#এক_বনে_দুই_বাঘ
‘নক্ষত্রদের মৃত্যু নেই’
৬.
®রোজা রহমান নাঈমা
‘
১৯ শাওয়াল ১৪৩৩ হিজরি, ২৩ ভাদ্র ১৪১৯ বঙ্গাব্দ, ৭ সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দ;
মালিথা পরিবারে জাকির মালিথার ব্যবহৃত সাদা বিএমডব্লিউটি এসে থামল ঢাকা গুলশানের একটি অভিজাত ও বিলাসবহুল ভবনের সামনে। ড্রাইভিং সিটে বসা তুহিন গাড়ির জানালা দিয়ে কিছুটা মুখ বের করে ভবনের গেইটের পাশে নামফলকটা দেখে নিল। ড্রাইভিং সিটের পাশে হেলান দিয়ে বসা শিশিরকে উদ্দেশ্য করে বলল,
“ লোকেশন তো এটাই দেখাচ্ছে? আর বাড়ির নামও— আনসারী মঞ্জিল।”
শিশির বিরক্ত মুখে একটু উঁকি দিয়ে দেখল সঠিক ভবনের সামনেই দাঁড়িয়ে আছে তারা। ড্যাশবোর্ডে বসানো GPS নেভিগেশন ইউনিটে গন্তব্যের অবস্থানও ভেসে উঠেছে। ব্যাকসিটে বসা নীহার বলল,
“ হ্যাঁ, এটাই। হর্ণ বাজাও, ভাই।”
তুহিন তখন নিশ্চত হয়ে হর্ণ বাজাল দুয়েকবার। এর পরই ভবনের লোহার কারুকাজে শোভিত বিশাল গেইটটি হাট করে খুলে দিল দারওয়ান। তুহিন দক্ষ হাতে গাড়ি ঘুরিয়ে গেইটের প্রবেশ দ্বার দিয়ে ভবনের ফ্রন্টইয়ার্ডে প্রবেশ করলে, একজন দারওয়ান গেইট বন্ধ করতে উদ্যত হলো, আর একজন দারওয়ান দৌড়ে এসে তুহিনকে বলে দিল গাড়ি কোন পাশ দিয়ে নিয়ে গিয়ে পার্ক করতে হবে৷
তুহিন সেই অনুযায়ী গাড়ি নিয়ে গিয়ে পার্কিং পাশে পার্ক করল। এরপর ওরা নিজেদের সিটবেল্ট খুলে গাড়ির ভেতরই দীর্ঘ নিঃশ্বাসের সাথে আড়মোড়া ভাঙল। তুহিন বলল,
“ ফাইনালি এসে পৌঁছাতে পারলাম!”
“ তোমাকে তো বললাম আমার কাছে দাও, আমি কিছুটা ড্রাইভ করি। তুমি তো দিলে না? একাই এতটা পথ ড্রাইভ করে আমাদের নিয়ে এলে। সেই সকাল সাতটাতে বের হয়েছি। অলমোস্ট সন্ধ্যা হতে যাচ্ছে। ঢাকা শহরে এতটা জ্যাম, কী আর বলব!”
নীহারের কথা শুনে তুহিন বলল,
“ চার চাকার হিসাব দুই চাকার চেয়ে অনেক আলাদা। আগে দক্ষ হ, এরপর লং-ড্রাইভ করিস।”
নীহার বড় ভাইয়ের আদেশমূলক কথাটা মানল। ড্রাইভিংটা সে মাত্র একমাস আগে শিখেছে৷ খুব একটা দক্ষতা নেই। এছাড়া বাইক চালিয়ে যাতায়াত করে সে। শিশিরকেও নতুন বাইক দেয়া হয়েছিল এসএসসি পাশের পরই। সেও কলেজ করা থেকে শুরু করে ঘোরাঘুরি ও প্রয়োজনীয় সব জায়গাতে বাইক নিয়েই যাতায়াত করে। বলা যায় বাইক তার প্রিয় একটি বাহন। সে আর তার বাইক পরম বন্ধু৷ সে বাইক ছাড়া চলে না আর বাইক তাকে ছাড়া চলে না৷ কার ড্রাইভিং এখনো শেখেনি শিশির।
একমাত্র কার চালানোতে দক্ষ ব্যক্তি হলো তুহিন৷ তাই তুহিনকেই সেই সুদূর কুষ্টিয়া থেকে ঢাকায় পৌঁছাতে একাই ড্রাইভ করতে হয়েছে। মাঝে সকাল দশটায় একটু বিশ্রাম ও হালকা পাতলা খাবার আর দুপুরের খাবারের জন্য একটু বিশ্রাম নেওয়া হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল রাত করে নয় দিনের আলো থাকতে পৌঁছানো৷ কারণটা হচ্ছে কুয়াশা।
নীহার নিচু হয়ে তার কোলের ওপর মাথা ফেলে ঘুমিয়ে থাকা কুয়াশার দিকে তাকাল। ব্যাকসিটের এক কোণা শুধু নীহার নিয়েছে বাকি সম্পূর্ণ সিট কুয়াশার দখলে৷ নীহার একটু হেসে কুয়াশার মাথায় হাত রেখে আলতো নাড়াচাড়া করতে করতে আস্তে করে ডেকে বলল,
“ গুজেল? উঠে পড়, আমরা পৌঁছে গেছি।”
কুয়াশা কিছুটা নড়েচড়ে উঠল৷ নীহার পুনরায় একই ভঙ্গিমায় ডাকল,
“ কুশু? ওঠ ময়না, আমাদের নামতে হবে। ওনারা চলে আসবে নয়তো।”
কুয়াশার ঘুম ছুটল বোধহয়। ঘুমে ফুলে ওঠা লাল লাল চোখজোড়া পিটপিট করে খুলে তাকালে সামনে থেকে শুনতে পেল,
“ এত মধু মিশিয়ে ডাকার কী আছে? দুইহাতে ধর, আর তুলে বাইরে নিয়ে আছাড় দে। দেখ ঘুম কেমন পালায়৷ যত্তসব!”
তুহিন পাশে থেকে শিশিরকে ধমক দিয়ে বলল,
“ থাপ্পড় না খেতে চাইলে মুখে লাগাম টান। এটা তোর মালিথা ভিলা না।”
শিশির বেজায় বিরক্ত। এই বিরক্তবোধটা ওর বাড়ি থেকেই বহাল রয়েছে। প্রথমত, তার ওই কুষ্টিয়া থেকে প্রায় ২১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত রাজধানী ঢাকায় আসার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। তাকে একপ্রকার ধরে-বেঁধে আনা হয়েছে। এই কাজটা করেছে তার ঘর শত্রু বিভীষণ নীহার। নীহার তাকে শান্তিতে থাকতে দেবে না বলেই এই সুন্দর কাজটা করেছে। দ্বিতীয়ত, ঢাকায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে কুয়াশা। কুয়াশার জন্য তাকে ঢাকায় আসতে হয়েছে, ব্যাপারটা ভাবতেই যেন পুরো শরীর ছ্যানছ্যান করে জ্বলে উঠছে। যাকে নিয়ে তার বিন্দু মাত্র আগ্রহ নেই তার জন্য সে নিজের আরামের ঘুম হারাম করে কিনা সেই ফজরে উঠে বেরিয়েছে ঢাকার উদ্দেশ্যে? ওই ফালতু মেয়ে গোল্লায় গেল কী গেল না সে-সবে তার কোনো মাথা ব্যথা নেই।
অথচ, সেই মাথা ব্যথা করেই কিনা তাকে সূদুর কুষ্টিয়া থেকে টেনে-টুনে নিয়ে আসা হলো? বড় অন্যায় করা হয়েছে তার সাথে।
কুয়াশা সদ্য ঘুম ভেঙে সবরও করতে পারেনি৷ আর তাকে শিশিরের মুখে ওমন বাণী শুনতে হলো? মেজাজটা বড্ড চড়ে গেল। চোখ মুখ কুঁচকে বলল,
“ ওই অজাত-টাকে কেন আনতে গেছিলে, ভাইয়া? ওই-ই তো আমার স্ট্রেস বাড়িয়ে দেবার কারণ। আমাকে আবার ট্রিটমেন্ট কী করাবা?”
“ আর তুই একা সবার মাথা ব্যথা একটা। ট্রিটমেন্ট তোর নয়, আমাদের করা হবে।”
কুয়াশা নীহারের কোলের ওপর থেকে মাথাটা তুলে সোজা হয়ে সিটে হেলান দিয়ে বসল। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে আশপাশটা দেখল। নীহার বলল,
“ হয়েছে নামো এবার তোমরা।”
তুহিন নেমে দাঁড়ালে শিশিরও নেমে পড়ল৷ নীহার আর কুয়াশা নামলে দেখল ভবনের সদর দরজা খুলে বেরিয়ে আসছেন মধ্য বয়স্ক একজন ভদ্র মহিলা এবং সাথে আসছেন একজন বয়স্ক ব্যক্তি। তাদের বেশভূষা দেখে বোঝা গেল মহিলাটি বাড়ির মালকিন আর পুরুষটি হয়তো বাড়ির কেয়ারটেকার। তাদের আসতে দেখে ভেতরে খবর পাঠিয়েছেন৷
কুয়াশা মহিলাটিকে বেশ খুঁটিয়ে দেখল। বয়সটা বড়জোর তার মেজো আম্মু আম্বিয়ার মতো হবেন। আর মেজো আম্মুর মতোই শিক্ষিত এবং মার্জিত বলে মনে হচ্ছে। পোশাক-পরিচ্ছদ রুচিশীল ও অভিজাতপূর্ণ। মেজো আম্মু যেমন শান্ত ভঙ্গিতে চলা-ফেরা করেন এবং নিজের চারপাশে বিচক্ষণতা ছড়িয়ে রাখেন ঠিক তেমনই মনে হলো। এক নজর দেখেই কুয়াশা মহিলার বিশেষ বৈশিষ্ট্যগুলো টের পেল। বোঝা গেল, কৈশোর থেকেই সে মানুষের বাহ্যিক রূপ দেখে তাদের সামাজিক অবস্থান ও শ্রেণিগত পার্থক্য বিচার করার এক অদ্ভুত দক্ষতা রপ্ত করছে।
কুয়াশা তাকিয়ে থাকাকালীনই মহিলাটি তাদের চার ভাই-বোনের সামনে এসে দাঁড়িয়ে গেলেন৷ ওদের চারজনকে একসাথে দেখে মহিলাটি সুন্দর করে অমায়িক এক হাসি টেনে বললেন,
“ আসতে কোনো প্রকার অসুবিধা হয়নি তো তোমাদের?”
