যকের ধন
হেমেন্দ্রকুমার রায়
যকের ধন ২
____
এই অদ্ভুত অঙ্কগুলোর মানে কী? অনেক ভাবলুম, কিন্তু মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারলুম না।
হঠাৎ মনে পড়ল ঠাকুরদাদার পকেট-বইয়ের কথা। সেখানাও তো এই খুলির সঙ্গে ছিল, তার মধ্যে এই রহস্যের কোনো সন্ধান নেই কি?
তখনি উপরে গিয়ে তাক থেকে পকেট-বইখানা পাড়লুম। খুলে দেখি, তার গোড়া থেকে শেষ পর্যন্ত লেখায় ভরতি। গোড়ার দিকের প্রায় ষোলো-সতেরো পাতা পড়লুম, কিন্তু সে-সব বাজে কথা। তারপর হঠাৎ এক জায়গায় দেখলুম:
“১৩১০ সাল, আশ্বিন মাস। আসাম থেকে ফেরার মুখে একদিন আমরা এক বনের ভিতর দিয়ে আসছি। সন্ধ্যা হয়-হয়—আমরা এক উঁচু পাহাড়ে-জমি থেকে নামছি। হঠাৎ দেখি খানিক তফাতে একটা মস্ত বড় বাঘ। সে সামনের দিকে হুমড়ি খেয়ে যেন কার উপরে লাফিয়ে পড়বার জন্য তাক করছে—আরও একটু তফাতে দেখলুম, একজন সন্ন্যাসী পথের পাশে, গাছের তলায় শুয়ে ঘুমোচ্ছে। বাঘটার লক্ষ তাঁর দিকেই!
আমি তখনি চিৎকার করে উঠলুম। আমার সঙ্গের কুলিরাও সে চিৎকারে যোগ দিলো। সন্ন্যাসীর ঘুম ভেঙে গেল, বাঘটাও চমকে ফিরে আমাদের দেখে এক লাফে অদৃশ্য হলো।
সন্ন্যাসী জেগে উঠেই ব্যাপারটা সব বুঝে নিলেন। আমার কাছে এসে কৃতজ্ঞ স্বরে বললেন, “বাবা, তোমার জন্যে আজ আমি বাঘের মুখ থেকে বেঁচে গেলুম।”
আমি বললুম, “ঠাকুর, বনের ভিতরে এমনি করে কি ঘুমোতে আছে?”
সন্ন্যাসী বললেন, “বনই যে আমাদের ঘর-বাড়ি বাবা!”
আমি বললুম, “কিন্তু এখনি যে আপনার প্রাণ যেত!”
সন্ন্যাসী বললেন, “কৈ বাবা, গেল না তো। ভগবান ঠিক সময়েই তোমাকে পাঠিয়ে দিলেন।”
শুনলুম, আমরা যেদিকে যাচ্ছি, সন্ন্যাসীও সেই দিকে যাবেন। তাই সন্ন্যাসীকেও আমরা সঙ্গে নিয়ে চললুম।
সন্ন্যাসী দু’দিন আমাদের সঙ্গে রইলেন। আমি যথাসাধ্য তাঁর সেবা করতে ত্রুটি করলুম না। তিন দিনের দিন বিদায় নেবার আগে তিনি আমাকে বললেন, “দেখো বাবা, তোমার সেবায় আমি বড় তুষ্ট হয়েছি। তুমি আমার প্রাণরক্ষাও করেছ। যাবার আগে আমি তোমাকে একটি সন্ধান দিয়ে যেতে চাই।”
আমি বললুম, “কীসের সন্ধান?”
সন্ন্যাসী বললেন, “যকের ধনের।”
আমি আগ্রহের সাথে বললুম, “যকের ধন! সে কোথায় আছে ঠাকুর?”
সন্ন্যাসী বললেন, “খাসিয়া পাহাড়ে।”
আমি হতাশভাবে বললুম, “কোনখানে আছে আমি তা জানব কেমন করে?”
সন্ন্যাসী বললেন, “আমি ঠিকানা বলে দিচ্ছি, খাসিয়া পাহাড়ের রূপনাথের গুহার নাম শুনেছ?”
