#এক_বনে_দুই_বাঘ
৫.
®রোজা রহমান নাঈমা
‘
মালিথা ভিলায় রাতের শেষ ভাগ যেন এক অন্যরকম অভাবনীয় কিছুর শিকার হয়ে শুরু হলো। ২০১০ সালে যেমন আপনজন বিয়োজনের মধ্যদিয়ে পরিবারের ওপর লোমহর্ষক পরিস্থিতি নেমে এসেছিল, তা যেন উপশমের বিনিময়ে ক্রমেই বিশ্রীভাবে জড়িয়ে রয়েছে। ওই দিন, ওই দৃশ্য, ওই ঘটনা— সবই যেন জোঁকের মতো একেকটি সদস্যের জীবনের সাথে বাজেভাবে জড়িয়ে আছে। এবং দেহের ভেতর থেকে শুধু রক্ত নয়, ভবিষ্যতের দিনগুলোও অকারণে, অজান্তেই চুষে নিচ্ছে। ধীরে ধীরে, এবং বিশ্রীভাবে।
ফজরের আযান হচ্ছে আশেপাশের মসজিদ গুলোতে। কাছে-দূরে থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের কণ্ঠে শ্রুতিমধূর আযানের ধ্বনি,
“ আসসালাতু খইরুম মিনান নাউম।”
পরপর দু'বার আযানের এই সুন্দর বাক্যটি উচ্চারণ করলেন মুয়াজ্জিন। অর্থ—ঘুমের চেয়ে নামাজ উত্তম।
শেষ রাতের দৃশ্য স্বচক্ষে দেখে আজমীরা ছুটেছেন বড় জায়ের কাছে। তার পায়ের গতি যেন কম্পমান অবস্থায় জা’য়ের কক্ষের দিকে এগোচ্ছে। এগোচ্ছে বললেও ভুল হয়— এগোতে চাইছে না। তিনি শরীরের সাথে একপ্রকার জুলুম করে টেনে নিচ্ছেন নিজেকে। বিগত বছর, মাস, দিন, ক্ষণ পার করতে গিয়ে তিনি শারীরিক ভাবেও দুর্বল হয়েছেন। যেমন কিছুটা মেদযুক্ত শরীর ছিল তা একদমই ছেঁটে গেছে। মানসিক অবক্ষয় শরীরের রসকেও চুষে নিয়েছে। বিধ্বংসী স্মৃতি শুধু তাঁকে নয়, তার নাজুক মেয়েটাকেও ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। এতকিছু সহ্য করার মতো ধৈর্য উপরওয়ালা তাকে দিয়েছেন বলে মনে হয়না।
আজমীরা নিচতলার প্যারেন্টস বেডরুমগুলোর মাঝে জাকির মালিথা ও জাকিয়া যে কক্ষে থাকেন সে কক্ষদ্বারে এসে দাঁড়িয়ে গেলেন। কিছুটা উদ্বেগ, কিছুটা ভীতি নিয়ে তিনি দরজায় করাঘাত করলেন৷ কয়েকবার করাঘাতে খুলে গেল দরজা। ফজরের ওয়াক্তেই ঘুম ভেঙে যায় জাকিয়া ও জাকির মালিথার। শুধু তাঁরা নন, বাড়ির প্রায় সদস্যই একই অভ্যাসের দাস। জাকিয়া আজমীরাকে দেখে ভীষণভাবে আশ্চর্য হলেন৷ আজমীরাকে দেখতে অস্বাভাবিক লাগছে। পুরো মুখাবয়ব ঘামে ভেজা৷ গলা, বুক প্রায় অংশ ঘামে ভিজে শরীরের শাড়ি-ব্লাউজের সাথে মিশে গেছে। নারীটি সবসময় শাড়ি পড়েন৷
জাকিয়া অবাক হয়ে চেয়ে রইলে, আজমীরা শাড়ির আঁচল বাঁ-হাতে তুলে গলা বেয়ে বুকের দিকে নেমে যাওয়া বিন্দু বিন্দু ঘামের স্রোত মুছে নিতে নিতে একটা শক্ত ঢোক গলাধঃকরণ করে বললেন,
“ সময় হবে, বুবু?”
জাকিয়া সে প্রশ্নে পেছন ফিরে চাইলেন৷ জাকির মালিথা বিছানা ছেড়ে উঠে পা'জোড়া বিছানা থেকে নামিয়ে মেঝেতে ফেলে হাতজোড় টান টান করে বিছানা চেপে রেখেছেন। পিঠটা কিঞ্চিৎ ন্যুব্জ করে ঘাড়টা তুলে দৃষ্টি তাঁদেরই দু'জায়ের পানে নিবদ্ধ করেছেন। চোখে-মুখে জানার প্রবল আগ্রহ।
আজমীরা ঠিক কোন প্রসঙ্গে বলতে চান, তা জাকিয়া জানেন মনে হলো। এমনই ভঙ্গিমা নিয়ে সরে দাঁড়ালেন দরজার সামনে থেকে। আজমীরা বিলম্ব করলেন না। চট করে দোরগোড়া থেকে ভেতরে প্রবেশ করলেন। বুকের ভেতরটা সমানে ওঠানামা করছে। ধকধক শব্দও হচ্ছে বুঝি। কাঁপছেনও বোধহয় তিনি৷ তা সূক্ষ্ম দৃষ্টিতে জাকির মালিথা ও জাকিয়া লক্ষ্য করলেন। জাকির আজমীরার ওপর থেকে নজর সরিয়ে ঘাড় ঘুরিয়ে বেডসাইড টেবিলের ওপরে রাখা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে ছোট ভাই-বউয়ের দিকে এগিয়ে ধরে শান্ত কণ্ঠে বললেন,
“ পান করো, এবং স্থির হও। নয়তো সম্পূর্ণ কথা শুনতে সময় লাগবে৷”
জাকির মালিথা যেন বুঝিয়ে দিলেন সময়টা অধিক নয়। যা বলার দ্রুত ও গুছিয়ে মূল ভাবধারাটা বলে শেষ করতে হবে। জাকিয়া আজমীরার হাত ধরে নিয়ে গিয়ে জাকির মালিথার পাশে কিছুটা দূরত্ব রেখে বিছানায় বসালেন। তিনি নিজেও অপরপাশে বসলেন। আজমীরা বড়-ভাশুরের হাত থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সবটুকু পানি গলায় চালান করে শুকিয়ে মরুভূমি হওয়া গলাটা নিমেষেই ভিজিয়ে ফেললেন৷ সেই সাথে অল্পবেস্তর বুকটাও ভেজালেন৷ পানি পান করা শেষ হলে জাকিয়া গ্লাসটা হাতে ধরে আজমীরার দিকে পূর্ণ দৃষ্টি ফেললেন। তিনিও শুনতে আগ্রহী তা বোঝালেন৷ আজমীরা একটা প্রলম্বিত শ্বাস ছেড়ে ব্যথিত ও কান্নার দমক আটকানো ভঙ্গিমায় বললেন,
