“বাড়ির বউয়ের এতো খাওয়ার চাহিদা কেন থাকবে?বাপের ঘর থেকে খেয়ে পড়ে আসেনি?” নিলু ভাসুরের কথা শুনে মাথা নিচু করে রইল। একটা ফুচকা খাওয়ার জন্য এতোগুলো মানুষের সামনে এতোটা অপমান হতে হবে কখনো চিন্তাও করেনি।তার বাবা সত্যিই তার ইচ্ছে কোনো দিন পূর্ণ করেনি।বয়স সতেরো হতে না হতেই বিয়ে দিয়ে দিয়েছে। না কোনো একটা শখের জিনিস না খাবার কিছুই সে ওভাবে পায়নি।দাদী বলতো মেয়েরা পরের ঘরের ধন।তার পিছনে যতো কম খরচ করা যায় ততোই ভালো।আর শ্বশুর বাড়ি এসে জানতে পারলো বাবার বাড়িই ছিল শখ আহ্লাদের জায়গা।শ্বশুর বাড়িতে বাড়ির বউদের পানি খেতে হলেও চিন্তা করতে হয়। না হলে ওদিন রাতে যখন প্রচন্ড গরমে হাপিত্যেশ অবস্থা তখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে গ্লাসে ঢালছিল তখন কোথা থেকে তার শ্বশুর এসে রাত বিরেতে বেশ কথা শোনালো।পরদিন সকালবেলা থেকেই ফ্রিজে তালা দেওয়া শুরু হয়েছে। নিলু নিজের মুখকে একশ একটা অভিশাপ দিলো।কেন খেল সে?