#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
১৭.
®রোজা রহমান নাঈমা
‘
২৮ ফেব্রুয়ারি, ২০১৩;
দুপুর গড়িয়ে বিকেল নামার আগেই টেলিভিশনের পর্দাজুড়ে প্রচার হতে লাগল দিনের অপ্রত্যাশিত আবার কারও কারও কাছে বহু প্রতীক্ষিত খবর বলা যায়। একের পর এক চ্যানেলের শিরোনাম ও সংবাদে মুখর হচ্ছে টিভির পর্দা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের খবর শোনা যাচ্ছে নিউজ প্রেজেন্টারদের কণ্ঠে,
“জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিশটি অভিযোগের মধ্যে আটটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে দুটি অভিযোগে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড।”
নিউজ প্রেজেন্টারের কথা শেষ হলে, টিভির পর্দায় দেখা গেল দেশের বিভিন্ন স্থানের সংঘর্ষ। কোথাও জামায়াত-শিবিরের মিছিল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, কোথাও রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা থেকে আসছে অস্থিরতার খবর। সময়ের সাথে সাথে দুপুরের সংবাদকে ছাপিয়ে গেল বিকেলের সংবাদ। আরেক বুলেটিনে নিউজ প্রেজেন্টারের কণ্ঠে জানা গেল,
“সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতির অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে হতাহতের খবর পাওয়া গেছে। কয়েকটি এলাকায় যানবাহন ও বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।”
সন্ধ্যার খবরের পরিধি বড় হয়ে উঠেছে। জাকির মালিথা সন্ধ্যার পর চা নিয়ে লিভিংয়ে বসেছেন। টেলিভিশনে দেশ ও রাজনৈতিক খবরাখবর বেশ মনোযোগ দিয়ে শুনছেন ও দেখছেন তিনি। ক্যাবল নেটওয়ার্কে বাংলাদেশী একেক চ্যানেলে জানানো হচ্ছে— সারা দেশে সংঘর্ষে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিভিন্ন জেলা থেকে আরো হতাহতের খবর পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি ও র্যাবও মাঠে নামছে।
সংবাদ শুনতে শুনতে জাকির মালিথা টেলিভিশনের সামনে বসেই রাত আটটা বাজিয়ে ফেললেন। দেখে মনে হচ্ছে তিনি খুবই আগ্রহ নিয়ে সংবাদ শুনছেন। তবে তা নিয়ে কোনো প্রতিক্রিয়া তার মাঝে এখনও দেখা যায়নি। জাকির মালিথার সাথেই লিভিংয়ে আছেন বাড়ির তিন কর্ত্রীও। আম্বিয়ারা আবার এই সময় বড় ভাশুরের সঙ্গে বসে গল্প করতে পছন্দ করেন। এটা তাদেরই তৈরি এক প্রকার নিয়ম বলা যায়। বড় ভাশুর আর জায়ের সাথে তারা এভাবেই সময়টা কাটিয়ে থাকেন। হয়তো বাড়ির বড়দের প্রতি শ্রদ্ধা ও সম্মান বোধ থেকেই কাজটি করে আসা! এছাড়াও তুহিন বসেছে আজ বড়দের সাথে। আজকের খবরের প্রতি অত্যাধিক আগ্রহ নিয়েই বসা আরকি। ঘরে শুয়ে-বসে দিন তার এভাবেই কাটে৷ নিজের পড়াশোনা ও নিউজ শুনে কিছু কিছু বিষয়ের ওপর রিপোর্টের কাজ করে।
টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে পোড়া যানবাহন, ধোঁয়ায় ঢেকে থাকা সড়ক, ছত্রভঙ্গ মানুষ আর পুলিশের ব্যারিকেড। একদিকে শাহবাগে রায়ের পক্ষে উল্লাস ও সমাবেশ, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে রায়ের প্রতিবাদে সংঘর্ষ। একই দিনে বাংলাদেশ যেন দুই সম্পূর্ণ ভিন্ন দৃশ্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছে।
জাকির মালিথা এখনও নির্বিকার মুখে পর্দার দিকে অস্বাভাবিক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। তুহিন লক্ষ্য করছে বড় চাচুকে। টেলিভিশনের পর্দায় একের পর এক সংবাদ বদলাচ্ছে, বদলাচ্ছে সংবাদ পাঠকের কণ্ঠ, শিরোনাম, কিন্তু বড় চাচুর মুখে কোনো পরিবর্তন তখনও নেই। সেই অনড় মুখের আড়ালে কী চলছে, তা বোঝা দায়। তাঁর নীরবতাটুকু স্বাভাবিক মনে হচ্ছিল না। মুখের গভীরে কোনো এক দ্বিধা। চোখের তলায় অদৃশ্য এক অন্তর্দ্বন্দ্ব। হঠাৎ তখন পাশে বসে থাকা সহধর্মিণী জাকিয়াকে বললেন,
“ একটা জিনিস লক্ষ্য করো, কিয়া!”
জাকির মালিথা টেলিভিশনের পর্দা থেকে চোখ সরালেন না মনে হয়। তাই জাকিয়া ওঁনার কথা শুনছেন কিনা সেটা লক্ষ্য না করেই বললেন
“একজন মানুষের বিরুদ্ধে এতগুলো ভয়াবহ অভিযোগ আনা হলো। গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটতরাজ— একটা দেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অভিযোগ এগুলো। অথচ আজ দেশের পরিস্থিতিটা দেখো। মানুষটা অপরাধী কি না, তার বিচার আলাদা বিষয়। সবাই নিজের নিজের জায়গা থেকে বিচার করছে না তাঁকে, বিচার করছে সে কার পক্ষে অথবা কার বিপক্ষে। কিন্তু তাকে কেন্দ্র করে আজ যারা পথে নেমেছে, তাদের সবার রাজনীতি এক নয়। স্বার্থ এক নয়। উদ্দেশ্যও এক নয়।”
জাকিয়া নিষ্পলক দেখেন। তবে টিভি নয়, ওঁনার পাশে বসে থাকা জাকির মালিথাকে দেখেন। এখানে জাকির মালিথাকে দেখার কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। রাজনৈতিক দিকগুলিতে একজন নির্লিপ্ত উদাসীন মানুষ? নাকি এমন একজন মানুষ, যিনি সবকিছু দেখে বুঝেও সর্বতোভাবে নির্লিপ্ত থাকার চেষ্টা করেন?
