যকের ধন
হেমন্দ্রকুমার রায়
মরণের মুখে ১৭
দিন-তিনেক পরে রামহরির অসুখ সেরে গেল, আমাদেরও যাত্রা আবার শুরু হলো। আবার আমরা পাহাড়ের পথ ধরে অজানা রহস্যের দিকে এগিয়ে চললুম। বিমল বললে, “আমি একটু এগিয়ে যাই, আজকের খোরাক জোগাড় করতে হবে তো—পাখি-টাখি কিছু মেলে কি না দেখা যাক,” এই বলে সে বন্দুকটা কাঁধে নিয়ে হনহন করে এগিয়ে চলল। খানিক পরেই আঁকাবাঁকা পথের উপরে আর তাকে দেখা গেল না—কেবল শুনতে পেলাম গলা ছেড়ে সে গান ধরেছে—
“আগে চল, আগে চল ভাই।
পড়ে থাকা পিছে মরে থাকা মিছে,
বেঁচে মরে কিবা ফল ভাই।”
ক্রমে সে গানের আওয়াজও আস্তে আস্তে মিলিয়ে গেল। রামহরির শরীর তখনও বেশ কাহিল হয়েছিল, সে তাড়াতাড়ি চলতে পারছিল না, কাজেই আমাকে বাধ্য হয়ে তার সঙ্গে থাকতে হলো।
সেদিন সকালের রোদটি আমার ভারি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সারা পাহাড়ের বুকের উপরে কে কাঁচা সোনার মতো মিঠে হাসি ছড়িয়ে দিয়েছে। হরেক রকম পাখির গানে চারদিক মাত হয়ে আছে, গাছপালার উপরে সবুজের ঢেউ তুলে বাতাস হয়ে যাচ্ছে, আর এখানে-ওখানে আশেপাশে গোছা গোছা রঙিন বনফুল ফুটে, সোহাগে দুলে দুলে মাথা নেড়ে যেন বলছে—‘আমাদের নিয়ে মালা গাঁথো, আমাদের আদর করো, আমাদের মনে রেখো—ভুলো না’।
কচি কচি ফুলগুলোকে দেখে মনে হলো, এরা যেন বনদেবীর খোকা-খুকি। আমি বেছে বেছে অনেক ফুল তুললুম, কিন্তু কত আর তুলব—এত ফুল দুনিয়ার কোনো ধনীর মস্ত মস্ত বাগানেও যে ধরবে না।
এমনি নানান জাতের ফুল এদেশের সব জায়গাতেই আছে। কিন্তু আমাদের স্বদেশ যে কত বড় ফুলের দেশ, আমরা নিজেরাই সে খবর রাখি না। আমরা বোকার মতো হাত গুটিয়ে বসে থাকি আর সেই সব ফুলের ভাণ্ডার দু’হাতে লুট করে নিয়ে যায় বিদেশি সাহেবেরা। তারপর বড় শহরের বাজারে সেই সব ফুল চড়া দামে বিকিয়ে যায়—কেনে অবশ্য সাহেবরাই বেশি। এ থেকেই বেশ বুঝতে পারি, আমাদের ব্যাবসা-বুদ্ধি তো নেই-ই; তারপরে সবচেয়ে যা লজ্জার কথা, স্বদেশের জিনিসকেও আমরা আদর করতে শিখিনি।
এই ভাবতে ভাবতে পথ চলছি, হঠাৎ রামহরি বলে উঠল, “ছোটবাবু, দেখুন, দেখুন!”
আমি ফিরে বললুম, “কী?”
রামহরি আঙুল দিয়ে মাটির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলে। পথের উপরে একটা বন্দুক পড়ে রয়েছে। দেখেই চিনতে পারলুম, সে বিমলের বন্দুক।
দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলুম, পথের মাঝখানে বন্দুক ফেলে বিমল গেল কোথায়? সে তো বন্দুক ফেলে যাবার পাত্র নয়। ব্যাপারটা সুবিধের নয়, একটা কিছু হয়েছেই। তারপর মুখ তুলেই দেখি, বাছা এক মনে একটা জায়গা শুঁকছে আর কেমন একটা কাতর কুঁইকুঁই করছে। এগিয়ে গিয়ে ভালো করে দেখি, সেখানে খানিকটা রক্ত চাপ বেঁধে রয়েছে। রামহরি প্রায় কেঁদে ফেলে বললে, “খোকাবাবু নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন।”
আমি বললুম, “হ্যাঁ, রামহরি, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু কী বিপদ?”