তুহিন আর নীহার একসাথে বলল,
“ না, তেমন কোনোই অসুবিধা হয়নি।”
“ জেনে খুশি হলাম, বাচ্চারা৷ আমি মিসেস পারমিতা আনসারী। তোমাদের আন্টি। তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। উনি জানিয়েছিলেন তোমরা সকালে রওনা হয়েছ, ভীষণ টেনশন হচ্ছিল।”
কী অমায়িক ও স্পষ্ট বাচন ভঙ্গিমাতে কথা বলেন মিসেস পারমিতা! কুয়াশার ভীষণ পছন্দ হলো ওঁনাকে। ও এতক্ষণ একটু গুটিয়ে ছিল বটে। এক পরিবেশ থেকে বেরিয়ে দূর দেশের পরিবেশ, মানুষজন কেমন হয়; তেরো বছরের জীবনে তার জানা হয়নি৷ কুষ্টিয়া শহর থেকে আজই প্রথম সে ঢাকা শহরে এলো। ঢাকার আবহাওয়া ও পরিবেশের সাথে পরিচয় হলো।
যদিও আসার সময় দীর্ঘ পথের জন্য ভীষণ বিরক্তবোধ হচ্ছিল। এছাড়া গাড়িতে একনাগারে বসে থাকতেও বিরক্ত লাগছিল। দুয়েকবার গাড়ি থেকে বের হয়েছিল শুধু। দুপুরের পর ভাইয়ারা গাড়ির ভেতরই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করছিল। বিশেষ করে এই রাজনৈতিক বিষয়ে চরম আগ্রহ দেখায় তুহিন ভাইয়া। ভবিষ্যতে সাংবাদিক হবে কিনা! ঢাকার অবস্থা নাকি এখন ভীষণ উত্তপ্ত। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী-লীগ দল সরকার গঠন করে। এরপর ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধী দলগুলো দাবি তোলে যে, এতে ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ তৈরি হয়েছে। সেই নিয়ে এখন বিরোধী দল তীব্র আন্দোলন করে তা পুনর্বহাল করার দাবি তুলেছে। কুয়াশা তুহিনকে আরো বলতে শুনেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনে গণতন্ত্রের চেয়ে ক্ষমতার অঙ্কটাই বড় হয়ে উঠেছে নাকি। ছোট মাথায় কুয়াশা সে-সব আলাপআলোচনা নিয়ে খুব বেশি ভাবতে পারে নি।
তবে মনোযোগ দিয়ে শুনেছিল। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আলোচনা করতে। যুদ্ধাপরাধী কারা? মুক্তিযুদ্ধে বিরোধীতা কারীরা? কুয়াশা তো বই পড়েছে মুক্তিযুদ্ধ নিয়ে। সেখানে আল-বদর বাহিনী, রাজাকার বাহিনী নিয়েও জেনেছে। যারা মুক্তিযুদ্ধ চাইত না। ভাইরা বলছিল ১৯৭১ সালের যে-সব দলনেতা, দলকর্মীরা মুক্তিযুদ্ধ বিরোধী, অর্থাৎ বর্তমান পাকিস্তানের সাথে একতা ও অখণ্ড রাষ্ট্র চাইত, তাদেরই এখন যুদ্ধপরাধী বলে বিচারের আওতায় নেয়া হবে। তার মাঝে রাজাকার বাহিনী অথবা আল-বদর বাহিনীর কর্মীরা অন্যতম।
কুয়াশা আল-বদর বাহিনীর বিষয়ে বই পড়ে জেনেছিল— আল-বদর বাহিনী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার উদ্দেশ্যে গঠিত একটি আধা-সামরিক বা কিল স্কোয়াড। ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন 'ইসলামী ছাত্রসংঘ'-এর কর্মীদের নিয়ে এই বাহিনী গঠিত হয়েছিল। ইসলামের প্রথম ঐতিহাসিক 'বদর যুদ্ধ'-এর আদর্শকে সামনে রেখে পাকিস্তান রাষ্ট্র অখণ্ড রাখার পক্ষে কাজ করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। কিন্তু ইসলামি ইতিহাসের বদর যুদ্ধকে আদর্শ করে এই বাহিনী গঠিত হলেও এদের মূলকাজ ছিল মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয়া। মে মাসে রাজাকার বাহিনী গঠনের আগেই এপ্রিল মাসে গঠিত হয় আল বদর বাহিনী। এরপর ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, অর্থাৎ বিজয়ের ঠিক আগে আল-বদর ও আল-শামস বাহিনী সমন্বয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। যার মাঝে অধিক ছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক শ্রেণির ব্যক্তিগণ। তারা চেয়েছিল নতুন বাংলাকে একেবারে বুদ্ধিহীন করে ফেলতে।
ভাইয়ারা আরো রাজনৈতিক অস্থিরতা ও কিসব গুম-হত্যার কথাও বলছিল, কিন্তু কুয়াশা সেসবে আর মনোযোগ দিতে পারেনি। তার মাথায় চাপ অনুভব হচ্ছিল ভীষণ। ভীষণ অস্থিরতা নিয়ে ও দীর্ঘ জার্নি করতে গিয়ে সে ক্লান্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়৷ নীহারই কখন যেন তাকে নিজের কোলের ওপর শুইয়ে নিয়েছিল।
এখন সামনে মিসেস আনসারীকে দেখে তার ভীষণ ভালো লাগল। কেমন পরিবারের সদস্যদের মতো চেনা চেনা ঠেকল। যেমন অমায়িক আচরণের মানুষদের দেখে সে অভ্যস্ত। কুয়াশা মিসেস আনসারীর উদ্দেশ্যে সালাম দিয়ে বলল,
“ আসসালামু আলাইকুম, আন্টি, আমি কুয়াশা। কুহেলিকা কুয়াশা মালিথা।”
মিসেস পারমিতা তুহিনের ওপর থেকে নজর সরিয়ে কুয়াশার দিকে তাকালেন। দেখতে পেলেন ভীষণ পরিপাটি ও সুন্দরী একটি কিশোরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। বয়সের সংখ্যা তাঁর জানা আছে। তেরো বছর। মেয়েটি বয়সের তুলনায় উচ্চতায় অনেকটা বেড়ে উঠেছে৷ এখনই আনুমানিক উচ্চতা বলা যেতে পারে ৫:৩ অথবা ছাড়িয়ে গেছে। এখনো উচ্চতা বাড়বে তার। কেননা কুয়াশার বয়ঃসন্ধিকাল চলছে। অতিরিক্ত ফিনফিনে শরীর নয়, তবে মেদযুক্তও নয়। এখন থেকেই শরীরের গঠন নজরে আসার মতো সৌন্দর্য ধারণ করছে। পরনে একটি বাসন্তী-হলুদ রঙের গাউন কুর্তি ও চুড়িদার সালওয়ার। ওড়নাটা ঘাড়ের ওপর দিয়ে বুকের দুইপাশে মেলে রাখা। খুবই সভ্য বলে ঠেকল মেয়েটিকে। এরপর কুয়াশাকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলেন তিনি। বুঝে তিনি সুন্দর হাসি ফুটিয়ে বললেন,
“ ওয়া আলাইকুমুসসালাম, মামণি। তোমাকে আমি চিনতে পেরেছি। এসো তো আমার কাছে।”
কুয়াশা মিসেস পারমিতার ডাকে এগিয়ে গেল সঙ্গে সঙ্গে। মিসেস পারমিতা কুয়াশাকে একহাতের বাহুবন্ধনে নিয়ে বললেন,
“ ভীষণ মিষ্টি তুমি। তোমাকে আমার পছন্দ হলো। এমন মিষ্টি দেখতে মেয়েকে প্রেশেন্ট হিসেবে নয়, গেস্ট হিসেবে পছন্দ করছি।”
বলেই তিনি সুন্দর করে হেসে উঠলেন। কুয়াশা চেয়ে সেই প্রাণখোলা হাসি দেখল। কী সুন্দর হাসি! মিসেস পারমিতার ডান গালে টোল পড়ছে হাসির সময়৷ শাড়ি পরিহিতা নারীটিকে দেখে মনেই হচ্ছে না তিনি চল্লিশের কোঠায় পা রাখা নারী হতে পারেন। কী সুন্দর জৌলুশ তাঁর মাঝে। উজ্জ্বল ফর্সা গায়ের রঙটা একদম পরিষ্কার বলে ঠেকছে। নিজের শরীরের অনেক যত্ন নেন বলে মনে হচ্ছে।
মিসেস পারমিতা হাসি থামিয়ে ওদের উদ্দেশ্যে বললেন,
“ এসো, তোমাদের আঙ্কেল তোমাদের অপেক্ষায় আছেন।”
তুহিনরা সম্মতি দিয়ে ভবনের ভেতরের উদ্দেশ্যে পা বাড়াল। আশেপাশে নজর রেখে দেখতে দেখতেই এগোলো। ভবনটি দেখতে বাংলো বাড়ির মতো। শান্ত ও নিরিবিলি পরিবেশ। বাগান পাশে পাখিরা কিচিরমিচির করছে।
ওরা ভেতরে লিভিংয়ে প্রবেশ করতেই সোফাতে একজন চল্লিশোর্ধ্ব পুরুষকে বসে ম্যাগাজিন পড়তে দেখতে পেল৷ পুরুষটি উচ্চতায় ছয় ফিটের কাছাকাছি হবেন এবং শারীরিক গঠন পাতলা। এই বয়সে এসেও যেন কিশোর বয়সের স্বাস্থ্য ধরে রেখেছেন৷ চুলগুলো নব্বই দশকের শাহরুখ খানের চুলের স্টাইলে কাটিং করা। মাঝখানে সিঁথি করে আঁচড়ানো।
মিসেস পারমিতার সঙ্গে কুয়াশাদের দেখেই তিনি সুন্দর ভঙ্গিমায় হাসলেন। উঠে দাঁড়িয়ে বললেন,
“ এসো এসো, তোমাদেরই অপেক্ষায় আছি আমি।”
ওরা পুরুষটিকে চিনে ফেলল। ইনিই হচ্ছেন নামকরা সাইকিয়াট্রিস্ট কায়কোবাদ আনসারী। যিনি জাহিদ মালিথার ভালো একজন বন্ধু। কুষ্টিয়া থেকে অনেক বছর আগেই ঢাকাতে চলে আসেন। এরপর আর কুষ্টিয়াতে ফেরা হয়নি৷ যাওয়াও হয়না কুষ্টিয়াতে। তবে জাহিদ মালিথার সাথে এখনো সম্পর্কটা সুন্দর রেখেছেন৷
দুইদিন আগে জাহিদ মালিথা সাইকিয়াট্রিস্ট কায়কোবাদ আনসারীর সঙ্গে কুয়াশার ব্যাপারে কথা বলেন। তিনি কুয়াশার ব্যাপারে জেনে কুয়াশার সমস্যার কথাও শোনেন৷ এরপরই বলে দেন ঢাকায় নিয়ে আসতে। তিনি কুয়াশার চিকিৎসা দেবেন। কায়কোবাদ আনসারী একজন সনামধন্য সাইকিয়াট্রিস্ট এবং তার স্ত্রী মিসেস পারমিতা আনসারী একজন সাইকোলজিস্ট। তাঁরা দু'জনে অনেক রোগীরই সমন্বয় চিকিৎসা করে থাকেন৷ এছাড়া দু'জনেরই আলাদা চেম্বার রয়েছে।
কায়কোবাদ আনসারী যখন কুয়াশাকে চিকিৎসার আওতায় আনার পরামর্শ দিলেন, তখন জাকির মালিথা সেই দায়িত্ব তুলে দিলেন জাকিয়া জামানের হাতে। কারণ একজন মানুষ নিজে পরিবর্তনের জন্য প্রস্তুত না হলে কিংবা নিজের সুস্থতার প্রয়োজনীয়তা উপলব্ধি না করলে কোনো চিকিৎসাই পূর্ণ সফলতা পায় না। কুয়াশা আদৌ নিজের ভেতরের অস্থিরতা, অসুস্থতা থেকে বেরিয়ে আসতে চায় কি না, সেটাও জানা প্রয়োজন ছিল। জাকিয়া ধীরে ধীরে মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেন।
এরপর কুয়াশাও নিজেকে নিয়ে ভেবেছে। গতদিনগুলোয় বড় চাচুর কথাগুলো বারবার ঘুরে-ফিরে এসেছে তার চিন্তায়। জীবন তো তার সবে শুরু। অথচ সে নিজের জীবনের পথকে স্মৃতি, শোক আর হারানোর বেদনার সঙ্গে বেঁধে রেখে ভবিষ্যতের দরজাগুলো নিজেই বন্ধ করে দিচ্ছে! জাকিয়া তাকে উপলব্ধি করিয়েছেন— কেমন কুয়াশা হয়ে ওঠা উচিত, জীবনের প্রতি তার দায়বদ্ধতা কতটা, আর নিজের প্রতি দায়িত্ব কতখানি। তবে সবকিছুর চেয়ে বেশি প্রভাব ফেলেছিল স্বপ্নে বাবাকে দেখা সেই মুহূর্তটি। বাবার বলা কথাগুলো যেন এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছে,
“মানুষ মরে যায়, কেবল সেই নক্ষত্ররা নয়; যে নক্ষত্ররা মানুষের অস্তিত্বে তৈরি হয়। নক্ষত্রের অস্তিত্ব ফুরিয়ে গেলেও তার আলো তখনই নিঃশেষ হয়ে যায় না; মহাশূন্যের অন্ধকার ভেদ করে তা ছুটে চলে দূর-বহুদূর।”
এর অর্থ? এমন কথার অর্থ কী হতে পারে? কুয়াশা বোঝে না তা। ছোট মস্তিষ্ক গভীর কথা বুঝতে অক্ষম। কথাগুলোর অর্থ কুয়াশা জাকিয়ার কাছে জানতে চায়। জাকিয়া বলেন,
“বেঁচে থাকার অর্থটা শুধুমাত্র শ্বাস নেওয়া নয়, মা। এমন কিছু রেখে যাও, যার আলো তোমার অনুপস্থিতিতেও অন্যের মাঝে আলো ছড়িয়ে আলোকিত করে দেবে। মহাশূন্যের নক্ষত্রদেরও মৃত্যু হয়, কিন্তু তাদের ছড়িয়ে দেওয়া আলো থেমে যায় না; নক্ষত্রটির মৃত্যুর বহু পরেও সেই আলো মহাশূন্য পেরিয়ে কোনো দূরবর্তী অস্তিত্বে পৌঁছায়। কখনো কখনো আমরা যে নক্ষত্রের আলো দেখি, সে নক্ষত্রটি হয়তো তখন নিজেই আর নেই। ”
বাবা বেঁচে থাকতেও বলতেন, নক্ষত্রদের মৃত্যু নেই। এর অর্থ তবে এই! নক্ষত্র বলতে বাবা মানুষের অস্তিত্বকে বুঝিয়েছেন, এমন অস্তিত্ব যে অস্তিত্ব মারা যাবার পরেও অন্যের অস্তিত্বে বেঁচে থাকে। যেমন তার বাবা রয়েছে। তার বাবা নক্ষত্র। তার বাবার মৃত্যু হয়নি। তার বাবার মতো নক্ষত্রদের মৃত্যু হয় না৷ মৃত্যু হয় কীভাবে? যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও হাজারও কারণে বেঁচে থাকে!