“ ও ওর বাবাকে স্বপ্নে দেখে, কথা বলে৷ ওর বাবা ওর দুঃস্বপ্ন হয়ে আসে৷ ওর বাবার স্মৃতি ওকে তাড়া করে না, বরং ও এখনও ওর বাবাকে মৃতই মনে করে না। বাস্তবে নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করলেও, আসলে তেমনটা ও না। ও স্বপ্নে বাবাকে ধারণ করে তৃপ্ততা পেতে চায়৷ এবং যখনই দুঃস্বপ্ন হয়ে আসে, তখনই ও অস্বাভাবিক আচরণ করেছে। ওর বাবার কথায় ও স্বপ্নের বাইরেও প্রভাবিত হয়।”
একনাগাড়ে কথাগুলো বলে থামলেন আজমীরা৷ জাকির মালিথা ঠাণ্ডা মাথায় শীতল দৃষ্টিতে কথাগুলো শুনলেন। এবং তখন থেকেই মস্তিষ্ক ভাবতে শুরু করে দিয়েছে৷ জাকিয়া হতবাক হয়ে রইলেন কিছুক্ষণ। এরপর এমন পরিস্থিতির জন্য যেন তৈরি হতেই হতো এমন ভঙ্গিমায় ছড়িয়ে বললেন,
“ তুই ওকে কিছু জিজ্ঞেস করেছিস?”
জাকিয়ার সন্দিহান কণ্ঠে বলা বাক্যে আজমীরা পাশ ফিরে ওঁনার পানে তাকালেন। ঠোঁট কামড়ে ধরার মতো একটুক্ষণ ধরে রেখেছিলেন৷ সেটা ছেড়ে দিয়ে দু'দিকে মাথা নেড়ে না বোঝালেন। মুখে বললেন,
“ না, যা বলার ওই বলেছে।”
“ কী বলেছে?”
প্রশ্ন করলেন জাকিয়া৷ আজমীরা আবারও সম্পূর্ণ সেই সময়টুকু নিজের চোখে সামনে ধারণ করলেন৷
.
গতকাল সন্ধ্যার পর যখন কুয়াশাকে নিয়ে আলোচনায় বসেছিলেন বাড়ির বড়রা, তখনই কুয়াশার আচরণ সম্পর্কে খুঁটিনাটি বিষয়াদি নিয়েও আলোচনা হয়৷ তার মাঝে কুয়াশার আচরণের ঠিক কতটা পরিবর্তন এসেছে— সেসব বিশ্লেষণ করার চেষ্টা করেন তাঁরা। যখন কিছু কিছু লক্ষণ পান, তখনই কুয়াশা যে-কোনো সময়ে মানসিক রোগী হতে পারে ভেবে— ভয় বাসা বাঁধতে শুরু করে সবার মাঝে।
তখন আম্বিয়া কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে কথা বলেন। তিনি জানান, কুয়াশার সঙ্গে দুয়েকদিন সম্পূর্ণ সময় সঙ্গে থেকে, দৃষ্টির সীমানায় রেখে আরো ভালোভাবে ওর সমস্যাগুলো বোঝার চেষ্টা করতে। হুট করে সামান্য পরিবর্তনকে মানসিক বিকারের লক্ষণ অথবা প্রথম ধাপ ভেবে নেওয়া ঠিক নয়। হতেও পারে ব্যাপারটা স্বাভাবিক এবং নিতান্তই অতিরিক্ত ভাবনা। একটি মেয়ে তার বাবার হঠাৎ মৃত্যু সাময়িক ভাবে নাও মেনে নিতে পারে৷ মানানোর জন্য ওকে সময়টাও দেয়া উচিত৷ সেই সময়টা ওকে না দিয়েই অযথা চাপ অনুভব করানোর কোনো যুক্তির মধ্যে পড়ে না৷ বরং ওর মানসিক আচরণের পরিবর্তিত লক্ষণগুলো পর্যবেক্ষণ করা প্রয়োজন। মাত্র তেরো বছরের একটি মেয়ে শোকেও পড়তে পারে। তার মানসিক পরিপক্ব ও দৃঢ় হবারও ব্যাপার আছে এখানে। এটা পরিবারের বোঝানোতেও কাজ হতে পারে। ওর বুদ্ধি বিকাশের প্রয়োজন যেমন আছে, তেমনই পাশাপাশি ওকে বাস্তবতা বোঝানোরও প্রয়োজন রয়েছে৷ পরিবার চাইলেই অতিরিক্ত না ভেবে এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন৷
আম্বিয়ার যৌক্তিক কথার কাছে সকলে সম্মত হন। কুয়াশাকে অন্তত দুইদিন সময় দিয়ে ওর মানসিক অবস্থাটা গভীরভাবে বোঝার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি তারা মেয়েটার মানসিক দৃঢ়তা, বিকাশ এবং বাস্তবতা বোঝানোর জন্য কিছু জ্ঞানবৃদ্ধি ও সচেতন মূলক কথাও বলেন৷ যার দায়িত্ব নেন জাকির মালিথা। কুয়াশা রাতে ঠিক কতটুকো বুঝেছে, বাস্তবতা সম্পর্কে তার জ্ঞান ও দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে কিংবা তার বিবেকবোধ ও মানসিক পরিপক্বতা কতখানি বিকশিত হয়েছে—তা তখনও বড়দের নিশ্চিতভাবে বোঝা সম্ভব হয়নি।
তাই আজমীরাকে রাতে মেয়ের সঙ্গে ঘুমানোর পরামর্শ দেয়া হয়। কুয়াশার আলাদা কক্ষ রয়েছে। দশ বছর বয়সকাল থেকে সে আলাদা কক্ষে একাই ঘুমোয়৷ যেহেতু সে আলাদা ঘুমোয়, সেহেতু রাতে কোন পর্যায়ে ঘুমোয় তা সম্পর্কে বড়রা অনবগত। ঘুমটা পর্যবেক্ষণ করা প্রয়োজন বৈকি। কুয়াশা দরজায় ছিটকিনি লাগিয়ে শোয় না। এ বাড়িতে তার বিশ্বস্ত মানুষের অভাব নেই। তার কক্ষে মা আর বড়মা ছাড়া প্রবেশ করা লোকের ভীষণ অভাব৷ তাই কুয়াশা সাচ্ছন্দ্যেই ঘুমোতে পারে। এছাড়া ছিটকিনি না লাগিয়ে ঘুমানোর পরামর্শ বড়দের থেকেই নেওয়া তার। রাতে কোনো বিপদ-আপদ হলে যেন সহজেই ঢুকতে পারে।
