#এক_বনে_দুই_বাঘ
৪.
®রোজা রহমান নাঈমা
‘
রোদের তেজ নরম হয়ে সূর্যটা আলগোছে পশ্চিমাকাশে হেলে পড়েছে। দুপুরের ভ্যাপসা ক্লান্তিটা বিদায় নিয়ে বিকেলের মৃদুমন্দ বাতাস চারপাশে এক প্রশান্ত আবহ ছড়িয়ে দিচ্ছে। গাছের দীর্ঘ ছায়া আর থেকেথেকে বয়ে যাওয়া শীতল হাওয়া মনকে চনমনে ও সতেজ করে তুলছে। আধুনিক স্থাপত্যে ঘেরা পরিবেশ হলেও প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার জন্য মালিথা ভিলায় রয়েছে নব্বই দশকের পরিপাটি ও রুচিশীল আয়োজন।
ভিলার ফ্রন্টইয়ার্ডজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে সুপরিকল্পিত সবুজের সমারোহ। একপাশে শোভা পাচ্ছে নানা রকমের বাহারি ফুলের গাছ, অন্যপাশে নানা জাতের ফলদ বৃক্ষ। প্রতিটি গাছই যত্নে লালিত, প্রতিটি কোণই পরিচ্ছন্নতার নিখুঁত ছোঁয়ায় পরিপাটি। বিস্তৃত লনজুড়ে বিছিয়ে রয়েছে মখমলের মতো কোমল সবুজ ঘাস, যা বাড়ির কেয়ারটেকারের হাতে নিয়মিত ছাঁটাই ও পরিচর্যায় সবসময় সজীব ও সতেজ হয়ে থাকে।
লন এবং বাগানের পাশে রয়েছে নান্দনিক সিটিং এরিয়া। বিশাল বৃক্ষগুলোর গোড়ায় পলেস্তারা ও টাইলসের কারুকাজে নির্মিত বসার স্থান যেমন আছে, তেমনই সিটিং এরিয়ায় একটি ছায়াঘেরা কোণে সাজিয়ে রাখা হয়েছে রডের তৈরি সৌখিন সোফাসেট ও ছোট্ট সেন্টার টেবিল। অসম্ভব সুন্দর এই জায়গাটায় ভোরের এক কাপ ধোঁয়া ওঠা চা কিংবা বিকেলের নিরিবিলি পরিবেশের সাথে নাস্তার আড্ডা জমানোর জন্যই যেন সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে।
আরো এই মনোরম পরিবেশে আলাদা সৌন্দর্য যোগ করেছে ভিলার ফ্রন্টইয়ার্ডের কেন্দ্রস্থলে স্থাপিত মার্বেল পাথরের সুদৃশ্য ফাউন্টেনটি। সূক্ষ্ম নকশায় নির্মিত এই ঝরনা থেকে অবিরাম জলধারা উপচে পড়ে সৃষ্টি করছে মৃদু কলকল ধ্বনি। পুরো ব্যবস্থাটি কৃত্রিম হলেও পানির সেই ছন্দময় সুরে কোথাও কোনো কৃত্রিমতার ছাপ খুঁজে পাওয়া মুশকিল। বরং শব্দগুলো মিশে যাচ্ছে বাতাসের মৃদু শোঁ-শোঁ আওয়াজ ও পাখির কলরবের সঙ্গে।
সব মিলিয়ে মালিথা ভিলার সামনেটা যেন বিংশ শতাব্দীর স্থাপত্য, আভিজাত্য, সৌখিনতা ও প্রকৃতির সুষম সহাবস্থানের এক অপূর্ব প্রতিচ্ছবি— যেখানে কয়েক মুহূর্ত বসে থাকলেই ব্যস্ত শহরের মাঝে মহান আল্লাহর সৃষ্টি পৃথিবীটাকে অপূর্ব বলে মনে হবে।
ভিলার লিভিং থেকে বেরিয়ে এসে শিশিররা ফ্রন্টইয়ার্ডের সিটিং এরিয়ার সোফা এবং বাগানে বসে আড্ডা জমিয়েছে। বাড়ির ভেতরের বন্ধ পরিবেশ থেকে বেরিয়ে যেন সবার মাঝে চনমনে একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিকেলের চা-কফির আড্ডার সঙ্গে আছে কিছু পদের মুখরোচক খাবারও। যেমন; ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেটস, ভেজিটেবল পাকোড়া ও চিকেন পাস্তা। সাথে আছে কোল্ড ড্রিংকস৷
