নীরশ্বেতা
মারিয়াম
পূর্ব ৩
সেদিন রাতটা যেন অন্য সব রাতের থেকে আলাদা ছিল। শ্বেতরাজ্যের ওপর নেমে এসেছিল এক অস্বাভাবিক নীরবতা।
সাধারণত রাত গভীর হলে মুক্তোর আলোয় পুরো রাজ্যটা যেন স্বপ্নের মতো ঝলমল করে ওঠে। রঙিন ছোট ছোট মাছ প্রাসাদের চারপাশে ঘুরে বেড়ায়, আর দূরে তিমিদের সুরেলা ডাক ভেসে আসে। কিন্তু আজ সবকিছুই অদ্ভুতভাবে স্তব্ধ।
রাজসভা শেষ হওয়ার পর ইলারা ধীরে ধীরে নিজের কক্ষে ফিরে এসেছিল। মহারাজ অরিয়ন তাকে আর একটি কথাও বলেননি। শুধু বিদায় নেওয়ার আগে একবার রাজকন্যা ইলারার মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলেছিলেন। সেই দীর্ঘশ্বাসের ভার যেন এখনও ইলারার বুকের ভেতর রয়ে গেছে। ইলারাও নিজ কক্ষে ফিরে এলো। নিজের কক্ষে ঢুকেই সে দরজাটি আস্তে করে বন্ধ করল। ঝিনুক, স্ফটিক আর মুক্তো দিয়ে সাজানো বিশাল কক্ষটি ছোটবেলা থেকেই তার সবচেয়ে প্রিয় আশ্রয়। দেয়ালের গায়ে নীলাভ স্ফটিকের আলো নরমভাবে ছড়িয়ে পড়েছে। ছাদের ওপরে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট আলোকমাছ। তবুও আজ যেন সেই পরিচিত কক্ষটিও তার কাছে অচেনা লাগছে। ইলারা ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গেল। স্বচ্ছ কাঁচের ওপারে দেখা যাচ্ছে গভীর সমুদ্র।
দূরে রূপালি স্রোত বয়ে যাচ্ছে। মাঝেমধ্যে কয়েকটি জেলিফিশ নরম আলো ছড়িয়ে ভেসে যাচ্ছে অন্ধকারের ভেতর। ইলারা অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর খুব আস্তে নিজের বুকের ওপর হাত রাখল। হৃদস্পন্দন এখনও স্বাভাবিক হয়নি।
তার কানে বারবার ভেসে আসছে সেই ভবিষ্যদ্বাণীর শব্দ—
"যেদিন শ্বেতরাজ্যের উত্তরাধিকারিণীর হৃদয় কোনো মানুষের হৃদয়ের সঙ্গে বাঁধা পড়বে..."
সে চোখ বন্ধ করল। নিজের মনেই ফিসফিস করে বলল—
— "মানুষ? তোমরা আসলে কে?"
ছোটবেলা থেকেই মানুষ সম্পর্কে তার অদ্ভুত কৌতূহল ছিল।
রাজপ্রাসাদের বিশাল গ্রন্থাগারে যত পুরোনো পুঁথি ছিল, সুযোগ পেলেই সেগুলো পড়ত সে। মানুষের হাসি, তাদের গান, তাদের ভালোবাসা, তাদের যুদ্ধ, এককথায় সবকিছুই তার কাছে রহস্যের মতো লাগত। কিন্তু আজ প্রথমবার তার মনে হলো, হয়তো সেই রহস্যের সঙ্গেই জড়িয়ে আছে তার নিজের জীবন।
ইলারা ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। ঘুমানোর চেষ্টা করল।
কিন্তু চোখ বন্ধ করলেই একের পর এক দৃশ্য ভেসে উঠছে।
রক্তে লাল সমুদ্র, ভেঙে পড়া প্রাসাদ আর সেই অচেনা মানুষটি যার মুখ সে দেখতে পায়নি। হঠাৎ তার মনে পড়ল বাবার কথা।
"হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা একটি ভুল করেছিলেন! "
কী সেই ভুল? কেন কেউ তাকে সত্যিটা বলতে চায় না? কেন তার জন্মের পর থেকেই সবাই তাকে কিছু না কিছু লুকিয়ে রেখেছে? প্রশ্ন, শুধু প্রশ্ন। কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখনই, তার চোখ পড়ল কক্ষের এক কোণে রাখা একটি পুরোনো শঙ্খের ওপর। এটি তার মায়ের স্মৃতিচিহ্ন। ছোটবেলায় মহারাজ অরিয়ন একদিন শুধু এতটুকুই বলেছিলেন—
"এটা তোমার মায়ের সবচেয়ে প্রিয় জিনিস ছিল।"
তারপর আর কোনোদিন তিনি ইলারার মায়ের কথা বলেননি।
ইলারা ধীরে ধীরে শঙ্খটি হাতে তুলে নিল। আঙুল বুলিয়ে দিল তার গায়ে। খুব আস্তে বলল—
— "মা? তুমিও কি সব জানতে?"
