#কলাবতী
#পর্ব-৩
#সাদিয়া_খান(সুবাসিনী)
নিলুর দিনকাল ওভাবেই যাচ্ছে। বাড়িতে বড় করে আয়োজন চলছে আকিকার।ছেলে হোক কিংবা মেয়ে।সাত দিনের মধ্যেই আকিকা করবে। হাতের কড় গুনে দিন হিসেব করে মেয়েটা।আর দুই দিন পর তার আঠারো বছর হবে সাথে বিয়ের ছয়মাস। দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল।বিয়ের আগে হলে মা চুপ করে সেদিন আস্তো একটা ডিম ভেজে পাতে দিতো।এক গ্লাস দুধ আর একটুকরো নলেন গুড়ের সন্দেশ থাকতো ভাগে। সন্দেশটা অবশ্য তার দাদীর ওখান থেকে খুব গোপনে সরাতো মা।আর দুধ?সেদিন এক গ্লাস দুধ সরিয়ে পানি মিশিয়ে দিতো বেশি করে। দাদী সেদিন খেতে পারতেন না।গোয়ালাকে গালমন্দ করতেন।আর মা মনে মনে আল্লাহর কাছে মাফ চাইতেন।এবার আর মায়ের মাফ চাইতে হবে না।সে চলে এসেছে, এখানে জন্মদিন বলতে কিছুই নেই।সকাল সকাল উঠোন ঝাড়ু দিয়ে রান্নাঘরে যেতেই ভাবীর চিৎকার শুনতে পেল।তড়িঘড়ি গিয়ে দেখলো সে মেঝেতে বসে পড়েছে। হাত বাড়িয়ে তাকে ডেকে বলল,
"ছোটো আমার ভীষণ ব্যথা করছে, তোর ভাইকে ডাক।"
গত রাতে দুই ভাই মাছ মারতে গিয়েছিল এখনো ফিরেনি।শ্বশুর মসজিদে। শ্বাশুড়িকে ডেকে আনলো দ্রুত। পাশের বাড়ির লোকের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। মাঝ পথে শ্বশুরের সাথে দেখা হলে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা ছুটলো শহরের দিকে।বাড়ি পাহারার একটা ব্যাপার আছে তো।কিন্তু তাদের এই ব্যাপারে বিপদে পড়ে গেল নিলু। সে বাড়ির রাস্তা চিনে না।বিয়ের পর যে তিন চার বার বেরিয়েছে কেবল বাপের বাড়ি যাওয়ার জন্য সেটাও সাথে কেউ না কেউ ছিল।বিয়ের রাত,ওয়ালিমা আর পা ফিরানিতে লোকজন সাথে ছিল তাছাড়া আরেকবার ভাই নিয়ে গেল। এবার কি হবে? বোকার মতো এদিক ওদিক তাকাতে তাকাতে পায়ের নিচে ইটের টুকরো পড়ে জুতোটাও গেল ছিড়ে। আসার সময় যেটুক পথ চিনে এসেছে সেদিক দিয়েই হাঁটা শুরু করলো পায়ের জুতো হাতে নিয়ে। কিন্তু বিপত্তি হলো তিন রাস্তার মোড়ে এসে।কোন দিকে যাবে সে? অপু দশ বিশ করে যে রাস্তায় গেল মিনিট দশেক হাটার পর বুঝলো রাস্তাটা ভুল তাই আবার অন্য রাস্তায় হেটে বাড়ি ফিরলো।বাড়ি ফিরে মনে হলো চাবি শ্বাশুড়ির ব্যাগে।বড় ঘরে যেতে পারবে না।কিছু সময় পর স্বামী আর ভাসুর ফিরে এলো।মাছ রেখে তারা ছুটলো শহরে।একা বাড়িতে নিলু মাছ কাটে, বাসি কাপড় কাঁচে আবার রান্নাও করে। পাশের বাড়িতে ফ্রিজে মাছ রাখে।চাবি নিয়ে গেছে শুনে ও বাড়ির বউয়ের বেশ মায়া হয় তার জন্য।আঁচলের তলায় করে দুটো মুড়ির মুয়া দেয় তার হাতে। এতো দিনে এলাকার অনেকেই জানে বাড়ির বউয়ের বাপের বাড়ির লোক মেয়েকে আদর করে বলে তাকে কিছু বলার সাহস করে না মোল্লা বাড়ির পুরুষেরা কিন্তু ছোটো বউকে তারা পাতেও তুলে না, সম্মান তো দূরের কথা।