যকের ধন
হেমন্দ্রকুমার রায়
দুটো জ্বলন্ত চোখ ১৫
বিমলের গল্প শুনে আমার আঁতটা কেমন ছাৎ-ছাৎ করতে লাগল, গুহার বাইরে আর চাইতেই ভরসা হলো না কে জানে, সেখানে ঝোপঝাপের মধ্যে কোনো বিদঘুটে চেহারা ওত পেতে বসে আছে হয়তো!
“তা একটু করছে বৈকি।”
“এই না বললে, তুমি ভূত মানো না?”
“হুঁ, আগে মানতুম না, কিন্তু এখন আর মানি না বলে মনে হচ্ছে না।”
“ভয় কী কুমার, আমার বিশ্বাস এ গল্পটার একবর্ণ সত্যি নয়, আগাগোড়া গাঁজাখুরি! ভূতের গল্পমাত্রই রূপকথা, পাছে লোকে বিশ্বাস না করে, তাই তাকে সত্যি বলে আসর জমানো হয়।”
কিন্তু তবু আমার মন মানল না, বিমলকে কিছুতেই আমার কাছছাড়া হতে দিলুম না। ভয়ের চোটে রামহরির রান্না রামপাখির মিষ্টি মাংস পর্যন্ত তেমন তারিয়ে খেতে পারলুম না।
গুহার বাইরের দিকে বিমল অনেকগুলো সরল কাঠ ছড়িয়ে আগুন জ্বেলে বললে, “কোনো জীবজন্তু আর আগুন পেরিয়ে এদিকে আসতে পারবে না। তোমরা দু’জনে এখন ঘুমোও—আমি জেগে পাহারা দিই। আমার পর কুমারের পালা, তারপর রামহরির।”
ছাতকের ডাকবাংলোর সেই ব্যাপারের পর থেকে রোজ রাত্রেই আমরা এমনি করে পাহারা দিই।
আমি আর রামহরি গায়ের কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। মাঝ রাত্রে বিমল আমাকে ঠেলে তুলে বললে, “কুমার, এইবার তোমার পালা।”
শীতের রাত্রে লেপ ছাড়তে কী সাধ যায়—বিশেষ এই বনে-জঙ্গলে, পাহাড়ে-পর্বতে। কিন্তু তবু উঠতে হলো, কী করি, উপায় তো আর নেই।
গুহার সামনের আগুন নিবে আসছিল, আরও খানকতক কাঠ তাতে ফেলে দিয়ে, বন্দুকটা কোলের উপর দেয়াল ঘেঁষে বসলুম।
চাঁদ সেদিন মাঝ রাত্রের আগেই অস্ত গিয়েছিল, বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। পাহাড়, বন, ঝোপঝাপ সমস্ত মুছে দিয়ে জেগে আছে খালি অন্ধকারের এক সীমাহীন দৃশ্য, আর তারই ভিতর থেকে শোনা যাচ্ছে ঝরনার অশান্ত ঝরঝর, শত শত গাছের একটানা শর-শর, লক্ষ লক্ষ ঝিঁঝির একঘেয়ে ঝিঁ ঝিঁ ঝিঁ—।
হঠাৎ আর একরকম শব্দ শুনলুম। ঠিক যেন অনেকগুলো আঁতুড়ের শিশু কাঁদছে টেঁয়া-টেঁয়া-টেঁয়া!
আমার বুকটা ধড়ফড় করে উঠল, এই নিস্তব্ধ রাতে, এমন বনবাদাড়ে এতগুলো মানুষের শিশু এলো কোথেকে? একে আজ বিশ্রী একটা ভূতের গল্প শুনেছি, তার উপরে গহন বনের এক থমথমে অন্ধকার রাত্রি, তার উপরে এই বেয়াড়া চিৎকার। মনের ভিতরে যত সব অসম্ভব কথা জেগে উঠল?