শঙ্খটি অবশ্য কোনো উত্তর দিল না। শুধু দূরের সমুদ্রের স্রোত যেন একটু জোরে বয়ে গেল। ইলারা কিছুক্ষণ নীরবে বসে রইল। হঠাৎ তার মনে পড়ল একটি পুরোনো ঘটনা। সে তখন মাত্র দশ বছরের। একদিন খেলতে খেলতে প্রাসাদের পশ্চিম দিকের করিডোরে চলে গিয়েছিল।সেখানে একটি বিশাল দরজা ছিল। সাদা প্রবাল আর নীল স্ফটিক দিয়ে তৈরি সেই দরজার ওপর খোদাই করা ছিল অদ্ভুত সব চিহ্ন। ইলারা দরজাটা ছুঁতে যেতেই মহারাজ অরিয়ন ছুটে এসে তাকে থামিয়ে দিয়েছিলেন। সেদিন প্রথমবার তিনি এত জোরে বলেছিলেন—
— "কখনো এই দরজার কাছে আসবে না!"
সেই ঘটনার পর আর কোনোদিন ইলারা ওই পথে যায়নি। কিন্তু আজ, তার মনে হচ্ছে সেই দরজার ওপারেই হয়তো লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। চারদিকে তাকাল। পুরো প্রাসাদ তখন নিস্তব্ধ। রাত্রিকালীন প্রহরীরা দূরের পথগুলো পাহারা দিচ্ছে। ইলারা খুব আস্তে নিজের কক্ষের দরজা খুলল। করিডোরজুড়ে মুক্তোর আলো মৃদু ঝলমল করছে। তার পদচারণার শব্দও যেন সমুদ্রের নীরবতায় হারিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে পশ্চিম দিকের করিডোরের দিকে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার হৃদস্পন্দন আরও দ্রুত হতে লাগল। অনেক বছর পর আবার সেই দরজার সামনে এসে দাঁড়াল সে। দরজাটি এখনও আগের মতোই রহস্যময়। প্রবালের খোদাইগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। মাঝখানে একটি অদ্ভুত প্রতীক। একটি অর্ধচন্দ্র তার নিচে ঢেউ আর ঢেউয়ের মাঝখানে দুটি হাত একে অপরের দিকে বাড়ানো। ইলারা বিস্ময়ে প্রতীকটির দিকে তাকিয়ে রইল।
সে আগে কখনো এত মন দিয়ে এটি দেখেনি। তার মনে হলো—
এই প্রতীকটি কোথাও যেন সে আগে দেখেছে। কিন্তু কোথায়?
মনে করতে পারল না। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজার গায়ে স্পর্শ করল। স্পর্শ করার সঙ্গে সঙ্গে দরজার গায়ে নীল আলো জ্বলে উঠল। মুহূর্তের জন্য পুরো করিডোর নীল আলোই আলোকিত হয়ে গেল। ইলারা ভয়ে হাত সরিয়ে নিল।
ঠিক তখনই দূর থেকে কেউ এদিকে এগিয়ে আসার শব্দ ভেসে এল। ইলারা দ্রুত পাশের একটি বিশাল প্রবালের আড়ালে লুকিয়ে পড়ল। কয়েক মুহূর্ত পর ধীর পায়ে সেখানে এসে দাঁড়ালেন বৃদ্ধ রাজপুরোহিত লুমিয়ার। তার হাতে একটি পুরোনো লণ্ঠন। তিনি দরজার দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন। তারপর খুব আস্তে বললেন—
— "আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না।"
— "সময় এসে গেছে।"
তিনি কোমরের কাছ থেকে একটি ছোট স্ফটিক বের করলেন।
স্ফটিকটি দরজার মাঝখানে স্পর্শ করতেই গম্ভীর শব্দে দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করল। ইলারা বিস্ময়ে নিঃশ্বাস আটকে রাখল। দরজার ওপাশে যা দেখা গেল তা কোনো সাধারণ কক্ষ নয়। দেয়ালের চারপাশে সারি সারি স্ফটিকের তাক সাজানো। প্রতিটি তাকের ভেতরে সংরক্ষিত আছে শত শত বছরের পুরোনো রাজকীয় পুঁথি, মানচিত্র আর অদ্ভুত সব নিদর্শন। কোথাও বিশাল তিমির হাড় দিয়ে তৈরি রাজদণ্ড, কোথাও বা এমন কিছু অস্ত্র, যেগুলোর অস্তিত্বের কথা ইলারা কোনোদিনও শোনেনি। ঘরের মাঝখানে একটি গোলাকার পাথরের বেদি। তার ওপর রাখা একটি পুরোনো নীল রঙের বই।বইটির মলাটে খোদাই করা আছে সেই একই প্রতীক। যা সে একটু আগে দেখেছিল। অর্ধচন্দ্র, ঢেউ, আর দুটি বাড়িয়ে দেওয়া হাত। বইটির চারপাশে নীল আলো ধীরে ধীরে ঘুরছে। মনে হচ্ছিল, কেউ যেন বহু শতাব্দী ধরে এটিকে রক্ষা করে আসছে। তখনই ইলারার চোখে পড়লো এক অপূর্ব সুন্দরী সমুদ্রকন্যা। দুধসাদা চুল, বরফ-আকাশি চোখ, মাথায় মুক্তোর মুকুট। ইলারা হতবাক হয়ে ফিসফিস করে বলল—
— "এ.. তো..?"