কুয়াশা আবার একদম অন্ধকারেও ঘুমোতে পারে না। সারারাত তার কক্ষের ভেতরটা অনুজ্জ্বল নরম আলোয় আলোকিত থাকে। জ্বলে ল্যাভেন্ডার রঙের একটি ডিম লাইট। লাইটের ক্ষীণ আলোয় সম্পূর্ণ ঘরটা ল্যাভেন্ডার রঙে রঙিন হয়ে থাকে। যেটা কুয়াশার প্রিয় রঙের একটি। তার কক্ষের ইন্টেরিয়রে ল্যাভেন্ডার রঙের অভাব নেই অবশ্য। বলতে গেলে নিজের ঘরকে ল্যাভেন্ডারের রাজ্য করার শখ তার।
কুয়াশা ঘুমিয়ে পড়ার পর আজমীরা নিঃশব্দে এসে মেয়ের পাশে শুয়েছিলেন। পরিকল্পনা মাফিক কুয়াশাকে না জানিয়েই তার রাতের আচরণ পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত ছিল। কারণ বড়রা চাইছিলেন, কোনো ধরনের চাপ বা সচেতনতা যেন মেয়েটির মানসিক অবস্থার ওপর নতুন করে বিরূপ প্রভাব না ফেলতে পারে।
আজমীরার কাছে রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ঘুমিয়ে থাকা কুয়াশাকে পর্যবেক্ষণ করা। মানসিক অস্থিরতা, উদ্বেগ, চাপ ও অব্যক্ত শোক তার ঘুমের ওপর কতটা প্রভাব ফেলছে, তা বোঝার চেষ্টা করছিলেন তিনি। কেননা ঘুম ঠিকমতো না হলে মানুষ শুধু ক্লান্তই হয় না— তার মেজাজ খিটখিটে হয়, মনোযোগ কমে যায়, এমনকি শরীরও অসুস্থ বোধ করতে শুরু করে। যা থেকে কুয়াশার মানসিক অবক্ষয় হচ্ছে নাকি বাস্তবিকই দুর্ঘটনাজনিত সমস্যায় মানসিক ভাবে ভেঙে পড়েছে তা জানা প্রয়োজন ছিল৷
কুয়াশাকে দেখে প্রথম দৃষ্টিতে তেমন কিছু মনে হয় না। মেয়েটি বেশ গভীর ঘুমেই আচ্ছন্ন ছিল। তবুও আজমীরা ঘুমোন না। ঘরের ক্ষীণ আলোয় নিঃশব্দে শুয়ে থেকে তিনি মেয়ের শ্বাস-প্রশ্বাসের ওঠানামা, ঘুমের ভঙ্গিমা, কেঁপে ওঠা, মুখাবয়বের ক্ষণিক পরিবর্তন—সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেন। এবং কুয়াশা যে ঘুমের মাঝে অস্থির হয়ে উঠেছিল, অস্বাভাবিক নড়াচড়া করছিল তিনি টের পেয়েছেন।
আজমীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে স্নাতকের ছাত্রী ছিলেন। কারণবসত স্নাতক সম্পন্ন করতে পারেননি। তবে তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন। বিজ্ঞানের ছাত্রী না হলেও মানুষের মন ও শরীরের মৌলিক বিষয়গুলো সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। তিনি জানতেন, ঘুম একটানা একই অবস্থায় থাকে না। বিভিন্ন স্তর পেরিয়ে প্রায় ৯০-১১০ মিনিট মতো সময় নিয়ে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে। সেই সময়ের মধ্যে মানুষ কখনো গভীর নিদ্রায় ডুবে যায়, কখনো স্বপ্নের জগতে প্রবেশ করে। আজমীরা স্লিপ স্টাডি কিংবা ঘুম-চক্র জানার বিশেষ যন্ত্র ছাড়াই একজন সচেতন পর্যবেক্ষক হিসেবে কুয়াশা ঘুমের মধ্যে দুঃস্বপ্নে আক্রান্ত হচ্ছে কিনা, হঠাৎ চমকে উঠছে কিনা, কিংবা কোনো অস্বাভাবিক আচরণ করছে কিনা—সেগুলোই তিনি আপাতদৃশ্যমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞান মতে—একজন মানুষের ঘুমের পুরো চক্রের সময়সীমা প্রায় ৯০-১১০ মিনিট। এবং এই ঘুম চক্র চার-পাঁচটি স্তরের মধ্যে দিয়ে যায়। তার মাঝে বেশির ভাগ দুঃস্বপ্ন আরইএম (র্যাপিড আই মুভমেন্ট) স্তরে ঘটে।
একটা সময় পর কুয়াশা অস্থির হয়ে ওঠে। যখন লাফিয়ে উঠে বসে জোরে জোরে শ্বাস প্রক্রিয়া চালাতে থাকে, তখন হতবাক হয়ে আজমীরা কুয়াশাকেই দেখেন। কুয়াশা যে ভীষণ ভয় পেয়ে উঠে বসে পড়েছে তা বুঝতে বাকি থাকে না। ওর পুরো শরীর ঘামে ভিজে উঠেছিল। কুয়াশা জোরে জোরে শ্বাস নিতে নিতে দুঃস্বপ্নের রেশ ধরে বলতে থাকে,
“ না না, বাবা, আমি মানি না! মানি না আমি। বাবা, তুমি না ওটা। তুমি না। বলো, তুমি না? বলো বলো, বাবা৷ বাবা, তোমার পোশাক মিলেছে বলেই তুমি না, ঠিক না? ওটা তুমি হতেই পারো না! আমার বাবা না ওটা। আমার বাবা আমার পাশে আছে, আমাকে নিয়ে চাঁদে যাবে। আমরা যাব। ঠিক না, বাবা? বলো আমি বড় হলে তুমি আমাকে নিয়ে চাঁদে যাবে, বলো?”