এখানে পরিবেশিত সব খাবারই জাকিয়া জামান নিজ হাতে তৈরি করেছেন। রান্নার হাত তাঁর চমৎকার বলতে হয়। সুস্বাদু সব বাঙালি ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি কয়েকটি দেশের খাবারও তিনি সমান দক্ষতার সাথে রান্না করে ফেলতে পারেন। ইতালিয়ান, স্প্যানিশ, চাইনিজ কিংবা আরবিয়ান ঘরানার নানা পদ তিনি পরিবারের সদস্যদের জন্য রান্না করেন। এমনকি নতুন কোনো রেসিপিও তিনি অল্প সময়েই রপ্ত করে ফেলতে পারেন। এটা জাকিয়ার চমৎকার একটি গুণ। তিনি রান্না করলে বাড়ির প্রতিটি সদস্য প্রশংসায় পঞ্চমুখ তো হয়ই সাথে চেটেপুটে প্লেট পরিষ্কার করে তবেই ওঠে।
কিছুদিন আগে তিনি বেলজিয়ানের একটি পদ রান্না করা রপ্ত করেছেন। মাঝেমধ্যে জাকির মালিথা মজা করে তো বলেনও,
“ জাকিয়া তোমাকে দিয়ে বিশাল একটা রেস্টুরেন্টের চালিয়ে নেয়া যাবে। এমনকি দেশের সেরা শেফের অ্যাওয়ার্ডে তুমি শীর্ষ স্থান দখল করতে পারবে।”
জাকিয়ে হেসে উড়িয়ে দেন তখন। চাইলে তিনি এই গুণকেও কাজে লাগাতে পারেন, কিন্তু তার আরেকটি বিবেক গুণের কাছে এই গুণটি সবসময় মাথা নত করে। নিজে হাতে রেঁধে-বেড়ে সন্তানদের যত্নের সঙ্গে খাওয়ানোর মাঝে মনে করেন, সন্তানের ভবিষ্যত বিকাশে ভালো প্রভাব রাখতে পারে৷ সন্তানরা মায়ের যত্নকে এক প্রকার স্নেহপূর্ণ মনে করে। যা মানসিক বিকাশের অন্যতম একটি দিক। এছাড়া ওঁনার প্রতিদিনকার অতিথি তো বাড়ির সদস্য হয়। তাদেরই তিনি আয়েশে রান্না করে খায়েশ মিটিয়ে খাওয়ান। রেস্টুরেন্টের আবার কী প্রয়োজন? স্বামীর অর্থের কী কমতি আছে নাকি? তিনি নিজের যোগ্যতা দিয়ে এভাবেই সন্তুষ্টি গ্রহণ করেন।
জাকিয়া জামান নারীটি হচ্ছেন সর্বগুণে সম্পন্না একজন নারী। তিনি যেমন সৌখিন একজন নারী, তেমনই সংসার সামলানো, অতিথি আপ্যায়ন ও রুচিশীল জীবনযাপন— প্রতিটি ক্ষেত্রেই তাঁর সহজাত পারদর্শিতা চোখে পড়ার মতো। সৃষ্টিকর্তা তাঁকে বুদ্ধিমত্তা, সৌন্দর্যবোধ ও দূরদর্শিতার অপূর্ব সমন্বয়ে গড়েছেন বোধহয়। আশির দশকের শিক্ষিত এই নারী আধুনিকতার ছোঁয়া ধারণ করলেও শেকড় থেকে কখনো বিচ্ছিন্ন হননি। তাঁর চলাফেরা, কথাবার্তা আর পোশাক-পরিচ্ছদে মিশে থাকে এক ধরনের আভিজাত্য ও রুচিশীলতা। যা চোখে পড়ে, কিন্তু চোখে লাগে না কখনো।
বিকেলের আড্ডাতে ছোটদের সঙ্গে জাকিয়া ও আজমীরাও যুক্ত আছেন। যুক্ত আছেন বলতে ওঁনারা বিকেলের এই সময়টাতে বাগান অথবা লনে হাঁটা-হাঁটি করেন। আর আম্বিয়ার স্কুল ছুটি হয় বিকেল চারটায়। ফিরতে ফিরতে সাড়ে চারটা বেজে যায়। এরপর তিনি গোসল সেরে আছরের নামাজ আদায় করে বিশ্রাম নিতে কিছুক্ষণ কক্ষেই স্থির থাকেন। সন্ধ্যার আগে তিনি জা-দের সঙ্গে বসেন কিংবা হাঁটা-হাঁটি করেন। মাগরিবের নামাজ আদায় করে তখন বেশখানি সময় পরিবারকে তিনি দেন৷ রাতের রান্নার কাজেও তখন সাহায্য করেন তিনি। তাই এখনো বাইরে বের হবার সুযোগ পাননি তিনি।
