#কলাবতী
#পর্ব-২
#সাদিয়া_খান(সুবাসিনী)
নিলুর সামনে তেরোটা হাড়ি রাখা।ভাদ্র মাসের তেরাবেরা উপলক্ষে বড় ভাবীর বাড়ি থেকে এসব এসেছে।তেরো টা মাটির পাতিলে বারো রকমের পিঠে।পিঠের হাড়ি দেখে মুখ শুকিয়ে গেছে তার। গত এক সপ্তাহ যাবত শ্বশুর আর ভাসুর কয়েক বার কথা তুলেছে কিন্তু সে কিছুই জবাব দিতে পারেনি।বড় ভাইকে কল দিয়ে আমতা আমতা করে বলেছিল সে মানা করেছে।এতো কিছু করার মতো মানুষ কই? মাকে বলেছিল, মা বলেছে বাবাকে বলতে কিন্তু তার সাহস হয়নি। আজ তার ভাগ্যে কতগুলো কথা আছে কেবল সেটাই ভাবছে। পিঠের পাতিল এক এক করে ঘরের ভিতরে নিয়ে রাখলো।শ্বাশুড়ি সবাইকে সকালবেলা একসাথে বসিয়ে পিঠে ভাগ করে দিচ্ছে। নিলু হাত লাগাচ্ছে। একে ওকে এটা সেটা এগিয়ে দিচ্ছে তার শ্বাশুড়ি তাকে একটা তেলের পিঠা হাতে দিতেই তেলে বেগুনে জ্বলে উঠলো শ্বশুর মশাই।
"আমেনা, তোমার কি কোনো দিন আর বুদ্ধিশুদ্ধি হবে না?ওকে কেন দিতেছো?ওর বাপ ভাই তো খবর ও নিলো না।"
"তো?বাপ ভাই খবর নেয় না বলে আমিও ফেলে দিবো?সবাই খাচ্ছে ও খাবে না?"
"না, বড় বউয়ের বাপের বাড়ি থেকে আসছে হক সবার আগে বড় বউয়ের।"
"সব তোমার বড় বউ একা শেষ করতে পারবো?"
"আশেপাশের বাড়িতে দিবা।"
"আশেপাশের মানুষ খেতে পারব আর ও বাড়ির বউ হয়ে পারবো না?"
নিলু হাত থেকে পিঠাটা নামিয়ে রাখলো।পানি আনার ছুতোয় কলপাড়ে গিয়ে ধপ করে বসে পড়লো।এতোটা অপমান সে কোনো দিনো হয়নি। গতকালের থেকে আজকে আরো বেশি ছিল কথার ঝাল।মানুষের কথারও ঝাল হয়, তাই তো সেই ঝালে নিলুর অন্তত আত্মা জ্বলে গেছে, সে ঢকঢক করে পানি খেল।ততক্ষণ পর্যন্ত পানি খেল যতক্ষণ পানি খেতে খেতে বমি না চলে এলো।নিজেকে ধাতস্থ করে রান্না ঘরে গেল সে। গ্যাসের চুলোয় রান্না করা বারণ, অন্তত তার জন্য বারণ।রান্নাঘরটায় মাটির চুলোদুটো লেপ দেওয়ার জন্য পুকুর পাড় থেকে মাটি আনতে গেল।ঘরের ভিতরে ভাসুরের গলা শোনা যাচ্ছে।তাকে ছোটো লোক বলে গালি দিচ্ছে।নিলু কিছুই ভাবলো না,দাঁড়ালো না।সে বিশ্বাস করতে লাগলো যতক্ষণ সে এসব শুনবে না ততক্ষণ তাকে কেউ কিছু বলবে না।
ভাবীর বোন আফসানা তখন পুকুর পাড়েই বসে আছে। বয়সে নিলুর থেকে বড়। নিলু তার সাথে তেমন একটা কথা বলে না।এড়িয়েই চলে বলা যায়।তার না আছে আফসানার মতপ রূপ না আছে গুণ। বাবার টাকা থাকলেও তার কি আছে?মাথা নিচু করে যাচ্ছিলো সে আফসানা তাকে ডেকে বলল,
"এই মেয়ে শোনো?"
অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হচ্ছে।সামনে দাঁড়িয়ে বলল,
"বলুন।"
"তুমি আমাকে এড়িয়ে চলো কেন?তোমার স্বামী না করেছে আমার সাথে কথা বলতে?"
"না কেউ না করেনি।"
"তাহলে তুমি আমাকে দেখতে পারো না কেন?"
"আমি কখনো সেটা বলিনি।"
"বুঝা যায়। আমার সাথে হেসে কখনো কথা বলো না।ভাই আমি এই বাড়ির অতিথি।তোমার সতীন নই।"
সতীন শব্দটা শুনে সারা গায়ে কাঁপন ধরে গেল নিলুর। একটা বার তাকালো সে আফসানার দিকে।দৃষ্টি নামিয়ে আবার তাকালো ওর হাতের দিকে।হাতগুলো পরিষ্কার,নখগুলো অনেক সুন্দর।এবার নিজের হাতের দিকে তাকালো। নখের ভিতর দিয়ে কালি জমেছে। কালির হাড়ি পাতিল ধুয়ে এসব হয়েছে। হাত দিয়ে মাথার কাপড় ঠিক করে সে জবাব দিলো,
"আমি কখনোই এসব বলিনি। আর যদি নসীবে থাকে তাহলে কি আমার আর কিছু করার থাকবে?"
"তুমি বলছো মেনে নিবে আমায় সতীন হিসেবে?"
"তা বলিনি।বলেছি নসীবে যা থাকবে তাই হবে।"
"যদি এরপর এই বাড়িতে থাকতে না দেই।বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলি তখন?"
"রিজিকের মালিক আল্লাহ।যে ঘরের হাড়িতে আমার জন্য দানা বরাদ্দ থাকবে আমি সেখানেই থাকবো।"
আফসানা হাসলো।সে হাসিতে যেন কৌতুক অনুভব হলো নিলুর। নিজেকে আরো ছোটো মনে হচ্ছে তার। সে পুনরায় পা বাড়ালো পুকুর ঘাটের দিকে। পিছন থেকে আফসানা বলে উঠলো,
"শুনো মেয়ে আমি কখনো চাইনি তোমার সংসার ভেঙে যাক।আমি কখনো চাইনি এই বাড়ির বউ হতে। যদি চাইতাম তাহলে তুমি কখনোই এই বাড়িতে বউ হয়ে আসতে পারতে না।"
নিলু আর দাঁড়ালো না।তার গা প্রচন্ড ভাবে কাঁপছে।কেন কাঁপছে সে জানে না।ক্ষুধা, ক্লান্তি নাকি অসহায়ত্ব! কোনো জবাব নেই তার কাছে।
চলবে( #বি_মাই_লাভার দিব এই গল্পটা শেষ করে।আমি এটা লিখতে চাচ্ছি অন্তত ১০ পর্ব। কিন্তু নির্ভর করবে আপনাদের রেসপন্স এর উপর।তাই রেসপন্স করবেন।)