আজমীরা নিঃশ্বাস বন্ধ করে শোনেন। বুকে বিশাল চাপ অনুভব হয়। যেন বুকটা কেউ ভেঙে দিচ্ছে। কান বাঁধালে মটমট শব্দ শুনতে পারত বোধহয়। আজমীরা ভয় পান অনেক। জায়ান মালিথা মজা করে অবুঝ কুয়াশা যখন খেতে চাইত না তখন বলতেন,
“ ফটাফটা খেয়ে নে তো, জননী। তোকে নিয়ে চাঁদে যাব। তবে তার আগে তোকে খেয়ে-দেয়ে বড় হতে হবে। এক্কেবারে বিগ বড়৷ বড় না হলে ওই জায়গায় তোর জন্য না। বড় হতে পারলে বাপ-বেটি মিলে চাঁদে পা দেব। যাবি তো?”
অবুঝ কুয়াশা চাঁদ চিনত। দূরের ওই রূপালী গোলাকৃতির অপূর্ব আলো ছড়ানো বিন্দুটার নাম চাঁদ। ওখানে আবার যাওয়াও যায়? কৌতূহলী কুয়াশা নেচে ওঠত। অত সুন্দর আলো ছড়ানো স্থানে যেতে পারাটা তার স্বপ্ন হয়ে দাঁড়ায়। আর বাবার সাথে যাবে মানে তো বিশালই ব্যাপার! সঙ্গে বাবা থাকলে তার কোনো ভয়ই নেই! সে পুরো বিশ্ব ভ্রমণ করে আবার মহাকাশের গ্রহ-উপগ্রহও ভ্রমণ করে আসতে পারবে। তার বাবা হলো তার সাহস৷
আজমীরা বুঝে যান স্বপ্নে কুয়াশা ওর বাবাকে দেখে৷ বাবার সাথে কথা বলে৷ সে মানে না ওই ছিন্নভিন্ন শরীরটা ওর বাবার ছিল। স্বপ্নে বাবাকে বাস্তবের মতো ধারণ করে৷ এসব তো রীতিমতো মানসিক রোগের লক্ষণ! এটা কি প্রায় রাতে হয়? নাকি রোজ রাতে? আজমীরা জানেন না।
আজমীরা আস্তে ধীরে কুয়াশাকে স্পর্শ করার চেষ্টা করেন। কাঁপা হাতে টলটলে দৃষ্টিতে যখন কুয়াশার কাঁধে হাত রাখেন, তখন অস্বাভাবিক ভাবে কুয়াশার শরীর কাঁপা বন্ধ হয়ে যায়। কুয়াশা স্থির হয়ে যায়। তখনও চোখজোড়া ওর বন্ধই ছিল। অর্থাৎ ও ঘুমের ঘোরে ছিল তখনও। দুঃস্বপ্নের উত্তেজনায় উঠে বসলেও আশপাশটা দুঃস্বপ্নের মাঝেই ছিল৷ কুয়াশা যখন স্থির হয়ে যায়, আজমীরা আটকানো কিন্তু আশ্চর্যান্বিত কণ্ঠে ডাকেন,
“ কুয়াশা? এ মা?”
কুয়াশা জেগে ওঠে। মায়ের ডাক তার কানে পৌঁছেছে। নিজের ছোট মস্তিষ্ক যখন কিছুই ঠাহর করতে পারে না, তখন মোটা মোটা লাল চোখজোড়া মেলে তাকায়৷ সেখানে টলটলে জলরাশি ঢেউ খেলছে। কুয়াশা মাকে দেখতে পায়৷ মা তার দিকেই চেয়ে আছেন। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে মায়ের বুকের ওপর ঝাপিয়ে পড়ে। ডুকরে ওঠে সে। গুঙিয়ে কান্না করতে করতে বলে,
“ আম্মু আম্মু, আমার বাবা মারা যায়নি। বাবা মারা যেতে পারে না। আম্মু, ওটা আমার বাবা ছিল না। ওটা আমার বাবা হতে পারে না। আমার বাবা ওমন জায়গায় থাকতে পারে না৷ আম্মু, আমি বিশ্বাস করি না, বাবা নেই। বাবা আছে৷ আমার বাবা বেঁচে আছে, আম্মু। আমার বাবা বলত, নক্ষত্রদের মৃত্যু হয় না। আমার বাবা তো নক্ষত্র ছিল। তাহলে আমার বাবার মৃত্যু হয় কীভাবে? এটা মানি না আমি। ওটা আমার বাবা ছিলই না।”
কুয়াশার কান্নার মাঝে হিঁচকি উঠে গেছে৷ যেমন হাঁপানি রোগীরা করে শ্বাস নিতে কষ্ট হয়, বুকে চাপ অনুভব করে, ঠিক তেমন হয়েছে। আজমীরা কুয়াশার অবস্থা দেখে দিশেহারা বোধ করেন। অস্থির হয়ে ওঠেন। তিনি কীভাবে কী বলবেন, কীভাবে কী করবেন বুঝে ওঠেন না। মেয়েটা এতটা চাপা কষ্ট নিয়ে দিন পার করে? এতটা আক্ষেপ নিয়ে পথ চলে? তার বাবার মৃত্যু সে এই অবধি মানতেই পারেনি? তবুও বাস্তবতা মেনে নেয়ার বৃথা চেষ্টা করে নিজের স্বাভাবিক জীবনকে ব্যহত করেছে? নীরবতাকে নিজের বৈশিষ্ট্য করে ফেলেছে? দিন দিন নিজেকে ধ্বংসের মূখে ঠেলেছে?