রামহরি বললে, “কী করে বলব ছোটবাবু, এখানে যে বাঘ-ভাল্লুক সবই আছে।”
আমি বললুম, “বাঘে মানুষ খায় বটে কিন্তু বাঘ নিয়ে তো যায় না! বিমল বাঘের মুখে পড়েনি, তাহলে বন্দুকের সঙ্গে তার ব্যাগটাও এখানে পড়ে থাকত।”
আর বেশি এগুতে হলো না—সরু পথটা যেখানে শেষ হয়েছে, সেখানে অল্প খানিকটা খালি জমি, তার পরেই পাহাড়ে খাদ। সেখানে যে দৃশ্য দেখলুম জীবনে তা ভুলব না। সেই খোলা জমির উপরে জন-ছয়েক লোক দাঁড়িয়ে আছে—তাদের একজনকে দেখেই চিনলুম, সে করালী।
আর একদিকে পাহাড়ের খাদের ধারেই একটা বড় গাছ হেলে পড়েছে এবং তারই তলায় পড়ে রয়েছে বিমলের দেহ। তার মাথা ও মুখ রক্তমাখা আর হাত ও কোমরে দড়ি বাঁধা। বিমলের উপরে হুমড়ি খেয়ে বসে আছে করালীর দলের আর একটা লোক।
শুনলুম করালী চেঁচিয়ে বলছে, “বিমল, এখনও কথার জবাব দাও। তোমার ব্যাগের ভিতরে পকেট বই নেই, সেখানা কোথায় আছে বলো।”
কিন্তু বিমল কোনো উত্তর দিলে না।
“তাহলে তুমি মরতে চাও?”
বিমল চুপ।
করালী বললে, “শম্ভু।”
যে লোকটা দড়ি ধরেছিল, সে মুখ ফিরিয়ে বললে, “আজ্ঞে।”
লোকটাকে চিনলুম, ছাতকের ডাক-বাংলোয় দেখেছিলুম।
করালী বললে, “দেখো শম্ভু, আর এক মিনিটের মধ্যে বিমল যদি আমার কথার উত্তর না দেয়, তবে তুমি ওকে তুলে খাদের ভিতরে ছুড়ে ফেলে দিয়ো।”
কয়েক সেকেন্ড কেটে গেল, আমার বুকটা ধুকপুক করতে লাগল, কী যে করব কিছুই স্থির করতে পারলুম না।
করালী বললে, “বিমল, এই শেষবার তোমাকে বলছি। যদি সাড়া না দাও, তবে তোমার কী হবে বুঝতে পারছ তো? একেবারে হাজার ফুট নিচে পড়ে তোমার দেহ গুঁড়িয়ে ধুলো হয়ে যাবে, একটু চিহ্ন পর্যন্তও থাকবে না।”
বিমল তেমনি বোবার মতন রইল। আর এ দৃশ্য সহ্য করা অসম্ভব। ঠিক করলুম করালী যা জানতে চায় আমিই তার সন্ধান দেবো। কাজ নেই আর যকের ধনে, টাকার চেয়ে প্রাণ ঢের বড় জিনিস। মন স্থির করে আমি উঠে দাঁড়ালুম।
করালী বললে, “বিমল, এখনও তুমি চুপ করে আছো?”
এতক্ষণ পরে বিমল বললে, “পকেট-বই পেলেই তো তুমি আমাকে ছেড়ে দেবে?”
করালী বললে, “নিশ্চয়ই।”
বিমল বললে, “ব্যাগের মধ্যে আমার একটা জামার ভিতর দিককার পকেট খুঁজলেই তুমি পকেট-বই পাবে।”
ব্যাগটা করালীর সামনেই পড়ে ছিল, সে তখনই তার ভিতরে হাত পুরে দিলো। একটু চেষ্টার পরেই পকেট-বই বেরিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে করালীর মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। কিন্তু এ হাসি দেখে এত বিপদেও আমার হাসি পেল। কারণ আমি জানি, পকেট-বই থেকে পথের ঠিকানার কথা বিমল আগেই মুছে দিয়েছে। এত বিপদেও বিমল ভয় পেয়ে বুদ্ধি হারিয়ে ফেলেনি, ধন্যি ছেলে যাহোক।
বিমল বললে, “তোমাদের মনের আশা তো পূর্ণ হলো, এইবার আমাকে ছেড়ে দাও।”
করালী কর্কশ স্বরে বললে, “হ্যাঁ, ছেড়ে দেবো বৈকি—শত্রুর শেষ রাখব না। শম্ভু, আর কেন, ছোড়াকে নিশ্চিন্তপুরে পাঠিয়ে দাও।”
বিমল চেঁচিয়ে বলে উঠল, “করালী! শয়তান! তুমি—”
কিন্তু তার কথা শেষ হতে না হতেই শম্ভু বিমলকে ধরে হিড়হিড় করে টেনে খাদের ধারে নিয়ে গিয়ে একবারে ঠেলে দিলে এবং চোখের পলক না যেতেই বিমলের দেহ ঝুপ করে নিচের দিকে পড়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার চোখের উপরে একটা অন্ধকারের পর্দা নেমে এলো এবং মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে যেতে আবার শুনলুম করালীর সেই ভীষণ অট্টহাসি। তারপরেই আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম।
