নীরশ্বেতা
মারিয়াম
পূর্ব ২
সভাকক্ষের ভেতর এতটাই নীরবতা ছিল যে, দূরের জলের স্রোতের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল। ইলারা ধীরে ধীরে এগিয়ে এসে মহারাজ অরিয়নের পাশে দাঁড়াল। রাজা একবারও তার দিকে তাকালেন না। তার দৃষ্টি স্থির ছিল সেই স্ফটিকের গোলকের ওপর। হঠাৎ, গোলকের ভেতর নীল আলো কেঁপে উঠল। তারপর পুরো সভাকক্ষ যেন পানির নিচে ঘূর্ণির মতো কেঁপে উঠতে লাগল। সাতজন রাজা একসঙ্গে উঠে দাঁড়ালেন।
গোলকের ভেতর ধীরে ধীরে একটি দৃশ্য ফুটে উঠল। প্রথমে দেখা গেল উত্তাল সমুদ্র। তারপর রক্তে লাল হয়ে যাওয়া জল।
ভেঙে পড়ছে মুক্তোর প্রাসাদ। জ্বলছে প্রবালের বন। চারদিকে যুদ্ধ, চিৎকার আর কান্না। ইলারা ভয়ে এক পা পিছিয়ে গেল।
— "এ...এগুলো কী?"
কেউ উত্তর দিল না। এরপর গোলকের ভেতর আরেকটি দৃশ্য ভেসে উঠল।
একজন সমুদ্রকন্যা, দুধসাদা চুল, বরফ-আকাশি চোখ, মাথায় মুক্তোর মুকুট। ইলারা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। ওটা, সে নিজেই। কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছে একজন মানুষ।
তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। শুধু দেখা যাচ্ছে, সে নিজের হাত বাড়িয়ে ইলারার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই গোলকের ভেতর থেকে ভেসে এল এক প্রাচীন কণ্ঠ—
"যেদিন শ্বেতরাজ্যের উত্তরাধিকারিণীর হৃদয় কোনো মানুষের হৃদয়ের সঙ্গে বাঁধা পড়বে। সেদিন সমুদ্রের সাত রাজ্যের ভাগ্য নতুন করে লেখা হবে। হয় জন্ম নেবে শান্তির যুগ। নয়তো নীরসাগর ডুবে যাবে চিরন্তন অন্ধকারে।"
কণ্ঠটি মিলিয়ে যেতেই—
স্ফটিকের গোলকটি ফেটে অসংখ্য আলোর কণায় ছড়িয়ে পড়ল। সভাকক্ষ নিস্তব্ধ। কারও মুখে কোনো শব্দ নেই।
ইলারা ধীরে ধীরে বাবার দিকে তাকাল।
তার কণ্ঠ কেঁপে উঠল।
— "বাবা... এই ভবিষ্যদ্বাণী আমার জন্য?"
