যকের ধন
হেমেন্দ্রকুমার রায়
সংকেতের অর্থ ৩
উঃ! করালীবাবু কী ভয়ানক লোক। ঠাকুরদাদার সঙ্গে সে চালাকি করতে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। তারপর এতদিনেও সে আশা ছাড়েনি। আমি বেশ বুঝলুম, এই মড়ার মাথাটা কোথায় আছে তা জানবার জন্যেই করালী কাল আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। রাত্রে এইটে চুরি করবার ফিকিরেই যে আমাদের বাড়িতে চোর এসেছিল, তাতেও আর কোনো সন্দেহ নেই। ভাগ্যে মড়ার মাথাটা আমি বাড়ির পাশের খানায় ফেলে দিয়েছিলুম!
এখন কী করা উচিত? গুপ্তধনের চাবি তো এই খুলির মধ্যেই আছে, কিন্তু অনেকবার উল্টে-পাল্টে দেখেও আমি সেই অঙ্কগুলোর ল্যাজ-মুড়ো কিছুই বুঝতে পারলুম না। পকেট-বইখানার প্রত্যেক পাতা উল্টে দেখলুম, তাতেও ঠাকুরদাদা এই সংকেত বুঝবার কোনো উপায় লিখে রাখেননি। ঠাকুরদাদার উপরে ভারি রাগ হলো। আসল ব্যাপারটাই জানবার উপায় নেই।
তারপর ভেবে দেখলুম, জেনেই বা কী আর এমন হাতি-ঘোড়া লাভ হতো! আমার বয়স সতেরো বৎসর। সেকেন্ড ইয়ারে পড়ছি। জীবনে কখনও কলকাতার বাইরে যাইনি। কোথায় কোন কোণে আসাম আর খাসিয়া পাহাড়, আবার তার ভিতরে কোথায় আছে ‘রূপনাথের গুহা’—এসব খুঁজে বার করাই তো আমার পক্ষে অসম্ভব। তার উপরে সেই গভীর জঙ্গল, সেখানে দিন-রাত বাঘ-ভাল্লুক-হাতিরা হানা দিচ্ছে। সেকেলে এক বৌদ্ধ মঠ, তার ভিতরে যকের ধন—সেও এক ভূতুড়ে কাণ্ড! শেষটা কি একলা সেখানে গিয়ে আলিবাবার ভাই কাসিমের মতন টাকার লোভে প্রাণটা খোয়াব? এসব ভেবেও বুকটা ধুকপুক করে উঠল।
হঠাৎ মনে হলো বিমলের কথা। বিমল আমার প্রাণের বন্ধু, আমাদের পাড়ার ছেলে। আমার চেয়ে সে বয়সে বছর তিনেকের বড়, এ বৎসরে বি.এ দেবে। বিমলের মতো চালাক ছেলে আমি আর দুটি দেখিনি। তার গায়েও অসুরের মতন জোর, রোজ সে কুস্তি লড়ে—দুশো ডন, তিনশ বৈঠক দেয়। তার উপরে এই বয়সে সে অনেক দেশ বেড়িয়ে এসেছে—এই গেল বছরেই তো আসামে বেড়াতে গিয়েছিল। তার কাছে আমি কোনো কথা লুকোতুম না। ঠিক করলুম, যাওয়া হোক আর নাই হোক একবার বিমলকে এই মড়ার মাথাটা দেখিয়ে আসা যাক।
বৈকালে বিমলের বাড়িতে গিয়ে হাজির হলুম—তখন সে বসে বসে বন্দুকের নল সাফ করছিল। আমাকে দেখে বললে, “কীহে, কুমার যে। কী মনে করে?” আমি বললুম, “একটা ধাঁধা নিয়ে ভারি গোলমালে পড়েছি ভাই!”
বিমল বললে, “কী ধাঁধা?”
আমি মড়ার মাথার খুলিটা বের করে বললুম, “এই দেখো।”
বিমল অবাক হয়ে খুলিটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর বললে, “এ আবার কী?”
আমি পকেট-বইখানা তার দিকে এগিয়ে দিয়ে বললুম, “আমার ঠাকুরদার পকেট-বই। পড়লেই সব বুঝতে পারবে।”
বিমল বললে, “আচ্ছা বোসো, আগে তাড়াতাড়ি বন্দুকটা সাফ করে নিই। কাল পাখি শিকারে গিয়েছিলুম। বন্দুকে ভারি ময়লা জমেছে।” বন্দুক সাফ করে, হাত ধুয়ে বিমল বললে, “ব্যাপার কী বলো দেখি কুমার? তুমি কি কোনো তান্ত্রিক গুরুর কাছে মন্ত্র নিয়েছ? তোমার হাতে মড়ার মাথা কেন?”