মেয়েটির মুখ অবিকল তার নিজের মতো। ঠিক তখনই লুমিয়ার নিচু স্বরে বললেন—
— "মহারাণী সেলেনা? আপনার কন্যা সত্যের খুব কাছে পৌঁছে গেছে।"
ইলারার বুকের ভেতর কেঁপে উঠল। "মহারাণী সেলেনা"
এটাই কি তার মায়ের নাম? সে আরো একটু সামনে বাড়াতে যাবে ঠিক তখনই তার আকাশি রঙের লেজটার সাথে বেজে প্রবালের নিচে একটি ছোট মুক্তো টিক, টিক করে গড়িয়ে পড়ল। শব্দটি নিস্তব্ধ করিডোরে প্রতিধ্বনিত হলো। লুমিয়ার হঠাৎ ঘুরে দাঁড়ালেন। তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি অন্ধকারের দিকে স্থির হয়ে গেল। কয়েক মুহূর্ত পুরো করিডোর নিস্তব্ধ। ইলারা নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখল। তার মনে হচ্ছিল, বুকের ধুকপুকানির শব্দও যেন বাইরে থেকে শোনা যাচ্ছে। লুমিয়ার ধীরে ধীরে কয়েক কদম এগিয়ে এলেন। তার উজ্জ্বল চোখ দুটি অন্ধকার ভেদ করে যেন কাউকে খুঁজছে। তিনি নিচু স্বরে বললেন—
— "যে-ই হও? বেরিয়ে এসো।"
কোনো উত্তর এল না। শুধু দূরে কোথাও জলের মৃদু স্রোতের শব্দ। আর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর লুমিয়ার দীর্ঘশ্বাস ফেললেন।
— "হয়তো আমারই ভুল হয়েছে। "
তিনি আবার ঘুরে দাঁড়ালেন। ধীরে ধীরে সেই গোপন কক্ষের ভেতরে প্রবেশ করলেন। দরজাটি আবার ভারী শব্দে বন্ধ হয়ে গেল। করিডোর আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। ইলারা কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর খুব আস্তে প্রবালের আড়াল থেকে বেরিয়ে এল। তার বুকের ভেতর এখনও ভয়ের সঙ্গে মিশে আছে অদম্য কৌতূহল। সে ধীরে ধীরে সেই বিশাল দরজার সামনে এসে দাঁড়াল। দরজাটি আবার সম্পূর্ণ বন্ধ।
যেন কিছুক্ষণ আগের ঘটনাগুলো কখনো ঘটেইনি।
ইলারা আলতো করে দরজার গায়ে হাত রাখল। ঠান্ডা, একেবারে বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল—
— "মহারাণী সেলেনা? "
নামটা উচ্চারণ করতেই তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জেগে উঠল। কেন যেন মনে হলো, এই নামের সঙ্গে তার হৃদয়ের কোনো গভীর সম্পর্ক আছে। কিন্তু সে কিছুই মনে করতে পারল না। হঠাৎ দরজার ভেতর থেকে খুব ক্ষীণ একটি নীল আলো এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। সেই আলোর সঙ্গে ভেসে এল একটি মৃদু নারীকণ্ঠ
"ইলারা..?"
সে চমকে উঠে চারদিকে তাকাল। কেউ নেই। শুধু গভীর নীরবতা। তার হাত কেঁপে উঠল। সে কি সত্যিই কিছু শুনল? নাকি সবই তার মনের ভুল? ঠিক তখনই দূরের প্রহরার শঙ্খ বেজে উঠল। রাতের শেষ প্রহর শুরু হয়েছে। ইলারা বুঝল, আর এক মুহূর্তও এখানে থাকা ঠিক হবে না। একবার শেষবারের মতো রহস্যময় দরজাটির দিকে তাকিয়ে সে ধীরে ধীরে নিজের কক্ষের দিকে ফিরে গেল। কিন্তু সে জানত না
দরজার ওপাশে দাঁড়িয়ে লুমিয়ার সবকিছুই অনুভব করেছিলেন। তিনি চোখ বন্ধ করে খুব আস্তে বললেন—
— "সময় সত্যিই এসে গেছে! আর বেশিদিন সত্যকে লুকিয়ে রাখা যাবে না।"
গভীর সমুদ্রের অন্ধকারে কোথাও যেন আবার একটি অদৃশ্য ছায়া নড়ে উঠল আর নিয়তি? নিয়তি যেন নীরবে নিজের পরবর্তী অধ্যায় লিখতে শুরু করল।
চলবে...