জাকিয়া জামানের কাছে জাকির মালিথার এই নির্বিকার ও উদাসীনতার একটি পরোক্ষ ব্যাখ্যা আছে। ইতিহাসখ্যাত কূটনীতিক ও রাষ্ট্রচিন্তক কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র-এ উপস্থাপিত ছয়টি তত্ত্বের মধ্যে কৌটিল্যর তৃতীয় তত্ত্বটির সঙ্গে জাকির মালিথার রাজনৈতিক বিষয়ে মতামত রাখার অবস্থানকে লক্ষ্য করা যেতে পারে,
“ উদাসীন থাকার নামই নিরপেক্ষতা।”
অর্থাৎ উদাসীনতাও কখনো কখনো নিরপেক্ষতার একটি বহিঃপ্রকাশ হতে পারে। শত্রু বা মিত্র কোনো পক্ষের সাথেই যুদ্ধ বা সন্ধি না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরপেক্ষ থাকা।
জাকিয়া স্বামী জাকির মালিথার রাজনৈতিক উদাসীনতাকে ব্যাখ্যা করতে গিয়ে চাণক্যের সেই নীতির সাথে পরোক্ষভাবে মেলালেন বোধহয়। জাকির মালিথাকে তিনি চরম কূটিল ব্যক্তি বলেই জানেন। রাজনৈতিক বিষয়াবলীতে তাঁর এই নির্বিকার ভাব আসলে অজ্ঞতা বা অনাগ্রহের প্রকাশ নয়, বরং রাজনীতির খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান রেখেও নিজের অবস্থান প্রকাশ না করার এক সচেতন নিরপেক্ষতা। যেন সবকিছু দেখেন, সবকিছু বোঝেন, অথচ কোনো পক্ষের হয়ে কথা বলেন না।
অথচ এখানে জায়ান থাকলে কিছু কি বলতেন না? জায়ান তো বড় ভাইয়ের মতো কখনো নিরপেক্ষতাকে প্রশ্রয় দেয়নি! দেশ ও দেশের রাজনৈতিক অবস্থা-ব্যবস্থা নিয়ে তাঁর কাছে বিভিন্ন সঙ্গা আর ব্যাখ্যা পাওয়া যেত৷ তার দার্শনিক মনস্ক বড়ই সমালোচক ছিল। আজ জায়ান থাকলে নিশ্চয়ই তার স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক হেসে দার্শনিক চরিত্র ফুটিয়ে বলতেন,
“ সাম্রাজ্যবাদ সবসময় বন্দুক হাতে নিয়ে আসে না, বিগ ব্রাদার। কখনো সে মুক্তির যুদ্ধে অস্ত্র দেয়, কখনো ক্ষুধার সময়ে খাদ্য দেয়। কখনো আবার বন্ধুত্বের হাতও বাড়ায়। তারপর একদিন দেখা যায়, তোমার দেশের মাটিতে তোমার পতাকা তো উড়ছে ঠিকই, কিন্তু তোমার সিদ্ধান্তের ওপর তোমার আর অধিকার থাকছে না। ব্যাপারটা কী হলো বলো তো?”
জাকিয়া জামানের মনে হলো জায়ানই কথা বলছেন তার সামনে বসে। তিনি শুনছেন দেখছেন। ওই তো জায়ান৷ ঠোঁটে সেই হাসির পরিধি চওড়া করে বলে চললেন,
“ ব্যাপারটার এমনও ব্যাখ্যা হয়, একটা বাড়িতে আগুন লাগল, পাশের বাড়ির লোকটা ছুটে এসে বলল, আমি সাহায্য করব। পানি দিল, আগুনও নেভাল। তারপর চলে যাওয়ার আগে বাড়িটার অর্ধশতাংশ জমি নিজের নামে লিখে রেখে গেল। কেননা তার যুক্তি, আগুন না নেভালে বাড়িটা তো থাকতই না! কেয়া বাত হ্যা না?”
শরীর দুলিয়ে বিদ্রূপের হাসি হেসে উঠতেন তখন।
“ ওহ, তোমার দেশ তো আবার…. দ্যা পিপল’স রিপাবলিক অব বাংলাদেশ, ব্রাদার? আছে তো ঠিকঠাক? নাকি গণতন্ত্রহীনতায় ভুগছ?”
জাকিয়া চমকে উঠলেন এই পর্যায়ে। তার অবচেতন মন জায়ানের ভাবনাকে নিজের মাঝে কেন ধারণ করল? যার অস্তিত্বই এখন নেই! তার স্বভাব, তার চিন্তা, তার কটাক্ষ— এসব তাঁর নিজের মস্তিষ্কের ভেতরে এভাবে জায়গা করল কীভাবে? বাস্তবের মতো বিভ্রম ছিল তাঁর! এভাবে বিভ্রমে এসে জায়ান কি বুঝিয়ে গেল? সে কী বিভ্রমে সত্যিটাই প্রকাশ করতে এসেছিল? দেশটা কি সত্যিই ধীরে ধীরে গণতন্ত্রহীনতার দিকে যাচ্ছে না? তিনি রাজনীতি বোঝেন না। তাই হয়তো জায়ানের কথাগুলো তাঁর কাছে সম্পূর্ণরূপে ব্যাখ্যা হয়ে এলো না। তবে যেটুকু তিনি বুঝেলেন, তার ভাবনা দ্বারাই বুঝলেন। এবং সেগুলো বিশাল সত্য ও অর্থবহ প্রসঙ্গ বোধহয়।
জাকিয়ার অন্যমনস্কতার মাঝে জাকির মালিথা কেমন স্থির কিন্তু অদ্ভুত ভাব-সম্প্রসারণ বোঝাতে বললেন,
“ নায়েবে আমির দেলায়ার হোসেন সাঈদী লাখো জনতার সামনে বলেছিলেন— বিড়ালের মতো পাঁচশ বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই।”
জাকিয়া জাকির মালিথার মুখপানে চোখ রাখেন। স্বামীর বাচনভঙ্গিতে মনোযোগ দেন। মনোযোগ রেখে শোনেন। বিশেষভাবে তিনি স্বামীর মনোযোগী শ্রোতা। জাকির মালিথা স্থির দৃষ্টি রেখেই কেমন রহস্য মিশিয়ে পুনরায় বলেন,
“ সিংহ হওয়ার ইচ্ছেটা বড় বিপজ্জনক, কিয়া। বিশেষ করে যখন রাষ্ট্র তোমাকে সিংহ হিসেবে দেখতে শুরু করে।”
এবার জাকিয়া নয় উপস্থিত আম্বিয়া, আজমীরা তুহিনও জাকির মালিথার কথাতে অবাক চোখে তাকিয়েছে। অথচ থামলেন না জাকির মালিথা, আজ বলে চললেন,
“ রাষ্ট্র কখনো কখনো মানুষকে অপরাধী হওয়ার আগেই বিপজ্জনক মনে করে। আবার কখনো প্রকৃত অপরাধীকেও তার প্রয়োজনমতো ব্যবহার করে।….একটা রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি কি জানো, কিয়া?”
