নীরশ্বেতা
মারিয়াম
পূর্ব ১
পৃথিবীর মানুষ হাজার হাজার বছর ধরে সমুদ্রকে দেখে এসেছে। কেউ তাকে ভালোবেসেছে। কেউ তাকে ভয় পেয়েছে। কেউ তার বুকে জাহাজ ভাসিয়েছে। আবার কেউ তার অতল গভীরে হারিয়ে যাওয়া ধন-সম্পদের খোঁজ করেছে। কিন্তু কেউ কখনো জানত না। অসীম নীল জলের বহু নিচে আছে আরেকটি পৃথিবী। যেখানে সূর্যের আলো পৌঁছায় না, অথচ লক্ষ লক্ষ মুক্তো নিজেরাই আলো ছড়ায়। যেখানে প্রবালের বন বাতাস ছাড়াই দুলে ওঠে, আর বিশাল তিমিরাও রাজপ্রাসাদের সামনে এসে মাথা নত করে।
নীরসাগর।
সাতটি রাজ্যের সমন্বয়ে গড়ে ওঠা এক বিস্ময়কর সাম্রাজ্য।
প্রতিটি রাজ্যের নিজস্ব শক্তি আছে। নিজস্ব ইতিহাস আছে। নিজস্ব শপথ আছে। কিন্তু তাদের সবার উপরে ছিল এক রাজ্যে।
শ্বেতরাজ্য।
সেখানে সমুদ্রের জল নীল নয় বরং রূপালি। মুক্তোর আলোয় সেখানে রাত আর দিন এক হয়ে যায়। বরফের মতো স্বচ্ছ প্রবাল দূর থেকে ঝলমল করে ওঠে। ঝিনুক দিয়ে গড়া বিশাল প্রাসাদে প্রতিটি সকাল যেন নতুন করে চাঁদের আলো জন্ম দেয়। আর সেই রাজ্যের সিংহাসনে আসীন—
মহারাজ অরিয়ন।
ন্যায়পরায়ণ। প্রজ্ঞাবান। কিন্তু প্রয়োজনে নির্মম কঠোর এক শাসক। তবে তার সমস্ত শক্তি, সমস্ত অহংকার আর সমস্ত ভালোবাসার কেন্দ্র ছিল মাত্র একজন। তার একমাত্র কন্যা। রাজকুমারী ইলারা। ইলারার জন্মরাত আজও শ্বেতরাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। সেদিন সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত। না ছিল ঝড়, না ছিল জলোচ্ছ্বাস। তবুও হঠাৎ সাতটি রাজ্যের সমস্ত জল একসঙ্গে কেঁপে উঠেছিল। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে একটি দুধসাদা উল্কা সমুদ্রের অতল গভীরে নেমে আসে। উল্কার অপার্থিব আলো ছুঁয়ে যায় নবজাতক রাজকুমারীর কপাল। সেই মুহূর্তে যেন পুরো সমুদ্র কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। আর তখনই সবাই বুঝে গিয়েছিল,
এই শিশুটি সাধারণ নয়।
———
উনিশ বছর পর। ভোরের আগের নিস্তব্ধতা সময়। বরফে ঢাকা সমুদ্রতটের একেবারে নির্জন প্রান্তে একা বসে আছে ইলারা। তার কোমর ছাড়িয়ে নামা দুধসাদা চুল জলের উপর নরম ঢেউয়ের মতো ভেসে আছে। আকাশি আভা মেশানো মুক্তোরঙা লেজটি ধীরে ধীরে জোয়ারের ছন্দে দুলছে। চোখ বরফের মতো সাদা-আকাশি মিশ্রণে মিলিত হালকা আকাশি রং গড়েছে। চোখের মণি বিড়ালের মতো সরু। রেগে গেলে পুরো চোখ সমুদ্রের মতো নীল হয়ে যায়। মাথায় ঝিনুক, মুক্তো আর স্ফটিক দিয়ে তৈরি রাজমুকুট। মুকুটের গায়ে জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটা দূরের আলোয় জ্বলজ্বল করছে যেন রাতের আকাশের তারারা নেমে এসেছে। তবুও এত সৌন্দর্যের মাঝেও তার চোখে কোনো আনন্দ নেই। বরফের মতো আকাশি চোখ দুটি দূরের দিগন্তে স্থির রেখে সে আস্তে করে ফিসফিসিয়ে বলল—
— "মানুষ... সত্যিই কি এত ভয়ংকর?"
