যকের ধন
হেমেন্দ্রকুমার রায়
পরামর্শ ৫
আমি বললুম, “মড়ার মাথা কী করে চুরি গেল, বিমল।”
বিমল বললে, “জানি না। সকালে উঠে দেখলুম, আমার পড়বার ঘরের দরজাটা খোলা, রাত্রে তালা-চাবি ভেঙে কেউ ঘরের ভিতরে ঢুকেছে! বুকটা অমনি ধড়াস করে উঠল। মড়ার মাথাটা আমি টেবিলের টানার ভিতরে চাবি বন্ধ করে রেখেছিলুম। ছুটে গিয়ে দেখি, টানাটাও খোলা রয়েছে, আর তার ভিতর মড়ার মাথা নেই!”
আমি বলে উঠলুম, “এ নিশ্চয়ই করালী মুখোয্যের কীর্তি। সেই-ই লোক পাঠিয়ে মড়ার মাথা চুরি করেছে। কিন্তু এই ভেবে আমি আশ্চর্য হচ্ছি, করালী কী করে জানলে যে, মড়ার মাথাটা তোমার বাড়িতে আছে?”
বিমল বললে, “করালী নিশ্চয়ই চারদিকে চর রেখেছে। আমরা কী করছি না করছি, সব সে জানে!”
আমি বললুম, “কিন্তু খালি মড়ার মাথাটা নিয়ে সে কী করবে? সংকেতের মানে তো সে জানে না!”
বিমল বললে, “কুমার, শত্রুকে কখনও বোকা মনে কোরো না? আমরা যখন সংকেত বুঝতে পেরেছি, তখন চেষ্টা করলে করালীই বা তা বুঝতে পারবে না কেন?”
আমি বললুম, “কিন্তু সংকেতের সবটাও যে আর মড়ার মাথার উপরে নেই। মনে নেই, আমার হাত থেকে পড়ে কাল মড়ার মাথাটা চটে গিয়েছে।”
বিমল কী যেন ভাবতে ভাবতে বললে, “তবু বিশ্বাস নেই!”
হঠাৎ আমার আর একটা কথা মনে পড়ল। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলুম, “আচ্ছা ঠাকুরদার পকেট-বইখানাও কি চুরি গেছে?”
বিমল বললে, “না এইটুকু যা আশার কথা। পকেট-বইখানা কালরাত্রে আমি আর একবার ভালো করে পড়বার জন্যে উপরে নিয়ে গিয়েছিলুম। ঘুমোবার আগে সেখানে আমার মাথার তলার বালিশের নিচে রেখে শুয়েছিলুম— চোর তা নিতে পারেনি।”
আমি কতকটা নিশ্চিন্ত হয়ে বললুম, “যাক, তবু রক্ষে ভাই। যকের ধনের ঠিকানা আছে সেই পকেট বইয়ের মধ্যে। ঠিকানা না জানলে করালী সংকেত জেনেও কিছু করতে পারবে না। কিন্তু খুব সাবধান বিমল। পকেট বইখানা যেন আবার চুরি না যায়।”
বিমল বললে, “সে বন্দোবস্ত আজকেই করব। পকেট-বইয়ের যেখানে পথের কথা আর ঠিকানা আছে, সে-সব জায়গা আমি কালি দিয়ে এমন করে কেটে দেব যে কেউ তা পড়তে পারবে না!”
আমি বললুম, “তাহলে আমরাও মুশকিলে পড়ব যে!”
বিমল হেসে বললে, “কোনো ভয় নেই। ঠিকানা আর পথের কথা আর- একখানা আলাদা কাগজে নূতন একরকম সাংকেতিক কথাতে আমি টুকে রাখব, সে সংকেত আমি ছাড়া আর কেউ জানে না।”
খানিকক্ষণ চুপ করে থাকবার পর আমি বললুম, “এখন আমরা কী করব?”
বিমল বললে, “আগে মড়ার মাথাটা উদ্ধার করতে হবে।”
আমি আশ্চর্য হয়ে বললুম, “কী করে?”
বিমল বললে, “যেমন করে তারা মড়ার মাথা আমাদের কাছ থেকে নিয়ে গেছে।”
আমি বললুম, “চোরের উপর বাটপাড়ি।”
বিমল বললে, “তাছাড়া আর উপায় কী? আজ রাত্রেই আমি করালীর বাড়িতে যেমন করে পারি ঢুকব। আমার সঙ্গে থাকবে তুমি?”
আমি একটু ঘাবড়ে গিয়ে বললুম, “কিন্তু করালী যদি জানতে পারে, আমাদের চোর বলে ধরিয়ে দেবে যে! সেই যে মড়ার মাথাটা চুরি করেছে, তারও তো কোনো প্রমাণ নেই।”
বিমল মরিয়ার মতো বললে, “কপালে যা আছে তা হবে। তবে এটা ঠিক আমি বেঁচে থাকতে করালী আমাদের কাউকে ধরতে পারবে না।”
মনকে তবু বোঝ মানাতে না পেরে আমি বললুম, “না ভাই, দরকার নেই শেষটা কি পাড়ায় একটা কেলেঙ্কারি হবে?”
বিমল বেজায় চটে গিয়ে বললে, “দূর ভীতু কোথাকার, এই সাহস নিয়ে তুমি যাবে ‘রূপনাথের গুহায়’ যকের ধন আনতে? তার
চেয়ে মায়ের কোলে র আদুরে খোকাটি হয়ে বাড়িতে বসে থাকো তোমার পকেট-বই এখনি আমি ফিরিয়ে দিয়ে যাচ্ছি।” এই বলেই বিমল হনহন করে দরজায় দিকে এগিয়ে গেল।
আমি তাড়াতাড়ি বিমলকে আবার ফিরিয়ে এনে বললুম, “বিমল, তুমি ভুল বুঝছ, আমি একটুও ভয় পাইনি। আমি বলছিলুম কি—”
বিমল আমাকে বাধা দিয়ে বললে, “তুমি কী বলছ, আমি তা শুনতে চাই না। স্পষ্ট করে বলো, আজ রাত্রে আমার সঙ্গে তুমি করালীর বাড়িতে যেতে রাজি আছ কি না?”
আমি জবাব দিলুম, “আছি।”
বিমল খুশি হয়ে আমার হাতদুটো আচ্ছা করে নেড়ে দিয়ে বললে, “হুঁ, এই তো গুড বয়ের মতো কথা। যদি মানুষ হতে চাও, ডানপিটে হও!”
আমি হেসে বললুম, “ডানপিটের মরণ যে গাছের আগায়।”
বিমল বললে, “বিছানায় শুয়ে থাকলেও মানুষ তো যমকে কলা দেখাতে পারে না। মরতেই যখন হবে, তখন বিছানায় শুয়ে মরার চেয়ে বীরের মতো মরাই ভালো। তোমরা যাদের ভালো ছেলে বলো—সেই গোবর গণেশ মিনমিনে ননির পুতুলগুলোকে আমি দু’চোখে দেখতে পারি না। সাহেবের জুতো খেয়ে তাদেরই পিলে ফাটে, বিপদে পড়লে তারাই আর বাঁচে না, মরে বটে—তা-ও কাপুরুষের মতো। এরাই বাঙালির কলঙ্ক। জগতে যেসব জাতি আজ মাথা তুলে বড় হয়ে আছে—বিপদের ভিতর দিয়ে, মরণের কূহকপরোয়া না রেখে তারা সবাই শ্রেষ্ঠ হতে পেরেছে। বুঝলে কুমার? বিপদ দেখলে আমার আনন্দ হয়।”