শেষ বাক্যের পূর্বে একটু দম ছেড়ে প্রশ্নটা করেও কারো পানে তাকালেন না তিনি। যেন তিনি কী বলছেন জানেন৷ শুধু জাকিয়াকে শোনাচ্ছেন। তাই স্থির দৃষ্টি পূর্বের মতোই অটল। কথা সম্পূর্ণ করতে তিনিই উত্তরে বললেন,
“ একটা মানুষকে শুধু পরাজিত করা নয়। তার নামের সঙ্গে এমন একটা ভয়-ভীতি জুড়ে দেওয়া, যাতে তাকে ভালোবাসাও চরম অপরাধের কাজ বলে মনে হয়।”
জাকির মালিথা কী বলছেন এসব! এসব কথা কেন? তিনি জানেন কি তিনি কোন প্রসঙ্গে চলে গেছেন? তাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো! তাহলে তিনি আজ থামছেন না কেন? পুনরায় বলেন,
“ আজ সিংহের মতো বাঁচতে চাওয়া মানুষটার অবস্থান দেখো কোথায়। রাষ্ট্র তাকে ভয় পেয়েছে কি না, সেটা বড় কথা নয়; রাষ্ট্র কখন একজন মানুষকে খাঁচায় পুরে রাখে, সেটা বুঝতে পারা কঠিন বিষয়ও নয়। খাঁচায় বন্দি একটা সিংহকে মানুষ ভয় পায় না, কিয়া। ভয় পায় সেই সিংহটাকে, যেটা খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকে। কারণ সিংহ হাজার হিংস্র হলেও খাঁচায় পুরে সিংহকে শাসন করা যায়, শাস্তিও দেয়া যায়।”
সিংহ! জাকির মালিথার অর্থে এই সিংহটি ঠিক কে? জাকিয়ার মনে পড়ে আজকের মৃত্যুদণ্ড প্রাপ্ত আল্লামা সাঈদী বলেছিলেন,
“ আমি দেখতে পারছি, বাংলাদেশের ভাগ্যাকাশে, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মুকাবলা না করতে পারেন সক্ষমভাবে, এমন অন্ধকার কালো আমাবস্যার রাত আসতে পারে, যার সুবেহ-সাদিক হওয়া প্রায় অসম্ভব।”
সত্যি কি এমন ঘটছে না? জাকিয়ার প্রশ্নের পাহাড় জমা ভাবনার বিচ্ছেদ ঘটে জাকির মালিথার কথায়। তিনি এবার ওঁনাদের সকল ভাবনাকে পাশে ঝেড়ে ফেলে দিতে বাধ্য করলেন,
“ আর আজকে তার পরিণতি দেখে এমনটাই মনে হচ্ছে। সিংহ হয়ে বাঁচতে চেয়েছিল, রাষ্ট্র তাকে খাঁচার ভেতর আটকে ফেলেছে।”
কীরকম গোলকধাঁধায় ফেলতে পারেন জাকির মালিথা! তাহলে এতক্ষণ এত কথা কেন ছিল? যেন স্রেফ রাজনৈতিক আলোচনা করছিলেন তিনি।
“ তোমাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে দেখিনি কখনো। কোনো দলের প্রতিও আগ্রহ দেখাতে দেখিনি। কিন্তু আজ…”
“ উঁহুঁ!”
জাকিয়াকে সম্পূর্ণ করতে দিলেন না কথা। জাকির মালিথা তার পূর্বেই থামিয়ে দিলেন৷ বললেন,
“ রাজনীতির সবচেয়ে ভয়ংকর ব্যাপার কি জানো? একসময় মানুষ ঘটনা দেখে না। দেখে, ঘটনাটা তার পক্ষে গেছে, নাকি বিপক্ষে। তুমি আমি আম-জনতা মাত্র।”
তিনি নিজের পরিচয় দিলেন নাকি অবস্থান? জাকিয়ার সেই ভাবনাকেও সম্পূর্ণ করতে না দিয়ে বললেন,
“ আমি শুধু দেখছি, একটা মানুষকে নিয়ে কেউ শোক করছে, কেউ উল্লাস করছে, কেউ কিছুটা প্রতিবাদ করছে, কেউ আবার ভয় পাচ্ছে। কিন্তু এই বিশাল দৃশ্যের মাঝখানে সবাই নিজের সত্যটা খুঁজছে। সত্যিটাকে নয়।”
এর চেয়ে গভীর কথা জাকির মালিথা বোধহয় আর বললেন না। হয়তো তিনি বলতে চাইলেন না। কিছু কথা বলারও একটা সময় থাকে। সময় পার হয়ে গেলে কথাগুলো আর প্রতিবাদ হয়ে ওঠে না। আফসোস হয়ে যায় তখন। আর আফসোসের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো, সে কাউকে বদলায় না। শুধুই দিন গোনে।
জাকির মালিথা যখন উঠে গেলেন তখন প্রতিক্রিয়াশূন্য হয়ে বসে রইলেন জাকিয়া। তুহিন নিষ্পলক বড়চাচুকে দেখে গেছে। এখানে যে উপস্থিত ছিলেন আজমীরা তা বোঝাই যায়নি। তিনি নিজের অস্তিত্ব এভাবেই বিলিন করছেন, নাকি অস্তিত্বহীনা হতে চাইছেন? বড় প্রশ্ন হয়ে আছে।
আম্বিয়া লিভিং থেকে কক্ষে এসে জাহিদ মালিথাকে বেশ কয়েকবার মিসডকল দিয়েছেন। জাহিদ মালিথা রিসিভ করেননি। এমনই হচ্ছে বিগত কয়েক বছর। ফোনকল রিসিভের সময়টাও তাঁর কাছে নেই বলে মনে হয় আম্বিয়া হকের। যেন পরিবার থেকে বিচ্ছিন্ন এক প্রাণী৷ সংসারের দায়-দায়িত্ব সব ভুলে ডুবে গেছেন নিজ কর্মস্থলে। সেই সুদূর রাজধানীতে।
আম্বিয়া দীর্ঘশ্বাস ছাড়েন। মাঝেমধ্যে মনে হয় এমন সংসার তার প্রাপ্য ছিল না। আবার মনে হয়, যা পেয়েছেন, তা-ই প্রাপ্য ছিল ওঁনার৷ তিনি সিদ্ধান্ত নিলেন, চাকরির জীবন থেকে অবসর নেবেন দ্রুতই। বড় ক্লান্ত লাগে আজকাল।
‘
নীহার রাতের আঁধারে নক্ষত্রভরা ওই মহাকাশে চেয়ে আছে৷ কানে তার ফোন ধরে রাখা। কক্ষের বারান্দায় তার অবস্থান৷ ফোনের ওপাশে মেধার কণ্ঠ শোনা যাচ্ছে৷ নিয়মিত কথা আর প্রেমটা যে চলছে তা বোঝা যাচ্ছে। নীহারের আইএসএসবি-এর সময় আরো পেছানো হয়েছে৷ দেশের এমন পরিস্থিতিতে সবকিছু একজায়গায় স্থির হয়ে আছে বলে মনে হচ্ছে।
মেধার সাথে কথা শেষ করে নীহার ফোন রাখল। বারান্দায় রাখা বিন ব্যাগের ওপর বসে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে সুদূরের আকাশপানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে গিয়েও ছাড়তে পারল না৷ অভ্যন্তরে বিগত কয়েকদিন ধরে ভীষণ অশান্তি চলছে। যেটা সে প্রকাশ করতেও পারছে না আবার গিলতেও পারছে না৷ কাঁটার ন্যায় বিঁধে আছে বোধ হচ্ছে৷
এসময়েও মস্তিষ্কে তার পুনরায় সেই ব্যাপারই জেঁকে বসেছে। ১৩ তারিখ, ১ ফাল্গুনীর দিন মেধা বলেছিল— তার বাবা অর্থাৎ, মাহিন প্রধান মেধাকে বাইরে বের হতে মানা করেছিলেন। কিছুতেই রাজি হচ্ছিলেন না। এমনকি এক সরকারি কলেজ প্রাঙ্গণ ছাড়া আর কোথাও যেন না থাকে সেই বিষয়েও জোড়াল সতর্ক করেছিলেন। অথচ তারা অবাধ্যের মতো রেস্তোরাঁ সহ পার্কেও ঘুরতে গিয়েছিল। আর সেদিনই পার্ক সহ বেশ কয়েক জায়গায় জঙ্গি হামলা হয়েছে বলে হুজুগ হলো। সেটা আদৌ জঙ্গি হামলা ছিল নাকি, রাজনীতির চালে ওমন ভয়ঙ্কর দাঙ্গার সৃষ্টি করা হয়েছিল তা এখনও নিশ্চিত ভাবে জানা সম্ভব হয়নি। তবে বিষয়টাতে যে বড়সড় রহস্য রয়েছে এটা ঠিকই ধরতে পারছে।
এখানে ব্যাপারটার সাথে না চাইতেও নীহার মাহিন প্রধানকে জড়িয়ে নিচ্ছে, নাকি তার ভ্রান্ত ধারণা— সেটা নীহার বুঝতে সক্ষম হচ্ছে না৷ সময়টাও মাহিন প্রধান মেধাকে নিশ্চিত করে দিয়েছিলেন, এমনকি সেই সময়ের পূর্বেই মেধাকে ফেরার জন্য আদেশ জারি করেছিলেন৷ ঠিক কেন? এর কোনো কারণ মেধার কাছে পাওয়া যায়নি। কিন্তু তার তো উত্তর চাই! রহস্যের উত্তর। নীহারের জিদটা আরো গুণ বৃদ্ধি পাচ্ছে।
সে কি অযথাই মেধাকে জড়িয়ে নিচ্ছে এসবে? নাকি মন যেটা বলছে সেটাও সত্যি! বিষয়টা নিয়ে নীহারের মাঝে বিশাল দ্বন্দ্ব চলছে। বিশেষত মাহিন প্রধান কি জঙ্গি হামলা হবে এমন কথা জানতেন? জানতেন বলেই মেধাকে কোথাও বের হতে মানা করেছিলেন? নাকি জঙ্গি হামলাটা নিছকই দলের কোনো রাজনৈতিক চাল ছিল? আর যেখানে ওতোপ্রোতো ভাবে জড়িত মাহিন প্রধান!
