#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
জানালা গলে আসা সকালের তীব্র রোদের তাপে ঘুম ছুটে যায় শ্যামার।
কাল রাত খাওয়ার পর অরণ্য তাকে বুকে নিয়ে শুয়েছিলো।
তার মাথায় বিলি কাটতে কাটতে করেছিলো অজস্র প্রশ্ন।
প্রশ্নের মধ্যে ছিলো তার প্রিয় রঙ কি,কি খেতে পছন্দ করে,মা-বাবার সম্পর্কে বলো,তোমার ভাই বোন কি করে, কোথায় লেখাপড়া করেছো,সেখানে কিভাবে ক্লাস হয় এসব গতানুগতিক প্রশ্ন ছাড়াও কথা হয়েছে ছাত্র রাজনীতি,দেশের বর্তমান অবস্থা ইত্যাদি ইত্যাদি ।
অরণ্যের কৌতুহল সীমাহীন। যেনো বাইরের দুনিয়াটাকে তার চোখ দিয়ে দেখার চেষ্টা করছে সে।
এতোটা কথা সে সারাজীবনেও মনে হয় বলেনি যতটা এক রাতে অরণ্যের সাথে বলেছে সে।
তবে শ্যামার একটুও বিরক্ত লাগেনি,সে অরণ্যের বুকে মাথা রেখে আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দিয়েছে।
তার মনকোঠরে যে একটা একাকিত্ব ছিলো,সেটা যেনো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অরণ্যের ক্ষেত্রেও তাই মনে হয়েছে তার। তার বুকে মাথা রেখে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে শ্যামা বুঝতেও পারেনি।
একটা জিনিস পরিষ্কার হয়ে যায় কাল রাতে শ্যামার কাছে।
অরণ্য তাকে শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করেনি,
সে তার একাকিত্বের একজন সঙ্গী হিসেবে তাকে চেয়েছে।
চোখের বাধন খোলার সাথে চোখ ধাধানো দিনের আলো তার চোখে মুখে আছড়ে পড়ে। অনেক বেলা করে ঘুম ভেঙ্গেছে তার দেরি করে ঘুমানোর কারণে।
চোখ পিটপিট করে আলো সয়ে আসতেই সে পাশে ফিরে তাকায় যেখানে অরণ্য শুয়ে ছিলো কাল। যথারীতি পাশের বিছানা শূন্য। মানুষটি নেই সেখানে,তার যায়গায় আছে আবার একটি চিরকুট আর তার উপর একটি লাল র'ক্ত'জবা ফুল।
সে চিরকুটটি খুলে পড়ে যাতে লেখা আছে,
"শুভ সকাল আমার প্রিয় অর্ধাঙ্গিনী,
আজকে নীল রঙের শাড়িটা পড়বে এবং চুলে ফুলটি গুঁজে দিবে।
আলমারির প্রত্যেকটা জিনিস আমি নিজ হাতে সাজিয়েছি তোমার জন্য।
আশা করি পছন্দ হবে তোমার।
-অরণ্য"
শ্যামা চিরকুটটি হাতে নিয়েই দ্রুতকদমে গিয়ে আলমাড়িটি খুলে। বিশাল কালো কাঠের সেই আলমারিতে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রঙের শাড়ি,তার মধ্যে নীল শাড়িটা সবার উপরে রাখা,উপরের দুই তাক শাড়ি,একদম নীচের তাকে রয়েছে শাড়ির সাথে মেলানো কাঁচের চুরি,সাথে কয়েকটি গয়নার বাক্স।
অরণ্য তাকে প্রতিবার নতুন করে চমকে দেয়।
মনটা খুশিতে ভরে যায় তার,এমন নয় যে তার এমন কাড়ি কাড়ি শাড়ি গয়না চাই, অরণ্য তাকে নিয়ে এতটা গুরুত্ব দিয়ে ভাবে সেটা ভাবতেই মনটা প্রশান্তিতে ভরে যায়।
সে শাড়িটি আর অন্য প্রয়োজনীয় জিনিস হাতে নিয়ে নীচে নেমে আসে গোসল করার জন্য।
এই বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকলেও আধুনিক বাথরুমের ব্যবস্থা নেই।
নীচতলায় ঘরের মধ্যেই গোসলখানা রয়েছে। চাপকল দিয়ে পানি তুলে তারপর যাবতীয় কাজ করতে হয় সেখানে।
নীচে নামতেই রিমুর সাথে দেখা হয়ে যায় শ্যামার। শ্যামাকে দেখেই সে হেসে বলে
"আপনে উঠছেন মালকিন?আমার নাস্তা বানান শেষ,টেবিলে দিমু?"