আবার সেই অদ্ভুত কাঁদুনি।
আমার মনে হলো, এ অঞ্চলের যত ভূত-পেত্নী বাসা ছেড়ে চরতে বেরিয়ে গেছে, আর বাপ-মায়ের দেখা না পেয়ে ভুতুড়ে খোকারা একসঙ্গে জুড়ে দিয়েছে কান্নার কনসার্ট।
ভয়ে সিঁটিয়ে ভাবছি, আর একটু কোণ ঘেঁষে বসা যাক, এমন সময়ে—ও কী ও! গুহার বাইরে—অন্ধকার ভিতরে দু’দুটো জ্বলন্ত কয়লার মতন চোখ, এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে আছে।
বুক আমার উড়ে গেল—এ চোখদুটো যে ঠিক সেই শ্মশানের পিশাচের মতো... এখানেও পিশাচ না কি?
ধীরে ধীরে চোখদুটো আরও কাছে এগিয়ে এসে আবার স্থির হয়ে রইল। আমার মনে হলো, আঁধার-সমুদ্রে সাঁতার কাটছে যেন ফুটন্ত রইল। আমার মনে আর চুপ করে বসে থাকতে পারলুম না—ঠকঠক করে কাঁপতে কাঁপতে বন্দুকটা কোনোরকমে তুলে ধরে দিলুম তার আগুন-ভাটা। আমি আর চুপ করে বসে থাকতে পারলুম না—ঠকঠক করে কাঁপতে কাঁপতে বন্দুকটা কোনোরকমে তুলে ধরে দিলুম তার দিকে।
গোড়া টিপে—গুড়ুম করে ভীষণ এক আওয়াজ হলো—সঙ্গে সঙ্গে জ্বলন্ত চোখদুটো গেল নিবে।
বন্দুকের শব্দে বিমল, রামহরি আর বাছা এক সঙ্গে জেগে উঠল, বিমল ব্যস্ত হয়ে বললে, “কুমার, কুমার, ব্যাপার কী?”
আমি বললুম, “পিশাচ, পিশাচ!”
“পিশাচ কীহে?”
“হ্যাঁ, ভয়ানক একটা পিশাচ এসে দুটো জ্বলন্ত চোখ মেলে আমার পানে তাকিয়ে ছিল, আমি তাই বন্দুক ছুড়েছি!”
বিমল তখনি আমার হাত থেকে বন্দুকটা টেনে নিল। তারপর এক হাতে লণ্ঠন, আর এক হাতে বন্দুক নিয়ে আগুন টপকে গুহার বাইরে গিয়ে চারদিকে তন্নতন্ন করে দেখে এসে বললে, “কোথাও কিছু নেই। ভূতের গল্প শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে কুমার, তুমি ভুল দেখেছ।”
এমন সময় আবার সেই ভুতুড়ে খোকারা কোথেকে কেঁদে উঠল। আমি মুখ শুকিয়ে বললুম, “ঐ শোনো!”
“ভূতেদের খোকারা কাঁদছে। রামহরি, তুমিও শুনেছ তো?”
বিমল আর রামহরি দু’জনেই একসঙ্গে হো-হো করে হাসি শুরু করে দিলে। আমি রেগে বললুম, “তোমরা হাসছ যে? এ কি হাসির কথা?”
বিমল হাসতে হাসতে বললে, “শহরের বাইরে কুমার তো কখনও পা দাওনি, শহর ছাড়া দুনিয়ার কিছুই জানো না—এখনও
একটি আস্ত বুড়ো খোকা হয়ে আছো। যা শুনছ, তা ভূতদের খোকার কান্না নয়, বকের ছানার ডাক।”
“বকের ছানার ডাক?”
“হ্যাঁ গো হ্যাঁ। কাছেই কোনো গাছে বকের বাসা আছে। বকের ছানার ডাক অনেকটা কচি ছেলের কান্নার মতো।”
বেজায় অপ্রস্তুত হয়ে গেলুম। কিন্তু সেই জ্বলন্ত চোখদুটো তো মিথ্যে নয়। বিমল যতই উড়িয়ে দিক, আমি স্বচক্ষে দেখেছি—আর ভুল যে দেখিনি, তা আমি দিব্যি-গেলে বলতে পারি। কিন্তু আজ যে-রকম বোকা বনে গেছি, তাতে এদের কাছে সে ব্যাপার নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য না করাই ভালো।