নীহার ফোনটা কোলের ওপর ফেলে দুইহাতে মাথার চুলগুলো খামচে ধরল। বিরক্তি লাগছে আবার অসহ্য অশান্তিও। সে যা সন্দেহ করছে, যদি তা-ই হয় ব্যাপারটায় তার ও মেধার সম্পর্ক যুক্ত হয়ে যাবে না তো? নীহারের কেন যেন মনে হচ্ছে এখানে তাদের সম্পর্কে টান পড়ছে৷ কোথাও কালো রাজনীতি ও ন্যায়-অন্যায়ের মাঝে তারা ফেঁসে যাচ্ছে। কিন্তু নীহার তো মেধাতে বাজেভাবে ডুবে গেছে, এর পথ মৃত্যু ছাড়া বাঁচার উপায় আছে কি?
…
গত ৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলে ওইদিন থেকেই শুরু হয় শাহবাগ আন্দোলন। রায়কে আরও কঠোর করার দাবিতে শাহবাগে ব্যাপক আন্দোলন শুরু হয়। বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল, আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা। অন্যদিকে রায়ের পরপরই জামায়াত হরতাল ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। দেশজুড়ে তখন রাজনৈতিক উত্তেজনা ও তোলপাড়।
৫ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থান অশান্ত তো ছিলই, সেই সাথে রাজনৈতিক বিভিন্ন দলের সমাবেশও চলে। ১৩ ফেব্রুয়ারি ১ ফাল্গুনের দিন কুষ্টিয়া ইসলামী কলেজ প্রাঙ্গণে বিক্ষোভকারীদের সমাবেশ চলছিল। সমাবেশ চলাকালীন একটা সময় পর সেই সমাবেশকে কেন্দ্র করে শুরু হয় দাঙ্গা, সংঘর্ষ। বিক্ষোভকারীরা জামায়াত-শিবিরের কর্মী এমন ধারণা করে। পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের খবরের সঙ্গে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দও শোনা যেতে থাকে।
এরই মধ্যে—বিস্ফোরণ! মুহূর্তের মধ্যেই বসন্তের আমেজে ভাটা পড়ে। মজমপুর থেকে বড়বাজার পর্যন্ত এন.এস. রোডজুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। শহরের কয়েকটি জায়গায় বিস্ফোরণের খবর শোনা যায়। কোথায় কোথায় বিস্ফোরণ ঘটেছে, তা তৎক্ষণাৎ জানা না গেলেও নীহার ও মেধা যে পার্কটিতে ছিল, তার এক পাশে অবস্থিত জেনারেটর হাউস থেকে তখন দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছিল। চারদিকে দৌড়াদৌড়ি। চিৎকার-চেঁচামেচি। কেউ একজন দৌড়াতে দৌড়াতে বলছিল,
“ বোমা মেরেছে, বোমা মেরেছে জেনারেটর হাউসে!”
আরেকজনের আতঙ্কিত কণ্ঠে সতর্কবার্তা শোনা যায়,
“ পার্ক থেকে বের হন! সবাই বের হন!”
কয়েক মুহূর্তের মধ্যেই মানুষের মুখে মুখে আরও ভয়ংকর একটি কথা ছড়িয়ে পড়ে,
পার্কে জঙ্গি হামলা হয়েছে। চারপাশের মানুষ তখন আর সত্য-মিথ্যা যাচাই করার অবস্থায় নেই। আতঙ্কই দ্রুততম সংবাদ। মানুষ ছুটছে। কেউ সন্তানকে টেনে নিয়ে যাচ্ছে, কেউ অন্যের হাত ধরে দৌড়াচ্ছে। কেউ পেছনে তাকাচ্ছে না।
নীহার ও মেধা তখনও স্থির। বলতে গেলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে। মেধার তখন আচমকা বাবার সতর্ক করে বলা সকালের কথাটা মনে পড়ে। আজ বের হতে মানা করেছিলেন বাবা। এক মুহূর্তের জন্য তাঁর বুকের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তবে কি বাবার জানা ছিল? আজ এমন কিছু ঘটতে পারে, সেটা কি তিনি আগে থেকেই জানতেন? এজন্যই সতর্ক করেছিলেন?
নীহারের হাতে টান পড়ে। মেধা হাত ধরে তাকে টানছে। স্থান থেকে বের হতে হবে দ্রুত! নীহার তখন সংবিৎ ফিরে আশেপাশে দৃষ্টি নাড়িয়ে দেখে কোনদিক দিয়ে বের হলে নিরাপদে বের হওয়া সম্ভব হতে পারে। সামনে দিয়ে বের হতে পারবে না। এরমাঝে আবার ওরা জানতে পারে, এন.এস রোডে ভয়াবহ সংঘর্ষ চলছে। মজমপুর থেকে বড়বাজার অবধি সম্পূর্ণ রোড ব্লক।
নীহারের তখন চট করে কুয়াশার কথা মাথায় আসে। আজ কুয়াশা ওর স্কুলে আছে৷ এখনও প্রোগ্রাম চলছে হয়তো। আর ওর স্কুলটাও মার্কেট প্লেসে। কী করছে তার বোন? নীহার মেধার হাত তখনও শক্ত করে ধরে রেখেছে। অবশ্য ওরা নিরাপদ স্থানেই অবস্থান নিয়ে আছে। নীহার ফোন বের করে দ্রুত শিশিরের কাছে কল লাগায়। শিশির কোথায় সেটাও জানা প্রয়োজন। শিশির কল ধরে না। নীহার পুনরায় দিলে, তখনও ধরল না। তিনবারেও ধরল না শিশির। নীহার মাটিতে পা বাড়ি দিয়ে বলে উঠল,
“ ড্যাম ইট!”