জাকিয়া ও আজমীরা হাঁটা-হাঁটি করছিলেন। তখনও ছোটরা বসে ইয়ারকি-ফাজলামি করছে। এখানে ইয়ারকি-ফাজলামির মূল উপাদান হয়ে উঠেছে নীহার। বেচারা দোষ না করেও দোষী হয়ে গেছে। তাকে বিভিন্ন ভাবে ইয়াসমিন ও শিশির দু’জনে মিলে পচাচ্ছে। লিভিং থেকে ইয়াসমিনের বলা কথাটা সবার মাঝে বিস্ময়কর পরিস্থিতি তৈরি করার পর নীহার ভড়কে গিয়েছিল। পরে অবশ্য সত্যটা জানা গেছে। আসলে মূল কাহিনিটা নীহার সম্পর্কিত নয়৷ তার বন্ধু শান্ত ও প্রেমিকা সম্পর্কিত৷
শান্ত হলো নীহারের ভালো বন্ধু্। দুই বছর যাবত একটা প্রেমের সম্পর্ক ছিল তার। মেয়েটি বর্তমান কুষ্টিয়া গার্লস কলেজ, কুষ্টিয়ার দ্বাদশ শ্রেণির ছাত্রী। অর্থাৎ শিশিরের ব্যাচমেট বলা যায়। সেই দুই বছরের প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে গত সপ্তাহে। শান্তর প্রাক্তন প্রেমিকা মেঘনা মেয়েটির সাথে আবার নীহারের ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সূত্র অবশ্য শান্তই। এক বছরের জুনিয়র মেয়ে মেঘনা। তার সাথে বন্ধুর মতোই নিয়মিত কথা হতো নীহারের। সেখানে হঠাৎ বিচ্ছেদে মেঘনা বেশ ভেঙে পড়েছে৷ এজন্য নীহারের সাথে কিছুটা সময় কাটানোর জন্য ও কিছু ঘটনা শেয়ার করার জন্য কলেজের সামনে ডেকেছিল।
কলেজের ভেতর ছেলেদের প্রবেশ নিষিদ্ধ— এজন্য নীহার কলেজের সামনে বাইক নিয়ে বাইকের সঙ্গে ঠেসে দাঁড়িয়ে অপেক্ষা করছিল৷ ঠিক সে-সময় ইয়াসমিন দেখে নেয় ওকে। ইয়াসমিনদের বাড়ির পাশেই কলেজ। কেনাকাটা করতে মার্কেটের উদ্দেশ্যে রিকশায় করে যেতে গিয়ে নীহারকে দেখতে পায় সে৷ ইয়াসমিন অবশ্য ডাকে-টাকেনি ওকে। শুধু দেখে চলে যায়। আর ধরে নেয় গার্লস কলেজের কোনো মেয়ের সাথে নীহারের গভীর লাইন চলছে। নয়তো এভাবে এ-ছেলে শত-হাজার মেয়েদের কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বান্দা নয়।
সত্যিটা শোনার পর শিশির অবশ্য বলেও দিয়েছে,
“ ওহ হো! আমাদের তো কখনো ওভাবে সান্ত্বনা দিস না? মেয়েটি এমন কী স্পেশাল?”
“জাস্ট অ্যা গুড ফ্রেন্ড। নাথিং স্পেশাল।”
থেমে ভ্রু কুঁচকে প্রশ্ন ছোড়ে,
“ তুই ছ্যাঁকা খেয়েছিস?”
“ সেটা কেন খেতে যাব?”
“ ভাব তো সেটাই বলল।”
“ আরে রাখ তোর ভাব-টাব। তুই কোনো একটা মেয়ের জন্য গার্লস কলেজের সামনে অপেক্ষা করেছিস, এটাই তোর দোষ।”
নীহারের ঝরঝরে উত্তরের কাছে সবাই থেমে তো যায়। তবে সে যে একজন মেয়ের জন্য গার্লস কলেজের সামনে দাঁড়িয়েছিল এটাই হয়ে গেছে তার অপরাধ। কেন সে গার্লস কলেজের সামনে একটি মেয়ের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে? এই প্রশ্নকে পুঁজি করে নীহারকে সেই তখন থেকে খোঁচানো হচ্ছে।
এখানে কুয়াশা আবার নীহারের পক্ষে আছে। যার দরুন শিশিরের সাথে তার বেশ কয়েকবার লেগেছেও। কুয়াশা তো আর এতকিছু বোঝেনা। শিশিরের মতে লেদা বাচ্চা একটা মেয়ে। তাই তাকে ধমকে-টমকে চুপ মারিয়ে রাখা হচ্ছে। এক পর্যায়ে এসে নীহার দুইহাত তুলে স্যারেন্ডার করার ভঙ্গিমায় বলল,
“ ওকে, ইটস মাই ফল্ট। হ্যাপি?”