উত্তর এল না। শুধু একটুকরো ঢেউ নীরবে এসে তার লেজ ছুঁয়ে আবার গভীর সমুদ্রে ফিরে গেল। ইলারা জন্ম থেকেই অন্যরকম। যেখানে অন্য রাজকন্যারা মুক্তো গোনা শিখত সেখানে ইলারা মানুষের গল্প পড়ত। যেখানে অন্যরা যুদ্ধ, অস্ত্র আর রাজনীতি শিখত না। সেখানে সে জানতে চাইত মানুষের হাসি, তাদের কান্না, তাদের ভালোবাসা, আর তাদের বিশ্বাসঘাতকতার গল্প।
প্রতিবারই মহারাজ অরিয়ন তাকে থামিয়ে দিতেন।
— "মানুষ থেকে দূরে থাকবে, ইলারা।"
ইলারা অবাক হয়ে জিজ্ঞেস করত—
— "কেন, বাবা?"
প্রতিবারই রাজা দীর্ঘশ্বাস ফেলতেন।
তারপর ধীরে, খুব ধীরে বলতেন—
— "কারণ... ইতিহাস কখনো মিথ্যা বলে না।"
কিন্তু, সেই ইতিহাসের পুরো সত্য তিনি কোনোদিনও বলেননি। ইলারা তখনও জানত না। ভাগ্য ইতিমধ্যেই তার জন্য এক নিষিদ্ধ পথ লিখে ফেলেছে। খুব শিগগিরই সমুদ্র তাকে এমন এক মানুষের মুখোমুখি দাঁড় করাবে। যে শুধু তার জীবনই নয়। সাতটি রাজ্যের ভবিষ্যৎও বদলে দেবে। আর সেদিন থেকেই শুরু হবে—
একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প।
একজন সমুদ্রকন্যা।
আর একজন মানুষ...
কিন্তু তখনও ইলারা জানত না, সেই মানুষের সঙ্গে তার প্রথম দেখা হবে কোনো রাজকীয় আয়োজনের মধ্যে নয়, কোনো ভবিষ্যদ্বাণীর মন্দিরেও নয়। হবে এক ভয়ংকর ঝড়ের রাতে।
যে রাতের কথা বহু বছর ধরে নীরসাগরের পুরোহিতেরা ফিসফিস করে বলে এসেছে। শ্বেতরাজ্যের প্রবীণ উপদেষ্টা সেদিন দূর থেকে রাজকুমারীকে দেখছিলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে মাথা নত করলেন।
— "রাজকুমারী, মহারাজ আপনাকে খুঁজছেন।"
ইলারা পেছনে না তাকিয়েই মৃদু স্বরে বলল,
— "বাবা কি আবার মানুষদের নিয়ে সতর্ক করবেন?"
বৃদ্ধ উপদেষ্টা কিছুক্ষণ নীরব রইলেন।
তারপর বললেন,
— "হয়তো, কারণ আজ সমুদ্রের স্রোত স্বাভাবিক নেই।"
ইলারা এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার লম্বা সাদা চুল পানির ভেতর রূপালি কুয়াশার মতো ভেসে উঠল।
সে বিস্মিত হয়ে বলল,
— "স্রোত বদলেছে?"