“ চলো, নীহার৷ বের হতে হবে আমাদের এখান থেকে।”
নীহার ফোন হাতে ধরেই মেধার দিকে কেমন করে তাকায় যেন। এরপর ক্ষণকাল তাকিয়ে থেকে মেধার হাত শক্ত করে ধরে উল্টো দিকে ছুটল। উদ্দেশ্য মেধাকে নিরাপদে বের করে সে কুয়াশার কাছে ছুটবে। শিশিরের খোঁজ নেওয়াটাও জরুরি।
অথচ নীহার তখনও জানল না, কুয়াশার সুরক্ষার জন্য আরো একটি বান্দা মালিথা ভিলায় মজুদ আছে। সম্পর্কে কুয়াশার ভাই হয়। যদিও ভাই সে মানে না। তবে সেই ভাইয়ের আবার কুয়াশার বিপদে মানবতাবোধ খুবই বাজেভাবে জেগে ওঠে৷
সেই মানবতাবোধ থেকে সে যখন সরকারি কলেজ প্রাঙ্গণে বন্ধু-বান্ধবদের সাথে বসন্তের উল্লাস করছে, তার কাছে তখন নীহারের ফোনকলের পূর্বেই খবর পৌঁছেছে এন.এস রোডের ভয়াবহ সংঘর্ষ চলছে। সরকারি কলেজ প্রাঙ্গণ তখন সম্পূর্ণ নিরাপদ। শিশির শোনা মাত্রই বন্ধুদের ছেড়ে বের হতে গেলে তার হাতে টান পড়ে। একটি অসম্ভব সুন্দর সাজে বাসন্তী-হলুদ ও সাদা রঙের সংমিশ্রণে শাড়ি পরিহিত অসম্ভব সুন্দরী মেয়ে শিশিরের হাত চেপে ধরেছে। মেয়েটি অন্বেষা। চরম অধিকার নিয়ে, আকুতিভরা চোখে তাকিয়ে কেঁদে ফেলার আগমুহূর্তে যেমন দেখায়, ঠিক তেমনই মুখে অন্বেষা বলল,
“ যাস না ওদিকে, শিশির। তোর ক্ষতি হতে পারে।”
শিশিরের মাথায় তখন নিজের ক্ষতির চিন্তা নেই। মাথায় ঘুরছে, কুয়াশা এখনও স্কুলে আছে। আর সেখানেই তাকে যেতে হবে৷ যে-কোনো ভাবে। শিশির অন্বেষার দিকে চরম ক্রোধে তাকায়। সবসময় এমন অধিকার দেখায়, যেন শিশির তার লিখিতভাবে কিছু একটা হয় সম্পর্কে। শিশিরের বেজায় রাগ ওঠে। তার সময় যাচ্ছে। শিশির অন্বেষার ধরে রাখা হাতের দিকে একপলক তাকিয়ে পুনরায় ভ্রু বাঁকিয়ে মুখের দিকে স্থির দৃষ্টি ফেলে দৃঢ় কণ্ঠে বলে,
“ ছাড়, অন্বেষা! আই সোয়্যার, এই হাতেই খুন হয়ে যাবি নয়তো!”
অন্বেষা ছাড়ে না। শিশির অন্বেষাকে এইধরনের কথাও বলতে পারে। শিশির তাকে বন্ধু মানে কি মানে না, সেটা একমাত্র শিশিরই ভালো বলতে পারবে। তার কাছে কিছু সম্পর্কের ধরণ আবার আলদা। কিছু সম্পর্ক তার কাছে ভীষণ অদ্ভুত ভাবে জায়গা পায়৷ যার মধ্যে উল্লেখ্য একটি— অন্বেষা ও তার বন্ধুত্বের সম্পর্ক৷
অন্বেষা তখন শিশিরের হাত আরো শক্ত করে ধরে। যেন শিশির ওকে মেরে পুঁতে ফেললেও সে ছাড়বে না এমন ভঙ্গিমাই দেখা গেল তার মাঝে। কিছু বলতে যাচ্ছিল অন্বেষা। শিশির তা শোনে না৷ অন্বেষাকে ছাড়তেও আর দ্বিতীয়বার বলে না। বৃথা হবে সে কথা৷ শিশির তার কথা বৃথা যাক সেটা বোধহয় চাইল না। ঝারা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে অন্বেষাকে কাঁদিয়ে ছেড়ে বেরিয়ে যায় সেখান থেকে। শিশিরের পেছনে রিজভী ও আরো দু'জন বন্ধু দৌড় দেয়৷
অন্বেষা মূল্যহীন হয়ে পড়ে থাকে ওখানেই। আজ সে শিশিরকে প্রেম নিবেদনের আশা নিয়ে এসেছিল বড়। তার জন্য পরিকল্পনাও ছিল বেশ কিছু৷ সন্ধ্যার পর তো তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, অথচ তার পূর্বেই সব ধ্বসে পড়ে গেল! অন্বেষা ভীষণ কাঁদল বসে পড়ে। তার চোখের পানিগুলো বসন্তের সবুজ ঘাসে শিশিরবিন্দুর মতো ফোঁটা ফোঁটা হয়ে পড়ল।
সে পূর্বের চেয়ে অনেকটা শিশিরের মনমতো হবার চেষ্টা করছে। তবুও শিশিরের দৃষ্টি সীমায় অন্বেষা কোথাও জায়গা পায় না। অন্বেষার মাঝে কিসের কমতি, অন্বেষা জানেনা৷ ওর মতো উদ্ভিন্নযৌবনা মেয়েও যদি শিশিরের মতো সদ্য যুবকের কাছে গুরুত্ব না পেয়ে ওঠে, তাহলে দোষটা আসলে কার? তার যৌবনের নাকি শিশিরের ব্যক্তিত্বের! বোধহয় শিশিরের ব্যক্তিত্বের। ছেলেটার উচিত ছিল— এই বয়সে অন্বেষাদের নিয়ে এনজয় করার৷ শিশিরটা এত গর্দভ!
‘
যখন কুয়াশা দিশেহারা, তখন কুয়াশার সাহারা হয়ে ছুটে আসতে দেখা যায় শিশিরকে। শিশির কাউকে খুঁজছে৷ ওর চোখজোড়ায় বড় তৃষ্ণা। তৃষ্ণার্ত চোখজোড়া ভিড়ের মাঝে অস্বাভাবিক ভাবে ছুটছে। কিন্তু লক্ষ্য অবধি পৌঁছাতে পারছে না।
কুয়াশা তখন শিশিরকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল বোধহয়। কিন্তু সে কী! কুয়াশা শিশিরকে ডাকছে, অথচ তার শব্দ শিশির অবধি পৌঁছাচ্ছে না? শিশির শুনছে না তাকে? কুয়াশা শরীর ঘেমে উঠেছে আরো বেশি। কিশোরীর হলুদাভ মুখখানি হয়ে উঠেছে বিকেল বেলার সূর্য অস্ত যাবার আগ মুহুর্তের মতো লালাভ। পাতলা শরীরটা শাড়ি আর সামলাতে পারছে না এমন অবস্থায়। নয়তো শিশিরের নজরে পৌঁছাতে দৌড় দেওয়া যেত। শাড়ির হালে পা-জোড়াও স্থিরতা পেয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে কুয়াশা চরম পর্যায়ে ভীতিগ্রস্ত।
কুয়াশা অনেক চেষ্টা করছে শিশিরকে ডাকার জন্য। সম্বোধনটা ‘ভাইয়া’। অথচ কুয়াশার উচ্চারণ ধ্বনিটা শিশির অবধি তখনও পৌঁছাল না! শুধু মুখ খুলে ঠোঁট ও জিহ্বা নাড়াচ্ছে। যাতে করে মনে হতে পারে কুয়াশা বোবা৷ তার নিজস্ব কোনো উচ্চারণ ধ্বনি নেই। অথচ কুয়াশার মনে হচ্ছে— সে চিৎকার করে করে শিশিরকে ডাকছে, শিশির তাকে শুনছেই না! কুয়াশার এই পর্যায়ে এসে ভীষণ কান্না পেল। সে ভেতরের আর্তনাদ করা কান্নাটাকে শাসিয়ে ঠোঁট চেপে ধরল। কেন শিশির তাকে দেখছে না? সে এখানে দাঁড়িয়ে আছে। শিশির দ্রুত আসতে পারছে না? সেই মুহূর্তে কুয়াশার বোধহয় উচ্চারণ ধ্বনিতে জোর এলো, সে চিৎকার করে ডেকে উঠল,
“ ভাইয়া!”