"না রে রিমঝিম,আমি আগে পরিষ্কার হয়ে নি। আমি গোসল করে এসে খাবো"
"গোসলে যাবেন?চলেন আমি আপনারে পানি তুইলা দি।"
"আরে না না,তোমাকে এতো কষ্ট করতে হবেনা,আমি নিজেই করে নিবো"
"যাই না মালকিন,এই বাড়িতে একলা একলা গা ছমছম করে আমার,সামশের চাচাও কই জানি গেছে।" রিমু খানিকটা মন খারাপ করে বলে।
"আচ্ছা ঠিক আছে চলো তবে,আর একা লাগলে আমার কাছে চলে এসো। আমি নিজেও সারাদিন কি করে কাটাবো জানিনা।"
রিমু হেসে মাথা দুলিয়ে সায় দেয়,তারপর শ্যামার আগে আগে গোসলখানায় এগিয়ে গিয়ে পানি তুলতে থাকে বালতিতে।
শ্যামা তার মুখ ধোয়ায় ব্যস্ত তখন রিমুর কন্ঠ শুনতে পায় সে,
"মালকিন একটা কথা জিগাইতে পারি যদি কিছু মনে না নেন?"
শ্যামা গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বললো,"কি প্রশ্ন?"
"আপনে রাইতের বেলা এই বাড়িতে থাহেন,আপনার ডর লাগেনা?"
শ্যামা শান্ত কন্ঠে বললো,"ভয় লাগবে কেনো?তুমিও তো এই বাড়িতে কাজ করো,তোমার কি ভয় লাগে নাকি?"
"আপনে আসার আগে ভয়ে আমার জান বাইর হই যাইতেছিলো,কেমন গা ছমছম কইরা উঠে থাইকা থাইকা।
টেহার দরকার আছিলো তাই চইলা যাইতেও পারতাছিলাম না। এহন আপনে রে দেইখা ভরসা পাইতেছি। আপনে এইহানে রাইতের বেলা তাহেন তবু কিছু হয়নাই।
এহন ভাবতাছি গেরামের সবাই হুদাই কাহিনি করে।"
শ্যামা তার কাজ করতে করতে হেসে জিজ্ঞেস করে," কি কাহিনি করে তারা?আমি যখন এখানে প্রথম এসেছিলাম,আমাকেও একজন বলেছিলো এই জায়গা নাকি ভালোনা,তোমরা গ্রামের মানুষ নাকি দিনের বেলায়ও এড়িয়ে চলে"
"জি মালকিন,কেউ এইদিক দিয়া কারো গরু ছাগল পর্যন্ত যাইতে দেয়না। সব ওই বুড়ির দোষ। সে ই এইসব কাহিনি শুনাইয়া সবার মনে ডর ঢুকাই দিছে।"
শ্যামা এইবার থমকে গিয়ে পূর্ণ মনোযোগ দেয় রিমুর প্রতি,"বুড়ি?কোন বুড়ি?"
"আমাগো গেরামে এক কুটনী বুড়ি আছে মালকিন। দুনিয়ার সব খবর তার কাছে থাকবোই থাকবো। বুড়ির বয়স নাকি ১০০বছর পার হইছে,এহনো ম'রে'না। হের নাতবউটারে কি না জ্বা'লা'য় এই বুড়ি। তবু গেরামের মুরুব্বি বইলা সবাই তারে মাইনা চলে। তাইতো তার কথা শুইনা এইদিহে কেউ আহেনা।"
"কি বলে তিনি এই বাড়ির ব্যপারে?"