আজমীরার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তিনি কিছুই ভাবতে পারছেন না। দু’চোখ থেকে গলগলিয়ে একাধারে অশ্রু গড়িয়ে পড়ছে। সেই অশ্রুসিক্ত দু’চোখ নিয়ে মাথাটা ছাদমুখো তুলে হা করে নিঃশ্বাস নেবার চেষ্টা করলেন। বুকের ব্যথায় চোখে অন্ধকার দেখছেন। মাথা উপরে তোলার ফলে দু'চোখের কার্ণিশ বেয়ে পানি গড়িয়ে কান ছুঁলো। এতটাই করুণ দেখাল সে দৃশ্য! আজমীরা দুই-তিনবার জোরে জোরে শ্বাস টানার চেষ্টা করলেন। এ মুহূর্তে নিজেকে বড় নিঃসহায় বলে মনে হলো। বিড়বিড় করে বললেন,
“ আমাকে একা চলতে না শিখিয়েই কেন সঙ্গ ছাড়লেন, জায়ান?”
প্রশ্নের উত্তর করার তো কেউ নেই? আজমীরার ভেতরটা মুষড়ে এলো। ফুপিয়ে কেঁদে ফেলার মতো করে ঠোঁট ভেঙে বললেন,
“ আপনি না আমাকে সঙ্গ দিবেন বলে এনেছিলেন? বলেছিলেন তো, চলো আজমী একসাথে পথ চলি? বলেছিলেন না? মিথ্যা কেন বলেছিলেন, জায়ান?”
আজমীরার বেদনার দলাগুলো গলে গলে পড়তে লাগল দু'চোখ বেয়ে। এদিকে মেয়ে মায়ের বুকের ভেতর মুখ গুঁজে শরীর কাঁপিয়ে কাঁদছে, অন্যদিকে মা অসহায় হয়ে নিঃশব্দে কাঁদছেন। তারা দু'জন নারীই বড় অসহায়— একটি পুরুষকে ঘিরে। যে পুরুষটি তাদের একা চলতে না শিখিয়েই সঙ্গ ছেড়েছে।
অনেকটা পর কুয়াশা একায় থেমে যায়। হয়তো ক্লান্ত অনুভব করে। কিংবা অশ্রু শুকিয়ে ভেতরটা শুকনো হয়ে গিয়েছে বলে। থেমে নিজের শরীরটা মায়ের কোলের ওপর ছেড়ে দেয় মেয়েটা৷ মায়ের পেটে মুখ গুঁজে রেখে ঘুমিয়ে যায়। আজমীরা কুয়াশাকে ধরে ওভাবেই বসে থাকেন। অভাবেই নিঃশব্দে কাঁদেন। নানা অভিযোগ করেন। যা শোনার জন্য এক অদ্বিতীয় ছাড়া আর কোথাও কেউ নেই।
কুয়াশা আবার যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়, তখন আজমীরা ওকে আলগোছে বালিশে মাথা রেখে শুইয়ে দেন। যেন সদ্য শিশুকে শুইয়ে দিচ্ছেন। একটু এদিক ওদিকে হলেই ঘুম ছুটে যাবে৷ আর মা তার সেই শিশুর ঘুম ভাঙাতে চান না। আজমীরা মেয়েকে কিছুটা সময় বসে থেকে দেখেন৷ খুঁটিয়ে দেখেন৷ কী নিষ্পাপ, কী দ্যুতিময় চেহারা তার মেয়ের! তাঁর এমন সুন্দর মেয়ের হাল কিনা এই রকম হয়েছে? মা হয়ে কীভাবে সহ্য করবেন? তিনি নিজের বৈশিষ্ট্যর বাইরে গিয়ে মেয়ের জন্য কিছু করার ক্ষমতাও রাখেন না। বড় আফসোস হলো আজমীরার তখন। কেন তিনি কিছু করতে পারেন না? বাবা হীনা মেয়ের জন্য তো কিছু করার দরকার ছিল তার? তিনি কেন এই পরিবারকে ভরসা মেনে, সহায় মেনে থেকে গেলেন? ঠিক কেন?
তবে আজমীরা নিজে কিছু করতে না পারলেও এই বাড়ির মানুষরা করতে পারবেন। তার মেয়েকে সুস্থ করার অঙ্গিকার দিয়ে নিজ হাতে দায়িত্ব তুলে নেবেন। যার জন্য লোকের অভাব নেই। আজমীরা মেয়ের কপালের একপাশে একটা গাঢ় চুমু দিলেন। পাতলা কাঁথা পেটের ওপর তুলে দিয়ে আশপাশটা পর্যবেক্ষণ করে উঠে বেরিয়ে গেলেন। গন্তব্য তখন বড় ভাশুরের কক্ষ।
.
সবটা শুনলেন শান্ত ভঙ্গিতে জাকির মালিথা। জাকিয়া শুনে জাকির মালিথার দিকে তাকালেন ওঁনার প্রতিক্রিয়া দেখতে। জাকির মালিথা মেঝে পানে তাকিয়ে একটি প্রলম্বিত নিঃশ্বাস ফেললেন৷ তিনি কিছু ভাবলেন। এরপর অতি শান্ত ভঙ্গিতে বললেন,
“ জাহিদের কাছে সকালে কল দিও, জাকিয়া। ওর একজন বন্ধু আছে যে নামকরা একজন সাইকিয়াট্রিস্ট। কুহেলির ব্যাপারে কথা বলা উচিত।”
“ আমারও এটাই মনে হয়। ওকে কাউন্সেলিং করা প্রয়োজন। যা আমাদের দ্বারা সম্ভব হবেনা। ওর জন্য একজন সাইকিয়াট্রিস্ট অত্যন্ত প্রয়োজন।”
“ গিয়ে নামাজে দাঁড়াও, মীরা৷ আল-খালিককে ডাকো। ইন শা আল্লাহ তিনিই সমাধান দেবেন।”
আজমীরা জাকির মালিথার দিকে তাকিয়ে ছিলেন তখনও। কী দায়িত্ববান পুরুষ, কী অমায়িক ভঙ্গিমায় কথা বলেন তিনি! মানুষটার চারপাশ শীতলতা ছড়ানো যেন৷ শান্ত ভঙ্গিমায়, ঠাণ্ডা মাথায় সবটা সামাল দেন। কোনো উদ্বিগ্ন ভাব নেই, কোনো বিরক্তির ছাপ নেই— যা আছে তা যেন সবই মোলায়েম ব্যবহার৷ উচ্চকণ্ঠে কথা বলতেও কম দেখেছেন। স্ত্রী, সন্তান কিংবা বাড়ির একেকটি সদস্য তাঁর কাছে যেন যত্নে গড়া মাটির পুতুল। যাদের তিনি অত্যন্ত যত্নে রাখেন৷ একটু অযত্ন হলেই যেন খুঁত হয়ে যাবে।
.
