যকের ধন
হেমেন্দ্রকুমার রায়
সর্বনাশ ৪
আমি বললুম, “বিমল, সংকেতের মানে তো বোঝা গেল, এখন আমরা কী করব?”
বিমল বাধা দিয়ে বললে, “এতে আর কিন্তু-টিন্তু কিছু নেই কুমার, আমাদের যেতেই হবে! এত বড় একটা অদ্ভুত ব্যাপার, এর শেষ পর্যন্ত না দেখলে আমার তৃপ্তি হচ্ছে না।”
আমি বললুম, “আমাদের সঙ্গে কে কে যাবে?”
“কেউ না। খালি তুমি আর আমি।”
“কিন্তু সে বড় দুর্গম জায়গা। লোকজন না নিয়ে কি যাওয়া উচিত?”
বিমল বললে, “কিছুই দুর্গম নয়, পথঘাট আমি সব চিনি, ‘রূপনাথের গুহা’ পর্যন্ত ঠিক যাব। তার পরের পথ কীরকম জানি না বটে, কিন্তু চিনে নিতে বেশি দেরি লাগবে না। তুমি বুঝি বিপদের ভয় করছ? ও ভয় করো না। বিপদকে ভয় করো না। বিপদকে ভয় করলে মানুষ আজ এত বড় হতে পারত না। সোজা পথ দিয়ে তো শিশুও যেতে পারে, তাতে আর বাহাদুরি কী? বিপদের অগ্নিপরীক্ষায় হাসিমুখে যে সফল হয়, পৃথিবীতে তাকেই বলি মানুষের মতো মানুষ।”
আমি বললুম, “কিন্তু গোঁয়ার্তুমি করে প্রাণ দিলে মানুষের মর্যাদা কি বাড়বে? আমি অবশ্য কাপুরুষ নই—তুমি যেখানে বলো যেতে রাজি আছি। তবে অন্ধের মতো কিছু করা ঠিক নয়—জানো তো, প্রবাদেই আছে—‘লাফ মারবার আগে চেয়ে দেখো’।”
বিমল বললে, “যা ভাববার আমি সব ভেবে দেখেছি এখন আর ভাবনা নয়।”
“কবে যাবে?”
“আমি তো প্রস্তুত। কাল বলো কাল, পরশু বলো পরশু।”
“এত তাড়াতাড়ি। যাবার আগে বন্দোবস্ত করতে হবে তো!”
“বন্দোবস্ত করব আর ছাই। আমরা তো সেখানে ঘর-সংসার পাততে যাচ্ছি না। এসব কাজে যতটা ঝাড়া-হাত-পায়ে যাওয়া যায়, ততই ভালো। গোটা-দুই ব্যাগ, আর আমরা দুটি প্রাণী—ব্যস।”
“কোন পথে যাবে?”
বিমল বললে, “আমাদের কামরূপ পার হয়ে এই খাসিয়া পাহাড়ে উঠতে হবে। খাসিয়া পাহাড়ের ঠিক পাশেই যমজ ভাইয়ের মতো আর একটি পাহাড় আছে—তার নাম জয়ন্তী। এদের উত্তরে আছে—কামরূপ আর নবগ্রাম। পূর্বে— আছে উত্তর কাছাড়, নাগা পর্বত আর কপিলী নদী। দক্ষিণে আছে শ্রীহট্ট, আর পশ্চিমে গারো পাহাড়।”
“খাসিয়া পাড়া কি খুব উঁচু?”
“হুঁ, উঁচু বৈকি। কোথাও চার হাজার, কোথাও পাঁচ হাজার, আবার কোথাও বা সাড়ে ছয় হাজার ফুট উঁচু। পাহাড়ের ভিতর অনেক জলপ্রপাত আছে— তাদের মধ্যে চেরাপুঞ্জি নামে জায়গার কাছে ‘মুসমাই’ আর শিলং শহরের কাছে ‘বিডনস’ প্রপাত দুইটিই বড়। প্রথমটির উচ্চতা এক হাজার আটশ ফুট, দ্বিতীয়টি ছয়শ ফুট। উচ্চতায় প্রথম প্রপাতটি পৃথিবীর মধ্যে দ্বিতীয়। পাহাড়ের মধ্যে উষ্ণ প্রস্রবণও আছে—তার জল গরম। খাসিয়া পাহাড়ে শীত আর বর্ষা ছাড়া আর কোনো ঋতুর প্রভাব বোঝা যায় না। বৃষ্টি আর ঝড় তো লেগেই আছে। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি না হওয়া পর্যন্ত একটু বসন্তের আমেজ পাওয়া যায়। খাসিয়া পাহাড়ের চেরাপুঞ্জি তো বৃষ্টির জন্যে বিখ্যাত।”
আমি বললুম, “সেখানে বাঘ-ভাল্লুকের ভয় আছে?”