"তিনি কইয়া বেড়ায় এই বাড়ি নাকি অশুভ,এই জমিদার বাড়ির মানুষ নাকি বহুত খারাপ মানুষ আছিলো, অতীতে নাকি এইহানে বহুত খারাপ ঘটনা ঘটছে,এইহানে নাকি খারাপ কিছু আছে আরও কতো কি কিচ্ছা কাহিনি।
বুড়ির আর তো কোনো কাজ নাই। বাচ্চাগো ডাইকা ডাইকা সাবধান করেন উনি।"
শ্যামা কথাগুলো শুনে চিন্তায় পড়ে যায়। এমন না সে ভুতপ্রেত এসব বিশ্বাস করে,কিন্তু এই বুড়ি যদি সেই যুগের মানুষ হয়ে থাকেন আর এই বাড়ি সম্পর্কে তিনি কিছু জেনে থাকেন, তাহলে তিনি কি অরণ্য ও তার পরিবার সম্পর্কেও কিছু জানেন? তিনি কি তাকে অরণ্যের এই শর্তগুলোর রহস্য জানতে সাহায্য করতে পারে? তার কি উচিত হবে একবার গিয়ে এই বুড়ির সাথে দেখা করা?
এই ভাবনাটি মনে আসতেই কাল রাতে অরণ্যের শীতল কন্ঠে বলা কথাগুলো মনে পড়ে যায়,'তুমি আমাদের শর্তের কথা ভুলে যেওনা কিন্তু। আমার ব্যপারে কোনো প্রশ্ন নয়,কোনো কৌতুহল নয়'
সেই সাথে কানে বেজে উঠে সামশের এর সাবধানবাণী 'এর মধ্যে একটিও লঙ্ঘন করলে কিন্তু আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন'।
সাথে সাথেই বুড়ির সাথে দেখা করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে সে। অরণ্য তার সব কথা রেখেছেন। তিনি তাকে তার সবটা দিয়েই ভালোবাসার চেষ্টা করছেন, একবারও তাকে কোনো কষ্ট দেননি। বিনিময়ে শুধু তার শর্তগুলির সাথে মানিয়ে নিতে বলেছেন। সে কি এতোটুকুও করতে পারবেনা তার জন্য? কৌতুহলের কাছে হেরে গেলে সে হয়তো অরণ্যকে চিরতরে হারিয়ে ফেলবে। এই ভাবনাটি মাথায় আসতেই বুক কেঁপে উঠে তার।
শ্যামা মনে মনে প্রতিজ্ঞা করে সে অরণ্যের মন ও বিশ্বাস দুটোই অর্জন করবে,একদিন তাহলে অরণ্য নিশ্চয়ই তার মনের কথাগুলো তাকে খুলে বলবে। সেদিন এই অদৃশ্য দেওয়াল তাদের মধ্যে আর থাকবেনা।
শ্যামা আর কোনো কথা না বাড়িয়ে রিমুকে বাইরে পাঠিয়ে গোসল করে নেয়। রিমু ততক্ষণে টেবিলে নাস্তা লাগিয়েছে।
শ্যামা গিয়ে বসতেই রিমু হাসিমুখে বলে উঠে,"বাহ মালকিন আপনারে তো অনেক সুন্দর লাগতাছে"
শ্যামা কথাটাকে সহজভাবে নিয়ে ছোট করে একটা ধন্যবাদ জানায়।
নাস্তা খেতে খেতেই সামশের কে ফিরে আসতে দেখে শ্যামা।
তার হাত বোঝাই করা বাজার,বাজারে গিয়েছিলেন তাহলে তিনি। শ্যামা তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে,
"চাচা আপনি খেয়েছেন?"
সামশের হাতের বাজারগুলি রেখে সটান হয়ে দাঁড়িয়ে বলেন,
"জ্বি মালকিন,আমার খাওয়া হয়েছে"
"আর আপনার মনিব?উনি খেয়েছেন?"
কোনো উত্তর না পেয়ে শ্যামা এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে,"অরণ্য খায়নি এখনো?তিনি কি ঘুমোচ্ছেন?"
"জ্বি মালকিন,আসলে মালিকের দিনের বেলায় উপোস থাকে"
"উপোস থাকে মানে?অরণ্য দিনের বেলায় কিছু না খেয়ে থাকে?" ভ্রু যুগল কুঁচকে জিজ্ঞেস করে শ্যামা।
"জ্বি মালকিন।"
"কেনো না খেয়ে থাকেন উনি?"