বাবা সে অবধি আলো ছড়াতে এখনো তার মাঝে বেঁচে আছেন। এবং বেঁচে থাকবে। ভবিষ্যতে কুয়াশাও যেন বাবার মতো নক্ষত্র রূপে বেঁচে থাকে বাবা চেয়েছেন৷ কুয়াশা উপলব্ধি করে জাকিয়ার কাছে জানায় সে ঢাকায় যেতে রাজি আছে। যদিও কিছুটা ভয় পাচ্ছিল, তবে সে ভয়গুলো তুহিন আর নীহার নিঃশেষ করে দিয়েছে। সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টের চিকিৎসা সম্পর্কে ধারণা দিয়ে। ঠিকঠাক সাইকোথেরাপি ও কাউন্সেলিংয়ের মাধ্যমে চিকিৎসা করে তার সব সমস্যা, মানসিক উদ্বেগ নিঃশেষ করে দেবে৷ শুধু তাকে মনের জোর ও সুস্থ হবার আগ্রহ রাখতে হবে।
…
আনসারী মঞ্জিলে সন্ধ্যার পর চা-কফির আড্ডা বসেছে। সেখানে উপস্থিত আছে কুয়াশারা চার-ভাইবোন, মিসেস ও মিস্টার আনসারী এবং তাদের ছোট ছেলে কাওসার আনসারী৷ বড় ছেলে ইউকেতে পড়াশোনার জন্য আছে। ছোট ছেলেটা শিশিরের বয়সের। ইন্টার সেকেন্ড ইয়ারেরই ছাত্র। এবং তাদের সঙ্গে আছেন জাহিদ মালিথা।
জাহিদ মালিথা ব্যস্ততার মাঝে একটু ফাঁক পেয়ে বন্ধুর বাড়িতে এসেছেন। ছেলে-মেয়েদের সাথে ভালোভাবে পরিচয় করিয়ে আরো বিস্তারিতভাবে কায়কোবাদ আনসারীর সঙ্গে আলাপআলোচনা করলেন। কায়কোবাদ আনসারীকে তাদের একমাত্র মেয়েকে সুস্থ করে দেবার অনুরোধ জানালে, তিনি জানিয়েছেন কুয়াশার চিকিৎসা আজ থেকেই শুরু হবে চিন্তা না করতে। তিনি নিজেই কুয়াশাকে সাইকোথেরাপি দেবেন৷ যদিও এসব দায়িত্ব সাইকোলজিস্ট পারমিতা আনসারীই করতে পারতেন, কিন্তু জাহিদ মালিথার ভাইজি বলেই তিনিই শুরুতে দায়িত্ব নিয়েছেন। প্রথমে কুয়াশার সাথে কথা বলে সমস্যাগুলো ধরবেন, বিশ্লেষণ করবেন এরপর অতিরিক্ত গুরুতর না হলে এবং মেডিসিনের জন্য প্রেসক্রাইব করার প্রয়োজন না হলে মিসেস পারমিতার কাছে হ্যান্ডওভার করে দিবেন। মিসেস পারমিতাই প্রয়োজনীয় থেরাপি ও কাউন্সেলিং করে সুস্থ করবেন কুয়াশাকে।
এরপর আরো কিছু গল্প-গুজবের মাধ্যমে আড্ডা চলছে। জাহিদ মালিথাকে রাতের খাবারের জন্য বসতে বললে তিনি জানালেন, আজ থাকতে পারছেন না৷ প্রফেশনাল কাজে তাঁকে একটু পরই যেতে হবে। যদিও আজ শুক্রবার ছিল, তবুও তার সময়ের অভাব। তিনি আগামীকাল সময় করে আবার আসবেন। প্রয়োজনে রাতের খাবারও খাবেন। আর কুয়াশারা তো আছে দুই-তিনদিন৷ সেক্ষেত্রে তাকে রোজই একবার করে আসতে হবে। ছেলেমেয়েদের সঙ্গে দেখা করে যাবেন।
জাহিদ মালিথা কুষ্টিয়া থেকে গত মাসের ২১ তারিখ অবধি ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছিলেন। ঈদ উপলক্ষে ১৯ তারিখ থেকে ২১ তারিখ অবধি ছুটি পেয়েছিলেন৷ বেশিদিন হয়নি তাই কুষ্টিয়াতেও যেতে পারবেন না। এখানে ছেলে-মেয়েরা যতদিন থাকবে তিনি এসে দেখা করে যাবেন৷ বন্ধুর বাড়ি থেকেই কুয়াশাকে চিকিৎসা দেয়া হবে, এটা কায়কোবাদ আনসারী ও মিসেস পারমিতার ইচ্ছে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। ওনারা যে একজন রোগীকে এতটা গুরুত্বের সাথে দেখেন তা ভেবেই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷
জাহিদ মালিথা তুহিনকেই দায়িত্ব দিয়েছিলেন কুয়াশাকে ঢাকায় নিয়ে আসার। নীহার বাড়িতে বসেই থাকত তাই তাকেও সঙ্গে আসতে বলেছিলেন। ছেলে দুটোর সঙ্গেই দেখা হয়ে যাবে সময়ও কাটানো হবে। এদিকে নীহার বুদ্ধি খাটিয়ে শিশিরকেও তুলে নিয়ে এসেছে। শিশির কিছুতেই রাজি হচ্ছিল না। পরে নীহার জোর-জুলুম করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে রাজি করিয়ে এনেছে। শিশিরকে ছাড়া নাকি তার দিন পানসে যাবে৷ আবার একটু খোঁচা-টোচাও মেরে এনেছে। খোঁচাটা ছিল কুয়াশাকে নিয়ে। কুয়াশাও চলে গেলে সে কীভাবে দিন কাটাবে? কুয়াশার সাথে না লাগলে তো তার ভাত হজম হয় না৷ ঝগড়া-টগড়া করে এনার্জি বাড়াতে হবে তো!
জাহিদ মালিথা আটটার আগেই চলে গেছেন। এদিকে কুয়াশারা অনেকক্ষণ এসেছে বলে তাদের নিয়ে রাতের খাবার দ্রুত শেষ করার আদেশ দিয়েছেন কায়কোবাদ আনসারী। খেতে খেতে ডক্টর আনসারী তার বিশেষজ্ঞ দৃষ্টি দিয়ে কুয়াশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এটা তিনি কুয়াশা আসার পর থেকেই করে যাচ্ছেন৷ এখন কুয়াশার খাবার মাঝেও তিনি তার বিশেষজ্ঞ দৃষ্টি দিয়ে কুয়াশার খাবার ধরন লক্ষ্য করে কুয়াশাকে বোঝার চেষ্টা করছেন। সাধারণত মানুষ চিন্তিত কিংবা উদ্বিগ্ন বোধ করলে খাবার ধরন এলোমেলো কিংবা দ্রুত হতে পারে। কায়কোবাদ আনসারী কুয়াশার উদ্দেশ্যে প্রশ্ন করলেন,
“ লিটল স্টার, তোমার ডিনার টাইম কখন শুরু হয়?”
কুয়াশা মাথা তোলে ডক্টর আনসারীর দিকে। তুহিন, নীহার ও শিশিরের নজরও ওঁনার ওপর পড়ল। বাবার পাশে বসে কাওসার কুয়াশার পানে তাকাল। মেয়েটার মুখটা ভীষণ সরল বলে মনে হচ্ছে তার কাছে। পরনে লুজ-ফিটিং সাদা টপসের সাথে কালো লং স্কার্ট পরা। ফেব্রিকের কালো ওড়নাটা ঘাড়ের ওপর থেকে বুকের সামনে ফেলে রাখা এবং চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে উপরে বেঁধে রাখা। মেয়েটি দারুণ সুন্দরী। বিশেষত তার চোখজোড়া। ভাসমান মোটা চোখজোড়ায় যেন রাজ্যের আকর্ষণ। কাওসার খুঁটিয়ে মেয়েটিকে পরখ করছে।
ঠিক সে-সময় কাওসারের ওপর গিয়ে নজর পড়ল শিশিরের। তাদের মাঝে সন্ধ্যায় টুকটাক কথা হয়েছিল। শিশির লক্ষ্য করেছে কাওসার কুয়াশার সাথেও কথা বলার চেষ্টা করেছে। কিন্তু কুয়াশা বিশেষ আগ্রহ দেখায়নি। সে দেখায় না অবশ্য। দেখাতে পারেও না। এটা তার একটা দোষ নাকি গুণ কুয়াশার জানা নেই।
কুয়াশা স্বাভাবিক সুরে উত্তর করল,
“ রাত নয়টা।”
ডক্টর আনসারী খেতে খেতে চোখজোড়া সামান্য উপরে তুলে সামনে বাঁধানো দেয়াল ঘড়িতে সময়টা দেখে নিলেন। নয়টা বাজতে এখনো পনেরো মিনিট বাকি আছে। তিনি বললেন,
“ আজ তবে দ্রুত খাওয়া হলো? তোমার নিয়মের বাইরে?”
“ না, ব্যাপার না, আঙ্কেল৷ মাঝেমধ্যে নয়টার আগেও খেয়ে থাকি।”
তিনি মাথা উপর-নিচ ঝাঁকিয়ে বোঝালেন ঠিক আছে। পুনরায় প্রশ্ন করলেন,
“ রাতে ঘুমোতে কখন যাও?”
