থাকো, আমি টিকিট কিনে আনি।”
টিকিট কিনে ফিরে এসে, বিমল আমাদের নিয়ে স্টেশনের ভিতর গিয়ে ঢুকল; বাঘাকে জন্তুদের কামরায় তুলে দিয়ে এলো। বাঘা বেচারি এত লোকজন দেখে ভড়কে গিয়েছিল। সে কিছুতেই আমার সঙ্গ ছাড়তে রাজি হলো না। শেষটা বিমল শিকলি ধরে তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেল।
গাড়ি ছাড়তে এখনও দেরি আছে। কামরার মধ্যে বেজায় গরম দেখে আমি গাড়ি থেকে নেমে পড়ে প্লাটফর্মের উপর পায়চারি করতে লাগলুম। ঘুরতে ঘুরতে গাড়ির একেবারে শেষ দিকে গেলুম। হঠাৎ একটা কামরার ভিতর আমার নজর পড়ল—সঙ্গে সঙ্গে আমার সারা দেহে কাঁটা দিয়ে উঠল। আমি সভয়ে দেখলুম, কামরার ভিতরে করালী বসে আছে। দুজন মিশকালো গুণ্ডার মতো লোকের সঙ্গে হাত মুখ নেড়ে করালী কী কথাবার্তা কইছিল—আমাকে দেখতে পেলে না। আমি তাড়াতাড়ি ছুটে নিজের গাড়িতে এসে উঠে পড়লুম।
বিমল বললে, “কীহে কুমার, ব্যাপার কী? চোখ কপালে তুলে ছুটতে ছুটতে আসছ কেন?”
আমি বললুম, “বিমল। সর্বনাশ হয়েছে।”
বিমল হেসে বললে, “কিছুই সর্বনাশ হয়নি। তুমি করালীকে দেখেছ তো? তা আর হয়েছে কী? সে যে আমাদের সঙ্গ ছাড়বে না আমি তা অনেকক্ষণই জানি। যাক, তুমি ভয় পেয়ো না, চুপ করে নিশ্চিন্ত হয়ে বসে থাকো।”
বিমল যত সহজে ব্যাপারটা উড়িয়ে দিলে, আমি তা পারলুম না। আস্তে আস্তে এক কোণে গিয়ে বসে পড়লুম বটে, মন কিন্তু বিমর্ষ হয়ে রইল। বিমল আমার ভাব দেখে মুখ টিপে টিপে হাসতে লাগল। এদিকে গাড়ি ছেড়ে দিলে।
জানি না, কপালে কী আছে! জঙ্গলের ভিতরে আপঘাতেই মরতে হবে দেখছি। করালীর সঙ্গে কত লোক আছে তা কে জানে? সে যখন আমাদের পিছু নিয়েছে, তখন সহজে কি আর ছেড়ে দেবে? আমি খালি এই সব কথা ভেবে ও নানানরকমের বিপদের কল্পনা করে শিউরে উঠতে লাগলুম।
বিমল কিন্তু দিব্যি আরামে সামনের বেঞ্চে পা তুলে দিয়ে বসে নিজের মনে কী একখানা বই পড়তে লাগল।
গাড়ি একটা স্টেশনে এসে থামল। বিমল মুখ বাড়িয়ে স্টেশনের নাম দেখে আমাকে বললে, “কুমার, প্রস্তুত হও। পরের স্টেশন রাণাঘাট। এইখানেই আমরা নামব।”
এ আবার কী কথা। আমি আশ্চর্য হয়ে বললুম, “রাণাঘাটে নামব। কেন?”
“সেখান থেকে শান্তিপুরে, তোমার মামার বাড়িতে মায়ের কাছে যাব।”
“হঠাৎ তোমার মত বদলাল কেন?”
“মত কিছুই বদলায়নি, আজ কী করব, কাল থেকেই আমি তা জানি। কিন্তু তোমাকে কিছু বলিনি। এই দেখো, আমি শান্তিপুরের টিকিট কিনেছি। এর কারণ কিছু বুঝলে কি?”
“না।”
“আমি বেশ জানতুম, করালী আমাদের পিছু নেবে। কালকেই তার চর শুনে গেছে, আমরা আসামে যাব! আজও সে জানে, আমরা আসাম ছাড়া আর কোথাও যাব না। সে তাই ভেবে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভিতরে বসে থাকুক, আর সেই ফাঁকে আমরা রাণাঘাটে নেমে পড়ি। দিন-কয়েক তোমার মামার বাড়িতে বসে বসে আমরা তো মজা করে পোলাও কালিয়া খেয়েনি। আর ওদিকে করালী যখন জানতে পারবে আমরা আর গাড়ির ভিতরে নেই, তখন মাথায় হাত দিয়ে একেবারে বসে পড়বে। নিশ্চয়ই ভাববে যে আমরা তাকে ভুলিয়ে অন্য কোনো ঠিকানায় যকের খোঁজে গেছি! সে হতাশ হয়ে কলকাতার দিকে ফিরবে, আর আমরা তোমার মায়ের আশীর্বাদ নিয়ে আসামের দিকে যাত্রা করব। আর কেউ আমাদের পিছু নিতে পারবে না।”
আমার পক্ষে এটা হলো শাপে বর। ওদিকে করালীও জব্দ আর এদিকে আমারও মায়ের সঙ্গে দেখা হয়ে গেল—একেই বলে লাঠি না ভেঙে সাপ মারা। বিমলের দু’খানা হাত চেপে ধরে আমি বলে উঠলুম, “ভাই তুমি এত বুদ্ধিমান! আমি যে অবাক হয়ে যাচ্ছি।”
গাড়ি রাণাঘাটে এসে থামতেই আমরা টপাটপ নেমে পড়লুম—কেউ আমাদের দেখতে পেলে না।