আর সেই সময়তেই ভাইয়া ডাক শুনেই শিশিরের তৃষ্ণার্ত চোখজোড়া ঘুরে কুয়াশার দেখা পেল। শিশির মনে হলো সিংহের দৌড়ের গতি বেগে কুয়াশার কাছে এসে পৌঁছাল। দিশেহারা কুয়াশা তখন একহাতে শাড়ি ধরে অপর হাতে চোখের পানি মুছছে। ক্ষণিকের মধ্যে দিশাহীন ভীতগ্রস্ত কুয়াশা শিশিরের গুহা পেতেই ঢুকে পড়ল এই বাইরের ভয়ঙ্কর দৃশ্য থেকে বাঁচতে। গুহায় ঢুকে পড়তেই কুয়াশা সে-সব আর কিছুই দেখতে পেল না৷ সে শুধু অনুভব করল একটা হাত, যা ওকে আঁকড়ে নিয়ে আগলে ধরেছে বুকের সাথে। সেই একটা হাতই তার জন্য গুহা হয়ে উঠেছে। যেখানের মালিক হলো একটি সিংহ৷ আর সেই সিংহটি হলো তার— জান-এ-দুশমন। অদ্ভুত ব্যাপার হচ্ছে তার গুহাতেই মিলেছে তার আশ্রয়।
শিশির কুয়াশাকে বাঁ-পাজরের সাথে আগলে ধরেছে। বাঁ-হাতটা একদম কুয়াশার মাথার চুলের ভেতর। যার ভরে সে কুয়াশার মুখটা নিজের বাঁ-পাজরের সাথে চেপে ধরে আছে। যেন সামনের ভয়াবহ কোনো কিছুই কুয়াশার নজরে না পড়তে পারে। এসব ভয়াবহতা কুয়াশার জন্য নয়।
শিশির যখন কুয়াশার নজর লুকিয়ে রেখে স্থান থেকে বের হবার পথ খুঁজছে তখন ছুটে এলো রিজভী আর আরো দু'জন বন্ধু। শিশিরকে রিজভী হাঁপানো কণ্ঠে বলল,
“ তুই কুয়াশাকে নিয়ে বেরিয়ে যা৷ আমরা সামলাচ্ছি বাকিটা।”
শিশির টের পাচ্ছে কুয়াশা অস্বাভাবিক ভাবে কাঁপছে। প্যানিক অ্যাটাক হবার লক্ষণ দেখা দিচ্ছে। কুয়াশাকে এখান থেকে সরানো উচিত৷ কলেজ পড়ুয়া ছাত্রগুলো স্কুলের মেয়েদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। শিশির কুয়াশাকে নিয়ে সরে যাওয়া শ্রেয় মনে করল বাকিটা রিজভীরা সামলে নেবে। রিজভী কুয়াশার অবস্থা টের পেল বোধহয়। ঝটপট বলল,
“ এক কাজ কর..”
থেমে ফটাফট নিজের পকেট থেকে চাবির রিং বের করে দিয়ে বলল,
“ আমার ফ্ল্যাটে চলে যা। সিঙ্গারমোড় ক্রোস করা কঠিন হবে। চাবি নে, আপা না থাকলে খুলে নিস।”
চাবিটা ফটাফট হাতেও ধরিয়ে দিল। শিশিরের বাহুতে দুইটা চাপড় দিয়ে বলল,
“ যাহ্, দ্রুত যা!”
শিশির রিজভীর কথাটা ফেলল না হয়তো। চাবিটা নিয়ে কুশাকে শক্ত করে ধরে নিয়ে চলে আসতে গেলে কুয়াশা কাঁপা শরীরে অস্পষ্টে বলল,
“ স্মৃতি, ইশাও…”
শিশির চটজলদি রিজভীর দিকে তাকাল। রিজভী শুনে বলল,
“ আমি দেখছি। কিছু হবে না। যা ওকে নিয়ে তুই। কুইক!”
শিশির আর থামল না। যান চলাচল বন্ধ। বাইকও এখানে নিতে পারেনি। তাই ওভাবেই যেতে হবে। রিজভীদের বাড়ি একতারা মোড় সংলগ্নে। বেশি দূর না হওয়াতে চলে যেতে পারবে। কিন্তু এরমাঝে কোনো ক্ষতি না হলেই হলো৷
খুবই সাবধানে শিশির কুয়াশাকে নিয়ে এক প্রকার দৌড়েই ছুটেছে। কুয়াশা তার শাড়ি নিয়ে কিছুতেই পেরে উঠছে না। কখন জানি শাড়ি খুলে যাবে ভাব। বারবার শাড়িতে বাঁধা পড়ছে মেয়েটা। এমন পরিস্থিতির মাঝেও শিশিরের মনে হলো, কুয়াশাকে তুলে খ্যাঁক করে আছাড় মারা ফরজ কাজের মাঝে একটা কাজ। শাড়ি শুধু কুয়াশার নয়, তার জন্যও বিশাল ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। টান দিয়ে খুলে ফেলার মতো ভয়ঙ্কর ভাবনাও কয়েকবার মাথা চাড়া দিয়েছে তার।
কুয়াশা প্রায় অসাড়। তার পায়ে আর শক্তিও নেই। তবে একতারা মোড় পেয়ে গেছে ওরা। একতারা মোড়ের উত্তরে কিছুটা যেয়ে পূর্ব পাশে রিজভীদের দুইতালা পাটোয়ারী ভিলা৷ নিচতলা ভাড়া দেওয়া আর উপরতলায় রিজভীরা থাকে। বাড়ি তো যেমন-তেমন ভাবে পেল, কিন্তু কুয়াশা আর চলতে পারল না। তার শরীর নিশ্চল রূপে পড়ে যাবে কখন। এক কদমও আর সামনে ফেলতে পারবে না। বহু কষ্টে শাড়ি বাঁচিয়ে রেখেছে নিজের গায়ের সাথে। ভাগ্যিস পায়ে ফ্লাট জুতো পরেছিল! নয়তো হাল আরো খারাপ হতো বলা যায়।
কুয়াশা নিশ্চল রূপে ওভাবেই পা ভেঙে মুখ থুবড়ে পড়ে যেতে নিলে, কোনোমতে শিশির একহাতে কুয়াশার বাহু চেপে ধরে আঁটকে দিল পড়া থেকে। বেজায় রেগে আছে কুয়াশার ওপর সে। অবশ্য কুয়াশার চেয়ে কুয়াশার শাড়ির ওপর তার আরো বেশি ক্ষোভ জন্মেছে। কোনোভাবে শাড়ি সহ কুয়াশাকে জ্যান্ত পুঁতে ফেলতে পারলে শান্তি পাওয়া যেত।
শিশির নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে পৌঁছানোর জন্য সিঁড়ির দিকে তাকাল। তাদের সামনে ও ক্রোস করে মোট বিশটা সিঁড়ি, কুয়াশার পক্ষে সম্ভব নয় ওঠা। সে সেখানেই গড়িয়ে পড়তে পারলে বাঁচতো। কুয়াশা কোনো কথা বলছে না। শুধু কাঁপছে আর হাঁপাচ্ছে। পানি তেষ্টা পেয়েছে বড়। উপায়হীন শিশির মুমূর্ষু কুয়াশাকে ঝটকা দিয়ে কোলে তুলে নেয়ার আগমুহূর্তে শুধু বলল,
“ চেঁচাবি না একদম!”