“ রাত এগারোটা।”
এবারও উপর-নিচ মাথা ঝাঁকালেন তিনি। কুয়াশা ভাইদের দিকে তাকালে নীহার ও তুহিন আশ্বাস দিল।
কায়কোবাদ আনসারী কুয়াশার পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে তার অঙ্গভঙ্গি, বাচনভঙ্গি, আচরণ, মনোযোগ সবটা তিনি লক্ষ্য করলেন। এরপর কুয়াশার পড়াশোনা সম্পর্কে শুনলেন। কিছু কিছু সময় কুয়াশার জ্ঞান সম্পর্কেও ধারণা নিলেন৷
…
ঘড়ির কাঁটা রাত দশটার দিকে ছুটছে। নয়টা বেজে যখন বিশ মিনিট তখন কায়কোবাদ আনসারী নিজেকে তৈরি করলেন। ভারী পোশাক ছেড়ে তিনি সাচ্ছন্দ্য বোধ করেন এমন পোশাক পরলেন। নিজের কক্ষের ড্রেসিংটেবিলের সামনে দাঁড়িয়ে তিনি নিজের ওপর নজর রাখলেন৷ তার বিশেষজ্ঞ নজর যেন নিজেকেও স্ক্যান করছে। চুলের মাঝে বাঁ-হাত ডুবিয়ে আলতো হাতে উপরের দিকে তুললেন। এরপর ড্রেসিংটেবিলের ড্রয়ারটা যতটা পারলেন নিঃশব্দে এগিয়ে নিয়ে এলেন। ড্রয়ারে নজর রেখে সেখানে সাজিয়ে রাখা কিছু কাঁচের শিশীর মাঝে থেকে প্রয়োজন অনুযায়ী একটি শিশী তুলে নিলেন৷ স্বচ্ছ কাঁচের শিশীতে দেখা গেল হালকা সবুজাভ তরল পদার্থ। তিনি শিশীটার উপরের ঢাকনা খুলতেই অসম্ভব সুন্দর একটি ঘ্রাণ নাসারন্ধ্রে বাড়ি দিল। ঘ্রাণটা আরো ভালোভাবে টেনে নিতে তিনি শ্বাস দীর্ঘ করলেন।
এরপর শিশীটির স্প্রের সাহায্যে চুলের ওপর স্প্রে করলেন। স্প্রে শেষে পুনরায় বাঁ-হাত দিয়ে চুলগুলো নাড়াচাড়া করলেন। যা বোঝা গেল সুগন্ধি একধরনের বিশেষ তেল। এই বিশেষ তেল তিনি সুদূর হিমালয় পর্বতমালার উত্তরে এবং চীনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তিব্বত থেকে এনেছেন৷ তেলটির উৎপত্তি হিমালয়ের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে। এই তেল তিনি বিশেষ সময়ে ব্যবহার করেন। বিশেষ সময়টা তখন হয়, যখন তিনি মেডিটেশনের প্রয়োজন অনুভব করেন। মেডিটেশনের প্রয়োজন অনুভব করেন বললে ভুল হয়; তিনি প্রতি রাতেই মেডিটেশন করেন তার মনঃসংযোগ বৃদ্ধি ও ঠিক রাখার জন্য। এছাড়া সারাদিনের মানসিক চাপ, উদ্বেগ হ্রাস করার জন্য। রাতের এই মেডিটেশন দিনে চিকিৎসাক্ষেত্রে তাঁর রোগীদের জন্য ভালো ভূমিকা রাখে।
তিনি কিছু মিনিট সময় নিয়ে নিজেকে প্রস্তত করে ঠিক নয়টা ত্রিশ বাজার আগে কক্ষ ছেড়ে বের হওয়ার সময় মিসেস পারমিতার উদ্দেশ্যে বললেন,
“ ঠিক আধাঘণ্টা পরই এসো৷”
মিসেস পারমিতা মাথা নাড়িয়ে সম্মতি দিলে তিনি বেরিয়ে গেলেন৷ ডক্টর আনসারী বের হতেই মিসেস পারমিতা নিজের কাজে লেগে পড়লেন৷ সময় মাত্র ত্রিশ মিনিট৷
কায়কোবাদ আনসারী কক্ষ থেকে বেরিয়ে বারান্দা দিয়ে হেঁটে একটি কক্ষে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যখন দরজা বন্ধ করে দিলেন তখন কোনো রকম শব্দ আর কক্ষটিতে প্রবেশ করতে পারল না৷ বোঝা গেল কক্ষটি আধুনিক সিস্টেম সাউন্ডপ্রুফ করা৷ কক্ষটি সম্পূর্ণ আসবাবপত্র শূন্য। অতিরিক্ত বড় নয়, আবার তুলনামূলক ছোটও নয়। চারপাশের দেয়ালে সাদা রঙ৷ অতিরিক্ত কোনো রঙের খেলা নেই কক্ষটিতে৷ মৃদু হলুদাভ আলো জ্বলছে। যা শুধুমাত্র কিছু মোমবাতির আলো। সেই মোমবাতি থেকে সুমিষ্ট ঘ্রাণ ছড়িয়ে পড়েছে কক্ষজুড়ে। নাকে লাগতেই তিনি মনোযোগ ফিরে পেতে লাগলেন যেন। কক্ষটির মাঝ বরাবর একটি মাদুর বিছিয়ে রাখা এবং সামনে ছোট্ট টুল জাতীয় কাঠের আসবাবের ওপর বিশেষ একধরনের বাটির মতো জিনিস রাখা। তার পাশে ছোট্ট একটি ঘণ্টাও রাখা।
তিনি এগিয়ে গেলেন পেতে রাখা মাদুরের সামনে। এরপর বসে পড়লেন পদ্মাসন হয়ে। ধীরে ধীরে তাঁর মেরুদণ্ড সোজা করে ফেললেন তবে শক্ত করলেন না। শরীরকে পুরোপুরি না ছেড়ে না শক্ত করে স্থির ভঙ্গিতে সোজা হয়ে বসে তিনি কোনো লক্ষ্যকে অনুসরণ করলেন না। বরং চোখ বন্ধ অবস্থায় সব চিন্তা ও কল্পনাকে আসতে ও যেতে দিয়ে তিনি শ্বাসে মনোযোগ দিলেন। শরীরের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের গতি ও ছন্দের ওপর গভীর মনোযোগ ধরে রাখতে শুরু করলেন। এরপর ধীরে ধীরে তিনি চোখ বন্ধ অবস্থাতেই সামনে রাখা ধাতব বাটি স্পর্শ করলেন। যেটাকে বলা হয় সিংগিং বোল— প্রাচীন যুগ থেকে তিব্বতি সাধুরা ধ্যানের সময়ে মনঃসংযোগ বাড়াতে এই জিনিসটি ব্যবহার করে আসছে। তার পাশে রাখা কাঠের ম্যালেটটি হাতে ধরে ধীরে ধীরে সিংগিং বোলের চারপাশে আলতো করে ঘোরাতে লাগলেন। ধাতব কম্পনের দীর্ঘ, মসৃণ ধ্বনি ঘরের ভেতর ছড়িয়ে পড়ল তখন। শব্দটি দেয়ালে ধাক্কা খেয়ে যেন আবার ফিরে আসতে লাগল। কয়েক সেকেন্ড পরে শব্দ ক্ষীণ হয়ে গেল, কিন্তু তার কম্পনের অনুভূতি যেন ঘরের ভেতর অদ্ভুত সুন্দর ধ্বনি হয়ে থেকে গেল। এরপর আর কোনো শব্দ মনে হচ্ছে না। শুধু নিজের শ্বাসের শব্দ। শ্বাস ভেতরে যাচ্ছে। শ্বাস বাইরে আসছে। ধীরে ধীরে মনে হচ্ছে, ঘরটা আর বাইরের পৃথিবী আলাদা দুটি জগৎ। বাইরের ব্যস্ততা, কাজ, উদ্বেগ—সব যেন দরজার ওপারে থেকে গেছে। এই ঘরের মধ্যে আছে শুধু একজন মানুষ, তার নিঃশ্বাস, আর গভীর অনুশীলন।
এই প্রক্রিয়াকে বলা হয় জেন মেডিটেশন। বৌদ্ধ ঐতিহ্যের একটি গভীর মননশীল ধ্যানচর্চা। ডক্টর আনসারী ত্রিশ মিনিট মেডিটেশন অব্যাহত রাখলেন।
.
ঘড়ির ঘণ্টার কাঁটা যখন রাত দশটা ছুঁয়েছে, তখন ডক্টর কায়কোবাদ আনসারীর স্টাডিরুমের সামনে কুয়াশাকে নিয়ে এসে দাঁড়ালেন মিসেস পারমিতা। কুয়াশা এখন তাঁর সঙ্গে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। গত ত্রিশ মিনিট ধরে পারমিতা তার সঙ্গেই ছিলেন। গল্প হয়েছে, হাসি-ঠাট্টা হয়েছে, মাঝেমধ্যে সাধারণ কিছু কথাবার্তাও হয়েছে। অল্প সময়েই তিনি কুয়াশার আস্থার জায়গাটা স্পর্শ করতে পেরেছেন।
কুয়াশার কাছে পারমিতার উপস্থিতি অদ্ভুত এক প্রশান্তির অনুভূতি তৈরি করেছে। তার কথা বলার ভঙ্গিতে কোনো জেরা ছিল না, ছিল না কোনো অকারণ সহানুভূতি। বরং এক ধরনের আন্তরিক উষ্ণতা দিয়েছেন। অভিজ্ঞ মনোবিজ্ঞানী হিসেবে পারমিতা বুঝতে পেরেছেন— কুয়াশা ভীষণ পরিবারকেন্দ্রিক একটি মেয়ে। পরিবারের ভালোবাসা, স্নেহ, আদরই তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। তাই মেয়েটির সঙ্গে কথা বলার সময় তিনিও সেই পরিচিত আশ্রয়ের আবহটুকুই তৈরি করার চেষ্টা করেছেন। যেন কুয়াশা নিজেকে কোনো চিকিৎসাকক্ষে নয়, বরং পরিচিত ও নিরাপদ মানুষের সান্নিধ্যেই অনুভব করে।
মিসেস পারমিতা তুহিন ও নীহারের দিকে তাকিয়ে চোখের ইশারায় আশ্বাস দিলেন। যেন বোঝালেন সব ঠিক হয়ে যাবে। তুহিন, নীহার ও শিশির কক্ষের বাইরে অপেক্ষা করতে লাগল আর মিসেস পারমিতা কুয়াশাকে একহাতে জড়িয়ে নিয়ে বললেন,
“মামণি, তুমি সহজবোধ করছ আমার সঙ্গে?”
“ হ্যাঁ৷”
“ তবে এসো।”
কুয়াশাকে নিয়ে তিনি কক্ষের ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করতেই মনে হলো এটা আলাদা একটি জগৎ। অসম্ভব সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে আছে
কক্ষটিতে। যা ডক্টর আনসারীর চুলে লাগানো তেলের ঘ্রাণ। কক্ষটি নরম আলোয় একদমই ভিন্নজগতে বলে মনে হচ্ছে। কুয়াশাকে দেখে ডক্টর আনসারী বললেন,
“ লিটল স্টার, এসো এসো।”
মিসেস পারমিতা দরজা বন্ধ করে বললেন,
“ আমার সঙ্গে চলো, মামণি।”
কুয়াশা সেটাই করল। শান্ত-নিরিবিলি স্টাডিরুমের এক পাশে লম্বাকৃতির টেবিল এবং বেশ কিছু চেয়ার রাখা। চারপাশের দেয়ালের সঙ্গে বড় বড় শেল্ফ সেট করে বিভিন্ন বই সাজিয়ে রাখা৷ অসম্ভব সুন্দর এবং পরিষ্কার স্থান।
কুয়াশাকে একটি চেয়ারে বসানো হলো। টেবিলটির প্রস্থের অপরপাশে ডক্টর আনসারী বসে আছেন। যেহেতু লম্বাকৃতির টেবিলটার দৈর্ঘ্যে নয়, প্রস্থের এপাশ-ওপাশ কুয়াশা ও ডক্টর আনসারী বসা, সেহেতু তাদের দূরত্ব বেশি হয়। কুয়াশার পাশে এখনো মিসেস পারমিতা নিঃশব্দে দাঁড়িয়ে আছেন। যেন তিনি ধীরে ধীরে কুয়াশাকে অনুভব করাতে চাইলেন সে এবং ডক্টর আনসারী ছাড়া আর কোনো নিঃশ্বাসের উপস্থিতি এখানে নেই।
ডক্টর আনসারী সুন্দর ভঙ্গিমায় হাসলেন। হাতের আঙুলের ফাঁকে একটি কলম রাখা তার। যেটা কুয়াশা লক্ষ্য করে দেখল। ঠিক তখনই ডক্টর আনসারী নরম কণ্ঠে ডাকলেন কুয়াশাকে,
“ লিটল স্টার?”
কুয়াশা উত্তর নিল,
“ জ্বী?”
ডক্টর আনসারী পুনরায় ঠোঁট প্রসারিত করলেন। বললেন,
“ তোমার কি রাগ হলো?”
“ কোন বিষয়ে, আঙ্কেল?”
“এই যে, আমি তোমাকে কারণ ছাড়া একটি বিশেষ নামে সম্বোধন করছি।”
“ আমাকে তো ডাকা হয় বিশেষ বিশেষ নামে। আর আপনার সম্বোধন আমার পছন্দ হয়েছে৷”
“ ব্যাপারটা সুন্দর তবে?”
“ হ্যাঁ, আমার ভালো লাগে।”
“তো তোমাকে এভাবে কারা বিশেষ বিশেষ নামে সম্বোধন করে?”
“ আমার ফ্যামিলিতে অনেকেই।”
“ যেমন?”
“ আমার বাবা ডাকতেন, বড় চাচু ডাকেন, আমার বড় ভাইয়া, মেজো ভাইয়া, আমার ব্রেভ বয় নীহার ভাইয়া আর…”
কুয়াশা থেমে গেল৷ অদ্ভুত মুখভঙ্গিমা তৈরি হলো তার। যেটা একটু বিরক্ত ও একটু রাগের মাত্রা মেশানো। ডক্টর আনসারী লক্ষ্য করলেন৷ তিনি বিষয়টা জানতে প্রশ্ন করলেন,
“ আর?”