— "হ্যাঁ। পূর্ব সাগরের দিকে অদ্ভুত শক্তির জাগরণ অনুভূত হয়েছে। এমনটা বহু বছর দেখা যায়নি।"
ইলারার বুকের ভেতর হালকা কৌতূহল জন্ম নিল। ছোটবেলা থেকেই তার মনে হতো, সমুদ্র যেন তাকে কোথাও ডাকছে ।অজানা কোনো গল্প। অজানা কোনো ভাগ্যের দিকে। ঠিক তখনই দূরে একটি নীলাভ তিমি ভেসে উঠল। তিমি তিনবার দীর্ঘ শব্দ করল। শ্বেতরাজ্যে এ ছিল বিপদের সংকেত। কিছুক্ষণের মধ্যেই মুক্তোর ঘণ্টা বেজে উঠল পুরো রাজ্যে।
একটির পর একটি শব্দ প্রতিধ্বনিত হতে লাগল—
"রাজসভা শুরু হবে।"
"রাজসভা শুরু হবে।"
"রাজসভা শুরু হবে।"
ইলারা দ্রুত রাজপ্রাসাদের দিকে সাঁতার কাটতে লাগল প্রাসাদের চারপাশে হাজারো মুক্তো জ্বলছিল। বিশাল ঝিনুকের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে সাত রাজ্যের দূতেরা ইতিমধ্যেই উপস্থিত। সবার মুখে একই রকম উদ্বেগ। মহারাজ অরিয়ন সিংহাসনে বসে ছিলেন। তার হাতে ছিল বহু শতাব্দী পুরোনো একটি ত্রিশূল। ত্রিশূলটির মাঝখানে বসানো নীল স্ফটিকটি আজ অস্বাভাবিকভাবে জ্বলছিল।
রাজা ধীর কণ্ঠে বললেন,
— "আজ সমুদ্রের প্রাচীন সীল দুর্বল হয়েছে।"
পুরো সভাকক্ষ নিস্তব্ধ হয়ে গেল।
একজন দূত বিস্ময়ে জিজ্ঞেস করলেন,
— "তাহলে কি! ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে?"
রাজা কোনো উত্তর দিলেন না। তার দৃষ্টি শুধু ইলারার দিকে স্থির রইল। সেই দৃষ্টিতে ছিল উদ্বেগ।ভয়। আর এমন এক গোপন সত্য, যা তিনি এত বছর ধরে নিজের বুকের ভেতর লুকিয়ে রেখেছেন।
ইলারা ধীরে ধীরে বলল,
— "বাবা, কী হয়েছে?"
রাজা অনেকক্ষণ চুপ থেকে বললেন,
— "যে দিনটিকে আমি উনিশ বছর ধরে থামিয়ে রাখতে চেয়েছিলাম, মনে হচ্ছে সেই দিন চলে এসেছে।"
ইলারা কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই রাজপ্রাসাদের কাঁচের দেয়ালের ওপাশে সমুদ্র হঠাৎ অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। রূপালি জল মুহূর্তের জন্য কালচে হয়ে গেল। দূরে কোথাও বজ্রের মতো এক বিকট শব্দ শোনা গেল। সমুদ্রের সব মাছ, ডলফিন আর তিমি একসঙ্গে ছুটে পালাতে শুরু করল। ইলারা আগে কখনো এমন দৃশ্য দেখেনি। তার বুকের ভেতর অজানা এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। সে জানত না—
এই মুহূর্ত থেকেই তার শান্ত জীবন বদলে যেতে শুরু করেছে।
আর পৃথিবীর কোথাও একজন সাধারণ মানুষও তখন নিজের অজান্তেই সেই একই ভাগ্যের দিকে এগিয়ে চলেছে। সে জানে না, খুব শিগগিরই তার দেখা হবে এমন এক রাজকন্যার সঙ্গে যার অস্তিত্বকে মানুষ শুধু রূপকথা বলে বিশ্বাস করে। সে জানে না, একদিন নীল সমুদ্রের ঢেউ তার জীবনটাকে চিরদিনের জন্য বদলে দেবে। যে আকাশের নিচে সে প্রতিদিন নিশ্চিন্তে হাঁটে, সেই আকাশই একদিন সাক্ষী হবে ইতিহাসের সবচেয়ে নিষিদ্ধ এক ভালোবাসার।
একদিকে—
সমুদ্রের রাজকন্যা ইলারা।
অন্যদিকে—
একজন সাধারণ মানুষ।
দুই ভিন্ন জগত, দুই ভিন্ন নিয়তি,
যাদের মাঝে দাঁড়িয়ে আছে হাজার বছরের ঘৃণা, রক্তাক্ত ইতিহাস আর এক অটুট নিষেধাজ্ঞা। তবুও, ভাগ্য কখনো নিয়ম মানে না। যখন সময় আসবে, সমুদ্র নিজেই তাদের মুখোমুখি দাঁড় করাবে। আর সেদিন থেকেই শুরু হবে এমন এক কাহিনি যেখানে ভালোবাসা আর যুদ্ধ একই স্রোতে ভেসে যাবে।
কেউ জিতবে।
কেউ হারাবে।
কেউ নিজের অস্তিত্ব বিসর্জন দেবে।
আর কেউ,
নিজের হৃদয়ের বিনিময়ে বাঁচাবে পুরো একটি সাম্রাজ্য।
চলবে...