সকালের চা-নাস্তায় বড়দের গুরুত্বপূর্ণ আলাপ চলল। ছোটদের মাঝে পাওয়া গেল না বললেই চলে। শুধু তুহিন রয়েছে। নীহার জিমে গেছে। নিজের শারীরিক গঠনকে সুগঠিত ও আকর্ষণীয় করে তুলতে প্রায় এক মাস হলো নিয়মিত জিম করছে সে। পাশাপাশি নৌবাহিনীর অফিসার হবার স্বপ্ন নিয়ে শারীরিক সক্ষমতা ও ফিটনেসের দিকে বিশেষ নজর দিচ্ছে। আর শিশির, কুয়াশা, ও হিম স্টাডিরুমে পড়তে বসেছে একসঙ্গে। হিম শিশির ভাইয়ের সাথে পড়তে পছন্দ করে। তার পড়া শিশির ভাই খুব সুন্দর মতো বুঝিয়ে দেয়। কিন্তু কুয়াশা বুবু তা করে না। কেমন খ্যাতখ্যাত করে আর একটু থেকে একটু হলেই বকা দেয়, ধমক দেয়। তাই বুবুর কাছে সে পড়তে বসতে চায় না। তার কাছে শিশির ভাই-ই বেশি ভালো। এই জন্য কুয়াশা হিমকে ডাকে— ভাই কা চামচা।
জাকির মালিথা জাহিদ মালিথাকে সবটা বলেছেন। জাহিদ মালিথা জানিয়েছেন তিনি তাঁর সাইকিয়াট্রিস্ট বন্ধুর সাথে যোগাযোগ করবেন। এবং যোগাযোগ করে বিস্তারিত জানাবেন। সে-কদিন কুয়াশাকে দেখে রাখার পরামর্শ দিলেন।
.
বিকেলে স্কুল ছুটির পর কুয়াশা ফিরল। কয়দিন যাবত ভীষণ গরম পড়ছে৷ গরম সহ্য করতে না পারা কুয়াশা ভীষণই বিরক্তবোধ করে। চোখমুখ কুঁচকে, মুখটা ফুলিয়ে লিভিংয়ের সোফায় বসল। শরীর না জিড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যাবার অ্যানার্জিটা আর নেই তার।
মালিথা ভিলার লিভিংটা বেশ বড়সড়। বাড়ির ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর করে করা— দেখলে মনে হয় আধুনিকের সাথে নব্বই দশককে মিশিয়ে রাখা হয়েছে। বাড়ির বাইরেটা যেমন সুন্দর, তেমনই ভেতরটা। লিভিং এরিয়ায় ঢুকেই ইনডোর গার্ডেন আর সামনে এগিয়ে বসার স্থান। অপরপাশে পরিবারের প্রতিটি সদস্য এক সঙ্গে বসে খেতে পারার মতো বড়সড় ডাইনিং টেবিল সেট করা। তার কিছুটা দূরে রান্নাঘর৷ যেখানে তিন জা আরামসে একসাথে রান্না করতে পারেন।
লিভিংয়ে বসার স্থানে চতুর্ভূজ ভঙ্গিতে গদি আটা সোফাসেট রাখা৷ যেগুলোকে আধুনিক ডিভান বললেই বেশি মানানসই শোনায়। লিভিং এরিয়ার এই স্থানটা খুবই সুন্দর করে সাজানো-গোছানো। সামনে বড়সড় গোলাকৃতি সেন্টার টেবিল রাখা এবং দেয়ালে বত্রিশ ইঞ্চির এলইডি টিভি ওয়াল ব্র্যাকেটের সাহায্যে বাঁধানো। যেটা দ্বারা পরিবারের সদস্যরা একসঙ্গে বসে বিনোদন নিতে পারে।
কিন্তু এই টিভি দ্বারা পরিবারের সদস্যদের চেয়ে শিশির আর কুয়াশাই বেশি বিনোদন নিয়ে থাকে। কেননা লিভিংয়ের এই টিভি ছাড়াও বড়দের ঘরে টিভি রয়েছে৷ নেই শুধু শিশির ও কুয়াশার ঘরে। তাদের ঘরে এখনো কোনো টিভি দেয়া হয়নি। তাই লিভিংয়ের টিভি নিয়েই দু'জনের উঠতে-বসতে যুদ্ধ চলে। শুক্রবারে রিমোট নিয়ে যুদ্ধ হয় দিনে দশবার। আর এমনি দিনে বেশি হয় বিকেল বেলায়। কারণ সকালে কুয়াশা স্কুলে গেলে বিকেলে ফেরে। এর মাঝে সারাদিন সে টিভি দেখতে পারেনা৷ কিন্তু শিশিরের কলেজ না থাকলে, কিংবা না গেলে দুপুর সময়টা সে টিভি নিয়ে বসে সময় কাটায়। বিশেষ করে, সকাল এগারোটা থেকে দুুপুর একটা অবধি এবং গোসল ও দুপুরের খাবার শেষে দু'টোর পর থেকে তিনটা কিংবা চারটা অবধি। একদম নির্ধারিত করা তার রুটিন। আর এই রুটিন একটুও এদিক-ওদিক হওয়া সে পছন্দ করেনা। এই সময়ের মাঝে তার বৃদ্ধা আঙুল দ্বারা রিমোটে গুতাগুতিতে চলে ডিসকভারি থেকে জিওগ্রাফি চ্যানেল অথবা বিভিন্ন স্পোর্টস চ্যানেলে। যেমন; স্টার স্পোর্টস, সনি স্পোর্টস, টি স্পোর্টস। এ-সব চ্যানেলে সে বিশ্বমানের সব খেলা দেখে। যার মাঝে থাকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বক্সিং খেলা ইত্যাদি।
যেমন এখন দেখছে ক্রিকেট খেলা৷ ভীষণ মনোযোগ টিভিতে তার। ভেসে আসছে ইংলিশ ভাষায় উপস্থাপকের কণ্ঠ। ব্যাটিং দল ছক্কা মারলে উত্তেজিত স্বর ভেসে আসছে আবার কখনো আফসোসের কণ্ঠ। কুয়াশা সোফার সাথে সেঁটে বসে টিভির দিকে তাকিয়ে আছে। সারাদিন এসব দেখার কী আছে? মানুষের খেলা দেখারও তো একটা সময় থাকে নাকি? কুয়াশা বিরক্ত নিয়ে বলল,
“ তোমার আর কোনো কাজ নেই?”