“ শিশির মালিথা।”
“ শিশির মালিথা?”
“ হ্যাঁ, সে বিরক্তিতে আমাকে আহ্লাদী বলে।”
“ এটা তোমার কাছে বিশেষ সম্বোধন বলে মনে হয়?”
কুয়াশা একটু থমকাল। বিষয়টা নিয়ে সে কিছুক্ষণ ভাবতে বসল৷ তার কাছে বিশেষ বলে মনে হয় কি সেটা? না তো হয় না৷ রাগ বিরক্ত এসব লাগে। তবে ওটাকে সে বিশেষ বলে কেন প্রকাশ করল? কুয়াশার ভাবনা বিভিন্ন প্রশ্নের পেছনে উত্তর খুঁজতে গিয়ে গভীর হচ্ছে সেটা ধরতে পেরে ডক্টর আনসারী প্রসঙ্গ পাল্টে ফেলে বললেন,
“ তোমার কি কথা বলতে বিরক্তবোধ হচ্ছে, লিটল স্টার?”
কুয়াশা মাথা নেড়ে না বোঝাতে গেলে বললেন,
“ মুখে বলো, শুনি৷”
“ না৷”
“ তাহলে আমরা আরেকটু কথা বলতে পারি?
কুয়াশাকে স্বাচ্ছন্দ্যবোধ করাতে প্রশ্নটা করে তিনি পুনরায় প্রশ্ন করলেন,
“ পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক কেমন, লিটল স্টার?”
“ আমার পরিবারের সবাই ভীষণ ভালো। আমাকে কম-বেশি ভীষণ ভালোবাসে তারা। আদর করেন, স্নেহ করেন।…. তবে একজন ছাড়া।”
শেষ বাক্যটা বলার সময় একটু থেমেছিল কুয়াশা। আর তখন একটু বিরক্ত তার মুখাবয়বে ফুটতে দেখা গেছে। যা থেকে কুয়াশার শান্তশিষ্ট ভঙ্গিকে ভিন্ন এক ভঙ্গিতে প্রকাশ করতে চাইছিল। সেটা পর্যবেক্ষণ করলেন ডক্টর আনসারী। তিনি প্রশ্ন করলেন,
“সেই একজনটা কে? বলো শুনি।”
“ শিশির মালিথা।”
ডক্টর আনসারী খেয়াল করলেন শিশিরের কথা আসতেই কুয়াশা তাকে কোনো সম্বোধন করছে না আর না তাকে মন থেকে প্রকাশ করতে চাইছে৷ বিষয়টাকে নোট করে পাশে রেখে ডক্টর আনসারী জিজ্ঞেস করলেন,
“তোমার বন্ধু-বান্ধবী আছে, লিটল স্টার?”
“ হ্যাঁ, বান্ধবী আছে। বন্ধু নেই।”
“ কয়জন বান্ধবী আছে তোমার? তাদের সাথে তোমার সম্পর্ক কেমন?”
“ আমার দু’জন ক্লোজ বান্ধবী আছে।”
“ দু’জনই তোমার ক্লোজ?”
কুয়াশা সে প্রশ্নে একটু থামল। ভাবল বিষয়টা নিয়ে। তার মনে হলো না দু'জনই সমান নয়৷ আর দু'জন মানুষ সমান স্থান দখলও করতে পারে না। সেটাই যেন প্রশ্ন দিয়ে ডক্টর আনসারী তার মাঝে প্রশ্ন তৈরি করে উত্তর খোঁজাতে চাইলেন। ডক্টর আনসারী কুয়াশার থেকে নজর একটু ক্ষণের জন্যও সরাচ্ছেন না। প্রশ্নটা যে কুয়াশা বুঝে নিয়েছে এটাতে তিনি ভীষণ সন্তুষ্ট হলেন৷ কুয়াশার বোধশক্তি তুখোড়। সে বুদ্ধিমতী। প্রিয়জনের হঠাৎ মৃত্যু না মানতে পারার ফলস্বরূপ কিছু মানসিক সমস্যায় ভুগছে। এছাড়া মেয়েটি মিশুক ও পরিবারকেন্দ্রিক। ডক্টর আনসারী তাকে সে অনুযায়ীই সাইকোথেরাপি দিচ্ছেন। তিনি অপেক্ষা করলেন কুয়াশার উত্তরের। কুয়াশা উত্তর করল,
“ না, দু'জনই সমান ক্লোজ নয়। আমি একজনের সাথে আমার সিক্রেট কথা বেশি শেয়ার করি। এছাড়া ওর প্রতিই বেশি টান অনুভব করি।”
“ আর একজনের প্রতি নয় কেন?”
“ জানি না। তবে আমার মনে হয় আমি দু'জনের কাছে সবকিছু শেয়ার করতে পারিনা৷ আমি একজনের কাছে আমার সিক্রেট কথা বলে ধরে রাখতে পারি। আর একজনের ক্ষেত্রে মনে হয় সেটা সিক্রেট থাকবে না। তবে সে এমন কিছু করে না। তবুও আমার মনে হয় এমনটা৷ এটা কি আমার মানসিক সমস্যা? কেন আমি দু’জনকেই সমান ভাবতে পারিনা?”
কুয়াশা কেমন করে যেন প্রশ্ন করল। ডক্টর আনসারী মৃদু হাসলেন। আঙুলের ফাঁকে রাখা কলমটা ঘুরিয়ে বললেন,
“ উঁহুঁ, লিটল স্টার। এটা কোনো সমস্যা নয়। বরং এটা মানুষের স্বাভাবিক মনস্তত্ত্বেরই অংশ। অ্যাটাচমেন্ট, ট্রাস্ট, ইমোশনলা সেফটি সব মানুষের ক্ষেত্রে একরকমভাবে গড়ে ওঠে না। দেখো, আমরা প্রায়ই ভাবি ভালোবাসা কিংবা ভরসা যেন একটা দাঁড়িপাল্লা আর দু'জন মানুষকে সমান ওজনে মাপা যাবে। কিন্তু মানুষের মন এভাবে কাজ করে না। একই পরিবারের দু'জন মানুষকেও আমরা ভিন্নভাবে অনুভব করি। সেখানে কাউকে আমরা নিরাপত্তার জন্য খুঁজি, কাউকে খুঁজি বোঝাপড়ার জন্য। কারও কাছে গেলে মনে হয় বিচার করা হবে না, আবার কারও কাছে গেলে মনে হয় নিজের ভেতরের সবচেয়ে গোপন কথাটাও নির্ভয়ে বলা যাবে। দু'জনই প্রিয় হতে পারে, দু'জনই ভালোবাসার মানুষ হতে পারে, কিন্তু তাদের স্থান এক হতে পারে না।
কারণ সম্পর্কের গভীরতা শুধু ভালোবাসার পরিমাণে তৈরি হয় না, তৈরি হয় অনুভূত হওয়া নিরাপত্তাও দিয়ে। যাকে তুমি তোমার গোপন কথাগুলো বলো, তার প্রতি তোমার টান বেশি হওয়ার অর্থ এই নয় যে তুমি অন্যজনকে কম ভালোবাসো। এর অর্থ হলো, তোমার মন তাকে নিজের আবেগের জন্য একটু বেশি নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। মানুষ কখনো এক সম্পর্কের দুইজনকে একইভাবে ভালোবাসে না। ভালোবাসার ধরন আলাদা হয়, ভরসার মাধ্যমও আলাদা হয়। ওই যে বললে না, তুমি একজনের কাছে সিক্রেট কথাগুলো নির্দ্বিধায় বলতে পারো? ওটা হলো তোমার নিজের মনস্তাত্ত্বিক চিন্তাধারা। একজন তোমার ভরসার জায়গা পেয়েছে, আরেকজন পুরোপুরি পায়নি। দু'জনকে সমানভাবে অনুভব করতে না পারা কোনো ত্রুটি নয়। বরং এটাই প্রমাণ করে যে, তুমি মানুষ। হৃদয় সম্পর্কগুলোকে আলাদা আলাদা কক্ষে রাখে, আর প্রতিটি কক্ষের আলো, বাতাস ও উষ্ণতা ভিন্ন হতেই পারে। কাজেই এখানে নিজেকে দোষ দেয়ার কিছু নেই।”
বিষয়টা নিয়ে ব্যাখ্যা পেয়ে কুয়াশা চরম শান্তি অনুভব করছে। তার ভেতরে যে চাপ সৃষ্টি হয়েছিল তা গলে গেল। এখন ডক্টর আনসারীর সঙ্গে কথা বলার আগ্রহটা আরো বেড়ে গেছে তার। তার মনে হচ্ছে সে আরো কিছুক্ষণ কথা বলে নিজের মানসিক সমস্যাগুলোর বিভিন্ন ব্যাখ্যা ও সমাধান পাবে। কুয়াশা প্রশান্তি অনুভব করছে বুঝতে পেরে ডক্টর আনসারী বললেন,
“ বললে তোমার কোনো বন্ধু নেই, এটা কেন? তুমি কোনো ছেলেকে বন্ধু বানাতে পছন্দ করো না? ছেলেদের সান্নিধ্য তোমার পছন্দ নয়?”
তিনি প্রশ্নটা এমন ভাবে করলেন যেন তাঁর সরাসরি প্রশ্ন না ছাড়াও কুয়াশার স্মৃতিতে যদি ছেলেদের নিয়ে কোনো স্পর্শকাতর ঘটনা জড়িত থাকে তাহলে সে যেন নির্দ্বিধায় বলে।
“ আমি গার্লস স্কুলে পড়ি। এছাড়া আশেপাশের ছেলেদের সঙ্গে আমার মেশা হয়না। আমি আমার ভাইদের বেশি কম্ফোর্ট জোন মনে করি।”
“ সুযোগ এলে তুমি বন্ধু বানাবে?”
কথাটা কুয়াশা বুঝে উঠল না। কিছুক্ষণ ডক্টরের চোখের দিকে তাকিয়ে থেকে বলল,
“ সুযোগ বলতে?”
“ এই ধরো এখন আমি তোমার বন্ধু হতে চাই, বানাবে আমাকে বন্ধু?”
কুয়াশা যেন একটু লজ্জা পেল। নজর সরিয়ে ফেলতে গেলে ডক্টর আনসারী বললেন,
“ আমাকে দেখো, লিটল স্টার। অ্যান্ড ট্যেল মি, তুমি আমার সাথে কথা বলতে কতটা স্বাচ্ছন্দ্যেবোধ করছ?”
“ অনেকটা।”
“ এটা কি শুরু থেকেই করছিলে?”