আমি বললুম, “শুনেছি। প্রবাদে আছে যে, এই গুহার ভিতর দিয়ে চীনদেশে যাওয়া যায়, আর অনেকবার আগে এক চীনসম্রাট এই গুহাপথে না-কি সসৈন্যে ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিলেন।”
সন্ন্যাসী বললেন, “হ্যাঁ। এই রূপনাথের গুহা থেকে পঁচিশ ক্রোশ পশ্চিমে গেলে, উপত্যকার মাঝখানে একটি সেকেলে মন্দির দেখতে
পাবে। সে মন্দির এখন ভেঙে পড়েছে, কিছুদিন পরে তার কোনো চিহ্নও হয়তো আর পাওয়া যাবে না। এক সময়ে এখানে মস্ত এক মঠ ছিল, তাতে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। সেকালের এক রাজা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধযাত্রা করবার আগে এই মঠে নিজের সমস্ত ধন-রত্ন গচ্ছিত রেখে যান। কিন্তু যুদ্ধে তাঁর হার হয়। পাছে নিজের ধন-রত্ন শত্রুর হাতে পড়ে, সেই ভয়ে রাজা সে সমস্ত এক জায়গায় লুকিয়ে এক যককে পাহারায় রেখে পালিয়ে যান। তারপর তিনি আর ফিরে আসেননি। সেই ধন-রত্ন এখনও সেখানেই আছে—তারপর সন্ন্যাসী আমাকে বৌদ্ধ মঠে যাবার পথের কথা ভালো করে বলে দিলেন।”
আমি বললাম, “কিন্তু এতদিনে আর কেউ যদি সেই ধন-রত্নের সন্ধান পেয়ে থাকে?”
সন্ন্যাসী বললেন, “কেউ পায়নি। সে বড় দুর্গম দেশ, সেখানে যে বৌদ্ধ মঠ আছে, তা কেউ জানে না, আর কোনো মানুষও সেখানে যায় না। মঠে গেলেও, সারা জীবন ধরে ধন-রত্ন খুঁজলেও কেউ পাবে না। কিন্তু তোমাকে সেখানে গিয়ে খুঁজতে হবে না। ধনরত্ন ঠিক কোনখানে পাওয়া যাবে, তা জানবার উপায় কেবল আমার কাছে আছে।” এই বলে সন্ন্যাসী তাঁর ঝোলা থেকে একটা মড়ার খুলি বের করলেন।
আমি আশ্চর্য হয়ে বললেম, “ওতে কী হবে ঠাকুর?”
সন্ন্যাসী বললেন, “যে যক ধনরত্নের পাহারায় আছে, এ তারই মাথার খুলি। এই খুলিতে আমি মন্ত্র পড়ে দিয়েছি, এ খুলি যার কাছে থাকবে, যক তাকে আর কিছুই বলবে না। খুলিতে এই যে অঙ্কের মতো রেখা রয়েছে, এ হচ্ছে সাংকেতিক ভাষা। এই সংকেত বুঝবার উপায়ও আমি তোমাকে বলে দিচ্ছি, তাহলেই তুমি জানতে পারবে ঠিক কোনখানে ধনরত্ন আছে।” এই বলে সন্ন্যাসী আমাকে সংকেত বুঝবার গুপ্ত উপায় বলে দিলেন। তারপর এক বৎসর ধরে অনেক ভাবলুম। কিন্তু একলাটি সেই দুর্গম দেশে যেতে ভরসা হলো না।
শেষটা আমার প্রতিবেশী করালীকে বিশ্বাস করে সব কথা জানিয়ে বললুম, “করালী, তোমার জোয়ান বয়স, তুমি যদি আমার সঙ্গে যাও, তবে তোমাকেও ধন-রত্নের অংশ দেবো।”
কিন্তু করালী যে বেইমান, আমি তা জানতুম না। সে ফাঁকি দিয়ে মড়ার মাথার খুলিটা আমার কাছ থেকে আদায় করবার চেষ্টায় রইল। দু-একবার লোক লাগিয়ে চুরি করবার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। ভাগ্যে আমি তাকে যকের ধনের ঠিকানাটা বলে দিইনি।
কিন্তু খাসিয়া পাহাড়ে যাবার আশা আমি ছেড়ে দিয়েছি। এই বুড়ো বয়সে টাকার লোভে একলা সেই অজানা দেশে গিয়ে শেষটা কি বাঘ-ভাল্লুক-ডাকাতের পাল্লায় প্রাণ খোয়াব? অন্য কারুকে সঙ্গে নিতেও ভরসা হয় না, কে জানে, টাকার লোভে বন্ধুই আমাকে খুন করবে কি না!
তবে এই পকেট-বইয়ে আমি সব কথা লিখে রাখলুম। ভবিষ্যতে এই লেখা হয়তো আমার বংশের কারুর উপকারে আসতে পারে। কিন্তু আমার বংশের কেউ যদি সত্যিই সেই বৌদ্ধ মঠে যাত্রা করে, তবে যাবার আগে যেন বিপদের কথাটাও ভালো করে ভেবে দেখে। এ কাজে পদে পদে প্রাণের ভয়।”
পকেট-বইখানা হাতে করে আমি অবাক হয়ে বসে রইলুম।