কুয়াশার কণ্ঠ পেয়ে মনোযোগ ভঙ্গ করল শিশির। এতক্ষণ যেন কুয়াশার উপস্থিতি সে টেরই পায়নি এমন ভঙ্গিমা নিয়ে খেলা দেখছিল। টের না পাবারই কথা। কারণ বিশেষ গুরুত্বের তো নয় কুয়াশা? সে কখন এলো, কখন গেল তার দেখার নেই। শিশির ভ্রু কুঁচকে আবার টিভিতে নজর দিয়ে বলল,
“ কেন তোর মতো আজাইরা সময় নিয়ে চলি আমি?”
“ আমি আজাইরা সময় নিয়ে চলি? তুমি একটা আজাইরা মানুষ সেটা স্বীকার করছ না কেন? নাকি অন্ধও তুমি? চোখে দেখলে তো ঠিকই দেখতে, আমি এইমাত্র স্কুল থেকে ফিরলাম।”
“ তোকে আবার দেখতে হবে কেন? তুই এলি না গেলি সেটাই বা আমার জানতে হবে কেন? নিজেকে সবার কাছেই ইম্পর্ট্যান্ট রাখতে চাস?”
ত্যাড়া কথায় কুয়াশা দাঁত আটল। বয়ে গেছে তার! সবার কাছে গুরুত্বপূর্ণ হলেও যে, এই ইবলিশের কাছে না, সে কি সেটা জানে না? কুয়াশা চোখমুখ কুঁচকে বিরক্ত ছড়িয়ে বলল,
“ সারাদিন তো টিভির সাথে লেগে থাকতে দেখি, আর কাজ তো নেই তোমার। রিমোট দাও। এখন আমি দেখব।”
“ তুই বললি, আর আমি দিয়ে দিলাম? ব্যাপারটা এমন ভাবিস নাকি?”
“ না, একদমই ভাবি না। কারণ তুমি যে আমি বললেই দিয়ে দেবে না, তা আমার ঠিক জানা আছে। এখন ঝগড়া করতে ভালো লাগছে না, রিমোট দাও আমি টিভি দেখব৷ তুমি বাইরে যাও৷ আজ বাইরে যাওনি কেন তুমি?”
“ আমার ইচ্ছা, তোকে জানাতে বসে নেই আমি।”
“ সে তুমি থাকো না, জানা কথা৷ এখন ভালোই ভালোই রিমোট দাও।”
“ তুই ওয়ার্ন করছিস আমাকে? হ্যাঁ? এই তুই…”
“ কী হচ্ছে? সমস্যা কী?”
তুহিনের ধমকে শিশির থেমে গেল। তখন আজমীরা এসে বললেন,
“ তুমি স্কুল থেকে ফিরে ড্রেস না খুলেই টিভির সামনে বসে গেছ?”
“ না, আমি দেখছি না।”
“ যাও, ড্রেস পাল্টে এসো। একটু শরবত খেয়ে বিশ্রাম করো। এখন টিভি দেখতে হবে না।”
“ আমার সময় কাটবে না। তুমি ওকে বলো রিমোট ছাড়তে।”
তুহিন বলল,
“ আমার রুমে গিয়ে দেখ, কুহেলি। যা৷”
“ না, আমার রুমে বসে দেখতে ভালো লাগে না। আমি এখানেই দেখব৷”
দু'জনকে ঠেলেঠুলেও কারো ঘরে পাঠানো সম্ভব হয়না। দু'জনেরই পছন্দ লিভিংয়ে বসে টিভি দেখা৷ এমনটাই হয়। তাদের দু'জনের সম্পর্কে মাঝে কোনো মিল না থাকলেও পছন্দ-অপছন্দের অনেক কিছুই মিলে যায়। আর যার জন্যই বেশি ঠোকাঠুকি বাঁধে৷
তখন জাকিয়া বেরিয়ে এলেন। দুপুরের খাবার পর কক্ষে ছিলেন। এসে শুনলেন শিশিরের সাথে কুয়াশার রিমোট নিয়ে ঠোকাঠুকি হচ্ছে। জাকিয়া কুয়াশাকে বললেন,
“ যা তো মা ড্রেস পাল্টে আয়৷ ড্রেস পাল্টানো হলে আমার কাছে আসিস। চুলগুলো গুলো বেঁধে দেব। যা৷”
জাকিয়ার এত্ত আদর মেশানো কথা কুয়াশা ফেলতে পারে নাকি? সে শিশিরের দিকে রাগে তাকিয়ে ব্যাগ নিয়ে চলে গেল। কিছুক্ষণের মাঝে পোশাক পাল্টে, পরিপাটিরূপে নিচে নেমে এলো৷ জাকিয়া ডেকে নিয়ে গেলেন নিজের ঘরের বারান্দায়।
.