“ না, ধীরে ধীরে করছি।”
ডক্টর আনসারী মৃদু হেসে মাথা নেড়ে বললেন,
“পয়েন্ট টু বি নোটেড, লিটল স্টার।”
থেমে ব্যাখ্যা দিলেন,
“ দেখো, তুমি এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিজেই বলেলে। শুরুতে তুমি আমার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করোনি। কিন্তু ধীরে ধীরে করেছ। কেন করেছ? কারণ তোমার মন সময় নিয়ে যাচাই করেছে, আমি তোমার জন্য নিরাপদ কিনা, তোমার কথা শুনছি কিনা, তোমাকে বিচার করছি কিনা। মানুষের মন আসলে এমনই। সে সম্পর্ককে নাম দিয়ে গ্রহণ করে না, অনুভূতি দিয়ে গ্রহণ করে। তুমি বলছ তোমার ভাইয়েরা তোমার সবচেয়ে বড় কম্ফোর্ট জোন। এটা খুব স্বাভাবিক। কারণ তুমি তাদের সঙ্গে বড় হয়েছ, তাদের ওপর ভরসা করতে শিখেছ। কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীর আর কোনো ছেলের সঙ্গে তুমি কখনো স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবে না। বরং বিষয়টা এমন যে, এখন পর্যন্ত তোমার এমন সুযোগ হয়নি, যার সঙ্গে তোমার মন ধীরে ধীরে পরিচিত গড়ার সময় পেয়েছে।”
থামেন ডক্টর আনসারী। তার প্রতি কুয়াশার মনোযোগ ঠিক কতটা তিনি বোঝার চেষ্টা করলেন৷ মনোযোগ কুয়াশাকে বোঝাবে, শেখাবে।
“ আরো একটি বিষয়, সবাইকে যেমন বিশ্বাস করতে নেই, তেমনই কাউকেই যে বিশ্বাস করা যাবে না এই ধারণা রাখাও ঠিক নয়। জীবনের একটা বড় শিক্ষা হলো, কার কাছে নিজেকে নিরাপদে রাখতে পারছ, সেটা চিনতে শেখা।”
কুয়াশা ভাবতে লাগল কথাগুলো নিয়ে। আসলেই তো এমন! সে ভাইয়েরা বিনা আর কাউকে চেনার চেষ্টা করে না৷ আবার সুযোগও হয়নি। সুযোগ এলেও সে সুযোগ দেয়নি। একজন ছেলে আছে। যে তার সাথে মেশার চেষ্টা করে কিন্তু কুয়াশা তার প্রতি স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবে কিনা জানার চেষ্টা করেনি। ছেলেটি হলো তার বান্ধবী স্মৃতি শেখের চাচাতো ভাই— শেখ রওশন রনি। তারা একই শ্রেণিতে পড়ে তবে ছেলেটি পড়ে কুষ্টিয়া জেলা স্কুলে। প্রাইভেট আর কোচিং তাদের সঙ্গে করে। মাঝেমধ্যে স্মৃতির সাথে বাড়ি ফেরার চেষ্টা করে তখন তার সাথে মেশার চেষ্টা করে।
কুয়াশাকে ভিন্ন ভাবনাতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কুয়াশাকে এতক্ষণ যেসব প্রশ্ন করা হচ্ছিল তা দ্বারা ওকে এতক্ষণ গভীর শিথিল ও মনোযোগ-কেন্দ্রিক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। ডক্টর আনসারী নিজের প্রশ্নের ওপর যতটুকু ভাবতে দিচ্ছেন ঠিক ততটুকু কুয়াশা ভাবতে পারছে। কুয়াশাকে ভিন্নকিছু নিয়ে ভাবতে না দিয়ে তিনি বললেন,
“ দীর্ঘ একটা শ্বাস টেনে তা ছেড়ে দাও, লিটল স্টার।”
কুয়াশা সেটা করার চেষ্টা করল। ডক্টর আনসারী পুনরায় বললেন,
“ চোখজোড়া বন্ধ করো, এবং স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাস চালাও।”
কুয়াশা সে অনুযায়ী করার চেষ্টা করল। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ডক্টর আনসারী বললেন,
“ তোমার মেরুদণ্ড সোজা করে বসো। শক্ত কোরো না। স্থির থাকো।”
কথাগুলো বলতে বলতে পাশে দাঁড়িয়ে থাকা মিসেস পারমিতাকে ইশারা করলেন। মিসেস পারমিতা কুয়াশার দুই বাহুতে হাত দিয়ে সঠিক ভাবে বসার ভঙ্গিমাটা অনুসরণ করালেন। সেই সময়টুকুর মাঝে ডক্টর আনসারী ঘড়িতে সময় দেখে নিলেন৷ বিশ মিনিট যাবত কুয়াশাকে কথোপকথন ও মনস্তাত্ত্বাকি কৌশলের মাধ্যমে তার চিন্তা, অনুভূতি, আচরণের উপর থেরাপি দিচ্ছেলেন৷ এখন স্নায়ুতন্ত্রকে কিছুটা শান্ত করতে দশ মিনিট সময় হাতে নিয়ে কুয়াশার মাইন্ডফুলনেস মেডিটেশন, ব্রেদিং এক্সারসাইজ, গ্রাউন্ডিং টেকনিকে পৌঁছালেন। যেটাতে সাহায্য করছেন মিসেস পারমিতাও।
কুয়াশাকে সঠিকভাবে বসানো হলে ডক্টর আনসারী বললেন,
“ স্বাভাবিক শ্বাসের ওঠানামা লক্ষ্য করো। মনে করো তুমি শ্বাস নিচ্ছ, শ্বাস ছাড়ছ। এভাবে শ্বাস-প্রশ্বাসে মনোযোগ দাও।”
থেমে বললেন,
“ কোনো চিন্তা এলে তাকে বাঁধা দিও না। বরং স্বাভাবিকভাবে চিন্তাকে আসতে ও যেতে দাও।”
ডক্টর আনসারী উঠে দাঁড়ালেন। নিঃশব্দ পায়ে কুয়াশার ডান পাশ থেকে পেছন দিয়ে বাম পাশে এলেন। এরপর বললেন,
“ মনে হচ্ছে একটি চিন্তা এসেছে তোমার, সেটাকে লক্ষ্য করো, তারপর আবার শ্বাসে ফিরে এসো।”
কুয়াশার বাম পাশ থেকে পেছনে দাঁড়ালেন। কুয়াশা তখন বিশেষ সেই তেলের ঘ্রাণ তীব্রভাবে পেল। ডক্টর আনসারী তখন বললেন,
“ চিন্তাকে থামাতে যেও না, চিন্তার পেছনে ছুটতেও যেও না।”
“ রাগ এলে, শুধু লক্ষ্য করো। দুঃখ এলে, শুধু লক্ষ্য করো। উদ্বেগ এলে, শুধু লক্ষ্য করো।
চিন্তার সঙ্গে যুদ্ধ নয়, পর্যবেক্ষণ করো।”
ডক্টর আনসারী পুনরায় সামনে গিয়ে দাঁড়ালেন। টেবিলের ওপর দুইহাত টান টান করে রেখে একটু ঝুঁকে বললেন,
“ মনে করো তুমি আকাশ, আর তোমার চিন্তাগুলো শুধু ভেসে যাওয়া মেঘ।”
“ তুমি তোমার চিন্তা নও, তুমি সেই ব্যক্তি, যে চিন্তাগুলোকে লক্ষ্য করছ।”
কুয়াশা বন্ধ চোখে ডক্টর আনসারীর বলা কথাগুলো অনুসরণ করছে। পাঁচ মিনিট হয়ে গেলে তিনি পুনরায় বললেন,
“ ওকে, রিলেক্সে। চার সেকেন্ড দীর্ঘ শ্বাস নাও। ছয় সেকেন্ড দীর্ঘ নিঃশ্বাস ছাড়ো।”
“ আবার করো। করতে থাকো। প্রক্রিয়াটি চালিয়ে যাও।”
আবার পাঁচ মিনিট প্রক্রিয়াটি চললে ডক্টর আনসারী বললেন,
“ ওভাবেই তোমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন অংশে পর্যবেক্ষণ করো। কোথাও টান, অস্বস্তি বা চাপ লক্ষ্য করছ?”
কুয়াশা মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল৷
“নিজের ভেতরে কোনো উদ্বেগ অনুভব করছ?”
কুয়াশা আরামবোধ করছে। শরীরে শিথিলতা অনুভব করছে। তাই পুনরায় না উত্তর বোঝাল। ডক্টর আনসারী মিসেস পারমিতাকে ইশারা করলে তিনি নিঃশব্দে বেরিয়ে গেলেন কক্ষ ছেড়ে৷ তখন কুয়াশাকে বলা হলো,
“ ওকে, এখন চোখ খোলো। এবং আমার দিকে তাকাও।
কুয়াশা চোখ খুলে সরাসরি ডক্টর আনসারীর দিকে তাকাল। ত্রিশ মিনিট কুয়াশার এই কক্ষে আসা হয়েছে৷ আর ত্রিশ মিনিট সময় রয়েছে৷ একঘণ্টা সময় নিয়েছেন ডক্টর আনসারী। কুয়াশার ঘুমের সময় হচ্ছে এগারোটা। এগারোটা বাজতে আর ত্রিশ মিনিট রয়েছে।
এক, দুই, তিন এভাবে পাঁচ সেকেন্ড পার হলে কুয়াশাকে জিজ্ঞেস করলেন,
“ এখানে তোমাকে কেন আনা হয়েছে তুমি জানো, লিটল স্টার?”
“ হ্যাঁ, জানি।”
“ তোমাকে জোর করে আনা হয়েছে?”
“ না, আমাকে জোর করে আনা হয়নি। আমি কিছু মানসিক সমস্যার মধ্যে আছি। আমি সুস্থ হতে চাই।”
উত্তর পেয়ে ডক্টর আনসারী ঠোঁট প্রসারিত করলেন। ঠিক তখনই স্টাডিরুমে প্রবেশ করল তুহিন, নীহার ও শিশির। ডক্টর আনসারী হাতের ইশারায় ওদের কুয়াশার পাশে বসতে বলল। তুহিন ও নীহার বসলেও শিশির দাঁড়িয়ে রইল নীহারের পেছনে। ডক্টর আনসারী সেটা লক্ষ্য করলেন৷ তবে মনোযোগ সেদিকে না দিয়ে কুয়াশাকে জিজ্ঞেস করলেন,
“ কেমন মানসিক সমস্যার মধ্যে আছ তুমি?”
ডক্টর আনসারী জানেন তবুও প্রশ্ন করা হচ্ছে কুয়াশাকে। এর কারণ কুয়াশার মুখে ওর নিজের সমস্যার বর্ণনা শুনতে চাইছেন। কুয়াশা বলল,
“ আমার বাবা আমার দুঃস্বপ্ন হয়ে আসেন। বাবার সাথে স্বপ্নে কথা বলি, অনুভব করি, স্পর্শ করি। সবটা বাস্তব বলে মনে হয়। মনে হয় আমার বাবা মৃত নন। আমার বাবা মারা যেতে পারেন না। আমি আমার বাবার মৃত্যু মানি না৷ তিনি বেঁচে আছেন মনে হয়। আমার সাথে যখন কথা বলেন আমি প্রভাবিত হই।”
“এগুলো কি স্বপ্নের বাইরেও মনে হয় তোমার?”
“ হ্যাঁ, আমি আমার বাবার মৃত্যু মানতে পারি না। মনে হয় বাবা মারা যাননি। বাবার কয়েক টুকরো শরীর আমি মানতে পারি না। স্বপ্নে বাবাও বলেন ওটা তিনি নন।”
“ সবসময় এমন মনে হয়?”
“ যখন মনে হয় বাবা মারা গেছেন তখন আমার ভয় হয়, কষ্ট হয়। আমি কারো সাথে তখন আর কথা বলতে পারিনা। মিশতে পারিনা৷ বাবা নেই এটা আমার মস্তিষ্ক মানতেই চায় না। ”
“ তোমার এমন কেন মনে হয়; তোমার বাবা মারা যেতে পারে না? এমন কি কোনো প্রমাণ পেয়েছ তুমি বা ইঙ্গিত?”
“ কীভাবে মারা যেতে পারেন? আমার বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন। তিনি কীভাবে সু’ই’সা’ই’ড করতে পারেন! সেটাও আবার ট্রেনের নিচে শরীর দিয়ে! অসম্ভব বলে মনে হয় আমার।”
এই পর্যায়ে তুহিনরা চমকে উঠল৷ এতক্ষণ কুয়াশার দিকেই তাকিয়ে ছিল ওরা। আত্ম’হ’ত্যা করার কথা কুয়াশাকে বলা হয়নি। তবুও জানল কীভাবে? এটা তো শুধু তারা জানে! ডক্টর আনসারী বুঝলেন ব্যাপারটা। তিনি প্রশ্ন করলেন,
“ তোমার বাবা সু’ই’সা’ড করেছিলেন?”
“ এটাই প্রমাণ হয়েছিল।”
“ তোমাকে বলা হয়েছিল তা?”
“ না, আমার থেকে লুকোনো হয়েছিল। কিন্তু আমি লুকিয়ে শুনে নিয়েছিলাম। পুলিশের ইনভেস্টিগেটর সেটাই জানিয়েছিলেন।”
“ পুলিশ তদন্ত করেছিল?”
“ করেছিল।”
“ তাতে তোমার বাবা সু’ইসা’ই’ড করে জানা যায়?”
“ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল।”
“ তুমি দেখেছিলে তা?”
“ না, পরিবারের মুখে লুকিয়ে শুনেছিলাম।”
“ তাহলে এটা থেকেই কি তুমি মনে করো তোমার বাবা বেঁচে আছেন?”
“ হ্যাঁ, হতে পারে।”
“ হতে পারে কেন?”
“ কেননা সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
“ তোমার বাবার ফরেনসিক টেস্ট হয়নি?”