মহারাজ অরিয়ন ধীরে চোখ বন্ধ করলেন।
তারপর বহু বছরের লুকিয়ে রাখা ক্লান্তি নিয়ে বললেন—
— "হ্যাঁ, ইলারা।"
— "এটাই সেই সত্য যেটা আমি উনিশ বছর ধরে তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি।"
ইলারার বুক কেঁপে উঠল। তার মনে হলো, আজ থেকে তার জীবন আর আগের মতো থাকবে না। আর ঠিক সেই মুহূর্তেই সমুদ্রের অনেক ওপরে মানুষের পৃথিবীতে একজন সাধারণ যুবক নিজের জীবনের সবচেয়ে সাধারণ একটি দিন শুরু করছিল। সে জানত না তার ভাগ্য ইতিমধ্যেই সমুদ্রের রাজকন্যার ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেছে।
ইলারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল।
— "কিন্তু... সেই মানুষটা কে? যার জন্য সাতটি রাজ্যের ভবিষ্যৎ বদলে যাবে আমি তো কোনদিন কোন মানুষের মুখ দেখিনি এবং কি কখনো কোনো মানুষের সঙ্গে দেখা করিনি।"
মহারাজ অরিয়ন ধীরে ধীরে তার মেয়ের মাথায় হাত রাখলেন। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত বিষাদ।
— "এখনও করোনি, কিন্তু ভাগ্য তোমাদের দেখা করাবেই।"
ইলারা অবাক হয়ে বাবার চোখের দিকে তাকিয়ে রইল প্রথমবার সে দেখল তার বাবার চোখেও ভয় আছে। যে মানুষটাকে পুরো নীরসাগর অজেয় বলে জানে, সেই মানুষটিই আজ ভাগ্যের কাছে অসহায়। ইলারা বুঝে গেল, যে সত্য তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে, সেটি শুধু একটি ভবিষ্যদ্বাণী নয় বরং বহু শতাব্দীর এক রক্তাক্ত ইতিহাস। ঠিক তখনই প্রাসাদের বাইরে হঠাৎ এক বিশাল ঢেউ আছড়ে পড়ল।
সমুদ্র যেন নিজেই ক্রুদ্ধ হয়ে উঠেছে। বিশাল বিশাল ঢেউ রাজপ্রাসাদের চারপাশে আছড়ে পড়তে লাগল। মনে হচ্ছিল, গভীর সমুদ্রও যেন অজানা কোনো অশুভ শক্তির উপস্থিতি অনুভব করছে। রাজপ্রাসাদের হাজারো মুক্তো একসঙ্গে কেঁপে উঠল। আর বহু দূরে সমুদ্রের পৃষ্ঠে একটি কালো ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কেউ সেটি দেখল না। কেউ বুঝল না
শুধু গভীর সমুদ্রের এক বৃদ্ধ তিমি নিচু স্বরে ফিসফিস করে উঠল—
"সে ফিরে এসেছে..."
কার কথা বলছিল সে? কাকে ফিরে আসতে দেখল? তার উত্তর তখনও অজানা। কিন্তু, নিয়তির ঘড়ি ইতিমধ্যেই চলতে শুরু করেছে। আর খুব শিগগিরই রাজকুমারী ইলারার শান্ত জীবন ভেঙে যাবে এমন এক ঘটনার মাধ্যমে যা বদলে দেবে শুধু তার জীবন নয়, সমুদ্রের সাতটি রাজ্য আর মানুষের পৃথিবীর ভবিষ্যৎও। এমনকি হাজার বছরের ইতিহাসও।
ইলারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর যেন ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, এতদিন ধরে যার উত্তর খুঁজে এসেছে, আজ সেই প্রশ্নের উত্তর তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই উত্তর যেন আরও শত শত নতুন প্রশ্নের জন্ম দিল। সে ধীরে ধীরে বাবার দিকে তাকাল। তার কণ্ঠ কাঁপছিল। যেন প্রতিটি শব্দ বলতে গিয়েও তিনি নিজের ভেতরের যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন।
— "কিন্তু, একজন মানুষ কেন? সমুদ্রের ভবিষ্যৎ একজন মানুষের সঙ্গে কীভাবে জড়িয়ে থাকতে পারে?"
মহারাজ অরিয়ন কোনো উত্তর দিলেন না। তিনি শুধু দীর্ঘক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর সভাকক্ষের মাঝখানে ধীরে ধীরে এগিয়ে গেলেন। ভাঙা স্ফটিকের গোলকের ছড়িয়ে থাকা আলোর কণাগুলো যেন এখনও মৃদু নীল আভায় জ্বলছিল।
রাজা হাঁটু গেড়ে বসে আলোর একটি টুকরো হাতে তুলে নিলেন। সেই আলো মুহূর্তেই ধুলো হয়ে পানির সঙ্গে মিশে গেল।
রাজা নিচু স্বরে বললেন—
— "কারণ, হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা একটি ভুল করেছিলেন।"
সাতজন রাজাই নীরবে মাথা নিচু করলেন। মনে হলো, এই কথাটি তারা বহুবার শুনেছেন। কিন্তু আজও ভুলতে পারেননি।
ইলারা বিস্মিত চোখে সবার দিকে তাকিয়ে রইল।
— "কী ভুল?"