শিশির আর ইয়াসমিন তখন একে অপরের দিকে তাকিয়ে জোরে হেসে উঠে হাই-ফাইভ করল। ভঙ্গিমাটা এমন বড় মিশন সফল করেছে তারা। চলতে থাকল তাদের কাজিন মহলের হাসি-মজার আড্ডা। এরা যখন একসাথে হয় তখন আলাদা কোনো বন্ধুর প্রয়োজন হয় না। আর না তারা বাড়ি থেকে বের হবার প্রয়োজন মনে করে। এখানে ওরা ভীষণ মিস করছিল তুষারকে।
…
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী;
তুষার ও তার সহপাঠীরা দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল। সারাদিনের শারীরিক কসরতের পর শরীরটাও যেন খানিকটা ঢিলে হয়ে এসেছিল। তবে সারদা পুলিশ একাডেমির জীবন বিশ্রামের জন্য খুব বেশি সময় দেয় না। নির্ধারিত রুটিন মেনে বিকেলের সেশন শুরু হতেই সবাইকে আবার মাঠে নামতে হয়।
ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তুষারের জীবন নিয়ম-নীতর ভেতর বাঁধা পড়েছে। এখানে ভোর শুরু হয় তার প্যারেড আর শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে। দিনের বিভিন্ন সময়ে আইন, তদন্ত পদ্ধতি, সাক্ষ্য আইন, পুলিশি প্রশাসন ও অপরাধ তদন্তসংক্রান্ত ক্লাস করতে হয় সমান মনোযোগ নিয়ে। কখনো অস্ত্রচালনার প্রশিক্ষণ, কখনো মক ইনভেস্টিগেশন, আবার কখনো মাঠে ব্যবহারিক অনুশীলন—প্রতিটি দিনই যেন নতুন কোনো চ্যালেঞ্জের অপেক্ষায় থাকে।
বিকেলের সেশন শেষে সহপাঠীদের সঙ্গে মাঠের চারপাশে হালকা হাঁটাহাঁটি করছিল তুষার। কঠোর রুটিনের ভেতর এটুকুই নিজের জন্য পাওয়া অবসর সময়। মাঠে তখন পড়ন্ত বিকেলের নরম আলো ছড়িয়েছে। দূরে একদল ক্যাডেট তখনো ফিল্ড এক্সারসাইজে ব্যস্ত।
সেই ফাঁকেই পকেট থেকে ফোনটা বের করে তুষার। বাড়িতে একটা কল দেওয়া প্রয়োজন। এই সময়টায় যে তাকে মিস করা হয়, সেটা সে জানে। আর সেও ভাই-বোনগুলোকেও কম মিস করে না। নিয়মের বাইরে চলা কোনো ব্যক্তি সে নয়। তাই পাঁচ-ছয় মিনিটের মাঝেই পরিবারের সাথে কথা শেষ করল।
এরপর রেখে দেয়া আরো পাঁচটা মিনিট সময় ব্যয় করতে অন্য একটি নাম্বারে কল দিল। কল বাজতে না বাজতেই যেন রিসিভ হয়ে গেল। ভেসে এলো সুললিত একজন নারী কণ্ঠের সালাম। ঠোঁট চেপে হাসল তুষার। চব্বিশ বছরের এই যুবক কোনো নারীর কণ্ঠ শুনে হাসছে! অদ্ভুত হলেও সত্যি— হবু এই পুলিশ অফিসার একজন নারী কণ্ঠ পেয়ে হেসেছে। শরীরের সকল ক্লান্তি যেন নিমেষেই ঝরে পড়ে গেল।
তুষার ঠোঁটে হাসি রেখেই মাঠের ঘাসের ওপর চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। শরীরটাকে যতটা পারল ছেড়ে দিল। ফোনটা ডান হাতে কানে ধরা তখনও। সালামের জবাব দিল,
“ওয়া আলাইকুমুসসালাম, সুইটহার্ট।”
ওপাশ থেকে নারীটির লাজুক স্বরে ভেসে এলো,
“কেমন আছ?”
“ বৃষ্টিকে ছাড়া তুষার যেমন থাকে।”
“ আচ্ছা?”
“ হুঁম, বলো কী করছ?”
“ রাতের জন্য রান্না করে রাখছিলাম।”
“ চলে আসি তবে?”
বৃষ্টি মেয়েটা হেসে ফেলল। তুষারের ঠোঁট থেকেও সুন্দর হাসি সরছেই না। বিষয়টা সুন্দর দেখাচ্ছে। সে একা একটু সময় পেয়ে প্রেমালাপে মজেছে। ওপাশ থেকে বৃষ্টি মেয়েটি বলল,
“তুমি কী করছ?”
“ আপাতত বৃষ্টিতে ভিজছি।”
“ এমা! ওদিকে বৃষ্টি হচ্ছে বু….”
বলতে বলতে আবার থেমেও গেল বৃষ্টি। থেমে গিয়ে আবারও হেসে উঠল। তুষারের আপাতত বৃষ্টিতে ভেজা বলতে যে কী বুঝিয়েছে তা শুরুতে ধরতেই পারেনি। মেয়েটি হাসতে হাসতে বলে উঠল,
“ যাহ্, ফাজিল!”
তুষার ঠোঁট কামড়ে ধরল। এরপর আরেকটু কথা বলে ফোন রাখল। ভেতরটা কেমন উৎফুল্লতায় ছেয়ে গেল। যেন সারাদিনের সকল কসরত এক নিমেষেই উধাও। এমন একটা নারী সব পুরুষের থাকাটা জরুরি। তুষার বড় শ্বাস ফেলে সুদূর ওই আকাশটার পানে তাকাল। রঙিন ওই আকাশের মতোই তার হৃদয়টা রঙিন হয়ে গেছে বৃষ্টি মেয়েটার জন্য। বাচ্চা একটা মেয়ে, অথচ তাকে কতটা প্রশান্তি অনুভব করায়!
