চলবে
#কলাবতী
#পর্ব-১
#সাদিয়া_খান(সুবাসিনী)
“বাড়ির বউয়ের এতো খাওয়ার চাহিদা কেন থাকবে?বাপের ঘর থেকে খেয়ে পড়ে আসেনি?”
নিলু ভাসুরের কথা শুনে মাথা নিচু করে রইল। একটা ফুচকা খাওয়ার জন্য এতোগুলো মানুষের সামনে এতোটা অপমান হতে হবে কখনো চিন্তাও করেনি।তার বাবা সত্যিই তার ইচ্ছে কোনো দিন পূর্ণ করেনি।বয়স সতেরো হতে না হতেই বিয়ে দিয়ে দিয়েছে। না কোনো একটা শখের জিনিস না খাবার কিছুই সে ওভাবে পায়নি।দাদী বলতো মেয়েরা পরের ঘরের ধন।তার পিছনে যতো কম খরচ করা যায় ততোই ভালো।আর শ্বশুর বাড়ি এসে জানতে পারলো বাবার বাড়িই ছিল শখ আহ্লাদের জায়গা।শ্বশুর বাড়িতে বাড়ির বউদের পানি খেতে হলেও চিন্তা করতে হয়। না হলে ওদিন রাতে যখন প্রচন্ড গরমে হাপিত্যেশ অবস্থা তখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে গ্লাসে ঢালছিল তখন কোথা থেকে তার শ্বশুর এসে রাত বিরেতে বেশ কথা শোনালো।পরদিন সকালবেলা থেকেই ফ্রিজে তালা দেওয়া শুরু হয়েছে। নিলু নিজের মুখকে একশ একটা অভিশাপ দিলো।কেন খেল সে?
“মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে চোখের সামনে থেকে সরতে বলো তো মা ওকে।সারা দিন পর বাড়ি এসে এসব যন্ত্রণা ভালো লাগে না।তোমার বড় বউয়ের আট মাসের পেট, সে খেতে চাইলো বলে ফুচকা আনলাম আর তোমার এই ন্যাবা বউ সেটাও ছাড় দিলো না।”
"দাঁড়া সমশের। একটা কথা বল আমাকে।"
"আবার কি?"
"তোর বউয়ের জন্য কয়টাকার ফুচকা এনেছিস?"
"একশ টাকার।মেয়েটা মন ভরে খাবে তাই।"
"এনে তাহলে ছোটো বউয়ের হাতে কেন দিলি?"
"সব কিছু আলাদা আলাদা এনেছি।বানিয়ে দিবে না?"
"ওর কি ঠ্যাকা পড়েছে? তোর বউয়ের ফরমায়েশ খাটার?"
"জা হিসেবে এটুক করবে না?"
"কেন করবে? ভাসুর হিসেবে যদি তুই তোর ভাইয়ের বউয়ের একটা ফুচকা খাওয়া মেনে নিতে না পারিস, জা হিসেবে ও কেন করবে?তোর বউয়ের আর কোনো কাজে ওকে ডাকবি না।"
"হাসালে মা।খাচ্ছে কার কামাই?ছেলে বিয়ে করিয়েছো বউয়ের দিকে তো ফিরেও চায় না।থাকতেছেই তো আমার দয়ায়।"
"আমি এখনো বেঁচে আছি।তুই নিজেই কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস।ভেবে চিন্তা করে কথা বলিস।"
নিলু রান্না ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনলো।কেবল শুনলো না, ওড়নায় চোখ মুছলো বার বার।তিন মাসের বিয়ের জীবনে সেটা এটা বুঝে গেছে এই বাড়িতে তাকে কেউ সম্মান করবে না।করবে কি করে যার স্বামী তাকে দেখতে পারে না,বাবা ভাই এসে শ্বশুর বাড়ির লোকের সামনে ধমকে গেছে, মরলে লা"শ হিসেবে বের হতে বলেছে তার আর কিসের জোর? তার সাথে সবাই খারাপ ব্যবহার করবে এটাই তো স্বাভাবিক। তবে আজ সে মনে মনে প্রতিজ্ঞা করলো আর জীবনে কোনো দিন ভালো মন্দ খাবারের দিকে হাত বাড়াবে না।চোখ তুলে চাইবেও না।
সেই রাতেই তার স্বামী ইলিশ মাছ নিয়ে ফিরলো।বাড়ির বড় বউ খেতে চেয়েছে বলে।সন্ধ্যের সেই তর্কের পর শ্বাশুড়ি আর বাইরে আসেনি।মাছ সমেত ব্যাগটা প্রায় ছুড়েই দিয়েছে রিয়াজ নিলুর দিকে।মাছটা বাইরে বসে কাটতে হবে। রাত তখন আটটার বেশি বাজে।কয়েল জ্বালিয়ে বারান্দার একপাশে মাছ কাটতে বসলো সে। দাদীর মুখে শুনেছে এতো রাতে মাছ কাটলে মেছো জ্বীনে ধরে। মনে মনে ভয় হলো তার। কিন্তু ঘর থেকে তাকে ডাকা হচ্ছে কাজ কতদূর?পোয়াতি মেয়েটার ক্ষুধা লেগেছে। মাছটা কেটে বেশ কড়া করে ভাজলো নিলু।মাথাটা দিয়ে আগামীকাল কচু শাক রান্না করে দিতে বলেছে। মানুষ হিসেবেও মাছের পিস দুটো বেশি।ভাবী যদি তিনটে পিস ও খায় অন্তত তার জন্য লেজের শেষ দিকের একটা টুকরো থাকবে। খাওয়ার প্রতি লোভ করবে না করবে না করেও একটু মনে আশা জাগলো।বাবার বাড়িতেও ওই টুকরোটাই পেতো সে। কেবল সেটা দিয়ে আস্তেধীরে তৃপ্তি নিয়ে ভাত খেতো।আজকেও এক মুঠ ভাতের চাল বেশি দিয়েছে সে। মাছের ওই পিসটার আশায়।
রাতের খাবার বেড়ে দেওয়ার সময় তার স্বামী জিজ্ঞেস করলো
"মাছের পিস কয়টা হয়েছে?"
সে হিসেব দিলো। কতটুক ফ্রিজে তুলেছে কচু শাকের জন্য সেটাও বললো।তরকারির বাটিতে একটা পিস কম পড়ায় স্বাভাবিক সুরেই বলল,
"একপিস মাছ কম কেন এখানে?যাও সম্পুর্ন তরকারি নিয়ে আসো।আর আম্মার খাবার ঘরে দিয়ে আসো।"
সবার খাবার খাওয়ার পর নিলু টেবিল পরিষ্কার করলো।এটো প্লেট গুলো পরিষ্কার করে রান্না ঘর গুছিয়ে ফেলল।পাতিলে এখনো তার ভাগের ভাতটুক রয়ে গেছে।একমুঠ চাল বেশি দেওয়া ভাতটুক ওভাবেই পড়ে রইল। সেদিকে তাকাতে ইচ্ছে করলো না তার। রান্না ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো মস্ত বড় এক চাঁদ উঠেছে। আর সেই চাঁদের আলোয় তার স্বামী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বড় জায়ের বোনের জন্য বরাদ্দ ঘরটায়। রাত ভর এখন আড্ডা চলবে। হয়তো একটু পর আবার নতুন কোনো ফরমায়েশ আসবে ভার্সিটিতে পড়ুয়া সেই পরীর মতোন সুন্দর মেয়েটার কাছ থেকে।