“ হয়েছিল। সেখানের প্রমাণও আমি মানতে পারিনা। আমি কিছুতেই মানতে পারিনা ওটা আমার বাবা ছিলেন৷”
ডক্টর আনসারী কিছুক্ষণ চুপ রইলেন। কুয়াশার মানা আর না মানার মানসিক সমস্যাটা বোঝার চেষ্টা করলেন। এরপর সেটা নোট করলেন৷ কুয়াশার বাবা মৃত তবুও সে সে-সব প্রমাণ, লাশ কিছুই মানে না। এরপর কারণটা যথাযথ বের করার চেষ্টা করবেন তিনি। ডক্টর আনসারী বললেন,
“ যেদিন তোমার বাবা মারা যান, ওইদিন তুমি কোথায় ছিলে?”
“ বাসাতেই ছিলাম। শুক্রবার ছিল সেদিন৷”
“ তোমার বাবা মারা যাবার পূর্বে এমন কোনো মুহূর্ত আছে, যে মুহূর্তে তোমার সাথে দেখা হয়েছিল?”
“ না, কারণ আমার বাবা মারা যাওয়ার আগে পাঁচমাস নিখোঁজ ছিলেন।”
তুহিনরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করল৷ কুয়াশা এতকিছু স্মৃতিতে স্পষ্টভাবে ধরে রেখেছে! ডক্টর আনসারী বুঝলেন সেটা। আঁড়চোখে তুহিনদের দিকে তাকিয়ে দেখে নিয়ে কুয়াশাকে জিজ্ঞেস করলেন,
“ পাঁচমাস কোথায় ছিলেন, তুমি কি জানতে পেরেছিলে?”
এই পর্যায়ে এসে কুয়াশা চুপ হয়ে গেল। তার ভেতরে এখন অস্থিরতা বোধ হচ্ছে। বাবা মারা যাবার আগে নিখোঁজ ছিলেন। কতটা খুঁজেছিল তারা! কুয়াশা বাবার জন্য কত কষ্ট পেত। তার সাথে দেখাও করেননি! বিষয়গুলো তাকে ভেতর থেকে চাপ অনুভব করাল। কুয়াশার সেই অস্থিরতা যেন টের পেলেন ডক্টর আনসারী। তিনি বললেন,
“ ওকে রিলেক্স, লিটল স্টার। দীর্ঘ একটা শ্বাস টেনে ছেড়ে দাও। এরপর নিজেকে গুরুত্ব দাও। ভাবো, তোমার কাছে গুরুত্বপূর্ণ একমাত্র তুমি নিজে।
কুয়াশার ভাবনা ঘুরিয়ে দিলেন। অতিরিক্ত গভীরে প্রশ্ন কুয়াশা নিতে পারল না। তিনিও বাঁদ দিলেন৷ পরবর্তীর জন্য রেখে তিনি বললেন,
“ তোমার এমন দুঃস্বপ্ন কতদিন আগে শুরু হয়েছিল? আর কীভাবে শুরু হয়েছিল?
“ সময় মনে নেই। তবে বাবার মৃত্যুর পর আমি শুধু ভয় পেতাম। বাবা মারা গেছে এটা বিশ্বাস করতাম না। বাবাকে স্বপ্নে পেতাম না শুরুতে, কিন্তু ধীরে ধীরে স্বপ্নে দেখতে লাগলাম বাবাকে। এরপর কথা বলতে লাগলাম। কিন্তু বাবা কোনো কথা বলতেন না৷ ধীরে ধীরে আমি বাস্তবে আমার বাবার কথা বলার ধরন মনে করার চেষ্টা করতাম। বাবা কীভাবে কথা বলতেন, কীভাবে চলতেন, কীভাবে হাসতেন, রসিকতা করতে— সবটা যখন ভাবতাম তখন কষ্ট পেতাম। কাঁদতাম। বাবাকে অভিযোগ জানাতাম। বাস্তবের একইরকম ভাবনা আমার স্বপ্নে ঘটতো। আর যখন অভিযোগ জানাতে লাগলাম, বাবা সেই অভিযোগের বিপরীতে উত্তর করতেন৷ ধীরে ধীরে বাবা আমার সাথে কথাও বলা শুরু করেন। আমি যখন বলতাম, বাবা ওটা তুমি নও? বাবা বলতেন, না ওটা আমি নই। আমাকে আশ্বাস দিতেন। আমার বিশ্বাস বাড়াতেন। আমি সন্তুষ্ট হতাম। বাবার দুঃস্বপ্নই আমাকে অনুভব করাতে লাগে বাবা মারা যাননি। আর তা দুঃস্বপ্ন ও বাস্তব দুই সময়ই অনুভব হয়।
কুয়াশার বর্ণনাগুলো মনোযোগ দিয়ে শুনলেন ডক্টর আনসারী। শুনে তিনি কুয়াশার সমস্যা ধরার চেষ্টা করলেন। কুয়াশা যে বলল, ওর বাবা কথা বলে সেটা যে ওর মস্তিষ্ক তার বাবার স্মৃতি ব্যবহার করে প্রশ্নগুলোর উত্তর তৈরি করে, তা বোঝা গেল। আরো বিশ্লেষণ করার চেষ্টা করলেন। মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও বের করার চেষ্টা করলেন। যা দিয়ে কুয়াশাকে সমস্যা মোকাবিলার পথ দেখাতে পারবেন। প্রশ্ন করলেন,
“তোমার বাবা তোমার দুঃস্বপ্নে একই রকম ভঙ্গি নিয়ে আসেন?
“ না, কখনো রেলে কাটা টুকরো টুকরো খণ্ড হয়, কখনো আবার অন্ধকার কুঠরিতে বন্দি হয়।”
আবারও চমকাল তুহিনরা। ডক্টর আনসারী মাথা নাড়ালেন। এটাও বিশ্লেষণ করে ব্যাখ্যা বের করার জন্য নোট করে নিলেন। বললেন,
“ তোমার বাবা কেমন প্রকৃতির ব্যক্তি ছিলেন? তোমার কাছে তার বৈশিষ্ট্যের ব্যাখ্যা আছে?”
“ ভীষণ হাসি-খুশি ও রসিকি ব্যক্তি ছিলেন আমার বাবা। বাবা দুঃখ-কষ্টকে পেছনে রেখে হাসতে জানতেন। বাবা যখন কথা বলতেন, তখন তার দর্শনশাস্ত্রের বিষয়বস্তু নিয়ে কথা বলতেন, উদাহরণ দিতেন। দর্শনের মৌলিক বিষয়গুলো বাবা খুব সুন্দর করে তুলে ধরতেন।”
“ তোমার বাবা ফিলোসোফির স্টুডেন্ট ছিলেন?”
“ হ্যাঁ।”
“ তুমি তোমার বাবার ব্যক্তিত্বকে এতটা গভীরভাবে কী করে বিশ্লেষণ করেছ?”
“ আমি বাবার আচরণগুলো মনে রেখেছি। সবসময় তাকে নিয়ে প্রশ্ন সাজিয়ে উত্তর বের করার চেষ্টা করি।”
ডক্টর আনসারী মাথা নাড়েন। কুয়াশার বুদ্ধিমত্তা ও বিকাশ সম্পর্কে ধারণা করতে পারলেন। কুয়াশার ঠিক কতটুকু ও কেমন চিকিৎসা প্রয়োজন বুঝতে চেষ্টা করলেন। একপলক দাঁড়িয়ে থাকা শিশিরের দিকে তাকিয়ে দেখে নিলেন। এরপর ঘড়িতে সময় দেখলেন। পনেরো মিনিট হয়েছে। তিনি বললেন,
“তোমার ঘুমের সময় হতে এখনো পনেরো মিনিট সময় বাকি আছে, তুমি কি এখনই ঘুমের প্রয়োজন অনুভব করছ, লিটল স্টার?”
“ হ্যাঁ, করছি।”
“ ওকে, তুমি তোমার সেশন বন্ধ করতে পারো। চোখজোড়া বন্ধ করো।”
কুয়াশা বন্ধ করল চোখজোড়া। সঙ্গে সঙ্গে কুয়াশার কেমন ঘুম ঘুম পেয়ে ঘাড় ভেঙে পড়ে যেতে নিল, ঠিক তখনই নীহারের পেছনে ট্রাউজারের পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে থাকা শিশির নিজের ডান হাতটা তড়িৎ বের করে কুয়াশার মাথার ডান পাশে মেলে ধরল। কুয়াশার মাথা ঠেকল শিশিরের তালুতে। যেন কুয়াশার মাথা ঝড়ে হেলে পড়া কোনো গাছ আর শিশির সেই হেলে পড়া গাছের সুরক্ষা দেয়া লাঠি।
শিশির ওভাবে হাত রেখেই কিঞ্চিৎ সরে কুয়াশার ঠিক পেছনে দাঁড়িয়ে গেল৷ যেন সুবিধা হয় একটু। কুয়াশার ঘাড়েও যেন ব্যথা অনুভব না হয়। অজান্তেই হয়ে গেল কাজটা শিশিরের দ্বারা। শিশির আপাতত বোধহয় বেহুশ।
সম্পূর্ণ বিষয়টা ডক্টর কায়কোবাদ আনসারী লক্ষ্য করলেন। কুয়াশার সেশন শেষ হয়েছে। সে রাত এগারোটার সময় ঘুমোয়, সে-অনুযায়ী সময় নিয়েছিলেন ডক্টর আনসারী। দশটা থেকে এগারোটা; এক ঘণ্টা৷ এখনও যে পনেরো মিনিট রয়েছে, সেটা তিনি কুয়াশার পরিবারের সদস্যদের সাথে কথা বলার জন্য রাখছেন। কুয়াশার সমস্যাগুলোর কিছু বিশ্লেষণধর্মী ব্যাখ্যা দেবেন। সমস্যা গুরুতর নাকি স্বাভাবিক সেটাও বোঝাবেন। কিন্তু তারপূর্বে তিনি আরো একটি কাজ করবেন। সেটা করতে তিনি তুহিন ও নীহারের উদ্দেশ্যে বললেন,
“ শুইয়ে দিয়ে এসো ওকে। আমি শিশিরের সাথে একটু বসতে চাইছি৷”
বসতে চাইছি কথার অর্থ, কথা বলতে চাইছেন। তা বুঝে ওরা সম্মতি দিয়ে কুয়াশাকে তুহিন কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। নীহারও বেরিয়ে গেলে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে ডক্টর আনসারী শিশিরের উদ্দেশ্যে বললেন,
“ সিট ডাউন, মাই বয়।”
শিশির কিছুটা ভাবনায় পড়েছে। কী এমন কথা বলা হবে তার সাথে সে জানে না। তবে স্বাভাবিক ভাবে বসল সে। বুঝে ডক্টর আনসারী সুন্দর করে হাসলেন। এরপর এক মিনিট শিশিরকে পরখ করলেন৷ শিশিরের অস্বস্তি হলেও প্রকাশ করল না। তিনি তখন জিজ্ঞেস করলেন,
“ তোমার সাথে, কুয়াশার সম্পর্ক কেমন?”
শিশির একটু অবাক হলো। অভিজ্ঞ দৃষ্টি দ্বারা ওর থার্ড আই পয়েন্টে ভাবনার রেখা পেলেন ডক্টর আনসারী। তিনি সময় দিলেন শিশিরকে। শিশির বুঝল এখানে লুকানো কথাবার্তা চলবে না। তাই সে স্বাভাবিক ভাবে উত্তর করল,
“ ওর আর আমার পড়ে না। ঝগড়াঝাটি, মারামারি চলে।”
“ কেন?”
“ আমার ওকে সহ্য হয়না।”
“ এটা কি শুধু তোমার ক্ষেত্রেই?”
শিশির একটু ভাবল। ভেবে নিয়ে উত্তর করল,
“ না, ওও আমাকে সহ্য করতে পারে না।”
ডক্টর আনসারী মাথা নাড়েন৷ প্রশ্ন করেন,
“ পরিবারে আর কার কার সাথে এমন সম্পর্ক ওর?”
“ শুধু আমার সাথেই।”
“ শুধু তুমিই কেন?”
“ কারণ আমিই একমাত্র, যে ওকে পছন্দ করি না।”
“ কেন করতে পারো না? উপাদান কী?”