বৃষ্টি রহমান। মেহেরপুর জেলার মেয়ে। অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষে আছে। বৃষ্টির মা নেই। ছোট রেখে মারা গেছেন। বাবার দ্বিতীয় বউ আছে। বৃষ্টির সাথে তুষারের পরিচয় হওয়া তিন বছর পূর্তি হয়েছে। আর দুই বছরের প্রেমের সম্পর্কে বৃষ্টি তাকে শুধুই মুগ্ধতা অনুভব করিয়েছে। এত অমায়িক মেয়েটি, যে তুষার বৃষ্টিতে বাজেভাবে ফেঁসে আছে। এই বাজেভাবে ফেঁসে যাওয়ার শুরুটা হয়েছিল তিন বছর আগে একটি বিয়ের অনুষ্ঠানে। তুষারের কাছের বন্ধুর ভাইয়ের বিয়েতে মেহেরপুরে বরযাত্রী গিয়ে। কনে ছিল বৃষ্টির ফুফুতো বোন। সেখানে বৃষ্টির চঞ্চলতা ও কথা বলার মাধুর্যতা দেখে তুষার বৃষ্টিকে পছন্দ করে ফেলে। মেয়েটির মাঝে যেন আলাদাই কিছু ছিল। যা সেদিন তুষারের নজরে পড়ে। এছাড়া বৃষ্টি মেয়েটি রূপে অপ্সরা। দশম শ্রেণিতে পড়া ওই ছোট্ট মেয়েটিকে তুষারের ভীষণ ভালো লেগে যায়। এরপরের সময়টা ছিল ভীষণ কসরতের।
তুষার সেই একদিনের দেখায় কোনো সুবিধা করতে পারেনা। এমনিতে তুষার নিজেও মেয়ে-টেয়ে পটানোতে আনাড়ি। ভার্সিটি পড়ুয়া একজন যুবক, তবুও একটি মেয়েকে প্রেম নিবেদন করতে জানে না— বিষয়টা বন্ধুমহলে হাসাহাসির উপদান হয়েছিল। এরপর আর কী? তুষার তার বন্ধুর ভাবির সাহায্য নিয়েই বৃষ্টির সাথে যোগাযোগ করেছিল। তুষারের কথাতেই বৃষ্টিকে কুষ্টিয়াতে আনা হয়েছিল। এক সপ্তাহের জন্য ফুফুতো বোনের শ্বশুরবাড়িতে বৃষ্টিকে রাখা হলো তুষারের জন্য। এরপর ধীরে ধীরে এগিয়েছিল তুষার। টুকটাক কথা বলা, বৃষ্টির বাবার ফোন নাম্বার নেয়া, এরপর লাগাতার মেসেজে কথা বলা। বাবার বাটন ফোনে ননস্টপ মেসেজিং চলত প্রথম বছরটায়। প্রেম শুরু হবার পর তুষার বৃষ্টিকে একটি বাটন ফোন কিনে দিয়েছিল। যেটা সহজেই সে লুকিয়ে রাখতে পারবে ভেবে। কেননা বৃষ্টিকে তখনও ফোন ব্যবহার করতে দেয়া হতো না৷ তবে বাবাও খুব একটা ফোন সাথে রাখত না বলেই সুবিধা হতো। আর যতটুকু সময় ফোন পেত না, ততটুকু সময় যেন তার দমবন্ধকর সময় কাটত৷ এর অর্থ, ততদিনে বৃষ্টি তুষারের প্রতি দুর্বল হয়েছিল।
ধীরে ধীরে তুষার বৃষ্টিকে সেটাই উপলব্ধি করিয়েছিল, যেটা তুষার চাইত৷ প্রেমেও একপ্রকার চতুরতা দেখিয়েছিল পুরুষটি। অতঃপর সফল হয়ে, প্রেম নিবেদন করেছিল৷ বৃষ্টিও তখন না করার মতো কোনো সুযোগ পায় না। কেননা বৃষ্টি ততদিনে তুষারের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। এরপরই শুরু হয় তাদের প্রণয়। এখন চলছেই সেটা। সেই কিশোরী মেয়েটি এখন যুবতী হয়েছে। আর তুষার নিজের সাফল্যের পথে এগিয়েছে। এরপর? এই তো চলছে তাদের গভীর প্রণয়। একে অপরের ভালোবাসাটা একদমই স্বচ্ছ।
…
সন্ধ্যাক্ষণে মালিথা ভিলার প্রধান ফটক দিয়ে একটি সাদা রঙের বিএমডব্লিউ হর্ণ বাজিয়ে প্রবেশ করল। এরপর গাড়িটি ভিলার সামনের ফাউন্টেনের পাশ দিয়ে বেজমেন্টে লেভেলের পার্কিং পাশে গিয়ে থামল। গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে দাঁড়ালেন জাকির মালিথা। পরনে অফিসের আনুষ্ঠানিক পোশাক। পঞ্চাশ ছুঁতে যাওয়া পুরুষটিকে দেখলে এখনো মনে হবে ত্রিশের কোঠায় বয়সটাকে বেঁধে রেখেছেন। কঠোর নিয়মনীতির মাঝে দিয়ে চলেন জাকির মালিথা। প্রচণ্ডরকমের স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তি তিনি। নিয়মিত জগিং, ব্যায়ামের মধ্যদিয়ে চলেন। যার দুরুন শরীরটা এখনো ফিট রয়েছে।