আমি বললুম, “আগে পকেট-বইখানা পড়েই দেখো না।”
“বেশ” বলে বিমল পকেট-বইখানা নিয়ে পড়তে লাগল। খানিক পরেই দেখলুম, বিমলের মুখ বিস্ময়ে আর কৌতূহলে ভরে উঠেছে। পড়া শেষ করেই বিমল তাড়াতাড়ি মড়ার মাথাটা তুলে নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে-ফিরিয়ে দেখলে। তারপর একটা নিঃশ্বাস ফেলে বললে, “ভারি আশ্চর্য—তো!”
আমি বললুম, “অঙ্কগুলো কিছু বুঝতে পারলে?”
বিমল বললে, “উঁহুঁ!”
“আমিও পারিনি।”
“কিন্তু আমি এত সহজে ছাড়ব না। তুমি এখন বাড়ি যাও, কুমার। খুলিটা আমার কাছেই থাক। আমি এটার রহস্য জানবই। তুমি কাল সকালে এসো।”
আমি বললুম, “কিন্তু সাবধান।”
বিমল বললে, “কেন?”
আমি বললুম, “করালী মুখোয্যে এই খুলিটা চুরি করবার জন্যে কাল আমাদের বাড়িতে লোক পাঠিয়েছিল।”
বিমল বললে, “করালী? তার কোনো লোকের এত সাহস হবে না যে, আমার বাড়িতে মাথা গলাবে।”
“তা আমি জানি। তবু সাবধানে মার নাই।” এই বলে আমি চলে এলুম।
পরের দিন ভোর না হতেই বিমলের কাছে ছুটলুম। তার বাড়িতে আমার অবারিত দ্বার। একেবারে তার পড়বার ঘরে গিয়ে দেখি, বিমল টেবিলের উপর হেঁট হয়ে এক মনে কী লিখছে, আর সামনেই মড়ার মাথাটা পড়ে রয়েছে। আমার পায়ের শব্দে চমকে তাড়াতাড়ি সে খুলিটাকে তুলে নিয়ে লুকিয়ে ফেলতে গেল—তারপর আমাকে দেখে আশ্বস্ত হয়ে হেসে বললে, “ওঃ, তুমি। আমি ভেবেছিলুম। অন্য কেউ!”
“কাল তো অত সাহস দেখালে, আজ এত ভয় পাচ্ছ কেন?”
“কাল? কাল সবটা ভালো করে তলিয়ে বুঝিনি। আজ বুঝছি, আমাদের এখন সাবধান হয়ে কাজ করতে হবে—কাকপক্ষী যেন টের না পায়।”
“অঙ্কগুলো দেখে কিছু বুঝলে?”
“যা বোঝা উচিত সব বুঝেছি।”
আনন্দে আমি লাফিয়ে উঠলুম চেঁচিয়ে বললুম, “সব বুঝতে পেরেছ?”
বিমল বললে, “চুপ। চেঁচিয়ো না। কে কোথায় শুনতে পাবে বলা যায় না। ঠান্ডা হয়ে ওখানে বোসো।” আমি একখানা চেয়ার টেনে নিয়ে বসে বললুম, “কী লেখা আছে, আমাকে বলো।”
বিমল আস্তে আস্তে বললে, “প্রথম আমি কিছুই বুঝতে পারিনি। প্রায় চার ঘণ্টা চেষ্টা করে যখন আমি একেবারে হতাশ হয়ে পড়েছি, তখন হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে একখানা ইংরেজি বই পড়েছিলুম। তাতে নানানরকম সাংকেতিক লিপির গুপ্তরহস্য বোঝানো ছিল। তাতেই পড়েছিলুম যে ইউরোপের চোর-ডাকাতরা প্রায়ই একরকম সংকেত ব্যবহার করে। তারা Alphabet অর্থাৎ বর্ণমালাকে যথাক্রমে সংখ্যা অর্থাৎ ১, ২, ৩ হিসাবে ধরে। অর্থাৎ one হবে A, two হবে B, three হবে C ইত্যাদি। আমি ভাবলুম হয়তো এই খুলিটাতেও সেই নিয়মে সংকেত সাজানো হয়েছে। তারপর দেখলুম, আমার অনুমান মিথ্যা নয়। তখন এই সংকেতগুলো খুব সহজেই পড়ে ফেললুম।”
আমি আগ্রহের সঙ্গে বলে উঠলুম, “পড়ে কী বুঝলে বলো?”