রাজা চোখ বন্ধ করলেন।
তার কণ্ঠে ক্লান্তি।
— "আজ নয়!"
— "এখনও সেই সময় আসেনি।"
— "যেদিন সত্য জানার সময় হবে, সেদিন তুমি নিজেই সব জানতে পারবে।"
ইলারা কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মনে হলো,বাবা ইচ্ছে করেই কিছু লুকিয়ে যাচ্ছেন। আর সেই লুকিয়ে রাখা সত্যটাই হয়তো তার জন্মের সঙ্গে জড়িয়ে আছে। ঠিক তখনই সভাকক্ষের এক কোণে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ রাজপুরোহিত লুমিয়ার ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার দীর্ঘ সাদা দাড়ি কোমর ছুঁয়েছে। চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। মনে হয় যেন হাজার বছরের স্মৃতি এখনও সেখানে বেঁচে আছে।
তিনি ইলারার দিকে গভীরভাবে তাকিয়ে বললেন—
— "রাজকুমারী?
ভাগ্য থেকে কেউ পালাতে পারে না। যত দূরেই যাও না কেন নিয়তি শেষ পর্যন্ত তোমাকে খুঁজে নেবে।"
এই কথাগুলো শুনে ইলারার বুকের ভেতর অজানা এক শীতলতা নেমে এল। সে বুঝতে পারছিল না কেন? কিন্তু তার মনে হচ্ছিল, আজকের এই সভার পর তার জীবন আর আগের মতো থাকবে না। হয়তো খুব শিগগিরই তাকে এমন এক সিদ্ধান্ত নিতে হবে। যার জন্য সে কোনোদিন প্রস্তুত ছিল না। সভা শেষ হওয়ার ঘোষণা দেওয়া হলো। এক এক করে সাতজন রাজা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যেতে লাগলেন। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় প্রত্যেকেই একবার করে ইলারার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে করুণা ছিল, উদ্বেগ ছিল আর ছিল এমন এক নীরব ভয়। যেটার অর্থ ইলারা বুঝতে পারল না। শেষে পুরো বিশাল সভাকক্ষে শুধু রইল।
মহারাজ অরিয়ন আর ইলারা।
দীর্ঘ নীরবতার পর রাজা ধীরে ধীরে বললেন—
— "ইলারা?"
— "আজ থেকে তুমি একা কোথাও যাবে না।"
— "প্রাসাদের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।"
ইলারা বিস্মিত হয়ে উঠল।
— "কিন্তু কেন?"
— "আমি তো কোনো ভুল করিনি!"
রাজা এবার প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকালেন। সেই চোখে একজন রাজার কঠোরতা ছিল না ছিল শুধুই একজন বাবার অসহায় ভয়। তিনি খুব আস্তে বললেন—
— "আমি আমার রাজ্য হারালে আবার গড়ে তুলতে পারব..."
— "কিন্তু তোমাকে হারালে...?"
বাকিটুকু তিনি আর বলতে পারলেন না। ইলারা জীবনে প্রথমবার বাবাকে এতটা ভেঙে পড়তে দেখল। তার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে কিছুই বুঝতে পারছে না। তবুও অনুভব করছে একটি অদৃশ্য ঝড় ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তেই সমুদ্রের বহু ওপরে মানুষের পৃথিবীতে একজন সাধারণ যুবক নিজের জীবনের আরেকটি সাধারণ সকাল শুরু করছিল। সে জানত না, আজকের এই দিনটিই তার জীবনের শেষ স্বাভাবিক দিন।
কারণ খুব শিগগিরই ভাগ্য তাকে এমন এক পথের দিকে নিয়ে যাবে। যেখানে রূপকথা আর বাস্তবতার সীমারেখা চিরদিনের জন্য মুছে যাবে।
চলবে...