“ বড় কোনো ইস্যু নয়। পরিবার, আদর ভালোবাসা, স্নেহ, গুরুত্ব, পছন্দ-অপন্দ এসবই।”
“ একটু বর্ণনায় বলো, শুনি।”
“ ওই আমাদের পরিবারের একমাত্র মেয়ে। আমি যখন চার বছরের ছিলাম ওর তখন জন্ম হয়। আমাদের জন্ম মাস ও তারিখ সেম৷ যেদিন জন্মদিন ছিল, সেদিন ওর জন্ম হলো। আর ঠিক ওইদিন থেকে পরিবারের কাছে আমার ভালোবাসা ও গুরুত্ব কমে এলো। আমি ওটা মানতে পারতাম না। ছোট মস্তিষ্ক আমার গ্রহণ করেনি ব্যাপারটা। সবক্ষেত্রে দেখতাম ওকে বেশি বেশি ভালোবাসা আর গুরুত্ব দেয়া হচ্ছে। ধীরে ধীরে আমি রিলাইজ করি, ওর জন্য আমার দিন পানসে কাটছে। এখনও ওই ভাবনা রয়েছে৷ আমি এখনও এটাই মনে করি, ওর জন্য আমার শৈশব ভালো কাটেনি। বরং পানসে কেটেছে। ও আসার আগে আমি ছিলাম বিশেষ। সেটার দখলদারি বিনা টিকেটে ও হয়েছিল। এটা এখনও ভেবে থাকি। যার কারণে আমি এখনও ওকে সহ্য করতে পারি না। তুচ্ছ বিষয় নিয়েও পড়ে না আমাদের৷”
ডক্টর আনসারী ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর ধীরে মাথা নেড়ে বললেন,
“এর অর্থ, ব্যাপারটা এখন তোমার অভ্যাসে পরিণত হয়েছে।”
শিশির তাকিয়ে থাকলে তিনি ব্যাখ্যা করলেন বিষয়টা,
“ দেখো, চার বছরের একটা শিশুর জন্য তার পৃথিবীর কেন্দ্রবিন্দু হঠাৎ ভাগ হয়ে যাওয়া সহজ কোনো অভিজ্ঞতা নয়। তখন তুমি যা অনুভব করেছিলে, সেটা অস্বাভাবিক ছিল না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। বাচ্চা বয়সের সেই অনুভূতিটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বদলে যাওয়ার কথা ছিল। নতুন অভিজ্ঞতা, নতুন উপলব্ধি, নতুন সম্পর্ক সবকিছু মিলে তোমার পুরোনো ধারণাকে সংশোধন করার কথা ছিল। কিন্তু তুমি সেটা করোনি। তুমি সেই চার বছরের শিশুটার ক্ষোভটাকে বড় হতে দিয়েছ, সঙ্গে নিয়ে বড় হয়েছ। এটাকে বলা হয়— আনরিসলভড চাইল্ডহুড জেলাসি। তুমি কুয়াশার বর্তমানকে যতটা না দেখো, তার চেয়ে বেশি দেখো অতীতকে। তুমি এখনও ওকে সেই ছোট্ট শিশুটার জায়গায় দাঁড় করিয়ে বিচার করো, যে নাকি তোমার কাছ থেকে ভালোবাসা কেড়ে নিয়েছিল। অথচ বাস্তবে কেউ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয়নি। একটি শিশুর জন্ম হয়েছিল মাত্র। কিন্তু তোমার মন সেটার সঙ্গে বঞ্চনার অনুভূতিটাকে এমনভাবে জুড়ে দিয়েছে যে বহু বছর পরেও দুটোকে আলাদা করতে পারছ না।”
একটু শ্বাস নিলেন ডক্টর আনসারী। শিশির অদ্ভুতভাবে তাকিয়ে আছে। নিজের পুরনো অনুভূতি সম্পর্কে এমন ব্যাখ্যা পেয়ে সে হয়তো অনেকটাই অবাক হচ্ছে। ডক্টর আনসারী বলে গেলেন,
“ মাই বয়, মানুষের মস্তিষ্কের একটা অদ্ভুত স্বভাব আছে। কোনো অনুভূতিকে যদি দীর্ঘদিন ধরে বারবার খাওয়ানো হয়, সেটা সত্যি হোক বা না হোক, একসময় সেটাই তার কাছে বাস্তব বলে মনে হয়। তুমি তোমার বহু বছরের পুরোনো অভিমানটাকে ছাড়তে শেখোনি। কখনো কখনো মানুষ অন্য একজনের বিরুদ্ধে যুদ্ধ করে না; সে যুদ্ধ করে নিজেরই তৈরি করা এক পুরোনো বিশ্বাসের বিরুদ্ধে। আর তুমি এখনও সেই বিশ্বাসটার ভেতরেই বাস করছ।”
শিশির বাক হারাচ্ছে যেন৷ এতসব সত্যি তার হজম হচ্ছে না মনে হয়। ডক্টর আনসারী পুনরায় কিছুক্ষণ শিশিরকে পরখ করলেন৷ বললেন,
“ একটা ব্যাপার বলো তো?”
“ হুঁ?”
“ কুয়াশা যখন তোমার সঙ্গে অথবা আশেপাশে থাকে তখন কেমন মন-মানসিকতায় থাকে? একইরকম আচরণ প্রকাশ করে?”
শিশির ভাবনায় পড়ল একটু। সতেরো বছরের অভিজ্ঞতা থেকে ও কুয়াশাকে বিশ্লেষণ করার চেষ্টা করল। ওর সান্নিধ্যে থাকলে কুয়াশা কেমন আচরণ করে তা বের করার চেষ্টা করল। ভেবে চিন্তে বলল,
“শুনি, প্রায় রাতে দুঃস্বপ্ন দেখে৷ সেটার ইফেক্ট সকালে যদি টেরও পাই, আমি তাতে তো গুরুত্ব দিই না৷ কারণ ওর প্রতি আমার কোনো সিমপ্যাথি কিংবা এফেকশন কাজ করে না৷…”
“ পয়েন্ট টু বি নোটেড।”
শিশিরের বলার মাঝেই ডক্টর আনসারী বলেনন৷ ইশারায় কথা চালিয়ে যেতে বললেন।
“ তাই রোজকার মতোই বিহেভ করি৷ ওকে রাগানোর চেষ্টা করি। ওর পিছে লাগার চেষ্টা করি। তখন ও ফুল অ্যানার্জিতে আমার সঙ্গে ঝগড়া, মারামারি করে৷”
“ তুমি ইচ্ছাকৃত করো সবকিছু?”
শিশির একটু ইতস্তত বোধ করল এখানে। বিষয়টা সে লুকোতে চেয়েছিল। কিন্তু কথায় কথায় ডক্টর আনসারী এই অবধি চলেই এসেছেন। শিশির মাথা নেড়ে হ্যাঁ বোঝাল। মুখে বলল,
“ কখনও কখনও অনিচ্ছাকৃতও হয়ে যায়৷”
“ কুয়াশার রাতের দুঃস্বপ্ন দেখা ইফেক্ট বাস্তবে দেখা গেলেও, তোমার সঙ্গ দ্বারা সেটা ভুলতে বাধ্য হয়, তখন ওর ব্যক্তিত্বের পরিচিতি দিকটা প্রকাশ পায়—এমন?”
শিশির ঠোঁট কামড়ে ধরল। একটু ভেবে বলল,
“ আমার জানা নেই। তবে ওর আচরণ পরিবর্তন হতে দেখি। আর আমার মনে হয়, ওটাই ওর অরিজিনালিটি অথবা পার্সোনালিটি।”
“ তোমার আচরণ ওর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। দুঃস্বপ্নের ইফেক্ট কাটাতে সাহায্য করতে পারে৷”
“ এমনটা নয়!”
শিশির চমকে উঠল। হতভম্ব চেহারা ফুটে উঠতেই ডক্টর আনসারী মৃদু হাসলেন৷ হাতের আঙুলের ফাঁকে কলমটা ঘোরাতে ঘোরাতে বললেন,
“মাই বয়, মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলোর ভিত্তি মিল নয়, অমিলের। আশ্চর্যের বিষয় হলো, সবথেকে বেশি প্রভাব অনেক সময় সেখান থেকেই হতে পারে। মানুষ সবসময় তার মতো মানুষকে প্রয়োজন মনে করে না। অনেক সময় মানুষ নিজেই অন্যের প্রয়োজন হয়ে যায়। এবং বাঁচিয়ে রাখে তার সম্পূর্ণ বিপরীত একজনকে। ট্রমাগ্রস্ত মানুষের একটা স্বভাব আছে— সে ক্রমেই নিজের স্মৃতির ভেতর বন্দি হয়ে যেতে থাকে। আর তখন এমন কাউকে প্রয়োজন হয়, যে তাকে বারবার বর্তমান সময়ে ফিরিয়ে আনতে পারে। তুমি বলছ, তোমার সঙ্গতে কুয়াশার আচরণ পরিবর্তন হয়৷ তখন কুয়াশা তার মানসিক অবস্থাকে ভুলে যায়, নিজের ক্ষতকে কিছুক্ষণের জন্য পাশে সরিয়ে রাখে। এটা ছোট কোনো বিষয় নয়। বরং তুমি ওর বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা স্বয়ং বাস্তবতা।”
শিশির কথাগুলো বোঝার চেষ্টা করল৷ আর বুঝতে পেরে ক্রমেই উত্তেজিত হয়ে উঠতে লাগল। কিছু বলার জন্য হাঁসফাঁস করতে লাগল। ডক্টর আনসারী বলে চললেন,
“ ও যখন নিজেকে গুটিয়ে নেয়, তুমি ওকে টেনে বাইরে আনো। ও যখন স্মৃতিতে বাস করতে চায়, তুমি ধাক্কা দিয়ে বর্তমানকে ওর সামনে এনে ফেলো। সেগুলোই করো, যেগুলো ও চায় না।
ট্রমা মানুষের অনুভূতিগুলোকে জমাট বেঁধে দেয়। তুমি সেখানে পাথর ছুঁড়ে দাও। আমি তোমাদের মিল খুঁজছি না। বরং তোমাদের অমিলটাকেই ব্যবহার করছি।”
শিশির হতবাক হয়ে গেল। ও বারবার চমকে উঠছে। ও যেটাকে মনেমনে বারবার না না করছে সেটাই যেন ওকে আঁকড়ে ধরছে।
“ তুমি তখন বললে, তোমার ওর প্রতি কোনো সিমপ্যাথি, এফেকশন কাজ করে না। অথচ কুয়াশা যখন ঘুমের মধ্যে ঘাড় ভেঙে পড়ে যেতে নিল, তুমিই কিন্তু হাত বাড়িয়ে দিয়েছ! তুমি সেটা অজান্তেই করেছ, ঠিক তো? এমন আরো কিছু ঘটে যা তুমি না বুঝেই করে ফেল। এবং তুমি ওটাও না বুঝেই করো, যেটা ওর প্রয়োজন হবে।”
ডক্টর আনসারী দীর্ঘ শ্বাসের সঙ্গে নিজের হাতের আঙুলের ফাঁক থেকে কলম রেখে হাতদুটো টেবিলের ওপর ছেড়ে দিয়ে বললেন,
“ চিকিৎসা শুধু মেডিসিন কিংবা কাউন্সেলিংয়ে হয় না। কখনো কখনো চিকিৎসা হয় এমন একজন মানুষের মাধ্যমে, যার উপস্থিতি মস্তিষ্ককে ভাবাতে বাধ্য করে, তুমি নিরাপদ, তুমি এখনও জীবিত, তোমার জীবন এখনই থেমে যেতে পারেনা। আর তোমার দ্বারা কুয়াশা নিজের পরিচিত আচরণে ফিরতে পারে। কাজেই আমি বলছি না যে তুমি ওর চিকিৎসক। বিষয়টা পর্যবেক্ষণের। তুমি ওর সুস্থ হয়ে ওঠার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ।”
শিশিরের না না কে ডক্টর আনসারী পরক্ষভাবে হ্যাঁ হ্যাঁ তে পরিণত করে দিলেন। আর ঠিক তখনই শিশির ফেঁসে গেল। চরম বাজেভাবে।
শিশির সবটা বুঝতে পেরে হতবাক, হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ইয়া মালিক, শিশিরকে ফাঁসিয়ে দেয়া হলো! এভাবে সুদূর কুষ্টিয়া থেকে টেনে-টুনে এনে একেবারে বাজেভাবে ফাঁসিয়ে দেয়া হলো! শিশিরের তো সর্বনাশ হয়ে গেল!
| চলবে |
এই যাহ্! চ্যাংড়া শিশির এইভাবে কট খেল! 🌚
[ নোটঃ- 'নক্ষত্রদের মৃত্যু নেই' টাইটেলটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। প্রতি পর্বেই ব্যবহার হতে পারে। ]