বিমল আমার হাতে একখানা কাগজ এগিয়ে দিয়ে বললে, “খুলির সংকেতগুলো ছাব্বিশটা ঘরে ভাগ করা। আমিও লেখাগুলো সেই ভাবেই সাজিয়েছি।”
কাগজের উপরে এই কথাগুলো লেখা ছিল: ‘ভাঙা দেউলের পিছনে সরলগাছ মূলদেশ থেকে পূবদিকে দশ গজ এগিয়ে থামবে ডাইনে আট গজ এগিয়ে বুদ্ধদেব। বামে ছয় গজ এগিয়ে তিনখান। পাথর তার তলায় সাত হাত জং। খুঁড়লে পথ পাবে।’
আমি চিঠিখানা পড়ে মনে মনে বিমলের বুদ্ধির তারিফ করতে লাগলুম। বিমল বললে, “সাংকেতিক লিপিটা তোমাকে ভালো করে বুঝিয়ে দিই, শোনো। আমাদের বাংলা ভাষায় ‘অ’ থেকে শুরু করে ‘ঔ’ পর্যন্ত বাহান্নটি বর্ণ। সেই বর্ণগুলোকে ১, ২, ৩ হিসাবে যথাক্রমে ধরা হয়েছে। অর্থাৎ ১ হচ্ছে অ, ২ হচ্ছে আ, ১৩ হচ্ছে ক, ৫২ হচ্ছে ‘ঔ’ প্রভৃতি। যেখানে
‘আ’-কার বা ‘এ’-কার প্রভৃতি আছে, সেখানে বর্ণের যেপাশে দরকার, সেই পাশে ব্র্যাকেটের ভিতর সংখ্যা লেখা হয়েছে। উদাহরণ দেখ: ‘ভ’ বর্ণের সংখ্যা ৩৬, আর ‘আ’-কারের সংখ্যা হচ্ছে ২। অতএব, ৩৬ (২) সংকেতে বুঝতে হবে “ভা”। ‘দ’ বর্ণের সংখ্যা ৩০, ‘এ’-কারের সংখ্যা হচ্ছে ৯। অতএব ‘দে’ বোঝাতে লিখতে হবে (৯) ৩০। ‘উ’-কার বর্ণের তলায় বসে। সুতরাং এ থাকলে বুঝতে হবে ‘বু’। ‘উ’র মতো ‘ঊ’-কারেরও সংখ্যাও হচ্ছে ৫। চন্দ্রবিন্দুর সংখ্যা বাহান্ন, চন্দ্রবিন্দু উপরে বসে, কাজেই ‘খুঁ’র সংকেত ৫২/১৪/৫ যুক্ত-অক্ষরকে আলাদা করে ধরা হয়েছে, যেমন—বুদ্ধদেব’। যিনি এ সংখ্যাগুলো লিখেছেন, তাঁর বানান-জ্ঞান ততটা টনটনে নয়। কেননা ‘মূল’ ও ‘পূব’ তাঁর হাতে পড়ে হয়েছে। ‘উ’র মতো ঊ-কারের সংখ্যা হচ্ছে ৬। কিন্তু তিনি ঊ-কারের সংখ্যা ঊ-কারের ৬-এর স্থানে বসিয়েছেন—বর্ণের তলাকার ব্র্যাকেটে।”
আমি মড়ার মাথার খুলিটা আর একবার পরখ করবার জন্যে তুলে নিলুম—কিন্তু দৈবগতিকে হঠাৎ সেখানা ফসকে মারবেল বাঁধানো মেঝের উপরে সশব্দে পড়ে গেল। তাড়াতাড়ি সেটা উঠিয়ে নিয়ে, তার উপর একবার চোখ বুলিয়ে আমি বলে উঠলুম, “ঐ যাঃ! খুলিটার খানিকটা চটে গিয়েছে।”
বিমল বললে, “কোনখানটা?”
আমি বললুম, “গোড়ার চারটে ঘর—ভাঙা দেউলের পিছনে সরলগাছ পর্যন্ত?”
বিমল বললে, “এই কাণ্ডটি যদি আগে ঘটত তাহলে সমস্তই মাটি হয়ে যেত। যাক, তোমার কোনো ভয় নেই, সংকেতগুলো আমি কাগজে টুকে নিয়েছি। কিন্তু আমাদের সাবধান হতে হবে, অঙ্কগুলো রেখে কথাগুলো এখনি নষ্ট করে ফেলাই উচিত,” এই বলে সে সংকেতের অর্থ-লেখা কাগজখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে। “যখন দরকার হবে, পাঁচ মিনিটের চেষ্টাতেই সংকেতের অর্থ আমরা ঠিক বুঝতে পারব, কিন্তু বাইরের কোনো লোক খুলির সংকেত দেখে কিছুই ধরতে পারবে না।”