মুয়া দুটো খেয়ে পেট ভরে পানি খায় নিলু।তরকারি রেধে গরম পানি বসিয়ে রাখে, কখন কে আসবে ভাত চড়িয়ে দিবে সেই হিসেবে।ভাত নষ্ট এ বাড়ির পুরুষের মোটেও পছন্দ নয়।সন্ধ্যে হলেও উঠোনে বসেই অপেক্ষা করতে লাগলো কিন্তু তবুও কেউ আসছে না।আজান দিতেই ভয় হলো।রান্না ঘরের বাতি জ্বালাতেও ঘরে যেতে হবে, তাই সিদ্ধান্ত নিলো পাশের বাড়িতে গিয়েই থাকবে কিন্তু সেই সময় গেটে শব্দ করে ঢুকলো তার স্বামী।সে যে প্রাণ ফিরে পেল, ভাবীর কথা জিজ্ঞেস করলে বলল ছেলে হয়েছে। চাবি দিয়ে তালা খুলে গোসলে চলে গেল সে।নিলু জলদি জলদি আলো জ্বলে ভাত বসালো।প্রায় বিশ মিনিট পর গরম ধোয়া উঠা ভাত সাথে মাছের তরকারি দিলো স্বামীর সামনে।খেতে বসে তার স্বামী বলল,
"ভাবীর জন্য চা, জাউভাত।আর বাকীদের জন্য খাবার রেডি করো।"
"কে আসবে?"
"আমি নিয়ে যাবো।"
"ফিরতে তো অনেক রাত হবে।"
"ফিরব কে বলেছে? ভাত নিতে না হলে আসতাম না কি?তারাতাড়ি করো।"
"আমি তাহলে পাশের বাড়ির চাচীর কাছে রাতে থাকবো?"
"কেন?"
"না মানে একা ভয় লাগবে।"
"তোমার মতো অন্যের ঘাড়ে চড়ে খাওয়া মেয়েদের কোনো ক্ষতি হয় না।তোমাদের গায়ে কলঙ্কও লাগে না।কারণ তোমরা এতোটাই নিকৃষ্ট।মিলিয়ে নিও কাল সকালে এসে দেখবো ঠিক বেঁচে আছো,ভালো আছো।কারণ উপরওয়ালার আমাকে এতো ভালোবাসে না যে তোমার থেকে এতো সহজে মুক্তি দিব।"
নিলু কোনো জবাব দিতে পারলো না।খাবার গুছিয়ে দিলো।স্বামী চলে যাওয়ার পর গেট আটকে দিয়ে বড় ঘরের দরজায় খিল দিলো।বারান্দায় তালা দিলো।ঘরের সব লাইট জ্বালিয়ে, দা পাশে নিয়ে বসে রইল।ওযু সে করে এসেছে, নামাজ পড়ে কোর-আন শরীফটা নিয়ে পড়তে লাগলো।তার কিশোরী মনে একটা ভরসা মানুষ এলে সে দা দিয়ে নিজেকে রক্ষা করতে পারবে আর জ্বিন ভূত থেকে বাঁচাবে তার সৃষ্টিকর্তা।
দেখতে দেখতে বাচ্চাটার আকিকার দিন চলে এলো।পুরো দিন কাজে কাজে কেটে গেছে নিলুর। দুপুরে খাওয়ার সময় একবার ডাক পড়েছিল বড় ভাবীর ঘরে। ভাবীর বোনের হাসি হাসি মুখটা দেখে আজও তার অন্তর পুড়ে গেল।সে আজ শাড়ি পরেছে। নীল রঙের শাড়ি, বাইরে তাকিয়ে দেখলো তার স্বামীও আজ পাঞ্জাবী পরেছে, রঙটাও নীল।অথচ নামে নিলুর কাছে আজ এই রঙ বিষিয়ে গেল।গলা দিয়ে খাবার নামলো না।অসুরের শক্তি বুঝি তার শরীরে আজ।একা একা প্রায় দেড়শ মানুষের খাবারের পর সব প্লেট, গ্লাস পরিষ্কার করলো।বড় বড় পাতিল গুলো আজকেই পুকুরপাড়ে নিয়ে পরিষ্কার করেছে।বাড়ির আনাচে কানাচের সব পরিষ্কার, ঘর দুয়ার মুছতে মুছতে রাত নেমে এসেছে।এখন বারান্দা পরিষ্কার করছে সে। তার ভাসুর মিষ্টির প্যাকেট তার সামনে প্রায় ছুড়ে দিয়ে বলল,
"এসব প্লেটে করে দিয়ে এসো আমার ঘরে।বাপের বাড়ি কিছুই শিখোনি?অতিথি আপ্যায়ন বুঝো না?"