বিকেলের শান্ত পরিবেশের সাথে কুয়াশার শরীরটাও শান্ত হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে পরিমাণে ক্লান্ত লাগছিল সবটা যেন হাওয়া হয়ে গেছে। জাকিয়া হাতের স্পর্শে এত জাদু আছে! কুয়াশা আয়েশে চোখবুজে জাকিয়ার দুইপায়ের মাঝে গুটিশুটি মেরে সেঁটে বসে আছে। বড় আম্মু তার মাথায় তেল দিয়ে দিচ্ছেন। এত সুন্দর করে তেল দেন বড় আম্মু! কুয়াশার ঘুমিয়ে যেতে ইচ্ছে করে। তেল দেবার সাথে মাথার ত্বকে যেভাবে ম্যাসাজ করেন এতেই কুয়াশার শরীরের সব ক্লান্ত, উদ্বিগ্ন দূর হয়ে যায়।
কুয়াশার ভেতর থেকে যেন সবরকম মানসিক অশান্তি চুষে নিচ্ছে জাকিয়ার হাতের স্পর্শ। তিনি তেল দিতে দিতে বললেন,
“ ভালো লাগে রে, মা?”
“ ভীষণ!”
তার বড়আম্মু এত অমায়িক! এত ভালো। ইশশ, কেমন মা মা লাগে। যখন মা বলে ডাকে তখন কুয়াশার ভীষণ আনন্দ লাগে। কুয়াশা বলল,
“ বড় আম্মু তুমি এত ভালো কেন গো?”
“ কেমন ভালো?”
“ মেলা বেশি ভালো। এত ভালো আমার খুব পছন্দ হয়। তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে হয়।”
“ তো এখন বাসিস না বুঝি?”
“ বাসি তো। এর চেয়েও বেশি বাসতে ইচ্ছে করে।”
জাকিয়া হাসছেন৷ কুয়াশা আবেগে আপ্লূত হয়ে বলল,
“ তোমার পেটে যে ওই শয়তানটা কেন জন্ম নিয়েছিল, এটা ভেবেই আমি অবাক হই।”
জাকিয়া শব্দ করে হেসে উঠলেন। কুয়াশার শরীর থেকে ওর স্ট্রেস দূর করতেই তিনি সচেষ্ট। মানসিক অশান্তিতে থাকলে মাথায় ম্যাসাজ করা একটি বড় চিকিৎসা হতে পারে৷ তিনি সেই চিকিৎসাটাই কুয়াশাকে দিচ্ছেন।
জাকিয়া এমনই। কুয়শাকে তিনি ভীষণ যত্ন করেন। শুধু এভাবে নন, তিনি কুয়াশার অনেকরকম ভাবে যত্ন নেন। এই তো কুয়াশার মাস ছয়েক হলো ঋতুস্রাব শুরু হয়েছে৷ এই ছয় মাসের ছয়বারই কুয়াশা পেটের ব্যথায় কোঁকিয়েছে, ছটফট করেছে, গুমরে কেঁদেছে৷ জাকিয়া তখন কী করেন— কুয়াশার ওই সময়টায় তিনি যতরকমের প্রাথমিক পর্যায়ে ব্যথা নিরাময় করা যায় তা করার চেষ্টা করেন। ঋতুস্রাব চলমান অবস্থায় তিনটা দিন কুয়াশার যত্নে তিনি তৎপর থাকেন৷ যতটা আজমীরাও করেন না, ততটা জাকিয়া করেন। কুয়াশা তখন জাকিয়ার মায়ের রূপ দেখে৷ ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে।
তার বড় আম্মু সব দিকে সেরা। সব চেয়ে সেরা। বড় আম্মু এতটা গোছানো নারী যে কুয়াশা প্রতিনিয়ত দেখে আর মুগ্ধ হয়। কুয়াশার মনে হয় এমন নারী পৃথিবীতে বিরল। বড় আম্মুর সবকিছু তার পছন্দ এবং প্রিয়৷ বড় আম্মুর সাজসজ্জা, বড় আম্মুর কথা বলা সব কিছু কেমন অমায়িক। কী সুন্দর নিজেকে পরিপাটি করে রাখেন!
বড় আম্মু সবসময় শাড়ি পরেন৷ সেটাও কী সুন্দর করে! কুঁচি দিয়ে শাড়ি পরেন। নিখুঁত কুঁচিতে শাড়ি গুঁজলেও আঁচল কখনো গুছিয়ে আটকে রাখেন না। চমৎকার ভঙ্গিতে কাঁধের ওপর ফেলে রাখেন আঁচলের পাড়টি, এবং নিচের পাড়টি আরো একবার কাঁধের ওপর সুন্দর করে তুলে রাখেন৷ আর সেই অনাড়ম্বর ভঙ্গিই বড় আম্মুর ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তোলে। সবসময়ের জন্য গলায় আট আনা স্বর্ণের একটি সরু চেইন, হাতে চিকন দুটো বালা পরেন। কানে সহজে বহনযোগ্য স্বর্ণের দুল আর নাকে বড় চাচুর দেওয়া নাকফুল— এতেই যেন ওঁনার রুচিবোধ ও অভিজাত ঠিকরে বেরিয়ে আসে। চুলের মাঝবরাবর টানা সিঁথি আর পরিপাটি করে বাঁধা হাতখোপা তাঁর ব্যক্তিত্বে যোগ করে এক ধরনের চিরায়ত সৌন্দর্য। বয়স বাড়লেও বড় আম্মুর ভেতরের ঔজ্জ্বল্য এখনো ম্লান হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিত্ব আরও স্থির, আরও দীপ্তিময়, আরও সম্মোহনী হয়ে উঠেছে।
কুয়াশা বড় আম্মুকে নিয়ে গবেষণা করার মাঝে জাকিয়া ওর চুলে তেল দেয়া শেষ করে চুলে বিনুনিও করে দিলেন৷ ঘাড় বেয়ে কেবলই পিঠ ছুঁয়েছে কুয়াশার চুলগুলো। বেশ ঘন আছে৷ সেই চুলগুলো জাকিয়াই যত্ন করে বড় করার দায়িত্ব নিয়ে নিয়েছেন৷ চুল বাঁধা হয়ে গেলে কুয়াশা পেছন ঘুরে জাকিয়াকে ঝাপটে ধরে বুকে মুখ গুঁজে পড়ে রইল৷ জাকিয়াও হেসে কুয়াশাকে ওভাবে ধরে রেখে বসে রইলেন। যেন কুয়াশা তারই মেয়ে।
| চলবে |
কেমন লাগছে জানাবেন মন্তব্য করে..