বিমল হেসে বললে, “খালি বাঘ-ভাল্লুক কেন, সেখানকার জঙ্গলে হাতি, গণ্ডার, বুনো মোষ আর বরাহ সবই পাওয়া যায়, কিন্তু সাপ খুব কম।”
আমি মাথা চুলকোতে চুলকোতে বললুম, “তবেই তো।”
বিমল আমার পিঠ চাপড়ে বললে, “কুমার, তুমি কলকাতার বাইরে কখনও যাওনি বলে বন-জঙ্গলকে যতটা ভয়ানক মনে করছ, আসলে তা তত ভয়ানক নয়। আর আমি সঙ্গে থাকব—তোমার ভয় কী? জানো তো,
আমি এই বয়সেই ঢের বড় জন্তু শিকার করেছি! আমার দুটো বন্দুকের পাস আছে। একটা তোমাকে দেবো। তুমি আজও কিছু শিকার করোনি বটে, কিন্তু আমি তো তোমাকে অনেক দিন আগেই বন্দুক ছুঁড়তে শিখিয়ে দিয়েছি। এইবার সে শিক্ষার পরীক্ষা হবে।”
সেদিন আর কিছু না বলে বাড়িমুখো হলাম। মনে ভয় হচ্ছিল বটে, আনন্দও হচ্ছিল খুব। নূতন নূতন দেশ দেখবার সাধ আমার চিরকাল। কেতাবে নানান দেশের ছবি দেখে আর গল্প পড়ে সে-সব দেশে যাবার জন্যে আমার মন যেন উড়ু-উড়ু করত। কখনও ইচ্ছে হতো রবিনসন ক্রুশোর মতন এক নির্জন দ্বীপে গিয়ে, নিজের হাতে কুঁড়েঘর বেঁধে মনের সুখে দিনের পর দিন কাটাই, কখনও ইচ্ছে হতো সিন্দবাদ নাবিকের মতো ‘রক’ পাখির সঙ্গে আকাশে উঠি, ভীমি মাছের পিঠে রান্না চড়াই, আর দ্বীপবাসী বৃদ্ধকে আছাড় মেরে তিনি মাছের পিঠে রান্না চড়াই, আর দ্বীপবাসী বৃদ্ধকে আছাড় মেরে ভীমি মাছের পিঠে রান্না চড়াই, আর দ্বীপবাসী বৃদ্ধকে আছাড় মেরে জব্দ করে দিই। কখনও ইচ্ছে হতো ডুবো জাহাজে সমুদ্রের ভিতরে যাই আর পাতাল রাজের ধন-ভাণ্ডার লুট করে নিয়ে আসি! এমনি কত ইচ্ছাই যে আমার হতো তা আর বলা যায় না, বললে তোমরা সবাই শুনে নিশ্চয়ই ঠাট্টার হাসি হাসবে।
আসল কথা কী, যকের ধন পাওয়ার সঙ্গে নূতন দেশ দেখবার আনন্দ ক্রমেই আমাকে চাঙ্গা করে তুললে। মনে যা কিছু ভয়-ভাবনা ছিল, যেন কোথায় ভেসে গেল।
বাড়ির কাছে আসতেই আমার আদরের কুকুর বাঘা আধ হাত জিভ বের করে ল্যাজ নাড়তে নাড়তে আমাকে আগ-বাড়িয়ে দিতে এলো।
আমি বললুম, “কিরে বাঘা, আমার সঙ্গে খাসিয়া পাহাড়ে বেড়াতে যাবি?”
বাঘা যেন আমার কথা বুঝতে পারলে। পিছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে, সামনের দুই পায়ে সে আমার কোমর জড়িয়ে ধরলে, তারপর আদর করে আমার মুখ চেটে দিতে এলো। আমি তাড়াতাড়ি মুখ সরিয়ে নিয়ে তাকে নামিয়ে দিলুম।
আমার এই বাঘা বিলিতি নয়, দেশি কুকুর। কিন্তু তাকে দেখলে সে কথা বোঝবার জো নেই। ভালোরকম যত্ন করলে দেশি কুকুরও যে কেমন চমৎকার দেখতে হয়, বাঘাই তার প্রমাণ। তার আকার মস্ত বড়, গায়ের রং হলদে, তার উপর কালো কালো ছিট, অনেকটা চিতাবাঘের মতো, তাই তার নাম রেখেছি বাঘা। ভয় কাকে বলে বাঘা তা জানে না, আর তার গায়েও বিষম জোর। একবার হাউন্ড জাতের প্রকাণ্ড একটা বিলাতি কুকুর তাকে তেড়ে এসেছিল, কিন্তু বাঘার এক কামড় খেয়েই সে একেবারে মরোমরো হয়ে পড়েছিল। আমি ঠিক করলুম, বাঘাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব।
পরের দিন সকালে তখনও আমার ঘুম ভাঙেনি, হঠাৎ কে এসে ডাকাডাকি করে আমার ঘুম ভাঙিয়ে দিলে। চেয়ে দেখি বিমল আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য হয়ে উঠে বসে বললুম, “কীহে, সকালবেলায় হঠাৎ তুমি যে?”
বিমল হাঁপাতে হাঁপাতে বললে, “সর্বনাশ হয়েছে।”
আমি তাড়াতাড়ি বললুম, “সর্বনাশ হয়েছে। সে আবার কী?”
বিমল বললে, “কাল রাত্রে মড়ার মাথাটা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে।”
“অ্যাহ্, বলো কী?” আমি একেবারে হতভম্বের মতো আড়ষ্ট হয়ে বসে রইলুম!