নিলুর কোনো জবাব নেই।যা বললো তাই করে আস্তেধীরে এগিয়ে গেল পুকুর ঘাটে।রাত তখন দশটা। গলা পানিতে নেমে দীর্ঘ সময় নিয়ে গোসল করে ঘরে যখন ফিরেছে তখন তার স্বামীও ফিরেছে।বিছানায় গা এলিয়ে কেমন করে শুয়ে আছে সে। নিলু কিছু না বলে নিচে বিছানা করছে। কারণ কোনো ভাবেই তার শোয়ার জায়গা নেই।রাতে গোঙানির শব্দে ঘুম ভাঙতেই দেখলো তার স্বামীর ভীষণ জ্বর।জলপট্টি দেওয়ার সময় দুই বার বমিও করলো।নিলু সবটা পরিষ্কার করলেও মুখে কিছু বলছে না কিন্তু এবার তার স্বামী কিছু বলছে।মনোযোগ দিতেই সে বুঝতে পারলো ভাবীর বোনের কথা বলছে।আদর করে সে তাকে পাখি ডাকে।কথার সারমর্ম এটুক ছিল, পাখি তাকে কোনো দিন ভালোবাসেনি।আজ পাখির সাথে যে ছেলেটি এসেছিল তার চার বছরের প্রেমিক।শিক্ষিত,দামী চাকরি করে।আজ যদি সে লেখাপড়াটা ঠিক মতো করতো তাহলে পাখি কি তার হতো? আফসোস করতে করতে সে ঘুমিয়ে গেছে।নিলু কিছুই বললো না।কেবল মনে পড়লো ওই রমনীর সেদিনের কথাগুলো।অযথাই কি তবে ভুল বুঝেছিল সে?
পরদিন সকাল থেকে নিলুর স্বামীর আচরণ তার প্রতি একদম বদলে গেছে।নিলুর সাথে বাজে আচরণ করে না।বরঙ বাড়ির সকলের সামনে বেশ আদরে রাখে,দামী শাড়ি পছন্দের চুড়ি আনা শুরু হলো।নিলু বুঝে এসব নিছক অভিনয় অথচ এই ছল ভাঙার সাধ্য তার কি আছে?
ভাবীর বোন মাঝেমধ্যেই আসে।তখন নীলু হয়ে উঠে পৃথিবীর সবচেয়ে আদরের স্ত্রী।তার স্বামী খুব নিকটে এসে ফিসফিস করে জিজ্ঞেস করে,
"ওর কি আফসোস হয়?তোমাকে এতো আদর করি এটা দেখে?তোমার কি মনে হয়?তোমার সুখকে ও হিংসে করে?"
নিলুর কাছে কোনো জবাব থাকে না।তার কেবল গা গুলিয়ে আসে।কেবল মনে হতে থাকে এতো মেকি আদরের থেকে অবহেলাই বুঝি শ্রেয়।কারণ অবহেলার মাঝে কোনো অভিনয় ছিল না এখন যেমনটা আছে ভালোবাসায়।
(সমাপ্ত)