অবাধ্য কুয়াশা তাই করতে যাচ্ছিল। তার আগেই শিশির আবার বলে উঠল,
“ খ্যাঁক করে আছাড় দিয়ে এখানেই পুঁতে রেখে যাব। তখন মনভরে চেঁচাস! না কি?”
শিশির বেজায় রেগে। দাঁতে দাঁত ঠেকে চোয়ালদ্বয় শক্ত হয়েছে। কুয়াশা সে মুখে চেয়ে আর চেঁচাল না। তবে বুঝল তাকে কোলে নিয়ে বড় অস্বস্তিতে ভুগছে শিশির। এছাড়া শিশিরের জন্যও একটু কঠিন হলো কুয়াশাকে কোলে নিয়ে বিশটি সিঁড়ি বেয়ে ওঠা। শক্তিতে হিমসিম খেল। বয়সটার সাথে শক্তিও সন্ধি করে শিশিরকে শক্তিতে দুর্বল প্রমাণ করল। তবে যথাসাধ্য চেষ্টা করে শিশির সফলতার দিকে এগোতে লাগল। আজ বোধহয় শক্তি বৃদ্ধি করেই ছাড়বে সে৷
সিঁড়ি বইতে গিয়ে শিশিরের বিরক্তির শেষ নেই। কুয়াশা আরামেই আছে বলা যায়। সেই আরাম শিশিরের সইল না। দাঁতে দাঁত ঠেকে থাকলেও উচ্চারণ করল,
“সুবিধাবাদি!”
এই মেয়েটা আজ তাকে কতকিছু করিয়ে ছাড়ল! কবে কুয়াশাকে এভাবেই তুলে আছাড় দিয়ে মেরে ফেলে, সে দুনিয়ার সকল শান্তি একসাথে উপভোগ করবে বলে আশায় বুঁক বাঁধে। বড় সাধ শিশিরের।
বিকেলের আলোটা বিল্ডিংয়ের দ্বিতীয় তলার সিঁড়িগুলোতে খুবই সামান্য ছড়িয়ে রেখেছে৷ সিঁড়ির বাল্ব জ্বালানো নেই। সেই সামান্য আলোয় শিশির কুয়াশাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে দ্বিতীয় তলার মেইন ডোরের সামনে দাঁড়িয়ে গেল। শিশির বুঝল না ভেতরে কেউ আছে কিনা। তবে একবার চেক করতে শিশির কুয়াশাকে কোলে রেখেই বলল,
“ বেল চাপ।”
কুয়াশা তখন আরামে শিশিরের কাঁধের কাছে মাথা ফেলে রেখে জিরচ্ছিল। শত্রুর কাঁধে মাথা রেখে আজকাল জিরানোও লাগে! বড়ই অদ্ভুত দিন এসেছে তাদের। কুয়াশা হাত বাড়িয়ে বেল চাপলে শিশির একটু অপেক্ষা করল। তবে অপেক্ষা বেশিক্ষণ করতে হলো না। ভেতর থেকে দরজা খুলল কেউ। দরজার কপাট সরে যেতেই শিশির চট করে কুয়াশার নজর লুকিয়ে ফেলল। ব্যাপারটায় কুয়াশা আশ্চর্য হলো চরম। সে বিষয়টা বুঝতে পারল না কেন তাকে নিয়ে সরে দাঁড়াল শিশির। ওপাশ থেকেও নারী কণ্ঠে আঁতকে ওঠার মতো কেউ একজন বলে উঠেছে,
“ ওহ, খোদা!”
এরপর কিছুটা সময় পার হলে শিশির পুনরায় দরজার সামনে দাঁড়াল। তখন একটি যুবতী মেয়েকে ওড়না দিয়ে নিজেকে আবৃত ও আড়াল করে সামনে আসতে দেখা গেল৷ মেয়েটি বলল,
“ আয়, ভেতরে আয় দ্রুত!”
কণ্ঠটা কেমন অদ্ভুত। কুয়াশা লক্ষ্য করল সবটা৷ মেয়েটার মুখ সে সামান্যও দেখতে পেল না৷ পরনে সুতির আনারকলি স্টাইলের গাউন। যেটা হাঁটুর একটু নিচে শোভা পেয়েছে এবং সুতির ধুতি সালওয়ার৷ গাউনের হাতাটা হাতের কব্জা অবধি আবৃত করে ঢেকে রেখেছে৷ তবে আঙুলগুলো ঢাকতে সক্ষম হয়নি। কুয়াশা খেয়াল করল মেয়েটির হাতের আঙুলগুলোর মাঝে কয়েকটা আঙুল পোড়া পোড়া মতো। পুড়ে জড়িয়ে আছে এবং, সেসব জায়গায় মাংসের অভাব। অনেকটা পুড়ে মাংস ঝলসে গেলে অথবা সেখানের মাংস ছড়ে গেলে যেমনটা হয়, তেমন৷ যুবতীটি কে কুয়াশা জানে না।
শিশির কুয়াশাকে নিয়ে প্রবেশ করে বলল,
“ আপা, একটু খাবার পানি লাগবে৷”
যুবতীকে তখনই ছুটতে দেখা গেল৷ শিশির কুয়াশাকে ড্রয়িংয়ের সোফায় বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল ধুপ করে। বড় একটা নিঃশ্বাস ছেড়ে শরীর এলিয়ে দিল সোফায়৷ কুয়াশাও শরীর সোজা রাখেনি। সোফায় এলিয়ে দিতেই যুবতী পানি নিয়ে ছুটে এলো। মুখ দেখা যাচ্ছে না এখনও তার। কুয়াশা দেখার চেষ্টা করছে অনেক। সেই চেষ্টা করতে গিয়ে মনে হলো মেয়েটির মুখটাও পোড়া আছে। কেননা একটা চোখের সামন্য নিচটা দেখতে পেল কুয়াশা৷ আর সেই চোখেই শুধু চেয়ে আছে সে৷ বাকিটাতে দেখছে না। দেখার প্রয়োজনও মনে করছে না মনে হলো।
কুয়াশা ঘুরে তাকিয়ে শিশিরকে দেখল। যুবতী তখন পানি নিয়ে কুয়াশার সামনে ধরে বলল,
“ তুমি কুয়াশা, পানি পান করো আগে, বোনু।”
কুয়াশার প্রচুর তেষ্টা পেয়েছে। সে কথা না বলে পানি পান করে গলা ভিজিয়ে শরীর এলিয়ে বলল,
“ থ্যাঙ্ক ইউ, আমাকে চিনেন আপনি?”
“ রুহানি আপা, রিজভীর বোন৷ তোকে চেনে আমার বোন বলে৷”
সঙ্গে সঙ্গে শিশির উত্তর করে। শিশিরের শেষ কথা শুনে কুয়াশা নাক ছিটকাল। মনে হলো শিশিরের বোন বলে পরিচিত হতে তার অহমে বিশাল বড় ধাক্কা লাগল। শিশির চোখজোড়া বন্ধ করে রেখেছে, তাই কুয়াশার প্রতিক্রিয়া টুকু দেখতে পেল না। রুহানি সামান্য হাসল বলে মনে হলো। বলল,
“ হ্যাঁ, তোমাকে আমি চিনি৷ আজ সামনা-সামনি আমাদের দেখা হলেও আগে ছবিতে দেখেছি। তোমাদের অনেক গল্প শুনি আমি। রিজভী বলে।”
কেমন কণ্ঠ যেন রুহানির। কুয়াশা রুহানির এমন বেশের কারণ বুঝে উঠতে না পেরে অস্বস্তিতে জিজ্ঞেস করল,
“ আপনাকে আপা ডাকব?”