"সেটা আমি বলতে পারবোনা মালকিন"
শ্যামার বিচলিত মন আরও খারাপ হয়ে যায় কথাগুলো শুনে। কাল অরণ্য কথায় কথায় বলেও ছিলো যে সে সারাদিন না খেয়ে ছিলো,আর খাবারের কষ্টের কথা বলতে গিয়ে উনার কন্ঠে এক ধরনের বিষাদের ছোয়া অনুভব করেছে সে। তাহলে তিনি নিজেকে কেনো এভাবে কষ্ট দিচ্ছেন?
"উনি তাহলে শুধু রাতের বেলা খাবার খান?"
"জ্বি মালকিন"
" উনি কি কি খেতে পছন্দ করেন আমাকে বলবেন?"
"জ্বি মালকিন?"
"এখন থেকে রাতের রান্না আমি করবো,কি খেতে পছন্দ করেন উনি?"
"মনিব খাবারের প্রতি বাছবিচার করেন না,আপনি যা রাধবেন তাই খাবেন উনি।"
"আচ্ছা ঠিক আছে আপনি যান চাচা"
সামশের চলে যেতেই তার খাবার প্লেটের দিকে তাকায় শ্যামা।
তার খাওয়ার ইচ্ছেটাই ম'রে গেছে অরণ্য না খেয়ে আছে শুনে। সে না খেয়ে উঠে যেতে চাইতে নিলে আবার অরণ্যের বলা কথা মনে পড়ে যায় তার 'অন্ন কখনো নষ্ট করবেনা'।
ভারাক্রান্ত মনে সে আবার বসে পড়ে খাবার টেবিলে। রিমু বাজার গুছিয়ে রাখতে গিয়েছিলো রান্নাঘরে, রিমু ফিরে আসলে রিমুকে উদ্দেশ্যে করে বলে উঠে সে,
"এখন থেকে আমার জন্য সকালের আর দুপুরের খাবার রান্না করার দরকার নেই। আর রাতের খাবার আমি নিজে রান্না করবো।"
পুকুরপাড়ের পাথর বাধানো ঘাটে বসে আছে শ্যামা। দুপুরবেলার ঠান্ডা মিষ্টি বাতাস থেকে থেকে তার গায়ে আছড়ে পড়ছে। কিন্তু প্রকৃতি অনুভব করার মন মানসিকতা একদম নেই এই মুহুর্তে।
হাতে করে ফোনটা নিয়ে এসেছিলো সে। হেনার নাম্বার ডায়াল করে ফোন লাগায় সে। মায়ের সাথে কথা বলা দরকার একবার। দুইবার ওইপাশে রিং হওয়ার পর হেনার কন্ঠ ভেসে আসে অপর প্রান্ত থেকে,
"হ্যালো আপু,আমি তোকেই ফোন করতে চেয়েছিলাম। মা জানতে চেয়েছে তুই ঠিকঠাক পৌছে গেছিস কিনা।"
"হ্যাঁ আমি ঠিকমতো পৌছে গেছি,এখানে সব ঠিক আছে। মাকে ফোনটা একটু দে তো।"
"আমি মায়ের পাশে নেই এখন। বাড়িতে এসেছি কিছু জিনিস নিতে।"
"আচ্ছা তাহলে মায়ের সাথে পরে একবার কথা বলিয়ে দিস আমাকে। বাবার জ্ঞান ফিরেছে?"
"হ্যাঁ আপু,আজ ভোরের দিকেই ফিরেছে। তোর কথা জিজ্ঞেস করেছিলো।"
"আহ যাক অবশেষে বাবার জ্ঞান ফিরেছে,আচ্ছা ডাক্তার কি বললো?"
"ডাক্তার বলেছে আর কিছুদিন পর বাবাকে ডিসচার্জ দিয়ে দিবে"
"ভালো,মা বাবার খেয়াল রাখিস হেনা"
"আপু......" হেনা কিছু বলার জন্য ইতস্তত করতে থাকে।
"কিছু বলবি?"
"আপু দিব্য ভাইয়া আমাকে কল করেছিলো জানার জন্য তুই এতো টাকা কোথায় পেয়েছিস। তুই তো জানিস আমি ভাইয়াকে অনেক ভয় পাই,মুখে মুখে তর্ক করতে পারিনা। তাই আমি ভুলে বলে দিয়েছি যে তোর অনেক ভালো চাকরি হয়েছে।"
(চলবে)