জাকির মালিথা নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে ভিলার প্রধান দরজার দিকে এগিয়ে গেলেন। আর ড্রাইভার টিটু গাড়ি নিয়ে গেলেন গ্যারেজের দিকে। এই গাড়িটি একমাত্র জাকির মালিথা নিয়মিত ব্যবহার করেন। কারণ বাড়ির ছোট সদস্যদের সবারই নিজস্ব বাইক রয়েছে।
মাগরিবের নামাজ পর বড়দের টুকটাক আড্ডা ও গুরুত্বপূর্ণ আলোচনা চলে লিভিংয়ে। আজকের আলোচনায় কথা উঠল কুয়াশাকে নিয়ে। কুয়াশার দুপুরে বলা সেই অস্বাভাবিক কথা ও আচরণ সম্পর্কে জাকির মালিথাকে জানানো হলো। জাকির মালিথা সবটা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি একজন মনোযোগী শ্রোতা। সারাদিন অফিস করে এসেও এতটা মনোযোগ দিয়ে সাংসারিক আলাপ ও সংসারের সদস্যদের সুবিধা-অসুবিধা সম্পর্কে শুনতে যেন তিনি ভীষণই আগ্রহ প্রকাশ করেন৷ করবেন না কেন? সংসারটা যে তারই হাতে তৈরি!
লিভিংয়ে কুয়াশাকে ডাকা হলো। লিভিং এরিয়ায় কমন লাইব্রেরি ও স্টাডিরুম রয়েছে। যেখানে মন চাইলে বাড়ির ছেলে-মেয়েরা একসাথে বসে পড়াশোনা করতে পারে। তবে সন্ধ্যার পর বেশিরভাগ সময় নিজেদের কক্ষেই পড়তে বসা হয়। কুয়াশা আজ স্টাডি রুমে বসেছিল। সেখানে হিমকে সে পড়াচ্ছিল এবং নিজেও পড়ছিল। হিমকে অবশ্য আজমীরাই পড়ান। কুয়াশাকে নিজের পড়াশোনায় বেশি নজর রাখতে দেন আজমীরা৷
স্টাডিরুম থেকে কুয়াশা বেরিয়ে এসে বড় চাচুর ডাকে সাড়া দিল। জাকির মালিথা অমায়িক হেসে বললেন,
“ এসো তো, আম্মা। আমার আম্মার আদর পেতে হবে এখন৷”
কুয়াশা শুনে সুন্দর করে হেসে এগিয়ে গেল৷ কুয়াশার চটপটে ভঙ্গিমায় যে ভাটা পড়েছে সেটা জাকির মালিথা লক্ষ্য করলেন। কুয়াশা এগিয়ে গেলে তিনি কুয়াশাকে নিজের পাশে যত্নে বসালেন৷ কুয়াশার মাথার ওপর হাতটা স্নেহে রেখে বললেন,
“ আম্মা কি আদর দেবে না?”
কুয়াশা আপ্লুতে মাথাটা আলতো করে জাকির মালিথার বুকের ওপর ঠেকিয়ে দিল। এতে উপস্থিত সবাই মিষ্টি করে হাসলেন। মাঝে মধ্যে বড় চাচু তাকে এভাবে আদর করেন, ডাকেন। আর তখন কুয়াশার বাবার কথা ভীষণ মনে পড়ে। এই মনে পড়া থেকেও কুয়াশা এসব ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে। কুয়াশা নিঃশব্দে কেঁদে ফেলল ফুঁপিয়ে। বাবার ছায়া তো নেই। কিন্তু এই মানুষটার ছায়া তাদের বাবার মতোই ছায়া দিয়ে রেখেছে। কুয়াশা বোঝে তা। এতটাও অবুঝ নাকি সে? বুঝতে শিখছে তো! এজন্য বড়চাচুর প্রতি সে কৃতজ্ঞ হয়। বড়চাচুর মতো চাচু বোধহয় আর কারো নেই। একমাত্র কুয়াশার আছে। কুয়াশা ভীষণ ভাগ্যবতী। কুয়াশা বোঝে এটা।
কিশোরী মেয়েটিকে এভাবে কাঁদতে দেখে সবার মনটাও কেঁদে উঠল। ভালোবাসার যে সবার! জাকির মালিথা সস্নেহে কুয়াশার মাথায় বিলি কেটে দিতে দিতে বললেন,
“ আম্মা, বলো তো তোমার কি একজন বাবা ছিল?”