“ অবশ্যই, আপা ডাকবে। কিছু প্রশ্ন করার প্রয়োজন নেই। তোমরা বসো, আসছি আমি।”
কুয়াশা তবুও রুহানিকে আঁটকে দিয়ে জিজ্ঞেস করল,
“ আপনি মুখ ঢেকে আছেন কেন, আপা?”
কুয়াশার কণ্ঠে ক্লান্তি। খুবই সামান্য সুরে জিজ্ঞেস করল। রুহানি থেমে পেছন ফিরল। শিশির তখন চোখ খুলে তাকাল সরাসরি রুহানির দিকে। রুহানিও শিশিরের দিকে তাকিয়েছে। দু'জনের দৃষ্টি বিনিময়ের পর রুহানি মনে হলো একপ্রকার স্থির কণ্ঠে কথা বলল,
“ পরে জেনো বরং? এখন রেস্ট করো। তোমরা তো ক্লান্ত অনেক।”
রুহানির কথা বলার ভঙ্গিমাটা অদ্ভুত ঠেকল কুয়াশার নিকট। সচরাচর কুয়াশা এমন কথা বলতে দেখেনি কাউকে। তার পরিবারের কেউ এভাবে কথা বলে না। কুয়াশা নোটিশ করল ব্যাপারটা৷ মেয়েটা বড় হবার সাথে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো একটু বেশিই নজরে রাখা ধরছে যেন৷ এখন যেমন তার প্রশ্নের উত্তর মিলল না৷ সে সেগুলো সঙ্গে আরো অনেক প্রশ্ন যুক্ত করে প্রশ্নের পাহাড় তৈরি করে ফেলল। এবং তার জানতেই হবে ব্যাপারগুলো।
রুহানি চলে গেলে, শিশির কুয়াশাকে একপলক দেখে নিয়ে পুনরায় চোখ বুজল। কুয়াশার ভাবনার প্রতি কোনো আগ্রহ নেই যেন শিশিরে মাঝে।
কুয়াশা সেই বুজে যাওয়া চোখে একবার দেখে শরীর সেঁটে দিল সোফায়৷ সেখানে বসেই কিছুক্ষণ পূর্বেও কোন পরিস্থিতির মধ্যে ছিল তা কল্পনা করতে লাগল। কী ভয়াবহ পরিস্থিতির শিকার হলো আজ! আগে কখনো সে সরাসরি এমন রাজনৈতিক দাঙ্গার ভেতর পড়েনি। প্রথম অভিজ্ঞতাটা তার ভীষণ বাজে। স্মৃতি, ইশা এরা ভালো আছে তো? ব্যাপারটা মনে হতেই শিশিরের নীরব ও ভাবান্তর মুখের দিকে তাকাল কুয়াশা। দ্বিধাহীনে জিজ্ঞেস করল,
“ স্মৃতি আর ইশা কেমন আছে একটু জানো তো।”
মনে হলো শিশিরকে আদেশ করা হলো। তবে শিশির ব্যাপারটা ধরল না এখন। অন্যসময় হলে ঝগড়া বাঁধত হয়তো৷ এই দু’টো আবার বাড়ি ছাড়া বাইরে ভীষণ ভদ্র সাজার অভিনয় করে যে।
“ সেফ আছে ওরা।”
সামান্য উত্তর। কুয়াশার বিরক্তি লাগল। এমন ভাবলেশহীন মানুষের সাথে কথা বলা যায়? তাকে বাঁচিয়ে এনে যেন দুনিয়া উদ্ধার করে ফেলেছে! সেই অহংকারে আর মাটিতে পা নাও পড়তে পারে তার। কুয়াশা ঘাড় কাত করে শিশিরের সাথে কথা বলছে৷
“ তুমি না জেনেই কীভাবে বলছ, সেফ আছে ওরা?”
“ মেসেজ পেয়েছি।”
কুয়াশা বড় শ্বাস নিল এবার। পরনের শাড়ি তাকে খুবই অস্বস্তি দিচ্ছে। মন চাইল তখনই খুলে ফেলতে। কুয়াশা খসখস করে নড়ছে সাথে ওর হাতের চুড়ি ও পায়ে নূপুরজোড়া তাল মিলিয়ে রিনঝিন করে বাজছে।
নূপুরজোড়া জাকিয়া স্বর্ণকারের কাছ থেকে বানিয়ে এনে সেদিন পরিয়ে দিয়েছে তাকে। চেইন বিশিষ্ট স্বর্ণকারের হাতে সামান্য নিপুণ নকশা করা নূপুরটি সামান্য বাজে। কিশোরী বয়সের মেয়েরা নিজেদের নানান ভাবে শখ করে সাজাতে ভীষণ ভালোবাসে৷ তেমনই নূপুর কিশোরীদের একটি শখের অলঙ্কার বলা যায়। যদিও কুয়াশার এসবের প্রতি আগ্রহ কম, তবে জাকিয়ার জন্য তার সাজতে হয়। কানে সবসময়ের জন্য স্বর্ণের ছোট ঝুমকো দেয়া বালি-দুল থাকে তার। গলায় মাঝেমধ্যে চেইন দিতে হয় আবার এখন নূপুর। জাকিয়া মেয়েটাকে সাজিয়ে রাখেন বলতে হয়। নিঃস্ব আজমীরার মেয়ের শখগুলো পূরণ করাতে কোনো অভাবই নেই।
শিশির কুয়াশার শাড়ি, চুড়ি ও নূপুরের ওপর বেজায় বিরক্ত হয়ে উঠল। একটা সময় আর না পেরে ঘাড়টা কুয়াশার পানে ক্রোধে আগ্রাসী ভঙ্গিতে কাত করে বলে বসল,
“ তুই চুপচাপ বোস, নয়তো এগুলো তোর শরীরে আর শোভা পাবে না। পরে দায়ও শিশিরের থাকবে না। তুই আর তোর এসব ফালতু জিনিস আমার জন্য বড় ঝামেলা।”
| চলবে |
নোট-১ঃ গত পর্ব অর্থাৎ ১৬ নং পর্ব এডিট হবে। সেখানে পহেলা ফাল্গুন ১৪ তারিখে উল্লেখ করা হয়েছিল। সঠিক হলো— ২০২০ সালের আগে বাংলা ফাল্গুন মাস ইংরেজি ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে পড়ত। এটা আমার মনে ছিল না। বাংলা ক্যালেন্ডার সংশোন করা হলে ১৪ তারিখে ফাল্গুন মাস পড়ে।
[ আপনারা মন্তব্য না করতে পারলে প্লিজ করবেন না। আমার যা তা মন্তব্যের প্রয়োজন নেই। আমার প্রয়োজন আমার ভুল-ত্রুটি ধরিয়ে গঠনমূলক মন্তব্যর। আমি নিজের জন্য লিখি না শুধু। লিখি আপনাদের জন্যও। আপনারা না পড়লে, এই গল্প কয়েক পর্বের মাঝেই স্থগিত হয়ে যেতে পারে। ঠিক পূর্বেরগুলোর মতোই। ]
