যকের ধন
হেমন্দ্রকুমার রায়
পিশাচ রহস্য ১৬
পরের দিন সকালে উঠে দেখি আর এক মুশকিল। রামহরির কম্প দিয়ে জ্বর এসেছে। কাজেই সেদিন আমাদের সেখানেই থেকে যেতে হলো—জ্বর গায়ে রামহরি তো আর পথ চলতে পারে না। ক্রমাগত পথ চলে চলে আমাদের শরীর বেশ কাহিল হয়ে পড়ছিল, কাজেই এই হঠাৎ-পাওয়া ছুটিটা নেহাত মন্দ লাগল না।
সেদিনও বিমল দুটো পাখি মেরে আনল, নিজের হাতেই আমরা রান্নার কাজটা সেরে নিলুম।
সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কালকের রাতের সেই ভুতুড়ে ব্যাপারটার কথা আবার মনে পড়ে গেল। বিমলের কাছে সে কথা তুলতে না তুলতেই সে হেসেই সব উড়িয়ে দিলে। আমি কিন্তু এত সহজেই মনটাকে হালকা করে ফেলতে পারলুম না—আমি যে স্বচক্ষে দেখেছি। ভাবলে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে, বাপরে!
সেদিনও সরল কাঠের আগুন জ্বেলে গুহার মুখটা আমরা বন্ধ করে দিলুম। আজ রামহরির অসুখ, কাজেই আমাদের দু’জনকেই পালা করে পাহারা দিতে হবে। আজও প্রথম রাতে পাহারার ভার নিল বিমল নিজে।
যখন আমার পালা এলো তখন গভীর রাত্রি। আজও চাঁদ ডুবে গেছে আর অন্ধকারের বুকের ভিতর থেকে নানান অস্ফুট ধ্বনির সঙ্গে সেই গাছের পাতার মর্মরানি, ঝরনার ঝরঝরানি আর বকের ছানাদের কাতরানি।
গুহার মুখের আগুনটা কমে আসছে দেখে আমি কতকগুলো চ্যালাকাঠ তার ভিতরে ফেলে দিলুম। তারপরেই শুনলুম কেমন একটা শব্দ—গুহার বাইরে কে যেন খড়মড় করে শুকনো পাতা মাড়িয়ে চলে যাচ্ছে।
কিন্তু প্রাণপণে তাকিয়েও সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বিন্দুবিসর্গ কিছুই দেখতে পেলুম না। শব্দটাও একটু পরে থেমে গেল।
কিন্তু আমার বুক টিপটিপ করতে লাগল।
বাছা মনের সুখে কুণ্ডলী পাকিয়ে, পেটের ভিতরে মুখ গুঁজে ঘুমোচ্ছিল, আমি তাকে জাগিয়ে দিলুম। বাছা উঠে একটা হাই তুলে আর মাটির উপর একটা ডন দিয়ে নিয়ে, আমার পাশে এসে দুই থাবা পেতে বসল। এক হাতে তার গলাটা জড়িয়ে ধরে আমি অনেকটা আশ্বস্ত হলুম।
আবার সেই শব্দ। বাছার দিকে চেয়ে দেখলুম, সে-ও দুই কান খাড়া করে ঘাড় বাঁকিয়ে শব্দটা শুনছে। তারপরেই সে এক লাফে গুহার মুখে গিয়ে পড়ল, কিন্তু আগুনের জন্য বাইরে যেতে না পেরে, সেইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরগর করতে লাগল। তার গজরানিতে বিমলের ঘুম ভেঙে গেল, উঠে বসে সে বললে, “আজ আবার কী ব্যাপার। বাছা অমন করছে কেন?”
আমি বললুম, “বাইরে কীসের একটা শব্দ হচ্ছে, কে যেন চলে বেড়াচ্ছে।”
“সে কী কথা,” বলেই বিমল এগিয়ে এসে আমার হাত থেকে বন্দুকটা নিয়ে বাগিয়ে ধরলে শব্দটা তখন থেমে গেছে—কিন্তু ও কী ও! আবার যে সেই দুটো জ্বলন্ত চোখ অন্ধকারের ভিতর থেকে কটমট করে আমাদের পানে তাকিয়ে আছে! বাছা ঘেউ ঘেউ করে চেঁচিয়ে উঠল আমিও বলে উঠলুম, “দেখো, বিমল দেখো।” কিন্তু আমি বলবার আগেই বিমল দেখেছিল, সে মুখে কিছু বললে না, চোখদুটোর দিকে বন্দুকটা ফিরিয়ে এক মনে টিপ করতে লাগল। চোখদুটো আস্তে আস্তে এগিয়ে আসছিল—হঠাৎ বিমল বন্দুকের গোড়া টিপে দিলে, সঙ্গে সঙ্গে ধুম করে শব্দ, আর একটা ভীষণ গর্জন। তারপরেই সব চুপ, চোখদুটোও আর নেই।
বিমল আমার দিকে ফিরে বললে, “এই চোখদুটোই কাল তুমি দেখেছিলে?”
“হ্যাঁ। এইবার তোমার বিশ্বাস হলো তো?”
“তা হয়েছে বটে, কিন্তু এ পিশাচের নয়, বাঘের চোখ!”
“বাঘ?”
“হ্যাঁ। বোধ হয় এতক্ষণে লীলাখেলা সাঙ্গ করেছে, তবু বলা যায় না, আজ রাত্রে আর বাইরে গিয়ে দেখে কাজ নেই—কী জানি একেবারে যদি না মরে থাকে—আহত বাঘ ভয়ানক জীব।”
পরদিন সকালে উঠে দেখলুম—বিমল যা বলেছে তাই! গুহার মুখ থেকে খানিক তফাতে, পাহাড়ের উপরে একটা মরা বাঘ পড়ে রয়েছে—আমরা মেপে দেখলুম—পাকা ছয় হাত লম্বা। বিমলের টিপ আশ্চর্য, বন্দুকের গুলি বাঘটার ঠিক কপালে গিয়ে লেগেছে।