কুয়াশা কাঁদতে কাঁদতেই উত্তর করল,
“ না, আমার আরো দু'টো বাবা আছে। মোট তিনটে ছিল।”
জাকির মালিথা হাসলেন। কুয়াশার মাথায় একইভাবে বিলি কাটতে কাটতে বললেন,
“ তাহলে একজন বাবা হারালে কী হয়? আমরা কি হারিয়ে গেছি?”
কুয়াশা কোনো উত্তর করল না। শুধু শরীর কাঁপিয়ে চাচুর বুকটা ভিজিয়ে দিল। জাকির মালিথা থামলেন না। বললেন,
“আম্মা, পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছু নেই। মানুষ জন্ম নেয়, মানুষ চলে যায়। মাঝখানের সময়টুকুই শুধু জীবন। আমরা কেউই মৃত্যুকে থামানোর ক্ষমতা নিয়ে জন্মাইনি। তুমি বড় হচ্ছ, এটা অবশ্যই বুঝবে। বুঝবে না?”
প্রশ্ন করেও থামলেন না,
“ মানুষ হারিয়ে যায়, আম্মা। একটা সময় পর মানুষ হারিয়ে যায়। এটা অনিবার্য এবং চিরায়ত ব্যবস্থা। জায়ানের আয়ু যতটুকু ছিল, ও ততটুকুই থেকেছে। ও যেভাবেই চলে যাক না কেন, ওর জন্য নির্ধারিত সময়ের এক মুহূর্তও আমরা বাড়াতে পারতাম না। কিন্তু সেই শূন্যতার ভেতর বাসা বাঁধতে নেই, আম্মা। শোককে কেবল আশ্রয় দেওয়া যায়, তাকে ঠিকানা বানানো যায় না। কারণ শোক যখন স্থায়ী বাসিন্দা হয়ে যায়, তখন সে ধীরে ধীরে মানুষের ভেতরের আলো নিংড়ে খেয়ে ফেলে। আর তুমি যদি অতীতের একটা কবর আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকো, তাহলে বর্তমানের দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাবে। এবং মানুষ যখন নিজেকে হারায়, তখন সে নিজের অর্ধেক জীবনটাই হারিয়ে ফেলে।
আম্মা, নিজেকে হারানো মানে তুমি জীবনের অর্ধেককে হারিয়ে ফেলছ। আর বাকিটা থাকবে শুধু তোমার নিঃশ্বাস হয়ে। এমন জীবন তুমি চাইবে? জীবন মানেই অনুভব করা, দেখা, শেখা, আর প্রতিটি রঙকে ছুঁয়ে দেখা। মৃত্যু জীবনের সমাপ্তি হতে পারে, কিন্তু জীবিত মানুষের জীবনের সমাপ্তি হওয়ার কারণ হতে পারে না। যারা চলে যায়, তারা আমাদের সঙ্গে আর পথ চলে না। কিন্তু তারা এটাও চায় না আমরা পথ চলা ছেড়ে দিই।”
দীর্ঘক্ষণ বলে থামলেন তিনি। কুয়াশার মাথায় একইভাবে হাত রাখা। পুনরায় বললেন,
“তুমি জীবনের একেবারে শুরুতে দাঁড়িয়ে আছ, আম্মা। এই বয়সে নিজের চারপাশে বেঁধে ফেলো না। কারণ জীবন বড় নিষ্ঠুর—তুমি যদি তাকে গ্রহণ না করো, সে তোমার জন্য থেমেও থাকবে না।”
প্রতিটি সদস্য জাকির মালিথাকে অপলক চেয়ে চেয়ে দেখলেন এবং কথাগুলো মুগ্ধ হয়ে শুনলেন। উপস্থিত শিশিরও তার বাবার কথাগুলো চরম মনোযোগ দিয়ে শুনল। প্রভাবিত হলো। তার মনে হলো এমন বাবাকে শত-হাজার বার আদর্শ মানা উচিত। তার বাবার এই ব্যক্তিত্ব তার নিজের মাঝেও ধারণ করা উচিত। এবং এই সতেরো বছরের শিশির তার বাবার এই অসামান্য ব্যক্তিত্বকে নিজের মাঝে লালন করার প্রতিজ্ঞা করে ফেলল।
শিশির ওর বাবার এই মুহূর্তের দৃশ্যটি দেখে, তার বাবাকে বিস্ময়কর বাওবাব গাছের সাথে তুলনা করল। যে গাছ সম্পর্কে সে কিছুদিন আগে একটি আর্টিকেল পড়েছিল।
বাওবাব হলো পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিস্ময়কর বৃক্ষ। শুষ্ক অঞ্চলে টিকে থাকার অসাধারণ ক্ষমতার জন্য একে "জীবনের বৃক্ষ" বলা হয়। মাদাগাস্কারের অন্যতম গাছ। এছাড়া আফ্রিকা, অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চলেও এই গাছ জন্মায়। বছরের দীর্ঘ সময় (প্রায় ৯ মাস) এই গাছে পাতা থাকে না। এ-সময় এর ডালপালা গুলোকে শিকড়ের মতো দেখায়। এই গাছের গুঁড়ি খুবই রসালো। একেকটি গাছ ১লক্ষ ২০ হাজার লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করতে পারে। যা শুষ্ক মৌসুমে গাছটিকে বাঁচিয়ে রাখে। সে পানিতে স্থায়ী মানুষ ও অন্যান্য প্রাণীরাও পিপাশা মিটাতে পারে। গাছটি খাদ্য, বস্ত্র এমনকি আশ্রয়ও দান করতে পারে। বাওবাব গাছে এক ধরনের ফল হয় যা 'মাংকি ব্রেড' নামেও পরিচিত। এর ফলটি ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ। এর মিষ্টি ও সাইট্রাস স্বাদের জন্য বিভিন্ন সুপারফুড, জুস ও স্মুদিতে এর পাউডার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া এই গাছের বাকল থেকে অগ্নি নিরোধক কাপড় তৈরি হয়। আর প্রশস্ত গাছের কোটর বাসগৃহ হিসেবে ব্যবহার করা হয়।
এই যে এত এত গুণসম্পন্ন বাওবাব গাছের কথা মনে হয়ে তার বাবাকে তুলনা করে ফেলল। আসলেই বিস্ময়কর ব্যাপার! তার বাবাও তো এই বাড়ির ছায়া, সবরকম সুবিধা-অসুবিধার সমাধান তার বাবার কাছে থাকে। সবার অন্যতম আশ্রয়স্থল হয়ে আছেন তিনি। আরো কতরকম গুণ তার বাবার রয়েছে। একটি মানুষকে ঘিরে এতগুলো মানুষ উপকৃত হতে পারে, তিনি তো বাওবাব গাছেরই মতো! তুলনা করাটা কি খুব ভুল কিছু?
‘
ঘুমের মাঝে কুয়াশা অস্বাভাবিক কিছু টের পাচ্ছে। কিছু ঘটছে। তার চোখের সামনে যেন সব ঘটছে। সে দেখছে তার বাবার রেলে কাটা ছিন্নভিন্ন কয়েক টুকরো শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার চোখের সামনে। যেটা দেখার মতো নয়। ওইরকম দৃশ্য কখনো দেখা যায় না। একজন বাচ্চা মেয়ে হয়ে তো আরোই না!
কুয়াশা ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু তার আশেপাশে তো কেউ নেই! সে একা৷ একদম একা। পড়ে আছে শুধু তার বাবার কয়েক টুকরো হওয়া দেহ। এর কিছুক্ষণ পরই দেখা গেল আসলে ওটা ওর বাবাই না। পোশাক-পরিচ্ছদের মিল ছিল শুধু। কারণ দাঁড়িয়ে থাকা কুয়াশার কাঁধের ওপর তার বাবার হাত এখন৷ এবং তার বাবা পাশে এসে দাঁড়িয়েছে। সে পাশ ফিরে দেখল৷ মাথা তুলে তাকিয়ে দেখতে পেল তার বাবাকে। বাবা সুন্দর করে হাসি দিলেন। ঠিক যেমনটা সবসময় দেন। হাসি দিয়ে বললেন,
“ কি রে, কুহেলিকা? ভয় পেলি নাকি? ওটা আমি না রে। দেখ, আমি না। পোশাক-আশাকের মিল থাকলে কি আস্ত মানুষটাই আমি হয়ে গেলাম? এমন জলজ্যান্ত মানুষটাকে মৃত বলে ঘোষণা করতে চাইছিস নাকি রে, জননী?”
কুয়াশা দুইদিকে মাথা নাড়ল তখন। যা তার স্বপ্নের বাইরেও দেখা গেল। কুয়াশার স্বপ্ন আবার বদলাল। সে দেখল তার বাবা তার কাঁধে হাত রেখে পাশে নয়, তার সামনে দাঁড়িয়ে আছেন। এবং এই সামনেটা সেই সামনে নয়। তার ও বাবার সামনে আরো একটা কিছু রয়েছে। কুয়াশা ভালোভাবে দেখার চেষ্টা করল। এবং কিছুক্ষণের মাঝেই দেখতে পেল একটা লোহার তৈরি গ্রিল মতো কিছু একটা। ভালোভাবে দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মাঝে বুঝল ওটা আসলে রূদ্ধ একটি কারাগার। কুয়াশার বাবা সেই কারাগারের রড ধরে দাঁড়িয়ে আছেন। বিস্ময়কর একটি দৃশ্য!
কুয়াশা ভয় পেল। চমকেও উঠল। এরপরই কুয়াশা উঠে বসে পড়ল। সবটা কেমন ভোতা পরিবেশ বলে মনে হলো। পাশেই আজমীরা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। কুয়াশা এখনো মায়ের উপস্থিতি দেখেনি।
| চলবে |
[ নোটঃ- বাওবাব গাছের তথ্যটা আর্টিকেল পড়ে জানা। লেখার সময় আর্টিকেল ও গুগলের সাহায্যে লেখা। তাই তথ্যতে মিল পাবেন৷ ]
